প্রযোজক ও অভিনেতা হিসেবে নতুন ইনিংস শুরু রোনালদোর

ক্রীড়া ডেস্ক : ফুটবল মাঠের পর এবার বিনোদন জগতে নতুন যাত্রা শুরু করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই এ খবর জানিয়েছেন ৪১ বছর বয়সী এই ফুটবলার।

রোনালদো জানিয়েছেন, ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে সিরিজটি নির্মাণ করছেন তিনি। ২০২৫ সালে ভনের সঙ্গে মিলে ‘ইউআর মার্ভ স্টুডিওস’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন রোনালদো। ‘কিংসম্যান’ ও ‘এক্স-মেন: ফার্স্ট ক্লাস’-এর মতো সিনেমা পরিচালনা করে পরিচিতি পেয়েছেন ম্যাথিউ ভন।

ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো ‘ডে ওয়ানস’-এর প্রোডাকশন মাত্রই শুরু হলো। সামনে আরও চমক আসছে!’

স্ক্রিপ্টেড ড্রামা সিরিজটিতে ব্রিটিশ ফুটবলের বাণিজ্যিক জগতের নানা দিক তুলে ধরা হবে। এর গল্পের কেন্দ্রে থাকবেন স্ট্যানলি ডাল্টন নামের একজন প্রভাবশালী ফুটবল এজেন্ট। খেলোয়াড়দের দলবদল, দর-কষাকষি ও বাণিজ্যিক চুক্তির জটিল পরিস্থিতি সামলানোই হবে তাঁর কাজ।

সিরিজটিতে স্ট্যানলি ডাল্টন চরিত্রে অভিনয় করবেন ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস। ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। এ ছাড়া প্রজেক্টটিতে যুক্ত হয়েছেন ফ্রান্স ও আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরি এবং ব্রিটিশ র‍্যাপার ডেভ।

ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের মৌলিক ভাবনা থেকে সিরিজটির গল্প তৈরি হয়েছে। তিনি সাবেক ফরাসি তারকা থিয়েরি অঁরিরও এজেন্ট ছিলেন।

প্রযোজনা প্রতিষ্ঠানটির চিফ ক্রিয়েটিভ অফিসার কার্লোস পেরেস জানিয়েছেন, সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন রোনালদো। পাশাপাশি কয়েকটি পর্বে নিজের ভূমিকায় ক্যামিও চরিত্রেও দেখা যাবে তাঁকে।

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো পরিচালক ম্যাথিউ ভন, অভিনেতা ড্যামিয়ান লুইস ও র‍্যাপার ডেভের সঙ্গে তোলা কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। ছবিগুলোর মধ্যে প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডের ড্রেসিংরুমের একটি ছবিও রয়েছে।

তবে ‘ডে ওয়ানস’ সিরিজটি কবে মুক্তি পাবে, কোন প্ল্যাটফর্মে প্রচারিত হবে কিংবা এতে কতটি পর্ব থাকবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।




পাকিস্তানের কাছে হেরে ইমার্জিং ট্রফি শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক : ব্যাটিং ব্যর্থতা পিছু ছাড়ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগ্রেসরা। এতে পাকিস্তানের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারের তেঁতো স্বাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আজমানের কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে ব্যাটারদের বিদায়ে বড় সংগ্রহ গড়ার সম্ভাবনা শেষ হয়ে যায়।

দলের হয়ে কিছুটা লড়াই করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা আক্তার। ২০ বলে ২৭ রান করেন জ্যোতি, আর স্বর্ণার সংগ্রহ ২১ রান। বাংলাদেশের বাকি ব্যাটারদের মধ্যে সাতজনই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। এতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় টাইগ্রেসরা।

১০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ২৫ রান যোগ করার পর জাওয়াল জুলফিকারকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সোবহানা মোস্তারি। ৬ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

আরেক ওপেনার সাদাফ শামস ৩৭ বলে ৩৭ রান করে আউট হন। এরপর আর কোনো বিপদ হতে দেননি মুনিবা আলি ও আয়েশা জাফর। তৃতীয় উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটিতে সহজ জয় নিশ্চিত করে পাকিস্তান। আয়েশা ৩১ এবং মুনিবা ২৭ রানে অপরাজিত থাকেন।




দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা শাহরুখ খানকে ঘিরে ভক্তদের উন্মাদনা বরাবরই চোখে পড়ার মতো। এবার দুবাইয়ে নিজের নামে নির্মিত বিলাসবহুল আবাসিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে নেচে দর্শকদের মাতিয়ে দিলেন এই অভিনেতা।

গত ১১ নভেম্বর দুবাইয়ের মেরিটাইম সিটিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ৫৬ তলাবিশিষ্ট ‘শাহরুখজ রেসিডেন্সেস’। শাহরুখের নাম অনুসারে নির্মিত ভবনটি একটি বিলাসবহুল আবাসন প্রকল্প। তবে উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে অভিনেতার নাচ।

অনুষ্ঠানে শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’ বাজতেই মঞ্চে নাচতে শুরু করেন তিনি। প্রিয় তারকার এমন মুহূর্ত দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত ভক্ত ও দর্শকেরা।

গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় গানটি। এতে তার সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। গানটিতে দুই তারকার রসায়ন, প্রেমের আবহ ও সুর ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে।

তবে গানটিতে শুধু প্রেমের আবহই নয়, রয়েছে অ্যাকশন ও সহিংসতার ইঙ্গিতও। সিনেমার মূল গল্পের সঙ্গে যুক্ত একটি গোপন মিশনের আভাস পাওয়া যায় গানটিতে। বিদেশি লোকেশন, নাচের দৃশ্য এবং শাহরুখ-দীপিকার রসায়ন দর্শকদের মনে করিয়ে দিয়েছে তাদের অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার কথা।

গানটিতে শাহরুখের একটি সংলাপও বিশেষভাবে নজর কেড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমি খুনি নই, প্রেমিক। আমার নিশানা আমার প্রেয়সী। আর সেই প্রেম কিসের, যা হৃদয় ভেদ করতে পারে না।’

শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।




ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়লো প্রশিক্ষণ বিমান

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মহারাষ্ট্রের সোলাপুর বিমানবন্দরে উড্ডয়নের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি প্রশিক্ষণ বিমান। তবে সৌভাগ্যবশত বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি এবং বিমানে থাকা নারী পাইলট সম্পূর্ণ অক্ষত রয়েছেন।

বিমানবন্দর ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি ফ্লাইং ক্লাবের পরিচালিত ওই প্রশিক্ষণ বিমানটি বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে আকাশে ওড়ার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তেই বিমানটি রানওয়ের পাকা অংশ থেকে ছিটকে বাইরে চলে যায়। দুর্ঘটনার পর পরই ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিমানটি সামনের দিকে নুয়ে পড়ে রয়েছে।

ঘটনার সময় বিমানটিতে কেবল একজন নারী প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন। তিনি একক বা সলো ক্রস-কান্ট্রি ফ্লাইট পরিচালনা করছিলেন। উড্ডয়নের মুহূর্তে হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলায় এই বিপত্তি ঘটে। তবে কোনো চোট ছাড়াই ওই পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স ও পুলিশ সদস্যরা। যান্ত্রিক ত্রুটি নাকি পাইলটের কোনো ভুলের কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত কারণ উদ্‌ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনার আশায় কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্য ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় অগ্রগতির সম্ভাবনায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে।

বাজারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গ্রিনিচ মান সময় ১টা ৪১ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৬২ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক শূণ্য ৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৫ দশমিক ৪৯ ডলারে নেমে আসে।

এর আগের দিন বুধবার ব্রেন্টের দাম প্রায় ১ দশমিক ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম শূণ্য দশমিক ৬ শতাংশ বেড়েছিল। তার আগের দিন উভয় ধরনের তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল।

নিসান সিকিউরিটিজ ইনভেস্টমেন্টের প্রধান কৌশলবিদ হিরোয়ুকি কিকুকাওয়া বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় পর্দার আড়ালে তৎপরতা চলছে বলে বাজারে প্রত্যাশা তৈরি হয়েছে। পাশাপাশি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ বৈঠকের আগে ইরান যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও তুলনামূলক কম বলে মনে করছেন বিনিয়োগকারীরা। এসব কারণেই তেলের দাম কমছে।

তবে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা থাকায় তেলের বাজারে বড় ধরনের দরপতনের সম্ভাবনা কম বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুই দিনের শান্তি আলোচনার পর রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা বড় ধরনের বন্দিবিনিময়ে সম্মত হয়েছেন। তবে ভূখণ্ডসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে দুই পক্ষের মতপার্থক্য এখনো রয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন মধ্যস্থতাকারীরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চলতি বছরেই যুদ্ধের অবসানে বাস্তব অগ্রগতি অর্জনের আশা করছে কিয়েভ।

অন্যদিকে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই বলেছেন, সমৃদ্ধ ইউরেনিয়ামের সামান্য পরিমাণও ইরান থেকে বাইরে যেতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তার পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে ওয়াশিংটন জানিয়েছে, আট মাস ধরে চলা ইরান যুদ্ধের অবসানে প্রাথমিক আলোচনার অংশ হিসেবে পারমাণবিক ইস্যুর সমাধান জরুরি। একই সঙ্গে নতুন করে সামরিক হামলার প্রয়োজনীয়তা নিয়ে মার্কিন কর্মকর্তারা সংশয় প্রকাশ করেছেন।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল পরিবহনে বিঘ্ন অব্যাহত থাকলেও অক্টোবরে ওপেক প্লাসের অপরিশোধিত তেল উৎপাদন বেড়েছে। এ বৃদ্ধিতে সৌদি আরবের উৎপাদন বৃদ্ধির বড় ভূমিকা ছিল।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত এক সপ্তাহে ৯০ লাখ ব্যারেল বেড়েছে বলে জানিয়েছে বাজারসংশ্লিষ্ট সূত্রগুলো। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্যের বরাতে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।




১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ঢাকা-পাবনা রুটের দুই আন্তনগর ট্রেন

পাবনা প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানী ঢাকার সঙ্গে পাবনার সরাসরি রেল যোগাযোগ চালু হতে যাচ্ছে। আগামী ১৯ নভেম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে নতুন দুটি আন্তনগর ট্রেনের উদ্বোধন করা হবে। এরই মধ্যে বৃহস্পতিবার সকাল আটটা থেকে ট্রেন দুটির অনলাইন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফায় বৃহস্পতিবার থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। পরবর্তী সময়ে প্রচলিত নিয়ম অনুযায়ী যাত্রার ১০ দিন আগে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

তবে ১৯ নভেম্বর বিকেল সাড়ে চারটায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামের বিশেষ ট্রেনটির টিকিট অনলাইনে পাওয়া যাবে না। ওই ট্রেনের টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। উদ্বোধনী দিনে ট্রেনটি পথে শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে।

আগামী ২০ নভেম্বর থেকে ট্রেন দুটির নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে। সময়সূচি অনুযায়ী, ওই দিন বিকেল ৩টা ২৫ মিনিটে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে। পরদিন ২১ নভেম্বর সকাল আটটায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে।

নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি উভয় পথে ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে।

এদিকে, ট্রেন দুটির উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে বৃহস্পতিবার সকালে পাবনা জেলা পরিষদের রশীদ হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। সঞ্চালনা করেন আবুল বাসার খান জুয়েল।

সভায় জেলার বিশিষ্ট ব্যক্তিরা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বহুল প্রতীক্ষিত এই রেলসেবা চালু হলে পাবনাবাসীর যাতায়াত সহজ ও আরামদায়ক হবে। পাশাপাশি জেলার শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। ট্রেন দুটির চলাচল নির্বিঘ্ন রাখতে সুষ্ঠু ব্যবস্থাপনা ও উন্নত যাত্রীসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তারা।




সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

শিক্ষা ডেস্কঃ সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মাউশির উপ-পরিচালক শাহ মুহাম্মদ মামুন মোরশেদ জারি করা নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিএড প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের বিএড কোর্সে (২০২৭ শিক্ষাবর্ষে) ভর্তির জন্য প্রধান শিক্ষকদের তার বিদ্যালয়ে কর্মরত বি.এড প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের তালিকা সুপারিশসহ আগামী ১৭ নভেম্বরের মধ্যে গুগল লিংক এ তথ্য প্রেরণ করবেন।

নির্দেশনায় বলা হয়, ভর্তির আবেদনের যোগ্যতা হবে– জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছর মেয়াদি স্নাতক (পাস) স্নাতক (সম্মান) অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর। এ ছাড়া গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ পেতে হবে।




কুকুর বাছাই কার্যক্রমে নেদারল্যান্ডস যাচ্ছেন ৪ কর্মকর্তা

ডেস্ক নিউজঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের চার কর্মকর্তা নেদারল্যান্ডস সফরে যাবেন। তারা সেখানে কুকুর নির্বাচন ও মূল্যায়নবিষয়ক কার্যক্রমে অংশ নেবেন। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আদেশ থেকে এসব তথ্য জানা গেছে।

ওই চার কর্মকর্তা হলেন- মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মির্জা মোহাম্মদ আলী রেজা, উত্তরা ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. বশির আহমেদ, চট্টগ্রাম মহানগর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের উপ-কমিশনার মো. শামীম হোসেন ও ঢাকা মহানগর পুলিশের ভেটেরিনারি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ইবনে রহমান।

অফিস আদেশে জানানো হয়েছে, কর্মকর্তারা আগামী ১৫-১৯ নভেম্বর অথবা নিকটতম সম্ভাব্য তারিখ থেকে পাঁচদিন (ভ্রমণ ও ট্রানজিট সময় ব্যতিরেকে) নেদারল্যান্ডসে কুকুর নির্বাচন ও মূল্যায়ন কার্যক্রমে অংশ নেবেন।

এতে আরও বলা হয়, সফরের যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান বহন করবে এবং এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না। বিদেশ ভ্রমণ ও ট্রানজিটসহ কর্মকর্তাদের এই সময়কাল সরকারি দায়িত্ব হিসেবে গণ্য হবে, তবে অনুমোদিত সময়ের বাইরে তাদের অবস্থান দীর্ঘায়িত করার অনুমতি দেওয়া হবে না।

দেশে ফেরার ১৫ দিনের মধ্যে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে একটি প্রতিবেদন জমা দিতে হবে।

আদেশে সইকারী উপ-সচিব মোহাম্মদ শরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই অনুযায়ী আদেশ জারি করা হয়েছে। তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।




যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ মারা গেছেন। বুধবার মস্কোতে ৬৬ বছর বয়সে তার মৃত্যু হয় বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দারচিয়েভের মৃত্যু হয়েছে আকস্মিকভাবে। তাকে একজন অসাধারণ পেশাদার কূটনীতিক হিসেবে উল্লেখ করে তার পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একটি জটিল রোগে ভুগছিলেন তিনি।

সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ওয়াশিংটনে রুশ দূতাবাসের দায়িত্ব ছেড়ে মস্কোতে ফিরে এসেছিলেন দারচিয়েভ। সেখানে দীর্ঘমেয়াদি অসুস্থতার কারণে তার চিকিৎসা চলছিল।

অভিজ্ঞ এই কূটনীতিক ২০২৫ সালের মার্চ থেকে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনার জন্য পরিচিত ছিলেন তিনি। তার দায়িত্ব পালনকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করেন এবং ইউক্রেনকে মার্কিন সহায়তা কমিয়ে দেন। এর মধ্য দিয়ে ওয়াশিংটন ও মস্কোর সম্পর্কের কিছুটা উন্নতির আভাস দেখা যায়।

দারচিয়েভ এর আগে ওয়াশিংটনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আটলান্টিক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন।

দারচিয়েভের মৃত্যুর খবর নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্রও তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এর আগে ২০১৭ সালে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন ৬৪ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মারা যান। মৃত্যুর সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ মারা গেছেন। বুধবার মস্কোতে ৬৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দারচিয়েভের মৃত্যু হয়েছে আকস্মিকভাবে। তাকে একজন অসাধারণ পেশাদার কূটনীতিক হিসেবে উল্লেখ করে তার পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একটি জটিল রোগে ভুগছিলেন তিনি।

সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ওয়াশিংটনে রুশ দূতাবাসের দায়িত্ব ছেড়ে মস্কোতে ফিরে এসেছিলেন দারচিয়েভ। সেখানে দীর্ঘমেয়াদি অসুস্থতার কারণে তার চিকিৎসা চলছিল।

অভিজ্ঞ এই কূটনীতিক ২০২৫ সালের মার্চ থেকে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনার জন্য পরিচিত ছিলেন তিনি। তার দায়িত্ব পালনকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করেন এবং ইউক্রেনকে মার্কিন সহায়তা কমিয়ে দেন। এর মধ্য দিয়ে ওয়াশিংটন ও মস্কোর সম্পর্কের কিছুটা উন্নতির আভাস দেখা যায়।

দারচিয়েভ এর আগে ওয়াশিংটনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আটলান্টিক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন।

দারচিয়েভের মৃত্যুর খবর নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্রও তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এর আগে ২০১৭ সালে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন ৬৪ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মারা যান। মৃত্যুর সময় তার ৬৫তম জন্মদিনের মাত্র এক দিন বাকি ছিল।




রহস্য-রোমাঞ্চে জয়া-শ্রাবন্তীর নতুন যাত্রা

বিনোদন ডেস্কঃ প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

খুন, রহস্য আর সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে কলকাতার পরিচালক অর্জুন দত্তের নতুন সিনেমা ‘আরএসভিপি মার্ডার’ সিনেমায় একসাথে দেখা যাবে দুই বাংলার এ জনপ্রিয় নায়িকাদের।

প্রতিশোধ, বিশ্বাসভঙ্গ আর সম্পর্কের নানা টানাপোড়েন ঘিরে এগিয়ে যাবে সিনেমার গল্প। পাহাড়ি পরিবেশে একটি আনন্দ আয়োজনের মধ্যে হঠাৎ পৌঁছে যায় অস্বস্তিকর এক বার্তা।

এরপরই ঘনীভূত হতে থাকে রহস্য। একাধিক চরিত্রের মধ্যে কে খুনি, কেনই বা ঘটেছে খুন- এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতেই এগোবে কাহিনি।

‘অব্যক্ত’, ‘শ্রীমতী’, ‘ডিপ ফ্রিজ’ ও ‘বিবি পায়রা’র মতো সিনেমা নির্মাণ করেছেন অর্জুন দত্ত। তার নির্মিত ‘ডিপ ফ্রিজ’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে।

আগের সিনেমাগুলোতে সম্পর্কের নানা দিক গুরুত্ব পেলেও এবার থ্রিলারধর্মী গল্প নিয়ে হাজির হচ্ছেন এই পরিচালক।

নতুন সিনেমার প্রসঙ্গে অর্জুন দত্ত বলেন, ‘আমার সব সিনেমায় সম্পর্কের নানা দিক উঠে এসেছে। তবে প্রতিটি সিনেমাই আলাদা। পরিচালক হিসেবে সব ধরনের গল্প নিয়ে কাজ করতে চাই। থ্রিলার নির্মাণের ইচ্ছা অনেক দিনের। অবশেষে সেই সুযোগ হলো।’

সিনেমাটিতে জয়া ও শ্রাবন্তী ছাড়াও অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায় ও অভীপ্সা চট্টোপাধ্যায়। আরও রয়েছেন লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, রূপালি রায় ভট্টাচার্য ও মনোজ ওঝাসহ অনেকে।

এত বড় তারকাবহর নিয়ে এবারই প্রথম সিনেমা নির্মাণ করছেন অর্জুন। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। এ ধরনের সিনেমায় গল্পের বাঁধন খুব জরুরি। তা না হলে পুরো বিষয়টিই নষ্ট হয়ে যেতে পারে।’

সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শেষ দিকে ভারতের উত্তরবঙ্গে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।