যুক্তরাষ্ট্রে মসজিদে হামলায় নিহতদের জানাজায় হাজারো মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের মসজিদে বন্দুক হামলায় নিহত তিন ব্যক্তির আবেগঘন জানাজা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার শহরের একটি পার্কে দুই হাজারের বেশি মানুষ জানাজায় উপস্থিত হন। বার্তাসংস্থা আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

জানাজায় সাধারণ মানুষের পাশাপাশি ইউনিফর্ম পরিহিত পুলিশ কর্মকর্তারাও অংশ নেন। নিহতদের মরদেহ সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় একটি সাদা ছাউনির নিচে রাখা হয়। এ সময় উপস্থিত জনতা আরবিতে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দেন।

নিহত তিনজন হলেন-৫১ বছর বয়সী নিরাপত্তাকর্মী আমিন আবদুল্লাহ, ৭৮ বছর বয়সী মানসুর কাজিহা এবং ৫৭ বছর বয়সী নাদির আওয়াদ। পরে তাদের একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।

স্থানীয় ইসলামিক সেন্টারের ইমাম তাহা হাসান বলেন, ‘আজকের এই সমাবেশ একটি বার্তা দিচ্ছে আমাদের সম্প্রদায় আঘাত পেয়েছে, কিন্তু আমরা এখনো দৃঢ় ও ঐক্যবদ্ধ।’

তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে মানুষ জানাজায় অংশ নিতে সান ডিয়েগোতে এসেছেন। কেউ কেউ অনেক দূর থেকেও উড়ে এসেছেন।

গত সোমবার সান ডিয়েগোর সবচেয়ে বড় মসজিদ ইসলামিক সেন্টার অব সান ডিয়েগোতে দুই কিশোর বন্দুকধারী হামলা চালায়। হামলায় নিহত তিন ব্যক্তি সাহসিকতার সঙ্গে হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করেন।

পুলিশ জানায়, নিরাপত্তাকর্মী আমিন আবদুল্লাহ প্রথমে আততায়ীদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়েন। তিনি রেডিওর মাধ্যমে দ্রুত মসজিদে লকডাউনের নির্দেশ দেন।

উল্লেখ্য, মসজিদের ভেতরে ১৪০ শিক্ষার্থীর একটি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে। তার এই পদক্ষেপের কারণে শিশু ও শিক্ষকরা নিরাপদে শ্রেণিকক্ষ ও আলমারির ভেতরে লুকানোর সময় পান বলে জানিয়েছে পুলিশ।

নাদির আওয়াদ, যার স্ত্রী ওই কেন্দ্রে শিক্ষকতা করেন, এবং কেন্দ্রের কর্মী মানসুর কাজিহা গুলির শব্দ শুনে সাহায্যের জন্য ছুটে আসেন। পরে তিনজনই গুরুতর আহত হয়ে মারা যান।

পুলিশ জানায়, হামলাকারীরা পরে গাড়িতে পালিয়ে যায় এবং পরে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।

সান ডিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াহল বলেছেন, ঘটনাটি ঘৃণাজনিত অপরাধ (হেট ক্রাইম) হিসেবে তদন্ত করা হচ্ছে।

হামলার পর যুক্তরাষ্ট্রে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে ইসলামবিদ্বেষ বৃদ্ধির প্রেক্ষাপটে এই হামলাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন অনেকে।




বিশ্বজুড়ে প্রশংসার পর এবার দেশে মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চকোলেট’

বিনোদন ডেস্ক : বিশ্বব্যাপী সফল প্রদর্শনের পর এবার দেশের দর্শকদের জন্য মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চকোলেট’। সত্য ঘটনা অবলম্বনে শিশু নির্যাতনের ভয়াল বাস্তবতা নিয়ে নির্মিত ২০ মিনিটের এই চলচ্চিত্রটি এখন দেখা যাচ্ছে ‘টাইমস অব বাংলাদেশ’-এর ইউটিউব চ্যানেলে।

শুক্রবার (২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জসীম আহমেদ। বাংলাদেশে সাম্প্রতিক বিভিন্ন অপ্রীতিকর ঘটনার প্রেক্ষাপটে চলচ্চিত্রটি একটি বড় প্রশ্ন সামনে এনেছে—নিজের ঘরেও কি শিশুরা নিরাপদ?

দেশে মুক্তির আগেই অবশ্য আন্তর্জাতিক অঙ্গনে দারুণ সাড়া ফেলেছে ‘চকোলেট’। অস্কার মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিবেশনার জন্য বিশ্বজুড়ে পরিচিত ব্রিটিশ পরিবেশনা প্রতিষ্ঠান ‘শর্টস ইন্টারন্যাশনাল’-এর সঙ্গে ছবিটির প্রদর্শনী চুক্তি সম্পন্ন হয়েছে।

বাংলাদেশে মুক্তির আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির নিজস্ব চ্যানেল ‘শর্টস টিভি’-তে এটি প্রচারিত হয়। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনস, মোবাইল প্ল্যাটফর্ম, ভিডিও অন ডিমান্ডসহ (ভিওডি) নানা অনলাইন মাধ্যমে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে।

চলচ্চিত্রটির নির্মাতা জসীম আহমেদ বলেন, ‘চকোলেট’ চলচ্চিত্রে শিশু ও নারীদের ওপর চলমান নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে, যা সচরাচর পর্দায় উঠে আসে না।’

‘চকোলেট’ চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, শতাব্দী ওয়াদুদ, আজিজুল হাকিম ও শিল্পী সরকার অপু।

পরিচালক জসীম আহমেদের আন্তর্জাতিক অঙ্গনে কাজের অভিজ্ঞতা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০১৭ সালে তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়েছিল। পরে রোহিঙ্গা সংকট নিয়ে তার নির্মিত প্রশংসিত প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কের একটি উৎসবে সেরা পরিচালকের পুরস্কার এনে দেয়।




কুল-বিএসপিএর বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা

ক্রীড়া ডেস্ক : বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন হামজা চৌধুরী। আজ বিচারকদের রায়ে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন ২৮ বছর বয়সী ফুটবলার।

শুধু বর্ষসেরা ক্রীড়াবিদই নন, ক্রীড়াপ্রেমীদের ভোটে পপুলার চয়েস অ্যাওয়ার্ডও জিতেছেন হামজা। ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২৫’ এ বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারজয়ী হামজার প্রতিদ্বন্দ্বী ছিলেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি খেলোয়াড় আমিরুল ইসলাম।

ইংল্যান্ডে থাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না হামজা। তবে পুরস্কার জেতার অনুভূতি ঠিকই প্রকাশ করেছেন লেস্টার সিটির এই মিডফিল্ডার।

এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘এই পুরস্কার পেয়ে খুবই গর্ববোধ করছি। কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড দেশের ঐতিহ্যবাহী পুরস্কার। আমি আমার পরিবার, কোচ, সতীর্থ, বন্ধু এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি। সারা বছর ধরে আমাকে ও জাতীয় দলকে সাপোর্ট দেওয়া জন্য।

প্রথমবার এই ক্রীড়া পুরস্কার দেওয়া হয় ১৯৬৪ সালে।  সবমিলিয়ে ১৬ বিভাগে মোট ১৫ জন ক্রীড়াবিদ, সংগঠক ও সংস্থা পুরস্কার জিতেছেন।

পুরস্কার বিজয়ীরা—
বর্ষসেরা ক্রীড়াবিদ : হামজা চৌধুরী (চ্যাম্পিয়ন), ঋতুপর্ণা চাকমা (রানারআপ), আমিরুল ইসলাম (রানারআপ)।
পপুলার চয়েস অ্যাওয়ার্ড : হামজা চৌধুরী।
বর্ষসেরা ক্রিকেটার : রিশাদ হোসেন।বর্ষসেরা ফুটবলার : হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা।
বর্ষসেরা হকি খেলোয়াড় : আমিরুল ইসলাম।
বর্ষসেরা আর্চার : আবদুর রহমান আলিফ।
বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড় : খই খই সাই মারমা।
বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় : আল আমিন জুমার।
বর্ষসেরা কোচ : পিটার বাটলার (নারী ফুটবল)।
বর্ষসেরা আম্পায়ার : সেলিম লাকী (হকি)।
বর্ষসেরা সংগঠক : কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল (আর্চারি)।
উদীয়মান ক্রীড়াবিদ : রিপন মন্ডল (ক্রিকেট)।
তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব : আলমগীর কবীর (ক্রিকেট কোচ)।
বিশেষ সম্মাননা : শাহনাজ পারভীন মালেকা (কাবাডি কোচ)।
সেরা পৃষ্ঠপোষক : প্রাইম ব্যাংক পিএলসি।
সক্রিয় ফেডারেশন : বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

 




শনিবার থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু

ডেস্ক নিউজ : আগামীকাল শনিবার (২৩ মে) থেকেই শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈদের ছুটি। ৬ জুন পর্যন্ত বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।

আগের ঘোষণা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় আগামীকাল খোলা থাকার কথা ছিল। আজ শুক্রবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন তথ্য জানায়।

জনসংযোগ কর্মকর্তা তানভীর মিয়ার সই করা মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, আগামীকাল শনিবার ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের সই করা এক আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৪ মের প্রজ্ঞাপন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২১ মের স্মারক মোতাবেক ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত বন্ধ থাকবে।

আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার অফিসগুলো খোলা থাকবে। এ প্রজ্ঞাপনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।




রামিসার বাসায় প্রধানমন্ত্রী, দ্রুত তদন্তের আশ্বাস

ডেস্ক নিউজ : রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার রামিসার বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে পল্লবী এলাকায় রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে যান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী রামিসার শোকাহত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানান। তিনি ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।

পল্লবীতে গত মঙ্গলবার ৮ বছরের শিশু রামিসা আক্তারকে হত্যা করা হয়। গ্রেপ্তার আসামি সোহেল রানার জবানবন্দি অনুযায়ী, হত্যার আগে রামিসাকে ধর্ষণ করা হয়।

গতকাল বুধবার রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে এশার নামাজ শেষে রামিসার জানাজা সম্পন্ন হয়। পরে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে দোষীদের দ্রুত বিচারের দাবি উঠেছে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত কার্যক্রম জোরদার করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




একের পর এক রুশ তেল শোধনাগার জ্বলছে

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা বাড়িয়েছে ইউক্রেন। এসব হামলার মধ্যে বেশির ভাগ লক্ষ্যবস্তু করা হচ্ছে দেশটির বড় বড় তেল শোধনাগারে।

যার ফলে জ্বালানি উৎপাদন বন্ধ বা কমিয়ে আনতে বাধ্য হয়েছে রাশিয়া। ইতিমধ্যেই এপ্রিল থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত গ্যাসোলিন রপ্তানির ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।

বার্তা সংস্থা বলছে, সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি তেল শোধনাগার। যেসব শোধনাগারের কার্যক্রম সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ হয়ে গেছে, সেগুলোর সম্মিলিত উৎপাদন ক্ষমতা বছরে ৮৩ মিলিয়ন মেট্রিক টনের বেশি বা দৈনিক প্রায় ২ লাখ ৩৮ হাজার টন।

যার ফলে জ্বালানি উৎপাদন বন্ধ বা কমিয়ে আনতে বাধ্য হয়েছে রাশিয়া। ইতিমধ্যেই এপ্রিল থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত গ্যাসোলিন রপ্তানির ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।

বার্তা সংস্থা বলছে, সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি তেল শোধনাগার। যেসব শোধনাগারের কার্যক্রম সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ হয়ে গেছে, সেগুলোর সম্মিলিত উৎপাদন ক্ষমতা বছরে ৮৩ মিলিয়ন মেট্রিক টনের বেশি বা দৈনিক প্রায় ২ লাখ ৩৮ হাজার টন।

ক্ষতিগ্রস্ত হওয়া শোধনাগারগুলোর মধ্যে রয়েছে পশ্চিম রাশিয়ার কিরিশি, মস্কো তেল শোধনাগার এবং ভলগা নদীর তীরে অবস্থিত নিজনি নোভগোরোদ, রিয়াজান ও ইয়ারোস্লাভলের প্ল্যান্টগুলো।

সূত্রের দেওয়া তথ্য মতে, রাশিয়ার অন্যতম বৃহত্তম শোধনাগার কিরিশি, যার উৎপাদন ক্ষমতা বছরে ২ কোটি মেট্রিক টন। এটি রাশিয়ার মোট শোধনাগার ক্ষমতার প্রায় এক-চতুর্থাংশ। যা গত ৫ মে থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে স্থাপনাটি।

বার্ষিক ১৭ মিলিয়ন টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন আরেকটি প্রধান তেল শোধনাগার নোরসি। বুধবার হামলার শিকার হয়েছে এই শোধনাগারও। হামলার পর নোরসি কার্যক্রম চালু রাখতে পেরেছে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

রাশিয়ার জ্বালানি উৎপাদনে এই শোধনাগারগুলোর সম্মিলিত অংশ গ্যাসোলিনের জন্য ৩০ শতাংশের বেশি এবং ডিজেলের জন্য প্রায় ২৫ শতাংশ।

রুশ কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা বিভিন্ন পোস্ট অনুসারে, রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ওপর ড্রোন হামলা বাড়িয়েছে ইউক্রেন।যা চলতি বছরের শুরু থেকে দ্বিগুণ তেল শোধনাগার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এই হামলায় পাইপলাইন এবং সংরক্ষণাগারও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা রাশিয়ার তেল উৎপাদন কমিয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পর রাশিয়া বিশ্বে তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। এর ফলে মস্কোর ফেডারেল বাজেটের ওপর চাপ বেড়েছে, যেখানে মোট রাজস্বের প্রায় এক-চতুর্থাংশ আসে তেল ও গ্যাসের কর থেকে।




বাবা হিসেবে একজন শিল্পীর যে ভয়

বিনোদন নিউজ :  রাজধানীর পল্লবীতে রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে শোক ও সমালোচনার ঝড় বইছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই নিজের কন্যা সন্তানকে নিয়ে জানাচ্ছেন ভয় কিংবা শঙ্কার কথা।

তেমনি একজন ওয়ারফেজ ব্যান্ডের ভোকাল পলাশ নুর। বাবা হিসেবে একজন শিল্পীর ভয়ের কথা তুলে ধরেছেন তিনি।

এক ফেসবুক পোস্ট তিনি বলেছেন, ‘আপনাদের একটু মনে করিয়ে দিই- ঠিক আজ থেকে ৭ বছর আগে, ঢাকার ওয়ারীতে সামিয়া আফরিন সায়মা নামের মাত্র ৭ বছরের এক নিষ্পাপ শিশুকেও রামিসার মতোই নির্মম পরিণতির শিকার হতে হয়েছিল- একইভাবে, একই নিষ্ঠুরতায়…।’
পলাশ নুর বলেন, ‘সায়মার ঘাতক তাকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করেছিল।আর রামিসার ঘাতক তো সেই নিষ্ঠুরতার সীমাকেও ছাড়িয়ে গেছে। একটি ছোট্ট শিশুকে টুকরো টুকরো করেছে। তাহলে কি আমরা বলব, খুনিদের নিষ্ঠুরতা আরো ‘উন্নত’ হয়েছে? কী ভয়ংকর ব্যঙ্গাত্মক এক বাস্তবতা…তাই না?’

তিনি বলেন, ‘হয়তো দেশের আনাচে-কানাচে প্রতিদিন এমন হাজারো জঘন্য অপরাধ ঘটে যাচ্ছে, যার খবর আমরা অনেকেই জানিই না। কিন্তু যদি এই অপরাধগুলোর দৃষ্টান্তমূলক বিচার না হয়, তাহলে কাল হয়তো আমার অথবা আপনার ছোট্ট রাজকন্যাকেও আরো ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।

এই শিল্পী উল্লেখ করেন, ‘আজ সরকার অনেক পরিবর্তনের কথা বলে। কিন্তু সবার আগে দরকার দেশের আইনের শাসনকে এমনভাবে শক্তিশালী করা, যেন অপরাধীর পরিচয়, ক্ষমতা কিংবা অর্থ কিছুই তাকে রক্ষা করতে না পারে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধনী-গরিব সব বাবার রাজকন্যারা এই মুক্ত আকাশের নিচে নিরাপদে দৌড়াবে, হাসবে, খেলবে আর ভয়হীনভাবে বড় হয়ে উঠবে।’

শেষে তিনি লেখেন, ‘পলাশ নূর- একজন ক্ষুব্ধ, শঙ্কিত কন্যা সন্তানের বাবা।’




বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিল ব্রিটিশ হাইকমিশন

ক্রীড়া ডেস্ক : আগামী জুনে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এতে অংশ নিতে প্রস্তুতি নেওয়া বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সম্মানে বিদায় সংবর্ধনার আয়োজন করেছে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন।

বৃহস্পতিবার (২১ মে) এক বিদায়ী অনুষ্ঠানে হাইকমিশনার সারাহ কুক দলের সঙ্গে দেখা করে আসন্ন বিশ্বমঞ্চে তাদের সাফল্য কামনা করেন।

তিনি বলেন, ক্রিকেট যুক্তরাজ্য এবং বাংলাদেশ, দুই দেশেই খুব জনপ্রিয় একটি খেলা। এটি আমাদের দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সারাহ কুক আরো বলেন, আগামী মাসে যুক্তরাজ্যে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের প্রতিযোগিতায় সমর্থন দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি।

এক বিবৃতিতে ব্রিটিশ হাইকমিশন বলেছে, আয়োজিত অনুষ্ঠানটি খেলোয়াড়দের কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেওয়ার, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে শক্তিশালী ক্রীড়া সম্পর্ককে তুলে ধরার এবং খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন প্রসারে যৌথ অঙ্গীকারের ওপর জোর দেওয়ার একটি সুযোগ করে দিয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য এবং অতিথিদের জন্য খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ ছিল।

আইসিসি টি-টোয়েন্টি নারী বিশ্বকাপ ২০২৬-এ বিশ্বের শীর্ষ দলগুলো মর্যাদাপূর্ণ শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। এর ম্যাচগুলো ইংল্যান্ড ও ওয়েলসের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ড ও স্কটল্যান্ডও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।




বুলেটপ্রুফ জ্যাকেট পরে সালমান এফ রহমানের হাঁসফাঁস, ‘এই গরমে মরেই যাবো’

ডেস্ক নিউজঃ রাজধানীর আদালতে হাজিরা দিতে এসে তীব্র গরম ও নিরাপত্তা সরঞ্জামের অস্বস্তিতে বিরক্তি প্রকাশ করেছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এসময় সঙ্গে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মহানগর দায়রা জজ আদালতে আনা হয় তাদের ৷

প্রিজনভ্যান থেকে প্রথমে সালমান এফ রহমানকে নামানো হয়। আদালত প্রাঙ্গণে দায়িত্বরত পুলিশ সদস্যরা প্রিজন ভ্যান থেকে নামিয়ে হাজতখানায় নেওয়ার সময় তাকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে দেন। তখন তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, এই গরমে এসব পরে মরেই যাবো। অনেক গরম, খুব গরম।

এরপর নামানো হয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে।

পরে পাঁচ মিনিট পরে আরেকটি প্রিজনভ্যানে কারাবন্দি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়। আদালতে আনার সময় তাকে পুলিশের কাঁধে ভর দিয়ে প্রিজন ভ্যান থেকে নামতে দেখা যায়। তবে তার মাথায় হেলমেট ছিল না।

এসময় তিনি বলেন, হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন। ব্যথা এখনো রয়েছে। তবে তাকে কোন হাসপাতাল থেকে আনা হয়েছে সেটা উল্লেখ করেনি। পরে তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর এই প্রথম প্রকাশ্যে সালমান এফ রহমানকে বিরক্তি প্রকাশ করতে ও কথা বলতে দেখা গেলো।

আদালত সূত্রে জানা যায়, মানি লন্ডারিংয়ের পৃথক দুটি মামলায় হাজিরা দিতে এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক ও  সাবেক সংসদ সদস্য সাদেককে আদালতে আনা হয়েছে।




আমেরিকার ট্রেড অ্যাগ্রিমেন্ট নিয়ে সংসদে আমি একা কথা বলেছি : রুমিন ফারহানা

ডেস্ক নিউজঃ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আমেরিকার ট্রেড অ্যাগ্রিমেন্ট নিয়ে সংসদে আমি একা কথা বলেছি। অবাক হয়েছি আমি ছাড়া সংসদে আর একজনও এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেন নাই।’

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইন্টারন্যাশনাল জুরিস্টস ফোরাম ফর হিউম্যান রাইটস নামে একটি সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

রুমিন বলেন, ‌‌‘আমি দুঃখ পেয়েছি এবং অবাক হয়েছি, আমেরিকার সাথে বাংলাদেশের ট্রেড অ্যাগ্রিমেন্ট নিয়ে আমি ছাড়া সংসদে আর একজন সংসদ সদস্য প্রশ্ন উত্থাপন করেন নাই।’

‘আমি যদি পাঁচজন সংসদ সদস্যকে পেতাম আমি একটা নোটিশ দিতে পারতাম স্পিকারের কাছে যে, এই বিষয়টার উপর আমরা সংসদ সদস্য পাঁচজন আলোচনার প্রস্তাব রাখছি। কিন্তু আমি তো পাঁচজন সংসদ সদস্যই পেলাম না’ বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘জাতীয় গুরুত্বপূর্ণ এমন একটি বিষয়ে আলোচনার জন্য পুরো সংসদে পাঁচজন সদস্যকেও পাননি, ফলে বাধ্য হয়ে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে কথা বলতে হয়েছে।’