এইচএসসি পরীক্ষা ২০২৬: জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার জিপিএ ফাইভ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

 

শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

 

এবার পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে। মোট পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ ফাইভ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

 

পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাচ্ছে। এছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে মুহূর্তেই ফল জানা যাচ্ছে।

 

আগামী ১ নভেম্বর থেকে ফল পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হবে। শিক্ষার্থীরা অনলাইন পদ্ধতিতে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

 

এর আগে, গত ২ জুলাই সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়। সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

 

এ বছর ১১টি বোর্ডে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন।

২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।




দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ

ডেস্ক নিউজঃ সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ দেশে পৌঁছেছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকেই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ২১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৬ ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এর আগে, গত ৯ আগস্ট রিয়াদের ওই সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার পর প্রথম দফায় গত ২৭ আগস্ট ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছিল। বাকি সাত জনের মরদেহ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছিল না। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। 

ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া এই সাতজনের মধ্যে পাঁচজন নওগাঁর এবং দুজন নাটোরের বাসিন্দা। দীর্ঘদিন পর প্রিয়জনের মরদেহ নিতে এসে কান্না আর আহাজারিতে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ রেজায়ে রাব্বী জানান, ১০ অক্টোবর থেকে রিয়াদ থেকে সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় মরদেহগুলো সড়কপথে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকেই বিমানে করে মরদেহগুলো ঢাকায় আনা হয়েছে।

নিহত শ্রমিকদের মধ্যে রয়েছেন নওগাঁ জেলার সদর উপজেলার পার নওগাঁ গ্রামের শাহিন; আত্রাই উপজেলার দুবাই গ্রামের হাসিবুল হাসান, মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মাসিদুল সরদার এবং সাহানগর গ্রামের সাগর আলী।

এছাড়া নাটোরের লালপুর উপজেলার দীঘিরপাড়া গ্রামের মোহাম্মদ শামীম ও খাজুরা গ্রামের শরিফ হোসেন রয়েছেন।




ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান, বিতরণ স্থগিত

ডেস্ক নিউজঃ ভারত থেকে আমদানি করা চালের নমুনায় ক্যানসার সৃষ্টিকারী বিষাক্ত উপাদান আফলাটক্সিন-এর উপস্থিতি শনাক্ত হওয়ার পর, অবশিষ্ট ৯ হাজার ৫০০ টন চালের বিতরণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে খাদ্য অধিদপ্তর। চট্টগ্রাম ও ঢাকার সরকারি গুদামে সংরক্ষিত চালের নমুনা পরীক্ষায় এই বিপজ্জনক আফলাটক্সিন এর সন্ধান মেলে। বিষয়টি নিশ্চিত হতে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে চালানের বাকি চাল অধিকতর পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী শিরীন আক্তার জাহান জানান, দীর্ঘদিন সংরক্ষণ করা হলে চালে আফলাটক্সিন তৈরি হতে পারে। তবে পরীক্ষায় যে পরিমাণ উপাদান পাওয়া গেছে, তা সহনীয় মাত্রার মধ্যে রয়েছে।

তিনি আরও জানান, আফলাটক্সিনের মাত্রা সহনীয় সীমা ছাড়িয়ে গেলে তা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।

গত ১৭ আগস্ট চট্টগ্রামের হালিশহর ও দেওয়ানহাট সেন্ট্রাল স্টোরেজ ডিপোর (সিএসডি) চালের স্তূপ থেকে তিন সদস্যের ব্রি প্রতিনিধিদল নমুনা সংগ্রহ করে।

পরীক্ষায় হালিশহর এবং ঢাকার একটি সরকারি গুদামে রাখা চালের নমুনায় আফলাটক্সিনের উপস্থিতি পাওয়া যায়। এরপর ওই চালান থেকে গ্রহণ করা ৯ হাজার ৫০০ টন চালের বিতরণ স্থগিত করে খাদ্য অধিদপ্তর।

হালিশহর সিএসডির ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, খাদ্য কর্মকর্তারা এই চালের লট দুবার পরীক্ষা করেছেন। পাশাপাশি ডিপো কর্তৃপক্ষকে চাল বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল এখনো ডিপোতে পৌঁছায়নি।

চট্টগ্রাম খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক রেজওয়ান সাকিবও চাল বিতরণ বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিক পরীক্ষায় খাওয়ার উপযোগী ঘোষণা

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতি টন ৩৫৩ দশমিক ১১ ডলার দরে ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি করা হয়েছিল। ওই চুক্তির অংশ হিসেবে চাল সরবরাহ করে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল।

চূড়ান্ত চালানের প্রায় ১০ হাজার ৮৭৮ টন চাল নিয়ে ‘এমভি এইচটি পাইওনিয়ার’ জাহাজটি গত ২১ জুলাই চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পরদিন খাদ্য কর্মকর্তাদের উপস্থিতিতে চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়।

প্রাথমিক পরীক্ষার প্রতিবেদনে চালগুলো মানুষের খাওয়ার উপযোগী বলে জানানো হয়েছিল। এরপর ২৪ ও ২৫ জুলাই চাল খালাসের অনুমতি দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে চালগুলো ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরের বিভিন্ন সরকারি গুদামে পাঠানো হয়। গুদামে পৌঁছানোর পর চালের একটি অংশের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কর্মকর্তারা। তাদের কেউ কেউ চালের মান অত্যন্ত নিম্ন বলে উল্লেখ করেন এবং কিছু চাল খাওয়ার প্রায় অনুপযোগী বলে জানান।

নিম্নমানের অভিযোগে বন্দর থেকেই প্রায় ১ হাজার ৩৭৮ টন চাল জাহাজে ফেরত পাঠানো হয়। বাকি ৯ হাজার ৫শ টন চাল গ্রহণ করে কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে খাদ্য অধিদপ্তর চালের মান নিয়ে নতুন করে পরীক্ষার উদ্যোগ নেয়। অধিদপ্তরের মহাপরিচালক এম জসিম উদ্দিন খান পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চাল বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেন।

আফলাটক্সিন শনাক্তের দাবি মানতে নারাজ সরবরাহকারী

চালে আফলাটক্সিন পাওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশের খাদ্য কর্মকর্তা ও সরবরাহকারীর যৌথভাবে সংগ্রহ করা নমুনা ভারতের একটি পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছিল। ওই পরীক্ষায় চাল চুক্তির নির্ধারিত মান পূরণ করেছে বলে জানানো হয়।

ই-মেইলে প্রতিষ্ঠানটি জানায়, ব্রিতে পরীক্ষা করা সিলগালা করা যৌথ নমুনায় কোনো আফলাটক্সিন পাওয়া যায়নি বলেও তাদের জানানো হয়েছিল। নিজেদের দাবির পক্ষে তারা সংযুক্ত এসজিএস প্রতিবেদনের পাঁচ ও ছয় নম্বর পৃষ্ঠার কথা উল্লেখ করেছে।

প্রতিষ্ঠানটির আরও দাবি, চালের মান বজায় রাখতে তারা যথাযথ কার্যপ্রণালি অনুসরণ করেছে। চাল বিতরণ স্থগিতের আগে এ বিষয়ে তাদের কাছে কোনো অভিযোগও আসেনি।

অন্যদিকে সরবরাহকারীর শিপিং এজেন্ট সেভেন সিজ শিপিং লাইনের ব্যবস্থাপনা পরিচালক আলী আকবর অভিযোগ করেছেন, একটি স্বার্থান্বেষী মহল আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরবরাহকারী প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘এমনটা চলতে থাকলে কোনো আন্তর্জাতিক সরবরাহকারী বাংলাদেশে খাদ্যশস্য সরবরাহে আগ্রহ দেখাবে না, যা দেশকে বিপাকে ফেলবে।’

এদিকে চালের নমুনা পরীক্ষার ফলাফল নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পরস্পরবিরোধী বক্তব্যের কারণে পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে প্রাথমিক পর্যায়ে সংগ্রহ করা নমুনাগুলো পুরো চালানের প্রকৃত মান তুলে ধরতে পেরেছিল কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এখন পর্যন্ত চালের নমুনায় শনাক্ত হওয়া আফলাটক্সিনের সুনির্দিষ্ট মাত্রা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। একইসঙ্গে চিহ্নিত চালের বিষয়ে পরবর্তী করণীয় কী হবে, কিংবা অন্যান্য সরকারি গুদামে সংরক্ষিত চালের নমুনাও নতুন করে পরীক্ষা করা হবে কি না, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক এম জসিম উদ্দিন খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড




এইচএসসির ফল: কোন বোর্ডে পাসের হার কত?

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

 

শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে এই ফলাফল প্রকাশিত হয়।

 

এবার ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে। মোট পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ ফাইভ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

 

কোন বোর্ডে পাসের হার কত?

 

ঢাকা শিক্ষা বোর্ড: ৬১ দশমিক ৮০ শতাংশ

রাজশাহী শিক্ষা বোর্ড: ৪৫ দশমিক ০৬ শতাংশ

কুমিল্লা শিক্ষা বোর্ড: ৪৮ দশমিক ০৪ শতাংশ

যশোর শিক্ষা বোর্ড: ৪৪ দশমিক ৯২ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ড: ৫২ দশমিক ০৭ শতাংশ

বরিশাল শিক্ষা বোর্ড: ৪৪ দশমিক ৮৪ শতাংশ

সিলেট শিক্ষা বোর্ড: ৫০ দশমিক ৯০ শতাংশ

দিনাজপুর শিক্ষা বোর্ড: ৪৫ দশমিক ৯৮ শতাংশ

ময়মনসিংহ শিক্ষা বোর্ড: ৫১ দশমিক ৪৪ শতাংশ

 

মাদ্রাসা শিক্ষা বোর্ড: ৬১ দশমিক ০৭ শতাংশ

কারিগরি শিক্ষা বোর্ড: ৪৯ দশমিক ৪৩ শতাংশ

 

পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাচ্ছে। এছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে মুহূর্তেই ফল জানা যাচ্ছে।

 

আগামী ১ নভেম্বর থেকে ফল পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হবে। শিক্ষার্থীরা অনলাইন পদ্ধতিতে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

 

এর আগে, গত ২ জুলাই সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়। সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।




সাগরে নতুন লঘুচাপ, রাজধানীতে বৃষ্টি

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হতে না হতেই সাগরে সৃষ্টি হয়েছে নতুন লঘুচাপ। এর প্রভাবে সকাল থেকে মেঘলা আকাশ থাকার পর রাজধানী ঢাকায় ভারি বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর আকাশ বেশ মেঘলা ছিল। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। শুরুতে বৃষ্টির পরিমাণ হালকা থাকলেও পরে তা ভারি বৃষ্টিতে রূপ নেয়।

আবহাওয়া অফিসের তথ্যমতে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়েছে। এটি প্রথমে স্থল গভীর নিম্নচাপ ও পরে স্থল নিম্নচাপে পরিণত হয়। বর্তমানে এটি সুস্পষ্ট লঘুচাপ আকারে ভারতের ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। তবে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা কম। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।




মরদেহ উদ্ধার: থানায় তাহসিফের বাবার হত্যা মামলা

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন তিনি।

 

থানার ডিউটি কর্মকর্তা আতিকুজ্জামান  এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলাটি নৌ-পুলিশ তদন্ত করবে। তাহসিফে ব্যবসায়িক পার্টনার ও এলাকার ছোট ভাই শাহরিয়ার রেজ দীপের বিষয়েও নৌপুলিশ দেখছে।’

 

নৌ-পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেয়া হয়। পরে খবর পেয়ে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পকেটে থাকা আইফোনে একটি কল এলে তাহসিফের পরিচয় নিশ্চিত হওয়া যায়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

 

পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় মায়ের সঙ্গে কেনাকাটা শেষ করে বাসায় ফেরেন তাহসিফ। কিছু সময় পর দ্বীপ নামে এক সহকর্মীর সঙ্গে দেখা করার কথা বলে তিনি আবার বাসা থেকে বের হন। এরপর ২৮ অক্টোবর ‘আম্মু আমি আসছি’ লিখে শেষ একটি খুদে বার্তা পাঠালেও তিনি আর বাড়ি ফেরেননি।

 

এদিকে, ঘটনার দিন মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গে থাকার আলোচনায় আসার পর দীপকে গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। শুক্রবার (৩০ অক্টোবর) তাকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় যায় পিবিআই। তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়। যা তাহসিফের বলে নিশ্চিত করেন দীপ।

 

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন এলাকায় গিয়েছিলেন। সেখানে কয়েকজন তাদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। তবে দীপের এই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। পিবিআই তার বক্তব্যের বিভিন্ন অসংগতি যাচাই করে এবং ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য-উপাত্ত নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে দীপকেও নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।




রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের চতুর্থ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ১৭ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী ৩টি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় পৌঁছায়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য তিনটিসহ মোট চারটি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

এর আগে, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরো দুটি কার্গোতে অতিরিক্ত ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি আনা হবে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান প্রথম ইউনিটে স্টেজ-সি কার্যক্রম শুরুর অনুমোদন দেন।

স্টেজ-সি পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর, পরিচালন ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। প্রয়োজনীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে, যাকে বলা হয় ‘সিনক্রোনাইজেশন’।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নভেম্বর মাসে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। তবে তা কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থার শর্ত ও প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হবে।




এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। এ জন্য ওয়েবসাইটের ‘Result’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর দিয়ে ফল ডাউনলোড করতে হবে।

অন্যদিকে পরীক্ষার্থীরা eduboardresults.gov.bd, educationboardresults.gov.bd অথবা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল জানতে পারবেন।

এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ রয়েছে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘HSC DHA 123456 2026’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এখানে DHA-এর জায়গায় নিজ নিজ শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর এবং 123456-এর জায়গায় পরীক্ষার রোল নম্বর বসাতে হবে।

উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। এসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে। অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান। গত ২ জুলাই পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি।




হারতায় ক্যামেরা চুরির ঘটনায় জাহিদ গ্রেপ্তারের দাবি, জাকিরকে নিয়ে প্রশ্ন

নিজেস্ব প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার হারতা এলাকায় এক পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে ছয়টি সিসি ক্যামেরা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাহিদ বালী (২০), জাকির বালী (৪৮) এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে অভিযুক্ত করে এজাহার দেওয়া হয়েছে বলে অভিযোগকারী পক্ষ জানিয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। অভিযোগকারীর দাবি, মাদক কারবারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর থেকেই বিরোধের সূত্রপাত। তবে এ দাবির সঙ্গে ক্যামেরা চুরির সরাসরি যোগসূত্র এখনো প্রমাণিত হয়নি।

অভিযোগকারী বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বর্তমানে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কর্মরত। তাঁর দাবি, উজিরপুরের হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত তাঁর মালিকানাধীন একতলা ভবনের নিরাপত্তার জন্য ছয়টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। ক্যামেরাগুলো HIKVISION ব্র্যান্ডের।

রাতের কোনো একসময় চুরির অভিযোগ

এজাহারে উল্লেখ করা তথ্য অনুযায়ী, গত ২০ অক্টোবর রাত ১০টা থেকে ২১ অক্টোবর ভোর ৪টার মধ্যে কোনো একসময় ভবন থেকে ক্যামেরাগুলো চুরি হয়। পরদিন সকালে বাড়ির ম্যানেজার সুমিত বরালের মাধ্যমে বিষয়টি জানতে পারেন বাড়ির মালিক। চুরি হওয়া ক্যামেরাগুলোর আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এসআই জিয়াউর রহমানের অভিযোগ, বাড়ির আশপাশে মাদকদ্রব্য বিক্রির কর্মকাণ্ড তাঁর নজরে আসে। নিরাপত্তার জন্য ক্যামেরা স্থাপনের পর ফুটেজে কয়েকজনকে দেখতে পেয়ে তিনি তাঁদের ওই পথ ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছিলেন। এরপর বিরোধের সূত্রপাত বলে দাবি তাঁর।

জিয়াউর রহমানের আশঙ্কা, মাদক কারবারের কর্মকাণ্ড আড়াল করা অথবা বাড়ির নিরাপত্তাব্যবস্থা দুর্বল করার উদ্দেশ্যে ক্যামেরাগুলো সরিয়ে নেওয়া হয়ে থাকতে পারে। তবে চুরির ঘটনায় কারা জড়িত এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

জাহিদ গ্রেপ্তারের দাবি, জাকিরকে নিয়ে প্রশ্ন

অভিযোগকারী পক্ষের সর্বশেষ দাবি, এ ঘটনায় অভিযুক্ত জাহিদ বালীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর গ্রেপ্তারের তারিখ, কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে সোপর্দের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য বা আদালতের নথি এই প্রতিবেদনের জন্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে, জাকির বালী এখনো পলাতক রয়েছেন বলে দাবি করেছে অভিযোগকারী পক্ষ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত ১০টি মামলার তথ্য থাকার কথাও বলা হয়েছে। তবে এসব মামলার নম্বর, বর্তমান অবস্থা, অভিযোগের ধরন এবং সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় যাচাই করা প্রয়োজন।

কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা থাকার তথ্যই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করে না। তাই সংশ্লিষ্ট মামলার নথি, আদালতের আদেশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যের ভিত্তিতে বিষয়গুলো নিশ্চিত করা জরুরি।

২০২২ সালের মাদক মামলার প্রতিবেদনে একই নাম

জাকির বালীকে ঘিরে আলোচনার মধ্যে ২০২২ সালের একটি পুরোনো সংবাদ প্রতিবেদনও সামনে এসেছে। এনটিভি অনলাইনে ওই বছরের ১৭ মার্চ প্রকাশিত সংবাদে বলা হয়েছিল, বরিশালের উজিরপুরের হারতা এলাকায় র‍্যাবের অভিযানে জাকির হোসেন বালী (৪৫) ও সমীর হালদারকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারের কথা জানায় র‍্যাব-৮। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের তথ্যও প্রতিবেদনে উল্লেখ ছিল।

তবে পুরোনো প্রতিবেদনে উল্লিখিত জাকির হোসেন বালী এবং বর্তমান ঘটনায় অভিযুক্ত জাকির বালী একই ব্যক্তি কি না, তা এখনো নিশ্চিত নয়। নাম, এলাকা ও অন্যান্য পরিচয়সংক্রান্ত তথ্য মিলিয়ে দেখা এবং সংশ্লিষ্ট মামলার নথি যাচাই ছাড়া তাঁদের একই ব্যক্তি হিসেবে চিহ্নিত করা ঠিক হবে না।

একইভাবে, জাকির বালীর বিরুদ্ধে ১০টি মামলা থাকার দাবির সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট থানার মামলা-সংক্রান্ত তথ্য ও আদালতের নথি পরীক্ষা করা প্রয়োজন। এসব মামলার কোনোটির সঙ্গে বর্তমান ঘটনার সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়েও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

মাদক কারবারের অভিযোগের সঙ্গে চুরির যোগসূত্র কী?

ঘটনাটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো, ক্যামেরা চুরির অভিযোগের সঙ্গে মাদক কারবারের বিরোধের সম্ভাব্য সম্পর্ক। অভিযোগকারী দাবি করেছেন, আশপাশে মাদক বিক্রির বিষয়টি নজরে আসার পর তিনি কয়েকজনকে সতর্ক করেছিলেন। তাঁর ধারণা, এরপরই বিরোধ তৈরি হয়।

তবে এই বক্তব্যের বাইরে চুরির সঙ্গে মাদক কারবারের সরাসরি যোগসূত্র প্রতিষ্ঠা করে—এমন কোনো যাচাই করা প্রমাণ এই প্রতিবেদনে পাওয়া যায়নি। ক্যামেরাগুলো কে বা কারা নিয়েছে, কী উদ্দেশ্যে নিয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্তের বিষয়।

এলাকায় মাদক বিক্রি, ভয়ভীতি প্রদর্শন কিংবা প্রতিবাদকারীদের হুমকি দেওয়ার যেসব অভিযোগের কথা বলা হয়েছে, সেগুলোর ক্ষেত্রেও নির্দিষ্ট মামলা, সাধারণ ডায়েরি (জিডি), প্রত্যক্ষদর্শীর বক্তব্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য যাচাই করা প্রয়োজন।

নিরপেক্ষ তদন্তের প্রত্যাশা

একজন পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে নিরাপত্তার জন্য স্থাপিত ছয়টি সিসি ক্যামেরা চুরির অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে হারতা এলাকায় মাদকদ্রব্য বিক্রির অভিযোগ এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ থাকলে সেগুলোও যথাযথভাবে খতিয়ে দেখা জরুরি।

অভিযোগকারী পক্ষের বক্তব্যের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য, পুলিশের আনুষ্ঠানিক অবস্থান এবং মামলার নথি যাচাইয়ের মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্র সামনে আনা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। একই সঙ্গে তদন্ত শেষ হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত না করা এবং নির্দোষ ব্যক্তির হয়রানি এড়ানোও গুরুত্বপূর্ণ।

সব মিলিয়ে, হারতায় সিসি ক্যামেরা চুরির ঘটনায় প্রকৃতপক্ষে কারা জড়িত এবং এর সঙ্গে মাদক কারবারের বিরোধের কোনো সম্পর্ক রয়েছে কি না—তা এখনো নিশ্চিত নয়। এসব প্রশ্নের উত্তর মিলতে পারে নিরপেক্ষ তদন্ত, নির্ভরযোগ্য নথি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে।




নড়াইলের লোহাগড়া উপজেলার নিখোঁজ প্রতিবন্ধী কিশোরী উদ্ধার, মোটরসাইকেল চালক আটক।

লোহাগড়া প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা এলাকা থেকে নিখোঁজ হওয়া সুহানা (১৪) নামে এক বহুমাত্রিক প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাকে বহনকারী মোটরসাইকেল ও চালককেও উদ্ধার করা হয়েছে।

আজ বেলা ১১টার দিকে বাড়ির সামনে থেকে মোটরসাইকেলে করে সুহানাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। সে মোঃ এনামুল বিশ্বাস ও আন্নি খানমের মেয়ে। তাদের বাড়ি সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ ঠাকুরের বাড়ির পাশে।

ঘটনার বিষয়টি লোহাগড়া থানা পুলিশকে অবহিত করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফুল ইসলাম নড়াইল জেলা ট্রাফিক টিমকে বিষয়টি জানান। পরে সমন্বিত তৎপরতায় নড়াইলের ভূমদদিয়া এলাকা থেকে কিশোরী সুহানাকে মোটরসাইকেল ও চালকসহ উদ্ধার করা হয়।