নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪

ডেস্ক নিউজঃ নাটোরে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ের থানার সহকারী পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ পর্যন্ত ১৩ জন মারা গেছেন। তাদের মধ্যে ট্রাকচালক আলমগীর হোসেন রয়েছেন। অন্যদের নাম–পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং হতাহতদের উদ্ধার করেন।

নাটোর ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, বরিশালের বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের যাত্রীবাহী একটি বাস ভোরে বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনাগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ৩০ জন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয়, নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তিদের মধ্যে এক শিশুর মৃত্যু হয় নাটোর সদর হাসপাতালে। অন্য হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্র এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।




পূজায় মেট্রোরেলের নতুন সময়সূচি

ডেস্ক নিউজ : আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। ছুটির দিনগুলোতে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে নির্ধারিত সময়ে ১০ থেকে ২০ মিনিট বিরতিতে ট্রেন পরিচালনা করা হবে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা মো. আহসান উল্লাহ শরিফী এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা জানান, পূজার ছুটির দিনগুলোতে পিক আওয়ারের সময় প্রতি ১০ মিনিট পর পর মেট্রোরেল চলাচল করবে।

সাধারণত মেট্রোরেলের নিয়ম অনুযায়ী: সকাল ৮টা ১০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট এবং বিকেল পৌনে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়কে ‘পিক আওয়ার’ হিসেবে ধরা হয়। উল্লেখ্য, স্বাভাবিক কর্মদিবসে পিক আওয়ারে প্রতি ৫-৬ মিনিট পর পর ট্রেন চলাচল করে। অন্যদিকে অফ-পিক আওয়ার বা অন্যান্য সময়ে সাধারণত ৮-১০ মিনিটের ব্যবধানে ট্রেন স্টেশন ছাড়ে।

ডিএমটিসিএলের নিয়মিত সময়সূচি অনুযায়ী শনিবার থেকে বৃহস্পতিবার: উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল সাড়ে ৬টায় প্রথম ট্রেন এবং রাত ৯টা ৫০ মিনিটে শেষ ট্রেন ছাড়ে। অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়ে রাত সাড় ১০টায়। শুক্রবার: সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে উত্তরা উত্তর থেকে বিকেল ৩টায় এবং মতিঝিল থেকে বিকেল ৩টা ২০ মিনিটে প্রথম ট্রেন ছাড়ে। এই দিনে দুই স্টেশন থেকে রাতের শেষ ট্রেন ছাড়ে যথাক্রমে ৯টা ৫০ মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে।




লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ : মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গাকে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে গুরুতর সংকট মোকাবিলা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে মিয়ানমারের চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে বলপূর্বক বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। দীর্ঘদিন ধরে এই মানবিক সংকটের চাপ মোকাবিলা করতে হচ্ছে দেশটিকে। এর একটি স্থায়ী ও টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখতে হবে।

জবাবে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতি তুলে ধরেন। সংঘাত বন্ধ করা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার কথা জানান তিনি।

বৈঠকে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় স্থলমাইনের বিস্তার, মানবপাচার ও মাদকপাচার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এসব সমস্যার আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব নিয়েও আলোচনা করেন বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা।

রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্য অর্জনে রাজনৈতিক সংলাপ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক, সিনিয়র পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার ডানকান কিথ উইলসন এবং ইউএনএইচসিআরের উপপ্রতিনিধি জুলিয়েট মুরেকিয়সোনি উপস্থিত ছিলেন।




ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শবওয়া প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের এক রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৩ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটির গৃহযুদ্ধ তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সোমবার এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসনিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং বার্তা সংস্থা রয়টার্স কর্তৃক সত্যতা যাচাইকৃত ভিডিওচিত্রে দেখা যায়, প্রশিক্ষণ শিবিরের মাঠে চারদিকে রক্তাক্ত মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং আহত ব্যক্তিরা বাঁচার আকুতি জানাচ্ছেন।

স্থানীয় প্রশাসনিক সূত্রের বরাতে জানা গেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা যখন কুচকাওয়াজ ও প্রশিক্ষণ অনুশীলনে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই হুতি বিদ্রোহীরা পরপর তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইয়েমেনের সামরিক কৌশলগত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত শবওয়া প্রদেশটি অ্যাডেন উপসাগরের উপকূলে অবস্থিত। একই সঙ্গে এটি দেশটির জ্বালানি সম্পদের অন্যতম বড় কেন্দ্র এবং ইয়েমেনের বৃহত্তম শিল্প বিনিয়োগ ‘বালহাফ এলএনজি’ (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) প্রকল্পের মূল কেন্দ্রবিন্দু।

হামলার পরপরই হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই হামলার দায় স্বীকার করেন। তিনি দাবি করেন, প্রশিক্ষণ শিবিরটি সৌদি সামরিক বাহিনী পরিচালনা করছিল। তবে হুতিদের এই দাবির ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সমর্থিত ইয়েমেন সরকার এবং হুতি বিদ্রোহীদের মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘাত ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গত সেপ্টেম্বরে লোহিত সাগরের কৌশলগত সামুদ্রিক প্রবেশপথ ‘বাব আল-মানদেব’ প্রণালির কাছাকাছি অঞ্চল অভিমুখে হুতিদের অগ্রযাত্রার পর থেকে দুপক্ষের পাল্টা হামলা তীব্র রূপ নেয়। এই হামলার পরিপ্রেক্ষিতে চলতি মাসেই ইয়েমেনি সরকারি বাহিনী হুতিদের দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারে ব্যাপক অভিযান শুরু করে। অন্যদিকে, দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকার অন্যতম প্রধান শহর তাইজ সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছে হুতি বাহিনী।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব ঘটনা ইয়েমেন সংঘাতকে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার বৃহত্তর আঞ্চলিক ভূ-রাজনৈতিক লড়াইয়ের আরেকটি নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। বর্তমানে হুতি বিদ্রোহীরা তাদের হামলার পরিধি বাড়িয়ে বিশ্বখ্যাত অপরিশোধিত তেল রফতানিকারক দেশ সৌদি আরবের অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুতেও আঘাত হানছে, যার মধ্যে রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ অন্যতম।

উল্লেখ্য, ২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নিলে দেশটির তৎকালীন বৈধ সরকার দক্ষিণে পালিয়ে যেতে বাধ্য হয় এবং পরবর্তীতে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট এই যুদ্ধে হস্তক্ষেপ করে। এর ফলে দীর্ঘ রক্তক্ষয়ী এক অচলাবস্থার সৃষ্টি হয়। ২০২২ সালে একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে কিছুটা শান্ত পরিবেশ সৃষ্টি হলেও সাম্প্রতিক সময়ে তা ভেঙে পড়ে আবারও গৃহযুদ্ধ চরম রূপ নিয়েছে। এতে করে ইয়েমেনে তৈরি হওয়া বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট আরও দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা।




গোপালগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

ডেস্ক নিউজ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

জানা গেছে, আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শহরতলির ঘোষেরচর এলাকার মাঠে ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামের মধ্যকার ফুটবল খেলা চলাকালীন সময়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ফকিরকান্দির লোকজন ঘোষেরচরের হান্নান মোল্লাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে সন্ধ্যার পর টর্চের আলো জ্বালিয়ে ও মাইকে ঘোষণা দিয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের প্রায় শতাধিক সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। এ সময় ৫ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।




বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণ করছে ভিয়েতনাম

ক্রীড়া ডেস্ক : দর্শক ধারণক্ষমতায় ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে ভিয়েতনাম। দেশটির রাজধানী হ্যানয়ে নির্মাণাধীন ভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়ামে একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন ১ লাখ ৩৫ হাজার দর্শক।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের আগস্টের মধ্যে স্টেডিয়ামটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন হলে ২০২৮ সালেই এটি চালু হতে পারে। তবে প্রকল্পের কাজ সময়মতো শেষ হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

ভিয়েতনামের বৃহৎ আন্তর্জাতিক ক্রীড়া নগরী প্রকল্পের অংশ হিসেবে নির্মাণ করা হচ্ছে এই স্টেডিয়াম। ২০২৫ সালের ১৯ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি নির্মাণে বিনিয়োগ করা হয়েছে ২০০ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪ হাজার ৭৩০ কোটি টাকা।

স্টেডিয়ামটির নকশায় তুলে ধরা হয়েছে ভিয়েতনামের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য। দেশটির ঐতিহ্যবাহী ডং সন ব্রোঞ্জের ঢোলের আদলে তৈরি করা হচ্ছে এর স্থাপত্য। আধুনিক নির্মাণশৈলীর সঙ্গে স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির সমন্বয় ঘটানোই এ নকশার মূল উদ্দেশ্য।

খেলাধুলার পাশাপাশি বড় আকারের কনসার্ট ও অন্যান্য আয়োজনের উপযোগী করে তৈরি করা হচ্ছে স্টেডিয়ামটি। এতে থাকবে স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ করা যায় এমন ছাদ। ফলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আবহাওয়াজনিত বাধা মোকাবিলা করা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়াম ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এতে একসঙ্গে প্রায় ১ লাখ ৩২ হাজার দর্শক বসতে পারেন। হ্যানয়ের নির্মাণাধীন ভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়ামের পরিকল্পিত ধারণক্ষমতা এর চেয়ে ৩ হাজার বেশি। নির্মাণকাজ শেষ হলে দর্শক ধারণক্ষমতার দিক থেকে ভারতের এই স্টেডিয়ামকে ছাড়িয়ে যাবে ভিয়েতনামের নতুন ক্রীড়া স্থাপনাটি।




আইসিসির শাস্তি পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বিশাল ব্যবধানে হারের ক্ষত না শুকাতেই আইসিসির শাস্তি পেল বাংলাদেশ। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় (স্লো ওভার রেট) বাংলাদেশ দলকে জরিমানা গুণতে হচ্ছে।

আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ম্যাচে নির্ধারিত সময়ে ওভার শেষ করার ক্ষেত্রে আইসিসির দেওয়া সকল নিয়ম ও সময়ছাড় বিবেচনা করার পরও বাংলাদেশ বোলিংয়ে ১ ওভার পিছিয়ে ছিল।

সংস্থাটির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। সেই হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা বাংলাদেশের প্রথম একাদশের সকল ক্রিকেটারের ম্যাচ ফির ৫ শতাংশ অর্থ কেটে নেওয়া হয়েছে।

ম্যাচ রেফারি ডেভিড গিলবার্টের দেওয়া এই স্লো ওভার রেটের অভিযোগ ও শাস্তি সরাসরি মেনে নেওয়ায় বিষয়টি নিষ্পত্তিতে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।




সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিচারিক রায়ের কপি চাইল বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সৌ‌দি আর‌বে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিচারিক রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। কপি হাতে আসার পর এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা করে মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ২০২৩ সালে অভিযুক্তদের আটক করে সৌদি আরবের পুলিশ। এ সময়ের মধ্যে তাদের পরিবারের কোনো সদস্য সরকারের সঙ্গে যোগাযোগ করেনি। রায়ের কপি হাতে এলে তাদের পরিচয় ও দুজনের মধ্যে কী সম্পর্ক ছিল, তা জানা যাবে।

প্রতিমন্ত্রী বলেন, সৌদির বিভিন্ন এলাকায় অনেক বাংলাদেশি কারাভোগ করছেন। নিয়মিতভাবে তারা বাংলাদেশের কাছে এ তালিকা পাঠায়, সেখানেও খতিয়ে দেখছে মন্ত্রণালয়। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। ধৈর্য ধরুন, রায়ের কপি হাতে পেলে বিস্তারিত জানানো যাবে।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আধা বেলার মধ্যে দেশের প্রধানমন্ত্রী, পুরো মন্ত্রিসভা, এমনকি বায়তুল মোকাররম মসজিদের খতিবও দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এটাকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। শেখ হাসিনাকে নিয়ে কথা বলা সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয়।




আয়োজকদের বিরুদ্ধে ‘অপহরণের’ অভিযোগ ভারতীয় মডেলের

বিনোদন ডেস্কঃ ভারতের রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা এক্স৬’-খ্যাত মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নবরাত্রির একটি অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, আমন্ত্রণ জানিয়ে চরম অব্যবস্থার মধ্যে ফেলে রাখা হয় তাঁকে। এমনকি জোর করে গাড়িতে তুলে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন এই মডেল। পুরো ঘটনাকে একপর্যায়ে ‘অপহরণ’ বলে বর্ণনা করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুনের পেডকর গ্রাউন্ডসে নবরাত্রি উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আকাঙ্ক্ষার অভিযোগ, অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলেও তাঁর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা করেননি আয়োজকেরা। পাশাপাশি, নির্ধারিত পারিশ্রমিকও তাঁকে দেওয়া হয়নি।

আকাঙ্ক্ষার দাবি, আয়োজক দলের মাত্র তিনজন সদস্যের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তাঁদের বয়সও ছিল আনুমানিক ১৮ বছর। অনুষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে তাঁদের দায়িত্বশীলতার অভাব ছিল বলে অভিযোগ করেন তিনি।

মডেলটির ভাষ্য, রাত সাড়ে ১০টা পর্যন্ত তাঁকে নিতে আসেননি আয়োজকেরা। অথচ ততক্ষণে তাঁর অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পুলিশের কাছে অভিযোগ জানানোর হুঁশিয়ারিও দেন তিনি।

আকাঙ্ক্ষার অভিযোগ, একপর্যায়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাঁকে গাড়িতে বসিয়ে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। সে সময় নিজের দলের সদস্যরা সঙ্গে না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি।

অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবেন না বলে জানালেও আয়োজকেরা তাঁর আপত্তিকে গুরুত্ব দেননি বলে দাবি আকাঙ্ক্ষার। উল্টো তাঁর পরিস্থিতি নিয়ে হাসাহাসি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনাটিকে ‘অপহরণ’-এর সঙ্গে তুলনা করে আকাঙ্ক্ষা জানান, পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের চড় মারেন তিনি। এরপর গাড়িটি থামে বলে তাঁর দাবি।

পুরো ঘটনায় আয়োজকদের আচরণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আকাঙ্ক্ষা চৌধুরী। তাঁর অভিযোগ, অনুষ্ঠানের প্রচারের কাজে তাঁর ছবি ব্যবহার করা হলেও শিল্পী হিসেবে প্রাপ্য সম্মান, নিরাপত্তা ও পারিশ্রমিক নিশ্চিত করা হয়নি।

এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তবে অভিযোগের বিষয়ে আয়োজকদের বক্তব্য বা পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।




সালমানের সঙ্গে কাজ করলেই পরবর্তী লক্ষ্য, বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলার দায় স্বীকার করে নতুন হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং।

হিন্দুস্তান টাইমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের চলচ্চিত্র জগতের কেউ তাদের হুঁশিয়ারি উপেক্ষা করলে কিংবা অভিনেতা সালমান খানের সঙ্গে কাজ করলে পরবর্তী লক্ষ্যবস্তু করা হবে বলে হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং ।

রোববার মুম্বাইয়ের জুহুতে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনার পর সালমান খানের সঙ্গে কাজ করা ব্যক্তিদের নতুন করে হুমকি দিয়েছে গ্যাংটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হামলার দায় স্বীকার করেছে গ্যাংটির সদস্য পরিচয় দেওয়া দুই ব্যক্তি অনিল পণ্ডিত ও হারমান সান্ধু।

পোস্টে বলা হয়, ‘আজ টাইগার শ্রফের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার দায় অনিল পণ্ডিত ও হারমান সান্ধু নিচ্ছে। আমরা তাকে আগে ফোন করে সতর্ক করেছিলাম। কিন্তু সে বিষয়টি বুঝতে পারেনি। তাই আজ তাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি।’

পোস্টে হিন্দি চলচ্চিত্রশিল্পের অন্যদেরও সরাসরি হুমকি দেওয়া হয়। এতে বলা হয়, ‘মুম্বাই চলচ্চিত্রশিল্পের যারা আমাদের কথা শুনবে না কিংবা সালমান খানের সঙ্গে কাজ করবে, তাদের পরিণতিও একই হবে। অপেক্ষা করুন, দেখুন।’

ঘটনার দায় নিজেদের বলে দাবি করতে পারে-এমন প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোকেও পোস্টে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টের সত্যতা যাচাই করছে। এদিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, হামলাকারীদের শনাক্ত করা এবং ঘটনার ধারাবাহিকতা খতিয়ে দেখতে মুম্বাই পুলিশ ১২টি বিশেষ দল মোতায়েন করেছে।

কারাগারে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে অভিনেতা সালমান খানের বিরোধের সূত্রপাত ১৯৯৮ সালে রাজস্থানে কৃষ্ণসার (ব্ল্যাকবাক) হরিণ শিকারের ঘটনা থেকে। বিষ্ণোই সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার হরিণ পবিত্র।

সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সালমানকে ক্ষমা চাইতে বলে ২০১৮ সালে প্রথম প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেন লরেন্স বিষ্ণোই।

২০২৪ সালে সালমান খানের ঘনিষ্ঠজনদের লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনায় এ বিরোধ আরও তীব্র হয়। এর মধ্যে রয়েছে রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে হত্যা এবং মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাসভবন লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা।

এরপর মুম্বাইয়ের চলচ্চিত্রশিল্পের অন্যদেরও হুমকি দিতে শুরু করে বিষ্ণোই গ্যাং। সালমানের সঙ্গে ব্যক্তিগত বা পেশাগত সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিদের কাছেও চাঁদা দাবি ও হুমকি দেওয়া হয়েছে।