নিষেধাজ্ঞা কাটিয়ে যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত এক আকস্মিক চুক্তির পর যুক্তরাষ্ট্রগামী প্রথম রুশ ডিজেলবাহী ট্যাঙ্কার জাহাজ নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) শিপ-ট্র্যাকিং সংক্রান্ত তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে দেশটিতে ডিজেলের আকাশচুম্বী দাম কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে চলতি মাসের শুরুতে এই চুক্তির কথা ঘোষণা করেন ট্রাম্প। এই চুক্তির সুবিধার্থে ট্রাম্প রাশিয়ার ওপর আরোপিত নতুন মার্কিন নিষেধাজ্ঞা আইনের কয়েকটি ধারা শিথিল করেছেন। পাশাপাশি জরুরি মজুত থেকে বাজারে আরও বেশি জ্বালানি সরবরাহ করতে ইউরোপীয় দেশগুলোকে তাগিদ দিয়েছেন; অন্যথায় যুক্তরাষ্ট্র থেকে তাদের দেশে ডিজেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এলএসইজি শিপিং ডেটা অনুযায়ী, মাল্টার পতাকা বহনকারী মাঝারি আকারের ট্যাঙ্কার ‘আগিওই ফ্যানেন্দেস’ গত ২২ অক্টোবর রাশিয়ার বাল্টিক বন্দর প্রিমোর্স্ক থেকে ৪০ হাজার মেট্রিক টন আল্ট্রা-লো সালফার ডিজেল নিয়ে যাত্রা শুরু করে। জাহাজটি আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

পণ্যটির ক্রেতা ও বিক্রেতার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ২০২২ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারির পর এটিই মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রথম রুশ তেলের চালান।

এর আগে ৯ অক্টোবর ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, রাশিয়া অবিলম্বে ৩ লাখ মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে রপ্তানি করবে। এরপর নভেম্বরে আরও ৫ লাখ টন এবং পরবর্তীতে তাৎক্ষণিকভাবে আরও ১০ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার এক কনফারেন্স কলে প্রথম জাহাজটি ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে এটি যুক্তরাষ্ট্রের বাজারের উদ্দেশে নাকি অন্য কোথাও যাচ্ছে তা স্পষ্ট করেননি। তিনি বলেন, আমার জানামতে, জ্বালানি মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে রিপোর্ট এসেছে যে প্রথম ট্যাঙ্কারটি ক্রেতাদের উদ্দেশে রওনা হয়েছে। এরপর থেকে নিয়মিত গতিতেই এই সরবরাহ বজায় থাকবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তির অংশ হিসেবে রাশিয়া ডিজেল রপ্তানির ওপর নিজেদের জারি করা স্বতঃস্ফূর্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রুশ তেল আমদানিতে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের পর থেকে মস্কো মূলত তুরস্ক, ব্রাজিল এবং আফ্রিকান দেশগুলোতে ডিজেল রপ্তানি করে আসছিল। এছাড়া রেলযোগে মধ্য এশিয়ায় জ্বালানি সরবরাহ অব্যাহত ছিল।

এলএসইজি এবং কেপলারের শিপিং ডেটা অনুযায়ী, মস্কো তাদের নিজস্ব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর রুশ ডিজেলবাহী জাহাজগুলো আবার তাদের পুরোনো গন্তব্যগুলোতে ফিরে যেতে শুরু করেছে। ইতিমধ্যে অন্তত দুটি জাহাজ তুরস্ক ও ব্রাজিলের দিকে যাওয়ার সংকেত দিয়েছে।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, দুই দেশের কোম্পানিগুলো প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রে আরও চালানের পথ সুগম হবে।




কক্সবাজারে এবার হোটেলে আগুন, সৈকতে ছুটলেন পর্যটকেরা

ডেস্ক নিউজ : কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিন্সেস’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সময় হোটেলটিতে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। আগুন লাগার পরপরই তারা সবাই নিরাপদে হোটেল থেকে বেরিয়ে আসেন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পার্কিং এলাকার জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, এ সময় হোটেলের শতাধিক কক্ষে প্রায় ৩০০ পর্যটক অবস্থান করছিলেন। আগুন লাগার পর তারা দ্রুত হোটেল থেকে বেরিয়ে পাশের সৈকতে আশ্রয় নেন। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, আগুনের খবর পেয়ে দ্রুতই নিকটবর্তী ফায়ারসার্ভিস স্টেশনের একটি ইউনিট সেখানে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, তবে কেউ হতাহত হননি।

দ্য সি-প্রিন্সেস হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের বলেন, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল। কর্মীদের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। হোটেলে অবস্থানরত পর্যটকেরা সবাই নিরাপদে আছেন।

এর আগে কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতসংলগ্ন পাটুয়ারটেকে অবস্থিত ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন পর্যটক নিহত হয়েছেন।




টেস্ট দল থেকে সৌম্যের বাদ পড়ার কারণ জানালেন প্রধান নির্বাচক

ক্রীড়া ডেস্ক : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে লাল বলে দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকায় ২৮ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। শুক্রবার (২৩ অক্টোবর) প্রথম টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। এই টাইগার ওপেনারের সঙ্গে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। এই দুই ক্রিকেটারের বাদ পড়ার কারণ জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

তিনি বলেন, ‘ওয়ানডে (ত্রিদেশীয়) সিরিজ সৌম্যর ভালো যায়নি। ২ ম্যাচ আগেই কিন্তু জিম্বাবুয়েতে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিল। এই সিরিজের দলে নেই কারণ এখন প্রথম শ্রেণির খেলা খেলছে। এখানে একাদশে পরিবর্তনের সুযোগ কম। সৌম্যর একাদশে খেলার সুযোগ কম, ফলে আমরা চাই সে প্রথম শ্রেণির ম্যাচ খেলুক। আমরা চাই প্রথম শ্রেণির ম্যাচ তারা খেলুক, সে কারণেই তৃতীয় ওপেনার রাখিনি।’

সৌম্যকে দলে ফেরানোর প্রসঙ্গে হাবিবুল বাশার বলেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে আমাদের মনে হয়েছিল তখন সে সেরা অপশন ছিল। বাকিরা সেভাবে অত প্রস্তুত ছিল না। সেখান থেকেই সৌম্যকে ফেরানো। এখানে প্রস্তুতি ম্যাচেও অনেককে দেখেছি আমরা। দক্ষিণ আফ্রিকাতে তৃতীয় ওপেনার হিসেবে অবশ্যই কেউ না কেউ যাবেন। সেটা কে হবে পরে ঠিক করব। এখন আমাদের চিন্তা তৃতীয় ওপেনার হিসেবে যাকে বিবেচনা করছি, আমরা চাই তারা প্রথম শ্রেণির ক্রিকেট খেলুক। এই দলে থাকলে সৌম্য প্রথম শ্রেণির ক্রিকেটটা মিস করত, তাই সৌম্য নেই।’

খালেদকে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার বাড়তি সুযোগ দেওয়া নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘এখন যারা খেলছে এবাদত, শরীফুল, হাসান, তাসকিনও ফিরেছে। এখানে খালেদের সুযোগটা কম। সামনে দক্ষিণ আফ্রিকাতে বা পরের ম্যাচেও খালেদ ফিরতে পারে। আমরা প্রথম শ্রেণির ক্রিকেটকে অনেক গুরুত্ব দিচ্ছি। যারা একাদশে খেলবে না, তাদেরকে আমরা চাই তারা প্রথম শ্রেণির ক্রিকেট খেলুক।’




উইন্ডিজের বিপক্ষে ড্রয়ে শেষ বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র করেছে বিসিবি একাদশ। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৭১ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে দ্বিতীয় দিনে ৮০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ভালো শুরু করে ক্যারিবীয়রা। ওপেনার জন ক্যাম্পবেল ৭৮ বলে ৬৫ রান করেন। আরেক ওপেনার ব্রেন্ডন কিংয়ের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৪০ রান। তিন নম্বরে ব্যাট করতে নামা ত্যাগনারায়ণ চন্দরপল করেন ৯০ বলে ৩১ রান।

এ ছাড়া আমির জাঙ্গু ৬৮ বলে ৪৪, কাভেম হজ ২৪ বলে ১৩ এবং জশুয়া ডি সিলভা ২১ বলে ১১ রান করেন। কেভিন উইকহ্যাম ১০৭ বলে ৬৭ এবং অধিনায়ক রোস্টন চেইজ ৬৫ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন।

বিসিবি একাদশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ হোসাইন। তিনি শিকার করেন ৪ উইকেট। অনিক দেব বর্মণ নেন একটি উইকেট।

শেষ পর্যন্ত দুই দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়।




প্রকাশ্যে এল টাইগার শ্রফের শরীরের ক্ষতের দৃশ্য

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ে বন্দুক হামলার শিকার হওয়ার কয়েক দিন পর শরীরে আঘাতের চিহ্ন প্রকাশ্যে এনেছেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। তার অফিসিয়াল টিম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

ভিডিওতে টাইগারের হাত ও পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে। তার শরীরে কাটা, ছিলে যাওয়া ও কালশিটে দাগ দেখা যায়। গুলির সময়ে ছোড়া পেলেট থেকেই ওই ক্ষত হয়েছে বলে দাবি করা হয়েছে। ভিডিয়োটির সঙ্গে লেখা, ‘সৃষ্টিকর্তা সত্যিই দয়ালু।’ বন্দুক হামলার ঘটনায় তদন্ত চলার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি সামনে এল।

জানা গেছে, অজ্ঞাতপরিচয় হামলাকারীরা টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। তবে সরাসরি গুলির আঘাত থেকে রক্ষা পান অভিনেতা। গুলিতে গাড়ির কাচ ভেঙে গেলে সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যে তিনি আহত হন।

ওই হামলায় বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেলেও টাইগারের গাড়িচালক ফিরদৌস ও এক পথচারী গুরুতর আহত হয়েছেন। দ্রুত তাদের উদ্ধার করে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পর টাইগার নিজেই গাড়ির চালকের আসনে বসে আহত দুজনকে হাসপাতালে নিয়ে যান এবং পরিস্থিতি সামাল দেন।

এদিকে, হামলার দায় স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা পাঠিয়েছে লরেন্স বিষ্ণোই সিন্ডিকেট। গোষ্ঠীটির পক্ষ থেকে বলিউডের শিল্পীদের কাজ নিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এই দায় স্বীকারের বিষয়টি এখনো যাচাই করছে পুলিশ।

ঘটনার তদন্তে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে দেশজুড়ে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ভারতের বিনোদন জগতে বিশেষ করে বলিউডে অপরাধী চক্র ‘বিষ্ণোই গ্যাং’ এক আতঙ্কের নাম। এর আগে সালমান খানকে হুমকি দিয়ে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছেন অনেকবার। গত তিন বছরে মুম্বাইয়ে অন্তত চারটি বড় অপরাধের সঙ্গে গ্যাংটির যোগসূত্র পাওয়া গেছে।




নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১১ জেলের কারাদণ্ড

লক্ষ্মীপুরের কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হুসাইন এ দণ্ড দেন। এসময় জেলেদের কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার মিটার জাল ও ৬০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়- উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ১১ জেলেকে আটক করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হুসাইন বলেন, মা ইলিশ রক্ষায় সরকার নদীতে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ নির্দেশনা বাস্তবায়নে নদীতে অভিযান অব্যাহত থাকবে।

মৎস্য বিভাগ জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।

নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা, দুই বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।




সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

সৌদি আরবে একাধিক হুতি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলায় দুই বাংলাদেশি হতাহত হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।

বাংলাদেশ সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে। সূত্র: বাসস




‘জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে’

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের উপস্থিত না হওয়া প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, যারা জুলাই-আগস্ট নিয়ে সারাদিন রাজনীতি করেন ও চিৎকার করেন, তারা দাওয়াত পাওয়া সত্ত্বেও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত না হয়ে ধোঁকাবাজির পরিচয় দিয়েছেন।

তিনি বলেন, স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও তারা উপস্থিত না হয়ে খোড়া যুক্তি দাঁড় করিয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৯ অক্টোবর ওসমানী উদ্যানে সরকারের পক্ষ থেকে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে সকল সমমনা, সহযোগী ও জোটের রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে দাওয়াত দেওয়া হয়েছিল। শুধু দাওয়াত কার্ড পাঠানোই নয়, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম টেলিফোনেও সবাইকে আমন্ত্রণ নিশ্চিত করেছিলেন।

তিনি আরো বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ মীর মুগ্ধ, শহীদ আবু সাঈদ ও শহীদ আনাসের বাবা এবং এক শহীদের মাকে সঙ্গে নিয়ে চার শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভ ও দীর্ঘ ১০ বছর পর ওসমানী উদ্যানটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অথচ জুলাই নিয়ে যারা সারাদিন কথা বলেন, সেই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্তরা অনুষ্ঠানে উপস্থিত হননি। বাংলাদেশের এই একমাত্র শহীদ স্মৃতিস্তম্ভে গ্যাজেটভুক্ত ৮৩৪ জন শহীদের নাম লেখা রয়েছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের বক্তব্যের জবাবে মীর শাহে আলম বলেন, দাওয়াত কার্ডে বিরোধী দলীয় নেতার নাম না থাকায় তারা যাননি বলে যে যুক্তি দেওয়া হয়েছে, তা সঠিক নয়। অনুষ্ঠানে প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, জাতীয় নেতা সাইফুল হক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের নাম দাওয়াত কার্ডে না থাকলেও প্রধানমন্ত্রী তাদের মঞ্চে ডেকে নেন। আমাদের দাওয়াত গ্রহণ করে বিরোধী দল উপস্থিত হলে মানবিক প্রধানমন্ত্রী তাদের প্রতিনিধিকেও মঞ্চে ডেকে নিতেন।

জামায়াতে সেক্রেটারী জেনারেলের অন্য একটি বক্তব্যের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এই প্রথম বিরোধী দল ‘চকলেট’ পাচ্ছে; আমরা অতীতে বসার জায়গাও পাইনি, অথচ আপনারা সব সুযোগ-সুবিধা পাচ্ছেন। নির্বাচনের সময় বেহেশতের কথা বলে ভোট নিয়ে এখন সস্তা রাজনীতি বন্ধ করুন। তারা ভোটের আগে মানুষকে বেহেশতের লোভ দেখায়, আবার পূজায় ঢাকের তালে নাচে; অথচ ভোটের পর এবার কোনো পূজায় তাদের পাওয়া যায়নি। তারা এখন এক দফার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিশেষ কোনো ধর্ম বা গোষ্ঠীকে পুঁজি করে যারা রাজনীতি করছে, তাদের ফলাফল দেশের মানুষ ইতিপূর্বে দেখেছে। বিএনপি কোনো বিশেষ গোষ্ঠীকে পুঁজি করে রাজনীতি করে না; এখানে সবাই বাংলাদেশি এবং সবার হৃদয় জয় করেই বিএনপি আবারও জনগণের দ্বারে যাবে।

প্রতিমন্ত্রী বাকস্বাধীনতার নামে অশালীন ভাষা প্রয়োগ না করার অনুরোধ জানিয়ে সতর্ক করে বলেন, এরপরেও যদি অশালীন ভাষা ব্যবহার করা হয়, তবে জাতীয়তাবাদী শক্তি তা মেনে নেবে না।

একই সঙ্গে দলের ভেতরের শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে তিনি বলেন, বিএনপির মধ্যেও বট রয়েছে। আমাদের দলে কারা এসব করছে, তাদের চিহ্নিত করতে কাজ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিরোধী দলকে একতরফা আন্দোলন বা লং মার্চ বাদ দিয়ে সংসদে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী ৯ নভেম্বর থেকে সংসদ অধিবেশন শুরু হচ্ছে। সংসদে অবাধে কথা বলার সুযোগ রয়েছে এবং স্পিকার বিরোধী দলকে যথেষ্ট সুযোগ দেন। সরকারের ভুল ধরিয়ে দেওয়া বা বারবার ওয়াকআউট করাও গণতন্ত্রের সৌন্দর্য। বিরোধী দলের সে অধিকার রয়েছে এবং ওয়াকআউট শেষে তারা আবার ফিরে আসে। সংবিধানে বিরোধী দলের ভূমিকা কী হবে তা সুস্পষ্টভাবে উল্লেখ আছে।

তিনি আরো উল্লেখ করেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি সদস্য পদ শূন্য রাখা হয়েছে। তবে তারা সেখানে সহযোগিতা করছেন না। তাদের প্রতি আহ্বান থাকবে, সংঘাতের পথ ছেড়ে কমিটিতে সম্পৃক্ত হয়ে জুলাই সনদ বাস্তবায়নে অংশ নিন এবং যেকোনো মুহূর্তে পাঁচজন প্রতিনিধির নাম দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।

প্রেস ব্রিফিং শেষে প্রতিমন্ত্রী শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিভাবান শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।




ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গিয়েছেন।

আজ শুক্রবার সকালে তিনি এভারকেয়ার হাসপাতালে যান।

এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

রাষ্ট্রপতির প্রেস উইং এই তথ্য জানিয়েছে।




তিব্বতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, তাইওয়ানেও ধেয়ে আসছে সুপার টাইফুন

চীনের দুর্গম তিব্বত অঞ্চলে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পে ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে। মানুষজন নিজেদের ঘরবাড়ি ছেড়ে বাইরে আশ্রয় নিচ্ছেন অথবা রাস্তায় রাখা নিজেদের গাড়িতে অবস্থান করছেন। ব্যাহত হয়েছে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ সেবা। ভূমিকম্পের পর উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটি ছিল সাত মাত্রার। শুক্রবার সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শক্তিশালী এই ভূমিকম্পে ১৮ জন নিহত হয়েছেন।

স্থানীয় প্রশাসনের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে ভূমিকম্পে আহত হয়েছেন ৬৫ জন। আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। ভূমিকম্পে ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, ১২ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে তিব্বতে ভূমিকম্পটি আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পার্বত্য এলাকায়। এটি নাগচু শহরের প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং তিব্বতের রাজধানী লাসা থেকে ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

সিসিটিভিতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের সময় রেস্তোরাঁ থেকে কর্মীরা দৌড়ে বাইরে বেরিয়ে আসছেন। সুপারমার্কেটের তাক থেকে বিভিন্ন জিনিসপত্র নিচে পড়ে যাচ্ছে।

সিসিটিভির খবরে বলা হয়, ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্যোগ মোকাবিলায় জরুরি ব্যবস্থা চালু করা হয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাকেন কাউন্টির মারু টাউনশিপের উপপ্রধান লাওয়াং দাগপো জানিয়েছেন, টাউনশিপ কার্যালয়ে ভূমিকম্পের কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়েছে। এ ঘটনায় কার্যালয়ের দেয়ালে ফাটল দেখা দিয়েছে।

সিনহুয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ ভূমিকম্পের কারণে কাউন্টির প্রশাসনিক কেন্দ্রে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ সেবা ব্যাহত হয়েছে। উদ্ধার ও ত্রাণকাজে সহায়তার জন্য তিন শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আঞ্চলিক অগ্নিনির্বাপণ ও উদ্ধার বাহিনীর ৩৪৭ জন কর্মীকে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে।

সিসিটিভির ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত ভবনগুলোয় তল্লাশি চালাচ্ছেন। কয়েকটি ভবনের ছাদ ধসে পড়েছে। এক ব্যক্তিকে আহত অবস্থায় নিয়ে যেতে দেখা যায়। অন্য ভবনগুলোয় টর্চের আলো দিয়ে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

অন্যদিকে সেনাসদস্যদেরও মোতায়েনের প্রস্তুতি নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

তাইওয়ানে ধেয়ে যাচ্ছে টাইফুন:

এদিকে তাইওয়ানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘চ্যাম্পি’। এ ঘূর্ণিঝড়ের প্রভাবে ১ জন নিহত ও ৯৪ জন আহত হয়েছেন।

শক্তিশালী এ ঘূর্ণিঝড়ের বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯১ কিলোমিটার। পাহাড়ি এলাকা থেকে প্রায় ১ হাজার ৩০০ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৩২০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল ঝড়টি। সরাসরি আঘাত হানার আশঙ্কা থাকায় ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের সতর্কতার মধ্যে প্রায় অচল হয়ে পড়েছে তাইওয়ান। বাতিল করা হয়েছে ৯৩১টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট।

সুপার টাইফুনে পরিণত হওয়া ‘চ্যাম্পি’ এ বছর প্রশান্ত মহাসাগরে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর একটি। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানিয়েছে, ঝড়টির বাতাসের বিস্তৃতি প্রায় ৩২০ কিলোমিটার। এ কারণে দ্বীপটির অধিকাংশ এলাকায় এর প্রভাব পড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, চ্যাম্পি তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলের পাশ দিয়ে অতিক্রম করে উত্তর দিকে চীনের মূল ভূখণ্ডের দিকে যাবে। পরে দক্ষিণ জাপানের দিকে এগিয়ে যাবে। তবে ঝড়টির গতিপথ পরিবর্তন হলে তাইওয়ানে সরাসরি আঘাত হানার আশঙ্কাও আছে।

ঝড়ের সতর্কতায় আজ তাইওয়ানের অভ্যন্তরীণ ২৬২টি ফ্লাইটের সব কয়টি এবং আন্তর্জাতিক ৬৬৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে দেশটির আর্থিক বাজারও। তবে উত্তর থেকে দক্ষিণে চলাচলকারী উচ্চগতির রেলসেবা স্বাভাবিক রয়েছে।

উপকূলীয় শহরগুলোয় মুঠোফোনে সতর্কবার্তা পাঠিয়েছে কর্তৃপক্ষ। এতে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি বেগে বাতাসের ঝাপটার আশঙ্কার কথা জানিয়ে বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, টাইফুন চাম্পির প্রভাবে শুক্রবারের জন্য নির্ধারিত তাইওয়ানের সব ২৬২টি অভ্যন্তরীণ ফ্লাইট এবং ৬৬০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। উপকূলীয় শহরগুলোতে মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতির দমকা বাতাসের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে তাঁদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। রাজধানী তাইপের আশপাশসহ উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় প্রায় এক মিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।