৫ আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় র‍্যালি পালন করেছে মিরপুর প্রেসক্লাব

নিজেস্ব প্রতিনিধিঃ ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও গণতন্ত্রের শুভযাত্রা উপলক্ষে বিজয় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে মিরপুর প্রেসক্লাব।

মঙ্গলবার (৫ আগস্ট) অনুষ্ঠিত এ বিজয় র‍্যালির নেতৃত্ব দেন মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক পাঞ্জেরী সম্পাদক তালুকদার রুমী। এ সময় নেতৃত্বে ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস এম বদরুল আলম এবং সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন।

বিজয় র‍্যালিটি মিরপুর-১৩ নম্বর বিআরটিএ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পৌঁছে। সেখানে গণঅভ্যুত্থান ও গণতন্ত্র বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে র‍্যালিটি মিরপুর-২ নম্বর হয়ে পুনরায় বিআরটিএ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা তালুকদার রুমী বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক অধ্যায়। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। গণতন্ত্র, আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে ভবিষ্যতেও সমুন্নত রাখতে হবে।”

সভাপতি এস এম বদরুল আলম বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ প্রমাণ করেছে যে কোনো স্বৈরাচারী শাসনব্যবস্থা চিরস্থায়ী নয়। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এই গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করতে সাংবাদিক সমাজকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বলেন, “গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা। আজ দেশের মানুষ গণতান্ত্রিক পরিবেশে নিজেদের মতামত প্রকাশের সুযোগ পাচ্ছে। এই অর্জন ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং স্বাধীন সাংবাদিকতা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।”
এ সময় আরও বক্তব্য দেন মিরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সাইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজয় র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম ইসলাম উকিল, সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি মোকসেদুল আলম খোকন, সহ-সভাপতি একলাছুর রহমান রাজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সাইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ, সহ-সম্পাদক শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক এম এ গাফফার, কার্যনির্বাহী সদস্য সেকেন্দার আলী, দুলাল হোসেন, মানজারুল ইসলামসহ মিরপুর প্রেসক্লাবের কয়েকশ সাংবাদিক ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন ও জনগণের ভোটাধিকারের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।




ডাল ও তেলবীজ প্রকল্পে অনিয়মের অভিযোগ: পিডি শফিকুল ইসলামের বিরুদ্ধে টেন্ডার, ভুয়া বিল ও সিন্ডিকেটের প্রশ্ন

বিশেষ প্রতিবেদকঃ সরকারের কৃষি উৎপাদন বৃদ্ধির অন্যতম উদ্যোগ ‘ডাল ও তেলবীজ উৎপাদন বৃদ্ধি প্রকল্প’ বাস্তবায়ন ঘিরে প্রকল্প পরিচালক (পিডি) শফিকুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্প সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ও অভিযোগকারীদের দাবি, কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তার লক্ষ্যে নেওয়া এ প্রকল্পের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম, ভুয়া বিল-ভাউচার, টেন্ডারে প্রভাব বিস্তার এবং সিন্ডিকেটের মাধ্যমে সরকারি অর্থ অপচয়ের ঘটনা ঘটেছে। এসব অভিযোগের কারণে কৃষি বিভাগের একটি অংশে তাকে ‘গুপ্ত শফিক’ নামে সমালোচনা করা হচ্ছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

অভিযোগ অনুযায়ী, মাঠপর্যায়ে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণের জন্য বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ কাগজে-কলমে ব্যয় দেখানো হয়েছে। অভিযোগকারীদের দাবি, ভুয়া কৃষকের তালিকা তৈরি করে বরাদ্দের অর্থ উত্তোলন করা হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে প্রদর্শনী খামার স্থাপনের নামে বিল তোলা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই সেসব খামারের অস্তিত্ব পাওয়া যায়নি। স্থানীয় কৃষি কর্মকর্তাদের চাপ দিয়ে ভুয়া ভাউচারে স্বাক্ষর নেওয়ার অভিযোগও রয়েছে।

প্রকল্পের আওতায় বীজ ও কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, বাজারমূল্যের তুলনায় বেশি দামে নিম্নমানের বীজ ক্রয় করে তা কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এর ফলে অনেক এলাকায় প্রত্যাশিত ফলন পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে কৃষি যন্ত্রপাতি ক্রয়ে অতিরিক্ত মূল্য দেখিয়ে সরকারি অর্থ ব্যয়ের অভিযোগও উঠেছে।
কৃষকদের প্রশিক্ষণ ও সেমিনারের জন্য বরাদ্দ অর্থ ব্যয়ের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, পাঁচ দিনের প্রশিক্ষণের পরিবর্তে স্বল্প সময়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পুরো বরাদ্দ উত্তোলন করা হয়েছে। অনেক ক্ষেত্রে প্রশিক্ষণ অনুষ্ঠিত না হলেও ভুয়া উপস্থিতি তালিকা ও স্বাক্ষরের মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগ রয়েছে। এছাড়া টিএ/ডিএ বাবদ সরকারি কর্মকর্তাদের নামে অর্থ উত্তোলন করা হলেও প্রকৃত মাঠপর্যায়ের কর্মকর্তারা এ বিষয়ে অবগত ছিলেন না বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
প্রকল্পের ভেতরে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগও উঠেছে। অভিযোগকারীদের দাবি, যেসব কর্মকর্তা বিতর্কিত নথিতে স্বাক্ষর করতে রাজি হননি, তাদের দূরবর্তী এলাকায় বদলি করা হয়েছে। অন্যদিকে, প্রকল্প পরিচালকের ঘনিষ্ঠ ও সহযোগীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের কারণেই কৃষি বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারী তাকে ‘গুপ্ত শফিক’ নামে অভিহিত করছেন বলে অভিযোগকারীদের দাবি।

অভিযোগ রয়েছে, প্রকল্প নিয়ে একাধিক অডিট আপত্তি ও লিখিত অভিযোগ জমা পড়লেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগকারীদের ধারণা, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও প্রভাবের কারণে এসব অভিযোগ কার্যকর তদন্তের মুখ দেখেনি। তবে এ দাবির স্বাধীন যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগকারীদের আরও দাবি, ৪ আগস্ট ২০২৪ সালে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় তৎকালীন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে আন্দোলনকারীদের দমনে শফিকুল ইসলাম সক্রিয় ছিলেন। তাদের ভাষ্য, পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর তিনি নিজেকে ছাত্রদলের ত্যাগী ও বঞ্চিত কর্মী হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করছেন এবং বিএনপির নাম ব্যবহার করে মন্ত্রণালয় ও বিএডিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। যদিও এসব অভিযোগের স্বাধীন প্রমাণ এই প্রতিবেদনের হাতে নেই।

প্রকল্প সংশ্লিষ্ট একটি টেন্ডারে ১৫ বছরের অভিজ্ঞতার শর্ত আরোপ নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার দাবি করেন, এমন শর্ত আরোপের ফলে দীর্ঘদিন ধরে কাজ করা নির্দিষ্ট কিছু ঠিকাদারই সুবিধা পাবেন। তার ভাষ্য, বিগত ১৫ বছরে রাজনৈতিক বাস্তবতার কারণে অনেক ঠিকাদার কাজের সুযোগ পাননি, ফলে নতুন শর্ত প্রতিযোগিতা সীমিত করতে পারে। একই সঙ্গে কয়েকজন ঠিকাদারের অভিযোগ, ঊর্ধ্বতন মহলকে ম্যানেজ করার কথা বলে অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছে। তবে এসব অভিযোগেরও স্বাধীন প্রমাণ এই প্রতিবেদনের হাতে নেই।

অভিযোগ রয়েছে, প্রকল্পের অধিকাংশ কাজ সীমিত সংখ্যক পরিচিত ঠিকাদারকে দেওয়া হয়েছে, যার ফলে প্রতিযোগিতা বাধাগ্রস্ত হয়েছে এবং টেন্ডার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। অভিযোগকারীদের দাবি, এ কারণে প্রকল্পের টেন্ডার বাণিজ্যের অনেক বিষয় প্রকাশ্যে আসে না।

সম্প্রতি বিএডিসির প্রকৌশলীদের নির্বাচনে অংশগ্রহণ নিয়েও আলোচনা তৈরি হয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, বিএনপির নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ থাকলেও নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে বলে তারা দাবি করেন।

ডাল ও তেলবীজ উৎপাদন বৃদ্ধি প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়নে অনিয়মের এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, অভিযোগগুলোর স্বাধীন ও সুষ্ঠু তদন্ত হলে প্রকল্প বাস্তবায়ন, টেন্ডার প্রক্রিয়া, অর্থ ব্যয় এবং প্রশাসনিক সিদ্ধান্ত সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।




নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদী দূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, নদী দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান। বৈঠকে প্রধানমন্ত্রী বুড়িগঙ্গাসহ রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

এ সময় বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং রাজধানীসংলগ্ন অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে বৈঠকে শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে নিঃসরণ, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, খালগুলোর নাব্যতা হ্রাস এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাকে নদী দূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

এছাড়া বৈঠকে নদী দূষণ রোধে শিল্পকারখানায় বর্জ্য শোধনাগার (ইটিপি) কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিদ্যমান পরিবেশ আইন কার্যকরভাবে প্রয়োগ এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

সভায় পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা ওয়াসা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), রাজউক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

প্রধানমন্ত্রী এ কার্যক্রমে পরিবেশবাদী সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ দেন।

এদিকে বৈঠকে রাজধানীর চারপাশের নদী দূষণ রোধে একটি সমন্বিত ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

এ কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কার্যক্রম সমন্বয় এবং নির্ধারিত সময় অন্তর অগ্রগতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন দাখিল করবে বলে জানান উপ-প্রেস সচিব।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা নৌ এলাকার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ-আল-মাকসুস, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




বাংলাদেশে চালু হতে যাচ্ছে ‘ক্যাফে আমাজন’

ডেস্ক নিউজঃ অপেক্ষার পালা শেষ করে বাংলাদেশে চালু হতে যাচ্ছে ক্যাফে আমাজন। ​বসুন্ধরা আবাসিক এলাকা এবং বসুন্ধরা সিটিতে জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে জোড়া ভেন্যুতে গ্র্যান্ড লঞ্চ করবে ক্যাফে আমাজন।

আগামীকাল বৃহস্পতিবার থাইল্যান্ডের বিশ্বখ্যাত আন্তর্জাতিক কফি চেইন ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তার বাণিজ্যিক যাত্রা শুরু করতে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপের সার্বিক তত্ত্বাবধানে আগামীকাল ঢাকার দুটি পৃথক ও বর্ণাঢ্য ভেন্যুতে দিনব্যাপী থাকবে উদ্বোধনী আয়োজনের নানা পরিকল্পনার নজরকাড়া বাস্তবায়ন।

​উদ্বোধনী দিনের প্রথম পর্ব সকাল ১১টা ২০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ক্যাফে আমাজনের ‘ফ্ল্যাগশিপ স্টোর’-এ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন থাইল্যান্ডের দূতাবাস প্রতিনিধি, PTT সিয়ামের শীর্ষ কর্মকর্তা, বসুন্ধরা গ্রুপের উচ্চপদস্থ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সরকারি কর্মকর্তা এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিগণ।

বেলা সাড়ে ১২টায় যৌথভাবে ফিতা কেটে ফ্ল্যাগশিপ স্টোরটির শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। একই দিন উদ্বোধনীর দ্বিতীয় পর্ব ‘বসুন্ধরা সিটি শপিং মল’-এ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

সর্বসাধারণ ও কফি প্রেমীদের জন্য এই পর্বে থাকবে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক কার্যক্রম।

​সংক্ষিপ্ত অনুষ্ঠানসূচি (Highlights of the Event):

​ভেন্যু ১: ফ্ল্যাগশিপ স্টোর, বসুন্ধরা আ/এ

​১১:২০ এএম: ভিআইপি, সরকারি কর্মকর্তা, দূতাবাস প্রতিনিধি ও মিডিয়া রেজিস্ট্রেশন।
​১২:০০ পিএম: ১২:২০ পিএম: সঞ্চালকের স্বাগত বক্তব্য, অতিথি ও বসুন্ধরা গ্রুপ (বিজি) ম্যানেজমেন্টের বক্তব্য।
​১২:৩০ পিএম: ফিতা কাটা অনুষ্ঠান (অফিসিয়াল স্টোর উদ্বোধন)।
​১২:৪০ পিএম: ১২টা৪৫ পিএম: অফিসিয়াল গ্রুপ ফটো সেশন ও কফি অভিজ্ঞতা অর্জন।

​ভেন্যু ২: বসুন্ধরা সিটি শপিং মল

৩:০০ পিএম: সঞ্চালকের সূচনা বক্তব্য ও BCDL DMD সাহেবের স্বাগত বক্তব্য।
৩:২৬ পিএম- ৩:৫০ পিএম: ঐতিহ্যবাহী থাই নৃত্য ও বিশেষ ‘মুয়ে থাই’ (Muay Thai) মার্শাল আর্ট পরিবেশনা।
​০৪:০১ পিএম: কফি বিন অ্যাক্টিভেশন, বেলুন ড্রপ ও OVC প্রদর্শনী।
​০৪:৪৬ পিএম: তোয়া (TOYA) ও ইগল ড্যান্স ট্রুপের আকর্ষণীয় ফ্ল্যাশ মব।
​০৫:৩১ পিএম: জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেফার (Xefer)-এর একক পরিবেশনা।
​০৬:৪১ পিএম: ব্র্যান্ড মাসকট ‘জোনজোন’ (ZonZon)-এর বিশেষ ট্রুপিং।
​০৭:১৬ পিএম: সমাপনী কনসার্ট ও ধন্যবাদ জ্ঞাপন।




দক্ষিণ লেবাননে ২ ইসরায়েলি সেনা নিহত, আহত ৪

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ লেবাননে তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণে ২ জন সেনা নিহত ও ৪ জন আহত হওয়ার পর লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবানন কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী এই হামলায় অন্তত ১ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই সংবাদের বিশদ বিবরণ প্রকাশ করা হয়েছে।

রেডিওর তথ্য অনুযায়ী, একটি ভবনে নিরাপত্তা তল্লাশি চালানোর সময় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে সেনাসদস্যদের এই প্রাণহানি ঘটে। তবে উক্ত বিস্ফোরকটি যুদ্ধবিরতি বাস্তবায়নের পূর্বে নাকি পরে স্থাপন করা হয়েছিল সে বিষয়ে একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

প্রাথমিকভাবে ইসরায়েলি সামরিক বাহিনী এটিকে হিজবুল্লাহ কর্তৃক যুদ্ধবিরতির ‘স্পষ্ট লঙ্ঘন’ আখ্যা দিলেও পরবর্তীতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস সেনাসদস্যদের স্মরণে দেওয়া বিবৃতিতে হিজবুল্লাহর নাম বা যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করা থেকে বিরত থাকেন। গত ২৮ জুনের পর দক্ষিণ লেবাননে এই প্রথম কোনো ইসরায়েলি সেনার মৃত্যুর তথ্য রেকর্ড করা হলো।

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মানসুরি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে তিবনিন শহরে ইসরায়েলি হামলায় ১ জন নিহত ও ১২ জন আহত হন। হামলাটি চালাবার আগে ইসরায়েলি বাহিনী উক্ত এলাকা খালি করার অনলাইন সতর্কতা জারি করে, যা বিগত এক মাসেরও বেশি সময়ের মধ্যে প্রথম বার্তা।

তথ্যসূত্র: রয়টার্স




মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

ডেস্ক নিউজঃ কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি (এমএলএনজি) টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামতের পর জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (৫ জুলাই) রাত ২টা ৪৫ মিনিট থেকে সীমিত পরিসরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ চালু করা হয়। প্রাথমিকভাবে দৈনিক প্রায় ১০০ এমএমএসসিএফডি হারে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

বাংলাদেশি ও বিদেশি কারিগরি বিশেষজ্ঞদের সমন্বিত প্রচেষ্টায় মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন উপকূল থেকে প্রায় ৭ কিলোমিটার গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান টার্মিনালটির যান্ত্রিক ত্রুটি সফলভাবে মেরামত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার নির্ধারিত এলএনজি কার্গো সফলভাবে আনলোড করা গেলে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ দৈনিক ২৫০ থেকে ৩০০ এমএমএসসিএফডি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। তবে টার্মিনালটির পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে।

গত ২১ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে টার্মিনালের গ্যাস সরবরাহ লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় ১৬ দিন পর ত্রুটি মেরামত শেষে আবারও গ্যাস সরবরাহ চালু হলো।




স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত




দুর্দান্ত কামব্যাক মেসির: জোড়া গোল ও রেকর্ড গড়ে মায়ামির জয়

ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপের পর মাঠে ফিরে প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন লিওনেল মেসি। লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোল এবং এক অ্যাসিস্টের সুবাদে এই ম্যাচে অনন্য এক রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল মায়ামি। চতুর্থ মিনিটে ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় সান লুইস। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি ফ্লোরিডার ক্লাবটি। ১২ মিনিটে দারুণ এক ভলিতে সমতা ফেরান মেসি। এরপর প্রথমার্ধে আরও একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করান তিনি। দ্বিতীয়ার্ধে বৃষ্টির কারণে কিছু সময় খেলা বন্ধ থাকলেও শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এই জোড়া গোলের সুবাদে লিগস কাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি। ২০২৩ সাল থেকে টুর্নামেন্টটি নতুন রূপে শুরুর পর মাত্র ১২ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন তিনি। পেছনে ফেলেছেন লস অ্যাঞ্জেলেস এফসির দেনি বুয়াঙ্গার ১৩ গোলকে। এর মধ্যে ৫ ম্যাচেই জোড়া গোল করার কীর্তি গড়েছেন মেসি। ২০২৩ সালে মায়ামিতে যোগ দিয়েই দলকে শিরোপা এনে দেওয়া এই তারকা এবারও দলকে শিরোপার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।




দেশের ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

আবহাওয়া ডেস্কঃ দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।




আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

ডেস্ক নিউজঃ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। পরে এই সরকারের অধীনেই জুলাইয়ের নানা স্মৃতিচিহ্ন নিয়ে গণভবনে তৈরি করা হয় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।

বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণঅভ্যুত্থান। এর গৌরবময় স্মৃতি সংরক্ষণ, সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং জুলাই শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের স্মারক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এই জাদুঘর।

জাদুঘরে দর্শনার্থীদের সুশৃঙ্খলভাবে প্রবেশ নিশ্চিত করতে সময়ভিত্তিক অনলাইন স্লট বুকিং ব্যবস্থা চালু করা হয়েছে।

জাদুঘরে প্রবেশসংক্রান্ত নির্দেশনা নিচে তুলে ধরা হলো-

টিকিট মূল্য : প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য প্রতি টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অনলাইন স্লট বুকিং: দর্শনার্থীদের এই লিঙ্কে গিয়ে জাদুঘরে প্রবেশের স্লট বুকিং করতে হবে।

স্লট পূর্ণ হলে করণীয় : কোনো নির্দিষ্ট দিনের (যেমন ৬ আগস্ট) সব স্লট বুকড হয়ে গেলে আবেদনকারীকে পরবর্তী দিনের খালি থাকা সময় বেছে নিতে হবে। অনুমোদিত সময়েই কেবল দর্শনার্থী ভেতরে প্রবেশ করতে পারবেন।

অতিরিক্ত ভিড় এড়ানো এবং দর্শনার্থীদের নিরাপদ ও সুশৃঙ্খল অভিজ্ঞতা নিশ্চিত করতেই সময়ভিত্তিক অনলাইন টিকিট ব্যবস্থা চালু করা হয়েছে।