চুক্তি চূড়ান্ত করতে রুশ-চীনের প্রতিনিধিদের বৈঠক তেহরানের

চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খসড়া প্রস্তাবের ‘সবশেষ অগ্রগতি’ নিয়ে তেহরানে রুশ ও চীনা রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। দেশটির স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) গরিবাবাদির একটি বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, বৈঠকে ইসলামাবাদে খসড়া সমঝোতা স্মারক সম্পর্কিত সবশেষ অগ্রগতি নিয়ে মতামত বিনিময় ও আলোচনা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান, চীন ও রাশিয়ার মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব এবং এই তিন দেশের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরালোভাবে অব্যাহত থাকবে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ইরান ও পাকিস্তানের কর্মকর্তারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্মারক নিয়ে বিবৃতি দিয়েছেন, যার সুনির্দিষ্ট শর্তাবলী প্রকাশ্যে প্রকাশ করা হয়নি।

গত মাসে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার ইরানি প্রতিপক্ষের বেইজিং সফরের পর চলমান আলোচনাকে সমর্থন করার প্রতিশ্রুতি দেন। এদিকে ক্রেমলিন মার্কিন সৈন্য ও সরঞ্জামের অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগামী ২৪ ঘণ্টার মধ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছেন বলে জানিয়েছেন। তবে ইরানের ইরানের সংসদ স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবফ বিজয় না আসা পর্যন্ত তেহরান দৃঢ় থাকবে বলে জানিয়েছেন।

তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানোর জন্য অভিযুক্ত করেছেন এবং তেহরান তার অবস্থানে অটল থাকবে বলে অঙ্গীকার করেছেন। এক বিবৃতিতে গালিবফ বলেছেন, তারা নিরীহ শিশুদের হত্যা করেছে এবং কোনো অপরাধ বা নিষ্ঠুরতা থেকে বিরত থাকেনি।

তিনি আরও বলেন, ১২ দিনের যুদ্ধের বীর ও নির্যাতিত শহীদদের দ্বারা অনুপ্রাণিত হয়ে, আমরা আমাদের প্রিয় ইরানের গৌরব ও চূড়ান্ত বিজয়ের জন্য শেষ পর্যন্ত দৃঢ়ভাবে পাশে থাকব।

সূত্র: সিএনএন, আলজাজিরা।




ম্যাচ শুরুর আগেই ব্রাজিলকে পড়শির শুভকামনা

বিনোদন ডেস্ক : রাত পোহালেই বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে হট ফেভারিট দল ব্রাজিল। তাই প্রিয় দলকে আগেই শুভকামনা জানিয়েছেন সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শি।

শনিবার (১৩ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে নতুন একটি ছবি আপলোড করেন পড়শি। ছবিতে দেখা যাচ্ছে, ব্রাজিলের জার্সি পরে আছেন গায়িকা। হাতে ধরে রেখেছেন ফুটবল। ক্যাপশনে পড়শি লেখেন, ‘শুভকামনা ব্রাজিল।’

ক্যাপশনে ব্রাজিলের পতাকা ও হ্যাশট্যাগ করে ফিফা ওয়ার্ল্ড কাপ লিখেছেন তিনি। গায়িকার এমন পোস্টের পরই মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ভক্তরা।
কজন লেখেন, ‘ব্রাজিল মানেই আগুন। আমার ভালোবাসার মানুষটাও ব্রাজিল’। আরেকজন মন খারাপ করে লেখেন, ‘এটা কোনো কথা তুমিও ব্রাজিল।’
রোববার (১৪ জুন) ভোর ৪টায় মাঠে নামবে ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে জয়ের জন্য মাঠে লড়াই করবে ব্রাজিল দল। বিশ্বকাপের ১ম রাউন্ডে দলটির ম্যাচ আছে আরও দুটি।



কয় গোল হতে পারে ব্রাজিল-মরক্কো ম্যাচে?

ক্রীড়া ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম সপ্তাহান্তেই বিশ্বফুটবলের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল এবং মরক্কো। গ্রুপ সি-এর এই হাইভোল্টেজ ম্যাচটি স্থানীয় সময় আজ শনিবার সন্ধ্যা ৬টায় নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে ব্রাজিল মাঠে নামলেও, ২০২২ সালের কাতার বিশ্বকাপে চমক দেখানো মরক্কো যে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে, তা বলাই বাহুল্য। সাম্প্রতিক পারফরম্যান্স এবং দলের শক্তিমত্তার বিচারে ব্রাজিল বাজি ধরার ক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকলেও, মরক্কোর লড়াই করার ক্ষমতা নিয়ে কোনো সংশয় নেই ফুটবল বিশ্লেষকদের।

এই ম্যাচকে ঘিরে ফ্যানডুয়েল স্পোর্টসবুকের সর্বশেষ অডস অনুযায়ী ব্রাজিলকে জেতার জন্য এগিয়ে রাখা হয়েছে। তবে ফুটবল বিশেষজ্ঞ জন আইমার ম্যাচটির ধরণ নিয়ে ভিন্নধর্মী বিশ্লেষণ তুলে ধরেছেন। তার মতে, গোল সংখ্যা খুব একটা বেশি হওয়ার সম্ভাবনা কম এবং তিনি মূলত আন্ডার ২.৫ গোল বা মোট গোলের সংখ্যা আড়াইয়ের কম হওয়ার দিকেই মত দিয়েছেন।

অতীতে দুই দলের খেলার পরিসংখ্যান এবং সাম্প্রতিক ম্যাচের গোল করার প্রবণতা বিশ্লেষণ করেই এমনটা মনে করছেন তিনি। মরক্কোর রক্ষণভাগের দৃঢ়তা এবং ব্রাজিলের ম্যাচ জয়ের তীব্র মানসিকতা এই লড়াইকে এক রোমাঞ্চকর পর্যায়ে নিয়ে যেতে পারে।

সূত্র: সিবিএস স্পোর্টস




হলিউড সিনেমার পোস্টার হুবহু নকলের অভিযোগ, ট্রোলের মুখে আলিয়ার ‌‘আলফা’

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘আলফা’-এর নতুন পোস্টার প্রকাশ পেতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। অ্যাকশনধর্মী ও টানটান উত্তেজনায় ভরপুর টিজার প্রকাশের পর শুক্রবার সিনেমাটির অফিশিয়াল পোস্টারটি সামনে আনেন নির্মাতারা। তবে পোস্টারটি প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একটি বড় অংশ অভিযোগ তুলেছেন যে, হলিউডের বিখ্যাত সায়েন্স ফিকশন সিনেমা ‘ডিউন’-এর পোস্টার হুবহু নকল করে এটি তৈরি করা হয়েছে।

যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) স্পাই ইউনিভার্সের এই নতুন পোস্টারটিতে আলিয়া ভাট, শর্বরী বাগ, ববি দেওল এবং অনিল কাপুরকে অত্যন্ত রুক্ষ এবং বিধ্বংসী লুকে দেখা গেছে। পুরো পোস্টারটিতে মরুভূমির আবহ এবং ধূসর-বাদামি রঙের (সেপিয়া টোন) একটি বিশেষ মিশ্রণ ব্যবহার করা হয়েছে, যা সিনেমাটিতে একটি ভিন্নধর্মী ও ভবিষ্যৎ পৃথিবীর আবহ তৈরি করেছে। নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘দ্য আলফা গ্যাং’।

তবে এই ব্যাকগ্রাউন্ড এবং কালার গ্রেডিং দেখেই দর্শকরা সিনেমাটির সঙ্গে টিমোথি শালামে ও জেনডায়া অভিনীত হলিউড ব্লকবাস্টার ‘ডিউন’-এর প্রচারণামূলক পোস্টারের মিল খুঁজে পান।

পোস্টারটি প্রকাশের পরপরই এক্স (সাবেক টুইটার) সহ বিভিন্ন মাধ্যমে ট্রোলের বন্যা বয়ে যাচ্ছে। অনেক ব্যবহারকারী হলিউডের জনপ্রিয় এই সিনেমার পোস্টারের গঠন, রঙের ব্যবহার এবং সামগ্রিক আবহের সঙ্গে ‘আলফা’-এর হুবহু মিল নিয়ে কড়া সমালোচনা করছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, অন্তত নিজেদের কিছু মৌলিক কাজ করুন। নকল করেই তো সব চলছে। অন্য এক নেটিজেন উপহাস করে লিখেছেন, আমার মনে হয় তারা এই পোস্টার বানাতে চ্যাটজিপিটি ব্যবহার করেছে। হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল ডিউন-এর অভিনেতাদের সরিয়ে আলফার অভিনেতাদের বসিয়ে দিতে। আবার কেউ কেউ রসিকতা করে বলছেন, ডিউন সিনেমার প্রযোজকরাই হয়তো ভবিষ্যতে এসে আলফার পোস্টার কপি করেছিলেন!

শিব রাওয়াইল পরিচালিত ‘আলফা’ সিনেমাটি মূলত ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের সপ্তম কিস্তি। সিনেমার সাম্প্রতিক টিজারে দেখা গেছে, এটি ‘সীতা’ (আলিয়া ভাট) নামের এক নারীর উত্থানের গল্প, যাকে তার বাবা (ববি দেওল) একজন পেশাদার হত্যাকারী বা অ্যাসাসিন হিসেবে গড়ে তোলেন। আগামী ৩ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।




জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে এসআইসহ তিনজন প্রত্যাহার

ক্রীড়া ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে খুলশী থানায় নিয়ে গিয়েও হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ নাঈমের। এ ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিনজনকে নগরের খুলশী থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

ক্রিকেটার নাঈম হাসান রাতে সাংবাদিকদের জানান, ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষ করে শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের ফ্লাইটে চট্টগ্রাম আসার কথা ছিল তার। তবে বিলম্ব হওয়ায় রাত ১০টা ২০ মিনিটে তিনি চট্টগ্রাম পৌঁছান। এরপর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অটোরিকশা করে বাসার উদ্দেশে রওনা দেন। অটোরিকশাটি এক্সপ্রেসওয়ে থেকে নামার পর লালখান বাজার এলাকায় পুলিশের এক সদস্য গাড়ি থামার সংকেত দেন।

নাঈম হাসান বলেন, গাড়ি থামাতেই কয়েকজন ডিবি পুলিশ পরিচয়ে চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র নিয়ে নেন। এরপর তাকে গাড়ি থেকে নামিয়ে গলায় ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। তখন তিনি নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দেন, পরিচয়পত্রও দেখান। তবু তাকে ঘটনাস্থলে থাকা খুলশী থানার এসআই শফিকুল ইসলাম হাতে থাকা লাঠি দিয়ে কোমরে আঘাত করতে থাকেন। পুলিশের ওই এসআইয়ের সঙ্গে সাদা পোশাকে থাকা (পুলিশের সোর্স সোহেল) এক ব্যক্তিও হাতে থাকা পাইপ দিয়ে তাকে পেটান।

তিনি বলেন, পুলিশের গাড়ি থাকলেও সেখানে তাকে তোলা হয়নি। মারধরের এক পর্যায়ে তাকে থানায় নিয়ে যান এসআই শফিকুল। এরপর ওসির কক্ষে নেওয়া হয় তাকে। ওসির কক্ষেও তাকে হেনস্তা করা হয়েছে বলে দাবি করে নাঈম হাসান বলেন, ওসিকে তিনি যখন ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন তখন ওসি বারবার বলেন চোখ নিচু করে কথা বলতে। এর মধ্যেই একটি ফোন পেয়ে ওসি শান্ত হন।

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘চোরাচালানের তথ্য ছিল অটোরিকশাটির বিরুদ্ধে। তবে এই তথ্য কতটুকু সঠিক যাচাই করা হচ্ছে। আর অভিযান চালানোর আগে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। অভিযান কিংবা তল্লাশিতে পুলিশের কিছু নিয়ম-কানুন রয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।’

তিনি বলেন, ‘অভিযান চালানোর নিয়ম রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, আপাতদৃষ্টিতে এখানে ভুলত্রুটি রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিভাগীয় শাস্তির আওতায় আনা হবে।’

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘অভিযানের বিষয়ে এসআই শফিকুল ইসলাম আমাকে কিছু জানাননি। থানায় নিয়ে আসার পর ক্রিকেটার নাঈমের পরিচয় জানি। দুঃখ প্রকাশ করে সসম্মানে থানা থেকে তাকে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। তবে জড়িত ব্যক্তিদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা থানা থেকে যাবেন না জানান। পরে এ ঘটনায় মামলা হয়েছে।’

ওসি বলেন, ‘এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল ও অভিযানে থাকা আরেক কনস্টেবলকে তাৎক্ষণিক ক্লোজড করা হয়েছে।’




‘যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধীদল মানে না’

ডেস্ক নিউজঃ দেশে অস্থিতিশীলতা ও অশান্তি তৈরি করতে বিরোধী দল প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তাদের (বিরোধী দল) লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়; তাদের উদ্দেশ্য একটাই, দেশের মধ্যে একটি অস্থিতিশীতা-অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা।

শনিবার কক্সবাজার সদর উপজেলার পিএমখালী পাতলীখাল আনুষ্ঠানিক পুনঃখনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘খবরের কাগজগুলোতে দেখলাম, আলহামদুলিল্লাহ, এইবার বাজেটের পরে এখন পর্যন্ত কোন জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে তার ওপর যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই দুইদিন আগের বাজেটে ৬০টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। এর উদ্দেশ্য লক্ষ্য একটাই. দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে।’

তিনি বলেন, ‘বিরোধী দল বলছে যে এই বাজেট তারা মানে না, এই গণবিরোধ বাজেট তারা মানে না। আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন?’

সরকারপ্রধান বলেন, ‘তাদের (বিরোধী দল) লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। তাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীতা-অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা।’

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে উৎপাদন ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কিন্তু কৃষির সঙ্গে সঙ্গে আমাদের শিল্প-বাণিজ্য গড়ে তুলতে হবে। শিল্প-বাণিজ্য যদি গড়ে উঠতে পারে, আমাদের সন্তানদের সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তারা চাকরিবাকরি, ব্যবসা-বাণিজ্য করতে পারবে।

তিনি বলেন, সে কারণেই যেসব দ্রব্য দেশে উৎপাদিত হয়, একই জিনিস যেগুলো বিদেশ থেকে আসে, সেগুলোর ওপর আমরা ট্যাক্স বাড়িয়েছি, যাতে করে দেশে যে দ্রব্যটি উৎপাদিত হচ্ছে, সেই দ্রব্যটি যারা উৎপাদন করে, সেই শিল্প কারখানাটি যাতে সাপোর্ট পেতে পারে, তার ব্যবস্থা আমরা এই বাজেটের মধ্যে রেখেছি। এটিও বিরোধী দলের পছন্দ নয়।

উপস্থিত জনতার উদ্দেশে তারেক রহমান বলেন, এদেশের মালিক আপনারা। দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়, কোনো পরিবার নয়; দেশের মালিক হচ্ছে বাংলাদেশের ২০ কোটি জনগণ।

সমাবেশে বক্তব্য দেওয়ার আগে প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে পাতালী খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং খালের পাড়ে একটি চারা রোপণ করেন।

তিনি বলেন, এই দেশই আমাদের প্রথম ঠিকানা, এই দেশই শেষ ঠিকানা। সেজন্যই আমরা বলি, এই দেশকে গড়লে আমরাই ভালো থাকব, আমাদের সন্তানরাই শান্তিতে থাকতে পারবে। দেশকে যদি আমরা গড়তে না পারি তাহলে আমাদের সন্তানরা দুঃখ-কষ্টে থাকবে। কেউ কি চায় নিজের সন্তান কষ্টে থাকুক? কেউ আমরা চাই না। সেজন্যই আমরা একটি কথাই বলি—করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

সরকারপ্রধান বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের উন্নয়নের জন্য রাজনীতি। এরই ধারাবাহিকতায় সারা দেশে প্রত্যেকটি উপজেলায় ১০ হাজার করে কৃষিকার্ড দেওয়া হবে। কারণ, এই দেশের মানুষ স্বাবলম্বী না হলে দেশ কোনোদিন উন্নয়নশীল দেশে পরিণত হবে না। ইতিমধ্যে বর্তমান সরকার কৃষিকার্ড, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছে।

তিনি বলেন, আমাদের দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। দেশনেত্রী খালেদা জিয়া মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। মেয়েরা শিক্ষিত ও স্বাবলম্বী না হলে দেশ এগোতে পারবে না। তাই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, স্নাতক বা ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা সম্পূর্ণ ফ্রি করা হবে। শুধু তাই নয়, যারা ভালো ফলাফল করবে তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও রাখা হয়েছে বাজেটে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ গ্রামে বাস করে। এসব গ্রামীণ পরিবারকে স্বাবলম্বী করতে মায়েদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হবে।

এ সময় কোনো ষড়যন্ত্রে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ সরকারের এবং প্রশাসনের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম কক্সবাজার সফর। সফরসূচি অনুযায়ী, পাতলী খালের খনন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় জনগণের উদ্দেশে এক পথসভায় বক্তব্য দেন। পরে তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন এবং মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

এরপর তিনি পেকুয়ায় গিয়ে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই সফরে পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলা প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপনেরও কথা রয়েছে।

বিকেলে চকরিয়া বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভা শেষে তিনি কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত এলাকা পরিদর্শন করবেন। সফরের শেষ পর্যায়ে হোটেল লং বিচের অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন।

সব কর্মসূচি শেষে রাত প্রায় ১০টার দিকে আকাশপথে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজারজুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মাঝেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিন পর এমন উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফরে নতুন প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার।




ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার দুপুর ২টায় পিএমখালি ইউনিয়নের পাতলী খাল পুনঃখননের কার্যক্রম শেষ করে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তাঁরা পার্কের ভেতরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখেন। এ সময় প্রধানমন্ত্রী খুবই উচ্ছ্বাসিত ছিলেন।

এর আগে তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচির স্থলে যান। পাশের আসনে বসান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।

এরপর সেখান থেকে আবারও নিজে গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে যান তারেক রহমান। এ সময় পুরো রাস্তাজুড়ে হাজার হাজার স্থানীয় সাধারণ জনগণ এবং দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল ছিটিয়ে ও হাত নেড়ে উষ্ণ অভ্যর্থনা জানান এবং স্লোগান দিতে থাকেন।

সমুদ্রসৈকতের জন্য পরিচিত কক্সবাজারে বহু পর্যটক গেলেও জেলার অন্যতম আকর্ষণ এই সাফারি পার্ক। এটি দেশের প্রথম সাফারি পার্ক। পাহাড়, বন, জলাধার আর উন্মুক্ত পরিবেশে বিচরণকারী শত শত প্রাণী নিয়ে গড়ে উঠেছে এই অনন্য বন্য প্রাণীর জগৎ।

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় অবস্থিত পার্কটি। চট্টগ্রাম শহর থেকে এর দূরত্ব প্রায় ১০৭ কিলোমিটার। কক্সবাজার শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার। এই সাফারি পার্কের যাত্রা শুরু ১৯৮০-৮১ অর্থবছরে। তখন ৪২ দশমিক ৫ হেক্টর বনভূমি নিয়ে এখানে একটি হরিণ প্রজননকেন্দ্র গড়ে তোলে বন বিভাগ। পরে দেশের প্রথম সাফারি পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।




হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

ডেস্ক নিউজঃ পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এ পর্যন্ত ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। শনিবার (১৩ জুন) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। 

বুলেটিন অনুযায়ী, তিনটি এয়ারলাইন্সের মাধ্যমে মোট ১২৭টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। বাংলাদেশ সময় ১৩ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত ১২৭টি ফিরতি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৮টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট।

হজ অফিস সূত্র জানা যায়, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ১০ জন হজ পালন করেছেন।

এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে এখন পর্যন্ত ৫০ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৭ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

হজ বুলেটিন অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন এবং ১৮ জন হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া বাংলাদেশি মেডিকেল সেন্টারগুলো ৬২ হাজার ৮৩৭ জন হাজিকে চিকিৎসা ও পরামর্শসেবা দিয়েছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম।

চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।




‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’

ডেস্ক নিউজঃ আগামী বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোর কারণে বিরোধী দলের পছন্দ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) কক্সবাজার সদরের পিএমখালীর পাতলী খাল পুনঃ খনন উদ্বোধন শেষে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সদর বিএনপির আহবায়ক সুবেদার মেজর আবদুল মাবুদের সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকুর সঞ্চালনায় পথসভা তারেক রহমান বলেন, বিরোধী দলের অযৌক্তিক বিরোধিতায় আমরা কান দিচ্ছি না। সাধারণ জনগণের স্বার্থরক্ষা, প্রত্যান্ত অঞ্চলের সকল জমিকে আবাদ যোগ্য করে দেশের খাদ্য উৎপাদন বাড়িয়ে স্বাবলম্বী হওয়া নিশ্চিত করা আমাদের সরকারের প্রধান লক্ষ্য।

বিএনপি আমজনতার দল- সাধারণ মানুষের উন্নয়নে কাজ করতে বিশ্বাসী জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রগতি নিশ্চিত করতে হলে কৃষক ও সাধারণ মানুষের ভাগ্যউন্নয়ন তরান্বিত করতে হবে। দরিদ্র কৃষকদের চাষাবাদ ঠিক রাখতে কৃষক কার্ডের মাধ্যমে কৃষি সহায়তা নিশ্চিত করা হবে। দেশের মানুষের প্রতি অনুরোধ সরকারের উপর আস্থা রাখুন।

সভায় সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, কক্সবাজারের দুঃখ বাঁকখালী নদী। এ নদীর বাঁকে বাঁকে ভাঙ্গন দু’কুলের মানুষকে ভোগায়- ভাসিয়ে নেয় ফসল। নদীর দু’কুলে টেকসি বাঁধ নির্মাণে পানিসম্পদ মন্ত্রণালয়কে আদেশ দিতে প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানান তিনি।

জেলার অনেক মানুষ জলবায়ু উদ্বাস্তু ও ভূমিহীন উল্লেখ করে এমপি কাজল বলেন, অনেকের বসবাস পাহাড়ের উপর বা পাদদেশে। তারা সবসময় আতংকে থাকেন, কখন উচ্ছেদ হচ্ছেন। সরকারের কাছে আমার দাবি- তাদের উচ্ছেদের আগে যেন, পুনর্বাসন করা হয় বা তাদের নামে খাস জমি বন্দোবস্ত দেয়া হয়।

এতে আরও বক্তব্য রাখেন- স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পিএমখালী ইউনিয়ন বিএনপি সভাপতি প্রমূখ।

এর আগে, আজ বেলা ১১টার দিকে বাপের স্মৃতিবিজড়িত পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের হাতে মাটি কেটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি।

এদিকে টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়ার মধ্যেও প্রধানমন্ত্রীকে ঘিরে কক্সবাজারজুড়ে দেখা গেছে উচ্ছ্বাস। প্রধানমন্ত্রীর উপস্থিতি দেখতে খালপাড়ে ভিড় করেছেন অসংখ্য মানুষ।




কানাডায় বিশ্বকাপ উদ্বোধনে নোরার সঙ্গে কানাডার মঞ্চ মাতালেন বাংলাদেশের সঞ্জয়

ক্রীড়া ডেস্ক : মেক্সিকো সিটির পর এবার উত্তর আমেরিকার আরেক আয়োজক কানাডায় হলো বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত তারকা অফিশিয়াল থিম সংয়ে পারফর্ম করার পাশাপাশি সরাসরি উদ্বোধনী মঞ্চ মাতালেন।

শুক্রবার (১২ জুন) কানাডার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বমঞ্চে সুরের জাদু দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় ডিজে এবং ইলেকট্রনিক মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব। বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও গায়িকা নোরা ফাতেহি এবং ফরাসি হিপ-হপ তারকা ভেজেড্রিমের সঙ্গে যৌথভাবে পারফর্ম করেন তিনি।

টরন্টোতে কানাডা বনাম বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ম্যাচের ঠিক ৯০ মিনিট আগে শুরু হয় এই জমকালো অনুষ্ঠান। সেখানে এই ত্রয়ী তাঁদের নতুন রিলিজ হওয়া ফিফা অফিশিয়াল ট্র্যাক ‘সির সির’ পরিবেশন করেন। মুক্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গানটি ইউটিউবে ২০ মিলিয়নের (২ কোটি) বেশি ভিউ পেয়ে বিশ্ব রেকর্ড গড়েছে। এর আগে শাকিরার অফিশিয়াল ফিফা থিম সং প্রথম দিনে ৮ দশমিক ২ মিলিয়ন ভিউ পেয়েছিল, যা এবার টপকে গেল সির সির।

সঞ্জয়ের জন্ম বাংলাদেশের চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে। এরপর শৈশবের একটি বড় সময় চট্টগ্রামে কাটিয়ে পরিবারের সঙ্গে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই ডিজে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ইলেকট্রনিক মিউজিকের সঙ্গে বাংলা সুরের ফিউশন ঘটিয়ে প্রশংসিত হয়েছেন।

কানাডায় সঞ্জয়সহ উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছেন গায়িকা আলেসিয়া কারা, মাইকেল বুবলে ও ইলিয়ানার তারকারা।