কয়েক মাস না যেতেই মোহভঙ্গ, নেপালে নতুন সরকারের বিরুদ্ধে ‘জেন-জি’ বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুর রাস্তায় আবারও নেমেছে ক্ষুব্ধ তরুণসমাজ। যে সরকারকে মাত্র কয়েক মাস আগে বিপুল ভোটে নির্বাচিত করেছিল দেশের ‘জেন-জি’ বা নতুন প্রজন্ম, আজ সেই সরকারের বিরুদ্ধেই শুরু হয়েছে তীব্র জনরোষ। কাঠমান্ডুর সিংদরবার সচিবালয়ের বাইরে জড়ো হয়ে শত শত মানুষ ‘গরিবের ওপর অত্যাচার বন্ধ করো’ এবং ‘মানবাধিকার রক্ষা করো’ স্লোগানে উত্তাল করে তুলেছে রাজপথ।

সাম্প্রতিক এই গণবিক্ষোভের আগুন জ্বলে উঠেছে ২৫ বছর বয়সী এক রাইড-শেয়ারিং চালকের মর্মান্তিক আত্মাহুতির ঘটনাকে কেন্দ্র করে। গত সপ্তাহে কাঠমান্ডুর রাস্তায় এক মক্কেলের জন্য অপেক্ষা করছিলেন গণেশ নেপালি নামের ওই যুবক। সে সময় পৌর পুলিশ এসে আকস্মিকভাবে তার মোটরসাইকেলের চাকায় লক লাগিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, এই হয়রানির প্রতিবাদে এবং চরম হতাশায় গণেশ নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ট্র্যাজেডিই মেয়রের প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভকে বিস্ফোরিত করেছে।

আন্দোলনকারীরা কেবল এই হত্যাকাণ্ডের বিচারই চাচ্ছেন না, বরং দরিদ্র ও বস্তিবাসীদের ওপর চলমান রাষ্ট্রীয় জুলুম বন্ধের দাবি জানাচ্ছেন। বিশেষ করে নদীতীরের সুকুমবাসী বা ভূমিহীনদের জোরপূর্বক উচ্ছেদ এবং ফুটপাতের হকারদের ওপর ধারাবাহিক নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন তারা।

২০২২ সালে কাঠমান্ডুর মেয়র হিসেবে বালেন্দ্র (বালেন) শাহ নির্বাচিত হওয়ার পর থেকেই সেখানকার নগর পুলিশের এমন আগ্রাসী মনোভাব লক্ষ করা যাচ্ছে। ফুটপাত পরিষ্কার এবং অনানুষ্ঠানিক বাজার উচ্ছেদে মেয়রের কঠোর ও আপসহীন নীতি প্রায়ই সাধারণ মানুষের সঙ্গে সহিংস সংঘর্ষের রূপ নিয়েছে। সমালোচকদের মতে, শহরের দরিদ্রতম মানুষদের প্রতি প্রশাসনের ন্যূনতম সহানুভূতিও অবশিষ্ট নেই।

আইনি বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় প্রশাসন সম্পূর্ণ বেআইনিভাবে তাদের সাংবিধানিক সীমার বাইরে গিয়ে কাজ করছে। জ্যেষ্ঠ আইনজীবীদের মতে, আইন অনুযায়ী পৌর পুলিশ কোনোভাবেই শারীরিক বলপ্রয়োগ বা দাঙ্গা দমনের মতো ক্ষমতা রাখে না। তাদের মূল কাজ হলো নাগরিক সহযোগিতা, পরিচ্ছন্নতা তদারকি এবং সরকারি সম্পত্তি রক্ষা করা। ট্রাফিক বা রাস্তা অবরোধের মতো বিষয়গুলো সরাসরি ট্রাফিক পুলিশের কাছে পাঠানোর নিয়ম থাকলেও, পৌর পুলিশ নিজেরা গিয়ে হকারদের ধাওয়া করছে, ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করছে এবং সাধারণ মানুষকে শারীরিকভাবে লাঞ্ছিত করছে।

অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারাও স্পষ্ট জানিয়েছেন যে, কোনো পরিস্থিতি যদি জনশৃঙ্খলার পরিপন্থী হয়ে দাঁড়ায়, তবে পৌর পুলিশ আইনগতভাবে নেপাল পুলিশের সাহায্য নিতে বাধ্য, নিজেরা বলপ্রয়োগ করতে পারে না। তা সত্ত্বেও দিনের পর দিন দৈনিক মজুরির ওপর নির্ভরশীল মানুষদের ওপর এমন জুলুম চালানো হচ্ছে, যার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফলে মাত্র কয়েক মাসের মাথায় যে তরুণরা বুক ভরা আশা নিয়ে এই সরকারকে ক্ষমতায় এনেছিল, আজ তারাই জবাবদিহিতা আর অধিকার আদায়ের দাবিতে আবার রাজপথে নেমে এসেছে।




চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ : চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে নাজমুন নাহার স্বপ্না (৩৩) নামে উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকালে দোয়াভাঙ্গা নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় স্বপ্নার দুই শিশু সন্তান বাসায় ছিল। সকাল ৮টার দিকে শিশুদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে শাহরাস্তি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত নাজমুন নাহার স্বপ্নার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইশ গ্রামে। তিনি নজরুল ইসলাম ও ফিরোজা বেগমের মেয়ে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নারী ভাইস চেয়ারম্যান পদে ‘কলস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া তিনি খিলা বাজার এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করতেন।

স্বজনরা জানান, স্বপ্নার তিনটি বিয়ে হয়েছিল। প্রথম দুই সংসার বিচ্ছেদের পর সর্বশেষ শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামের প্রবাসী রাসেল চৌধুরী রাজুর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক ছিল। স্থানীয়দের ভাষ্য, চার দিন আগে তিনি নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলায় দুই কক্ষের একটি বাসা ভাড়া নেন।

বাসার মালিক মেহেদী হাসান জানান, চার দিন আগে রাসেল চৌধুরী রাজু স্বামী পরিচয়ে ওই নারীর জন্য বাসাটি ভাড়া নেন।

শাহরাস্তি মডেল থানার এসআই শমশেদ হোসেন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত শেষ হওয়ার আগে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।




তবে কি এবার ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ চান ট্রাম্প

ক্রীড়া ডেস্ক : চলতি ফুটবল বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিদায়ের পর এখন কার হাতে উঠবে সোনালি ট্রফি—তা নিয়ে আলোচনা তুঙ্গে। বেলজিয়ামের কাছে মার্কিন দল বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর, ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস এখন হ্যারি কেইনদের ইংল্যান্ডকে সমর্থন করছে।

ট্রাম্প প্রশাসনের বিশ্বকাপবিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এবারের বিশ্বকাপে আমেরিকা এখন থ্রি লায়ন্সদের বিশ্বজয়ের পক্ষে বাজি ধরছে।

অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম জন্মবার্ষিকীর এই ঐতিহাসিক ক্ষণে যদি স্বাগতিক দল হিসেবে আমেরিকা শিরোপা জিততে না পারে, তবে ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে সুন্দর গল্প হবে যদি ইংলিশরা আমেরিকার মাটিতে এসে এই বিশেষ উদযাপনের বছরটিতে কাপ জিতে নেয়। ইংল্যান্ডের ফুটবলে গত ৬০ বছরের যে আক্ষেপ ও দীর্ঘশ্বাস রয়েছে, এবার আমেরিকান মাটিতে তাদের সেই অধরা ট্রফি জয় হবে একটি দারুণ মুহূর্ত। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, টুর্নামেন্টে টিকে থাকা শীর্ষ দলগুলোর মধ্যে ইংল্যান্ডের এবার ফাইনালে যাওয়ার এবং চ্যাম্পিয়ন হওয়ার সব ধরনের সম্ভাবনা রয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন-এর ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও এখন বেশ আলোচনায়। গত সপ্তাহেও ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যারি কেইনকে একজন ‘দারুণ খেলোয়াড়’ এবং ‘চমৎকার মানুষ’ হিসেবে বর্ণনা করেছিলেন।

জুলিয়ানি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ফুটবল বেশ ভালোই বোঝেন এবং তিনি নিয়মিত হ্যারি কেইন-এর পারফরম্যান্সের খোঁজ রাখছেন। তিনি আরও যোগ করেন, ইংল্যান্ড যদি এবার বিশ্বজয় করতে চায়, তবে তার মূল কারণ হবেন অধিনায়ক হ্যারি কেইন এবং জুড বেলিংহামের মতো প্রতিভাবান অ্যাথলেটরা। কোচ যেভাবে দলকে সুভারসাম্যপূর্ণ করে গড়ে তুলেছেন, তাতে ইংলিশদের আত্মবিশ্বাসী হওয়ার যথেষ্ট রসদ রয়েছে।

হোয়াইট হাউসের এই সমর্থনের খবরের মাঝেই ট্রাম্পের সঙ্গে গলফ খেলার এক রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করেছেন খোদ হ্যারি কেইন। ইংলিশ অধিনায়ক নিশ্চিত করেছেন যে, ২০২৪ সালের শেষের দিকে ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের আমন্ত্রণে তিনি তার সঙ্গে গলফ খেলেছিলেন, যা তার জীবনের অন্যতম এক পরাবাস্তব অভিজ্ঞতা ছিল।

হ্যারি কেইন বলেন, মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে যখন এমন আমন্ত্রণ আসে, তখন তা এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে না। তৎকালীন ৭৮ বছর বয়সী ট্রাম্পের গলফ খেলার দক্ষতার প্রশংসা করে কেইন রসিকতা করে বলেন, তিনি আশা করেন ট্রাম্পের বয়সে পৌঁছে তিনিও যেন ট্রাম্পের মতোই চমৎকার গলফ খেলতে পারেন।

আমেরিকার মাটিতে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চলার সময়ে ট্রাম্প প্রশাসনের এমন প্রকাশ্য সমর্থন নিঃসন্দেহে ইংলিশ শিবিরে বাড়তি অনুপ্রেরণা জোগাবে।




ইংল‍্যান্ড ম‍্যাচের আলোচনায় কেবল ফুটবল থাকুক, চান আর্জেন্টিনা কোচ

ক্রীড়া ডেস্ক : দীর্ঘ ২১ বছর পর আন্তর্জাতিক ফুটবলে এবং দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ইংল্যান্ড ও আর্জেন্টিনা। হাইভোল্টেজ এই মহারণকে কেন্দ্র করে স্বভাবতই ফুটবল বিশ্বে ফিরে এসেছে গত কয়েক দশকের মাঠের নানা নাটকীয় ঘটনা, বৈরিতা এবং রাজনৈতিক উত্তেজনার ঐতিহাসিক প্রসঙ্গ।

তবে মাঠের বাইরের সেই রাজনৈতিক বা ঐতিহাসিক আবহকে দূরে ঠেলে সেমিফাইনালের মহারণের আগে কেবল ফুটবল নিয়েই কথা বলতে চান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।

আগামী ১৬ জুলাই (বাংলাদেশ সময় ভোর রাত ১টায়) যুক্তরাষ্ট্রের আটলান্টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এই ম‍্যাচের আগে অতীতের অনেক আলোচিত-সমালোচিত প্রসঙ্গ সামনে আসছে। ১৯৬৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। জিওফ হার্স্টের বিতর্কিত একমাত্র গোলে জিতেছিল ইংলিশরা। আর্জেন্টিনার দাবি ছিল গোলটি স্পষ্ট অফসাইড ছিল এবং তাদের কাছে আজও ওই জয় ‘শতাব্দীর সেরা ডাকাতি’ হিসেবে পরিচিত। কথা হচ্ছে ১৯৮২ সালের ফকল‍্যান্ড যুদ্ধ, ১৯৮৬ আসরে দিয়েগো মারাদোনার ‘হ‍্যান্ড অব গড’ গোল নিয়েও।

১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াই ২-২ ড্র হওয়ার পর টাইব্রেকারে জিতেছিল আর্জেন্টিনা। তবে ঠিক ৪ বছর পর ২০০২ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হওয়া সত্ত্বেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল আলবিসেলেস্তেদের।

এবার কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারানোর পর ইংল্যান্ডের বিপক্ষে আসছে ম্যাচ নিয়ে কথা বলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। তিনি বলেন, এটা স্রেফ একটা ফুটবল ম‍্যাচ। এটা নিয়ে মাঠের বাইরে আর কোনো কথা বা তর্কের অবকাশ নেই। আসুন আমরা ফুটবলের বাইরে অন‍্য কিছু না খুঁজি। দারুণ একটি জাতীয় দলের বিপক্ষে আমরা একটি ফুটবল ম‍্যাচ খেলতে যাচ্ছি, যাদের একজন চমৎকার কোচ আছেন, যার প্রতি আমার গভীর পছন্দ ও শ্রদ্ধা রয়েছে।

ফকল‍্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টাইনদের কাছে মালভিনাস নামে পরিচিত। ১৯৮২ সালে এখানে সংঘাতে আর্জেন্টিনার ৬৪৯ জন সামরিক সদস‍্য, ২৫৫ জন ব্রিটিশ ও তিনজন দ্বীপবাসী নিহত হন। সেই সময় থেকে আজও দুই দেশের মধ‍্যে ওই প্রসঙ্গ খুব সংবেদনশীল। ফকল‍্যান্ডের উপর সার্বভৌমত্ব দাবি করে যুক্তরাজ‍্য এবং সেখানে সামরিক উপস্থিতি বজায় রাখে। অন‍্য দিকে কূটনৈতিক মাধ‍্যম ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থায় নিজেদের দাবি জানিয়ে আসছে আর্জেন্টিনা।

টুর্নামেন্ট চলার সময়েও এই প্রসঙ্গ এসেছে। আর্জেন্টিনার জয়ের পর দর্শকরা গানে মালভিনাস দ্বীপপুঞ্জ, মারাদোনা ও আরেকটি বিশ্বকাপ দিয়ে লিওনেল মেসিকে আন্তর্জাতিক ক‍্যারিয়ার শেষ করার কথা বলেছেন।

ম‍্যাচের পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপট জানেন আর্জেন্টিনার ফরোয়ার্ড হোসে মানুয়েল লোপেস। তবে তিনিও কেবল মাঠের ফুটবলেই মনোযোগ দিচ্ছেন। তিনি বলেন, অবশ‍্যই, মাঠের বাইরে এটি এমন এক ম‍্যাচ- যার রয়েছে দীর্ঘ ইতিহাস, অনেক বেদনা এবং আরও অনেক কিছু। তবে আমরা পেশাদার। অন‍্য ম‍্যাচগুলো যেভাবে খেলি, এই ম‍্যাচও সেভাবেই খেলব। আজ যেমন দেখিয়েছি, শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে নিজেদের সবটুকু দেব।

তিনি আরও বলেন, এটা বিশ্বকাপের সেমি-ফাইনাল, আমি মনে করি, আমার সব সতীর্থই বলে প্রথম লাথি মারার মুহূর্ত থেকে এই ম‍্যাচ খেলার স্বপ্ন দেখেছে। এর বাইরে অন‍্য কোনো অনুপ্রেরণা আমাদের প্রয়োজন নেই।

উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে ইংল্যান্ড। এবার মাঠের লড়াইতে স্কালোনির শিষ্যরা থ্রি-লায়ন্সদের বাধা পেরিয়ে ফাইনালে যেতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।




চলে গেলেন ‘জুরাসিক পার্ক’-খ্যাত অভিনেতা স্যাম নিল

বিনোদন ডেস্ক : ‘জুরাসিক পার্ক’ ও ‘দ্য পিয়ানো’র মতো চলচ্চিত্রের জন্য পরিচিত নিউজিল্যান্ডের অভিনেতা স্যাম নিল মৃত্যুবরণ করেছেন। সোমবার(১৩ জুলাই) অভিনেতার সোশ্যাল মিডিয়া পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে তার মৃত্যু ‘হঠাৎ ও অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করা হয়েছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। ২০২৩ সালে নিল জানিয়েছিলেন, তার ‘অ্যাঞ্জিওইমিউনোব্লাস্টিক টি-সেল লিম্ফোমা’ ধরা পড়েছে, যা এক ধরণের বিরল নন-হজকিন লিম্ফোমা। পরিবারের বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুর সময় তিনি ‘ক্যান্সারমুক্ত’ ছিলেন; তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

নিল মার্জিত, রুচিশীল ও বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন। তার কর্মজীবন শিল্প-চলচ্চিত্র (আর্ট ফিল্ম) থেকে শুরু করে ব্লকবাস্টার সবক্ষেত্রেই বিস্তৃত ছিল; ‘জুরাসিক পার্ক’-এ ভেলোসিরাপ্টরের হাত থেকে বাঁচার চেষ্টা করা থেকে শুরু করে ‘দ্য পিয়ানো’ সিনেমায় হলি হান্টারের স্বামীর চরিত্রে অভিনয় সবই তিনি করেছেন।

সত্তরের দশকের শেষের দিকে অস্ট্রেলীয় চলচ্চিত্রের যে জোয়ার এসেছিল, তার মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জনকারী বহু অভিনেতা ও পরিচালকের মধ্যে তিনিও ছিলেন অন্যতম। এই তালিকায় পল হোগান, মেল গিবসন, জিওফ্রে রাশ, রাসেল ক্রো, জেন ক্যাম্পিয়ন, পিটার উইয়ার এবং গিলিয়ান আর্মস্ট্রংয়ের মতো ব্যক্তিত্বরাও রয়েছেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন এই অভিনেতাকে ‘অন্যতম সেরা’ হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে লুকসন লেখেন, তিনি যখন কাজ শুরু করেছিলেন, তখন এ দেশে চলচ্চিত্র শিল্প বলতে তেমন কিছুই ছিল না। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে, তিনি নিউজিল্যান্ডের গল্পগুলো বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন। তার প্রতিভা আমাদের চলচ্চিত্র শিল্পকে আজকের এই অবস্থানে আমাদের অন্যতম সেরা সাংস্কৃতিক সম্পদ হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, রসিক ও পরিমিতভাষী, চিন্তাশীল ও স্বল্পভাষী স্যাম অসুস্থতার বিরুদ্ধে ঠিক সেই মর্যাদা, রসবোধ ও দৃঢ়তার সঙ্গে লড়াই করেছেন, যা তার প্রতিটি অভিনয়কে শক্তি জোগাত। তাকে গভীরভাবে শোকের সঙ্গে স্মরণ করা হবে এবং দীর্ঘকাল মনে রাখা হবে। তার আত্মা শান্তিতে থাকুক।




বিধ্বস্ত গাজার জন্য এক বিলিয়ন ডলারের ইউরোপীয় কমিশনের সহায়তা উদ্যোগ চালু

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা ‍উপত্যকার জন্য ১৫টি অংশীদারের সাথে মিলে ৮৮৩.৬ মিলিয়ন ইউরো (এক বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের গুরুত্বপূর্ণ জরুরি সহায়তা প্রদানের একটি উদ্যোগ চালু করেছে ইউরোপীয় কমিশন।

সোমবার ব্রাসেলসে ফিলিস্তিন দাতা গোষ্ঠীর বৈঠকে ‌‘টিম গাজা ইনিশিয়েটিভ’ নামের এই উদ্যোগটি চালু করা হয়। এটি যুদ্ধের আঘাতে জর্জরিত গাজা উপত্যকার মানুষের জন্য চলমান এবং পরিকল্পিত প্রাথমিক পুনরুদ্ধার প্রকল্পগুলোতে সহায়তা করবে।

কমিশন জানিয়েছে, বিশ্বব্যাংক এবং ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের পাশাপাশি ইউরোপের ১২টি দেশ এবং জাপান এই উদ্যোগে যোগ দিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস এক বিবৃতিতে বলেন, ‘ফিলিস্তিনি জনগণের জন্য ইইউ সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য অংশীদার।’

তিনি আরও যোগ করেন, ‘মৌলিক চাহিদা পূরণ, ঘুরে দাঁড়ানো এবং জীবন পুনর্গঠনের জন্য গাজার মানুষের টেকসই আর্থিক সহায়তা প্রয়োজন। চূড়ান্তভাবে, একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি ফিলিস্তিনি জনগণের নিজস্ব মালিকানাধীন ও তাদের নেতৃত্বেই হতে হবে, তবে এর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন প্রয়োজন।’

সূত্র: আল-জাজিরা।




পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র

ডেস্ক নিউজঃ টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে না পারা শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় ৩০ মিনিট বাড়ানো হয়েছে।

সোমবার (১৩ জুলাই) কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু জানান, জলাবদ্ধতার মধ্যে নৌকায় করে পরীক্ষার্থীদের কেন্দ্রে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তিনি পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। পরিস্থিতি জানানো হলে পরীক্ষাকেন্দ্র পরিবর্তন এবং পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ আশপাশের এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এতে নির্ধারিত সময়ে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে পারেননি।

জলাবদ্ধতার কারণে কেউ নৌকায়, আবার কেউ কোমরসমান পানি মাড়িয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান। শিক্ষার্থীদের প্রবেশে সহায়তার জন্য কেন্দ্রের ভেতরেও নৌকার ব্যবস্থা করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার মাত্র তিন ঘণ্টায় কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ায় জনজীবনে দুর্ভোগ নেমে আসে।




৬ কোটি টাকার ঘুষে পিডি নিয়োগের অভিযোগ, এলজিইডির ৬ হাজার কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রায় ৬ হাজার কোটি টাকার ‘ইমপ্রুভিং আরবান গভর্ন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রাম (আইইউজিআইপি)’ প্রকল্পকে ঘিরে নতুন করে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে তোফায়েল আহমেদকে নিয়োগ দিতে প্রায় ৬ কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগটি করেছেন মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি।

লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলেও এলজিইডির গুরুত্বপূর্ণ অনেক পদে এখনো আগের সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কর্মকর্তারা বহাল রয়েছেন। অভিযোগে বলা হয়েছে, সাবেক ছাত্রলীগ নেতা এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্য তোফায়েল আহমেদকে নিয়মনীতি উপেক্ষা করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আইইউজিআইপি প্রকল্পের পরিচালক করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, এর আগে তোফায়েল আহমেদকে একই প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হলে দাতা সংস্থা আপত্তি তোলে। পরে প্রকল্পের অভিজ্ঞ পরিচালক মো. আব্দুল বারেককে দায়িত্বে ফিরিয়ে আনা হয়। কিন্তু এবার হঠাৎ করেই তাকে সরিয়ে তুলনামূলক জুনিয়র কর্মকর্তা তোফায়েল আহমেদকে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, দেশের ৮৮টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া এই বৃহৎ প্রকল্পটি এখন অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

অভিযোগে তোফায়েল আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়েও গুরুতর দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, নওগাঁয় নির্বাহী প্রকৌশলী হিসেবে প্রায় চার বছর দায়িত্ব পালনকালে তিনি তৎকালীন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে প্রভাব খাটিয়ে বিভিন্ন উন্নয়নকাজে অনিয়ম, কমিশন বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থের মালিক হন। অভিযোগ অনুযায়ী, নিজের নামে এবং স্ত্রী দিলরুবা হোসেনসহ পরিবারের সদস্যদের নামে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে প্লট, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি এবং ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ গড়ে তুলেছেন তিনি। এসব সম্পদের বেশিরভাগই তার বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি উঠেছে রাস্তা নির্মাণকাজে অনিয়ম নিয়ে। অভিযোগে বলা হয়েছে, প্রকল্পের আওতায় থ্রি-আরসিসি সড়ক নির্মাণে ১২ ইঞ্চি পুরু ঢালাই এবং প্রতি ৪ ইঞ্চি পরপর রড ব্যবহারের নকশা ও নির্দেশনা থাকলেও বাস্তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশ করে মাত্র ৬ ইঞ্চি ঢালাইয়ের মাধ্যমে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে। এতে রাস্তার স্থায়িত্ব ও মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অভিযোগকারীর দাবি, এই অনিয়মের বিনিময়ে সংশ্লিষ্ট ঠিকাদারদের কাছ থেকে তোফায়েল আহমেদ প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমিশন বা ঘুষ আদায় করছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, এলজিইডিতে বর্তমানে ঘুষ, বদলি ও পদায়ন বাণিজ্য ভয়াবহ আকার ধারণ করেছে। সম্প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অন্তত ১১ জন বিতর্কিত প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। সিনিয়র কর্মকর্তাদের বাদ দিয়ে জুনিয়রদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে এবং পদোন্নতি, বদলি কিংবা ভালো পদায়নের ক্ষেত্রেও ঘুষ ছাড়া কিছুই হচ্ছে না বলে অভিযোগে দাবি করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিছু কর্মকর্তা মাঠপর্যায়ে এখনো প্রভাব বিস্তার করে চলেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে দীর্ঘদিনের অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য প্রকৌশলীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগকারীর বক্তব্য।

লিখিত অভিযোগে বলা হয়েছে, রাষ্ট্রীয় অর্থ এবং বৈদেশিক ঋণের প্রায় ৬ হাজার কোটি টাকার এই প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের আশঙ্কা রয়েছে। তাই পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

তবে এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদ। এ বিষয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ ভিত্তিহীন এবং এগুলোর কোনো সত্যতা নেই।




অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন, ১০ মাসেও নেই বেতন-ভাতা

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের নবসৃষ্ট পদগুলোতে সবার আগে পোস্টিং হয়েছিল ঢাকা ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী মো. সানাউল্লাহর। তাকে বদলি করা হয় শেরেবাংলানগর গণপূর্ত বিভাগ-৪-এ। গত বছরের আগস্টে বদলি করা হলেও এখন পর্যন্ত তিনি অফিস খুঁজে পাননি। শেরেবাংলানগর-৪-এর আওতাধীন এলাকাও বুঝে পাননি। উপ-বিভাগীয় প্রকৌশলী, স্টাফ অফিসারসহ সাপোর্টিং স্টাফও নেই তার। ১০ মাস ধরে পাচ্ছেন না বেতন-ভাতাও। অফিস কোড না হওয়ায় তার আওতাধীন এলাকার টেন্ডারসহ সকল উন্নয়ন ও সংস্কার কাজ বাস্তবায়িত হচ্ছে শেরেবাংলানগর-১ বিভাগ থেকে। 

জাতীয় সংসদ ভবনসহ শেরেবাংলানগর এলাকার বড় অংশের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ছিলেন মো. আনোয়ার হোসেন। সংসদের সাউন্ড সিস্টেম বিপর্যয়ের সময়ে ব্যাপক আলোচিত হয় তার নাম। তাকে ইএম ডিভিশন-১২ তে বদলি করা হয়েছে গত মার্চ মাসে। কিন্তু সেই ডিভিশন-১২-এর অফিস কিংবা এর আওতাধীন এলাকার কোনোটিই তিনি এখনও খুঁজে পাননি। এমন অস্তিত্বহীন পোস্টিংয়ের কারণে মাঝেমধ্যে পূর্ত ভবনের সংস্থাপন বিভাগে হাজিরা দেওয়া ছাড়া আর কোনো কাজও নেই তার। তিনিও কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। নেই কোনো স্টাফ এবং গাড়ি সুবিধা।

নবসৃষ্ট সার্কেল-৫-এর অধীনে রয়েছে মহাখালী গণপূর্ত বিভাগ, নতুন ঢাকা ডিভিশন-৫ ও জরিপ বিভাগ। এই বিভাগগুলোর মধ্যে ঢাকা ডিভিশন-৫-এর কোনো অস্তিত্বই নেই। গণপূর্ত অধিদপ্তরে এমন ঘটনা একটি-দুটি নয়, বরং অনেক। কর্মকর্তা-কর্মচারীদের পোস্টিং আছে, কিন্তু অফিস নেই। নেই বেতন-ভাতাও। একইভাবে নেই পরিদর্শক গাড়ি। এমন পরিস্থিতি দেখা দেওয়ার কারণ সেখানে নতুন এক সেটআপ তৈরির সিদ্ধান্ত।

রাজধানী ঢাকাসহ সারা দেশে অনেক স্থাপনা নির্মিত হওয়ায় গণপূর্ত অধিদপ্তরের বিদ্যমান জনবলে তা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাচ্ছিল না। এর প্রেক্ষিতে ২০২৫ সালে নতুন সেটআপ তৈরির উদ্যোগ নেওয়া হয়। নানা কাটাছেঁড়ার পর গত বছরের ৭ আগস্ট ৩১১টি পদ সৃজনে জনপ্রশাসন, অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সম্মতি জ্ঞাপন করে। কাজ বৃদ্ধি পাওয়ায় কয়েকটি জেলা সদরে ইলেকট্রো মেকানিক্যালের ডিভিশনও অনুমোদন পায়। কিন্তু জনবল অনুমোদন দিয়েই যেন দায়িত্ব শেষ করেছে জনপ্রশাসন, অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ।

ফলে অনুমোদিত পদগুলোতে পদোন্নতি ও পোস্টিং দেওয়া হলেও এখন পর্যন্ত নবসৃষ্ট পদে যোগদানকারী কর্মকর্তারা বেতন-ভাতা পাচ্ছেন না। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তারা। ওয়ার্কিং ডিভিশনগুলোর জন্য অর্থ মন্ত্রণালয় থেকে অফিস কোড অনুমোদন করা হয়নি। পাশাপাশি আইবাস কোড তৈরি না হওয়ায় টেন্ডার প্রক্রিয়াসহ নির্মাণ-রক্ষণাবেক্ষণের কোনো কাজ করা যাচ্ছে না।

এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে ব্যাপক চেষ্টা-তদ্বির করা হলেও এখনও কোনো ফল পাওয়া যায়নি বলে জানিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) খালেকুজ্জামান চৌধুরী। তবে তিনি বলেন, ‘শিগগিরই অফিস কোড ও আইবাস কোড সৃজন সম্পর্কিত সমস্যার সমাধান হয়ে যাবে।’

জানা গেছে, নবসৃষ্ট পদগুলোর মধ্যে বিসিএস (গণপূর্ত) ক্যাডারের ১০৭টি পদ রয়েছে। এর মধ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) ১টি, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ইএম) ১টি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) ২টি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ইএম) ১টি, নির্বাহী প্রকৌশলী (সিভিল) ১৪টি, নির্বাহী প্রকৌশলী (ইএম) ১১টি, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) ১৭টি, উপ-বিভাগীয় প্রকৌশলী (ইএম) ৩টি, সহকারী প্রকৌশলী (সিভিল) ৪০টি, সহকারী প্রকৌশলী (ইএম) ১৮টি। অবশিষ্ট পদগুলো নন-ক্যাডার থেকে শুরু করে অফিস সহায়ক পর্যন্ত। গত বছরের ৭ আগস্ট গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর নবসৃষ্ট পদে পোস্টিং ও পদোন্নতি দেয় গণপূর্ত অধিদপ্তর। কিন্তু আইবাস কোড ও অফিস কোড সৃষ্টি না হওয়ায় পুরো প্রক্রিয়াই ভেস্তে যায়।

চলতি বছরের ২২ জানুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব শেখ নাজমুস সাকিব স্বাক্ষরিত এক পত্রে অর্থ মন্ত্রণালয়কে নবসৃষ্ট পদের বিপরীতে ১৯টি অফিসের আইবাস কোড সৃজনের অনুরোধ জানিয়ে পত্র দেওয়া হয়। কিন্তু দীর্ঘ পাঁচ মাসেও অর্থ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নতুন অফিস কোড না থাকায় এসব পদের বিপরীতে যোগদানকৃত কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা পাচ্ছেন না। আইবাস কোড না থাকায় টেন্ডারসহ উন্নয়ন ও সংস্কারের কাজও করা যাচ্ছে না।

অভিযোগ উঠেছে, গণপূর্ত অধিদপ্তর নবসৃষ্ট পদে বদলি ও পদোন্নতি দিতে যতটা আগ্রহী ছিল ঠিক ততটাই অনাগ্রহী এসব অফিসের দায়িত্বপ্রাপ্ত এলাকা চিহ্নিত করে তা সংশ্লিষ্ট অফিসকে বুঝিয়ে দেওয়ার বিষয়ে। নবসৃষ্ট পদগুলোর কর্মকর্তারা জানেনই না, তার দায়িত্বের অধীন কোনো কোনো এলাকা। বিসিএস গণপূর্তের ১৫ ব্যাচের কর্মকর্তা মো. কায়কোবাদ ২০২৫ সালে অনুমোদিত গণপূর্ত অধিদপ্তরের নতুন সেট-আপে পদোন্নতি পেয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চট্টগ্রাম) হয়েছেন। নবসৃষ্ট এ পদে তার নেই কোনো অফিস, নেই কোনো ব্যবস্থাপনা, এমনকি নেই কোনো বেতন-ভাতাও। গত ৬ মাসেরও বেশি সময় ধরে বেতন না পাওয়ায় তিনি মানবেতর জীবন-যাপন করছেন। আগামী ডিসেম্বরে অবসরে যাবেন তিনি। কর্মজীবনের শেষ প্রান্তে এসে এমন পরিস্থিতিতে তিনি কিংকর্তব্যবিমূঢ়।

ময়মনসিংহে কর্মরত গণপূর্তের ২১ ব্যাচের কর্মকর্তা তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তফা কামালকে পোস্টিং দেওয়া হয়েছে নবসৃষ্ট সার্কেল-৫-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে। ঢাকায় পোস্টিং পেয়ে বেশ আনন্দিতই হয়েছিলেন তিনি। কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো অফিস এবং সাপোর্টিং স্টাফ পাননি। অগত্যা সার্কেলের অধীনে থাকা মহাখালী ডিভিশনের নির্বাহী প্রকৌশলীর অফিসে বসছেন তিনি। কিন্তু অফিস কোড সৃষ্টি না হওয়ায় অধস্তন কর্মকর্তার অফিস ‘দখল করে’ বসতে পারলেও কোনো কাজ করতে পারছেন না। ওদিকে তিনি বসার কারণে অফিসে উদ্বাস্তুর মতো ঘুরে বেড়াতে হচ্ছে মহাখালীর নির্বাহী প্রকৌশলী রাজিবুল ইসলাম। মোস্তফা কামালও বেতন-ভাতা পান পাচ্ছেন না আট মাস ধরে।

নাম প্রকাশ না করার শর্তে একজন নির্বাহী প্রকৌশলী বলেন, এমন পোস্টিং আমাদের মানসিকভাবে ভেঙে দিয়েছে। আমাদের অফিসের কথা বলা হলেও কার্যত কোনো অফিস নেই, চলাচলের জন্য কোনো যানবাহন নেই, কাজ নেই এমনকি জীবনধারণের জন্য বেতনটা পর্যন্ত নেই। এই পোস্টিং আমাদের পারিবারিকভাবেও ছোট করেছে। আসলেই আমাদের চাকরি আছে কি না? যে প্রশ্নের কোনো উত্তর নেই আমাদের কাছে। অপর এক প্রকৌশলী জানান, গণপূর্ত অধিদপ্তরের আগে উচিত ছিল অফিস কোড সৃজন করা এবং পরবর্তীতে পোস্টিং ও পদোন্নতি দেওয়া। নতুন অফিস সৃষ্টি, কর্মবণ্টন, লজিস্টিক সাপোর্ট, জনবল, চেয়ার-টেবিল, পরিদর্শন গাড়ি সরবরাহ করে পদায়ন করলে আজকের এই উদ্ভট সমস্যার মুখোমুখি হতে হতো না।




ভুয়া বিল-ভাউচারে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, তথ্য চাইলে ‘এমপির অনুমতি’ দাবি প্রকৌশলী রেজওয়ানের

বিশেষ প্রতিবেদকঃ সরকারি প্রকল্পের তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন নরসিংদী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন, যার বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। তথ্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘তথ্য নিতে চাইলে স্থানীয় এমপির অনুমতি লাগবে।’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন তিন বছর ধরে নরসিংদী জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। বিগত সরকারের আমলে অত্যন্ত দাপটের সঙ্গে চললেও, রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বাহ্যিক আচরণে কিছুটা পরিবর্তন এসেছে। তবে তার দুর্নীতি থামেনি। বিভিন্ন সরকারি বড় প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি অর্থ আত্মসাৎ করে চলেছেন বলে অভিযোগ উঠেছে।

নরসিংদীর স্থানীয় সাংবাদিকরা তথ্য অধিকার আইনে নির্ধারিত ফরমে এবং লিখিত আবেদনের মাধ্যমে বিভিন্ন অর্থবছরের মাঠপর্যায়ের কাজের অগ্রগতি ও তথ্য জানতে চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এমনকি অধিকাংশ সাংবাদিকদের ফোন কলও তিনি রিসিভ করেন না। সশরীরে অফিসে গিয়ে তথ্য চাইলে তিনি জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কোনো তথ্য জানতে হলে স্থানীয় এমপির অনুমতি লাগবে।

অনুসন্ধানে জানা গেছে, এ প্রকৌশলীর বাড়ি পাবনা জেলায়। বিগত সরকারের আমল থেকেই ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি নরসিংদীতে স্বেচ্ছাচারীভাবে দপ্তর চালিয়ে আসছেন। ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে কাজ না করিয়েই ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা গেছে, জনস্বার্থে সাধারণ দরিদ্র পরিবারে নলকূপ এবং গভীর নলকূপ সরকারের নির্ধারিত ফির মাধ্যমে স্থাপন করা হয়ে থাকে। সে কাজগুলো করে থাকে প্রতিটি উপজেলাভিত্তিক জনস্বাস্থ্য অফিস এবং এর মূল নিয়ন্ত্রণ করেন নরসিংদী জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। প্রকৌশলীর সেই নির্বাহী ক্ষমতাবলে টানা প্রায় তিন বছর কোটি কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। সেগুলো কতটা বাস্তবায়ন হয়েছে তার কোনো সুনির্দিষ্ট হিসাব পাওয়া যাচ্ছে না। এমনকি অনেকের বাড়িতে নলকূপ স্থাপনের কথা বলে সরকারি নির্ধারিত ফির চেয়েও বেশি টাকা নেওয়ার পরও নলকূপ স্থাপনের শতভাগ কাজ সম্পন্ন করেননি। এক বাড়িতে প্রায় দেড় বছর আগে নলকূপের শুধু পাইপ স্থাপন করেছে জনস্বাস্থ্যের ঠিকাদারের লোকজন। কিন্তু অবশিষ্ট কাজ আজ পর্যন্ত করেনি। এ রকম শত শত অনিয়মের মধ্যে চলছে নরসিংদী জনস্বাস্থ্য অধিদপ্তর।

এমনও অভিযোগ উঠছে, বিভিন্ন নামে-বেনামে মাঠপর্যায়ে নলকূপ বরাদ্দ দেওয়া হলেও বাস্তবে এর কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। নিয়ম অনুযায়ী সরকারি দপ্তরের নলকূপ অপেক্ষাকৃত দরিদ্র ফ্যামিলিতে দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে, পৌর শহরের অনেক বিত্তশালীদের বাসাবাড়িতেও দেওয়া হয়েছে। আবার দেখা গেছে, অনেক জনপ্রতিনিধির সুপারিশের ভিত্তিতে বিভিন্ন জনকে নলকূপ বরাদ্দের হিসাব কাগজপত্রে দেখানো হলেও মাঠপর্যায়ে এর কোনো হদিস খুঁজে পাওয়া যায়নি।

রায়পুরার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের বাসিন্দা কৃষক রুমান মিয়া জানান, প্রায় দেড় বছর আগে তাদের বাড়িতে একটি নলকূপের শুধু পাইপ স্থাপন করে চলে গেছে। অবশিষ্ট কাজ এখন পর্যন্ত করেনি। অফিসে যোগাযোগ করলে তারা জানায়, ‘আপনার নামে তালিকা খুঁজে পাচ্ছি না’।

নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন বলেন, প্রায় ৯ মাস আগে নির্ধারিত তথ্য অধিকার ফর্মে তথ্য চেয়ে আবেদন করি। পরে তথ্য নেওয়ার জন্য প্রকৌশলীর সঙ্গে বারবার যোগাযোগ করলেও তিনি নানা টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে প্রকৌশলী জানান, কোনো তথ্য নিতে হলে ঠিকাদারদের অনুমতি লাগবে। ঠিকাদারদের অনুমতি ছাড়া কোনো তথ্য দেওয়া যাবে না। পরে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দেওয়ায় ফের আপিল আবেদন করি। তারপরও কোনো তথ্য দেননি। পরে নির্ধারিত ফরমে প্রধান তথ্য কমিশনার বরাবর অভিযোগ দায়ের করি। এ ছাড়া এ প্রকৌশলী তার বন্ধুর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নানা কৌশলে কাজ দিচ্ছেন এবং দুই বন্ধু মিলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ রেজওয়ান হোসেন বলেন, ‘কোনো তথ্য নিতে হলে সংশ্লিষ্ট এমপির অনুমতি লাগবে। তথ্য অধিকার ফরমে বা যেভাবেই আবেদন করেন না কেন, এমপির অনুমতি ছাড়া কোনো তথ্য দেওয়া যাবে না।’

এ ব্যাপারে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল বলেন, আমি কোনো সরকারি কর্মকর্তাকে সাংবাদিকদের তথ্য দিতে নিষেধ করিনি। নিয়ম অনুযায়ী তথ্য দিতে সংশ্লিষ্ট দপ্তরের প্রত্যেক কর্মকর্তা বাধ্য। সরকারি প্রতিটি প্রজেক্টে কী কাজ হচ্ছে না হচ্ছে, কী যাচ্ছে, কী ব্যবহার হচ্ছে এবং তা মানসম্মত কি না বা নিয়মমাফিক হচ্ছে কি না, তা প্রত্যেক সাংবাদিকের জানা উচিত এবং জানার অধিকার রাখে। এটাই হচ্ছে তারেক জিয়ার রাজনীতি। নেই কোনো ভয়ভীতি, থাকবে না কোনো ধান্ধাবাজি ও দুর্নীতি।