কারিনা কায়সারকে লিভার ডোনেট করবেন তার ভাই

বিনোদন ডেস্কঃ লিভার-সংক্রান্ত জটিলতায় সংকটাপন্ন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেয়ার পর শুরু হয়েছে নতুন চিকিৎসা-প্রক্রিয়া। তিনি বর্তমানে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, প্রথমে তার ফুসফুসের সমস্যার চিকিৎসা করা হবে, এরপর ধাপে ধাপে লিভার ট্রান্সপ্ল্যান্টের দিকে অগ্রসর হওয়া হবে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে একজন লিভার ডোনেট করবেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে কায়সার হামিদ বলেন, তার ছোট ছেলে সাদাত হামিদের সঙ্গে কারিনার রক্তের গ্রুপের মিল রয়েছে। তবে দুই ভাইয়েরই রক্ত পরীক্ষা করা হয়েছে।

এর আগে, গত সোমবার রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে কারিনাকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশে নেয়া হয়। তার সঙ্গে রয়েছেন মা ও দুই ভাই।




পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

ক্রীড়া ডেস্কঃ দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১২ মে) বিকেলে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই অভিনন্দন বার্তা দেন।

অভিনন্দন বার্তায় তিনি উল্লেখ করেন, ‘মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের জয় পায় টাইগাররা। তাদের আন্তরিক অভিনন্দন।’

আজ মঙ্গলবার ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের জয় পায় টাইগাররা।

এর আগে পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুটি টেস্ট তাদের দেশেই জিতেছিল বাংলাদেশ; এবার জয় দেশের মাটিতে। দলটির বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় টাইগারদের।

মিরপুর টেস্টে ২৬৮ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তান গুটিয়ে যায় ১৬৩ রানে।




দেশের আট জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আবহাওয়া ডেস্কঃ দেশের আট জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বুধবার (১১ মে) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।




ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

ডেস্ক নিউজঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (১৩ মে) সকাল থেকে বিশেষ ব্যবস্থাপনায় আগামী ২৩ মে’র টিকিট দেওয়া হচ্ছে। কালোবাজারি রোধ ও যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৪ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৪ মে, ২৫ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৫ মে, ২৬ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৬ মে এবং ২৭ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৭ মে।

রেলওয়ের সিদ্ধান্তে বলা হয়েছে, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এদিকে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের টিকিট বিক্রি করা হবে।




যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে প্রতিদিন হতাহত হচ্ছে ৪ শিশু

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে গত মাসে কার্যকর হওয়া তথাকথিত ‘যুদ্ধবিরতির’ মধ্যেও ইসরাইলি হামলায় শিশুদের হতাহতের সংখ্যা ভয়াবহ রূপ নিয়েছে।

আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন আজ মঙ্গলবার (১২ মে) প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর প্রথম ২৫ দিনে গড়ে প্রতিদিন ৪টিরও বেশি শিশু নিহত বা আহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে সংস্থাটি জানায়, এই অল্প সময়ের ব্যবধানে অন্তত ২২ জন শিশু প্রাণ হারিয়েছে এবং ৮৯ জন গুরুতর আহত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২ মার্চ থেকে লেবাননে নতুন করে সংঘাত শুরুর পর ইসরাইলি হামলায় এ পর্যন্ত প্রায় ২০০ শিশু নিহত হয়েছে। সব মিলিয়ে নিহতের মোট সংখ্যা প্রায় ২,৯০০ জনে দাঁড়িয়েছে।

সেভ দ্য চিলড্রেনের লেবানন পরিচালক নোরা ইংডাল বলেন, বেসামরিক নাগরিকদের ওপর হামলা আসলে বন্ধ হয়নি, বরং ভিন্ন নামে তা অব্যাহত রয়েছে। অনেক এলাকায় বিমান হামলার তীব্রতা আগের চেয়েও বেড়েছে। শিশুদের জীবন রক্ষায় কোনো শর্তহীন এবং স্থায়ী যুদ্ধবিরতির বিকল্প নেই বলে তিনি হুঁশিয়ারি দেন।

ইসরাইলি বিমান বাহিনী দাবি করেছে, তারা এপ্রিলের মাঝামাঝি থেকে এ পর্যন্ত লেবাননের ১,১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যার মূল লক্ষ্য ছিল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে এই সংঘাতের সবচেয়ে বড় শিকার হচ্ছে সাধারণ পরিবারগুলো। সংঘাতের কারণে এ পর্যন্ত ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বর্তমানে বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ গাদাগাদি করে বসবাস করছে, যার মধ্যে ৩৬ শতাংশই শিশু। এসব কেন্দ্রে অপর্যাপ্ত স্যানিটেশন ও তীব্র ভিড়ের কারণে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি এবং রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এমন পরিস্থিতির মধ্যেই আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ওয়াশিংটনে ইসরাইল ও লেবাননের মধ্যে সরাসরি শান্তি আলোচনার কথা রয়েছে। উভয় দেশই হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের বিষয়ে প্রাথমিক প্রতিশ্রুতি দিলেও হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের অস্ত্রসমর্পণ আলোচনার কোনো অংশ হতে পারে না।

ফলে আসন্ন এই বৈঠক থেকে কতটুকু সুফল আসবে এবং শিশুদের ওপর চলা এই নৃশংসতা বন্ধ হবে কি না, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

সূত্র: আল-জাজিরা।




বিজয় দিবসে খুলছে শাহজালালের থার্ড টার্মিনাল, যেসব সুবিধা থাকছে

ডেস্ক নিউজ : বাংলাদেশ অ্যাভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বাটজা) নেতারা বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ও মতবিনিময় সভায় দেশের অ্যাভিয়েশন ও পর্যটন খাতের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা, উন্নয়ন পরিকল্পনা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

সভায় বাটজার নেতারা অ্যাভিয়েশন দেশের পর্যটন শিল্পের ইতিবাচক প্রচারে গণমাধ্যমের কার্যকর ভূমিকা ও  তথ্যপ্রাপ্তি সহজ করার বিষয় তুলে ধরেন।

এ সময় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রীতা বলেন, দেশের বিমান ও পর্যটন খাতকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

এ খাতের ইতিবাচক দিকগুলো দেশ-বিদেশে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।

আলোচনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, যাত্রীসেবার মানোন্নয়ন, বিমানের বহর সম্প্রসারণ এবং পর্যটন খাতের সম্ভাবনা নিয়েও কথা হয়।

মন্ত্রী বলেন, আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা করছি। থার্ড টার্মিনাল চালুর মাধ্যমে দেশের অ্যাভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বর্তমানে টার্মিনাল চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।

বিভিন্ন কারিগরি পরীক্ষা ও অপারেশনাল কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

পর্যটনমন্ত্রী আরও বলেন, নতুন টার্মিনাল চালু হলে যাত্রীসেবার মান বাড়বে, পাশাপাশি ইমিগ্রেশন, লাগেজ হ্যান্ডলিং ও বোর্ডিং প্রক্রিয়ায় গতি আসবে। এতে আন্তর্জাতিক যাত্রী পরিবহণ সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

মন্ত্রী জানান, যাত্রীচাহিদা বৃদ্ধি ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের বিষয় বিবেচনায় রেখেই বহর বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন বিমান যুক্ত হলে ফ্লাইট পরিচালনায় সক্ষমতা বাড়বে এবং সেবার মানও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, আমরা মিক্সড ফ্লিটের কথা ভাবছি। চলতি বছরের মধ্যেই অন্তত পাঁচটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনার কথা জানান।

সভায় উপস্থিত ছিলেন বাটজার আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান, সদস্য সচিব ইমন চৌধুরী, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার সাইফ আহমাদ ও সদস্য শাহাদাত হোসেনসহ সংগঠনের চার সদস্যের একটি প্রতিনিধি দল।

যেসব সুবিধা থাকছে

বেবিচকের তথ্যানুযায়ী, থার্ড টার্মিনালে থাকবে ২৬টি বোর্ডিং ব্রিজ। প্রথম ধাপে চালু করা হবে ১২টি। থাকবে উড়োজাহাজ রাখার জন্য ৩৬টি পার্কিং বে। বহির্গমনের জন্য ১৫টি সেলফ সার্ভিস চেকইন কাউন্টারসহ মোট ১১৫টি চেকইন কাউন্টার থাকবে। এছাড়া ১০টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টারসহ থাকবে ৬৬টি ডিপারচার ইমিগ্রেশন কাউন্টার। আগমনের ক্ষেত্রে পাঁচটি স্বয়ংক্রিয় চেকইন কাউন্টারসহ মোট ৫৯টি পাসপোর্ট ও ১৯টি চেকইন অ্যারাইভাল কাউন্টার থাকবে। এর বাইরে টার্মিনালে ১৬টি আগমনী ব্যাগেজ বেল্ট স্থাপন করা হবে। গাড়ি পার্কিংয়ের জন্য থার্ড টার্মিনালের সঙ্গে মাল্টিলেভেল কার পার্কিং ভবন নির্মাণ করা হবে। এতে ব্যবস্থা থাকবে এক হাজার ৩৫০টি গাড়ি পার্কিংয়ের।




‘অস্তিত্বের লড়াই’ প্রামাণ্যচিত্র নিয়ে ফিরছেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। এখন আর আগের মতো অভিনয়ে দেখা যায় না তাকে। মাঝে তিনটি সিনেমায় কাজ করলেও সেগুলো এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে, পাশাপাশি নাটকেও দীর্ঘ বিরতিতে আছেন এই নায়িকা।

তবে পূর্ণিমা ভক্তদের জন্য সুখবর, সম্প্রতি এই নায়িকা সচেতনতামূলক একটি প্রামাণ্যচিত্রের অংশ হয়েছেন। জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে সচেতনতা বাড়াতেই ‘অস্তিত্বের লড়াই’ নামের এই প্রামাণ্যচিত্রে অংশ নিয়েছেন তিনি।

১৯৭০ সালে ভোলায় ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ‘প্রেমের তাজমহল’ খ্যাত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব এটি নির্মাণ করেছেন। সম্প্রতি এফডিসিতে এর দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে।

প্রমাণ্যচিত্রটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘এই প্রামাণ্যচিত্রের ভাবনাটি আমার খুব ভালো লেগেছে। মানুষকে সচেতন করার একটি দায়িত্ববোধের জায়গা থেকে আমি এতে অংশ নিয়েছি। আমি সবসময়ই এমন ভালো এবং ইতিবাচক কাজের সঙ্গে থাকতে চাই।’

বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান মানবসুর উন্নয়ন সংস্থা (মাউস)-এর জন্য প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে বলে জানা গেছে। ‎প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহরাব লাভুর গ্রন্থনা ও পরিকল্পনায় প্রামাণ্যচিত্রটির নাম রাখা হয়েছে ‘অস্তিত্বের লড়াই’।

নির্মাতা গাজী মাহবুব জানান, এতে উঠে আসবে ১৯৭০ সালে ভোলা জেলায় বন্যার সেই মর্মান্তিক কাহিনি ও বর্তমান বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগে আমাদের করণীয় কী।

মানবসুর উন্নয়ন সংস্থার আয়োজনে জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে এটি দেখানো হবে। এছাড়া ইন্টারনেটেও এটি প্রকাশিত হবে বলে জানান তিনি।

পূর্ণিমাসহ প্রামাণ্যচিত্রটিতে আরও অভিনয় করেছেন চলচ্চিত্রের একঝাক পরিচিত মুখ। তাদের মধ্যে রয়েছেন প্রবীণ নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ, শিবা শানু, তানহা তাসনিয়া, শিরিন শিলা, মৌ খান ও জয় চৌধুরীসহ আরও অনেকে।




বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখানো নিয়ে অনিশ্চয়তা

ক্রীড়া ডেস্ক : ১৮ ডিসেম্বর, ২০২২। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) আঙিনায় বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা। ফ্রান্সের বিপক্ষে প্রথম গোলটি করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। হাজার হাজার মানুষ একসঙ্গে চিৎকার বলে উঠলেন, ‘গো…ল’।

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশে এই উন্মাদনা পুরোনো। তবে ২০২২ সালে তা নজরে পড়েছিল বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ফিফারও। ঢাকায় ফুটবল উন্মাদনার কয়েকটি ছবি ফিফা নিজেদের ফেসবুক পেজে দিয়ে লিখেছিল, ‘ফুটবলের মতো আর কোনো কিছুই মানুষকে একত্রে নিয়ে আসে না।’

চার বছর পর আগামী ১১ জুন তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। বাংলাদেশে অনিশ্চয়তা তৈরি হয়েছে যে এবার এ দেশের মানুষ বিশ্বকাপ ফুটবল দেখতে পারবে কি না।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব এখনো কিনতে পারেনি। বেসরকারি কোনো টেলিভিশন চ্যানেল অথবা ইন্টারনেটভিত্তিক মাধ্যম ওটিটি (ওভার দ্য টপ) প্রতিষ্ঠানগুলোও সম্প্রচার স্বত্ব এখনো কেনেনি। ফলে খেলা দেখানো অনিশ্চিত।




ঈদ ঘিরে রাত কয়টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, সিদ্ধান্ত দিল সরকার

ডেস্ক নিউজ : কুরবানির ঈদকে সামনে রেখে বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ বিভাগের সমন্বয় ২ শাখা থেকে মন্ত্রিপরিষদ সচিবকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ইরান যুদ্ধের জেরে জ্বালানি সাশ্রয়ে সরকার দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত চালুর নিয়ম করেছিল। যা ঈদের সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা।

এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ৭ মে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু রাত ১০ পর্যন্ত দোকানপাট চালু রাখার বিষয়ে সম্মতি দিয়েছিলেন। সেদিন ১২ মে মঙ্গলবার থেকে তা চালু হওয়ার কথা বলা হয়েছিল।

সেই আলোচনার ভিত্তিতে মঙ্গলবার (১২ মে) থেকে কোরবানি ঈদ পর্যন্ত বিপণিবিতান, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত চিঠি দিয়ে জানানো হয়।

ইরান যুদ্ধের জেরে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে শপিং মল ও দোকান পাট বন্ধের নির্দেশনা দেয় সরকার।

পরে ব্যবসায়ীদের দাবিতে ৫ এপ্রিল থেকে এক ঘণ্টা সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়।

বিদ্যুৎ বিভাগের পাঠানো মঙ্গলবারের চিঠিতে ঈদের সময়ে দোকান আরও তিন ঘণ্টা বেশি খোলা রাখার সিদ্ধান্ত বাস্তবায়নে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদেরও নির্দেশনা দিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ করা হয়েছে।




শিক্ষার মান সম্পর্কে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট ধারণা নেই: শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজঃ দেশে বর্তমানে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও শতাধিক হলেও এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নতুন কারিকুলাম ও আউট লার্নি নিয়ে কাজ করছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগে বিদেশ থেকে শিক্ষকরা এসে পড়াতেন, শিক্ষার্থীরা আসতেন। এখন কিন্তু সে পর্যায়ে নেই। এখন দেশে ১১৬টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। ওপেন ইউনিভার্সিটি রয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের
শিক্ষার মান সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। তাই শিক্ষাব্যবস্থা আবারও ঢেলে সাজাতে হবে।
পাবলিক ইউনিভার্সিটি বেড়ে ৫৭টিতে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা কোয়ান্টিটিতে অনেক এগিয়ে গেছি। কোয়ালিটিতে কতটুকু পেরেছি, আমরা জানি না। তাই নীড বেসিস এডুকেশন নিয়ে ভাবতে হবে।