তানজিন তিশার বিরুদ্ধে এবার হুমকির মামলা, আদালতে হাজিরের নির্দেশ

বিনোদন ডেস্ক : পঁচাত্তর হাজার টাকার শাড়ি নিয়ে মামলার বাদীকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা হয়েছে।

আগের মামলার বাদী ফ্যাশন উদ্যোক্তা আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি জানান, শুনানি শেষে বিচারক তিশাকে আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

সানায়া চৌধুরী গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন। সেখানে অভিযোগ করা হয়, একটি অনুষ্ঠানে পরার জন্য সানায়ার কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নিয়ে তা ফেরত দেননি তিশা।

ওই মামলার তদন্ত শেষে পিবিআই গত ২৫ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। সেখানে বলা হয়, তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের ‘সত্যতা পাওয়া যায়নি’।

ওই প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়ে আদালতে নারাজি আবেদন করেন সানায়া। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রবিবার তা মঞ্জুর করে সিআইডি পুলিশকে নতুন করে মামলাটি তদন্তের নির্দেশ দেন।

তার পরদিনই তিশার বিরুদ্ধে নতুন এই মামলা করলেন সানায়া। তার অভিযোগ, আগের মামলা করার পর বিভিন্ন সময়ে তিশা তাকে মামলা প্রত্যাহার করতে ‘হুমকি’ দেন। এমনকি তার পল্লবীর বাসায় লোক পাঠিয়েও ‘হুমকি’ দেওয়া হয়।

সানায়া বলছেন, তিশার ‘হুমকিতে’ তিনি ‘চরম নিরাপত্তাহীনতায়’ ভুগছেন। এ বিষয়ে থানায় মামলা করতে গেলেও পুলিশ তা নেয়নি। সে কারণে তিনি আদালতে মামলা করেছেন।




কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ডেস্ক নিউজঃ ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট।

আজ সোমবার দুপুরে কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পাওয়ার পর ৭ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে পাঁচটি ইউনিট উদ্ধার ও অগ্নি-নির্বাপণ কাজে যোগ দেয়। তবে পরিস্থিতি বিবেচনায় ও আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে আরও তিনটি ইউনিট যোগ দেয়। বর্তমানে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৮টি ইউনিট।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, কারখানাটির ভেতরে প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুতই চারদিকে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালাচ্ছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতিসহ এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।




ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডবে যুক্তরাজ্যে নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার পরিবার

আন্তর্জাতিক ডেস্কঃ ঘূর্ণিঝড় বোয়েলোর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাজ্য। ঝড়ের আঘাতে দুইজনের মৃত্যু হয়েছে, বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ৯০ হাজার গ্রাহক। বিভিন্ন এলাকায় বন্যা, ঘরবাড়ির ক্ষয়ক্ষতি ও যাতায়াতে বিঘ্নের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে দুর্ভোগ এখনই কাটছে না। নতুন করে প্রবল বাতাসের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

রোববার (২৫ অক্টোবর) রাত পর্যন্ত চলা এই প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং উত্তর ইংল্যান্ডে। এসব অঞ্চলে সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। এছাড়া স্কটল্যান্ডের কিছু এলাকায় মাত্র দুই দিনে স্বাভাবিক সময়ের এক মাসের প্রায় এক-তৃতীয়াংশ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঝড়ের সময় গাছপালা উপড়ে পড়ে হতাহতের এসব মর্মান্তিক ঘটনা ঘটে। স্কটল্যান্ডের ডামফ্রিজ এলাকায় উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে ৬০ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয় এবং উত্তর লন্ডনে একটি চলন্ত গাড়ির ওপর গাছ ভেঙে পড়লে বিশের কোঠার এক তরুণ প্রাণ হারান। এছাড়া, গাছচাপা পড়ে আহত অপর দুই নারীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টানা বৃষ্টিপাতের কারণে নদী ও নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের পরিবেশ সংস্থাগুলো একাধিক বন্যা সতর্কতা জারি করেছে।

ঝড় ও রাস্তার ওপর গাছ ভেঙে পড়ার কারণে দেশটির সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। স্কটল্যান্ডের বেশ কয়েকটি প্রধান সড়ক বন্ধ রাখা হয়েছে এবং ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন বিমানবন্দরে বহু বিমানের ফ্লাইট বাতিল কিংবা তাদের যাত্রাপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার আবহাওয়া কিছুটা স্থিতিশীল থাকলেও মঙ্গলবার থেকে নতুন করে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হতে পারে। এই আশঙ্কায় স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় নতুন করে সতর্কতা জারি রাখা হয়েছে।




এবার ভারতজুড়ে বিক্ষোভ মিছিলে নামলো বিজেপি

আন্তর্জাতিক ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পদত্যাগ ও ক্ষমা চাওয়ার দাবিতে ভারতজুড়ে বিক্ষোভ প্রদর্শন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নয়াদিল্লি, মুম্বাই, পাটনা, রাঁচি, কলকাতা, জম্মু ও বেঙ্গালুরুর মতো প্রধান শহরগুলোতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

সোমবার (২৬ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রোববার পাটনায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে করা মন্তব্যের জবাবে খাড়গে ‘মোদি কা বাপ ভি জায়েগা’ বলে মন্তব্য করলে এই রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়। এর প্রতিবাদে বিহার ও জম্মুতে বিজেপি কর্মীরা খাড়গের কুশপুত্তলিকা ও পোস্টার দাহ করে এবং বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে বিশাল প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এটি অত্যন্ত কষ্টদায়ক… এই পুরো ঘটনার সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো এই মন্তব্যগুলো সাধারণ কোনো কংগ্রেস কর্মী বা যুব নেতা করেননি, বরং দেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল হিসেবে দাবি করা একটি দলের জাতীয় সভাপতি করেছেন।’

তিনি আরও বলেন, ‘কংগ্রেস এখানেই থামেনি; তারা খাড়গে জির কথাগুলোকে যুক্তিযুক্ত করার চেষ্টা করে মানুষের অনুভূতিতে আঘাত করছে। ভুল স্বীকার করে অনুশোচনা প্রকাশের বদলে কংগ্রেস এই বক্তব্যকে রক্ষা করতে ব্যস্ত।’

কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী মন্তব্য করেন, ‘তাদের দলের সবাই অপক্ব, হতাশ ও হতাশগ্রস্ত হয়ে পড়েছে। এত নিচে নেমে তারা ভারতের সংস্কৃতি নষ্ট করছে। যেকোনো প্রয়াত পিতা-মাতা বা যিনি আর জনজীবনে নেই এমন ব্যক্তির নাম টেনে আনা রাহুল গান্ধীর সঙ্গের প্রভাব ও হতাশা প্রকাশ করে।’

কংগ্রেস সভাপতির ছেলে ও কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে এর জবাবে বলেন, ‘এই সংস্কৃতিবান মানুষগুলো মোদি ও শাহ অতীতে কী বলেছেন তা ভুলে গেছেন। আমাদের তাদের কাছ থেকে সংস্কৃতি শেখার দরকার নেই।’

অন্যদিকে বিরোধী জোট ইন্ডিয়া-র শরিক আরজেডি সংসদ সদস্য মনোজ ঝা খাড়গের মন্তব্যের সমালোচনা করার পাশাপাশি ক্ষোভের এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘অতীতে যখন বিজেপি নেতারা সোনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেকে নিয়ে মন্তব্য করেছিলেন, তখন সংবাদমাধ্যম বা অন্য দলগুলোর মধ্যে এমন ক্ষোভ দেখা যায়নি।’

সূত্র: এনডিটিভি




জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি। এদিন সকাল ৬টায় সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে পতাকা উত্তোলন এবং বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন দলের নেতারা। এ ছাড়া আলোচনা সভা, পোস্টার প্রকাশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করবে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

সোমবার রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির যৌথসভা শেষে সাংবাদিকদের এসব কর্মসূচির কথা জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৭ নভেম্বর দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনের চেতনা হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার চেতনা।

তার ভাষ্য, ১৯৭৫ সালের আগে দেশে রাজনৈতিক সংঘাত ও নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বরের বিপ্লব সংঘটিত হয়। ৭ নভেম্বরের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় রাজনীতি ও রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে উঠে আসেন।

১৯৭১ সালে কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, দেশের সংকটময় সময়ে জিয়াউর রহমান জাতিকে দিকনির্দেশনা দিয়েছিলেন। ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ৭ নভেম্বরের পর দেশে বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসে।

তিনি বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠার পর চারটি সংবাদপত্র রেখে অন্যগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে বহু সাংবাদিক বেকার হয়ে পড়েন। পরে সংবাদপত্র ও রাজনৈতিক দলগুলো আবার কার্যক্রম পরিচালনার সুযোগ পায়।

দেশে গণতন্ত্রের পথচলা বিভিন্ন সময় বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে রিজভী শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, ওই সময় রাষ্ট্রশক্তি ব্যবহার করে বিরোধী মত দমনের চেষ্টা করা হয়েছিল। তবে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা দমন করা সম্ভব হয়নি।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনা জুলাই আন্দোলনকে প্রভাবিত করেছে। তাঁর ভাষ্য, ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নেন। এর মধ্য দিয়ে ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটে এবং গণতন্ত্রের পথ আবারও উন্মুক্ত হয়।

রিজভী বলেন, ভবিষ্যতে কোনো অগণতান্ত্রিক শক্তি জনগণের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করলে ৭ নভেম্বরের চেতনা মানুষকে ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করবে। স্বাধীনতা, গণতন্ত্র ও সব মতের অধিকার রক্ষায় এ দিনের তাৎপর্য গুরুত্বপূর্ণ।

কর্মসূচি সম্পর্কে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের মতামতের ভিত্তিতে কর্মসূচির খসড়া নির্ধারণ করা হয়েছে। ৭ নভেম্বর সকাল ৬টায় ঢাকাসহ সারা দেশের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে। এরপর ঢাকায় কেন্দ্রীয়ভাবে বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে। জেলা ও উপজেলা পর্যায়েও র‍্যালি আয়োজনের নির্দেশনা দেওয়া হবে।

এদিন বেলা ১১টায় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন দলের নেতারা। এ ছাড়া বিভিন্ন অঙ্গসংগঠন পোস্টার প্রকাশ ও আলোচনা সভার আয়োজন করবে। ছাত্রদল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করবে।

আলোচনা সভার সম্ভাব্য তারিখ ৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে জানিয়ে রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যানের সম্মতি পাওয়া গেলে ওই দিন সভা হবে। অন্যথায় তিনি যে তারিখ নির্ধারণ করবেন, সেদিনই সভা হবে।




ঢাকায় শুরু হলো ৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার

বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী ৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার-২০২৬ শুরু হয়েছে। আজ সোমবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সেমিনার শুরু হয়। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ বছরের সেমিনারের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘Technology, Training and Teamwork: Creating a Future-Ready Safety Mindset’। ভবিষ্যৎ উপযোগী ফ্লাইট সেফটি সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, দলগত কার্যক্রম ও সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে সেমিনারে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি, বিমান চলাচলের নিরাপত্তায় উদীয়মান ঝুঁকি ও চ্যালেঞ্জ, আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়, সর্বোত্তম চর্চা এবং নিরাপদ ও টেকসই বিমান চলাচল নিশ্চিত করতে সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে বিমান বাহিনী প্রধান বলেন, বিমান চলাচল খাতে প্রযুক্তির দ্রুত অগ্রগতি নতুন সম্ভাবনার সৃষ্টি করার পাশাপাশি নিরাপত্তার ক্ষেত্রে নতুন ঝুঁকি ও চ্যালেঞ্জও তৈরি করছে। এ প্রেক্ষাপটে তিনি উন্নত প্রযুক্তির ব্যবহার, যথাযথ প্রশিক্ষণ, দক্ষ জনবল, কার্যকর নেতৃত্ব, আন্তঃসংস্থা সমন্বয় ও দলগত কার্যক্রমকে ফ্লাইট সেফটি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেন।

তিনি ফ্লাইট সেফটি ব্যবস্থাকে আরও কার্যকর ও যুগোপযোগী করে তুলতে প্রযুক্তি, প্রশিক্ষণ ও দলগত কার্যক্রমের সমন্বিত প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, এ ধরনের আন্তর্জাতিক সেমিনার অংশগ্রহণকারী দেশ ও সংস্থাগুলোর মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে, যা ফ্লাইট সেফটির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পাশাপাশি ব্রাজিল, চীন, মিশর, ইন্দোনেশিয়া, ইতালি, জর্ডান, মরক্কো, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, কুয়েত, রাশিয়া, সুদান, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জিম্বাবুয়ের বিমান বাহিনীর প্রতিনিধিরা এ সেমিনারে অংশগ্রহণ করছেন।

এ ছাড়া, প্রথমবারের মতো মালয়েশিয়া, নেপাল ও শ্রীলঙ্কার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) প্রতিনিধিরাও সেমিনারে অংশ নিচ্ছেন।

সেমিনারে সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিভিন্ন এয়ারলাইনস, ফ্লাইং একাডেমি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ জরিপ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধিরাও সেমিনারে অংশ নিচ্ছেন।

সেমিনারে দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও অংশগ্রহণকারীরা ফ্লাইট সেফটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে প্রবন্ধ উপস্থাপন ও মতবিনিময় করছেন। এতে প্রযুক্তিগত অগ্রগতি, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, হিউম্যান ফ্যাক্টর, সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম (এসএমএস), মানব-প্রযুক্তির সমন্বয়, দলগত কার্যক্রম এবং ভবিষ্যৎ ফ্লাইট সেফটি ব্যবস্থার উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।

পাশাপাশি, বিভিন্ন অধিবেশনে আন্তর্জাতিক ফ্লাইট সেফটি চর্চা, উদীয়মান ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা এবং আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগের মাধ্যমে ফ্লাইট সেফটি আরও জোরদার করার বিষয়ে অভিজ্ঞতা ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হচ্ছে।

তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সেমিনার আগামী ২৮ অক্টোবর ২০২৬ তারিখে শেষ হবে।




পঞ্চগড়-কক্সবাজার এক ট্রেনেই বদলে দেবে রেল মানচিত্র

দেশের উত্তর সীমান্তঘেঁষা পঞ্চগড় থেকে দক্ষিণের পর্যটননগরী কক্সবাজার পর্যন্ত সরাসরি রেল চালুর পরিকল্পনাকে কেন্দ্র করে এই যোগাযোগের প্রচলিত মানচিত্রে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার।

বাংলাদেশ রেলওয়ে উত্তর ও পূর্বাঞ্চলের রেল নেটওয়ার্ককে কার্যকরভাবে যুক্ত করতে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে। এর সঙ্গে ডুয়েলগেজ ও ব্রডগেজ নেটওয়ার্ক সম্প্রসারণ, নতুন লোকোমোটিভ ও কোচ সংগ্রহ, নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন, ডিজিটাল যাত্রীসেবা ও পরিবেশ সুরক্ষার কর্মসূচিও সমন্বিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চালুর লক্ষ্য সামনে রেখে পশ্চিমাঞ্চলের বগুড়া-সিরাজগঞ্জ কর্ড লাইন ও শান্তাহার-বগুড়া লিংক এবং পূর্বাঞ্চলের চট্টগ্রাম- দোহাজারী, টঙ্গী-আখাউড়া ও লাকসাম-চট্টগ্রাম রেলপথ উন্নয়ন প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চালুর লক্ষ্য নিয়ে এসব প্রকল্প সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু পঞ্চগড়ই নয়, রাজশাহী, চিলাহাটি ও অন্যান্য ব্রডগেজ রুট থেকেও কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন পরিচালনার সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, বর্তমানে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের ট্রেনগুলো ঢাকার দিকে যেতে ঈশ্বরদী হয়ে দীর্ঘ ঘুরপথ অতিক্রম করে। বগুড়া-সিরাজগঞ্জ কর্ড লাইন ও শান্তাহার-বগুড়া লিংক বাস্তবায়িত হলে এ ঘুরপথের প্রায় ১১২ কিলোমিটার কমে যাবে। এতে পঞ্চগড়, বুড়িমারী, লালমনিরহাট, দিনাজপুর ও চিলাহাটিসহ উত্তরাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রাপথ ছোট হওয়ার পাশাপাশি প্রায় তিন থেকে চার ঘণ্টা সময় সাশ্রয় হবে বলে তিনি জানান।
এর ফলে উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য যোগাযোগে গতিশীলতা আসবে। রাজধানীসহ সারাদেশে কম খরছে ও দ্রুততম সময়ের মধ্যে পণ্য পরিবহন সমআভব হবে।

বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্পটি সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প হিসেবে এগিয়ে নেওয়া হচ্ছে উল্লেখ করে রেলপথ মন্ত্রণালয়ের সচিব বলেন, প্রকল্পের জন্য ইতোমধ্যেই ৯০১ একর ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং বগুড়া ও সিরাজগঞ্জ জেলা প্রশাসন অধিগ্রহণকৃত ভূমি রেলওয়েকে বুঝিয়ে দিয়েছে। সংশোধিত ডিপিপি পুনর্গঠন করে একনেকের অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

এই করিডোরের সঙ্গে শান্তাহার-বগুড়া লিংক যুক্ত হলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার সরাসরি ব্রডগেজ রেল যোগাযোগ আরও কার্যকর হবে। একইসঙ্গে উত্তরাঞ্চল থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচলের জন্য প্রয়োজনীয় সংযোগও তৈরি হবে।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পঞ্চগড়-কক্সবাজার সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠায় পূর্বাঞ্চলের রেলপথ উন্নয়নও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ জন্য চট্টগ্রাম-দোহাজারী, টঙ্গী-আখাউড়া ও লাকসাম-চট্টগ্রাম অংশকে ডুয়েলগেজ নেটওয়ার্কে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তরের প্রকল্প ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। ঠিকাদার ও পরামর্শক নিয়োগের কার্যক্রম শেষ করে মূল কাজ শুরুর প্রস্তুতি চলছে। এ প্রকল্পের আওতায় ৩০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহ করা হবে।

আখাউড়া-লাকসাম ডাবল লাইন ডুয়েলগেজ প্রকল্প ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন টঙ্গী-আখাউড়া ও লাকসাম-চট্টগ্রাম অংশ ডুয়েলগেজে উন্নীত করা হলে পূর্বাঞ্চলের রেল নেটওয়ার্কের সক্ষমতা আরও বাড়বে।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, লাকসাম-চট্টগ্রাম মিটারগেজ ডাবল ট্র্যাককে ডুয়েলগেজ ডাবল ট্র্যাকে রূপান্তরের ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। একইভাবে টঙ্গী- ভৈরববাজার-আখাউড়া মিটারগেজ ডাবল লাইনকে ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তরের জন্য ডিপিপি অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও জানিয়েছেন, দোহাজারী-কক্সবাজার রেলপথ ইতোমধ্যেই ডুয়েলগেজ হওয়ায় পশ্চিমাঞ্চলের ব্রডগেজ রেলপথের সঙ্গে পূর্বাঞ্চলের ডুয়েলগেজ নেটওয়ার্ক যুক্ত করা গেলে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চালানোর অবকাঠামোগত ভিত্তি আরও শক্তিশালী হবে।

বাংলাদেশ রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, দেশের রেল নেটওয়ার্ককে আরও কার্যকর করতে ঢাকা-কুমিল্লা কর্ড লাইন প্রকল্পও অগ্রাধিকার পেয়েছে। প্রায় ৮১ কিলোমিটার দীর্ঘ এ কর্ড লাইনের মাধ্যমে কুমিল্লাকে সরাসরি রাজধানীর শ্যামপুরের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কমবে প্রায় ৮০ কিলোমিটার ও যাতায়াতের সময় কমবে দুই ঘণ্টা। প্রকল্পের অ্যালাইনমেন্ট চূড়ান্ত হয়েছে। খসড়া সম্ভাব্যতা সমীক্ষা অনুমোদিত হয়েছে এবং চূড়ান্ত সমীক্ষা অনুমোদনের প্রক্রিয়া চলছে। বিস্তারিত নকশা প্রণয়নের কাজও এগিয়ে চলছে।

তিনি বলেন, এ কর্ড লাইনের পুরো অংশই উড়ালপথে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এতে ভূমি অধিগ্রহণের প্রয়োজন কমবে এবং লেভেল ক্রসিং সীমিত রেখে ট্রেনের গতি ও নিরাপত্তা বাড়ানো সম্ভব হবে। চলতি অর্থবছরে ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরের জন্য ডিপিপি অনুমোদনের লক্ষ্য রয়েছে। এর পাশাপাশি লালমনিরহাট-বগুড়া, পার্বতীপুর-কাউনিয়া-রংপুরসহ বিভিন্ন রুটকে ডুয়েলগেজ বা ব্রডগেজে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই চলছে। রেলওয়ের পরিকল্পনা হলো প্রথমে প্রধান রেলপথগুলোকে আধুনিকায়ন করা এবং পর্যায়ক্রমে শাখা রেলপথগুলোকে মূল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা।

রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ করতে নতুন ট্রেন চালুর উদ্যোগও অব্যাহত রয়েছে। গত ১০ আগস্ট ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন উদ্বোধন করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২৬ অক্টোবর রাত ৮টা থেকে মহানগর এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চলবে। এরফলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ বিভিন্ন জেলার যাত্রীরা সহজেই সরাসরি কক্সবাজার যেতে পারবেন।

রেলওয়ের সংশ্লিষ্টরা জানান, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি রেল পরিবহন সক্ষমতা বাড়াতে নতুন লোকোমোটিভ ও কোচ সংগ্রহেও জোর দেওয়া হয়েছে। ভারত থেকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ সংগ্রহ প্রকল্পের আওতায় প্রথম চালানে ১৮টি কোচ ইতোমধ্যে দেশে এসেছে। এর থেকে ১২টি নতুন কোচ দিয়ে ঢাকা-পাবনা-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। নভেম্বরে শেষ সাপ্তাহে এই ট্রেন চালু হবে। এ ছাড়া ঢাকা-খুলনা-ঢাকা রুটে দুটি আন্তঃনগর ট্রেন চালুর প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

রেলওয়ের কর্মকর্তা জানান, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের ডিপিপি পুনর্গঠন করে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এডিবির অর্থায়নে ২০০টি মিটারগেজ কোচ, তিনটি রিলিফ ক্রেন ও আন্ডার-ফ্লোর হুইল লেদ মেশিন সংগ্রহের ডিপিপি প্রণয়ন সম্পন্ন হয়েছে। নতুন প্রযুক্তির আন্ডার-ফ্লোর হুইল লেদ চালু হলে চাকা খুলে না ফেলেই ট্রেনের চাকার প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করা যাবে। ফলে রক্ষণাবেক্ষণে সময় কমার পাশাপাশি বাড়বে কর্মদক্ষতা।

এ ছাড়া ৭০টি লোকোমোটিভ, যার মধ্যে ৩০টি মিটারগেজ ও ৪০টি ব্রডগেজ ও রক্ষণাবেক্ষণে তিন বছর মেয়াদি সার্ভিস কন্ট্রাক্টের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী অর্থবছরে ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ ও ২৬০টি ব্রডগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহের পরিকল্পনাও রয়েছে।
রেলপথ মন্ত্রণালয় জানান, পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনে ২ হাজার ২৮ কোটি ৫৮ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ের প্রকল্প গত ২৬ এপ্রিল একনেক সভায় অনুমোদিত হয়েছে। বিভিন্ন প্যাকেজে টেন্ডার কার্যক্রম চলছে। একই সঙ্গে অকেজো ও অব্যবহৃত ২০ সেট ডেমু ট্রেন পিপিপির মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলওয়ে জানায়, রেলপথকে নিরাপদ করতে ঢাকা-টঙ্গী-জয়দেবপুর সেকশনের লেভেল ক্রসিংগুলো আন্ডারপাস বা ওভারপাসে রূপান্তরের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা হালনাগাদ করা হয়েছে। এর ভিত্তিতে ডিপিপি প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি ঢাকা-টঙ্গী অংশের তিনটি গুরুত্বপূর্ণ লেভেল ক্রসিংয়ে আধুনিক স্বয়ংক্রিয় সতর্কীকরণ ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ কার্যক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে সম্পৃক্ত করা হয়েছে। সফল হলে পর্যায়ক্রমে সারাদেশে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, যাত্রীসেবায় ডিজিটাল সুবিধাও যুক্ত হচ্ছে। কমলাপুর, বিমানবন্দর, চট্টগ্রাম ও কক্সবাজার রেলস্টেশনে বিটিসিএলের মাধ্যমে বিনামূল্যে ওয়াই-ফাই চালু হয়েছে। পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেসেও স্টারলিংকের মাধ্যমে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা চালু হয়েছে। রেলওয়ের আর্থিক ব্যবস্থাপনাতেও উন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে। রেলওয়ের সম্পদের কার্যকর ব্যবহার এবং সেবার পরিধি বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে বিনিয়োগের সুযোগ তৈরি করা হচ্ছে। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি খাতে পরিচালনার জন্য পুনঃদরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে রেলওয়ের জমিতে রোলিং স্টক উৎপাদন কারখানা স্থাপনে বেসরকারি বিনিয়োগ আহ্বানের কার্যক্রমও শুরু হয়েছে।

পঞ্চগড়-কক্সবাজার সরাসরি ট্রেনের উদ্যোগটি দেশের রেল যোগাযোগ ব্যবস্থার একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। পাঁচটি অগ্রাধিকার প্রকল্প, ডুয়েলগেজ-ব্রডগেজ নেটওয়ার্ক সম্প্রসারণ, নতুন রোলিং স্টক, নিরাপত্তা ও ডিজিটাল সেবা—সমন্বিত এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রেলওয়ে আরও সক্ষম, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব যোগাযোগ ব্যবস্থায় রূপ নেওয়ার পথে এগিয়ে যাবে।




গুলশানে কিংফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ

রাজধানীর গুলশানে কিংফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত বিশেষ দল।

রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রেস্টুরেন্টটিতে এ অভিযান শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের কাছে গোপন তথ্য আসে, উচ্চ শুল্ক আরোপযোগ্য পণ্য, বিশেষ করে অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় শুল্ক ফাঁকির মাধ্যমে সংগ্রহ ও বিক্রি করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে কিংফিশার রেস্টুরেন্টে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এতে এনবিআরের চারটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত বিশেষ দল অংশ নেয়।

অভিযানে অংশগ্রহণকারী সংস্থাগুলো হলো—সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)।

কাস্টমস আইন, ২০২৩-এর ১১৩, ১১৪, ১৭৬, ১৭৭, ১৭৮, ১৮০, ১৮১, ১৮২, ১৮৩, ১৮৪ ও ১৯১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে অভিযানটি পরিচালিত হয়। এ ছাড়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৮৩ ধারা, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর ৬০ বিধি এবং আয়কর আইন, ২০২৩-এর ২০২, ২০৩, ২০৪, ২০৫, ২০৬, ২০৭, ২০৮ ও ২০৯ ধারাও অভিযানের আইনি ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।




পরিবারভিত্তিক সমন্বিত তথ্যভাণ্ডার গড়ছে সরকার: ফ্যামিলি কার্ডে বদলাবে সামাজিক নিরাপত্তা

দেশের দরিদ্র ও অস্বচ্ছল পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধার আওতায় আনতে পরিবারভিত্তিক একটি সমন্বিত তথ্যভাণ্ডার গড়ে তুলছে সরকার। এ তথ্যভাণ্ডারের মাধ্যমে পরিবারের আর্থ-সামাজিক অবস্থা যাচাই করে প্রকৃত দরিদ্রদের শনাক্ত করা ও তাদের ফ্যামিলি কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ফ্যামিলি কার্ডকে ধীরে ধীরে একটি সমন্বিত সামাজিক নিবন্ধন ও অর্থপ্রদানের ব্যবস্থায় রূপ দেওয়া হবে। এর মাধ্যমে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে একই তথ্যভিত্তি ব্যবহার, উপকারভোগী নির্বাচন আরও নির্ভুল করা ও সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।

চলতি বছর পরীক্ষামূলক পর্যায়ে ৭০ হাজার ৮৬১টি পরিবার ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থ সহায়তা পেয়েছে। পাইলট কার্যক্রমের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২০২৬-২৭ অর্থবছরে নতুন করে ৪১ লাখ পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গত ১০ অক্টোবর থেকে সারাদেশে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড বিতরণ ও কর্মসূচি সম্প্রসারণের কার্যক্রম শুরু হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ‘ফ্যামিলি কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃত দরিদ্র ও অস্বচ্ছল পরিবারকে তথ্যভিত্তিকভাবে চিহ্নিত করা। আমরা চাই সামাজিক নিরাপত্তার সুবিধা যেন যোগ্য পরিবারের কাছে পৌঁছে এবং বাদ পড়া প্রকৃত দরিদ্র পরিবারগুলোকেও যেন শনাক্ত করা যায়।’

তিনি আরও বলেন, পরিবারের আয়, সম্পদ, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও জীবিকার তথ্য বিবেচনায় নিয়ে উপকারভোগী নির্বাচন করা হবে। পরিবারের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন অনুযায়ী ভবিষ্যতে তথ্যভাণ্ডার নিয়মিত হালনাগাদ করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, দেশের পরিবারগুলোর সদস্যসংখ্যা, আয়, সম্পদ, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান ও জীবিকার মতো তথ্য সংগ্রহ করে একটি গতিশীল সামাজিক নিবন্ধনভাণ্ডার তৈরি করা হবে। এসব তথ্য বিশ্লেষণের মাধ্যমে পরিবারের আর্থিক সক্ষমতা ও দারিদ্র্যের মাত্রা নির্ধারণ করে ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন করা হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, ‘ফ্যামিলি কার্ডকে শুধু একটি ভাতা বিতরণ কর্মসূচি হিসেবে দেখলে হবে না। এটি একটি সমন্বিত সামাজিক নিবন্ধনব্যবস্থা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য একই তথ্যভিত্তি ব্যবহার করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, তথ্য একবার সংগ্রহ করে স্থির রাখা হবে না। পরিবারের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে তা নিয়মিত হালনাগাদ করা হবে।

সরাসরি বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহকারীরা ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে পরিবারের সদস্য ও আর্থ-সামাজিক অবস্থার বিভিন্ন তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করবেন।
ইন্টারনেট সংযোগ না থাকলে, অফলাইনে তথ্য সংগ্রহের সুযোগ থাকবে। পরে নেটওয়ার্ক পাওয়া গেলে সংগৃহীত তথ্য কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে পাঠানো হবে।

মাঠপর্যায়ের কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হচ্ছে। তথ্য সংগ্রহকারীরা নির্ধারিত এলাকায় গিয়ে কাজ করছেন কি না— তা অবস্থানভিত্তিক প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহ্বুব বলেন, ‘তথ্য সংগ্রহের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাঠপর্যায়ের নির্ভুলতা। এজন্য তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং সংগৃহীত তথ্য যাচাইয়ের ব্যবস্থা থাকবে।’

তিনি বলেন, পাইলট কার্যক্রম থেকে বাস্তব কিছু সমস্যা চিহ্নিত হয়েছে। জাতীয় পর্যায়ে কার্যক্রম শুরুর আগে এসব সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত সুপারিশের পরিবর্তে পরিবারের প্রকৃত আর্থ-সামাজিক অবস্থাকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা রয়েছে।

মাঠপর্যায়ে সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের পর পরিবারের আয়, সম্পদ, জীবনযাত্রা ও অন্যান্য সূচকের ভিত্তিতে যোগ্যতা নির্ধারণ করা হবে।

প্রকৃত দরিদ্র পরিবার শনাক্ত করতে সম্পদ ও আর্থিক সক্ষমতা যাচাই পদ্ধতি বা পিএমটি ব্যবহার করা হচ্ছে। এ পদ্ধতিতে পরিবারের আয়-ব্যয়, সম্পদ, বাসস্থান ও জীবনযাত্রার বিভিন্ন সূচকের ভিত্তিতে একটি স্কোর নির্ধারণ করা হবে।

পাইলট পর্যায়ে ভাতা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভুল, নিজ নামে মোবাইল নম্বর না থাকা ও ব্যাংক বা মোবাইল আর্থিক হিসাবসংক্রান্ত কিছু সমস্যা চিহ্নিত হয়েছে।

জাতীয় পর্যায়ে সম্প্রসারণের আগে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার ফ্যামিলি কার্ডকে ভবিষ্যতে শুধু ভাতা গ্রহণের মাধ্যম হিসেবে সীমাবদ্ধ রাখতে চায় না। ব্যাংক ও ডিজিটাল আর্থিক সেবার সঙ্গে কার্ড ব্যবস্থাকে যুক্ত করে সরকারি অর্থ সরাসরি উপকারভোগীর কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে মধ্যস্বত্বভোগীর সুযোগ কমার পাশাপাশি অর্থপ্রদানে স্বচ্ছতা বাড়বে বলে মনে করা হচ্ছে।

একই সঙ্গে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেওয়া সহায়তা পরিবারের খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান ও জীবিকার ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলছে, তা মূল্যায়নের পরিকল্পনাও রয়েছে। ভবিষ্যতে প্রভাব সমীক্ষার মাধ্যমে কর্মসূচির কার্যকারিতা পর্যালোচনা করা হবে।

সরকারের সংশ্লিষ্টরা মনে করছেন, পাইলট পর্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় পর্যায়ে কর্মসূচিটি কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় উপকারভোগী শনাক্তকরণ, তথ্য ব্যবস্থাপনা ও অর্থপ্রদানে একটি বড় ধরনের পরিবর্তন আসবে।

একই সঙ্গে পরিবারভিত্তিক সমন্বিত তথ্যভাণ্ডার গড়ে ওঠায় ভবিষ্যতে সামাজিক নিরাপত্তার বিভিন্ন কর্মসূচি আরও লক্ষ্যভিত্তিকভাবে পরিচালনা করা সম্ভব হবে। সূত্র: বাসস




খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিবেদকঃ খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. সাবিরুল আলমসহ আটজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রকল্পের কাজ বাস্তবায়নে নির্ধারিত পরিকল্পনা অনুসরণ না করা এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুদকের খুলনা কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত বিভাগের উপপরিচালক বায়েজিদুর রহমান খান স্বাক্ষরিত চিঠিতে মামলার অনুমোদনের বিষয়টি জানানো হয়। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং প্রকল্প বাস্তবায়নে কী ধরনের অনিয়ম হয়েছে, তা মামলার মাধ্যমে তদন্তের আওতায় আসবে।

মামলায় আসামি করা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান আতাউর রহমান খান লিমিটেডের চেয়ারম্যান মো. আতাউর রহমান এবং মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহাবুব রহমানকে। এ ছাড়া খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. সাবিরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ, নির্বাহী প্রকৌশলী মো. আরমান হোসেন, খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মুতাসির মামুন, সহকারী প্রকৌশলী বাসুদেব কুমার বিশ্বাস এবং উপসহকারী প্রকৌশলী শরীফ ওয়াহিদুজ্জামান মামলার আসামি হয়েছেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নের কাজ বাস্তবায়নের দায়িত্ব স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স লিমিটেডকে দেওয়া হয়েছিল। তবে প্রকল্পের নির্ধারিত পরিকল্পনা ও শর্ত অনুযায়ী সড়ক নির্মাণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এভাবে কাজের ক্ষেত্রে অনিয়মের মাধ্যমে সরকারের কয়েক কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দুদকের অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রকল্পের কাজের দায়িত্বে থাকা প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সরকারি উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করা অর্থের বিপরীতে যথাযথভাবে কাজ সম্পন্ন হয়েছে কি না, কাজের মান ও পরিমাণ নির্ধারিত শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল কি না এবং অর্থ ব্যয়ে কোনো অনিয়ম হয়েছে কি না—এসব বিষয় মামলার তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে অভিযোগের বিষয়ে আসামিদের দোষ আদালতে প্রমাণিত হওয়া এখনো বাকি।

এদিকে, খুলনা শিপইয়ার্ড সড়কের নির্মাণকাজ দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা নিয়েও অসন্তোষ তৈরি হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা সফরে গিয়ে সড়কটির নির্মাণকাজে প্রায় ১৩ বছর ধরে চলা বিলম্বের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ সময়েও গুরুত্বপূর্ণ এই সড়কের উন্নয়নকাজ নিয়ে প্রশ্ন, সরকারি অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের মামলার উদ্যোগ—সব মিলিয়ে প্রকল্পটি নতুন করে আলোচনায় এসেছে। এখন তদন্তের মাধ্যমে প্রকল্পের অর্থ ব্যয়, নির্মাণকাজের বাস্তব অবস্থা এবং অভিযুক্ত ব্যক্তিদের দায় কতটুকু, তা নির্ধারিত হবে।