কক্সবাজার সৈকতে দূষণের বিরুদ্ধে সচেতনতার বার্তা দিতে ‘প্লাস্টিকের দৈত্য

পর্যটন ডেস্কঃ সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে কক্সবাজার সৈকতে তৈরি করা হয়েছে ভয়ংকর এক প্লাস্টিকের দৈত্য।

জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে পরিত্যক্ত সামুদ্রিক প্লাস্টিক দিয়ে একদল স্বেচ্ছাসেবী এই দানব তৈরি করেছেন। সৈকতের সুগন্ধা সীগাল পয়েন্টে প্রদর্শন করা হচ্ছে ওসান প্লাস্টিক বর্জ্যে তৈরি এ ভাস্কর্যের। পাশাপাশি তিন মাসব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এই ভাস্কর্যয়ের উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আলম ও বিদ্যানন্দের গভর্নিং বডির সদস্য জামাল উদ্দিন প্রমুখ।

সরেজমিনে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টের বালিয়াড়িতে দাঁড়িয়ে আছে প্লাস্টিকে তৈরি ভয়ংকর এক দানব। প্রতীকী হলেও এর হিংস্র থাবায় প্রতিনিয়ত ক্ষত-বিক্ষত হচ্ছে মানবদেহ, প্রকৃতি ও প্রাণবৈচিত্র্য। প্রথম দর্শনে পর্যটকদের মনে ভয় ধরিয়ে দিলেও কাছে যেতেই তা কেটে যাবে। তারা জানতে পারবেন প্লাস্টিক দূষণে প্রাণ-প্রকৃতির ক্ষতির মাত্রা।

আয়োজকরা জানান, প্রবালদ্বীপ সেন্টমার্টিন ও কক্সবাজার সমুদ্র সৈকতের অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই সমাগম ঘটে লাখো পর্যটকের। তাদের অনেকে সৈকতের বালিয়াড়ি ও সাগরের পানিতে প্লাস্টিক পণ্য সামগ্রীর বর্জ্য ফেলে। এতে উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ এবং হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীব ও মানবজীবন। দূষণ রোধে ও সচেতনতা সৃষ্টিতে ভিন্নধর্মী এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, জেলা প্রশাসন সবসময়ই এমন উদ্যোগের সঙ্গে থাকবে। আশা করছি এই প্রদর্শনীর মাধ্যমে মানুষ প্লাস্টিক ব্যবহারে আরও সতর্ক হবে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য জামাল উদ্দিন বলেন, বর্তমান সরকারের পরিবেশ মন্ত্রণালয় প্লাস্টিক দূষনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। সরকারের পলিসির সাথে সমন্বয় করে আমরা সারাদেশ থেকে স্বেচ্ছাশ্রমে ৫০০ মেট্রিক টন পরিত্যক্ত প্লাস্টিক রিসাইকেল করেছি।

তিনি আরও জানান, দেশব্যাপী এই উদ্যোগের অংশ হিসেবে কক্সবাজারে জেলা প্রশাসনের সহযোগীতায় ৬ মাসব্যাপী প্লাস্টিক দূষণ প্রতিরোধে কাজ করব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ভাস্কর ও শিল্পী আবীর কর্মকার জানান, প্লাস্টিকের দানবটি তৈরি করেছেন বিভাগের একদল শিল্পী। ভাস্কর্য শিল্পীদের দাবি, এটি ওসান প্লাস্টিক দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে বড় ‘প্লাস্টিক দৈত্য’। এটি তৈরি করতে প্রায় ৬ মেট্রিক টন প্লাস্টিক ব্যবহৃত হয়েছে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের দায়িত্বরত স্বেচ্ছাসেবক মুহাম্মদ মুবারক জানান, প্রায় চার মাস ধরে কক্সবাজার, ইনানী ও টেকনাফের সমুদ্র সৈকত থেকে অন্তত ৮০ মেট্রিক টন সামুদ্রিক প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এসব বর্জ্যর একটা অংশ দিয়ে এই ‘প্লাস্টিক দানব’ নির্মাণ করা হয়েছে।

এটি পুরো পর্যটন মৌসুমে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া প্লাস্টিক দূষণবিরোধী সচেতনতামূলক পথনাটক ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান তিনি।




পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বাড়তি সময়ের সুবিধা

বিশেষ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলসি আক্রান্ত) শিক্ষার্থী থাকলে তারা পরীক্ষায় ৩০ মিনিট অতিরিক্ত সময় পাবেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিশেষ সুবিধা পাওয়ার জন্য সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সনদ থাকতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ২ কর্মদিবস আগে অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য (প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি) পরীক্ষা নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে পাঠাতে হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের উত্তরপত্র পৃথকভাবে সিলগালা করে অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক, অনার্স ৩য় বর্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ এই ঠিকানায় পাঠাতে হবে। প্যাকেটের উপরে ‘প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র’ লাল কালিতে লিখতে হবে।




টেকনাফে বোটের ইঞ্জিন বিকলে কোস্ট গার্ডের দ্রুত উদ্ধার অভিযান

টেকনাফ প্রতিনিধিঃ টেকনাফের শাহপরীতে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১১টায় ‘এম ভি মায়ের দোয়া’ নামের একটি যাত্রীবাহী বোট টেকনাফের কায়োকখাল ঘাট থেকে ৪৫ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। পরে দুপুর ১২টার দিকে বোটটি টেকনাফের শাহপরী সংলগ্ন গোলারচর এলাকায় পৌঁছালে শ্যাফট ভেঙে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। এ সময় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি টহল দল ভাসতে থাকা বোটটি দেখতে পেয়ে বোটসহ ৪৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করে।

পরবর্তীতে উদ্ধারকৃত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।




৪ ডিসেম্বর ২০২৫: আজকের নামাজের সময়সূচি

ইসলামিক ডেস্কঃ আজ বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২, ১২ জমাদিউস সানি ১৪৪৭।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ—

জোহরের সময় শুরু – ১১টা ৫২ মিনিট।

আসরের সময় শুরু – ৩টা ৩৫ মিনিট।

মাগরিব – ৫টা ১৪ মিনিট।
এশার সময় শুরু – ৬টা ৩৩ মিনিট।

আগামীকাল ফজর শুরু – ৫টা ১১ মিনিটে।

আজ ঢাকায় সূর্যাস্ত – ৫টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় – ৬টা ২২ মিনিটে।




নসম্পদ ব্যবহারে ইসলামের নির্দেশনা ও করণীয়

ইসলামিক ডেস্কঃ আল্লাহ যাকে ইচ্ছা ধনসম্পদ ও সম্মানের অধিকারী করেন। ইচ্ছা হলেই যে কারোর সম্পদ ও সম্মান কেড়ে নেন। এ বিশ্বজগতের রাজা মহারাজা পরাক্রমশালী সম্রাটদের জীবনেরও অবসান ঘটেছে আল্লাহর ইশারায়।

দৃশ্যত যারা মহাশক্তিমান তারাও প্রভাব-প্রতিপত্তি হারিয়ে অস্তিত্বহীন হয়েছে। যারা আল্লাহতায়ালার দেওয়া নিয়ামত, সম্মান, আল্লাহর নির্দেশিত পথে পরিচালনা করেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন, তাদের নাম-যশ তাঁর ইচ্ছায় অম্লান অমর হয়ে রয়েছে। এ জগতে যারা কৃতজ্ঞ চিত্তে আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর নির্দেশিত পথে মানবতার সেবা করে গেছেন তাদের অবদান অক্ষয়-চিরন্তন হয়ে আছে।

এ পৃথিবীতে আজ পর্যন্ত যত নবী-রসুল আগমন করেছেন তাঁরা চাইলে প্রচুর ধন-সম্পদের মালিক হতে পারতেন। কিন্তু তাঁরা বিলাসবহুল জীবনের বদলে আল্লাহর দীন প্রতিষ্ঠা ও মানবতার সেবায় উদ্ভাসিত হয়েছেন। তাঁরা মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে সর্বস্ব বিলিয়ে দিয়ে গেছেন। আল্লাহতায়ালা আমাদের ধনসম্পদ, মান-মর্যাদা ইজ্জত দান করে পরীক্ষানিরীক্ষা করেন।

আমাদের কর্তব্য- সর্বাবস্থায় তাঁর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহর এই বিশাল জগতের সৃষ্টিকুলকে অনিবার্য মৃত্যুর স্বাদ বিনা দ্বিধায় ভোগ করতে হবে। সবাইকে এক সময় মৃত্যুর দিকে যাওয়ার পরিণতি মেনে নিতে হবে। মৃত্যুর কোনো নির্দিষ্ট সীমা-পরিসীমা নেই। আল্লাহ যেভাবে ইচ্ছা করেন সেভাবেই বিনা বাক্যব্যয়ে মেনে নিতে হয়। দুনিয়ায় অর্জিত সব ধনসম্পদের মায়া একদিন আমাদের পরিত্যাগ করে একেবারেই শূন্য হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হবে।

এ বিশ্বজগৎ সম্পূর্ণভাবেই একটি অতি অপ্রশস্ত খেলার মাঠ। এ মাঠে কিছুদিন খেলাধুলা করে এক অজানা নিরুদ্দেশ গন্তব্যের দিকে যেতে হবে। সেখানে অনন্তকালের জন্য চিরস্থায়ীভাবে থাকতে হবে। এ বিশ্ব চরাচরে পড়ে থাকবে আমাদের অতি কষ্টে অর্জিত সব অমূল্য ধনসম্পদ। যা সঙ্গে নেওয়ার কোনো ব্যবস্থাই আমরা করে যেতে পারি না। এ জন্য নিয়তি আমাদের কোনো সময়ই দেয় না। আমাদের জীবন অবসানের পর রেখে যাওয়া এ সম্পদের কী অবস্থা হবে, কীভাবে ব্যয় হবে তাও আমরা বলতে পারি না।

এরই পরিপ্রেক্ষিতে মহান আল্লাহতায়ালা মহাগ্রন্থ আল কোরআনের আলোকে আমাদের প্রিয় নবী মহামানব হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে সুসংবাদ প্রেরণ করেছেন যে, আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব মানুষের মৃত্যুর পর রেখে যাওয়া তিনটি অবদান এ দুনিয়ায় বিরাজ করবে এবং পরকালেও নাজাত তথা জান্নাত লাভে সহায়তা করবে।

যেমন- ১. তোমার সন্তানকে যদি সুসন্তান করে রেখে যেতে পার তবে তারা মহান রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে প্রাণভরে তোমাদের জন্য দোয়া করবে- রব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি ছগিরা। হে পরম দয়ালু আল্লাহ, আমার পিতা-মাতাকে সস্নেহে লালনপালন ও প্রতিপালন কর।

২. আল্লাহর রাস্তায় ফিসাবিলিল্লাহ হিসেবে কোনো বস্তু বা ধনসম্পদ দান করে যাওয়া যা এতিম নিঃস্ব হতদরিদ্র গরিব মিশকিন পঙ্গুদের জন্য ব্যয় হবে।

৩. মানবতার সেবাসহ সৃষ্টিকুলের জন্য কোনো দাতব্য প্রতিষ্ঠান তৈরি বা স্থাপন করে যাওয়া, যাতে অব্যাহতভাবে পরোপকার হতে থাকবে। ইসলামের দৃষ্টিতে সৎভাবে ধনসম্পদ অর্জন বা ধনী হওয়ার বিষয়ে বিধিনিষেধ নেই। তবে অর্জিত সম্পদ সৎভাবে সঠিক পথে ব্যয় করতে হবে।

কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সমাজে দেখা যায়, আমরা বেপরোয়াভাবে হিংসা-বিদ্বেষ, জোরজবরদস্তি, লুটপাট, অন্যায়ভাবে সম্পদ আহরণ করে সম্পদের পাহাড় গড়ে তুলি। এ সম্পদ জমানোর ক্ষেত্রে অধিকাংশ সময় দেখা যায় নিজের জমানো সম্পদ মানুষ নিজেই ভোগ করে যেতে পারে না। একান্তভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাব, হাজার হাজার কোটি টাকার ধনসম্পদ থাকলেও তার মালিক শান্তিতে ঘুমাতে পারে না তার জমানো টাকার চিন্তায় এবং লোভ-লালসার প্ররোচনায়। ইচ্ছা থাকলেও পেটভরে খেতে পারে না মুখে রুচি না থাকার কারণে।

এর কারণ হলো- আমরা ধনসম্পদের প্রতি এত বেশি লোভী হয়ে পড়ি যে, লোভের বশবর্তী হয়ে খুনাখুনি করে হলেও ধনসম্পদ অর্জন করে থাকি। অন্যায়ভাবে ধনসম্পদ জমিয়ে কার জন্য রেখে যাব- তা আমরা ঘুণাক্ষরেও ভাবি না। ধনসম্পদের লোভে মানইজ্জত বিসর্জন দিতে হলেও আমরা কুণ্ঠাবোধ করি না। মৃত্যুর পর আমাদের খালি হাতেই অজানার পথে যাত্রা করতে হবে।

মূলত এ জীবনটা বড় বেশি ক্ষণস্থায়ী। এক মুহূর্তের জন্যও বেঁচে থাকার আশা করতে পারি না। তাই আমাদের সবাইকে প্রতিজ্ঞা করতে হবে, আমরা অন্যায়ভাবে অবৈধ পথে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলব না। যেহেতু দিন দুনিয়ার মালিক আল্লাহ সেহেতু তাঁর ওপর আশা-ভরসা রাখতে হবে।




বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের যোগ্যতা প্রমাণে মুখিয়ে মার্তিনেস

খেলাধুলা ডেস্কঃ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপে ফের আলো ছড়াতে চান এমিলিয়ানো মার্তিনেসের। আর্জেন্টিনার এই গোলরক্ষক বলেছেন, গতবারের চেয়ে এবার আরও বেশি রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছেন তিনি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের বাকি এখনও ৬ মাস। তবে বাছাই পর্ব প্রায় শেষ পর্যায়ে। ৪২টি দল চূড়ান্ত হয়েছে এর মধ‍্যে। বাংলাদেশ সময় শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১১টায় হবে ড্র। এর আগে আর্জেন্টিনা ফুটবল অ‍্যাসোসিয়েশনের একটা অনুষ্ঠানে ভিডিও বার্তায় ৩৩ বছর মার্তিনেস বললেন, চূড়ান্ত পর্বের জন‍্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তিনি।

অ‍্যাস্টন ভিলার মার্তিনেস এখনও আর্জেন্টিনার পোস্টে অপ্রতিদ্বন্দ্বী। গত কয়েক বছরে আর্জেন্টিনার তিনটি বড় শিরোপা জয়েই আছে তার গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০২২ বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে দলকে জেতানোর আগে-পরে দুটি কোপা আমেরিকার ফাইনালেও দুর্দান্ত সব সেভ করে দলের শিরোপা জয়ের রাখেন অবদান।

২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতে শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। সেই ম‍্যাচে পাঁচটি সেভ করেন তিনি। ক্লাব ফুটবলেও নিয়মিত দুর্দান্ত সব সেভ করেন মার্তিনেস, তবে জাতীয় দলে তিনি যেন প্রায় অপরাজেয়।

এর আগে ২০২২ বিশ্বকাপে শেষ আটে নেদারল‍্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে বীরত্ব দেখান মার্তিনেস। ফ্রান্সের বিপক্ষে ফাইনালেও করেন এর পুনরাবৃত্তি। সেই ম‍্যাচের অতিরিক্ত সময়ের শেষ দিকে রান্দাল কোলো মুয়ানির শট ঠেকিয়ে দলকে ম‍্যাচে রাখেন তিনি। আর্জেন্টিনার জার্সি গায়ে চাপালেই যেন পাল্টে যান মার্তিনেস। তিনি জানান, যখন জাতীয় দলে খেলি, আমার মনে হয় যে, বল জালে যাবে না। আমার পেছনে থাকে পুরো দেশ এবং আমার পরিবার।

অ‍্যাস্টন ভিলার হয়ে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ১১ ম‍্যাচের চারটিতে জাল অক্ষত রেখেছেন মার্তিনেস। সব মিলিয়ে ভীষণ ব‍্যস্ত সূচি হলেও বিশেষ শারীরিক সুবিধা থাকায় বিশ্বকাপে সম্পূর্ণ প্রস্তুত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।




অস্ট্রেলিয়ায় ১২ বছর পর সেঞ্চুরি করে দাপট দেখালেন জো রুট

খেলাধুলা ডেস্কঃ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো জো রুটের। অস্ট্রেলিয়ার মাটিতে ১২ বছর ও ৩০ প্রচেষ্টার অপেক্ষা শেষে প্রথমবারের মতো পেলেন কাঙ্ক্ষিত টেস্ট সেঞ্চুরি।

বৃহস্পতিবার গাব্বায় অনুষ্ঠিত দিবা-রাত্রির টেস্টে ১৮১ বল খেলে পৌঁছান তিন অঙ্কে। এটি তার টেস্ট ক্যারিয়ারের ৪০তম এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরি।

এমন গুরুত্বপূর্ণ সেঞ্চুরি পেতে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন সতীর্থ জ্যাক ক্রলি। যার সঙ্গে রুট গড়েছেন ১১৭ রানের গুরুত্বপূর্ণ জুটি।

পাঁচ ম্যাচের অ্যাশেজের এই সিরিজে রুটের ওপর ছিল অনেক চাপ। গত কয়েক বছর ধরে দুর্দান্ত ধারাবাহিকতায় রেকর্ডের পর রেকর্ড ভাঙছেন তিনি। আধুনিক যুগের অন্যতম সেরা টেস্ট ব্যাটার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি। তা যেন ভাগ্য এড়িয়ে চলছিল। ১৬টি টেস্ট খেলে একবারও তিন অঙ্কে না পৌঁছানো, রুটের মতো মানের ব্যাটারের জন্য ছিল কিছুটা হতাশাজনকও।

আগে ব্যাট করতে নেমে ৫ রানেই ২ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। সেই অবস্থায় ব্যাটিংয়ে নামতে হয়েছিল ইংল্যান্ডের সাবেক অধিনায়ককে। মিচেল স্টার্ক আবারও দুর্দান্ত শুরুর আঘাত হেনে ফেরান বেন ডাকেট ও অলি পোপকে শূন্য রানে। সেখান থেকে ক্রলিকে সঙ্গে নিয়ে ১১৭ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান রুট। ক্রলি যখন ৭৬ রানে আউট হয়ে যান, তারপরও রুট হ্যারি ব্রুক ও বেন স্টোকসকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ড সচল রাখেন এবং একাই হয়ে ওঠেন ইংল্যান্ড ব্যাটিংয়ের স্তম্ভ।

অবশেষে, রুটের নামের পাশে যুক্ত হলো অস্ট্রেলিয়াতেও এক সেঞ্চুরি। আর সেই সঙ্গে ইতিহাসে আরেকটি রেকর্ডও। ১২ বছরের আক্ষেপ ঘুচিয়ে যে মাইলফলক তিনি স্পর্শ করলেন, তা নিঃসন্দেহে তার টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে বিশেষ অধ্যায়ের একটি হয়ে থাকবে।




অক্ষয়-প্রিয়াঙ্কার প্রেমের সেই গুঞ্জন উস্কে দিলেন পরিচালক

বিনোদন ডেস্কঃ ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ‘বারসাত’ সিনেমার কথা মনে আছে? যে সিনেমায় অভিনয় করেছিলেন ববি দেওল, প্রিয়াঙ্কা চোপড়া এবং বিপাশা বসু। ত্রিকোণ প্রেমের কাহিনি বক্স অফিসে বেশ হিটও করেছিল। কিন্তু জানেন কি এই সিনেমায় ববি নয়, প্রথমে অভিনয় করার কথা ছিল অভিনেতা অক্ষয় কুমারের। কিন্তু শেষ মুহূর্তে তিনি সরে আসেন।

সিনেমা মুক্তির ২০ বছর পরে ছবির নেপথ্যে লুকিয়ে থাকা গোপন কথা ফাঁস করলেন ছবির পরিচালক সুনীল দর্শন। তিনি জানিয়েছেন প্রথমে ববির অভিনয় করারই কথা ছিল না। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে সবটা ফাঁস করলেন পরিচালক। সাক্ষাত্‍কারে সুনীল বলেন, অক্ষয় এবং প্রিয়াঙ্কার অভিনয় করার কথা ছিল। পাঁচ দিন শুটিং করার পর অক্ষয় আমায় ফোন করেন একটা মিটিংয়ের জন্য। সেখানেই সমস্যার কথা জানতে পারি।

পরিচালক জানান, সেই সময় ববিব ম্যানেজারও অনুরোধ করেছিলেন যাতে তিনি অভিনেতাকে নিয়ে একটা ছবি তৈরি করেন। তখন তিনি ববিকে অপেক্ষা করতে বলেছিলেন। দর্শন বলেন, অক্ষয় কোনও গন্ডগোল করে ফেলেছিল তাই ছবি থেকে বেরিয়ে যায়।

সুনীল দর্শন বলেন, প্রিয়াঙ্কা ও অক্ষয়ের মধ্যে একসময় কাজের কোনও অস্বস্তি ছিল না। তারা একসঙ্গে একের পর এক সফল ছবি করেছেন। তারা দুইজনই খুব স্বচ্ছন্দ ছিল একে অপরের সঙ্গে। এমনকি ‘অ্যাইত্রাজ’ ছবিতেও একসঙ্গে কাজ করেছেন। প্রিয়াঙ্কা প্রথমে এই ছবিটি করতে চাইছিল না, কারণ সেখানে তাকে নেতিবাচক চরিত্রে প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে আমি স্ক্রিপ্ট দেখে বুঝি, ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটিই আসলে তার। সঙ্গে সঙ্গে তাকে অফিসে ডেকে এনে ছবিটি সই করাই।’

তবে সমস্যা শুরু হয় ২০০৫ সালের ‘বারসাত’ ছবির শুটিং চলাকালে। এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফ অভিনয় করার কথা ছিল। প্রযোজক জানান, ‘আমরা টাইটেল ট্র্যাক পর্যন্ত শুট করে ফেলেছিলাম অক্ষয় ও প্রিয়াঙ্কাকে নিয়ে। কিন্তু তারপর পর্দার আড়ালে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায়, যখন আমি বুঝে যাই- একসঙ্গে দু’জনকে নিয়ে এই ছবি আর এগোনো সম্ভব নয়। আমাকে যেকোনও একজনকে বেছে নিতে হবে।

কঠিন সেই সিদ্ধান্ত প্রসঙ্গে সুনীল দর্শনের স্পষ্ট বক্তব্য, ভুল যদি কেউ করে থাকে, তাহলে তার জন্য কেন একজন নারী শিল্পীকে ভুগতে হবে? আমার যুক্তি ছিল খুব পরিষ্কার- আমি প্রিয়াঙ্কার সঙ্গেই যাব। সিদ্ধান্তটা আমার জন্যও খুব কষ্টের ছিল। অনেক শুট ইতিমধ্যেই হয়ে গিয়েছিল, সবটাই বাতিল করতে হয়। এরপর আমার এক বন্ধুর পরামর্শে ছবিতে অক্ষয়ের জায়গায় নেওয়া হয় ববি দেওলকে।

পরবর্তীতে এই প্রকল্প থেকে সরে যান ক্যাটরিনা কাইফও। তার জায়গায় অভিনয়ের সুযোগ পান বিপাশা বসু। এই ঘটনার পর আর কখনও একসঙ্গে কাজ করেননি অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়া। এর আগে তারা একসঙ্গে অভিনয় করেছিলেন ‘মুঝছে সাদি করোগি’, ‘ওয়াক্ত’, ‘আন্দাজ’, ‘অ্যাইতরাজ’র মতো জনপ্রিয় সিনেমাতে।
সুনীল দর্শনের এই মন্তব্যে পুরনো সেই গুঞ্জন আবার নতুন করে আলোচনায় ফিরে এলো বলিউডে।




বিয়ে প্রসঙ্গে এবার সরাসরি জানালেন রাশমিকা

বিনোদন ডেস্কঃ দক্ষিণের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবারকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন চলছে অনেক দিন ধরেই। বাগদান সেরে ২০২৬ সালের শুরুর দিকে বিয়ে—এমন খবরও ঘুরে বেড়াচ্ছিল ভারতীয় গণমাধ্যমে। তবে এত দিন ব্যক্তিজীবন নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন রাশমিকা। অবশেষে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবার সরাসরি এ প্রশ্নের জবাব দিলেন তিনি।

চলতি বছর ক্যারিয়ারের সেরা সময় পার করছেন অভিনেত্রী। বছরের শুরুতে ‘ছাবা’ থেকে শুরু করে সর্বশেষ ‘দ্য গার্লফ্রেন্ড’—রাশমিকার মুক্তিপাওয়া পাঁচটি সিনেমা ২০২৫ সালে বক্স অফিসে আয় করেছে ১ হাজার ৩০০ কোটি রুপির বেশি। তিনি বলেন, “সত্যি বলতে এ বছরটা আমার কাছে স্বপ্নের মতো। বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে চেয়েছিলাম, সেটা এই বছরই বাস্তব হয়েছে।”

সম্প্রতি শোনা যায়, গত অক্টোবরেই হায়দরাবাদে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে নাকি বাগদান সারেন রাশমিকা ও বিজয়। এমন ইঙ্গিতও পাওয়া যায়, বাগদান সত্যি এবং বিয়ে হতে পারে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি কেউই।

সাক্ষাৎকারে সঞ্চালক অনুপমা চোপড়া সরাসরি জিজ্ঞেস করেন- বিয়ের খবর তিনি স্বীকার করবেন, নাকি এটিকে গুজব বলবেন? কিছুক্ষণ ভেবে রাশমিকা হেসে বলেন, “আমি কোনোটাই করব না।” এরপর যোগ করেন, “সময় হলে আমরাই জানাব।”

ভক্তরা মনে করছেন, রাশমিকার এই উত্তরই তাঁদের সম্পর্কের ইঙ্গিত। তবে অভিনেত্রী স্পষ্ট করে বলেন, ব্যক্তিগত কিছু শেয়ার করার আগে তিনি একটু সময় নিতে চান।

উল্লেখ্য, ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ -এ একসঙ্গে অভিনয়ের পর থেকেই রাশমিকা-বিজয়ের প্রেমের খবর আলোচনায়। সাম্প্রতিক নিউইয়র্ক ইন্ডিয়া ডে প্যারেডের মতো নানা অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে। ২০২৪ সালে দুজনেই জানিয়েছিলেন—তারা ‘সিঙ্গেল নন’, তবে সঙ্গীর নাম প্রকাশ করেননি।




যত্রতত্র পানের পিক, রেগে আগুন নায়িকা

বিনোদন ডেস্কঃ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি সামাজিক অসংগতি নিয়েও বেশ সরব এ নায়িকা। এবার আওয়াজ তুললেন যত্রতত্র পানের পিক ফেলা নিয়ে।

বুধবার মিমি তার ইনস্টাগ্রাম স্টোরিতে এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে দেখা যায় মা ফ্লাইওভারের ছবি। আর ফ্লাইওভারের দেয়ালের গায়ে লেগে আছে রাশি রাশি লাল পিক।

এরকম দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘কেন কেন কেন? প্রশাসনের ওপর সবকিছু চাপিয়ে দেওয়া এত সহজ। কিন্তু আপনি কি মনে করেন না যে একটু নাগরিকত্বের জ্ঞান থাকলেই সবকিছু বদলে যাবে। আমরা এখানে রকেট সায়েন্সের কথা বলছি না। আমাদের সিটি অব জয় আমাদের গর্ব, তাহলে কেন তার যত্ন নেব না? ছোট ছোট পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, চলতি বছর মুক্তি পেয়েছে মিমি অভিনীত ‘রক্তবীজ ২’ ছবিটি। এতে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। ছবিতে মিমি ছাড়া আরও রয়েছেন বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত, সোহম মজুমদার, অনামিকা সাহা, মানসী সিনহা, কাঞ্চন মল্লিকসহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করেছেন অরিত্র মুখোপাধ্যায়।