ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলল আফগানিস্তান

খেলাধুলা ডেস্কঃ আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি পেল আফগানিস্তান। ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলেছে দলটি। আট নম্বর থেকে সাত নম্বরে উঠে এসেছে আফগানরা। অন্যদিকে টানা দুই হারে দুই ধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গেছে ইংল্যান্ড।

শারজাহতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে গতকাল জিম্বাবুয়েকে ১৬৯ রানে অলআউট করে আফগানিস্তান। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিন উইকেট নেন অধিনায়ক রশিদ খান। এ ছাড়া ফজলহক ফারুকী, মোহাম্মদ নবি ও বিলাল সামি দুটি করে উইকেট শিকার করেন।

জবাবে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫তম ওভারেই জয় নিশ্চিত করে আফগানিস্তান। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইব্রাহিম জাদরান। ৯৬ বলে চারটি চার ও একটি ছক্কায় ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

উদ্বোধনী জুটিতে রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে ৬৮ রান যোগ করেন ইব্রাহিম। গুরবাজের ৩৬ রানে সাজানো ইনিংসের পর তৃতীয় উইকেটে অধিনায়ক রহমত শাহর সঙ্গে আরও ৮২ রানের জুটি গড়েন তিনি। রহমত করেন ৪৩ রান। ম্যাচজয়ী ইনিংসের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও ওঠে ইব্রাহিমের হাতে।

অন্যদিকে পুরো টুর্নামেন্টে বল হাতে দুর্দান্ত ছিলেন রশিদ খান। ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরার পুরস্কার জেতেন আফগান এই তারকা।

সিরিজ জয়ের প্রভাব পড়েছে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও। দুই পয়েন্ট অর্জন করে সাত নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। বিপরীতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে দুই পয়েন্ট হারিয়েছে ইংল্যান্ড। ফলে ছয় নম্বর থেকে আট নম্বরে নেমে গেছে ইংলিশরা।

ইংল্যান্ডের এই পতনে লাভ হয়েছে শ্রীলঙ্কার। র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ছয় নম্বরে জায়গা করে নিয়েছে লঙ্কানরা। ফাইনালে ওঠার সুবাদে দুই পয়েন্ট পেলেও ১১ নম্বরেই রয়েছে জিম্বাবুয়ে।

এদিকে পুরো সিরিজে কোনো ম্যাচ জিততে না পারায় দুই পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। তবে পয়েন্ট কমলেও র‍্যাঙ্কিংয়ে নবম অবস্থান ধরে রেখেছে টাইগাররা।




ফিলিপাইনের আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে প্রশিক্ষণ চলাকালে মাঝ আকাশে দুটি সামরিক বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে দেশটির রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর এসএফ-২৬০ মডেলের এক ইঞ্জিনবিশিষ্ট বিমান দুটি বিধ্বস্ত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিপাইন বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান জানিয়েছেন, সংঘর্ষের পর দুটি বিমানই ঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়। এ ঘটনায় চার পাইলটের মৃত্যু হলেও অন্য কেউ হতাহত হননি।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির বিমান বাহিনী। একই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসএফ-২৬০ মডেলের সব সামরিক বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এর আগে গত মে মাসে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় বেঙ্গুয়েত প্রদেশে প্রশিক্ষণের সময় একই মডেলের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায়ও দুই পাইলট নিহত হয়েছিলেন।




প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে সামনে রেখে ঢাকা-নারিতা রুটে ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৯ অক্টোবর থেকে এ রুটে সপ্তাহে একটির পরিবর্তে দুটি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বর্তমানে ঢাকা থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি সোমবার একটি সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বিমান। নতুন সূচি অনুযায়ী, সোমবারের পাশাপাশি প্রতি বৃহস্পতিবারও ফ্লাইট চলাচল করবে। এতে দুই দেশের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৯ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, চলতি মাসের শেষ দিকেই ঢাকা-নারিতা রুটে দ্বিতীয় ফ্লাইট যুক্ত হচ্ছে। আগামী ২৯ অক্টোবর থেকে নতুন ফ্লাইটটি নিয়মিত পরিচালিত হবে।

তিনি জানান, ফ্লাইটের সংখ্যা বাড়ায় জাপানপ্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, গবেষক ও ব্যবসায়ীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এর আগে দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে উড়োজাহাজের সংকট, পরিচালন ব্যয় ও বাণিজ্যিক বিবেচনায় ২০২৫ সালের ১ জুলাই থেকে রুটটিতে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেওয়া হয়।

পরবর্তী সময়ে চলতি বছরের জুলাইয়ে ঢাকা-নারিতা রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করে বিমান। এবার প্রধানমন্ত্রীর জাপান সফরকে সামনে রেখে রুটটিতে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা একটি থেকে বাড়িয়ে দুটি করা হচ্ছে।




হাইব্রিড মডেলেই হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

খেলাধুলা ডেস্কঃ ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ছাড়া অন্য সব ম্যাচ আয়োজন করতে আগ্রহী পাকিস্তান। অন্যদিকে, ভারতীয় দলের ম্যাচগুলোর জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হচ্ছে। আইসিসি জানিয়েছে, ১২ দলের এই আসরটি ২০২৮ সালের ৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এতে প্রধান আয়োজক হিসেবে থাকবে পাকিস্তান।

ভারতের ম্যাচগুলোর জন্য নিরপেক্ষ ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি, তবে আইসিসি নিশ্চিত করেছে, টুর্নামেন্টে এমন একটি ব্যবস্থা থাকবে। পিসিবির একটি সূত্র জানিয়েছে, পাকিস্তান টুর্নামেন্টটি আয়োজনে প্রস্তুত থাকলেও, তারা আইসিসির কাছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যবহৃত ‘হাইব্রিড মডেল’  আয়োজন পদ্ধতিটিই অনুসরণ করার অনুরোধ জানাবে। ‘ইন্ডিয়া টুডে’-র প্রতিবেদন সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এই বিষয়টি নিশ্চিত করেছে। ওই সূত্রটি বলছে, আমরা উভয় গ্রুপের ম্যাচগুলো এবং নকআউট পর্বের যেসব ম্যাচে ভারত নেই, সেগুলো আয়োজন করতে চাই।

তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত সম্ভবত সবার জন্যই নিরপেক্ষ ভেন্যু হিসেবে সেরা পছন্দ হবে; কারণ পাকিস্তান থেকে দুবাইয়ের দূরত্ব কম, ফলে লজিস্টিক বা ব্যবস্থাপনার খরচ কম হবে এবং কাজগুলো পরিচালনা করাও সহজ হবে। এই ব্যবস্থাটি ভারত ও পাকিস্তানের মধ্যে আইসিসি ইভেন্টগুলোর জন্য সম্মত হওয়া ‘হাইব্রিড মডেল’-এর অংশ।

এই মডেল অনুযায়ী, কোনো একটি দেশ টুর্নামেন্ট আয়োজন করলে, ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হয়। আইসিসি ২০২৪ সালের ডিসেম্বরে এই ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করে এবং ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও তা কার্যকর রাখার সিদ্ধান্ত নেয়। ‘হাইব্রিড মডেল’-এর আয়োজিত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সময়ও কার্যকর ছিল, যেখানে ভারতের ম্যাচগুলোর জন্য দুবাইকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা হয়েছিল। ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলেছিল, যার মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচটিও ছিল। টুর্নামেন্টের মোট ১৫টি ম্যাচের মধ্যে ১০টি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছিল।

অন্যান্য বড় টুর্নামেন্টেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৩ এশিয়া কাপের সময় ভারত তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলেছিল। একইভাবে ভারতে অনুষ্ঠিত ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান তাদের ম্যাচগুলো কলম্বোতে খেলেছিল, যার মধ্যে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটিও অন্তর্ভুক্ত ছিল।

পিসিবি-এর একটি সূত্র অনুযায়ী, ভারত যদি যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়, তবে লাহোরে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। যদিও আইসিসি এখনও ভেন্যু সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। সূত্রটি আরও জানিয়েছে, এই টুর্নামেন্ট আয়োজন করলে পাকিস্তানে নারী ক্রিকেটের ব্যাপক উন্নতি হবে। পাকিস্তানও এই বৈশ্বিক আসরের আগে একটি শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়ে তোলার ব্যাপারে অত্যন্ত আগ্রহী।

২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ‘হাইব্রিড মডেল’-এর জন্য আরও একটি বড় পরীক্ষা হতে যাচ্ছে, কারণ ভারত ও পাকিস্তান বিভিন্ন বহুজাতিক টুর্নামেন্টে এখনও নিরপেক্ষ ভেন্যুতেই তাদের ম্যাচগুলো খেলে আসছে।




মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা

খেলাধুলা ডেস্কঃ বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান এবং মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার ২০২৬’ জিতে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। ঐতিহাসিক এই অর্জনের পর আবেগঘন বার্তা দিয়ে উষ্ণ অভিনন্দন জানিয়েছে তার সাবেক ক্লাব এফসি বার্সেলোনা। ২০২১ সালে কাতালান ক্লাবটিকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানাতে বাধ্য হয়েছিলেন মেসি।

শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের ওভিয়েদোর কাম্পোয়াম থিয়েটারে স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী রাজকন্যা লিওনরের হাত থেকে এই সম্মানজনক স্মারক গ্রহণ করেন ৩৯ বছর বয়সী মেসি। তার এই অর্জনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা প্রকাশ করে সাবেক ক্লাব বার্সেলোনা।

ক্লাবের অফিশিয়াল বার্তায় জানানো হয়, ‘২০২৬ সালের ক্রীড়া প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জেতায় লিও মেসিকে অভিনন্দন। তোমার অসাধারণ প্রতিভার জন্য এই স্বীকৃতি পুরোপুরি প্রাপ্য। মাঠে ও মাঠের বাইরে তোমার অবদান স্থায়ী ছাপ রেখে গেছে। তোমার অসাধারণত্ব, খেলাধুলার প্রতি অঙ্গীকার এবং মানবিক সংহতির মাধ্যমে তুমি বিশ্ব ফুটবলে এক অনন্য মানদণ্ড স্থাপন করেছ।’

মেসির সঙ্গে নিজেদের দীর্ঘ সম্পর্কের কথাও স্মরণ করেছে বার্সেলোনা। ক্লাবটির ভাষ্য, মেসির বর্ণাঢ্য ও সফল ক্যারিয়ারে বার্সেলোনা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই সম্পর্ক শুধু অতীতের সাফল্যের স্মৃতি নয়, বরং ক্লাবের ঐতিহ্যেরও অবিচ্ছেদ্য অংশ। মেসির সঙ্গে এই বন্ধন সব সময় তাদের গর্বের উৎস হয়ে থাকবে।

বার্সেলোনার এই বার্তাকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে ২০২১ সালের সেই বিদায়। দীর্ঘ দুই দশকের সম্পর্কের ইতি টেনে সেবার অশ্রুসিক্ত চোখে প্রিয় ক্লাব ছাড়তে হয়েছিল মেসিকে। আর্থিক সংকটের কারণে তার সঙ্গে নতুন চুক্তি করতে পারেনি বার্সেলোনা। এরপর ফরাসি ক্লাব প্যারিস সাঁ জার্মেইয়ে যোগ দেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা।

তবে পুরস্কারটি ঘিরে বিতর্কও তৈরি হয়েছিল। ২০২৬ সালের বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর স্পেনে মেসিকে এই সম্মাননা না দেওয়ার দাবিতে কিছু আবেদন ও পিটিশন জমা পড়েছিল। শেষ পর্যন্ত সেসব বিতর্ক উপেক্ষা করেই প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন মেসির নাম চূড়ান্ত রাখে।

উল্লেখ্য, ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে যোগ দিয়েছিলেন মেসি। সেখান থেকেই শুরু হয় তাঁর কিংবদন্তি হয়ে ওঠার যাত্রা। মূল দলের হয়ে ৭৭৮টি ম্যাচে ৬৭২টি গোল করেছেন তিনি। তার হাত ধরেই ক্লাবটি জিতেছে ১০টি লা লিগা ও চারটি উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য শিরোপা।




সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক

জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক শুরু হয়েছে। যেখানে দেশের প্রথিতযশা সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীরা অংশ নিয়েছেন।

আজ শনিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শুরু হয়।

এর আগে শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিদের সঙ্গে ৮টি বৈঠক অনুষ্ঠিত হয়। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অংশীজনদের সঙ্গে সকল আলোচনা ও খসড়া তৈরির কাজ শেষ করা হবে।

২০২৭ সালের জানুয়ারি মাসে সংসদ অধিবেশনে সংবিধান সংশোধন বিল উত্থাপনের লক্ষ্য নেওয়া হয়েছে।

গণভোটের আলোকে সংস্কার প্রক্রিয়া না থাকায় বিরোধী দলগুলো এই বিশেষ সংশোধন কমিটির বৈঠকে অংশ নেয়নি। তবে শেষ পর্যন্ত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদল অংশগ্রহণের জন্য অপেক্ষা করা হবে বলে জানান কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।




কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাত রয়েছে। এ বিষয়ে বিএনপি ইতোমধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যপ্রমাণ সামনে এনেছে বলেও দাবি করেন তিনি।

দেশে নতুন করে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বিরোধীদের অপপ্রচার ও উসকানিতে কান না দিয়ে সরকার পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

সরকারের অর্জন তুলে ধরে রিজভী বলেন, বিশ্ব ক্ষুধা সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। এটি সরকারের সঠিক নীতির প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




নতুন টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে পিসিবি

খেলাধুলা ডেস্কঃ ভারতের সঙ্গে চলমান বৈরীতার কারণে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস’ (ডব্লিউসিএল) থেকে সরে আসার পর নতুন করে নিজেদের একটি লিগ চালু করার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ‘হংকং সিক্সস’-এর আদলে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি ছয়জনের দলের একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জনপ্রিয়তা ক্রমাগত বাড়তে থাকায় পিসিবি তাদের পরিধি আরও বিস্তৃত করতে যাচ্ছে। তারা নতুন প্রতিভা খুঁজে বের করতে এবং দর্শকদের আরও আনন্দদায়ক ও আকর্ষণীয় ক্রিকেট উপহার দিতে চায়। পিএসএলের একটি পডকাস্টে কথা বলার সময় লিগটির প্রধান নির্বাহী সালমান নাসির জানান, মহসিন নাকভির নেতৃত্বাধীন পিসিবি একটি নতুন ছয়জনের টুর্নামেন্ট নিয়ে কাজ করছে, যার নাম হবে ‘পিএসএল সিক্সস’।

তিনি বলেন, এখনও চূড়ান্ত কিছু হয়নি, তবে বেশ কিছু চমৎকার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটি হলো ‘পিএসএল সিক্সস’ নামে ছয়জনের টুর্নামেন্ট, যা অফ-সিজনে আয়োজন করা হবে। আমরা এটি চালু করার সম্ভাবনা খতিয়ে দেখছি। নিয়মিত আয়োজিত হলে এটি দর্শকদের জন্য অত্যন্ত রোমাঞ্চকর, আনন্দদায়ক ও আকর্ষণীয় হয়ে উঠবে।

এই কর্মকর্তা আরও বলেন, আমরা হয়তো ছোট স্টেডিয়াম বা ছোট শহরগুলোতেও যেতে পারি, যেখানে এখন পর্যন্ত পিএসএল নিয়ে যাওয়া সম্ভব হয়নি, অথচ সেখানকার দর্শকরা ক্রিকেট দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাই ছোট পরিসরের কোনো আয়োজন করা সম্ভব হতে পারে, সেই বিষয়টিই খতিয়ে দেখছি।

‘হংকং সিক্সস’-এ বিশ্বের বিভিন্ন দেশের দলগুলো অংশ নেয়, কিন্তু এই টুর্নামেন্টটি পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি মডেলে পরিচালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বিভিন্ন দেশের পরিবর্তে বিভিন্ন শহর ও অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলগুলো অংশ নেবে।

উল্লেখ্য, ‘হংকং সিক্সস’-এর ইতিহাসে পাকিস্তান সবচেয়ে সফল দল। ১৯৯২ সালে এই টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে তারা ছয়বার শিরোপা জিতেছে এবং বর্তমানেও তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। টুর্নামেন্টটির পরবর্তী আসর ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




গ্রেপ্তার হলে বাতিল হবে মার্কিন ভিসা, দূতাবাসের সতর্কবার্তা

ডেস্ক নিউজঃ কোনো মামলায় গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এমনকি গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য হিসেবে বিবেচনা করা হতে পারে বলেও জানিয়েছে দূতাবাস।

শনিবার (২৪ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেয় মার্কিন দূতাবাস।

পোস্টে বলা হয়, ‘আপনি গ্রেপ্তার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।’

এর আগে আরেকটি পোস্টে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসায় অনুমোদিত কার্যক্রম সম্পর্কে তথ্য জানিয়েছিল দূতাবাস।

ওই পোস্টে বলা হয়, বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে পর্যটন, অবকাশযাপন, কেনাকাটা, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক এবং সভা ও সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

তবে বি১/বি২ ভিসা সাধারণত যুক্তরাষ্ট্রে চাকরি বা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করার অনুমতি দেয় না।




স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্কঃ ভালোবাসার সাধারণ এক আলিঙ্গন যে শেষ পর্যন্ত হাড় ভাঙার কারণ হতে পারে, তা হয়তো কল্পনাও করেননি চীনের এক দম্পতি। স্বামীর মৃদু জড়িয়ে ধরাতেই ভেঙে গেছে স্ত্রীর পাঁচটি পাঁজর, ফাটল ধরেছে আরও একটিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তোলা এ ঘটনার পর স্বাস্থ্য পরীক্ষায় জানা গেছে, ওই নারী তীব্র ‘অস্টিওপোরোসিস’ বা হাড়ক্ষয় রোগে ভুগছিলেন। 

চীনের স্থানীয় সংবাদমাধ্যম ‘জিংসি লাইভ’-এর বরাতে জানা যায়, শীত লাগছে জানানোয় স্ত্রীকে উষ্ণতা দিতে জড়িয়ে ধরেছিলেন ওয়াং পদবির ওই ব্যক্তি। তবে আলিঙ্গনের মুহূর্তেই হাড় ভেঙে যাওয়ার শব্দ শুনতে পান তিনি। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, তীব্র যন্ত্রণায় কাতর হয়ে স্ত্রী তাৎক্ষণিকভাবে মাটিতে বসে পড়েন।

স্বামীর দাবি, তিনি কোনো অতিরিক্ত শক্তি প্রয়োগ করেননি; স্বাভাবিকভাবেই স্ত্রীকে জড়িয়ে ধরেছিলেন। বিষয়টি যে এতটাই গুরুতর রূপ নিতে পারে, তা আঁচ করতে পারেননি ওই দম্পতি। ফলে সারা রাত অসহ্য যন্ত্রণা সহ্য করে পরদিন সকালে তারা হাসপাতালে যান। সেখানে বুকের সিটি স্ক্যান করার পর চিকিৎসকেরা দেখতে পান, তার পাঁচটি পাঁজর ভেঙে গেছে এবং ষষ্ঠ পাঁজরে চিড় (হেয়ারলাইন ফ্র্যাকচার) ধরেছে।

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে ওয়াং জানান, তার স্ত্রীর হাড় অত্যন্ত ভঙ্গুর হয়ে যাওয়ার মূল কারণ অস্টিওপোরোসিস। তিনি জানান, ৪৫ থেকে ৫০ কেজি ওজনের তার স্ত্রী মাত্রাতিরিক্ত ডায়েট করতেন এবং প্রায়ই রাতের খাবার বাদ দিতেন। এ ছাড়া তিনি সূর্যালোকের সংস্পর্শেও আসতেন না বললেই চলে। বাসা থেকে মাত্র দুই-তিন মিনিটের দূরত্বে অবস্থিত পারিবারিক দোকানেই তার বেশির ভাগ সময় কাটত।

উহান এশিয়া হার্ট জেনারেল হাসপাতালের অস্থিশল্য বিশেষজ্ঞ (অর্থোপেডিক ফিজিশিয়ান) ইয়ান ইয়ানসিয়াং বলেন, সাধারণত তরুণ বয়সে শুধু আলিঙ্গনের চাপে পাঁজর ভেঙে যাওয়ার ঘটনা অত্যন্ত বিরল। ব্যক্তির অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার সঙ্গে হাড়ের এই অস্বাভাবিক দুর্বলতার গভীর যোগসূত্র রয়েছে।

তিনি আরও জানান, পাঁজরের এই ধরনের ভাঙনে ফুসফুস বা ফুসফুসের পর্দায় কোনো জটিলতা তৈরি না হলে সচরাচর অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে না। সে কারণে চিকিৎসকেরা ওই নারীকে কোনো অস্ত্রোপচার না দিয়ে ওষুধ, বিশেষ প্যাচ এবং পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে নিরাময়ের পরামর্শ দিয়েছেন।