দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি চিঠি

শিক্ষা ডেস্কঃ সারাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে আর্ট এক্সিবিশন আয়োজনের অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ রবিবার (৮ নভেম্বর) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলামের সই করা এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়। ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড ‘আর্ট বাংলাদেশ’-এর ব্যানারে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চার জন্য চিত্রাঙ্কন এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে এ এক্সিবিশন সহশিক্ষা কার্যক্রম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে মাউশি।

অনুমতির সঙ্গে শর্ত জুড়ে দিয়েছে মাউশি। বলা হয়েছে, আয়োজিত কার্যক্রমের জেলাভিত্তিক প্রতিবেদন ‘আর্ট বাংলাদেশ’-এর পরিচালককে প্রতি তিন মাস পরপর মাউশির শারীরিক শিক্ষা বিভাগে দাখিল করতে হবে।

চিঠির সঙ্গে আর্টপেপারের চাহিদাপত্র ও বর্ণিত কার্যক্রমের নিয়মাবলি সংযুক্ত করা হয়েছে। এর পাশাপাশি কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক, উপপরিচালক (মাধ্যমিক) ও জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।




ট্রেনযাত্রীর ব্যাগ নিয়ে উধাও ছিনতাইকারীরা, লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

চাঁদপুরে ট্রেনযাত্রীর হাতব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর।

পুলিশ জানায়, গত ৫ নভেম্বর ভোরে চাঁদপুর বড় স্টেশন থেকে চট্টগ্রামগামী আন্তনগর মেঘনা ট্রেনে এক নারী যাত্রীর হাতব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় একদল ছিনতাইকারী। এ ঘটনায় ভুক্তভোগী নারীর এক স্বজন চাঁদপুর জিআরপি থানায় মামলা করেন।

পরে ছায়া তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। তদন্তের একপর্যায়ে প্রথমে দুজনকে আটক করা হয়। এরপর গত শনিবার রাতে কিশোরগঞ্জ থেকে আরও একজনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুরের পুরোনো লঞ্চ টার্মিনালের পন্টুনের ভেতর থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, একটি মুঠোফোন ও নগদ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, আটক তিনজনই পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী। সংবাদ সম্মেলনে এক নারী যাত্রীর কাছে এত স্বর্ণালংকার থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, চট্টগ্রামে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে ওই নারী আরও কয়েকজনের সঙ্গে যাচ্ছিলেন। তার হাতব্যাগে অন্য নারীদের স্বর্ণালংকারও ছিল।

তবে বাদীর অভিযোগ অনুযায়ী, ছিনতাই হওয়া আরও কিছু স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মুঠোফোন এখনো উদ্ধার করা যায়নি।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদপুর জিআরপি থানায় একাধিক মামলা রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন কেলা জাহিদ (২১), গরু জাহিদ (২০) ও রাব্বি (২৪)। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

রোববার (০৮ নভেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত ৭ নভেম্বর সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিক নিহত এবং ছয়জন আহত হওয়ার ঘটনায়  গভীরভাবে শোকাহত।

 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন।

 

শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

 

প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার এবং আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।




১১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পিডব্লিউডি প্রকৌশলী রফিকুজ্জামানের বিরুদ্ধে, দেশে-বিদেশে সম্পদের অনুসন্ধান দাবি

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) ডিপ্লোমা প্রকৌশলী মো. রফিকুজ্জামানের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১৮ কোটি টাকা আত্মসাৎ এবং বিপুল অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় স্ত্রী ও বোনের নামে পাঁচটি ফ্ল্যাট, হবিগঞ্জ ও কুড়িগ্রামে দুটি পেট্রোল পাম্প এবং যুক্তরাষ্ট্রে বোনের নামে ফ্ল্যাট কেনার অভিযোগও রয়েছে। এসব সম্পদের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে তদন্তের দাবি জানিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের এক কর্মচারী।

গত ২৬ অক্টোবর দুদকে জমা দেওয়া লিখিত অভিযোগে রফিকুজ্জামানের বিরুদ্ধে সরকারি বিভিন্ন নির্মাণ ও সংস্কারকাজে ব্যয় বাড়িয়ে বিল উত্তোলন, কাজের পরিমাণ ও মান নিয়ে কারসাজি এবং প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। রফিকুজ্জামান পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির (বাপিডিপ্রকৌস) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অভিযোগে বলা হয়েছে, ঢাকায় দায়িত্ব পালন করার সময় মুগদা হাসপাতালের ভবন নির্মাণ ও সংস্কারকাজ, বাংলাদেশ টেলিভিশনের নতুন ভবন নির্মাণ এবং বিভিন্ন সংস্কারকাজে অনিয়ম করা হয়েছে। একইভাবে পুলিশের বিভিন্ন ভবন নির্মাণ প্রকল্পেও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব কাজের ক্ষেত্রে প্রকৃত ব্যয়ের তুলনায় বেশি ব্যয় দেখিয়ে বিল তৈরি ও অর্থ উত্তোলনের মাধ্যমে অন্তত ১১৮ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

অভিযোগকারীর ভাষ্য, প্রকল্পগুলোর নির্মাণকাজে নিম্নমানের কাজ, অতিরিক্ত ব্যয় দেখানো এবং বিল পরিশোধের ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে। এসব প্রকল্পের দরপত্র, কার্যাদেশ, নির্মাণসামগ্রীর হিসাব, কাজের পরিমাণ এবং ঠিকাদারদের দেওয়া বিল যাচাই করলে প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো স্বাধীন তদন্তের মাধ্যমে অর্থ আত্মসাতের পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

শুধু গণপূর্তের প্রকল্প নয়, সড়ক ও জনপথ অধিদপ্তরের একটি সড়ক নির্মাণকাজেও রফিকুজ্জামানের বিরুদ্ধে বড় ধরনের অনিয়মের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ওই প্রকল্পে কাজের পরিমাণ ও ব্যয় পরিবর্তনের সময় ভেরিয়েশনের নামে কয়েক গুণ বেশি দর নির্ধারণ করা হয়। এর ফলে সরকারের ২০ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় একপর্যায়ে তদন্ত শুরু হলেও পরে প্রভাব খাটিয়ে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়া হয় বলে অভিযোগকারীর দাবি। তবে তদন্তের ফলাফল, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা কিংবা কথিত আর্থিক লেনদেনের বিষয়ে কোনো নথিপত্রের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রফিকুজ্জামানের বিরুদ্ধে সরকারি প্রকল্পে অনিয়মের পাশাপাশি দেশে-বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগও রয়েছে। দুদকে দেওয়া অভিযোগে বলা হয়েছে, রাজধানীর অভিজাত বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁর স্ত্রী ও বোনের নামে পাঁচটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। এসব ফ্ল্যাট কেনার অর্থ কোথা থেকে এসেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারী।

এ ছাড়া নিজের জন্মস্থান হবিগঞ্জ এবং কুড়িগ্রামে দুটি পেট্রোল পাম্পের মালিকানার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সরকারি চাকরি করে কীভাবে এত বিপুল সম্পদের মালিক হয়েছেন, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

অভিযোগে আরও বলা হয়েছে, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের একটি অংশ হুন্ডির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। সেখানে তাঁর বোনের নামে একটি ফ্ল্যাট কেনা হয়েছে বলেও দাবি করা হয়েছে। অভিযোগকারীর মতে, দেশে অর্জিত অর্থ বিদেশে সরিয়ে সম্পদের মালিকানা পরিবারের সদস্যদের নামে রাখার বিষয়টি তদন্ত করা প্রয়োজন। তবে যুক্তরাষ্ট্রে অর্থ পাঠানো এবং ফ্ল্যাট কেনার অভিযোগের পক্ষে এখনো স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য পাওয়া যায়নি।

অভিযোগকারীর দাবি, পিডব্লিউডির বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালন করার সময় রফিকুজ্জামান সরকারি নির্মাণ ও সংস্কার প্রকল্পে অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি তাঁকে হবিগঞ্জে বদলি করা হয়েছে। তাঁর দায়িত্ব পালনকালে যেসব প্রকল্প বাস্তবায়িত হয়েছে, সেগুলোর ব্যয়, দরপত্র, কার্যাদেশ, ভেরিয়েশন এবং ঠিকাদারদের বিল-ভাউচার পরীক্ষা করার দাবি উঠেছে।

বিশেষ করে মুগদা হাসপাতাল, বাংলাদেশ টেলিভিশনের ভবন এবং পুলিশের বিভিন্ন স্থাপনা নির্মাণ ও সংস্কারকাজের নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রকৃত ব্যয় এবং কাজের মান সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব বলে মনে করছেন অভিযোগকারী। একই সঙ্গে তাঁর স্ত্রী ও বোনের নামে থাকা সম্পত্তি, পেট্রোল পাম্প এবং বিদেশে থাকা কথিত সম্পদের মালিকানা ও অর্থের উৎস অনুসন্ধানের দাবি জানানো হয়েছে।

দুদকে জমা দেওয়া অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রকৌশলীকে ডেকে তাঁর বক্তব্য ও ব্যাখ্যা নেওয়া হতে পারে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

এদিকে প্রকৌশলী মো. রফিকুজ্জামানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো এখনো তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়নি। তবে ১১৮ কোটি টাকা আত্মসাতের দাবি, সড়ক প্রকল্পে ২০ কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগ এবং দেশে-বিদেশে বিপুল সম্পদের বিবরণ সামনে আসায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি উঠেছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রকৌশলী মো. রফিকুজ্জামানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তাঁকে খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।




সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, প্রতিমন্ত্রীর কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ; গ্রেপ্তার ৩

মোংলা প্রতিনিধিঃ সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তাঁর নির্দেশনার পর বিষ বিক্রেতাসহ ওই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, রবিবার দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–মো. সোহেল শেখ (৩৬), তাঁর স্ত্রী লাইজু বেগম (৩২) ও বিষ বিক্রেতা মো. সেলিম মিয়া (৫২। তাঁদের মধ্যে সোহেল ও লাইজুর বিরুদ্ধে বন বিভাগের টহল দলের ওপর হামলার অভিযোগ রয়েছে।

গত ২ নভেম্বর সুন্দরবনের ছোট জোংড়া খালে এ হামলার ঘটনা ঘটে। ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে জোংড়া বন টহল ফাঁড়ির ইনচার্জ মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে টহল দেওয়ার সময় খালের পানিতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে একটি নৌকা জব্দ করতে যান। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন তাঁদের ওপর হামলা চালান। এতে ফাঁড়ির ইনচার্জ মতিউর রহমান ও নৌকার চালক মো. এরশাদ আলী আহত হন।

এজাহার সূত্রে জানা যায়, সোহেল শেখ ধারালো দা দিয়ে এরশাদ আলীকে কোপ দেওয়ার চেষ্টা করেন। পরে বৈঠা দিয়ে মতিউর রহমানের মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি তা প্রতিহত করতে গিয়ে ডান হাতে আঘাত পান।

এ ঘটনায় ফাঁড়ির ইনচার্জ মতিউর রহমান বাদী হয়ে সোহেল শেখ (৩৬), তাঁর স্ত্রী লাইজু বেগম (৩২), ইউনুস আলী (৩৮) ও নূপুর খীর (৩০)–এর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে দাকোপ থানায় মামলা করেন। তাঁদের সবার বাড়ি মোংলার জয়মনি এলাকায়। গত ৪ নভেম্বর মামলাটি নথিভুক্ত হয়।

এদিকে শনিবার রাতে মোংলা ও দাকোপ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে জয়মনি এলাকা থেকে সোহেল ও লাইজুকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে তাঁরা মোংলা বাজারের সার ও কীটনাশক বিক্রেতা সেলিম মিয়ার দোকান থেকে মাছ শিকারের জন্য বিষ কেনার তথ্য দেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। এরপর একই রাতে সেলিম মিয়াকেও গ্রেপ্তার করে দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বনকর্মীদের ওপর হামলার ঘটনা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নজরে এলে তিনি স্থানীয় প্রশাসনকে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাঁর নির্দেশনার পর পুলিশ ও বন বিভাগ বিষ দিয়ে মাছ শিকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বিষ বিক্রি ও বিষ দিয়ে মাছ ধরার সঙ্গে জড়িত সবাইকে সতর্ক করেছি, আবারও করছি। সুন্দরবনে এ অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না।

এ অপরাধের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।




‘কোথায় সেই পলোই বাওয়া, কোথায় ঝাঁকি জাল, শুকিয়ে গেছে নদী-নালা, বদলে গেছে কাল’

টাঙ্গাইল প্রতিনিধিঃ‘কোথায় সেই পলোই বাওয়া, কোথায় ঝাঁকি জাল, শুকিয়ে গেছে নদী-নালা, বদলে গেছে কাল’ পঙ্ক্তির আদলে এখন আর মাছ ধরার উৎসব নেই। মিঠাপানির দেশীয় মাছের আকালে সেই সুখের ‘সময়’ বদলে গেছে। রূপসী বাংলার জলছলোছল খালের পাড় আর রূপালী মাছের মায়াবি খেলা আজ যেন কেবলই ধূসর স্মৃতি।

টাঙ্গাইলে কৃত্রিমভাবে পুকুরে মাছ চাষে সাফল্য এলেও, প্রাকৃতিক উৎস নদী-নালা, খাল-বিল থেকে দেশীয় মুক্ত জলাশয়ের মাছের উৎপাদন ও প্রবৃদ্ধির গতি ক্রমেই নিম্নমুখী। ফলে আমাদের ঐতিহ্যবাহী সুস্বাদু দেশীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও সহজলভ্যতা এখন মারাত্মক সংকটের মুখে পড়েছে। এই বৈশ্বিক ও জাতীয় সংকটের নেতিবাচক প্রতিচ্ছবি এখন টাঙ্গাইল জেলায়ও স্পষ্ট। জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ, জলাভূমি সংকোচন, কৃষিজমিতে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের নিষ্ঠুর থাবায় টাঙ্গাইল জেলায় দেশীয় মাছ বিলুপ্তির পথে এসে দাঁড়িয়েছে। মুক্ত জলাশয়ে দেশি মাছের আকাল তৈরি হওয়ায় জেলার ঐতিহ্যবাহী মৎস্য অভয়াশ্রমগুলো এখন অস্তিত্বের সংকটে ধুঁকছে, আর সেইসঙ্গে হারিয়ে যাচ্ছে আবহমান বাংলার লোকজ সংস্কৃতি।

স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায়, কার্তিক মাসের হালকা শীত আর প্রখর রোদে নদ-নদীর পানি, খাল-নালা ও নিচু জমির পানি দ্রুত শুকিয়ে যেতে থাকে। ডুবে থাকা ডোবা, নালা, খাল-বিলের পানি কমে গেলে এসব নিচু স্থানে আটকা পড়ে নানা প্রজাতির দেশীয় মাছ। সেসময় কাদা পানিতে নেমে হাত দিয়ে মাছ শিকার করা গ্রাম-বাংলার এক চিরায়ত রূপ। তবে যুগ পরিবর্তনের হাওয়ায় দূরন্ত কৈশোরে দল বেঁধে এখন আর খাল-বিল-জলাশয়ে কিশোর-কিশোরীদের মাছ ধরার দৃশ্য চোখে পড়ে না। কদাচিৎ দৃষ্টি কাড়ে।

সরেজমিনে দেখা যায়, কালিহাতী উপজেলার রৌহা গ্রামের শুকনি বিলের এক কোণায় ছোট অংশ সেচে দেশীয় মাছ ধরায় ব্যস্ত রয়েছে ওই গ্রামের চার কিশোর- রিফাত, মাসফিকুর রহমান, মফিরুল ইসলাম ও সেলিম মিয়া। সারা শরীরে কাদা মাটি মেখে আনন্দের সঙ্গে মাছ ধরায় মত্ত তারা।

তারা জানায়, সকাল ৯টার সময় বিলের ছোট অংশে পানি সেচ শুরু করে দুপুর ১২টার দিকে শেষ করে। এরপর কাদা মাটি থেকে তারা পুঁটি, চাটা, টাকি, শিং ও বাইম মাছসহ প্রায় ১০ কেজির মতো মাছ ধরে ভীষণ খুশি।

অপরদিকে, সম্প্রতি ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়নের চাপড়া বিলে হঠাৎ চোখে পড়ে এমন আরেকটি দৃশ্য। সেখানে রবিন নামে এক কিশোর তার সঙ্গীদের নিয়ে শোল, টাকি, পুঁটি, খলশে, কৈ, মাগুর, শিং, ট্যাংরা সহ দেশীয় প্রজাতির নানা মাছ ধরে উল্লাসে মেতে ওঠে। শৈশবের এই অনাবিল হাসি আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মনে করিয়ে দেয় আমরা মূলত আমাদের শেকড়কেই হারাচ্ছি।

টাঙ্গাইল জেলা মৎস্য কার্যালয়ের তথ্য অনুযায়ী, মিঠা পানির মাছের অন্যতম প্রধান উৎস এই জেলায় প্রাকৃতিক জলাশয়ের সংখ্যা বিপুল। জেলায় মোট পুকুরের সংখ্যা ৪১ হাজার ৪৯৫টি। তবে মুক্ত জলাশয় হিসেবে জেলাটিতে জালের মতো ছড়িয়ে রয়েছে ২৯৮টি বিল, ১২৮টি খাল, ৩টি বাওড় এবং ৪টি পেন কালচার। কিন্তু প্রতিনিয়ত আবাসিক এলাকা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ণ, শিল্পায়ন এবং কৃষিজমির সম্প্রসারণের কারণে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা খাল, বিল, পুকুর এবং ডোবা ভরাট হয়ে যাচ্ছে। ফলে মাছের স্বাভাবিক বাসস্থান ও প্রজননক্ষেত্র নষ্ট হচ্ছে।

একদিকে তাপমাত্রা বৃদ্ধি, অনাবৃষ্টি, অসময়ে বন্যা এবং খরার কারণে জলাশয় দ্রুত শুকিয়ে মাছের ডিম ছাড়ার প্রাকৃতিক চক্র ব্যাহত হচ্ছে, অন্যদিকে শীত ও গ্রীষ্মকালে চাষাবাদের সুবিধার্থে অনেক বিল বা খাল সম্পূর্ণ সেচে পানি নিষ্কাশন করা হচ্ছে। এতে মা মাছগুলোর বেঁচে থাকার কোনো সুযোগ থাকছে না।

স্থানীয়দের অভিযোগ, অনিয়ন্ত্রিত ও ক্ষতিকর জালের ব্যবহার, কারেন্ট জাল, বেহুন্দি জাল বা মশারি জালের মতো ক্ষতিকর ফাঁদ ব্যবহার করে ডিমওয়ালা মাছ এবং রেণু পোনা নির্বিচারে ধ্বংস করা হচ্ছে।

স্থানীয় প্রবীণ জেলেরা জানায়, টাঙ্গাইলের নদ-নদী ও খাল-বিলে একসময় শতাধিক প্রজাতির বর্ণিল দেশি মাছের সমারোহ ছিল। বর্তমানে বেশকিছু প্রজাতি চরম সংকটাপন্ন এবং আরও বহু প্রজাতি বাজার থেকে প্রায় উধাও হয়ে গেছে। সংকটাপন্ন মাছগুলোর মধ্যে রয়েছে- চিতল, রিটা, গুজি আইড়, বাঘাইড়, বামোশ, রানি মাছ,  টেংরা, পাবদা, চাপিলা, শিং, মাগুর, দেশি কৈ, খলিসে, ভেদা (মেনী), ফলি, গজার, চেং, খরকাটি, বালিয়া, চেলা, শাল চোপরা, পোয়া ও শৌল মাছ ইত্যাদি।

বছরের কোনো সময়েই এখন বাজারে আর আগের মতো মুক্ত জলাশয়ের সুস্বাদু দেশি মাছের দেখা মেলে না। যা-ও বা কখনো অল্পস্বল্প পাওয়া যায়, তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চড়া দামে বিক্রি হচ্ছে। ফলে জেলার মানুষের রূপালী পুষ্টির আদিম স্বাদ ও চাহিদা মেটাতে এখন কৃত্রিমভাবে চাষ করা হাইব্রিড জাতের পাঙ্গাস, তেলাপিয়া কিংবা চাষের রুই-কাতলার ওপর নির্ভর করতে হচ্ছে। প্রাকৃতিক জলাশয়ে মাছের আকালে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন টাঙ্গাইলের চিরদুখী পেশাদার জেলেরা।

জেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় বর্তমানে নিবন্ধিত মৎস্যজীবীর সংখ্যা ৩০ হাজার ৫০০ জন। এছাড়া আরও প্রায় ২০ হাজার মানুষ পরোক্ষভাবে এই মুক্ত জলাশয় থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।

কালিহাতীর ঐতিহ্যবাহী চারান বিল এলাকার জেলেরা জানান, বংশপরম্পরায় মাছ ধরে সংসার চালালেও এখন সারা দিন জাল ফেলেও কয়েক কেজি মাছ মেলা ভার। জলের বুক থেকে লক্ষ্মী বিদায় নেয়ায় বাধ্য হয়ে বিপুল সংখ্যক মৎস্যজীবী তাদের পৈত্রিক পেশা পরিবর্তন করে রিকশা চালান, দিনমজুর বা অন্য কোনো কঠিন শ্রমে যুক্ত হচ্ছেন।

টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর বলেন, মিঠা পানির সুস্বাদু দেশীয় মাছের বিলুপ্তি রোধে মৎস্য বিভাগ বদ্ধপরিকর। উন্মুক্ত জলাশয়ে দেশি মাছের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধির জন্য জেলায় ইতোমধ্যে ১৩টি মৎস্য অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। তবে মাছের প্রাকৃতিক আবাসস্থলগুলো রক্ষায় এই অভয়াশ্রমের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন। বর্তমানে টাঙ্গাইলের অধিকাংশ খাল-বিল-নালা পলি জমার কারণে ভরাট হয়ে যাচ্ছে। এসব প্রাকৃতিক জলাশয় পরিকল্পিতভাবে সংস্কার করে গভীরতা বাড়ানো এবং সর্বস্তরের দখল-দূষণ প্রতিরোধ করা জরুরি।




মেট্রোরেলের এমডি শওগাতুল আলমের বিরুদ্ধে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে দুই আবেদন

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মেট্রোরেলের ব্যবস্থাপনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শওগাতুল আলমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, দায়িত্ব পালনে ব্যর্থতা, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণ এবং প্রকল্পের কাজে ধীরগতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লিখিত আবেদন করেছেন আজিজুর রহমান নামে এক ব্যক্তি। একই কর্মকর্তার বিরুদ্ধে আরেকটি পৃথক আবেদনেও বিভিন্ন অভিযোগ তুলে ধরে তাঁর দায়িত্ব পালনের বিষয়টি খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

গত ২৯ অক্টোবর পাঠানো আবেদনে শওগাতুল আলমের প্রশাসনিক কার্যক্রম, নিয়োগের যোগ্যতা, প্রকল্প পরিচালনায় দক্ষতা এবং বিভিন্ন সিদ্ধান্তের প্রভাব তদন্তের অনুরোধ জানানো হয়। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আবেদনকারী। আবেদনের অনুলিপি সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের কাছেও পাঠানো হয়েছে।

আবেদনে বলা হয়েছে, মেট্রোরেলের চলমান উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রমে প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না। বিশেষ করে ব্যবস্থাপনা পরিচালকের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তের কারণে গুরুত্বপূর্ণ কাজে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এতে প্রকল্পের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও অসন্তোষ বাড়ছে বলে দাবি করা হয়েছে।

শুধু প্রকল্পের গতি নয়, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ নিয়েও গুরুতর অভিযোগ তোলা হয়েছে। আবেদনকারীর দাবি, এমডি মো. শওগাতুল আলমের বিরুদ্ধে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। তাঁর আচরণ ও সিদ্ধান্তের কারণে দাপ্তরিক কাজে সমন্বয়ের সমস্যা তৈরি হচ্ছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ, কারিগরি সহযোগিতা ও সমন্বয়ের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি হওয়ার অভিযোগ আনা হয়েছে। এসব কারণে প্রকল্পের কাজ, চুক্তি বাস্তবায়ন কিংবা ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না, তা তদন্তের দাবি জানানো হয়েছে।

মেট্রোরেলের কারিগরি মান নিয়েও প্রশ্ন তুলেছেন আবেদনকারী। আবেদনে বলা হয়েছে, প্রকল্পের স্থাপনা, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, নির্মাণকাজ এবং রক্ষণাবেক্ষণের মান যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। নির্ধারিত নকশা, কারিগরি মান ও সময়সূচি অনুসরণ করে কাজ সম্পন্ন হচ্ছে কি না, তা স্বাধীনভাবে পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা প্রশাসনিক ব্যর্থতা রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনার কথা বলা হয়েছে।

এমডির নিয়োগ ও পেশাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন আবেদনকারীরা। তাঁদের দাবি, এত বড় একটি জাতীয় প্রকল্পের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের জন্য শওগাতুল আলমের প্রয়োজনীয় অভিজ্ঞতা, দক্ষতা ও যোগ্যতা রয়েছে কি না, তা যাচাই করা দরকার। এ জন্য তাঁর আগের কর্মস্থলের দায়িত্ব, পেশাগত অভিজ্ঞতা, নিয়োগপ্রক্রিয়া এবং বর্তমান পদে নিয়োগের পেছনে থাকা প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনার অনুরোধ জানানো হয়েছে।

দ্বিতীয় আবেদনে শওগাতুল আলমের কর্মজীবনের একটি বিবরণও তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, তিনি ২০১২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বঙ্গবন্ধু নভোথিয়েটারের বিভিন্ন দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে তিনি মেট্রোরেল প্রকল্পের সঙ্গে যুক্ত হন। আবেদনকারীদের প্রশ্ন, আগের কর্মস্থলে তাঁর দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং বর্তমান জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প পরিচালনার সক্ষমতা যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছিল কি না।

এমডির প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে অসন্তোষের কারণে তিনজন কর্মকর্তা পদত্যাগ করেছেন বলেও দ্বিতীয় আবেদনে দাবি করা হয়েছে। আবেদনকারীদের অভিযোগ, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষের কারণে তাঁরা দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তবে ওই তিন কর্মকর্তার নাম, পদত্যাগের সুনির্দিষ্ট কারণ কিংবা এ বিষয়ে কোনো দাপ্তরিক তদন্তের তথ্য আবেদনে দেওয়া হয়নি। ফলে এ দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

আবেদনে আরও বলা হয়েছে, মেট্রোরেলের মতো বৃহৎ প্রকল্পে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এমডির বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুযায়ী, তাঁর কিছু সিদ্ধান্তের কারণে প্রকল্পের বিভিন্ন পর্যায়ে জটিলতা তৈরি হচ্ছে। উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রমে বিলম্বের পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা এবং কারিগরি কার্যক্রমেও সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এসব অভিযোগের প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট নথি, প্রকল্পের অগ্রগতি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য যাচাই করার দাবি জানানো হয়েছে।

আবেদনকারীরা মনে করেন, মেট্রোরেল শুধু একটি পরিবহন প্রকল্প নয়, এটি দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। জনগণের অর্থে বিপুল বিনিয়োগের মাধ্যমে নির্মিত এই ব্যবস্থার ওপর প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত নির্ভরশীল। তাই প্রকল্পের অর্থের সঠিক ব্যবহার, নির্মাণকাজের মান বজায় রাখা এবং পরিচালনায় জবাবদিহি নিশ্চিত করা জরুরি। কোনো ব্যক্তির প্রশাসনিক সিদ্ধান্ত বা অদক্ষতার কারণে প্রকল্পের অগ্রগতি বাধাগ্রস্ত হলে সেটি খতিয়ে দেখা প্রয়োজন বলে তাঁরা মনে করেন।

প্রধানমন্ত্রীর কাছে পাঠানো আবেদনে মোট ছয়টি বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে তদন্তের অনুরোধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে এমডির প্রশাসনিক সিদ্ধান্ত ও দায়িত্ব পালনের মূল্যায়ন, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আচরণের অভিযোগ, বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের সমস্যা, প্রকল্পের নির্মাণ ও কারিগরি মান যাচাই, নিয়োগের যোগ্যতা পর্যালোচনা এবং চলমান উন্নয়নকাজের অগ্রগতি পরীক্ষা। অভিযোগ প্রমাণিত হলে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজনে মেট্রোরেলের ব্যবস্থাপনায় দক্ষ, অভিজ্ঞ ও জবাবদিহিমূলক নেতৃত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

তবে আবেদনকারীরা জানিয়েছেন, তাঁদের উদ্দেশ্য কোনো ব্যক্তিকে আগাম দোষী সাব্যস্ত করা নয়। বরং উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আনা এবং মেট্রোরেলের প্রশাসনিক ও প্রকল্প ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা।

এদিকে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক মো. শওগাতুল আলমের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে অভিযোগগুলোর বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কাছে পাঠানো আবেদনগুলোতে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।




ক্ষমতার পালাবদলেও বহাল মিজানুর রহমান, রূপপুর প্রকল্পের নিয়োগ নিয়ে প্রশ্ন

বিশেষ প্রতিবেদকঃ ঢাকা ওয়াসায় সরকার পরিবর্তন হলেও কিছু কর্মকর্তার প্রভাব ও অবস্থানের পরিবর্তন হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এমনই একজন কর্মকর্তা তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মিজানুর রহমান। আওয়ামী লীগ সরকারের সময় থেকে শুরু করে রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল রয়েছেন। তাঁর বিরুদ্ধে পছন্দের পদে দায়িত্ব পাওয়া, পদোন্নতি ও প্রকল্প বণ্টনে প্রভাব বিস্তার এবং প্রশাসনিক নিয়ম না মেনে গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিচালক হওয়ার অভিযোগ উঠেছে। এসব বিষয় নিয়ে ওয়াসার ভেতরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

অভিযোগ রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন প্রতিষ্ঠানে বিতর্কিত কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার আলোচনা শুরু হলেও মিজানুর রহমানের ক্ষেত্রে তার কোনো প্রভাব পড়েনি। বরং ২৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘অফসাইট পানি সরবরাহ সুবিধাদি স্থাপন’ প্রকল্পের পরিচালক হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়া হয়। এই নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে ২০১৬ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে নির্দিষ্ট নিয়ম অনুসরণের নির্দেশনা রয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী, আট সদস্যের একটি নিয়োগ কমিটির মাধ্যমে যোগ্য প্রার্থীদের যাচাই-বাছাই করার কথা। এরপর সংক্ষিপ্ত তালিকায় থাকা তিনজনের জীবনবৃত্তান্ত পর্যালোচনা করে প্রকল্প পরিচালক নির্বাচন করার বিধান রয়েছে। কিন্তু অভিযোগ অনুযায়ী, মিজানুর রহমানের নিয়োগের ক্ষেত্রে এসব নিয়ম মানা হয়নি। কোনো নিয়োগ কমিটি গঠন কিংবা প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরির প্রমাণ ছাড়াই তাঁকে প্রকল্প পরিচালক করা হয়। এ প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা এবং তৎকালীন অপসারিত ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম বেপারীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

ওয়াসার ভেতরের বিভিন্ন সূত্রের দাবি, সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে মিজানুর রহমান গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সুযোগ তৈরি করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সাবেক নেতা প্রয়াত আব্দুল জলিলের আত্মীয় পরিচয় ব্যবহার করে তিনি তাকসিম এ খানের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেছিলেন। একই সঙ্গে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্রলীগের সাবেক নেতা হিসেবে নিজের পরিচয়ও বিভিন্ন সময়ে কাজে লাগিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব পরিচয় ও রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে তিনি ওয়াসার গুরুত্বপূর্ণ পদে প্রভাব বিস্তার করেছেন বলে সংশ্লিষ্টদের দাবি।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মিজানুর রহমান বারবার পছন্দের কর্মস্থলে দায়িত্ব পেয়েছেন বলেও অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রেও তাঁর বিশেষ প্রভাব ছিল বলে ওয়াসার একাধিক কর্মকর্তা দাবি করেছেন। এসব দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি বিপুল সম্পদ ও অর্থবিত্তের মালিক হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। তবে তাঁর সম্পদের পরিমাণ, আয়ের উৎস কিংবা এসব অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্তের ফলাফল এখানে পাওয়া যায়নি।

ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে যোগ্য ও জ্যেষ্ঠ কর্মকর্তারা পদোন্নতি এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ যাঁদের বিরুদ্ধে অতীত সরকারের সময় বিশেষ সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে, তাঁদেরই গুরুত্বপূর্ণ পদে বহাল রাখা হচ্ছে। মিজানুর রহমানকে রূপপুরের মতো জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি সেই অসন্তোষ আরও বাড়িয়েছে। তাঁদের প্রশ্ন, নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুসরণ না করে কীভাবে একজন কর্মকর্তাকে এত বড় প্রকল্পের দায়িত্ব দেওয়া হলো? এ নিয়োগের পেছনে কারা ভূমিকা রেখেছেন, সেটিও তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

এদিকে মিজানুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং প্রকল্প পরিচালক হিসেবে তাঁর নিয়োগপ্রক্রিয়া নিয়ে জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথমে তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে চাননি। পরে আবার যোগাযোগ করা হলে সরাসরি প্রশ্নের উত্তর না দিয়ে নিজের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য ঢাকা ওয়াসার এক উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) দায়িত্ব দেন।

এ বিষয়ে ঢাকা ওয়াসার ডিএমডি ও অন্য একটি প্রকল্পের পরিচালক আজিজুর রহমান পান্না জানান, অভিযোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে যাচাই করে দেখা হবে। তদন্তে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তবে রূপপুর প্রকল্পের পরিচালক হিসেবে মিজানুর রহমানের নিয়োগে ২০১৬ সালের পরিপত্র অনুসরণ করা হয়েছিল কি না, নিয়োগ কমিটি গঠন করা হয়েছিল কি না এবং তাঁর বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগের সত্যতা কতটুকু—এসব প্রশ্নের নিরপেক্ষ তদন্ত এখন সময়ের দাবি। বিশেষ করে ২৩৫ কোটি টাকার জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো নিয়োগপ্রক্রিয়া খতিয়ে দেখা প্রয়োজন।




সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

কয়েক দিনের শ্রমিক অসন্তোষ কাটিয়ে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে কাজে ফিরেছেন শ্রমিকরা।

 

রোববার (৮ নভেম্বর) এসব শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকদের উপস্থিতিতে উৎপাদন কার্যক্রমে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এর মধ্য দিয়ে তৈরি পোশাকশিল্পে স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে।

 

এদিকে, গত ৫ নভেম্বর থেকে পোশাক শ্রমিকদের অক্টোবর মাসের বেতন পরিশোধ শুরু হয়েছে। আজ অধিকাংশ কারখানায় বেতন পরিশোধ করা হবে বলে আশা করছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

 

শিল্প পুলিশের মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইসরাইল হাওলাদার বলেন, শিল্পাঞ্চলগুলোর পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। আশুলিয়ায় দু’একটি কারখানায় সমস্যা দেখা গেলে সেখানে ছুটি ঘোষণা করা হয়। এরপর শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানা ত্যাগ করে।

 

মো. ইসরাইল হাওলাদার বলেন, আজ শিল্পাঞ্চলগুলোতে কোনো বিক্ষোভ, সংঘর্ষ বা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপী জেলা ইজতেমা

ঠাকুরগাঁওয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।

 

শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা সদরের বিসিক শিল্পনগরি এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

 

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী এ ইজতেমা। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। ইজতেমায় আলেম-ওলামা ও তাবলিগ জামাতের মুরুব্বিরা ইসলামের বিভিন্ন বিষয়ে বয়ান করেন।

 

ইজতেমা চলাকালে মুসল্লিরা জামাতে নামাজ আদায়, ধর্মীয় আলোচনা ও ইবাদত-বন্দেগিতে সময় কাটান। শেষ দিনে আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

 

ইজতেমায় আসা মুসল্লিরা বলেন, মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছি সবার জন্য। সবাইকে আল্লাহ যেন হেদায়েত দান করেন। আল্লাহর রাস্তায় ফিরতে সহযোগিতা করেন। সবাই যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে। মানুষ মানুষের সাথে যেন মিলে মিশে থাকতে পারে।