সরকারি খাল ও জমি দখলে ১২০০ কোটি টাকার ভবন নির্মাণের অভিযোগ, ডেসকোর সাবেক এমডি শামীমকে ঘিরে বিতর্ক

বিশেষ প্রতিবেদকঃ ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো)-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদের বিরুদ্ধে সরকারি খাল ও ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ উঠেছে। রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরসংলগ্ন এলাকায় সরকারি খালের জমি এবং স্থানীয়দের মালিকানাধীন জায়গা দখল করে তিনি ১৭ তলা একটি ভবন নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে। ভবনটির বর্তমান বাজারমূল্য প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা বলে দাবি করা হয়েছে। সরকারি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা একজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে এত বিপুল সম্পদ অর্জন ও জমি দখলের অভিযোগ নতুন করে আলোচনা তৈরি করেছে।

অভিযোগ অনুযায়ী, সরকারি খালের জমি দখলের পাশাপাশি স্থানীয় ব্যক্তিদের জমিও জোরপূর্বক দখল করা হয়েছে। এসব জমি কীভাবে দখলে নেওয়া হয়েছে, ভবন নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন ও জমির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র ঠিক ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সরকারি সম্পদ রক্ষা, জমির প্রকৃত মালিকদের অধিকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে পারে।

শামীম আহমেদের বিরুদ্ধে শুধু জমি দখল নয়, জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। এসব অভিযোগকে কেন্দ্র করে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এবং চট্টগ্রামে পৃথক মামলা থাকার কথা উল্লেখ করা হয়েছে। তবে মামলাগুলোর বর্তমান অবস্থা, সুনির্দিষ্ট অভিযোগ এবং আদালতের সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া না যাওয়ায় এসব বিষয়ে সংশ্লিষ্ট নথি যাচাই করা প্রয়োজন।

রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগেও আলোচনায় এসেছেন সাবেক এই কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনাতেও তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ সামনে এসেছে। সে সময় বিদ্যুৎ বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অবস্থায় রাজনৈতিক উদ্দেশ্যে ক্ষমতা ব্যবহার করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সরকার পরিবর্তনের পরও ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পাওয়াকে কেন্দ্র করে শামীম আহমেদের বিরুদ্ধে নতুন অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, অন্তর্বর্তী সরকারের সময়ে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে তিনি ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পান। পাশাপাশি রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিএনপির সমর্থক হিসেবে নিজেকে উপস্থাপনের চেষ্টার অভিযোগও রয়েছে।

একজন সাবেক সামরিক কর্মকর্তা এবং রাষ্ট্রীয় বিদ্যুৎ প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব পালনকারী ব্যক্তির বিরুদ্ধে জমি দখল, জালিয়াতি, অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের মতো অভিযোগ ওঠায় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। বিশেষ করে, ইসিবি চত্বর এলাকার ১৭ তলা ভবনের জমির মালিকানা, নির্মাণের অনুমোদন, সম্পদের উৎস এবং সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতি খতিয়ে দেখা জরুরি।

এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), সংশ্লিষ্ট ভূমি কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার অনুসন্ধান গুরুত্বপূর্ণ হতে পারে। একই সঙ্গে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের প্রক্রিয়া এবং খালেদা জিয়ার বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করা প্রয়োজন। অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তে প্রতিষ্ঠিত হলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।




নিখোঁজের পরদিন তুরাগে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

ডেস্ক নিউজঃ নিখোঁজের পরদিন ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল বুধবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ওই কর্মকর্তার নাম- কে এম তাহসিফ সাউরি (২৮)। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।

আজ বৃহস্পতিবার সকালে নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ খবর পেয়ে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গী ফাঁড়ির নৌ পুলিশ তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে বলে উল্লেখ করেন নৌ পুলিশের কর্মকর্তা ফিরোজ উদ্দিন।

তাহসিফ সপরিবার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। গত মঙ্গলবার রাতে তিনি নিখোঁজ হন। তার বাবার নাম কে এম এনায়েত হেলাল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগের যে ভিডিওটি ছড়িয়ে পড়ে, সেটি তাহসিফ সাউরি ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।




কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

রায়ে অন্য তিন আসামি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। তবে হানিফসহ চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

 

হানিফসহ ৪ জনের সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত করে জুলাই ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টনের নির্দেশ দিয়েছেন আদালত।

 

এর আগে, ২০২৫ সালের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তাকে জেরার মধ্য দিয়ে মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে প্রসিকিউশনের পক্ষ থেকে অতিরিক্ত প্রমাণাদি দাখিল করায় পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

১০ জুন এ মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল-২।

আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগ আনা হয়।




জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, তবে জনগণের মতামতই চূড়ান্ত: মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তবে জনগণের মতামতই চূড়ান্ত বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফয়সল আমীন বলেন, ‘ভোট দিলাম। এখনই পরিবেশ নিয়ে কিছু বলা সমীচীন হবে না। তবে মনে হচ্ছে, উৎসবমুখর পরিবেশে ভোট হবে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন।’

তিনি আরও বলেন, ‘ওয়েদারটা একটু খারাপ, তারপরও আশা করি ভোটার উপস্থিতি ভালো হবে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে জনগণের মতামতই চূড়ান্ত। সেটা প্রত্যাখ্যান করার দুঃসাহস নেই।’

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্রে ভোট নেয়া হচ্ছে। এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন তারা।




ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্রে ভোট নেয়া হবে।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।

 

সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে উপনির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তবে জনগণের মতামতই চূড়ান্ত বলে মন্তব্য করেছেন তিনি।

মির্জা ফয়সল আমীন বলেন, ‘ভোট দিলাম। এখনই পরিবেশ নিয়ে কিছু বলা সমীচীন হবে না। তবে মনে হচ্ছে, উৎসবমুখর পরিবেশে ভোট হবে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন।’

তিনি আরও বলেন, ‘ওয়েদারটা একটু খারাপ, তারপরও আশা করি ভোটার উপস্থিতি ভালো হবে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে জনগণের মতামতই চূড়ান্ত। সেটা প্রত্যাখ্যান করার দুঃসাহস নেই।’

এদিকে ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন রির্টানিং কর্মকর্তা। আর আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কাজ করবেন ১৯০ এসআরবি সদস্য, প্রায় আড়াই হাজার আনসারসহ পুলিশ সদস্যরাও।




বিদ্যুৎ বিলের চাপে ৬৯ শতাংশ পরিবার

ডেস্ক নিউজ : বিদ্যুৎ ব্যবহারের ফলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের ইতিবাচক পরিবর্তন এলেও অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও নিরবচ্ছিন্ন সরবরাহের অভাব প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর এক সমীক্ষায় দেখা গেছে, রাজশাহী সিটি করপোরেশন ও ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ৮৯ শতাংশ পরিবার বিদ্যুৎ ব্যবহারে জীবনমান উন্নতির কথা জানালেও ৬৯ শতাংশ পরিবার আয় বৃদ্ধির তুলনায় বিলের অতিরিক্ত চাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। এছাড়া ৫৫ শতাংশ পরিবার বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতাকে খারাপ বা খুব খারাপ বলে উল্লেখ করেছে।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক গণসংলাপে সমীক্ষার এই ফলাফল প্রকাশ করা হয়।

এক দশকে জীবনযাত্রার মান উন্নয়ন

রাজশাহীর ৩৩৪টি এবং শৈলকুপার ২২২টিসহ মোট ৫৫৬টি পরিবারের ওপর পরিচালিত এ সমীক্ষায় উঠে এসেছে যে, গত এক দশকে প্রান্তিক বা লাইফলাইন গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। উত্তরদাতাদের ৮৫ শতাংশের বিদ্যুৎ ব্যবহার এবং ৭৭ শতাংশের বাসায় বৈচিত্র্যময় বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ফ্রিজ ব্যবহারের হার ১০ থেকে বেড়ে ৪০ শতাংশ এবং টেলিভিশন ব্যবহারের হার ৩৪ থেকে ৪৮ শতাংশে উন্নীত হয়েছে। পাশাপাশি ৭৬ শতাংশ পরিবার শিশুদের পড়াশোনার পরিবেশ উন্নয়ন এবং ৯৭ শতাংশ পরিবার রাতে নিরাপত্তার বোধ বাড়ার কথা নিশ্চিত করেছেন।

১৩২ মেগাওয়াটের ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা

সমীক্ষায় সরকারি ৩১টি বিশ্ববিদ্যালয় (৫২.৫০ মেগাওয়াট-পিক), ১৫০টি কলেজ (৫১.১২ মেগাওয়াট-পিক), রাজশাহী সিটি করপোরেশন (২৪.৬০ মেগাওয়াট-পিক) ও শৈলকুপা পৌরসভায় (৪.০৬ মেগাওয়াট-পিক) মিলিয়ে মোট ১৩২.২৮ মেগাওয়াট-পিক ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সুনির্দিষ্ট সম্ভাবনার তথ্য তুলে ধরা হয়। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে এ সম্ভাবনা কাজে লাগাতে পারলে বিদ্যুৎ উৎপাদন বাড়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানানো হয়।

বিদ্যুৎ ব্যবহার দিয়ে দারিদ্র্য শনাক্তের অভিনব প্রস্তাব

ক্যাব তাদের মূল প্রবন্ধে পরিবারভিত্তিক বিদ্যুৎ ব্যবহারের ডাটা বিশ্লেষণ করে সরকারি অতিরিক্ত ব্যয় সাশ্রয়ের মাধ্যমে দরিদ্র পরিবার শনাক্তকরণের একটি ১২ দফা কর্মপরিকল্পনা পেশ করে। সংগঠনটির দাবি, এ পদ্ধতি কার্যকর করা গেলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ২,৬৯৯ কোটি টাকা এবং অর্থ মন্ত্রণালয়ের ২১৬ কোটি টাকার মতো পৃথক প্রকল্প ব্যয় বাঁচানো সম্ভব।

তবে অনুষ্ঠানে উপস্থিত আলোচকরা সতর্ক করে বলেন, দুর্গম ও চরাঞ্চলের অনেক মানুষ এখনো বিদ্যুৎ সুবিধার বাইরে এবং অনেক দরিদ্র পরিবার যৌথভাবে মিটার ব্যবহার করায় কেবল বিদ্যুতের ব্যবহারের ওপর ভিত্তি করে দারিদ্র্য নিরূপণ করলে ভুল হওয়ার ঝুঁকি থাকবে।

বিশেষজ্ঞ ও বিশিষ্টজনদের বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বিদ্যুৎ খাতে বিগত সরকারের দায়মুক্তি আইনের কঠোর সমালোচনা করে প্রতিটি খাতে জবাবদিহি নিশ্চিতের তাগিদ দেন। তিনি বিকল্প জ্বালানির উৎস জোরদার ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির নবায়নেযোগ্য জ্বালানি প্রসারে সরকারের কার্যকরী নীতি ও প্রণোদনা দাবি করেন। স্ট্যামফোর্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক শিহাব উদ্দিন সৌরবিদ্যুৎ বাস্তবায়নে বিনিয়োগের নিরাপত্তা ও দক্ষ জনবল তৈরির তাগিদ দেন।

গণসংলাপে ক্যাব লাইফলাইন গ্রাহকদের সহায়তা পুনর্মূল্যায়ন, বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা বৃদ্ধি এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণসহ প্রধান ৩টি সুপারিশ সরকারের কাছে হস্তান্তর করে। ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম।




বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দু’টি প্রকল্পে প্রায় ২৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।

স্বাক্ষরিত দলিলগুলোতে সামুদ্রিক নিরাপত্তা, অর্থনৈতিক সম্পর্ক, কৃষি, কর্মসংস্থান, মৎস্য ও প্রাণিসম্পদ ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের বিভিন্ন অর্জনের বিষয়ে উপ প্রেস সচিব শাহাদাত স্বাধীন এ তথ্য জানান।

দলিলগুলোর মধ্যে বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা জোরদারে একটি টহল জাহাজ সরবরাহের জন্য সর্বোচ্চ ২.১২ বিলিয়ন জাপানি ইয়েন (১৩.৪৪ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান চুক্তি রয়েছে।

এ ছাড়া, জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও ব্যবসায়িক পরিবেশের উন্নয়নবিষয়ক একটি সহযোগিতা স্মারক (এমওসি) স্বাক্ষরিত হয়েছে।

জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পৃথক দু’টি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচি (এমপ্লয়মেন্ট ফর স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-ইএসডিপি) বিষয়েও একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এ ছাড়া, জলবায়ু পরিবর্তনবিষয়ক সহযোগিতা জোরদারে জাপানের পরিবেশ মন্ত্রণালয় এবং বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে একটি আগ্রহপত্র (লেটার অব ইনটেন্ট-এলওআই) স্বাক্ষরিত হয়েছে।

অন্যদিকে, বিনিয়োগ পরিবেশের উন্নয়নবিষয়ক একটি প্রকল্প বাস্তবায়নে ১৫.৮৮ বিলিয়ন জাপানি ইয়েন (১০০.৮ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।

এ ছাড়া, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নে ৩০.৬৮ বিলিয়ন জাপানি ইয়েন (১৯৪.৭ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

দু’টি প্রকল্পে ঋণের মোট পরিমাণ ৪৬.৫৬ বিলিয়ন জাপানি ইয়েন, যা প্রায় ২৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলারের সমান।

এসব দলিল, সহযোগিতা স্মারক ও ঋণের প্রতিশ্রুতিকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চার দিনের সরকারি সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

সফরকালে দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং অর্থনৈতিক উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীদের সঙ্গেও বৈঠক করেন।

এসব বৈঠকে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, এর আগে, গত সোমবার (২৬ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে জাপান আগমন করেন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল তার সফরসঙ্গী হিসেবে জাপান আসেন।




ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের হদিস মিলছে না: আইএইএ

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর আন্তর্জাতিক নজরদারি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ৪৪০ কেজি ইউরেনিয়ামের অবস্থান নিশ্চিত করতে পারছে না আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সংস্থাটির পরিদর্শকেরা ইরান ছাড়তে বাধ্য হন। এরপর এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও দেশটির পারমাণবিক উপাদানের হিসাব যাচাই করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ তথ্য জানান আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

নিরাপত্তা পরিষদে গ্রোসি বলেন, ইরানের সঙ্গে আইএইএর সুরক্ষা চুক্তির আওতায় থাকা কোনো পারমাণবিক উপাদান অন্যত্র সরিয়ে নেওয়া হয়নি, তা এখনো যাচাই করতে পারেনি সংস্থাটি। এ অনিশ্চয়তা দূর করা সম্ভব হলেও সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।

গত মাসে আইএইএর পরিচালনা পর্ষদ ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা পরিষদে পাঠায়। এর পর মঙ্গলবার ১৫ সদস্যের পরিষদে প্রথমবারের মতো ব্রিফিং দেন গ্রোসি। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগে গত ২০ বছরের মধ্যে এই প্রথম ইরানকে নিরাপত্তা পরিষদে তোলা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর প্রস্তাবটির পক্ষে ২৩টি দেশ ভোট দেয়। বিপক্ষে ভোট পড়ে তিনটি এবং আটটি দেশ ভোটদানে বিরত থাকে। তবে তেহরান এ সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বেআইনি আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে।

গ্রোসি জানান, ইরানের পারমাণবিক উপাদানের সুরক্ষা ও হিসাবসংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলো পাঁচ বছরেরও বেশি সময় ধরে ঝুলে রয়েছে। ২০২৫ সালের জুনে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলার পর পরিদর্শকদের নিরাপত্তার স্বার্থে প্রত্যাহার করে নেওয়া হলে যাচাই কার্যক্রম বন্ধ হয়ে যায়। তার ভাষ্য, আইএইএর পরিদর্শকেরা কয়েক মাস ধরেই ইরানে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আঞ্চলিক কয়েকটি দেশের উদ্যোগের কথাও তুলে ধরেন আইএইএ প্রধান। তিনি জানান, ওমান, পাকিস্তান, কাতার ও মিসর এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করেছে। বিশেষ করে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির পৃষ্ঠপোষকতায় এবং পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সহায়তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর স্বাক্ষরিত কায়রো চুক্তির কথা উল্লেখ করেন তিনি।

গ্রোসির মতে, সামরিক হামলার পর ইরানের নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ মোকাবিলা এবং একই সঙ্গে প্রয়োজনীয় পারমাণবিক যাচাই কার্যক্রম চালু করার ক্ষেত্রে কায়রো চুক্তি একটি বাস্তবসম্মত পথ তৈরি করেছিল। চুক্তিটি পুনর্বিবেচনা করা হলে হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর বর্তমান অবস্থা নির্ধারণেও অগ্রগতি সম্ভব।

হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, নাতাঞ্জের প্রধান ও পরীক্ষামূলক সমৃদ্ধকরণ কেন্দ্র, ইসফাহান কমপ্লেক্সের কয়েকটি স্থাপনা এবং খোন্দাবের ভারী পানি গবেষণা চুল্লি।

গ্রোসি বলেন, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি অনুযায়ী কোনো দেশ একতরফাভাবে তার আইনি বাধ্যবাধকতা স্থগিত করতে পারে না। তাই ইরানের পারমাণবিক উপাদানের হিসাব ও নিরাপত্তা যাচাইয়ের কাজ পুনরায় চালু করা প্রয়োজন।

তবে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কিছু অগ্রগতির কথা জানিয়েছেন তিনি। সেখানে বর্তমানে আইএইএর পরিদর্শকেরা কাজ করছেন। ব্যবহৃত পারমাণবিক জ্বালানি নতুন একটি শুষ্ক সংরক্ষণাগারে স্থানান্তরের আগে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের বিষয়েও ইরানের আণবিক শক্তি কর্তৃপক্ষ সহযোগিতা করছে। আগামী বছরের শুরুর দিকে জ্বালানি স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

ইসফাহান জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্র নিয়েও উদ্বেগ রয়েছে আইএইএর। ২০২৫ সালের জুনে সামরিক হামলার ঠিক আগে ইরান কেন্দ্রটির বিষয়ে সংস্থাটিকে জানিয়েছিল এবং পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছিল। কিন্তু হামলার কারণে পরিদর্শন সম্ভব হয়নি। এরপর ওই স্থাপনায় প্রবেশের জন্য আইএইএর একাধিক অনুরোধ তেহরান প্রত্যাখ্যান করেছে।

গ্রোসি আরও জানান, দূরবর্তী নজরদারি ব্যবস্থায় এমন কোনো তৎপরতার প্রমাণ পাওয়া যায়নি, যা থেকে ধারণা করা যায় যে ২০২৫ সালের হামলার পর কিংবা চলতি বছরে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো মেরামত বা পুনর্নির্মাণের চেষ্টা চলছে। তবে স্থাপনাগুলোর প্রকৃত অবস্থা নিশ্চিত করতে সরাসরি পরিদর্শনের বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।

আইএইএ প্রধান বলেন, ইরানে পরিদর্শকদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে মার্কিন সমঝোতাকারী ও কারিগরি দলগুলোর সঙ্গে সংস্থাটির বিস্তারিত আলোচনা হয়েছে। এ লক্ষ্যে একটি কূটনৈতিক সমঝোতার জন্য প্রাথমিক কারিগরি প্রস্তুতিও রয়েছে।

গ্রোসি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যেকোনো সমাধানের ক্ষেত্রে আইএইএর যাচাই কার্যক্রম অন্তর্ভুক্ত থাকতে হবে। যাচাই ছাড়া কোনো সমঝোতার কার্যকারিতা নিশ্চিত করা সম্ভব নয় এবং তা দীর্ঘমেয়াদে টেকসই হওয়ার সম্ভাবনাও কম।

তিনি তেহরানকে ধাপে ধাপে কারিগরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে স্বাভাবিক পারমাণবিক সুরক্ষা ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং বৃহত্তর সমঝোতার জন্য পারস্পরিক আস্থা তৈরি করা যায়। একই সঙ্গে ইরানের বৈধ নিরাপত্তা ও সুরক্ষাসংক্রান্ত উদ্বেগ বিবেচনায় নেওয়ার কথাও বলেন তিনি।

গ্রোসির ভাষ্য, আইএইএর যাচাইয়ের ভিত্তিতে পরিচালিত কূটনীতিই ইরানসহ বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে দীর্ঘমেয়াদি সমাধানের পথ তৈরি করতে পারে।




স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দেশটির মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ট্রেনের ধ্বংসাবশেষের মধ্যে আরও মরদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রেল পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, মাদ্রিদ-আন্দালুসিয়া উচ্চগতির রেলপথে দুটি ট্রেনের পেছন দিক থেকে সংঘর্ষ হয়। স্থানীয় সময় বুধবার সকাল ৯টার কিছু পর মোরার ও উর্দা শহরের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় রেনফে ও ইরিও পরিচালিত দুটি ট্রেন জড়িত ছিল। একটি ট্রেন মাদ্রিদ থেকে সেভিলের দিকে যাচ্ছিল। সংঘর্ষের পর ইরিওর দুটি বগি লাইনচ্যুত হয়। কয়েকটি বগি রেললাইনসংলগ্ন ঢাল বেয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে দুমড়েমুচড়ে যাওয়া ধাতব অংশ ও ট্রেনের ভাঙা বিভিন্ন সরঞ্জাম ছড়িয়ে থাকতে দেখা গেছে।

কাস্তিলা-লা মাঞ্চা অঞ্চলের এক মুখপাত্র জানিয়েছেন, ইরিওর ট্রেনে ১৪৭ জন এবং রেনফের ট্রেনে ৩৯৭ জন যাত্রী ছিলেন।

এক যাত্রী স্থানীয় একটি বেতারকে জানান, সংঘর্ষের সময় তারা প্রচণ্ড শব্দ শুনতে পান। প্রায় ১০ সেকেন্ড ধরে বিকট শব্দ হচ্ছিল। তার মনে হয়েছিল, ট্রেনটি লাইনচ্যুত হতে যাচ্ছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার কারণে রাজনৈতিক দলগুলোও নির্বাচনী প্রচারের কর্মসূচি বাতিল করেছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছিলেন। একই রেলপথে এক বছরের মধ্যে দ্বিতীয় বড় দুর্ঘটনা দেশটির রেল অবকাঠামোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।




পাঁচ গ্রামে বাঘের পায়ের ছাপ, ড্রোন উড়িয়ে তল্লাশি, আতঙ্ক

ডেস্ক নিউজ : বাগেরহাটের শরণখোলায় বাঘ আতঙ্কে গত দশ দিন ধরে পাঁচ গ্রামের মানুষ রাতের বেলা ঘর থেকে বের হচ্ছেন না।

সর্বশেষ বুধবার (২৮ অক্টোবর)  দুপুরে শরণখোলা গ্রামের ধানক্ষেতে একটি বাঘের বাচ্চার দেখা মিলেছে বলে জানিয়েছে এলাকাবাসী। এর আগে গত ১৯ অক্টোবর সকালে সুন্দরবন সংলগ্ন পানিরঘাট (শরণখোলা) এলাকায় প্রথমে বাঘের পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসী। শেষ খবর পাওয়া পর্যন্ত ড্রোন উড়িয়ে বাঘের সন্ধান করছে বনবিভাগ।

বুধবার বিকেলে সরেজমিনে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের পূর্ব সোনাতলা গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ।

শরণখোলা গ্রামের মহিউদ্দিন খান বলেন, ‘বুধবার দুপুর ২টার দিকে গ্রামের ধানক্ষেতের পাশে পুকুরে হাঁসের ডাকাডাকি ও অস্থিরতা দেখে এগিয়ে গিয়ে পুকুর পাড়ে  একটি বাঘের বাচ্চা দেখতে পাই। হাঁকডাক দিয়ে ঢিল ছুড়লে বাঘের বাচ্চাটি ধানক্ষেতে ঢুকে যায়।’

সোনাতলা গ্রামের বাসিন্দা কবির হাওলাদার ও গৃহবধূ রুমানা বেগম জানান, গত দশদিন আগে সুন্দরবন থেকে ভোলানদী সাঁতরে বাচ্চাসহ বাঘ লোকালয়ে এসে রাতের অন্ধকারে শরণখোলা, সোনাতলা, পূর্ব সোনাতলা, মডেলবাজার ও পানিরঘাট এলাকার ধানক্ষেতসহ বাগান বাড়ির আশেপাশে বিক্ষিপ্তভাবে বিচরণ করার বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। অনেকে বাঘের পায়ের ছাপ মাটি খুঁড়ে বাড়িতে নিয়ে সংরক্ষণ করছেন বলে তারা জানালেন।

সোনাতলা গ্রামের আবু রাজ্জাক আকন বলেন, শরণখোলা, সোনাতলা, পূর্ব সোনাতলা, মডেলবাজার ও পানিরঘাট এলাকার মানুষজন বাঘের ভয়ে রাতের বেলা বাইরে বের হচ্ছেন না।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, গ্রামে বাঘ আসার খবর পেয়ে বাঘের সন্ধানে ওই এলাকার ধান খেতে কয়েক দফা ড্রোন উড়িয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। বাঘের সন্ধান পাওয়া যায়নি। জনসাধারণকে সচেতন করতে এলাকায় মাইকিং করা হয়েছে এবং বনরক্ষীসহ ভিটিআরটি ও সিপিজি সদস্যদের সার্বক্ষণিক টহলের নির্দেশনা দেওয়া হয়েছে বলে এসিএফ জানান।

সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বুধবার রাতে ইত্তেফাক ডিজিটালকে বলেন, শরণখোলার লোকালয়ে বাঘ আসার খবর পেয়ে শরণখোলা রেঞ্জ কর্মকর্তাসহ বনরক্ষীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং বৃহস্পতিবার তিনি ঘটনাস্থলে যাবো।