এসএসসির নবম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৩১ হাজার, বহিষ্কার ৯

ডেস্ক নিউজঃ আজ নবম দিনের এসএসসি ও সমমান পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩১ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একইসঙ্গে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সারাদেশে মোট ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১০ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া মাদ্রাসা বোর্ডে হাদিস শরিফ এবং কারিগরি বোর্ডে রসায়ন-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজকের পরীক্ষায় মোট ১৫ লাখ ৪০ হাজার ৫৭১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা ছিল। কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১৫ লাখ ৮ হাজার ৬৬৩ জন।

এরমধ্যে ঢাকা বোর্ডে ৩ লাখ ৫ হাজার ১৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩ লাখ ১ হাজার ৬৫১ জন। অনুপস্থিত ছিল ৩ হাজার ৫০১ জন। কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৯৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৭ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৩০৬ জন। এছাড়া যশোর বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৩৫১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ১১ হাজার ৭২৩ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৬২৮ জন। রাজশাহী বোর্ডে ১ লাখ ৫০ হাজার ১৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেছে ১ লাখ ৪৮ হাজার ১৭১ জন। অনুপস্থিত ছিলে ১ হাজার ৯৬৮ জন পরীক্ষার্থী।

অন্যদিকে চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ১০ হাজার ৯২৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৯ হাজার ৭১৪ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ২১৩ জন। বরিশাল বোর্ডে ৬৮ হাজার ১৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৬৬ হাজার ৮২৮ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৩৫৯ জন। দিনাজপুর বোর্ডে ১ লাখ ৪২ হাজার ৩৯২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৪১ হাজার ২৯ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৩৬৩ জন। আর ময়মনসিংহ বোর্ডে ৮২ হাজার ৩৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৮১ হাজার ৪০০ জন। অনুপস্থিত ছিল ৯৭৭ জন। সিলেট বোর্ডে ৭১ হাজার ৪৮২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৭০ হাজার ৬৮৪ জন। অনুপস্থিত ছিলে ৭৯৮ জন।

এর মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিতি লক্ষ্য করা গেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে। এই বোর্ডে ২ লাখ ৫৪ হাজার ৮১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ৭৯৭ জন অনুপস্থিত ছিল, যা মোট পরীক্ষার্থীর ৫ দশমিক ৪১ শতাংশ। সর্বশেষ কারিগরি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ৩ হাজার ৯৮৮ জন (৩ দশমিক ২২ শতাংশ)।

বোর্ডের তথ্য অনুযায়ী, আজকের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সারাদেশে মোট ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে মাদ্রাসা বোর্ডে ৩ জন, ঢাকা ও যশোর বোর্ডে ২ জন করে এবং সিলেট ও কারিগরি বোর্ডে ১ জন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তবে আজকের পরীক্ষায় কোনো পরিদর্শক বহিষ্কৃত হননি বলে জানা গেছে।




নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) সভাপতি ও রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তিনি তার প্রথম বক্তব্যেই বিনামূল্যে বিদ্যুৎ, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতে আলাদা বাহিনী গঠনের কথা জানান।

রোববার (১০ মে) শপথ নিয়ে প্রথম সরকারি আদেশে সই করেছেন থালাপতি বিজয়। খবর এনডিটিভির।

শপথ গ্রহণের পরেই তিনি রাজ্যের সাধারণ মানুষের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় বা বিনামূল্যে প্রদান করার ঘোষণা দিয়েছেন। এছাড়া মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নারীদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠন করার কথাও উল্লেখ করেন তিনি।

থালাপতি বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য ও পানির মতো মৌলিক বিষয়গুলোর প্রতিও তার পূর্ণ মনোযোগ থাকবে। কৃষক ও জেলেদের দেখভাল করা হবে। সবকিছু ভালো হবে।’

তিনি বলেন, ‘একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি দারিদ্র্য ও ক্ষুধা কী, তা জানি। আমি কোনো রাজকীয় পরিবার থেকে আসিনি। জীবনে অনেক কষ্ট সহ্য করেছি, অনেক মানুষ অপমান করেছে। আমি আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো। আপনারা আমাকে হৃদয়ে জায়গা দিয়েছেন, গ্রহণ করেছেন।’

এসময় জনগণকে মিথ্যা আশ্বাস না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থালাপতি বলেন, ‘ডিএমকে রাজ্যের কোষাগার পরিষ্কার করেছে এবং আমরা ১০ লাখ কোটি রুপির ঋণ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছি। আমরা জনগণের তহবিল থেকে একটি পয়সাও নেব না এবং আমরা কাউকে রাজ্য লুট করতে দেব না।’

জানা যায়, স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন থালাপতি বিজয়। তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান। শপথ নেন নতুন সরকারের নয়জন মন্ত্রীও।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিক ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও এসেছিলেন।




হরিণ বিক্রির ঘোষণা, কেনা যাবে ৫০ হাজার টাকায়

ডেস্ক নিউজঃ হরিণ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) পরিচালিত কেন্দ্রীয় উদ্যান ও বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ।

জানা গেছে, বর্তমানে উদ্যানে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি হরিণ রয়েছে। বন বিভাগের নিয়ম অনুযায়ী, প্রতিটি হরিণের জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা প্রয়োজন হলেও সেই মান বজায় রাখা সম্ভব হচ্ছে না। ফলে অতিরিক্ত হরিণগুলোকে নির্ধারিত মূল্য ও শর্তসাপেক্ষে হস্তান্তর বা বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

রাসিকের ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, বর্তমানে উদ্যানে প্রায় ৪০ হাজার বর্গফুট জায়গায় হরিণের জন্য সেড রয়েছে, যেখানে স্বাভাবিকভাবে সর্বোচ্চ ৮০-৮৫টি হরিণ রাখা সম্ভব। কিন্তু বর্তমানে ১২৯টি হরিণ রয়েছে, যা ব্যবস্থাপনায় চাপ তৈরি করছে। তাই বাড়তি হরিণগুলো আমরা নির্ধারিত ৫০ হাজার টাকা মূল্যে বিক্রি করতে চাই।

তিনি আরও বলেন, এর আগেও আমরা নিয়ম মেনে বিক্রি করেছি। তবে বন বিভাগের অনুমোদন সাপেক্ষে অতিরিক্ত হরিণ বিক্রি বা হস্তান্তর করা হবে এবং যিনি কিনবেন তার অবশ্যই সুনির্দিষ্ট লাইসেন্স থাকতে হবে। এরপর যাচাই-বাছাই শেষে হরিণগুলো বিক্রি করা যেতে পারে। তবে শর্ত থাকবে, এসব হরিণ কোনোভাবেই জবাই করা যাবে না এবং কেবলমাত্র লালন-পালনের উদ্দেশ্যেই রাখা যাবে।

রাসিক সূত্রে জানা গেছে, এবার উদ্যানটিকে ‘বার্ড পার্ক’ হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে পুরো এলাকাকে পাখিভিত্তিক আধুনিক বিনোদনকেন্দ্র ও অভয়ারণ্যে রূপান্তর করা হবে। প্রকল্পের আওতায় বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি রঙিন পাখি আনা, পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল তৈরি, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং দর্শনার্থীদের জন্য আধুনিক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে।




ইরানে হামলায় ইরাকে গোপন সামরিক ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল: রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে হামলার জন্য ইরাকের মরু অঞ্চলে একটি গোপন সামরিক ঘাঁটি স্থাপন করেছিল ইসরায়েল।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাত শুরুর কিছুদিন আগে ঘাঁটিটি তৈরি করা হয়। বিষয়টি যুক্তরাষ্ট্রও জানে। ইসরায়েলি বিশেষ বাহিনী ওই ঘাঁটিকে দেশটির বিমানবাহিনীর জন্য লজিস্টিক সহায়তা কেন্দ্র হিসেবে ব্যবহার করতো।

সংবাদমাধ্যমটির দাবি, ঘাঁটিটির অবস্থান ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হলে ইসরায়েলি বাহিনী ইরাকি সেনাদের ওপর বিমান হামলা চালায়। কারণ, ইরাকি সেনারা ওই এলাকায় সন্দেহজনক সামরিক তৎপরতার খবর পেয়ে তদন্তে এগোচ্ছিল।

প্রতিবেদন অনুযায়ী, মার্চের শুরুতে এক রাখাল ওই এলাকায় হেলিকপ্টার চলাচলসহ অস্বাভাবিক সামরিক কার্যক্রম দেখতে পান। পরে ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যমে বিষয়টি প্রকাশ হলে দেশটির সেনারা তদন্ত শুরু করে। এমন পরিস্থিতিতে ইসরায়েল বিমান হামলা চালিয়ে ইরাকি বাহিনীকে ঘাঁটির কাছাকাছি পৌঁছাতে বাধা দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় এক ইরাকি সেনা নিহত হন। তখন ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ডের উপ-প্রধান কাইস আল-মুহাম্মাদাওয়ী বলেন, “কোনও সমন্বয় বা অনুমোদন ছাড়াই এই বেপরোয়া অভিযান চালানো হয়েছে।”

প্রতিবেদনে আরও বলা হয়, গোপন ওই ঘাঁটিতে অনুসন্ধান ও উদ্ধারকারী দলও মোতায়েন ছিল, যাতে যুদ্ধের সময় ভূপাতিত ইসরায়েলি পাইলটদের উদ্ধার করা যায়। যদিও শেষ পর্যন্ত এ ধরনের কোনও উদ্ধার অভিযানের প্রয়োজন হয়নি।

এছাড়া ইসফাহানের কাছে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর ইসরায়েল সহায়তার প্রস্তাব দিয়েছিল বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে শেষ পর্যন্ত মার্কিন বাহিনীই দুই ক্রুকে উদ্ধার করে। ওই সময় উদ্ধার অভিযান নিরাপদ করতে ইসরায়েল বিমান হামলা চালিয়েছিল বলেও উল্লেখ করা হয়।

তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথভাবে হামলা শুরু করে। ইরানও তাক্ষণিক পাল্টা হামলা শুরু করে। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা গুড়িয়ে দেয় ইরানি বাহিনী। এতে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী সমঝোতা এখনও হয়নি। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন, যদিও নতুন কোনও সময়সীমা নির্ধারণ করা হয়নি। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নালআনাদোলু এজেন্সি




রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১০ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে চারদিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

সকাল ৮টা ৫৬ মিনিটে প্রধানমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইন্সে এসে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্যারেড কমিটির সভাপতি অতিরিক্ত আইজিপি একেএম আওলাদ হোসেন এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির তাঁকে স্বাগত জানান।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে প্রধানমন্ত্রী একটি লাল-সবুজ খোলা জিপে চড়ে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণাঢ্য প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন।

এ সময় পুলিশ বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান ব্যাকগ্রাউন্ড উপস্থাপনায় তুলে ধরা হয়।

এবারের বার্ষিক প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি সরকারের আমলে এটিই প্রথম পুলিশ সপ্তাহ।

বর্ণাঢ্য এ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, পুলিশের অতিরিক্ত আইজিগণ, বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপারসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।

আজ শুরু হওয়া পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্মসূচি আগামী ১৩ মে পর্যন্ত চলবে।




দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

আবহাওয়া ডেস্কঃ দেশের আট জেলার উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১০ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।




বিয়ের অনুষ্ঠানে ব্যাঘাত না হওয়ার জন্য বিএনপির কর্মসূচি আগে শেষ করে দিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ বিয়ের অনুষ্ঠানে যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সে কথা বিবেচনায় রেখে বিএনপির নির্ধারিত কর্মসূচি নির্ধারিত সময়ের আগেই শেষ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, একই মিলনায়তনে সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী কর্মসূচি নির্ধারিত সময়ের আগেই শেষ করার নির্দেশ দেন।

পরে তিনি নবদম্পতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বর-কনেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

এ সময় উপস্থিত অতিথিরা প্রধানমন্ত্রীর এ মানবিক ও সৌজন্যমূলক আচরণের প্রশংসা করেন। অনেকেই বলেন, ব্যস্ত রাজনৈতিক কর্মসূচির মধ্যেও সাধারণ মানুষের ব্যক্তিগত আয়োজন ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন তার দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় বহন করে।




সরকার গঠনের অনুমতিপত্র নিতে ১ ঘণ্টা বসে ছিলেন থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্কঃ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন থালাপতি বিজয়। শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছ থেকে সরকার গঠনের অনুমতি নেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন থালাপতি। এ সময় তিনি জানান, আরও দুটি রাজনৈতিক দল তার প্রতি সমর্থন জানিয়েছে। এর ফলে তার দল টিভিকে ও জোটের মোট আসন সংখ্যা দাঁড়ায় ১২০-এ। পরে তিনি সরকার গঠনের অনুমতি চান।

তবে সমর্থনের বিষয়টি যাচাই-বাছাই করেন রাজ্যপাল। বিশেষ করে ভিসেকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)-এর দেওয়া সমর্থনপত্রের সত্যতা পরীক্ষা করা হয়।

এর আগে ভারতীয় কংগ্রেস, সিপিআই এবং সিপিআই (এম)সহ তিনটি বামপন্থি দলও থালাপতি বিজয়ের প্রতি সমর্থন জানায়। তাদের দেওয়া চিঠিগুলোও আগেই যাচাই করা হয়েছিল।

যাচাই শেষে থালাপতি বিজয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন বলে নিশ্চিত হন রাজ্যপাল। পরে তিনি শপথ গ্রহণের সময় ও তারিখ সম্পর্কে জানতে চাইলে থালাপতি জানান, রোববার সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে শপথ নেবেন তিনি।

এদিকে একটি সূত্র জানিয়েছে, রাজ্যপাল প্রথমে থালাপতিকে জানান, এক ঘণ্টার মধ্যে সরকার গঠনের আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হবে। তবে থালাপতি অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। পরে এক ঘণ্টা পর নিজ হাতে আমন্ত্রণপত্র নিয়ে রাজভবন ত্যাগ করেন তিনি।

সূত্র: এনডিটিভি




৫ খুনের ঘটনায় পলাতক ফোরকানকে আসামি করে মামলা

ডেস্ক নিউজ :গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ সদস্যকে খুনের ঘটনায় পলাতক স্বামী ফোরকানকে আসামি করে থানায় মামলা রজু করা হয়েছে। এ মামলায় আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শনিবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহত শারমিন খানমের বাবা মো. সাহাদৎ মোল্লা বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে শুক্রবার (৮ মে) রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় ওই হত্যাকাণ্ড ঘটে।

পরে পুলিশ দুপুরে পাঁচজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে। প্রাথমিকভাবে মাদকাসক্তি, পরকীয়া ও আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খুন হওয়া পাঁচজন হলেন গোপালগঞ্জ সদর থানার মেরী গোপীনাথপুর এলাকার মো. ফোরকান মিয়ার স্ত্রী শারমিন খানম (৩৫), তার তিন মেয়ে মিম খানম (১৪), উম্মে হাবিবা ওরফে মারিয়া (৮) ও ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (২২)।

কাপাসিয়া থানার ওসি শাহিনুর আলম জানান, ফোরকানকে আসামি করে শারমিন খানম ও রসুল মিয়ার বাবা মো. সাহাদৎ মোল্লা বাদী হয়ে কাপাসিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বিষয়টি তদন্ত করা হচ্ছে। এছাড়া ঘাতককে গ্রেফতারের চেষ্টা চলছে।




১০ শর্তে বিশ্বকাপ খেলতে রাজি ইরান

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কেটে গেল। আজ শনিবার ইরানের ফুটবল ফেডারেশন জানিয়েছে, তাদের জাতীয় দল আসন্ন বিশ্বকাপে খেলবে।

গ্রুপ ‘জি’তে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দলটি।

গত মাসে ফিফা কংগ্রেসে অংশ নিতে ইরানের ফেডারেশন প্রধানকে ঢুকতে বাধা দিয়েছিল কানাডা। যে কারণে তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে বিশ্বকাপে অংশ নেওয়ার আগে কিছু শর্ত জুড়ে দিয়েছে ইরান।

ইরানিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মাহদি তাজ রাষ্ট্রায়ত্ব টিভিকে গতকাল জানান, বিশ্বকাপে অংশ নিতে ১০টি শর্ত দিয়েছে তারা। দেশটির প্রতি তাদের সদাচরণের আশ্বাস চেয়েছেন তিনি।

শর্তগুলোর মধ্যে রয়েছে- টুর্নামেন্ট চলাকালে ভিসা প্রদান, জাতীয় দলের স্টাফ, দলের পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান এবং বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে যাওয়ার আসার সময় রাস্তায় কঠোর নিরাপত্তা নিশ্চিতকরণ।

ইরানিয়ান ফেডারেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলেছে, ‘আমরা ২০২৬ বিশ্বকাপে অবশ্যই অংশ নেবো। কিন্তু আয়োজকদের আমাদের উদ্বেগগুলোও বিবেচনায় আনতে হবে।’

তারা আরও বলেছে, ‘আমরা বিশ্বকাপে অংশ নেবো, কিন্তু আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও দৃঢ় প্রত্যয় থেকে এতটুকু বিচ্যুত না হয়ে।’

ইরানিয়ান ফুটবল প্রধান বলেন, ‘সব খেলোয়াড় ও টেকনিক্যাল স্টাফ, বিশেষ করে যারা আইআরজিসিতে সামরিক দায়িত্ব পালন করেছে, যেমন মেহদি তারেমি ও এহসান হাজসাফি। তাদের সবাইকে কোনো ঝামেলা ছাড়াই ভিসা প্রদান করতে হবে।’