সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস

আবহাওয়া ডেস্কঃ উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২০ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (২২ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৩ জুলাই সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ২৪ জুলাই সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিন পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।




সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ যুগপৎ আন্দোলন-সংগ্রামের শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন।

যদিও বৈঠকে অংশগ্রহণকারী দল বা আলোচ্যসূচি সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধীদলগুলোর বাইরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া নিবন্ধিত ও অনিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এ মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হচ্ছে।




এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

ক্রীড়া ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে আলোচিত মুহূর্ত হয়ে উঠেছে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের লাল কার্ড। নির্ধারিত সময়ের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এরপর অতিরিক্ত সময়ে একজন কম নিয়ে খেলতে হয় আর্জেন্টিনাকে। ম্যাচ শেষে তাই প্রশ্ন উঠেছে, এই লাল কার্ডই কি শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।

নির্ধারিত ৯০ মিনিটের আগে অবশ্য স্পেনই দাপট দেখাচ্ছিল। তবে মাঝমাঠে এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার খেলার ছন্দ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। যোগ করা সময়ে নিকো উইলিয়ামসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। ফলে অতিরিক্ত ৩০ মিনিটে ১০ জন নিয়েই খেলতে হয় লিওনেল স্কালোনির দলকে।

এনজো মাঠ ছাড়ার পর আর্জেন্টিনার মাঝমাঠের নিয়ন্ত্রণ অনেকটাই স্পেনের দখলে চলে যায়। রদ্রি, পেদ্রি এবং মিকেল মেরিনো বলের দখল বাড়িয়ে একের পর এক আক্রমণ গড়ে তোলেন। একই সঙ্গে একজন কম নিয়ে খেলায় আর্জেন্টিনার রক্ষণভাগের ওপরও চাপ বেড়ে যায়।

অতিরিক্ত সময়ে লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরোসহ রক্ষণভাগের খেলোয়াড়দের বেশি পরিশ্রম করতে হয়। ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে ক্লান্তির ছাপও স্পষ্ট হয়ে ওঠে আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে।

এই চাপের মধ্যেই ম্যাচের ১০৬ মিনিটে নিকো উইলিয়ামসের পাস থেকে ফেররান তোরেস গোল করে স্পেনকে এগিয়ে দেন। শেষ দিকে লিওনেল মেসি কয়েকটি আক্রমণ গড়ে তুললেও সমতায় ফেরা সম্ভব হয়নি আর্জেন্টিনার।




আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ক্রীড়া ডেস্কঃ আর্জেন্টিনাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ জিতল স্পেন। এই জয়ে সব মিলিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

এর আগে ২০১০ সালে বিশ্বকাপ জিতেছিল স্পেন। টুর্নামেন্টে ফেভারিট হিসেবে খেলতে আসা স্পেন এতটাই গোছানো ফুটবল খেলেছে যে প্রতিপক্ষকে মাঠে কোণঠাসা করে ফেলে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের শুরু থেকেই স্পেনের স্পষ্ট আধিপত্য ছিল চোখে পড়ার মতো। বলের দখলে শুরু থেকেই আর্জেন্টাইন রক্ষণভাগকে চাপের মুখে রাখে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। ম্যাচের পঞ্চম মিনিটে লামিন ইয়ামাল গোলের সহজ সুযোগ নষ্ট করে। এরপর ১২তম মিনিটে স্পেন প্রথম কর্নার পেলেও লিসান্দ্রো মার্তিনেজের সতর্কতায় আর্জেন্টিনা বিপদমুক্ত থাকে।

খেলার প্রথম ৪৫ মিনিটে বলের দখলে আধিপত্য বিস্তার করে স্প্যানিশরা আর্জেন্টিনাকে কোণঠাসা করে রাখলেও, গোলমুখের তালা খুলতে ব্যর্থ হয়েছে তারা। স্পেনের নিখুঁত ট্যাকটিক্যাল ফুটবলের সামনে মেসিদের রীতিমতো খুঁজে পেতে কষ্ট হয়েছে। বিপরীতে, আর্জেন্টিনাকে পুরো প্রথমার্ধে রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত থাকতে দেখা গেছে।

গোল আদায়ে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ চালিয়ে গেছে স্পেন। তবে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বেশ কিছু আক্রমণ প্রতিহত করেন। এতে ৯০ মিনিটেও গোলের দেখা পায় না স্পেন। আর আর্জেন্টিনা তো প্রতিপক্ষের গোলে তেমন শটই নিতে পারেনি।

তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পাউ কুবারসিকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। তার বিদায়ের পর ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে একজন কম নিয়ে খেলতে হওয়ায় স্কালোনির দলের ওপর চাপ আরও বেড়ে যায়।

এদিকে, নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য সমতায় থাকায় অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায় ম্যাচ। পরে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে তোরেসের গোলে এগিয়ে যায় স্প্যানিশরা। বক্সের বাইরে থেকে ভেসে আসা বলটা মাঠের ভেতরে রাখেন নিকো উইলিয়ামস। সেটা অনেকটা ফাঁকায় পেয়ে যান ফেররান তোরেস। এরপরই তা আগুনে এক শটে জালে জড়ান তোরেস। পরে আর্জেন্টিনা গোল শোধের চেষ্টা করলেও ১০ জনের দল নিয়ে পেরে ওঠেনি স্পেনের সাথে। স্পেনও বাকি সময়ে আর গোলের দেখা পায়নি। এতে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।




ইরানে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন ‘ডারখোভিন’ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১৯ জুলাই) এক বিবৃতিতে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক রক্ষাকবচের অধীনে থাকা একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে তেহরান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানায়, ডারখোভিন বিদ্যুৎকেন্দ্রটি এখনো নির্মাণাধীন পর্যায়ে রয়েছে। তবে এই হামলায় স্থাপনাটির কী ধরনের বা কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তেহরানের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান চরম উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। সম্প্রতি ইরানের অভ্যন্তরে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ওয়াশিংটন। এর জবাবে তেহরানও অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও দুই দেশের মধ্যে দফায় দফায় এই গোলাগুলি ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রে সর্বশেষ এই হামলা চলমান উত্তেজনাকে আরও সংঘাতময় করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।




‘দুঃখিত স্যার, আজ আপনাকে হারাতেই চাই’

ডেস্ক নিউজঃ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের লড়াই শুধু দুই ফুটবল পরাশক্তির নয়, এটি দুই কোচেরও এক বিশেষ অধ্যায়ের গল্প। স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি একসময় ছিলেন শিক্ষক ও ছাত্র। এবার বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে সেই দুইজনই দাঁড়িয়েছেন একে অপরের বিপরীতে।

রবিবার (বাংলাদেশ সময় রাত ১টা) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। মাঠে লিওনেল মেসি, লামিন ইয়ামালদের লড়াই যতটা আলোচনায়, ডাগআউটে দে লা ফুয়েন্তে ও স্কালোনির পুনর্মিলনও ততটাই আকর্ষণের কেন্দ্রবিন্দু।

২০১৭ সালের শেষ দিকে কোচিং ক্যারিয়ার শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন স্কালোনি। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ‘লা রোজাস’ ট্রেনিং সেন্টারে প্রফেশনাল কোচিং লাইসেন্স কোর্সে ভর্তি হন তিনি। সেই কোর্সের অন্যতম প্রশিক্ষক ছিলেন দে লা ফুয়েন্তে। কোচিংয়ের প্রথম দিকের গুরুত্বপূর্ণ শিক্ষা তাঁর কাছ থেকেই পেয়েছিলেন বর্তমান আর্জেন্টিনা কোচ।

কোর্স শেষ হওয়ার এক বছরের মধ্যেই আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান স্কালোনি। পরে তাঁর অধীনে আর্জেন্টিনা জেতে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ।

অন্যদিকে ২০২২ সালের শেষ দিকে স্পেনের দায়িত্ব নিয়ে দে লা ফুয়েন্তেও দলকে নতুন সাফল্যের পথে ফেরান। তাঁর অধীনে ইউরো ২০২৪ শিরোপা জয়ের পাশাপাশি উয়েফা নেশনস লিগের ফাইনালে ওঠে স্পেন। এবার দলকে বিশ্বকাপের ফাইনালেও তুলেছেন তিনি।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে নিজের সাবেক শিক্ষককে নিয়ে আবেগ প্রকাশ করেন স্কালোনি বলেন,‘তিনি আমার মেন্টর ছিলেন। কোচিংয়ের অনেক কিছুই তাঁর কাছ থেকে শিখেছি। আজ বিশ্বকাপ ফাইনালে তাঁর বিপক্ষে দাঁড়ানো বিশেষ অনুভূতি। তিনি স্পেনের সঙ্গে অসাধারণ কাজ করেছেন। তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।’

তবে আবেগের জায়গা থাকলেও মাঠে ছাড় দিতে রাজি নন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন,‘স্পেন আমার দ্বিতীয় বাড়ির মতো। সেখানে আমার পরিবার রয়েছে। কিন্তু আজ আমি দুঃখিত, কারণ মাঠে আমি মিস্টার দে লা ফুয়েন্তেকে হারাতেই চাই।’

শিষ্যের প্রশংসায় উদার ছিলেন দে লা ফুয়েন্তেও। তিনি বলেন, ‘স্কালোনি ছিলেন অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী ছাত্র। লিওনেলের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। শিক্ষক হিসেবে সে ছিল আদর্শ ছাত্র। ক্লাসে ওর শেখার আগ্রহ দেখেই বুঝেছিলাম, সে অনেক দূর যাবে। আজ সে আর্জেন্টিনার হয়ে সবকিছু জিতেছে। ওর শিক্ষক হতে পেরে আমি গর্বিত।’

শুধু পেশাগত সম্পর্ক নয়, ব্যক্তিগত বন্ধুত্বের কথাও তুলে ধরেন স্পেন কোচ। তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক সবসময়ই পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের। বিশ্বকাপ ফাইনালে আমরা প্রতিপক্ষ হলেও সেই সম্মান অটুট থাকবে।’




গণমাধ্যমের তোষামোদী আর দেখতে না চাইলেও দুর্ভাগ্যজনকভাবে দেখতে হচ্ছে: মির্জা ফখরুল

ডেস্ক নিউজঃ গণমাধ্যমের কাজ ক্ষমতাকে প্রশ্ন করা কিন্তু বিগত ফ্যাসিবাদের সময়ে সেই দায়িত্ব পালন না করে গণমাধ্যমের মানুষেরা তোষামোদীতে ব্যস্ত ছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই তোষামোদী আর দেখতে না চাইলেও দুর্ভাগ্যজনকভাবে এখনো তা দেখতে হচ্ছে।’

রোববার (১৯ জুলাই) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া পাঁচ সাংবাদিকের পরিবারকে সম্মাননা ও এক লাখ টাকা করে অর্থসহায়তা দেওয়া হয় এনইসির পক্ষ থেকে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘তোষামোদী, মোসাহেবি-এই জিনিসটা আর দেখতে চাই না। দুর্ভাগ্যজনকভাবে ওটাই..দেখতে হয়। রাজনীতিতে একই ঘটনা ঘটে। আপনার আমলাতন্ত্রে একই ঘটনা ঘটে। সামথিং রং। আমরা কেন জানি না জাতিগতভাবে বেরিয়ে আসতে পারছি না।’

মির্জা ফখরুল মনে করেন, জাতিগতভাবে এই সংস্কৃতি থেকে বের হতে একটা বড় ধরনের বিপ্লবের প্রয়োজন হতে পারে। যে বিপ্লবের মধ্য দিয়ে আমূল পরিবর্তন আসবে।

জুলাই সনদ অনুযায়ী বিএনপি যেসব বিষয় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো পুরোপুরি বাস্তবায়িত করার জন্য চেষ্টা করছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী। কিন্তু কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল স্মরণ করিয়ে দেন, জুলাই সনদে পরিষ্কার বলা আছে, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না, তারা যদি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যায়, তারা সে বিষয়গুলো দলের নির্বাচনী ইশতেহার, সমঝোতাকে প্রাধান্য দেবে। কিন্তু এই বিষয় এখন সম্পূর্ণভাবে উপেক্ষা করা হচ্ছে।

বিএনপির মহাসচিব মনে করেন, যেসব বিষয়ে সব রাজনৈতিক দলের মতানৈক্য হয়নি, সে বিষয়ে সংসদে আলোচনা হতে পারে। তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘একটি কমিটি করা আছে। সংবিধানের যে বিষয়ে পরিবর্তন দরকার, সেটা আলাপ-আলোচনার মাধ্যমে করতে বিরোধী দল যেন সহায়তা করে।’

বিগত ১৫ বছরের ফ্যাসিবাদের সময়ে দেশজুড়ে যে লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল, সেটা একদিনেই সবকিছু শুধরে দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘কিন্তু কাজটা শুরু করতে হবে। আমার বিশ্বাস, এই কাজটা আজ শুরু হয়েছে। হয়তো অনেক অপূর্ণতা রয়েছে, অসংগতি রয়েছে। কিন্তু কাজটা শুরু হয়েছে। একেবারে হয়নি-কথা বলা যাবে না।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনইসির সভাপতি ও ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, ‘আবার যাতে দেশে কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সে জন্য জাতিকে সার্বক্ষণিকভাবে সজাগ রাখার জন্য ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠিত হয়েছে। সম্পাদকদের নতুন এই সংগঠনে ঢাকা ছাড়াও দেশে প্রত্যন্ত অঞ্চলের সম্পাদকেরা সমান গুরুত্ব পাবেন।’

ইংরেজি ‘দ্য ডেইলি ওয়াদার’ সম্পাদক শফিকুল আলম বলেন, ‘জুলাই এখনো শেষ হয়নি। বরং যুগ যুগ ধরে তা চলতে থাকবে। তিনি ঘোষণা দেন, জুলাইয়ে শহীদ পাঁচজন সাংবাদিকের সন্তানদের পড়াশোনার খরচ বহনে এনইসির পক্ষ থেকে সব সময় সহযোগিতা করা হবে।’

‘যুগান্তর’-এর সম্পাদক আবদুল হাই শিকদার অনুষ্ঠান সঞ্চালনা করেন। এছাড়াও সেখানে কথা বলেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসি আরা জামান, শহীদ সাংবাদিক হাসান মেহেদীর স্ত্রী ফারহানা ইসলাম পপিসহ আরও অনেকে।




বহর সম্প্রসারণে বিমানের নতুন উদ্যোগ, লিজে ১০ উড়োজাহাজের পরিকল্পনা

ডেস্ক নিউজঃ রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস বহর সম্প্রসারণে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। পরিচালন সক্ষমতা বাড়ানো এবং নতুন আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর লক্ষ্য নিয়ে আগামী বছরের মধ্যে সর্বোচ্চ ১০টি উড়োজাহাজ লিজে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইউরোপীয় নির্মাতা এয়ারবাস থেকে আরও ১০টি নতুন উড়োজাহাজ কেনার প্রক্রিয়াও এগিয়ে চলছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বর্তমানে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে তিনটি সাময়িকভাবে গ্রাউন্ডেড থাকায় ফ্লাইট পরিচালনায় চাপ তৈরি হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ১০টি উড়োজাহাজ লিজে যুক্ত হলে বহরের আকার বেড়ে হবে ২৯টি, যা বর্তমান বহরের তুলনায় প্রায় ৫৩ শতাংশ বেশি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বোয়িং ও এয়ারবাস—উভয় প্রতিষ্ঠানের বৈশ্বিক সরবরাহ সংকটের কারণে নতুন উড়োজাহাজ ২০৩০ সালের আগে হাতে পাওয়ার সম্ভাবনা কম। এ কারণে তাৎক্ষণিক চাহিদা মেটাতে এবং নতুন গন্তব্যে ফ্লাইট চালুর প্রস্তুতির অংশ হিসেবে লিজে উড়োজাহাজ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রাথমিকভাবে চারটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা থাকলেও পরিচালন চাহিদা ও রুট সম্প্রসারণের প্রয়োজন অনুযায়ী এ সংখ্যা সর্বোচ্চ ১০টিতে উন্নীত করা হতে পারে।

তিনি বলেন, চলতি বছরের মধ্যেই লিজ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে আন্তর্জাতিক রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পাশাপাশি নতুন গন্তব্যেও সেবা চালু করা সম্ভব হবে।

লিজ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ নিয়েছে বিমান। এ পর্যন্ত প্রায় ৪০টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে আবেদন জমা দিয়েছে। যাচাই-বাছাই শেষে একটি প্রতিষ্ঠানকে পুরো প্রক্রিয়া তদারকির দায়িত্ব দেওয়া হবে।

এদিকে, ছয় বছরের জন্য ড্রাই লিজে তিনটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার সংগ্রহে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে বিমান। লক্ষ্য রয়েছে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে উড়োজাহাজগুলো বহরে যুক্ত করার।

এর আগে চলতি বছরের ৩০ এপ্রিল প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারে ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান। চুক্তি অনুযায়ী ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে পর্যায়ক্রমে উড়োজাহাজগুলো সরবরাহ করা হবে।

অন্যদিকে, ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাস বাংলাদেশকে আরও ১০টি উড়োজাহাজ সরবরাহের প্রস্তাব দিয়েছে। প্রস্তাবিত বহরে রয়েছে ছয়টি এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং চারটি এ৩২১ নিও ন্যারোবডি উড়োজাহাজ।

এ প্রস্তাব নিয়ে গত ১৫ জুলাই বাংলাদেশ সফর করেন ইউরোপীয় ইউনিয়ন এবং কয়েকটি ইউরোপীয় দেশের রাষ্ট্রদূতেরা। তারা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেনের রাষ্ট্রদূত, জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং ইউরোপীয় ইউনিয়ন মিশনের ডেপুটি চিফ উপস্থিত ছিলেন।




১০ গোলের রোমাঞ্চে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

ক্রীড়া ডেস্কঃ ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেলেও বিশ্বকাপ শেষটা দারুণভাবে রাঙিয়েছে ইংল্যান্ড। মায়ামিতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোলবন্যার এক রোমাঞ্চকর লড়াইয়ে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা। বুকায়ো সাকার হ্যাটট্রিক, ডেকলান রাইসের দুর্দান্ত গোল এবং শেষদিকে জুড বেলিংহ্যামের একক নৈপুণ্যে জয় তুলে নেয় থমাস টুখেলের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। তৃতীয় মিনিটেই মাঝমাঠে ফ্রান্সের ডেজিরে দুয়ের ভুল পাস কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় গোল করেন ডেকলান রাইস। বল নিয়ে দ্রুত এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের দারুণ বাঁকানো শটে গোলরক্ষক মাইক মেনিয়াঁকে পরাস্ত করেন আর্সেনালের এই মিডফিল্ডার।

১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইংল্যান্ড। ডেকলান রাইসের নিখুঁত ফ্রি-কিক থেকে বক্সে উঠে আসা এজরি কনসা অসাধারণ হেডে জাল খুঁজে নেন। ফরাসি রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে অনায়াসেই গোল করেন এই ডিফেন্ডার।

ফ্রান্স তখনও ম্যাচে ফেরার চেষ্টা করছে, কিন্তু ৩৭তম মিনিটে আবারও আঘাত হানে ইংল্যান্ড। মার্কাস রাশফোর্ডের পাস থেকে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান বুকায়ো সাকা। যোগ করা সময়ের প্রথম মিনিটে আবারও গোল করেন এই আর্সেনাল উইঙ্গার। এবারও আক্রমণের সূচনা করেন রাশফোর্ড, আর সহজ ফিনিশে প্রথমার্ধেই নিজের জোড়া গোল পূর্ণ করেন সাকা। বিরতিতে ৪-০ গোলের বিশাল ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৪৮তম মিনিটে মাইকেল অলিসের পাস থেকে বাঁ পায়ের জোরালো শটে ব্যবধান কমান কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে নিজের নবম গোল করে লিওনেল মেসির সর্বকালের বিশ্বকাপ গোলসংখ্যার রেকর্ডেও ভাগ বসান ফরাসি অধিনায়ক।

মাত্র ছয় মিনিট পর আরেকটি গোল শোধ করে ফ্রান্স। ইংল্যান্ডের আক্রমণ ভেস্তে যাওয়ার পর দ্রুত পাল্টা আক্রমণে উঠে ব্র্যাডলি বারকোলা গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন।

৬৭তম মিনিটে আবারও গোল করেন এমবাপ্পে। অলিসের পাস থেকে বাঁ পায়ের শক্তিশালী শটে জাল কাঁপিয়ে ব্যবধান ৪-৩ করেন তিনি।

একসময় মনে হচ্ছিল, অসম্ভব এক প্রত্যাবর্তনের গল্প লিখতে যাচ্ছে ফ্রান্স। কিন্তু সেই সম্ভাবনা শেষ করে দেন বুকায়ো সাকা। ৮৬তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে নিখুঁত শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তাতে ইংল্যান্ডের ব্যবধান বেড়ে হয় ৫-৩।

যোগ করা সময়েও নাটক থামেনি। ৯০+৬ মিনিটে দায়ো উপামেকানোর পাস থেকে ডান দিক দিয়ে ভেতরে ঢুকে জোরালো শটে গোল করেন ওসমান দেম্বেলে। ব্যবধান আবার এক গোলে নেমে আসে (৫-৪)।

তবে শেষ হাসি হাসে ইংল্যান্ডই। ৯০+৮ মিনিটে ম্যাচে শেষ আঘাতটি হানেন জুড বেলিংহ্যাম। বদলি হিসেবে নেমে মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত গোল করেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। বিশ্বকাপে এটি ছিল তাঁর সপ্তম গোল। তার এই গোলেই ৬-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে থমাস টুখেলের দল।

শেষ বাঁশি বাজার পর ইংল্যান্ডের ফুটবলারদের উচ্ছ্বাসে ভরে ওঠে মাঠ। অন্যদিকে, বিদায়ী ম্যাচে হার নিয়েও হাসিমুখে একে অপরকে আলিঙ্গন করেন ইংল্যান্ডের কোচ থমাস টুখেল ও ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হলেও ১০ গোলের এই লড়াই দর্শকদের উপহার দিয়েছে টুর্নামেন্টের অন্যতম স্মরণীয় এক ম্যাচ।




সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

আবহাওয়া ডেস্কঃ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অপরদিকে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ (১৯ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।