পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনায় এবার আগেকার সব রেকর্ড ছাড়িয়েছে। মিলেছে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এছাড়াও মিলেছে বৈদেশিক মুদ্রাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার।

শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার সকাল থেকে শুরু হয় টাকা গণনা। প্রায় সাড়ে ১৩ ঘণ্টা গণনা ধরে যা চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ বলেন, ‘সকাল ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত গণনা শেষে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গেছে।’

জানা গেছে, শনিবার সকালে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে তালা খোলা হয়। একে একে ৪৩টি বড় বস্তায় ভরা হয় টাকা। এরপর টাকা গণনার জন্য বস্তাগুলো মসজিদের দোতলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বস্তা থেকে টাকা মেঝেতে ঢেলে দেওয়ার পর শুরু হয় অর্থ গণনার কাজ। যেখানে অংশ নেন পাগলা মসজিদ-সংলগ্ন মাদ্রাসার ১০৬ জন ও আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন ছাত্র। তাদের সঙ্গে দিনভর টাকা গণনা করেন রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা, পাগলা মসজিদের ৩৫ জন স্টাফ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের ১৯ জন স্টাফ। গণনা শেষে রাত সাড়ে ৮টায় চূড়ান্ত টাকার পরিমাণ ঘোষণা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ।

টাকা খোলা থেকে শুরু করে ব্যাংকে পৌঁছানো পর্যন্ত পুরো সময় সশরীর মাঠে ছিলেন জেলা প্রশাসনের ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, ৮ জন র‍্যাব সদস্য ও ২০ জন আনসার সদস্য।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, পাগলা মসজিদের প্রতি মানুষের এক গভীর আস্থা ও বিশ্বাস রয়েছে। যার প্রতিফলন দেখা যায় এই দানবাক্সগুলোয়। মানুষের এই আমানত অত্যন্ত স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে রক্ষণাবেক্ষণ করা হয়। এ ছাড়া মানুষের দান করা বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও রুপা জেলা প্রশাসনের ট্রেজারিতে সম্পূর্ণ নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

সোহানা নাসরিন আরও বলেন, এই দানের টাকা কোনো ব্যক্তিগত খাতে ব্যবহারের সুযোগ নেই। জমা করা এই বিশাল অর্থ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন ও পরিচালনায় অনুদান হিসেবে দেওয়া হয়। এর পাশাপাশি অসহায়, দরিদ্র ও জটিল রোগে আক্রান্ত মুমূর্ষু মানুষের চিকিৎসায় এবং কল্যাণে এই তহবিল থেকে বড় অঙ্কের অর্থ সহায়তা করা হয়ে থাকে।

 ্উল্লেখ্য, ৬ মাস আগের গণনায় মসজিদের ১৩ দানবাক্সে পাওয়া যায় প্রায় ১১ কোটি সাড়ে ৭৮ লাখ টাকা।




‘কোনো কিছুই অসম্ভব নয়’—আর্জেন্টিনার ম্যাচের আগে কেপ ভার্দে কোচ

ক্রীড়া ডেস্ক : স্পেন, উরুগুয়ে ও সৌদি আরব টানা তিন ম্যাচে ড্র করে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। এবার নকআউট পর্বে তাদের সামনে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিতে।

ম্যাচের আগে আত্মবিশ্বাসী কেপ ভার্দের কোচ বুবিস্তার আত্মবিশ্বাসী ঘোষণা, ‘আমাদের কাছে কোনো কিছুই অসম্ভব নয়।’

সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সংবাদ সম্মেলনে জাতীয় পতাকা গায়ে জড়িয়ে হাজির হন বুবিস্তা। আবেগঘন মুহূর্তে তিনি বলেন, ‘এই দল যা করে দেখিয়েছে, তার জন্য আমাদের নিজেদের এবং কেপ ভার্দের মানুষ গর্ব করতে পারে।’ এরপর তিনি বলেন, ‘আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে খেলতে পারাটাই আমাদের জন্য অনেক বড় গর্বের ব্যাপার।’

জনসংখ্যার দিক থেকে বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দের জনসংখ্যা পাঁচ লাখের কিছু বেশি। পশ্চিম আফ্রিকার উপকূলের এই দ্বীপদেশ ফিফা র‌্যাঙ্কিংয়ের ৬৭ নম্বর দল হলেও এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে তিন ম্যাচেই অপরাজিত থেকেছে। তাদের যাত্রা শুরু হয় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে। এরপর উরুগুয়ের সঙ্গে ২-২ এবং সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করে নকআউট নিশ্চিত করে তারা।

এবার তাদের প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে ম্যাচের ফল নিয়ে এখনই ভাবছেন না বুবিস্তা। তার কাছে সবচেয়ে বড় অর্জন বিশ্বমঞ্চে দেশের পরিচয় তুলে ধরা।

তিনি বলেন, ‘শুরু থেকেই আমাদের অন্যতম লক্ষ্য ছিল নিজেদের দেশকে পুরো বিশ্বের সামনে তুলে ধরা। এই পর্যায়ে এসে আর্জেন্টিনা আর মেসির বিপক্ষে খেলতে পারাটা আমাদের দেশের জন্য দারুণ এক ব্যাপার, ম্যাচের ফল যা-ই হোক না কেন।’

বুবিস্তার বিশ্বাস, কেপ ভার্দের এই সাফল্য বিশ্বের ছোট দেশগুলোর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার ভাষায়, ‘অবশ্যই আমরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করছি। তবে একই সঙ্গে আমরা আফ্রিকারও প্রতিনিধি। এর বাইরে, আমরা বিশ্বের সব ছোট দেশের প্রতিনিধিত্ব করছি। এটাই আমাদের মিশন। আমরা একটা উদাহরণ তৈরি করেছি যে—যদি আপনি মনোযোগ আর দৃঢ়তা নিয়ে কাজ করেন, তবে আজ হোক বা কাল, লক্ষ্যে পৌঁছাবেনই।’

গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে ওঠা কেপ ভার্দে আর্জেন্টিনার বিপক্ষে নতুন কোনো রূপকথা লিখতে পারে কি না, এখন সেটিই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।




রোনালদোই এবার বিশ্বকাপ জিতবেন: ঘানার ধর্মীয় গুরু

ক্রীড়া ডেস্ক : ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ জয় নিয়ে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার এক আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তিনি দাবি করেছেন যে, পর্তুগাল এবং ক্রিশ্চিয়ানো রোনালদো এবারের বিশ্বকাপ জয় করবেন এবং বিষয়টি নাকি ইতিমধ্যেই ‘আধ্যাত্মিক জগতে’ চূড়ান্ত হয়ে গেছে। তার এমন মন্তব্যে ফুটবল মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

নিজেকে ঘানার ঐতিহ্যবাহী পুরোহিত ও ভেষজ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেওয়া নানা কোয়াকু বোনসাম ফুটবলের দুনিয়ায় নতুন কোনো মুখ নন। এর আগে ২০১৪ সালেও তিনি রোনালদোকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই সময়ে তিনি দাবি করেছিলেন যে, ঘানার বিপক্ষে খেলার আগে পর্তুগালের এই মহাতারকা যেন মাঠে নামতে না পারেন, সেজন্য তিনি জাদুর মাধ্যমে তাকে চোটগ্রস্ত করার চেষ্টা করেছিলেন। যদিও এসব দাবির পক্ষে কোনো বাস্তব প্রমাণ কখনোই পাওয়া যায়নি, তবুও তার এমন অদ্ভুত ভবিষ্যদ্বাণী প্রায়শই সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

সাম্প্রতিক এই ভবিষ্যদ্বাণীর ঠিক কয়েক দিন আগেই নানা কোয়াকু বোনসাম শিরোনামে এসেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনকে নিয়ে মন্তব্য করে। ঘানার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন যে, তিনি হ্যারি কেনের ওপর জাদু করছেন যাতে সে ভালো পারফর্ম করতে না পারে। পরবর্তীতে ম্যাচটি গোলশূন্য ড্র হলে তার এই মন্তব্য নতুন করে আলোচনার খোরাক জোগায়। তবে এবার তিনি হ্যারি কেনের প্রতি নমনীয়তা দেখিয়ে জানিয়েছেন যে, তার সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই এবং তিনি তাকে ‘মুক্ত’ করে দিয়েছেন যাতে পরের ম্যাচে কেন গোল করতে পারেন।

নানা কোয়াকু বোনসামের এমন মন্তব্য ফুটবল প্রেমীদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। একদিকে যখন ভক্তরা রোনালদোর শেষ বিশ্বকাপে ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন, অন্যদিকে এই আধ্যাত্মিক ব্যক্তিত্বের দাবি পুরো বিষয়টিকে এক ভিন্ন ও রহস্যময় আলোচনার দিকে নিয়ে গেছে। যদিও তার ভবিষ্যদ্বাণীকে ভিত্তিহীন হিসেবেই দেখছেন অধিকাংশ ফুটবল বিশ্লেষক, তবুও নানা কোয়াকু বোনসামের এই অদ্ভুত ভবিষ্যদ্বাণী ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে।




ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন প্রবেশ নির্দেশনা জারি করেছে ভারত। এখন থেকে বিশ্বের যেকোনো দেশ থেকে ভারতে ভ্রমণকারী সব আন্তর্জাতিক যাত্রীকে ফ্লাইটে ওঠার আগে অনলাইনে স্বাস্থ্য ঘোষণাপত্র পূরণ করতে হবে।

ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ জুন থেকে কার্যকর হওয়া নতুন নিয়মের আওতায় চালু হয়েছে স্পর্শহীন ডিজিটাল প্ল্যাটফর্ম এয়ার সুবিধা ২.০। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মধ্য আফ্রিকায় ইবোলা প্রাদুর্ভাবকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের যেকোনো দেশ থেকে ভারতে যাওয়া সব আন্তর্জাতিক যাত্রীকে যাত্রার ২৪ ঘণ্টা আগে নির্ধারিত অনলাইন পোর্টালে স্বাস্থ্য ঘোষণাপত্র পূরণ করতে হবে। বিমানবন্দরে অতিরিক্ত ঝামেলা এড়াতে ওয়েব চেকইনের সময়ই ফর্মটি পূরণ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এই ঘোষণাপত্রে গত ২১ দিনের ভ্রমণ ইতিহাস, ইবোলা আক্রান্ত এলাকায় সফরের তথ্য এবং জ্বর, শরীরব্যথা বা রক্তপাতের মতো উপসর্গ আছে কি না তা উল্লেখ করতে হবে। ভারতে পৌঁছানোর পর আলাদা কোনো কাগজপত্র পূরণ করতে হবে না। অনলাইনে পূরণ করা ঘোষণাপত্রই ইমিগ্রেশন কাউন্টারে দেখাতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ঝুঁকিপূর্ণ যাত্রীদের তথ্য তাৎক্ষণিকভাবে বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা এবং ইমিগ্রেশন বিভাগের কাছে পৌঁছে যাবে।

ভারত সরকারের এই পদক্ষেপের পেছনে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৭ মে দেওয়া সতর্কতা। সংস্থাটি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের বিষয় হিসেবে চিহ্নিত করে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা জারি করে। এবারের সংক্রমণ ইবোলার বিরল ধরন বুন্দিবুগিও ভাইরাসজনিত রোগের কারণে ছড়াচ্ছে, যার জন্য এখনো অনুমোদিত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।

ডিআরসি, উগান্ডা এবং সীমান্তবর্তী দক্ষিণ সুদানসহ ঝুঁকিপূর্ণ দেশে ভ্রমণের ইতিহাস থাকলে ভারতে পৌঁছে যাত্রীদের অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত পাঁচ দশকে আফ্রিকায় ইবোলা সংক্রমণে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সংস্পর্শে এলে এই ভাইরাস ছড়ায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস পরিস্থিতিকে উদ্বেগজনক হলেও নিয়ন্ত্রণযোগ্য বলে উল্লেখ করেছেন। তিনি দ্রুত সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেছেন। সংস্থাটি এবং আফ্রিকান সিডিসি আগামী ছয় মাসের জন্য যৌথভাবে ৫১৮ মিলিয়ন ডলারের তহবিলও ঘোষণা করেছে।

ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড জানিয়েছে, যাত্রী ও বিমানবন্দর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কন্টাক্টলেস এই ডিজিটাল নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে।

সূত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস




যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’

বিনোদন ডেস্ক : দেশের প্রেক্ষাগৃহে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ানোর পর এবার যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করলো ঈদে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ‘রইদ’।

উত্তর আমেরিকার দর্শকদের জন্য শুক্রবার (২৬ জুন) থেকে যুক্তরাষ্ট্রের ২০টি অঙ্গরাজ্যের ৩১টি শহরে একযোগে মুক্তি পেল সিনেমাটি। আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস জানিয়েছে, এই প্রদর্শনীর মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিদেশি দর্শকরাও সিনেমাটি দেখার সুযোগ পাবেন।

পরিচালক মেজবাউর রহমান সুমন নির্মিত ‘রইদ’ গত কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির কয়েক সপ্তাহ পরও দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে ছবিটির প্রদর্শনী চলছে।

সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।

এর আগে গত ৫ জুন অস্ট্রেলিয়ায় ‘রইদ’-এর প্রদর্শনী শুরু হয়। যুক্তরাষ্ট্রে মুক্তির মাধ্যমে সিনেমাটির আন্তর্জাতিক প্রদর্শনীর পরিধি আরও বিস্তৃত হলো।




দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজঃ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা ও মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এর আগে শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে সরকারপ্রধান ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে স্থানীয় সময় বিকাল ৫টায় (বাংলাদেশ সময় ৩টা) চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটে তারা বেইজিং তাসিং বিমানবন্দর ত্যাগ করেন।

উল্লেখ্য-গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ২২ জুন তিনি চীন সফরে যান।




গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইলিয়াস আহম্মেদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, মামলার আসামি হয়েও গুরুত্বপূর্ণ পদে

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের এক প্রভাবশালী কর্মকর্তা ইলিয়াস আহম্মেদ। সরকারি দায়িত্বে থেকেই ঘুষ, কমিশন, অনিয়ম ও অর্থ পাচারের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক বনে গেছেন তিনি এমনই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বর্তমানে তিনি সিলেট গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত। অথচ তার বিরুদ্ধে দায়ের রয়েছে একটি ফৌজদারি মামলা (সি.আর নং১১৮/২০২৫), যেখানে তিনি ১১০ নম্বর আসামী।

মামলাটি দণ্ডবিধির ১৪৭/১৪৮/৩২৬/৩০৭/৫০৬/৩৪ ধারায় চলমান। অভিযোগ রয়েছে-একজন মামলার আসামী ও দুর্নীতির অভিযুক্ত কর্মকর্তা হয়েও তিনি এখনও গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল আছেন। সরকারি চাকরি বিধি অনুযায়ী অভিযুক্ত ও আদালতে চলমান মামলার কর্মকর্তা সাধারণত প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত থাকেন; কিন্তু ইলিয়াস আহম্মেদ তার ব্যতিক্রম। ইলিয়াস আহম্মেদ ২০১৫ সাল থেকে ঢাকার বিভিন্ন গণপূর্ত বিভাগে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক নথি অনুসারে, তার চাকরির সময়সূচি নিম্নরূপ: ২২ এপ্রিল ২০১৫: ঢাকা গণপূর্ত বিভাগ-২, ২৩ ফেব্রুয়ারি ২০১৬: নড়াইল গণপূর্ত বিভাগ, ১৮ জানুয়ারি ২০১৭: ঢাকা বিভাগ-২

১৮ ডিসেম্বর ২০১৭: আজিমপুর গণপূর্ত বিভাগ, ২৬ সেপ্টেম্বর ২০২৩: তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গণপূর্ত সার্কেল-১, ৩০ সেপ্টেম্বর ২০২৩: তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গণপূর্ত সার্কেল, সিলেট ঢাকায় প্রায় এক যুগ দায়িত্ব পালনের সময় তিনি বিতর্কিত ঠিকাদার জি.কে. শামীমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন বলে সূত্র জানায়। এক সময় জিকে শামীমের সঙ্গে সরকারি কাজের “কমিশন বাণিজ্য” এবং “চুক্তি বণ্টনের কারসাজি” নিয়ে গণপূর্তের অভ্যন্তরে আলোচনা তৈরি হয়। জিকে শামীম-সংযোগে বিতর্ক : ২০১৯ সালে জিকে শামীমের বিরুদ্ধে অর্থপাচার ও চাঁদাবাজির মামলার পর গণপূর্ত অধিদপ্তরের একাধিক কর্মকর্তা অভিযুক্ত হন। ইলিয়াস আহম্মেদ সরাসরি অভিযুক্ত না হলেও, তার নাম শামীমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে একাধিক প্রতিবেদনে উঠে আসে। একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ইলিয়াস ঢাকায় জিকে শামীমের মাধ্যমে ঠিকাদার নিয়োগ ও কাজ বণ্টনে প্রভাব খাটাতেন। সরকারি নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও বিল ছাড়ের বিনিময়ে মোটা অঙ্কের কমিশন নেওয়া ছিল প্রকাশ্য গোপন খবর।

আজিমপুর গণপূর্তে শিশু জিহাদ মৃত্যুর ঘটনা : ইলিয়াস আহম্মেদের নাম আলোচনায় আসে আজিমপুর গণপূর্ত বিভাগের একটি মর্মান্তিক ঘটনায়। ২০১৯ সালের শেষের দিকে আজিমপুরের পিলখানা উপবিভাগের কাজের সময় শিশু জিহাদের মৃত্যু ঘটে। এ ঘটনায় অবহেলা ও নির্মাণ ত্রুটির অভিযোগ ওঠে সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ইলিয়াস আহম্মেদ নিহত শিশুর পরিবারকে মোটা অঙ্কের টাকা দিয়ে এবং শিশুর ভাই গোলজারকে গণপূর্ত বিভাগে পিয়ন পদে চাকরি দিয়ে বিষয়টি “মীমাংসা” করে ফেলেন। সেই ঘটনায় প্রশাসনিক তদন্ত হলেও, শেষ পর্যন্ত তিনি কোনোরূপ শাস্তি এড়িয়ে যান। আজিমপুর বিভাগের অধীনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্পে ইলিয়াস আহম্মেদের বিরুদ্ধে ঠিকাদার পল্টন দাসের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে।

প্রকল্পটির ব্যয় ছিল প্রায় ১২০ কোটি টাকা। অভিযোগ অনুযায়ী, তিনি “পছন্দের ঠিকাদার” বেছে নিয়ে কাজ দেন এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিনিময়ে প্রতি ফ্ল্যাটে ৫৭ লাখ টাকা করে কমিশন গ্রহণ করেন। একজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ইলিয়াস স্যার চুক্তি অনুমোদনের আগে ৫ শতাংশ কমিশন দাবি করতেন। কাজের বিল ছাড় করতে চাইলে আরও ২ শতাংশ দিতে হতো। এই ঘুষ বাণিজ্যে তার নিকট আত্মীয়রাও যুক্ত ছিল। অভিযোগ রয়েছে, তার আপন ভাইকে ঠিকাদার বানিয়ে তিনি গণপূর্তের বিভিন্ন প্রকল্পে কাজ পাইয়ে দেন এবং কমিশনের ভাগ নিতেন। অবৈধ সম্পদের পাহাড়- দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে ইলিয়াস আহম্মেদ দেশের ভেতর ও বাইরে বিপুল সম্পদ গড়ে তুলেছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।

তাদের ভাষায়-ঢাকার ধানমন্ডিতে দুটি বিলাসবহুল ফ্ল্যাট, নিজ জেলা বরিশালে কোটি টাকায় নির্মিত একটি মসজিদ, বিদেশের মাটিতে দোতলা একটি বাড়ি, এবং ব্যাংক ও আত্মীয়দের নামে বিপুল অর্থের জমা- সবই তার অবৈধ উপার্জনের ফল। এছাড়া ঢাকার অভিজাত হোটেলে ঠিকাদারদের সঙ্গে বিলাসবহুল আসর ও পার্টিতে অংশ নেওয়া, মদ্যপান ও নারীসঙ্গের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। একজন সাবেক কর্মকর্তা বলেন, “তিনি নিয়মিতভাবে হোটেল র‌্যাডিসন ও সোনারগাঁওয়ে ঠিকাদারদের নিয়ে ‘গেট টুগেদার’ আয়োজন করতেন। সেখানে বিলাসিতা ছিল চোখে পড়ার মতো।” বৈষম্যবিরোধী আন্দোলনে বিতর্কিত ভূমিকা : ২০২৫ সালের জুলাই মাসে ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার পেছনে অর্থ সহায়তার অভিযোগ ওঠে ইলিয়াস আহম্মেদের বিরুদ্ধে। অভিযোগ আছে, তিনি সরকারপন্থী একটি গোষ্ঠীর হয়ে “ছাত্রসংগঠনের কার্যক্রমে অর্থ সরবরাহ” করেন। এ ঘটনায় সি.আর মামলা নং ১১৮/২০২৫এ তিনি ১১০ নম্বর আসামী হন। তবে মামলার তদন্ত শেষ না হলেও তাকে সিলেট সার্কেলে পদায়ন করা হয়।

সিলেটে যোগদানের পরও ইলিয়াস আহম্মেদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্র জানায়, তিনি দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকটি সরকারি নির্মাণ কাজে ‘নিজস্ব ঠিকাদার’ নিয়োগ দেন। এমনকি নতুন প্রজেক্ট অনুমোদনের ক্ষেত্রেও “কমিশন ছাড়া কোনো কাজ না হওয়া”এমন অভিযোগ স্থানীয় ঠিকাদারদের মুখে শোনা যায়। তাদের ভাষায়, “স্যার এখন সিলেটেও সেই পুরনো পদ্ধতিই চালু রেখেছেন। আগে কমিশন, পরে অনুমোদন। জনমনে প্রশ্ন-একজন অভিযুক্ত কর্মকর্তা কীভাবে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বহাল থাকতে পারেন? প্রশাসনিকভাবে এমন কর্মকর্তা বরখাস্ত বা ওএসডি হওয়ার কথা থাকলেও ইলিয়াস আহম্মেদ বরং পদোন্নতি পেয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক সাবেক কর্মকর্তা বলেন, “সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে সাধারণত বিভাগীয় তদন্ত হয়। কিন্তু প্রভাবশালী কর্মকর্তারা রাজনৈতিক ছত্রছায়ায় থেকে তা এড়িয়ে যান।”

ইলিয়াস আহম্মেদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। সূত্র অনুযায়ী, তিনি মালয়েশিয়া ও দুবাইতে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা স্থানান্তর করেছেন। তার এক সহকর্মী জানান, “তিনি প্রায়ই বিদেশ সফরের নামে ভ্রমণ করতেন। সন্দেহ করা হয়, সেই সময় তিনি বিদেশে টাকা স্থানান্তর করেছেন।”যদিও এসব তথ্যের কোনো সরকারি স্বীকৃতি এখনো পাওয়া যায়নি। ইলিয়াস আহম্মেদের মতো বিতর্কিত কর্মকর্তা গণপূর্ত অধিদপ্তরের ভাবমূর্তি নষ্ট করছেন বলে অভিযোগ উঠেছে। একজন সিনিয়র প্রকৌশলী বলেন, “যখন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তারা পদোন্নতি পান, তখন সৎ কর্মকর্তারা নিরুৎসাহিত হন। ইলিয়াসের মতো কর্মকর্তাদের জন্যই সাধারণ মানুষ গণপূর্তকে দুর্নীতির কেন্দ্র বলে মনে করে। অভিযোগগুলোর বিষয়ে জানতে ইলিয়াস আহম্মেদের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।




সমীকরণ মিললে ফাইনালের আগেই মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্কঃ ২০২৫ সালের ৫ ডিসেম্বর বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই জমে উঠেছে টুর্নামেন্ট ঘিরে আলোচনা। বাংলাদেশের ফুটবল সমর্থকদের সবচেয়ে বেশি নজর থাকে ব্রাজিল ও আর্জেন্টিনার ওপর। বিশ্বকাপে দুই দলের সম্ভাব্য সাক্ষাৎ মানেই বাড়তি উত্তেজনা, সমর্থকদের কথার লড়াই এবং উৎসবের আমেজ। এবারের আসরে সেই রোমাঞ্চকর দ্বৈরথের সম্ভাবনা উঁকি দিচ্ছে।

ফিফা যখন গত বছরের ডিসেম্বরে সূচি ঘোষণা করে, তখনই ধারণা পাওয়া যায় ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হতে পারে ২০২৬ ফুটবল বিশ্বকাপে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশে উঠলেই একে অপরের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তখন হিসাব করে বের করা হয়। লাতিন আমেরিকার দল দুটি এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে। যদি শেষ বত্রিশ থেকে লাগাতার ম্যাচ জিততে পারে, তাহলে দল দুটি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ব্রাজিল-আর্জেন্টিনা সেমি।

মায়ামিতে গতকাল স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিল ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। নকআউটে তাদের প্রতিপক্ষও ঠিক হয়েছে। ২৯ জুন হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ব্রাজিল-জাপান শেষ বত্রিশের ম্যাচ। অন্যদিকে আর্জেন্টিনার গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি। পরশু ডালাসে বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ। তবে আলজেরিয়া, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দুটি জিতে আলবিসেলেস্তেরা ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে।

শেষ বত্রিশে আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল। আগামীকাল ভোরে হতে যাওয়া স্পেন-উরুগুয়ে, কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচের দিকে তাই বিশেষ চোখ থাকছে আর্জেন্টিনার সমর্থকদের। শেষ বত্রিশের বাধা টপকাতে পারলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া অথবা বেলজিয়াম। আর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ পর্তুগাল। শেষবারের মতো বিশ্বকাপে খেলতে নামা লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো মুখোমুখি হতে পারেন শেষ আটেই।

বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের পথ মোটেও সহজ নয়। প্রথমে শেষ বত্রিশে জাপানকে হারাতে হবে। এরপর শেষ ষোলোতে সম্ভাব্য প্রতিপক্ষ নরওয়ে, ফ্রান্স বা অন্য কোনো দল। কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে অপেক্ষা করতে পারে ইংল্যান্ড। তবে ব্রাজিল ও আর্জেন্টিনা যদি নিজেদের প্রথম তিনটি নকআউট ম্যাচে জয় পায়, তাহলে সেমিফাইনালে হতে পারে বহুল প্রতীক্ষিত মহারণ।

ফুটবল বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত চারবার একে অপরের মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, যারা জিতেছে দুটি ম্যাচ। আর্জেন্টিনার জয় একটি, আর একটি ম্যাচ ড্র হয়েছে। সবশেষ ১৯৯০ সালের বিশ্বকাপে দুই দলের লড়াইয়ে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা।




মোঃ শিহাব উদ্দিনের জন্মদিন উপলক্ষে মিরপুর প্রেস ক্লাবে আনন্দঘন আয়োজন

নিজস্ব প্রতিবেদকঃ মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিনের শুভ জন্মদিন উপলক্ষে ২৬ জুন ২০২৬, শুক্রবার এক আনন্দঘন ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।

জন্মদিনের কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মোঃ শিহাব উদ্দিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ও দৈনিক পাঞ্জেরীর সম্পাদক তালুকদার রুমি বলেন, “শিহাব উদ্দিন শুধু একজন সাংবাদিক নন, তিনি একজন মানবিক মানুষ। সাংবাদিক সমাজের কল্যাণে তাঁর অবদান প্রশংসার দাবিদার। তাঁর জন্মদিনে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

মিরপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম বদরুল আলম তাঁর বক্তব্যে বলেন, “শিহাব উদ্দিন সাংবাদিকতার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর জন্য সুপরিচিত। আমরা তাঁর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করি।”

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবেগঘন বক্তব্যে মোঃ শিহাব উদ্দিন বলেন, “আজ কেউ সাংবাদিক নয়, আজ সবাই আমার ভাই-বোন। আমি এমন ভালোবাসা আগে কখনও পাইনি। আপনাদের এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন আমার এই প্রিয় ভাই-বোনদের হৃদয়ে ধারণ করে রাখব।”

তিনি আরও বলেন, “মানুষের ভালোবাসাই একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ। আজকের এই আয়োজন আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও দৈনিক পাঞ্জেরীর সম্পাদক তালুকদার রুমি, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম বদরুল আলম, সাধারণ সম্পাদক ও দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, মিরপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, মেসেজ স্টুডেন্ট সম্পাদক সাইফুল ইসলাম, ঢাকার আলোর সম্পাদক সাংবাদিক সুমন খান, ডিএস টিভির সম্পাদক শফিকুল ইসলাম সাইমন, মিরপুর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ডা. খোরশেদ আলম শাকিল, সারোয়ার আলম, রিয়া মনি, শানু আক্তার, ডালিয়া মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ, মিরপুর কেপটা ক্লাবের সহ-সভাপতি ও গ্রিন টিভির সিনিয়র রিপোর্টার খাইরুল ইসলাম, দপ্তর সম্পাদক এম এ গফফার, সহ-দপ্তর সম্পাদক এম এ মালিক, সদস্য ফিরোজ আল মামুন, মানজারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক দুলাল হোসেন, মিরপুর প্রেস ক্লাবের অন্যতম সদস্য সিরাজ উদ্দিন ভূঁইয়াসহ অসংখ্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মী।

অনুষ্ঠান শেষে জন্মদিনের কেক কাটা হয় এবং উপস্থিত সকলের মাঝে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। আনন্দ, উচ্ছ্বাস ও ভ্রাতৃত্বের বন্ধনে ভরপুর এই আয়োজন উপস্থিত সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন অতিথিরা।




দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা

আবহাওয়া ডেস্কঃ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা জানায় আবহাওয়া অধিদফতর।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া রাজশাহী, পাবনা ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বোচ্চ বৃষ্টি ঝরেছে সিলেটে ৭৩ মিলিমিটার।