৫৫ বছরেও মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা কেন হয়নি, প্রশ্ন জামায়াত আমিরের

বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছরেও কেন শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ মঙ্গলবার ঢাকার সিরডাপ মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন তোলেন।

জামায়াত আমির বলেন, এতগুলো সরকার আসলো গেল, সবাই দাবি করে, আমরা মুক্তিযুদ্ধের স্টেকহোল্ডার। আপনারা মুক্তিযুদ্ধের স্টেকহোল্ডার, আপনাদের সম্মান করি। কিন্তু এ গুরুত্বপূর্ণ কাজটা করছেন না কেন?। ইতিহাসটা উঠে আসুক, ওই ফ্যামিলিগুলা গ্লোরিফাই হোক, শহীদের আত্মা শান্তি পাক।

তিনি আরো বলেন, আমি সরকারকে অনুরোধ করব, আপনারা উদ্যোগ নেন, সঠিক ইতিহাস রচনা করেন। ৭১-এর মতো ২৪ যেন হারিয়ে না যায়।

চব্বিশের পরিবর্তনের আগে আমাদের কণ্ঠে, রাজনীতিবিদদের কণ্ঠে যে সুর ছিল, ৫ তারিখের পর তা আস্তে আস্তে বদলে যাচ্ছে। ১২ ফেব্রুয়ারির পর তা আরো বদলে যাচ্ছে। আগে যে সমস্ত কথা বলেছেন, অঙ্গীকার ব্যক্ত করেছেন, অনেকে এটা এখন বেমালুম ভুলে গেছে। তার ঠিক বিপরীত ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন।




পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী

ডেস্ক নিউজঃ দূষণ নিয়ন্ত্রণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগই টেকসই সমাধান নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও অন্যান্য দূষণ প্রতিরোধবিষয়ক মন্ত্রী পর্যায়ের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ। দ্রুত নগরায়ন, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নদ-নদী ও জলাশয়ে বর্জ্য ফেলা এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের অতিরিক্ত ব্যবহার পরিবেশের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে। এসব সমস্যা মোকাবিলায় বিচ্ছিন্ন নয়, বরং সমন্বিত ও পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলাও সমান জরুরি। বিশেষ করে ক্ষতিকর পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্পের ব্যবহার বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।

মতবিনিময় সভায় পানি দূষণ নিয়ন্ত্রণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, নদ-নদী সংরক্ষণ এবং পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা টেকসই পরিবেশ নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন শেখ ফরিদুল ইসলাম, মো. শফিকুল ইসলাম খান, মো. আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।




নারায়ণগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামান দুলালকে ঘিরে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, ‘৩% দুলাল’ নামে ঠিকাদার মহলে আলোচনা

বিশেষ প্রতিবেদকঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নারায়ণগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. আহসানুজ্জামান দুলালকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ, প্রশাসনিক বিতর্ক এবং রাজনৈতিক প্রভাবের আলোচনা চলে আসছে। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে দুর্নীতি, কমিশন বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, প্রকল্পে অনিয়ম এবং রাজনৈতিক আনুগত্য বদলের অভিযোগ উঠেছে।

ঠিকাদারদের একটি অংশের মধ্যে তিনি “৩% দুলাল” নামে পরিচিত বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, উন্নয়ন প্রকল্পের বিল ছাড় করতে ঠিকাদারদের কাছ থেকে ৩ শতাংশ কমিশন আদায় করা হতো। এ অভিযোগের ফলে তার বিরুদ্ধে ঠিকাদার ও প্রকৌশলীদের একাংশের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে।

চাকরি জীবনের শুরুতেই রাজশাহীর দুর্গাপুর উপজেলায় কর্মরত অবস্থায় দুর্নীতির অভিযোগে বরখাস্ত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব ব্যবহার করে সেই সিদ্ধান্ত বাতিল করিয়ে পুনরায় চাকরিতে ফিরে আসেন বলে অভিযোগকারীদের দাবি।

পরবর্তীতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) অর্থায়িত হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প (HILIP)-এ দায়িত্ব পালনকালে ব্যাপক অনিয়ম ও রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রকল্পে সিনিয়র সহকারী প্রকৌশলী থেকে ডেপুটি প্রকল্প পরিচালক (ডিপিডি) হিসেবে দায়িত্ব পালনকালে শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম ও দুর্নীতি করে সে।

এলজিইডির অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ সরকারের সময় প্রশাসনের কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে তিনি গুরুত্বপূর্ণ পদায়ন ও প্রকল্পের দায়িত্ব পান। একই সময়ে কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন প্রকল্পে কাজ না করেই বিল উত্তোলন, ভুয়া লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (LCS) ব্যবহার এবং প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ ওঠে।

অভিযোগ রয়েছে, এসব ঘটনাকে কেন্দ্র করে এলজিইডিতে তার বিরুদ্ধে ৩৩টি অভিযোগ উত্থাপিত হয় এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা গ্রহণ করে। তবে প্রভাবশালী মহলের কারণে অভিযোগ ও মামলার কার্যকর অগ্রগতি হয়নি। এই দাবির স্বাধীন প্রমাণ এই প্রতিবেদনের জন্য যাচাই করা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদানের পরও তাকে ঘিরে বিতর্ক থামেনি। কদম রসুল সেতু নির্মাণ প্রকল্পে বুয়েটের পরীক্ষায় উত্তীর্ণ নির্মাণসামগ্রীকে অসন্তোষজনক হিসেবে দেখানোর চেষ্টা এবং পরীক্ষার ফল নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রকল্প পরিচালক প্রধান প্রকৌশলীর কাছে লিখিতভাবে তদন্তের আবেদন করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, এতে প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এছাড়া, স্থানীয় সরকার বিভাগের সচিবের নির্দেশে তাকে প্রকল্পের দায়িত্ব থেকে অব্যাহতি এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বলে বিভিন্ন সূত্রে দাবি করা হলেও পরবর্তীতে সেই প্রশাসনিক সিদ্ধান্ত বহাল ছিল কি না, সে বিষয়ে পরস্পরবিরোধী তথ্য রয়েছে।

প্রশাসনিক অঙ্গনে আরেকটি আলোচিত বিষয় হলো তার বদলি নিয়ে বিতর্ক। ২০২৬ সালে এলজিইডির নতুন বদলি নীতিমালা জারির পর নিজ জেলায় পদায়নের আদেশ পাওয়ায় সমালোচনা শুরু হয়। পরে সেই আদেশ প্রত্যাহার করা হলে প্রশাসনিক স্বচ্ছতা ও নীতিমালার প্রয়োগ নিয়ে প্রশ্ন ওঠে।

রাজনৈতিক অঙ্গনেও তাকে নিয়ে নানা আলোচনা রয়েছে। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত থাকলেও ৫ আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর দ্রুত নতুন রাজনৈতিক বলয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেন। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে রক্ষা পেতেই তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেন। এমনকি সরকারি কর্মকর্তা হয়েও বিএনপির মহাসচিবের নির্বাচনী প্রচারণায় অংশ নেয় সে। এদিকে, ঠিকাদার ও এলজিইডির একটি অংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের আশ্রয়ে থেকে মো. আহসানুজ্জামান দুলাল প্রশাসনিক সিদ্ধান্তকে প্রভাবিত করেছেন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর অধিকাংশই কার্যকর তদন্তের মুখ দেখেনি। ফলে সরকারি উন্নয়ন প্রকল্পে জবাবদিহি ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে মো. আহসানুজ্জামান দুলালের বক্তব্য এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য নির্ধারণ করা সম্ভব। অভিযোগগুলো প্রমাণিত হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো সরকারি তদন্ত বা আদালতের চূড়ান্ত রায়ের তথ্য এখানে উপস্থাপিত নয়।




সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, বন্ধ ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ

সিরাজগঞ্জে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে যমুনা সেতুর পশ্চিমপাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

হাফিজুর বলেন, “রাজশাহী থেকে ঢাকাগামী ‘সিল্কসিটি ট্রেনটি’ স্টেশনে পৌছানোর পর হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।”

এদিকে ঢাকা থেকে নীলফামারীগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি যমুনা সেতুর পশ্চিমপাড়ের সয়দাবাদ স্টেশনে আটকা পড়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আহসানুর রহমান বলেন, “পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসার জন্য খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছানোর পর লাইনটি সচল করা সম্ভব হবে।

ট্রেনটি ইতোমধ্যে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলেও জানান তিনি।




শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনার বক্তব্য প্রচার বা সম্প্রচারের খবর প্রকাশ করে, তাহলে তা আদালতের রায়ের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং এ বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, আগেও এ বিষয়ে সরকার গণমাধ্যমের জন্য সতর্কতামূলক নির্দেশনা দিয়েছিল। যদি কেউ আগাম প্রচার করে যে শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং সেটি প্রকাশ বা সম্প্রচার করে, তবে সেটি আদালতের আদেশ অমান্য করার শামিল হবে।

তিনি বলেন, আমরা আবারও সবাইকে স্মরণ করিয়ে দেব, কেউ যেন এ ধরনের কাজ না করেন। আদালতের নির্দেশনা মানা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। সরকারের কাজ হলো আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা।

তিনি ব্যক্তিগত মতামত তুলে ধরে বলেন, আদালতের আদেশ না থাকলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া ঠিক হতো না। কেউ যদি আদালতের ওই আদেশের সঙ্গে একমত না হন, তাহলে তিনি আদালতেই গিয়ে সেই রায় চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আদালতের আদেশ বহাল থাকবে, ততক্ষণ সেটি সবাইকে মেনে চলতে হবে।

সাবেক আইজিপি বেনজীর আহমেদ বৃহস্পতির জামিন পাওয়ার তথ্য সরকার দুই-তিন দিন পর জানল কেন? একজন সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, এ বিষয়ে তিনি নিশ্চিত নন এবং তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দিতে পারছেন না।

তিনি বলেন, আমি বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দেব এবং তার সঙ্গে কথা বলব। কেন এ ধরনের গ্যাপ হয়েছে, সেটি খতিয়ে দেখা হবে।

প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো আগের সরকারের প্রভাব রয়েছে এমন প্রশ্নের উত্তরে ডা. জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতন ও দেশত্যাগ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তবে ১৫ বছর ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে যারা দায়িত্বে ছিলেন, তাদের সবাইকে একদিনে পরিবর্তন করা সম্ভব নয়।

তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে প্রশাসনসহ নানা প্রতিষ্ঠানে আগের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট মানুষ এখনো রয়েছেন। চাইলেই এত মানুষকে একসঙ্গে সরিয়ে ফেলা সম্ভব নয়। ১৫ বছরে বিভিন্ন স্তরে যারা উঠে এসেছেন, তাদের পরিবর্তে নতুনদের আনতে সময় লাগে।

তিনি আরও বলেন, শুধু বদলি করলেই হবে না, নতুন কর্মকর্তাদের দক্ষতা অর্জনেরও বিষয় রয়েছে। সরকার ধীরে ধীরে প্রয়োজনীয় পরিবর্তন করছে, তবে এমনভাবে নয় যেন রাষ্ট্রের সেবাদান ব্যবস্থা ভেঙে পড়ে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, চেষ্টা শুধু নয়, কাজও চলছে। তবে এমনভাবে পরিবর্তন করা হচ্ছে না, যেন ভঙ্গুর সিস্টেম আরও ধ্বংস হয়ে যায়। কারণ শেষ পর্যন্ত মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।




আইআরসি-ইআরসি সেবায় হয়রানি ও অনিয়মের অভিযোগ: আলোচনায় উপ-নিয়ন্ত্রক ওবায়দুল্লাহ, প্রশ্নে ঢাকা আঞ্চলিক অফিস

বিশেষ প্রতিবেদক: বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের (সিসিআইঅ্যান্ডই) ঢাকা আঞ্চলিক কার্যালয়ে সেবা প্রদান, প্রশাসনিক কার্যক্রম এবং কর্মকর্তাদের দায়িত্ব পালনে নানা অনিয়ম ও হয়রানির অভিযোগ উঠেছে। সেবাগ্রহীতা ও সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর কারণে আইআরসি (ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট) ও ইআরসি (এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট) সংক্রান্ত সেবা পেতে ব্যবসায়ীদের অতিরিক্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। এতে নতুন উদ্যোক্তারা নিরুৎসাহিত হচ্ছেন এবং সরকারের রাজস্ব আহরণও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সূত্র জানায়, সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী সাধারণত দীর্ঘ সময় একই কর্মস্থলে দায়িত্ব পালন নিরুৎসাহিত করা হলেও উপ-নিয়ন্ত্রক ওবায়দুল্লাহ প্রায় আট বছর ধরে একই কার্যালয়ে কর্মরত রয়েছেন। বিষয়টি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও অসন্তোষ রয়েছে বলে জানা গেছে। এছাড়া উপ-নিয়ন্ত্রক পদে পদোন্নতি পাওয়ার পরও তিনি দীর্ঘদিন ধরে সহকারী নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন বলেও অভিযোগ উঠেছে।

ব্যবসায়ীদের অভিযোগ, আইআরসি ও ইআরসি নবায়ন কিংবা নতুন নিবন্ধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও অতিরিক্ত ও অপ্রয়োজনীয় নথি চাওয়া হয়। কখনও অতিরিক্ত সদস্যপদ সনদ, আবার কখনও ব্যাংক কর্তৃক সত্যায়িত পিআই কপিসহ বিভিন্ন কাগজপত্রের অযৌক্তিক দাবি করা হয়। প্রয়োজনীয় পরামর্শ চাইতেও অনেক সেবাগ্রহীতাকে অসৌজন্যমূলক আচরণের মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।

আরও অভিযোগ রয়েছে, ওবায়দুল্লাহ এর আগে জিটিসিএলে কর্মরত থাকাকালেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়েছিলেন। সংশ্লিষ্ট সময়ের কার্যক্রম তদন্ত করা হলে আরও তথ্য বেরিয়ে আসতে পারে বলে দাবি করেছে একটি সূত্র। তবে এসব অভিযোগের স্বাধীন কোনো প্রমাণ এই প্রতিবেদনের হাতে নেই।

এদিকে ওবায়দুল্লাহর অতীত রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। কয়েকটি সূত্রের দাবি, তিনি ছাত্রজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং পরবর্তী সময়ে আওয়ামীপন্থী প্যানেল থেকে বিভিন্ন সংগঠনের নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে এসব বিষয়ে স্বাধীনভাবে তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের অভিযোগ, নিয়ন্ত্রক মাসুদুল মান্নানের ঘনিষ্ঠতার কারণে ওবায়দুল্লাহ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল রয়েছেন। একই সঙ্গে আইআরসি, ইআরসি ও শিল্প-সংক্রান্ত নিবন্ধন কার্যক্রমে প্রভাব বিস্তার করে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগও রয়েছে। যদিও এসব অভিযোগের বিষয়ে কোনো সরকারি তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি।

এ বিষয়ে উপ-নিয়ন্ত্রক ওবায়দুল্লাহ এবং নিয়ন্ত্রক মাসুদুল মান্নানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি।

অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন এবং অনিয়মের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সেবাগ্রহীতা ও সংশ্লিষ্টরা।




ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ অবস্থায় উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।




বিএডিসির ডাল ও তৈলবীজ বিভাগের পিডির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর ডাল ও তৈলবীজ বিভাগের প্রকল্প পরিচালক (পিডি) ড. শফিকের বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি পলিথিন ব্যাগ ক্রয়সংক্রান্ত একটি টেন্ডারে (টেন্ডার আইডি: #1307923) এমন কিছু যোগ্যতার শর্ত সংযুক্ত করা হয়েছে, যা নতুন প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণকে নিরুৎসাহিত করতে পারে। বিশেষ করে ১৫ বছরের অভিজ্ঞতার শর্ত আরোপের কারণে প্রতিযোগিতা সীমিত হয়েছে বলে অভিযোগকারীদের দাবি। এছাড়া অভিযোগে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে অনিয়ম ও পক্ষপাতমূলক সিদ্ধান্তের মাধ্যমে বিশেষ সুবিধাভোগী কিছু প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও অভিযোগকারীরা দাবি করেন। অভিযোগকারীদের দাবি, বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। তবে এ বিষয়ে জানতে ড. শফিকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর মন্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। এদিকে, বিএডিসির সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগের সত্যতা যাচাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




নাহিদ রানা ঢাকায়, তাসকিনের জন্য কী ‘ওষুধ’ অস্ট্রেলিয়ার চিকিৎসকের

ক্রীড়া ডেস্ক : নাহিদ রানার সাম্প্রতিক চোট সাইড স্ট্রেইন হলেও তাঁর শিনবোনেও ব্যথা আছে। ওদিকে অনেক দিন ধরে কাঁধের সমস্যায় ভোগা তাসকিন আহমেদকে যন্ত্রণা দিচ্ছে গোড়ালির বেড়ে যাওয়া হাড়ও।

বাংলাদেশ দলের দুই পেসার তাঁদের সমস্যাগুলো নিয়ে সম্প্রতি পার্থে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। এরপর তাসকিন চলে গেছেন ডারউইনে, আজ সেখানে টেস্ট দলের সঙ্গে অনুশীলনও করেছেন। অন্যদিকে অস্ট্রেলিয়া সফরের দলে না থাকা নাহিদ আজ ফিরে এসেছেন দেশে।

সাইড স্ট্রেইনের সমস্যা সময়ের সঙ্গে সঙ্গে সেরে যাবে। নাহিদের অস্ট্রেলিয়া যাওয়ার মূল উদ্দেশ্য ছিল শিনবোনের ব্যথা। ওষুধের ব্যবস্থাপত্র নিয়ে তিনি দেশে ফিরলেও ব্যথার বিষয়ে পার্থের চিকিৎসকের চূড়ান্ত মতামত এখনো পায়নি বিসিবির মেডিক্যাল বিভাগ। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এক–দুই দিনের মধ্যে অস্ট্রেলিয়ায় করানো স্ক্যান রিপোর্ট হাতে পাবেন তাঁরা। এরপরই জানা যাবে নাহিদের ব্যথার কারণ, ঠিক হবে নিরাময়প্রক্রিয়া।

ওয়ার্কলোড ম্যানেজ করে কাঁধের ব্যথা নিয়ে খেলে যাচ্ছেন তাসকিন। তবে বেশ কিছুদিন ধরে তিনি বেশি ভুগছেন ডান পায়ের গোড়ালির হাড় বেড়ে যাওয়ার ব্যথায়। এ ধরনের সমস্যা থেকে মুক্তির সম্ভাব্য একটি উপায় অস্ত্রোপচার। কিন্তু অস্ত্রোপচারে সমস্যার সমাধান সব সময় তো হয়ই না, খেলোয়াড়দের ক্ষেত্রে অনেক সময় ক্যারিয়ারটাই পড়ে যেতে পারে হুমকির মুখে।

আর এ ধরনের অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে অনেক সময় বছরখানেক সময় লেগে যায়। তাসকিন একজন পেস বোলার, ৩১ বছর বয়সে এসে গোড়ালির অস্ত্রোপচার তাঁর জন্য ভালো কিছু না–ও বয়ে আনতে পারে।

গোড়ালির বেড়ে যাওয়া হাড় কেটে ফেলার ব্যাপারে তাই পুরোনো সিদ্ধান্তেই আছেন তাসকিন—অস্ত্রোপচারের ঝুঁকিপূর্ণ পথে যাবেন না। অস্ট্রেলিয়ার চিকিৎসকের পরামর্শও একই। ব্যথামুক্ত থেকে খেলা চালিয়ে যেতে এত দিনের মতো বিকল্প পন্থাতেই থাকতে হবে তাসকিনকে।

কাঁধ আর গোড়ালির ব্যথার কারণে এমনিতেই তাসকিন বিশ্রাম নিয়ে খেলেন। এ কারণে ম্যাচের মধ্যেও দুই স্পেলের মাঝের সময়ে তাঁর ফিল্ডিং পজিশন নিয়ে অনেক সময় কৌশলী থাকতে হয় অধিনায়ককে। এ ছাড়া নরম জুতা পরা, গোড়ালিকে আরাম দিতে জুতার ভেতর হিল কুশন ব্যবহার, প্রয়োজনে জুতার ভেতরের কাঠামো বিশেষভাবে বদলে ফেলা—এসবই ‘ওষুধ’ হিসেবে থাকছে তাসকিনের জন্য।




রোববারে তিন উপজেলার বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ : চট্টগ্রামের বন্যাকবলিত তিন উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তার এ সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন, সফরটি এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম চট্টগ্রাম সফর। এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। পাশাপাশি ক্ষমতাসীন দল ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকেও তাকে স্বাগত জানাতে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন এবং সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি হারানো গৃহহারা পরিবারগুলোর জন্য সরকারি উদ্যোগে নির্মিত নতুন বাড়িগুলো ক্ষতিগ্রস্তদের কাছে হস্তান্তর করবেন।

প্রশাসনের সূত্র জানিয়েছে, পুনর্বাসনের অংশ হিসেবে নির্মিত এসব নতুন বাড়ির কাজ ইতোমধ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত দিনে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে সংশ্লিষ্ট পরিবারগুলোর হাতে এসব ঘরের চাবি তুলে দেবেন। এ ছাড়া, তার এই সফরে দুর্গত এলাকার মানুষের সঙ্গে কথা বলা এবং সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ইতোমধ্যে উপযুক্ত স্থান নির্বাচন করে হেলিপ্যাড প্রস্তুতের কাজ চলছে। সফরের একটি উল্লেখযোগ্য অংশে তিনি পশ্চিম বাঁশখালী এলাকা পরিদর্শন করবেন এবং সেখানে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে ত্রাণ বিতরণ করবেন। একই এলাকায় সরকারি সহায়তায় পুনর্নির্মাণ করা ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দলীয় প্রস্তুতি চূড়ান্ত করতে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিতে তাকে ও কমিটির সদস্য সচিবকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে ডাকা হয়েছিল। দলীয় প্রধানকে স্বাগত জানাতে এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করতে স্থানীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তুতিগুলো গুছিয়ে রাখা হচ্ছে। তবে সরকারের উচ্চপর্যায় থেকে চূড়ান্ত ও বিস্তারিত সরকারি কর্মসূচি হাতে পাওয়ার পর সেই অনুযায়ী সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করা হবে।