কানাডা-মেক্সিকোর সঙ্গে রপ্তানি বাড়াতে চায় ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্কঃ অভিবাসন ইস্যুতে দ্বিগুণ হারে শুল্ক আরোপের হুঁশিয়ারির পর সেক্সিকো ও কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে সক্ষম হবে বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। এর আগের দিনই ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের একটি দলের (মাইগ্র্যান্ট কারভান) প্রেক্ষাপটে মেক্সিকো সিটি ওপর শুল্ক দ্বিগুণ করার হুমকি দিয়েছিলেন।

সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, আমি আশাবাদী কানাডা ও মেক্সিকোর সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারব। যদিও মার্কিন ট্রেজারি প্রধান এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

এদিকে বিশ্বের বৃহত্তম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ারের সাম্প্রতিক ইস্যুতে সমালোচনা করেছেন বেসেন্ট। এক নারীর সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদত্যাগ করেন।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি জানান, চিপ রপ্তানি ব্যবস্থায় ‘ফাঁকফোকর’ বা ‘লিকেজ’ রয়েছে, তা বন্ধ করার জন্য প্রশাসন কাজ করছে। পাশাপাশি তিনি এনভিডিয়া তাদের সহযোগী কোম্পানিগুলোকে কতটা ভালোভাবে যাচাই-বাছাই করে, তা নিয়ে প্রশ্ন তোলেন। উল্লেখ্য, এই সপ্তাহে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগের খবরটি কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এই কেলেঙ্কারির পর মার্কিন আইনপ্রণেতারা উন্নত এআই চিপের ক্ষেত্রে চীনের প্রবেশাধিকারের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপের আহ্বান জানিয়েছেন। এই ঘটনায় ট্রাম্প প্রশাসনের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকও জড়িয়ে পড়তে পারেন বলে আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে, চীনে চিপ বিক্রির ওপর প্রশাসনের তদারকি নিয়েও নানা প্রশ্ন উঠছে।

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিমুখে অভিবাসীদের যাত্রা থামাতে ব্যর্থ হলে মেক্সিকোর ওপর শুল্ক দ্বিগুণ করা হবে বলে হুঁশিয়ারি দেন। মেক্সিকো ও কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা যখন একটি সংবেদনশীল পর্যায়ে রয়েছে, ঠিক তখনই এই শুল্ক বৃদ্ধির হুমকি এল। উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে ট্রাম্প ‘ইউএস-মেক্সিকো-কানাডা’ বাণিজ্য চুক্তিটির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পরও এই আলোচনা অব্যাহত রয়েছে।

২০২৪ সালে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পেছনে মার্কিন ভোটারদের মধ্যে সীমান্ত নিয়ে উদ্বেগ একটি বড় ভূমিকা রেখেছিল। এরপর থেকে ট্রাম্প বিভিন্ন সময় অভিবাসীদের দলের (মাইগ্র্যান্ট কারভান) বিষয়টি সামনে এনেছেন। তবে সাম্প্রতিক মাসগুলোতে তিনি নিজেই বলেছেন, তার এবং তার রিপাবলিকান সহকর্মীদের জন্য এই বিষয়টি রাজনৈতিকভাবে আগের মতো আর ততটা গুরুত্বপূর্ণ বা কার্যকর নেই।




শেখ হাসিনাকে আফ্রিকার কোনো দেশও ‘আশ্রয় দিতে রাজি নয়’

বিশেষ প্রতিবেদকঃ পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আফ্রিকার কোনো দেশও আশ্রয় দিতে রাজি হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।

শুক্রবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা জানান।

কে এম নাজমুল হক লিখেছেন, ‘যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ, কাতার-এমনকি আফ্রিকার কোনো দেশও গণহত্যাকারীকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না। দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি ভারত সরকারের জন্য ক্রমশ বিব্রতকর ইস্যু হয়ে উঠছে, এটি এখন আর গোপন কোনো বিষয় নয়। শুধু ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে- গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিত অপরাধীকে তারা দিনের পর দিন কেন আশ্রয় দিয়ে রেখেছে?’

তিনি বলেন, ‘বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে, ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হতো শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া। এ নিয়ে দিল্লি বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার আলোচনা করলেও সেই চেষ্টা সফল হয়নি। ফলে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়াই একমাত্র বাস্তবসম্মত বিকল্প। অর্থাৎ, হাসিনার সামনে একের পর এক পথ বন্ধ হয়ে আসছে। সর্বশেষ চেষ্টা হিসেবে এখন সেই তৃণমূলের নেতাকর্মীদের রক্তের ওপর ভর করেই বাংলাদেশে ফিরতে চায় গণহত্যাকারী পলাতক শেখ পরিবার!’

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আরও বলেন, ‘‘ক্ষমতা ছেড়ে পালানোর সময় এই নেতাকর্মীদের মৃত্যুর মুখে ফেলে রেখে নিজের পরিবারের সদস্যদের আগেভাগে দেশের বাইরে পাঠিয়ে নিজেও পালিয়েছে। আর দেশত্যাগের পর হাসিনাপুত্রের বক্তব্য ছিল, ‘আপনাদের ভালো-মন্দ আপনারা বুঝেন, আমরা আপনাদের সঙ্গে নাই’ এমনই দায়িত্বহীন অবস্থান।’’

তিনি লিখেছেন, ‘যে পরিবার ক্ষমতায় থাকতে নেতাকর্মীদের ব্যবহার করেছে, বিপদের সময় তাদের ফেলে পালিয়েছে, সেই পরিবার এখন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় আবারও তৃণমূলের নেতাকর্মীদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। আওয়ামী লীগকে যারা এখনো ধর্মের মতো মনে করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, একবার চিন্তা করুন। নিজের কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন।’




ছয়টি জেব্রার বিনিময়ে চট্টগ্রাম থেকে তিন বাঘ পেল গাজীপুর সাফারি পার্ক

বিশেষ প্রতিবেদকঃ গাজীপুর সাফারি পার্ক থেকে তিনটি জেব্রা পাঠানো হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। প্রাণী বিনিময়ের মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে তিনটি প্রাপ্তবয়স্ক বাঘ। আরও তিনটি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হবে।

শুক্রবার ভোরে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ সাফারি পার্কে এসে পৌঁছায়। গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, পার্ক প্রতিষ্ঠার পর আমদানি করে বেশ কয়েকটি বাঘ আনা হয়েছিল। এরপর বিভিন্ন রোগে বাঘের মৃত্যু ও নতুন বাচ্চার জন্ম হয়। পার্কের টাইগার বেষ্টনীতে থাকা বাঘগুলোর আয়ুষ্কালও ফুরিয়ে যাচ্ছিল। পার্ক কর্তৃপক্ষ ও সরকার বাঘ আমদানির জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। পরে পার্ক কর্তৃপক্ষ জানতে পারে, চট্টগ্রাম চিড়িয়াখানায় অতিরিক্ত বাঘ আছে, কিন্তু তাদের জেব্রা নেই। আবার গাজীপুর সাফারি পার্কে অতিরিক্ত জেব্রা আছে।

পরে গাজীপুর সাফারি পার্ক ও চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রাণী বিনিময়ের সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে বুধবার রাতে একটি ট্রাকে বিশেষ কায়দায় ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়। আবার বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ওই ট্রাকেই তিনটি বাঘ গাজীপুর সাফারি পার্কে আনা হয়। শুক্রবার ভোররাতে বিশেষ ব্যবস্থাপনায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে আনা বাঘ তিনটি সাফারি পার্কে এসে পৌঁছায়।

বাঘ তিনটিকে আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে। নতুন করে তিনটি বাঘ আনার কারণে পার্কে আসা দর্শনার্থীরা বাড়তি আনন্দ পাবেন। বাঘগুলো সুস্থ-স্বাভাবিক রয়েছে এবং খাবার খাচ্ছে। তিনটি বাঘ আনার পর সাফারি পার্কে বাঘের সংখ্যা মোট ১০টি।

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ বলেন, দীর্ঘ পথ ভ্রমণ শেষে বাঘ তিনটি গাজীপুর সাফারি পার্কে এসে পৌঁছেছে। বাঘ তিনটি সম্পূর্ণ সুস্থ এবং সঠিক সময়ে খাবার খাচ্ছে। বর্তমানে বাঘ তিনটিকে বিশেষ যত্নে লালন করা হচ্ছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, প্রাণী বিনিময়ের মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে। পাশাপাশি সাফারি পার্ক থেকে ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়া হবে।

সাফারি পার্কে আনা তিনটি বাঘ কম বয়সী। দুটি নারী ও একটি পুরুষ বাঘ। বাঘ তিনটিকে আপাতত আলাদা বেষ্টনীতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কয়েক দিনের মধ্যে সাফারি পার্কের কোর সাফারিতে দর্শনার্থীদের প্রদর্শনের জন্য দেওয়া হবে।




সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে গেছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষ বেশিরভাগ ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। চিকিৎসা সেবা সবার কাছে পৌঁছে দেয়ার সরকারের যে কমিটমেন্ট, সেজন্য সবাইকে কাজ করতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে পারলে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষ আবার আস্থা ফিরে পাবে। সাংঘর্ষিক চিন্তাভাবনা বাদ দিয়ে দেশকে নিয়ে ভাবতে হবে।

দলীয় রাজনীতি ভুলে পেশাজীবীদের কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের পরিবর্তনের যে প্রত্যাশা সেজন্য সবাইকে কাজ করতে হবে।

একটি সর্বজনীন, জনবান্ধব ও সাশ্রয়ী স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ি, যেখানে কেউ চিকিৎসার অভাবে পিছিয়ে থাকবে না, প্রাণখোলা হাসিতে ভরে উঠবে প্রতিটি ঘর।




চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সম্প্রসারণের ফলে দেশের ব্যস্ততম রেলওয়ে করিডোর ঢাকা-চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন সংযোগ স্থাপিত হবে বলে আশা করা হচ্ছে। এতে যাত্রীসেবার মানোন্নয়ন, পণ্য পরিবহনে গতি বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।

বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোর হিসেবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথ নির্বাচন করা হয়।

পাইলট প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে বলে জানান তিনি।

প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের সিংহভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আর আমদানি করা সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট সরকার বহন করবে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। আর ২০২৮ সালের মাঝামাঝি সময় থেকে বড় ধরনের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

পাইলট প্রকল্পের আওতায় রেলপথটিতে চলাচলের জন্য ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে। এসব ট্রেনের উভয় প্রান্তেই চালকের কক্ষ থাকবে। ফলে ট্রেনের দিক পরিবর্তনের জন্য আলাদাভাবে ঘোরানোর প্রয়োজন হবে না এবং নিয়মিত বিরতিতে ট্রেন চলাচল সম্ভব হবে।

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন সেবা সম্প্রসারণ দেশের প্রাথমিক পাইলট করিডোরের বাইরে আধুনিক রেল নেটওয়ার্ক বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে আশা করা হচ্ছে।

রফিকুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথ যাত্রী ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রেলপথ রাজধানীকে দেশের প্রধান সমুদ্রবন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত করেছে।

তিনি বলেন, এ রেলপথে বৈদ্যুতিক লোকোমোটিভ চালু করা গেলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহন ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে। একই সঙ্গে যাতায়াতের সময় ও পরিচালন ব্যয় কমানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে বছরে প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার টিইইউ (২০ ফুট সমমানের একক) কনটেইনার পরিবহন করা হয়, যা মোট কনটেইনার পরিবহনের প্রায় তিন শতাংশ।

ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্পের লক্ষ্য রেলপথে বছরে কনটেইনার পরিবহনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টিইইউতে উন্নীত করা। এতে রেলপথে পণ্য পরিবহনের সুযোগ আরও বাড়বে।

রেলওয়ের পরিকল্পনা সেলের সিপিও বলেন, বৈদ্যুতিক ট্রেন সেবা সম্প্রসারণের পরিকল্পনার পাশাপাশি আধুনিক পণ্য ব্যবস্থাপনা সুবিধা গড়ে তোলা হলে বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক সক্ষমতা আরও শক্তিশালী হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক ট্রেন চালু এবং ভবিষ্যতে এ সেবা সম্প্রসারণের উপযোগী পরিবেশ তৈরিতে বাংলাদেশ রেলওয়ে বেশ কয়েকটি উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে।

রফিকুল ইসলাম জানান, ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। অন্যদিকে, টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

তিনি বলেন, জয়দেবপুরে আধুনিক ইএমইউ ডিপো ও ওয়ার্কশপ স্থাপনের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হচ্ছে। এসব অবকাঠামো ট্রেনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার কাজে সহায়তা করবে।

এদিকে, টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান মিটারগেজ লাইনগুলোকে ডুয়ালগেজ ডাবল লাইনে রূপান্তর করা হচ্ছে। ভবিষ্যতে রেলপথ বিদ্যুতায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো শক্তিশালী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, সরকার বর্তমানে ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালুর পরিবর্তে সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চালুর ওপর গুরুত্ব দিচ্ছে।

রফিকুল ইসলাম বলেন, বুলেট ট্রেন চালু করতে আনুমানিক ১ লাখ ৫০ হাজার কোটি থেকে ২ লাখ ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হতে পারে। এছাড়া জমি অধিগ্রহণ এবং দেশের ঘনবসতিপূর্ণ কৃষিপ্রধান এলাকায় এ ধরনের রেলপথ নির্মাণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

এ পরিস্থিতিতে অবকাঠামো নির্মাণের ব্যয় ও জমির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে রেল যোগাযোগ আধুনিকায়নে বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনাকে তুলনামূলকভাবে বাস্তবসম্মত উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

বৈদ্যুতিক ট্রেন চালু হলে কার্বন নিঃসরণ ও বায়ুদূষণ কমার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে বলেও আশা করা হচ্ছে।

রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ রেলওয়ে নতুন প্রকল্পগুলোর পরিবেশগত সুফল এবং কার্বন নিঃসরণ কমানোর সম্ভাবনা মূল্যায়ন করছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়ার মাধ্যমে এসব প্রকল্প থেকে কার্বন ক্রেডিট অর্জনের সুযোগও রয়েছে।

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর পাইলট প্রকল্পটি দেশের বৃহত্তর বৈদ্যুতিক রেল নেটওয়ার্ক গড়ে তোলার ভিত্তি তৈরি করবে বলে আশা করা হচ্ছে। এ নেটওয়ার্কের পরবর্তী বড় সম্প্রসারণের গন্তব্য হিসেবে চট্টগ্রামকে চিহ্নিত করা হয়েছে।

চট্টগ্রাম পর্যন্ত এ সেবা সম্প্রসারিত হলে যাত্রী ও পণ্য পরিবহনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। এতে দ্রুত যোগাযোগ, রেলওয়ের কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।




খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে তার জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব ও জাতীয় জীবনে অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে নাগরিক সমাজের পক্ষে এ উদ্যোগের কথা জানিয়েছেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিক এতে অংশ নেবেন বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।

স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান এবং তাঁর জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।

স্মারকগ্রন্থে বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব, আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন, পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম, নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে তার ভূমিকা এবং অর্থনৈতিক দর্শন ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে তার নীতি নিয়ে লেখা পাঠানো যাবে।

এ ছাড়া নির্বাচন, গণতন্ত্র ও সংগ্রাম, সংবাদপত্রের স্বাধীনতা, প্রত্যক্ষ স্মৃতিচারণ ও অজানা অধ্যায়, সরকার, আমলাতন্ত্র, সুশাসন ও দায়িত্ব, জীবনের অন্তিম সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং তার নান্দনিকতা, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদাবোধ নিয়েও লেখার বিষয় নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া বেগম খালেদা জিয়ার কর্মময়, সংগ্রামী ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তাঁর অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ ও প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।




৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

ডেস্ক নিউজ : সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে আছে। কবে এই পরিস্থিতির উন্নতি হবে তা নির্দিষ্ট করে বলতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, আঙ্গুলের ছাপের কোয়ালিটি কমে অন্যের সঙ্গে আঙ্গুলের ছাপ মিলে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব নাগরিকের এনআইডি লক অবস্থায় রয়েছে। এজন্য সফটওয়্যার উন্নয়নের কাজ করছে সংস্থাটি।

ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে।

এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই সমস্যার সমাধান মিলবে। বর্তমানে আমাদের কাছে যারা জানাচ্ছে তাদেরটা আনলক করে দিচ্ছি।




সৌদি আরবের বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের শারুরাহ বিমানবন্দর ও খামিস মুশাইত সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। একই সঙ্গে দেশটির রাজধানী রিয়াদে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এসব দাবি করেন।

তিনি জানান, প্রথম অভিযানে শারুরাহ বিমানবন্দরে অবস্থানরত একটি সামরিক কার্গো বিমান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। দ্বিতীয় অভিযানে খামিস মুশাইত সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার দাবি করেন তিনি।

এ ছাড়া রিয়াদে সৌদি আরামকোর একটি স্থাপনায় হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও জানান ইয়াহিয়া সারি।

তবে এসব হামলার বিষয়ে এখন পর্যন্ত সৌদি আরবের কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্যও নিশ্চিত হওয়া যায়নি।




আমিরাতে পৃথক দুর্ঘটনায় ৩ ভারতীয়সহ নিহত ১৭, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে পৃথক সড়ক দুর্ঘটনায় বিভিন্ন দেশের ৩ প্রবাসীসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এসময় অন্তত সাত দেশের ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে একটি দুর্ঘটনায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হন। অন্য একটি দুর্ঘটনায় ভারতের কেরালা রাজ্যের একই পরিবারের তিন সদস্য প্রাণ হারান। নিহতদের মধ্যে ২১ বছর বয়সী যমজ ভাইবোন ও তাদের তিন বছর বয়সী ভাগনে রয়েছে।

আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফুজাইরাহর শেখ খলিফা বিন জায়েদ সড়কে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দেন। এতে গাড়িটি উল্টে গিয়ে যানজটে আটকে থাকা আরও কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং তা অন্য গাড়িতেও ছড়িয়ে পড়ে। এতে ১৪ জন নিহত হন।

এ ঘটনায় আহত ৩০ জনের মধ্যে ১৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকিরা চিকিৎসাধীন। আহতদের মধ্যে আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন। নিহতদের মধ্যে আমিরাতের নাগরিক ছাড়াও অন্য দেশের মানুষ রয়েছেন। পরিচয় নিশ্চিত করতে কয়েকজনের মরদেহের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

অন্যদিকে, খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, ভারতের কেরালা রাজ্যের ওই পরিবারটি দীর্ঘদিন ধরে ফুজাইরাহতে বসবাস করছিল। শারজাহ থেকে ফুজাইরাহ ফেরার পথে তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে যমজ ভাইবোন ও তাদের ভাগনে নিহত হন। পরিবারের আরও চার সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ফুজাইরাহর এক সমাজকর্মীর বরাত দিয়ে পত্রিকাটি জানায়, নিহত তরুণের বয়স ছিল ২১ বছর। তাদের বাবা ফুজাইরাহ শহরে একটি খাবারের দোকান পরিচালনা করেন। দুর্ঘটনায় স্বজনদের হারিয়ে স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।




যশোরে আদালতপাড়াসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ : যশোর শহরের আদালতপাড়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আটটার পর এসব বিস্ফোরণে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।