হাবিপ্রবির ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৬০ জনকে শাস্তি

ডেস্ক নিউজ : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুইটি আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনায় ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার এবং ৬০ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় দিনাজপুর হাবিপ্রবির জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত অফিস আদেশে গতকাল বুধবার রাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।’

অফিস আদেশে বলা হয়েছে, গত ২১ মে শহীদ আবরার ফাহাদ আবাসিক হল এবং নূর হোসেন আবাসিক হলে অবস্থিত শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি তদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন।

প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম বিশেষ সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

আজীবন বহিষ্কার হওয়া ৬ শিক্ষার্থী হলেন অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের নাইমুর রহমান দুর্জয়, অর্থনীতি বিভাগের সাকির মাহমুদ, ইংরেজি বিভাগের আসিফ হোসেন, ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আসাদুজ্জামান সাগর, ইসিই বিভাগের সৌরভ আহমেদ এবং হিসাব বিজ্ঞান বিভাগের তাসরিয়াফ ইসলাম প্রান্তিক।

এ ছাড়া ৮ জন শিক্ষার্থীকে ৬ মাসের জন্য আবাসিক হল থেকে বহিষ্কারসহ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, এক সেমিস্টার একাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার এবং ৫ হাজার টাকা জরিমানা করার সুপারিশ করা হয়েছে ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে।

অস্ত্র হাতে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধনের দায়ে ৪৬ শিক্ষার্থীকে দুই সেমিস্টার একাডেমিক কার্যক্রম বন্ধসহ আজীবন হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানার সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা ও তাদের অভিমতের ভিত্তিতে এ শাস্তির সুপারিশ করা হয়েছে। তবে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখা হয়েছে।’




ফ্রান্স আমাদের চেয়ে ভালো দল নয়, বললেন ইয়ামাল

ক্রীড়া ডেস্ক : সর্বশেষ দুই আসরেই ফাইনাল খেলেছে ফ্রান্স, একবার তো হয়েছে চ্যাম্পিয়নও। এবারও বিশ্বকাপের সবচেয়ে বড় ফেবারিট হিসেবে আসছে ফ্রান্সের নাম। গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে শেষ ৩২–এ উঠেছিল তারা, এই পর্বেও ফ্রান্স হারিয়েছে সুইডেনকে।

সব ম্যাচেই দিদিয়ের দেশমের দাপট দেখানো পারফরম্যান্স ছিল। সবারই তাই ফ্রান্সের প্রতি একটা আলাদা সমীহ আছে। তবে এ ক্ষেত্রে একটু ব্যতিক্রম স্পেন তারকা লামিনে ইয়ামাল। শেষ ৩২–এ অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে তিনি স্পষ্ট করেই বলেছেন, ফ্রান্সের চেয়ে স্পেনই ভালো দল।

তাঁর কথাগুলো ছিল এমন, ‘হারানো অসম্ভব এমন কোনো দল নেই। ফ্রান্স আমাদের চেয়ে ভালো দল নয়। ইউরোর পর থেকে ওরা আমাদের হারাতেও পারেনি। এখানে কেউ ফেবারিট নয়, কেউ আমাদের চেয়ে এগিয়েও নেই…যেকোনো টুর্নামেন্টে নামার আগে আমি সব সময় জয়ের কথাই ভাবি। এখন আমার মাথায় একটাই চিন্তা, আমি বিশ্বকাপ জিততে যাচ্ছি।’

২০২৪ সালের ইউরোর সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠে স্পেন। পরে তারা নেশন্স লিগেও হারিয়েছে ফ্রান্সকে। এখন তাই তাদের নিয়ে খুব ভাবার কারণও নেই ইয়ামালের। বরং বিশ্বজয়ের স্বপ্নেই তিনি বিভোর।




এশিয়ার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টার্স এফসি

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের নারী ফুটবলের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা হয়েছে। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬–২৭-এর প্রিলিমিনারি স্টেজের আনুষ্ঠানিক ড্র সম্পন্ন হয়েছে, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী রাজশাহী স্টার্স এফসি নিজেদের প্রতিপক্ষ কারা, তা জানতে পেরেছে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে রাজশাহী স্টার্স এফসি শুধু একটি ক্লাব হিসেবেই নয়, বরং বাংলাদেশের নারী ফুটবলের মর্যাদা ও সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার দায়িত্বও বহন করবে।

এএফসি উইমেন্স চ্যালেঞ্জ লিগে দেশের প্রথম প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নামছে নাবিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় পরিচালিত রাজশাহী স্টার্স এফসি বাংলাদেশ নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন দলটি।

ড্র অনুযায়ী, প্রিলিমিনারি স্টেজের গ্রুপ ‘এ’-তে রাজশাহী স্টারস এফসির প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, স্বাগতিক মালয়েশিয়ার সাবাহ এফএ এবং গুয়ামের রোভার্স এফসি। আগামী ১৭ থেকে ২৩ আগস্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এই গ্রুপের সব ম্যাচ।

রাজশাহী স্টার্স এফসি ইতোমধ্যে আন্তর্জাতিক মানের প্রস্তুতি পরিকল্পনা গ্রহণ করেছে। দলটির টেকনিক্যাল স্টাফ, খেলোয়াড় ও ব্যবস্থাপনা আগামী কয়েক সপ্তাহে নিবিড় অনুশীলন, প্রীতি ম্যাচ এবং প্রয়োজনীয় প্রস্তুতির মাধ্যমে প্রতিযোগিতার জন্য নিজেদের সর্বোচ্চভাবে প্রস্তুত করবে।

ক্লাব কর্তৃপক্ষ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), ক্লাবের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা, সমর্থক এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে দেশের সকল ফুটবলপ্রেমীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছে।

রাজশাহী স্টার্স এফসি বিশ্বাস করে, এই অংশগ্রহণ বাংলাদেশের নারী ফুটবলের আন্তর্জাতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের নারী ফুটবলারদের জন্য নতুন অনুপ্রেরণার দ্বার উন্মোচন করবে।

ড্র-পরবর্তী প্রতিক্রিয়ায় রাজশাহী স্টার্স এফসি-এর প্রেসিডেন্ট মোখছেদুল কামাল বাবু বলেন, ‘আমরা রাজশাহী স্টার্স এফসি হিসেবে নয়, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাঠে নামব। দেশের সম্মান রক্ষায় সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই করাই আমাদের অঙ্গীকার।’




আগামীকাল নির্বাচন, কে লড়ছেন কোন পদে

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী শুক্রবার (০৩ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

একটি প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। এই প্যানেলে সহ-সভাপতি পদে রয়েছেন নূতন ও ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন কমল।

এই প্যানেলের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে লড়ছেন মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান ও শামীম খান (চিকন আলী)।

অন্যদিকে দ্বিতীয় প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। সহ-সভাপতি পদে রয়েছেন রোজিনা ও ডিএ তায়েব। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন জাদু আজাদ।

এই প্যানেলের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলী রাজ, ফরহাদ, কাবিলা, ইয়ামিন হক ববি, কায়েস আরজু, শিরিন শিলা, শিপন মিত্র, হাসান জাহাঙ্গীর, ফাল্গুনী রহমান জলি, ফিরোজ শাহী ও জেসমিন আক্তার।

এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু।

উল্লেখ্য, গত মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজল এবার কোনো পদেই নির্বাচনে অংশ নিচ্ছেন না। ফলে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতি।




চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবনে একটি ছোট উড়োজাহাজ আছড়ে পড়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি বিধ্বস্ত করে নিহত হওয়া ওই পাইলট মানসিক সমস্যায় ভুগছিলেন। এমনকি নিজের ডায়েরিতে তিনি আত্মহত্যার কথাও লিখেছিলেন।

গত শুক্রবার বিকাল ৫টা ৫৫ মিনিটে বেইজিংয়ের কেন্দ্রস্থলে ৫২৮ মিটার উঁচু ‘সিআইটিআইসি’ টাওয়ারে একটি ছোট উড়োজাহাজ আছড়ে পড়ে। এতে ভবনটির ওপরের দিকের কাচ ভেঙে যায় এবং নিচে আগুন ধরে যায়। ওই ঘটনায় ১৩ জন আহত হন।

চীনের শীর্ষ নেতাদের বাসভবন থেকে এই ভবনের দূরত্ব মাত্র ৭ কিলোমিটার। তাই কঠোর নিরাপত্তার এই শহরে এমন উড়োজাহাজ দুর্ঘটনা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার এক বিবৃতিতে জানায়, ৬৬ বছর বয়সী ওই পাইলটের নাম লিউ। বিবাহবিচ্ছেদের পর তিনি বেইজিংয়ে একাই থাকতেন। দীর্ঘদিন ধরে তিনি অনিদ্রা ও হতাশায় ভুগছিলেন। তার ডায়েরিতে নিজের ‘জীবন শেষ করে দেওয়ার’ কথা লেখা ছিল। ব্যক্তিগত হতাশা থেকেই তিনি মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এই কাজ করেছেন।

লিউ পেশায় ফ্রিল্যান্সার ছিলেন এবং উড়োজাহাজ চালানোর লাইসেন্স পেয়েছিলেন। ঘটনার দিন বিকালে তিনি দুই আসনের একটি ছোট উড়োজাহাজ নিয়ে একাই উড়ছিলেন। কিন্তু হঠাৎ তিনি নির্ধারিত পথ ছেড়ে অন্যদিকে চলে যান এবং নিয়ন্ত্রণকক্ষের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে, দুর্ঘটনার পরপরই পুলিশ সাধারণ মানুষ ও সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয় এবং ইন্টারনেট থেকে এই ঘটনার সব ছবি ও ভিডিও দ্রুত মুছে ফেলা হয়।




‘টেন্ডারবাণিজ্যে শতকোটি টাকার মালিক গণপূর্তের আহসান হাবীব’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে “টেন্ডারবাণিজ্যে শতকোটি টাকার মালিক গণপূর্তের আহসান হাবীব” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে প্রকৌশলী মো. আহসান হাবীবের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

প্রতিবাদে বলা হয়, প্রকাশিত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে যেসব দুর্নীতি, টেন্ডারবাণিজ্য, অর্থপাচার, রাজনৈতিক সম্পৃক্ততা এবং ফৌজদারি মামলার অভিযোগ উপস্থাপন করা হয়েছে, সেগুলো একপাক্ষিক, বিভ্রান্তিকর এবং প্রয়োজনীয় তথ্য-যাচাই ছাড়াই প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রতিবাদে আরও উল্লেখ করা হয়, প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলোর পক্ষে কোনো আদালতের চূড়ান্ত রায়, সংশ্লিষ্ট তদন্ত সংস্থার চূড়ান্ত প্রতিবেদন বা আইনগতভাবে প্রতিষ্ঠিত তথ্য উপস্থাপন করা হয়নি। ফলে অভিযোগগুলোকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে প্রকাশ করা পাঠকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।

মো. আহসান হাবীবের পক্ষ থেকে দাবি করা হয়, তিনি সরকারি বিধি-বিধান অনুসরণ করে দায়িত্ব পালন করে আসছেন এবং তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর অনেকগুলোই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। যদি কোনো অভিযোগের বিষয়ে আইনগত তদন্ত চলমান থাকে, তবে তার নিষ্পত্তি সংশ্লিষ্ট আদালত ও তদন্তকারী সংস্থার মাধ্যমেই হওয়া উচিত বলে তিনি মনে করেন।

প্রতিবাদে আরও বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অবশ্যই বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা এবং উভয় পক্ষের বক্তব্যের ভিত্তিতে প্রকাশ করা উচিত। কোনো ব্যক্তির বক্তব্য গ্রহণ না করে বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে গুরুতর অভিযোগ প্রকাশ করা দায়িত্বশীল সাংবাদিকতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও উল্লেখ করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে ভবিষ্যতে আরও সতর্কতার সঙ্গে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে পাঠকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, আদালত বা তদন্তকারী সংস্থার চূড়ান্ত সিদ্ধান্তের আগে কোনো অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে বিবেচনা না করার জন্য।




অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

ডেস্ক নিউজঃ ছাত্র আন্দোলনের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’ আগামী ৫ আগস্ট উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বুধবার সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

জাদুঘরটিতে জুলাই আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র, ভিডিওচিত্র, দুর্লভ দলিল, সংবাদপত্রের সংরক্ষিত প্রতিবেদন, আন্দোলনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, শহীদ ও আহতদের ব্যক্তিগত স্মারক, পোশাক, ব্যানার, প্ল্যাকার্ডসহ নানা নিদর্শন স্থান পেয়েছে। এছাড়া মাল্টিমিডিয়া ও ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে আন্দোলনের ধারাবাহিক ঘটনাপ্রবাহ, গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতাও তুলে ধরা হবে। গবেষক ও দর্শনার্থীদের জন্য সংরক্ষণ করা হয়েছে তথ্যভিত্তিক আর্কাইভও।

সংশ্লিষ্টরা বলছেন, জাদুঘরটি শুধু স্মৃতিচারণের স্থান নয়, বরং জুলাই আন্দোলনের ইতিহাস, ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে।

বৈঠক শেষে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব বলেন, “উদ্বোধন সামনে রেখে সংস্কৃতি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থাগুলো শেষ মুহূর্তের কাজ এগিয়ে নিচ্ছে। প্রদর্শনীর উপকরণ সংযোজন, নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থী ব্যবস্থাপনা এবং ডিজিটাল কনটেন্ট স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।”

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের সময়ও একাধিকবার উদ্বোধনের ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত খোলা হয়নি জুলাই স্মৃতি জাদুঘর।




এইচএসসি পরীক্ষা শুরু আজ : অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ

ডেস্ক নিউজঃ সারাদেশে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে পরীক্ষা শুরুর আগেই উদ্বেগ বাড়িয়েছে নিয়মিত শিক্ষার্থীদের বড় একটি অংশের পরীক্ষায় অংশ না নেওয়ার তথ্য।  শিক্ষা বোর্ডগুলোর হিসাব অনুযায়ী- দুই বছর আগে একাদশ শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থীদের প্রায় ৩৬ শতাংশ এবার এইচএসসি পরীক্ষায় বসছেন না।

কত শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন না

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পাস করে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে নিবন্ধন করেছিলেন। কিন্তু এবার এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন প্রায় সাড়ে ৯ লাখ শিক্ষার্থী। অর্থাৎ নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ পরীক্ষায় অংশ নিচ্ছেন না। গত বছর এই হার ছিল ২৯ শতাংশের কিছু বেশি। এক বছরের ব্যবধানে তা বেড়ে প্রায় ৩৬ শতাংশে পৌঁছেছে।

কোন বোর্ডে চিত্র কেমন

তিন ধরনের শিক্ষা বোর্ডেই পরীক্ষায় অংশ না নেওয়া শিক্ষার্থীর হার বেড়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে নিয়মিত শিক্ষার্থীদের ৩৩ দশমিক ৪ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৪ দশমিক ৭ শতাংশ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ৫৪ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী এবার পরীক্ষার জন্য ফরম পূরণ করেননি। অর্থাৎ কারিগরি বোর্ডে নিয়মিত শিক্ষার্থীদের অর্ধেকেরও বেশি পরীক্ষার বাইরে রয়েছে।

কেন বাড়ছে ঝরে পড়া

শিক্ষা বিভাগ এখনো এ প্রবণতার নির্দিষ্ট কারণ চিহ্নিত করতে পারেনি। তবে শিক্ষা-সংশ্লিষ্টদের মতে, বাল্যবিবাহ, দারিদ্র্য, এসএসসি পাসের পর কর্মজীবনে যুক্ত হওয়া এবং পর্যাপ্ত প্রস্তুতির অভাবে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় না। ঢাকা শিক্ষা বোর্ডের আগের এক বিশ্লেষণেও দেখা গেছে, অনুপস্থিত শিক্ষার্থীদের বড় একটি অংশের বিয়ে হয়ে যাওয়াই ছিল অন্যতম কারণ। এছাড়া আর্থিক সংকট ও প্রস্তুতির ঘাটতির বিষয়ও উঠে এসেছে।

শিক্ষা মন্ত্রণালয় যা বলছে

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, নিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ না নেওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঝরে পড়া কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরীক্ষার সার্বিক প্রস্তুতি

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। ২১ কার্যদিবসে লিখিত পরীক্ষা শেষ হবে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি প্রশ্নফাঁস বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।




আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের প্রস্ততি চলছে ইরানে

আন্তর্জাতিক ডেস্কঃ চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তার মৃত্যুর পর, এবার দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় জানাজা ও দাফন প্রক্রিয়া। দীর্ঘ ছয় দিনব্যাপী এই শোকানুষ্ঠানকে ঘিরে ইরান জুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা কেবল ইরানেই সীমাবদ্ধ থাকছে না; বরং প্রতিবেশী ইরাকসহ মোট পাঁচটি প্রধান শহরে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে খামেনির জানাজার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে। সোমবার তেহরানের রাস্তায় একটি মিছিল শুরু হবে। মিছিলটি ৭ জুলাই পবিত্র শহর কোমে এবং তারপর ইরাকের নজফ ও কারবালা শহরের দিকে যাবে।

আগামী ৯ জুলাই খামেনির মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হবে তার নিজ শহর মাশহাদে। ইরান এবং ইরানের বাইরে থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ এতে অংশ নেবেন বলে তারা আশা করছেন এবং পুলিশ এই অনুষ্ঠানের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে।

রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবাসহ ৩০টিরও বেশি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে এবং ৯০টি দেশের ধর্মীয় নেতারাও এতে অংশ নেবেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চলতি মাসের শুরুতে সংসদে দেওয়া এক ভাষণে জানান, তিনিও খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দেবেন।




জুলাইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, বঙ্গোপসাগরে তিন মাসে ৬টি লঘুচাপের শঙ্কা

আবহাওয়া ডেস্কঃ বিদায়ী জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে প্রায় ৩০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে চলতি মাসে মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণের কারণে নদ-নদীর পানি বেড়ে দেশের তিন অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। 

বুধবার (১ জুলাই) আধুনিক প্রযুক্তি, আবহাওয়া বিন্যাস ও বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের আবহাওয়া মানচিত্র এবং জলবায়ু মডেল অনুসরণ করে আগামী তিন মাসের এই পূর্বাভাস দেওয়া হয়।

এতে বলা হয়, জুলাই মাসে সারাদেশের অন্যান্য বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে চট্টগ্রাম বিভাগে। জুলাইয়ে চট্টগ্রাম বিভাগে ৬৯৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দেশের প্রধান নদ-নদীর পরিস্থিতি নিয়ে আবহাওয়া অফিস জানায়, জুলাইয়ে মৌসুমি ভারী বর্ষণের কারণে নদীগুলোর পানির স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এতে উল্লেখ করা হয়, জুলাই মাসে সবচেয়ে কম বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজশাহী বিভাগে। পূর্বাভাস অনুযায়ী, জুলাইয়ে রাজশাহীতে ৩১১ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া লঘুচাপগুলোর মধ্যে এক থেকে তিনটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এই সময়ে দেশে অন্তত ১০ থেকে ১৫ দিন বজ্রপাত হতে পারে।

এর আগে, গত মাসে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১২ জুন নেত্রকোনায়, ১৭৮ মিলিমিটার। ৪ জুন যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯ জুন নরসিংদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

পরিবর্তনশীল আবহাওয়ার কারণে জুলাই মাসজুড়ে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড় ও আকস্মিক বন্যা পরিস্থিতির ওপর নজর রাখতে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।