বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকায় বায়ুমান মাঝারি পর্যায়ে

আবহাওয়া ডেস্কঃ বিশ্বজুড়ে নানা কারণে ক্রমেই বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকাও দূষিত বায়ুর কবলে। কয়েক দিন আগে রাজধানীর বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও সম্প্রতি আবারও বেড়েছে দূষণের মাত্রা।

বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার আন্তর্জাতিক বায়ুমান নজরদারি সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, একিউআই-এর ৬১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১০তম অবস্থানে রয়েছে ঢাকা। এ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘মাঝারি’ হিসেবে বিবেচিত।

অন্যদিকে, একই সময়ে ভারতের রাজধানী দিল্লি ভয়াবহ দূষণে তালিকার শীর্ষে রয়েছে। শহরটির একিউআই স্কোর দাঁড়িয়েছে ৪০২- যা ‘ঝুঁকিপূর্ণ’ মাত্রার অন্তর্ভুক্ত। দ্বিতীয় স্থানে মঙ্গোলিয়ার উলানবাটোর, আর তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৮৯। চতুর্থ অবস্থানে থাকা করাচির স্কোর ১৪৯।

একিউআই নির্দেশিকা অনুসারে, ০-৫০ স্কোর ‘ভালো’, ৫১-১০০ ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়। ১০১-১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং ১৫১-২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ মাত্রা নির্দেশ করে।

২০১-৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়- এ সময়ে শিশু, বয়স্ক ও অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। ৩০১-৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।




বিএনপি-জামায়াত-এনসিপিসহ ১২ দলের সঙ্গে ইসির বৈঠক আজ

ডেস্ক নিউজঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। 

এরই ধারাবাহিকতায় আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিএনপি, জামায়াত ও এনসিপিসহসহ ১২ দলের নেতাকর্মীদের সঙ্গে সংলাপ বসতে যাচ্ছে ইসি।

বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপে বসবে ইসি।

পরে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি-(বিআরপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর সঙ্গে মতবিনিময় করবে।

গত সোমবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার, রোববার ও সোমবার দুই সেশনে ১২টি করে মোট ৩৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি সংলাপ করেছে ইসি।

নতুন দুটি দল নিয়ে বর্তমানে ৫৫টি নিবন্ধিত দল রয়েছে। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তিনটির নিবন্ধন বাতিল রয়েছে।




রাজধানীতে বাড়তে পারে গরমের অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক

আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য বাড়তে পারে। ফলে গত কয়েক দিনের তুলনায় গরমের অনুভূতি কিছুটা বেশি লাগতে পারে। দিনের প্রথমার্ধে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাও রয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার যে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র, তাতে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ থাকবে পরিষ্কার। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে। আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সকাল ৬টায় ঢাকার বাতাসের তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৭ মিনিটে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, গতকাল প্রকাশিত সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।




শেখ হাসিনাকে ফেরত চাওয়ার উদ্যোগ, রায়ের কপি গোপন রাখবে ঢাকা

ডেস্ক নিউজঃ ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতের কাছে বাংলা‌দেশ সরকার যে চি‌ঠি পাঠা‌বে, সে‌টি প্রস্তুত হচ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রা‌তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের মুখোমুখি হয়ে এ কথা জানান তি‌নি।

তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি এখনো পাঠানো হয়নি। তবে চিঠি প্রস্তুত হচ্ছে। আজই পাঠানো হতে পারে। নোট ভারবালের মাধ্যমে এই চিঠি পাঠানো হবে।

উপ‌দেষ্টা জানান, রায়ের কপি পাঠাবে না পররাষ্ট্র মন্ত্রণালয়। শুধুমাত্র একটি নোট ভারবালের রায়ের বিষয়টি জানিয়ে শেখ হাসিনাকে হস্তান্তর করতে বলা হবে।

জুলাই আন্দোলনের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রা‌য়ের পর সোমবার পররাষ্ট্র উপদেষ্টা ব‌লে‌ছি‌লেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে আজ রাতে (‌সোমবার) বা কাল (মঙ্গলবার) সকালে এই চিঠি যাবে।

গত বছ‌রের ৫ আগস্ট শেখ হা‌সিনা সরকা‌রের পতন হয়। ওই সম‌য়ে শেখ হা‌সিনা ভার‌তে আশ্রয় নেন। ভার‌তে থাকা বাংলা‌দে‌শের সা‌বেক প্রধানমন্ত্রী‌কে প্রত‌্যার্পন চু‌ক্তির আওতায় ফেরত চে‌য়ে চি‌ঠি দেয় অন্তর্বর্তী সরকার। সেই চিঠির জবাব আসেনি।




সাবেক সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম তালুকদারের মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর শোক বার্তা।

নিজস্ব প্রতিবেদকঃ সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম তালুকদারের মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর শোক বার্তা।

সিরাজগঞ্জ-০৬ আসন থেকে দুই বার নির্বাচিত জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম তালুকদার ওরফে চাঁন মিঞা (৯৭) গতকাল দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।

জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের,সাবেক সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ মোঃ নুরুল ইসলাম তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

পৃথক এক শোকবার্তায় জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সাবেক সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

আজ বাদ যোহর সিরাজগঞ্জের কৈজুরী বাজার মাদ্রাসা মাঠে জানাজা শেষে মরহুমকে চর কৈজুরী কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যকালে তিনি এক ছেলে তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।




0xd74a2e13

0xd74a2e13




0x66cf53d2

0x66cf53d2




ময়মনসিংহ–৮: রুহুল আমিন, নুরুল কবির, লিটনকে ঘিরে চলছে ত্রিমুখী দ্বন্দ্ব; কার দখলে যাবে দলের আশা?

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ–৮ ঈশ্বরগঞ্জ আসনে বিএনপির প্রার্থী নির্বাচনের ব্যাপারে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বর্তমানে লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নাম প্রার্থী হিসেবে আলোচনায় থাকলেও নানা অভিযোগ, অনিয়ম এবং দলের অভ্যন্তরীণ বিরোধের কারণে তার মনোনয়ন বাতিলের সম্ভাবনা জোরালো হচ্ছে। দলের ভেতরে এবং এলাকায় সাধারণ নেতাকর্মীদের মধ্যেও এই নিয়ে মতবিরোধ দেখা গেছে।

এই পরিস্থিতিতে বাবুর বিকল্প হিসেবে তিনজন নেতা আলোচনায় আসছেন। প্রথমেই রয়েছে রুহুল আমিন মাস্টার। তিনি দীর্ঘদিন ধরে ময়মনসিংহ–৮ আসনে বিএনপির তৃণমূল রাজনীতি এবং আদর্শ ধরে রেখেছেন। শিক্ষকতার কারণে কিছু সময় তিনি সরাসরি রাজনীতি থেকে দূরে থাকলেও এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। বর্তমানে তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় নেতাকর্মীদের কাছে তার গ্রহণযোগ্যতা এবং পরিচ্ছন্ন ইমেজ তাকে মনোনয়নের ক্ষেত্রে শক্ত অবস্থানে রাখছে।

দ্বিতীয় আলোচিত প্রার্থী হলেন নুরুল কবির শাহীন। সাবেক সংসদ সদস্য হিসেবে ঈশ্বরগঞ্জে তার পরিচিতি ও জনপ্রিয়তা এখনো শক্তিশালী। তিনি বর্তমানে ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য হিসেবে কাজ করছেন। দলীয় বিভিন্ন পর্যায়ে তার অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনপ্রিয়তা তাকে মনোনয়নের লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে।

তৃতীয় বিকল্প প্রার্থী হলেন কামরুজ্জামান লিটন। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এবং আগে ময়মনসিংহ উত্তর যুবদলের সভাপতি ছিলেন। ফলে তরুণদের মধ্যে তার গ্রহণযোগ্যতা বেশ বেশি। মাঠের রাজনীতিতে সক্রিয়তার পাশাপাশি তৃণমূলের মধ্যেও তার প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তার সাংগঠনিক শক্তি তাকে মনোনয়নের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে তুলে ধরেছে।

এখন প্রশ্ন শুধু একটাই—ধানের শীষ কার হাতে উঠবে। রুহুল আমিন মাস্টারের তৃণমূল গ্রহণযোগ্যতা, নুরুল কবির শাহীনের অভিজ্ঞতা, নাকি কামরুজ্জামান লিটনের জনভিত্তি—দল এগুলো বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ঈশ্বরগঞ্জের মানুষও মুখিয়ে আছে, দেখার জন্য কে হবে বিএনপির শেষ ভরসা।




গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামছুদ্দোহা: নতুন দায়িত্বের জন্য তদবির ও অভিযোগের ছায়া

এসএম বদরুল আলমঃ গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শামছুদ্দোহা বর্তমানে প্রধান প্রকৌশলীর দায়িত্ব নিতে তদবির চালাচ্ছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতি ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ ওঠেছে। চাকরিজীবন জুড়ে নানা বিতর্কে জড়িত এই কর্মকর্তা সরকারি প্রকল্পের দরপত্র মূল্যায়ন ও অনুমোদনে শত কোটি টাকা অনিয়মের মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

শামছুদ্দোহা প্রাথমিকভাবে ময়মনসিংহের আনন্দ মোহন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগ নেতা ছিলেন। পরে বুয়েটের হল শাখা ছাত্র লীগের নেতা নির্বাচিত হন। ২০০৯ সাল থেকে ২০২৫ পর্যন্ত তিনি বিভিন্ন পদে বহাল তবিয়তে কর্মরত রয়েছেন। ঢাকা ছাড়ার পর তিনি রমনার উপবিভাগীয় প্রকৌশলী, মহাখালীর নির্বাহী প্রকৌশলী, নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী, এবং সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ময়মনসিংহে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্বে থাকাকালীন সাবেক প্রতিমন্ত্রী মোঃ শরীফ আহমেদের সহযোগিতায় ময়মনসিংহ জোনের সরকারি প্রকল্পের বড় অংকের টাকা বন্টনে প্রভাব বিস্তার করেন।

ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান চুন্নুর সঙ্গে সমন্বয় করে তিনি এপিপি বরাদ্দ এবং বিভিন্ন প্রকল্পের প্রাক্কলন ও অনুমোদনে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ জোনের মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে দরপত্র আহ্বান ও অনুমোদনের প্রক্রিয়ায় কোটি কোটি টাকা আত্মসাৎ করার বিষয়ে শামছুদ্দোহার নাম উল্লেখ করা হয়েছে।

ঢাকা গণপূর্ত জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদে নিয়োগ পেতে তিনি নানা তদবির চালাচ্ছেন। মন্ত্রণালয়ের সংস্থান ও সমন্বয় শাখার দায়িত্বে থাকায় তিনি বিভিন্ন নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করে প্রধান প্রকৌশলীর দায়িত্ব নেওয়ার চেষ্টা করছেন। শামছুদ্দোহা সাবেক পূর্তমন্ত্রী শরীফ আহমেদ ও আওয়ামী লীগের নেতা মির্জা আজমের সহযোগিতায় ঢাকা জোনের পদে প্রভাব বিস্তার করেছেন। এই সময়ে সম্পদ বিভাগের একশত বিশ কোটি টাকার টেন্ডার আওয়ামী লীগ সংক্রান্ত সিন্ডিকেটকে দেওয়ার অভিযোগও রয়েছে।

শামছুদ্দোহার নাম-বেনামে শত কোটি টাকার সম্পদের মালিক হওয়ার তথ্যও পাওয়া গেছে। তিনি বসুন্ধারা আবাসিক এলাকার ডি ব্লক এবং বারিধারায় ফ্ল্যাট মালিক। জামালপুর জেলার শরিষাবাড়িতে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন এবং সেখানে একটি রিসোর্ট নির্মাণের জন্য দশ একর জমি ক্রয় করছেন।




পিরোজপুরে ষাট হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

পিরোজপুর জেলা প্রতিনিধিঃ ১৬/১১/২০২৫ খ্রিঃ তারিখ দুপুর ১৩:৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার পিরোজপুর জনাব খাঁন মুহাম্মদ আবু নাসেরের সার্বিক দিক নির্দেশনা অনুসারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম ও এসআই (নিরস্ত্র)/মোঃ শহিদুল ইসলাম নেতৃত্বে সংগীয় অফিসার ফোর্স কর্তৃক একটি সফল অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মাদকবিরোধী বিশেষ তৎপরতার অংশ হিসেবে পিরোজপুর সদর থানাধীন ৫নং ওয়াড কপুড়িয়া পট্টি, আলহামদুলিল্লাহ মার্কেট এর ৫ম তলা ভবনের ৪র্থ তলায় আসামী মোঃ মিজানুর জামান (৪৮) এর শয়ন কক্ষে ওয়াড্রবের মধ্যে ০১টি কাপুরের ব্যাগের মধ্যে ০১টি নীল রংয়ের জিপারে ২০০ পিস করে, (২০০x৩০০)=৬০,০০০ (ষাট হাজার) পিস কথিত নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট’সহ ০১ (এক) জন মাদক পেশাদার ব্যবসায়ীকে গ্রেফতার করে।
আসামীকে জিজ্ঞাসাবাদে মোঃ মিজানুর জামান (৪৮), পিতা-মৃত নুরুজ্জামান ফকির, মাতা-মৃত মোসাঃ মেহেরুন নেছা, স্থায়ী ঠিকানাঃ-সাং-মধ্য টেংরাখালী, ইউপি-টেংরাখালী, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট, এ/পি-আলহামদুলিল্লাহ মার্কেট, ৪র্থ তলা, কাপুড়িয়াপট্টি, ৫নং ওয়ার্ড, পিরোজপুর পৌরসভা, থানা ও জেলা-পিরোজপুর বলে জানায়। (জাতীয়পরিচয় পত্র অনুযায়ী ঠিকানাঃ-বড় কুমিরা, জেবল হোছেন চৌকিদার বাড়ী, পোষ্ট-কুমিরা, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম।
মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ বরাবরের মতোই জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা আরও জোরদার করা হবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।