পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্তে পুশ-ইনের কারণে শূন্যরেখায় অবস্থানরত মানুষের মানবাধিকার ও মর্যাদা রক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে গঠনমূলক আলোচনা অপরিহার্য বলে মনে করে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের পক্ষে অবস্থানের কথা জানিয়েছেন মুখপাত্র স্টিফেন ডুজারিক।

বৃহস্পতিবার (১৮ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই আলোচনার আহ্বান জানান।

এদিন সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়, সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত নারী ও শিশুরা মানবেতর জীবনযাপন করছেন। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের অবস্থান কী?

জবাবে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, সীমান্তে অবস্থানরত মানুষের মানবাধিকার ও মর্যাদা রক্ষায় ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা প্রয়োজন।

এ বিষয়ে উভয় পক্ষকে সংলাপের মাধ্যমে সমাধানের পথ খুঁজে নেওয়ার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ–ভারত সীমান্তে সাম্প্রতিক সময়ে ‘পুশইন’ ইস্যু নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন সময় অভিযোগ উঠেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পরিচয় যাচাই ছাড়াই কিছু মানুষকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে, যাদের অনেকেই সীমান্ত এলাকায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।




লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় বাড়ছে মৃত্যুর সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় দিন দিন প্রাণহানির সংখ্যা বাড়ছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৩৯১২ জন মারা গেছেন। এছাড়াও ইসরায়েলি হামলায় ১১ হাজার ৮৭৩ জন আহত এবং ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বৃহস্পতিবার দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের সর্বশেষ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। নিহতদের মধ্যে শত শত শিশু, নারী এবং স্বাস্থ্যকর্মী রয়েছেন।

এদিকে, সব ফ্রন্টে যুদ্ধ অবসানের লক্ষ্যে আগামীকাল শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। তবে তা সত্ত্বেও ইসরায়েলি বিমান হামলা এবং কামান থেকে দক্ষিণ লেবাননের শহরগুলোকে লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রয়েছে।

সূত্র : আল-জাজিরা।




বাজেটে অভিযোজন খাতে জলবায়ু ব্যয়ের ৭৫ শতাংশ বরাদ্দ

ডেস্ক নিউজ : ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জলবায়ু অভিযোজন খাতে ৩৮ হাজার ৯০৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ। এই বরাদ্দ মোট জলবায়ু-সংক্রান্ত ব্যয়ের ৭৫.২ শতাংশ। বাংলাদেশ জলবায়ু বাজেট প্রতিবেদন ২০২৬-২৭- এ তথ্য উঠে এসেছে।

এ বরাদ্দের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা এবং বন্যা ব্যবস্থাপনা, পানি সম্পদ উন্নয়ন, উপকূলীয় সুরক্ষা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু-সহনশীল কৃষি ও জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বিনিয়োগের ওপর সরকারের বিশেষ গুরুত্ব প্রতিফলিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জলবায়ু-সংশ্লিষ্ট ব্যয়ের সবচেয়ে বড় অংশই অভিযোজন খাতে যাচ্ছে। এর মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পাশাপাশি জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের অগ্রাধিকার স্পষ্ট হয়েছে।

অভিযোজন খাতের ব্যয়ের একটি বড় অংশ দেশীয় উৎস থেকে অর্থায়ন করা হচ্ছে। প্রায় ৭০ শতাংশ অভিযোজন প্রকল্প বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছে, যা জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং জলবায়ুজনিত ঝুঁকি কমাতে সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগ, কৃষি এবং পানি সম্পদ মন্ত্রণালয় জলবায়ু ব্যয়ের প্রধান প্রাতিষ্ঠানিক চালিকাশক্তি। এ তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে দেশের মোট জলবায়ু-সংশ্লিষ্ট ব্যয়ের ৫৩ শতাংশের বেশি পরিচালনা করছে, যা অভিযোজনমূলক কর্মসূচি বাস্তবায়নে তাদের কেন্দ্রীয় ভূমিকার ইঙ্গিত দেয়।

তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু-সহনশীল কৃষি উদ্যোগ, স্থানীয় পর্যায়ের অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ুজনিত ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষার বিভিন্ন ব্যবস্থা।

‘বাংলাদেশ ক্লাইমেট বাজেট রিপোর্ট ২০২৬-২৭’-এর ভূমিকায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশের উন্নয়ন ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় জলবায়ু অর্থায়নের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ বর্তমানে এমন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে জলবায়ু ঝুঁকি এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অভিযাত্রা এক বিন্দুতে মিলিত হয়েছে।

এ প্রেক্ষাপটে জলবায়ু অর্থায়ন শুধু সহায়তার উৎস নয়; বরং এটি সহনশীলতা, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়ার অন্যতম প্রধান চালিকাশক্তি।

অভিযোজনকেন্দ্রিক এ বরাদ্দ ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বর্ণিত সরকারের বৃহত্তর নীতিগত অগ্রাধিকারের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

গত ১১ জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন।

বাজেট বক্তৃতায় তিনি জলবায়ু সহনশীলতা এবং পরিবেশ ব্যবস্থাপনাকে দেশের অন্যতম প্রধান কৌশলগত অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘জাতীয় বাজেট ১০টি কৌশলগত অগ্রাধিকারকে কেন্দ্র করে প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে জীবন, প্রকৃতি, পরিবেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশকে রক্ষা করা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি টেকসই, সবুজ, জলবায়ু-সহনশীল ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা অন্যতম।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।’

অভিযোজন খাতে বরাদ্দ এ নীতিগত লক্ষ্য বাস্তবায়নেরই প্রতিফলন, যেখানে জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বিবেচিত বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়েছে। বিশেষ করে বন্যা ব্যবস্থাপনা ও পানি সম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যাতে জলবায়ুজনিত পানিসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের সক্ষমতা বাড়ে।

পানি সম্পদ ব্যবস্থাপনা ও অভিযোজন বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘সেচ, বন্যা ব্যবস্থাপনা, নদীভাঙন প্রতিরোধ, ভূমি পুনরুদ্ধার, জলাবদ্ধতা নিরসন, লবণাক্ততা নিয়ন্ত্রণ এবং টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে সরকার প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করছে।’

জলবায়ু বাজেটে বন্যা নিয়ন্ত্রণ, সেচ, নদীতীর সংরক্ষণ এবং সংশ্লিষ্ট কার্যক্রমের ওপর যে গুরুত্ব দেওয়া হয়েছে, তা চলমান উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

দুর্যোগ ঝুঁকি হ্রাসও অভিযোজন ব্যয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। প্রতিবেদনে উপকূলীয় সুরক্ষা ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকে জলবায়ু অর্থায়নের প্রধান খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার লক্ষ্য জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রস্তুতি ও সহনশীলতা বৃদ্ধি করা।

অর্থমন্ত্রী এ প্রসঙ্গে বাজেট বক্তৃতায় বলেন, ‘তাই সরকার টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে অধিক গুরুত্বারোপ করেছে।’

অভিযোজন কৌশলের আওতায় জলবায়ুর প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিও অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে তারা পরিবেশগত অভিঘাত মোকাবিলা করতে পারে।

বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে, যেখানে জলবায়ুজনিত ঝুঁকি এখনও বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। উপকূলীয় সুরক্ষায় জলবায়ু বাজেটের অগ্রাধিকার সরকারের বৃহত্তর উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার লক্ষ্য এসব অঞ্চলের মানুষের জীবন, জীবিকা ও অবকাঠামো রক্ষা করা।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ভারসাম্যপূর্ণ উন্নয়ন কৌশল গ্রহণ করা হয়েছে। মধ্য ও দীর্ঘমেয়াদে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাব মোকাবিলায় টেকসই বাঁধ, নদীতীর সংরক্ষণ প্রকল্প এবং ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।’

বন্যা ব্যবস্থাপনা, পানি সম্পদ, উপকূলীয় সুরক্ষা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু-সহনশীল কৃষি এবং সামাজিক সুরক্ষাকে বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বৃদ্ধির প্রধান উপাদান হিসেবে বিবেচনা করছে সরকার। আর জলবায়ুসংশ্লিষ্ট মোট ব্যয়ের তিন-চতুর্থাংশেরও বেশি অভিযোজন খাতে বরাদ্দ এবং এর বড় অংশ দেশীয় অর্থায়নে বাস্তবায়নের মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরের জলবায়ু বাজেট এটাই স্পষ্টভাবে ফুটে উঠেছে।




সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

ডেস্ক নিউজ : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ আর নেই।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
হারুন-অর-রশিদ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং শেষ সময়ে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, অ্যাডভোকেট হারুন-অর-রশিদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বিএনপি ও ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, অ্যাডভোকেট হারুন-অর-রশিদ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন প্রবীণ নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয় সংসদ সদস্য, একাধিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সংসদের গুরুত্বপূর্ণ পদধারী এবং দলের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন। পরবর্তীতে তিনি ওই আসনের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেন।

রাজনৈতিক জীবনে তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে দলের যুগ্ম মহাসচিবের দায়িত্বও পালন করেছিলেন। পাশাপাশি দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে জেলার দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সংসদ সদস্য থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া জাতীয় সংসদের প্রধান হুইপ, ফিন্যান্সিয়াল অ্যাডভাইজরি কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছিলেন।

পেশাগত জীবনে তিনি একজন আইনজীবী ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার আদালত অঙ্গনে আইন পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করে ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র, ভোটাধিকার ও দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার জন্য তিনি নেতাকর্মীদের কাছে একজন অভিভাবকতুল্য নেতা হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মরহুম অ্যাডভোকেট হারুন-অর-রশিদের জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।




দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান, জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা

বিনোদন ডেস্ক : মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বৃহস্পতিবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্তদের এ দুঃসংবাদ দিলেন তিনি।

পোস্টে জোভান লিখেন, কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক এক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।

দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, রাস্তায় আমরা অনেক সময় ভাবি, আরেকটু স্পিডে গেলে কী হবে? বা আমি তো ভালোই চালাই। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে-তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।

বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করার পরামর্শ দিয়ে অভিনেতা বলেন, ট্রাফিক আইন মেনে চলুন। কারণ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো।

সবশেষ গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এই অভিনেতা।

অভিনেতার এই পোস্টে তার ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে মন্তব্য করছেন।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ফারহান আহমেদ জোভান। বিভিন্ন সময় ব্যক্তিগত অভিজ্ঞতা ও সচেতনতামূলক বার্তা শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।




বৈরি আবহাওয়া এড়াতে আইপিএল এগিয়ে আনতে চায় বিসিসিআই

ক্রীড়া ডেস্ক : অতিরিক্ত গরম ও বৃষ্টির কারণে ম্যাচ আয়োজনের জটিলতা কমাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আগেভাগে শুরু করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংস্থার সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, ২০২৭ মৌসুম থেকে টুর্নামেন্টের সময়সূচিতে বড় পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় রয়েছে।

বর্তমানে সাধারণত মার্চের শেষ সপ্তাহে আইপিএল শুরু হয়ে মে মাসের শেষ দিকে শেষ হয়। তবে নতুন পরিকল্পনায় ১০ মার্চ থেকে ১৫ মে’র মধ্যে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে, যাতে শেষ পর্যায়ের ম্যাচগুলোতে বৃষ্টি বা প্রাক-বর্ষার প্রভাব না পড়ে।

এর আগে ২০২৪ সালে ২০২৭ পর্যন্ত আইপিএলের জন্য উইন্ডো নির্ধারণ করা হয়েছিল, যেখানে আসরটি ১৪ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত আয়োজনের কথা বলা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে আবহাওয়ার কারণে ম্যাচ বিঘ্নিত হওয়ায় নতুন করে সময়সূচি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সাইকিয়া বলেন, শুধু বৃষ্টি নয়, তীব্র গরমও খেলোয়াড় ও দর্শকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই তুলনামূলকভাবে ঠান্ডা সময়ে টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে গেমস ডেভেলপমেন্ট বিভাগের সাবেক পেসার আবে কুরুভিলাকে সম্ভাব্য নতুন উইন্ডো খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে আইপিএলের ফরম্যাট ও ম্যাচ সংখ্যা নিয়েও ভবিষ্যতে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সাইকিয়া। তবে বর্তমান আন্তর্জাতিক সূচি বিবেচনায় তাৎক্ষণিকভাবে বড় পরিবর্তন কঠিন বলেও তিনি স্বীকার করেছেন।




গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

ক্রীড়া ডেস্ক : ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন চিকিৎসকরা। ডান পায়ের কাফে গ্রেড-২ চোটে পড়া এই ফুটবলার ধীরে ধীরে সেরে উঠলেও ম্যাচে ফেরার জন্য এখনও প্রয়োজন সময়।

দলের চিকিৎসক রদ্রিগো লাসমার আগেই জানিয়েছিলেন, এমন চোট থেকে সেরে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। সেই সময়সীমা মেনেই এগোচ্ছেন নেইমার। ইতোমধ্যে তিনি হালকা অনুশীলনে ফিরেছেন এবং ধাপে ধাপে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।

বর্তমানে তিনি ফিটনেসের প্রাথমিক ধাপে আছেন, যেখানে হালকা দৌড়, স্প্রিন্ট ও বলের সঙ্গে সীমিত অনুশীলন করছেন। চিকিৎসাবিজ্ঞানের নিয়ম অনুযায়ী, পুরোপুরি ম্যাচ ফিট হতে হলে তাকে আরও কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে—যার মধ্যে রয়েছে উচ্চগতির নড়াচড়া, কৌশলগত অনুশীলন এবং দলীয় সেশনে পূর্ণ অংশগ্রহণ।

চিকিৎসকদের হিসাব অনুযায়ী, সবকিছু অনুকূলে থাকলে আগামী ৯ দিনের মধ্যে তিনি মাঠে ফেরার ছাড়পত্র পেতে পারেন। তবে সতর্ক হিসেবে এই সময়সীমা ২৪ দিন পর্যন্ত গড়াতে পারে।

এই হিসেবে গ্রুপ পর্বে নেইমারকে পাওয়ার সম্ভাবনা কম, তবে নকআউট পর্ব বিশেষ করে শেষ ষোলো বা কোয়ার্টার ফাইনালে তাকে দেখা যেতে পারে।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ও তার কোচিং স্টাফ নেইমারের ক্ষেত্রে কোনো ঝুঁকি নিতে রাজি নন। তাই পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তাকে মাঠে নামানোর পরিকল্পনা নেই।




ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করা আসলেই সঠিক সিদ্ধান্ত ছিল কি না, তা নিয়ে খোদ ইসরায়েলের ভেতরেই তীব্র বিতর্ক ও প্রশ্ন দেখা দিয়েছে। দেশটির একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা মন্তব্য করেছেন, যুদ্ধের রাজনৈতিক পরিণতি যদি আগে থেকে জানা থাকত, তবে এই অভিযান শুরু করার বিষয়টি অত্যন্ত সন্দেহজনক হতো। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘আই-২৪ নিউজ’-এ দেওয়া ওই কর্মকর্তার এমন বক্তব্য দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর অভ্যন্তরীণ চাপ আরও বাড়িয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে ক্ষোভ ও সমালোচনা তীব্র হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে ইরান একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ পাচ্ছে। এটাই ইসরায়েলের জন্য বড় কৌশলগত পরাজয়। দেশটির প্রবীণ সামরিক সাংবাদিক অ্যালন বেন ডেভিড এই চুক্তিকে ইসরায়েলের জন্য একটি ‘নাটকীয় ও সুদূরপ্রসারী’ ধাক্কা হিসেবে বর্ণনা করেছেন, যা আগামী প্রজন্মের ওপর প্রভাব ফেলবে।

তবে ঘরে-বাইরে তীব্র সমালোচনার মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নস্যাৎ করা এবং ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করাই ছিল তাঁর জীবনের মূল লক্ষ্য। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের ওই ১২ দিনের অভিযানের মাধ্যমে ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের অবকাঠামো ধ্বংস করা হয়েছে দাবি করে তিনি বলেন, ইসরায়েলকে একটি নিশ্চিত পারমাণবিক হুমকি থেকে বাঁচানো সম্ভব হয়েছে এবং এই অঞ্চলে হুমকি মোকাবিলায় তাঁর সরকার কাজ চালিয়ে যাবে। তবে প্রধানমন্ত্রীর এই আশ্বাসের পরও সামরিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের উদ্বেগ কমেনি। অনেকেই মনে করছেন, এই ব্যয়বহুল ও অনিষ্পন্ন যুদ্ধ শেষ পর্যন্ত তেহরানকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে।




জয় পেয়েও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ

ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপে ইংল্যান্ডের কোচ হিসেবে অভিষেকটা জয় দিয়েই রাঙিয়েছেন টমাস টুখেল। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ের পরও পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় নিজের খেলোয়াড়দের দেখতে না পেরে বিরক্তি প্রকাশ করেছেন ইংল্যান্ড কোচ।

বুধবার টেক্সাসের আরলিংটনে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শুরুর আগে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত ‘গড সেভ দ্য কিং’ বাজানো হচ্ছিল। সেই সময় দুই দলের বেঞ্চের সামনে অবস্থান নেওয়া ফটোগ্রাফারদের কারণে নিজের দলের খেলোয়াড়দের দেখতে পাচ্ছিলেন না টুখেল।

বিষয়টি নিয়ে ম্যাচ শেষে ফিফার কাছে অনুরোধও জানিয়েছেন জার্মান এই কোচ। তার মতে, জাতীয় সঙ্গীতের সময় খেলোয়াড়দের দেখার মুহূর্তটি ছিল বিশেষ, কিন্তু ফটোগ্রাফারদের অবস্থানের কারণে সেই অভিজ্ঞতা নষ্ট হয়েছে।

টুখেল বলেন, ‘আমি ফিফার কাছে অনুরোধ করছি, ফটোগ্রাফারদের অবস্থান পরিবর্তন করা হোক। জাতীয় সঙ্গীতের সময় আমি আমার দলকে দেখতে পারিনি। অথচ আমি এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম।’

জাতীয় সঙ্গীত চলাকালে কয়েকবার ফটোগ্রাফারদের সরে যাওয়ার ইঙ্গিতও দেন তিনি। কিন্তু তাতে কোনো পরিবর্তন না আসায় শেষ পর্যন্ত কোচিং স্টাফদের সঙ্গে দাঁড়িয়ে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে চোখ রাখতে হয় তাকে।

এ নিয়ে হতাশা লুকাননি ইংলিশ কোচ। তিনি বলেন, ‘আজকের মুহূর্তটি আমার জন্য খুবই বিশেষ ছিল। কিন্তু আমার সামনে মাত্র আধা মিটার দূরে প্রায় ৫০ জন ফটোগ্রাফার দাঁড়িয়ে ছিলেন। আমি একজন খেলোয়াড়কেও দেখতে পাইনি। এটা আমার অভিজ্ঞতাটাকে কিছুটা হলেও ম্লান করে দিয়েছে।’

বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এর প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। গ্রুপ পর্বে আরও দুটি ম্যাচ খেলবে ইংলিশরা। আগামী মঙ্গলবার ঘানার মুখোমুখি হবে তারা। এর চার দিন পর পানামার বিপক্ষে খেলবে হ্যারি কেইনের দল।




রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

আবহাওয়া ডেস্কঃ রাতের মধ্যে দেশের ১৪ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান-এর দেওয়া সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আজ রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এছাড়া গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।