ভারত ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ করলেন ইমরান খান

বিনোদন ডেস্কঃ ভারত ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জকে করে বোম্বে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছেন বলিউড অভিনেতা ইমরান খান। তিনি ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নোটিশকে ‘অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন এবং একে ক্ষমতার অপব্যবহার বলে অভিযোগ করেছেন। ৪৪ বছর বয়সী এই অভিনেতা বলিউড সুপারস্টার আমির খানের ভাগ্নে।

এর আগে ১৪ অক্টোবর ‘ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’ (এফআরআরও) তাকে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ (এলআইএন) বা ভারত ত্যাগের নির্দেশ দেয়। গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানের কাছে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে তার অংশগ্রহণের অভিযোগের প্রেক্ষিতে এই নোটিশটি জারি করা হয়।

ইমরান খান আদালতের কাছে নোটিশটি বাতিল করার আবেদন করেছেন। একই সঙ্গে তার আবেদনের শুনানি চলাকালীন এর কার্যকারিতা ও বাস্তবায়নের ওপর অবিলম্বে স্থগিতাদেশ দেওয়া হয়। তিনি এই নোটিশটি ‘অসৎ উদ্দেশ্যপ্রণোদিত’ বলে বর্ণনা করেছেন। তিনি এও বলেন,  এর মাধ্যমে ‘স্বৈরাচারী ও চরম অসামঞ্জস্যপূর্ণ ক্ষমতার অপব্যবহার’ করা হয়েছে। অভিনেতা আরও অভিযোগ করেছেন, এই পদক্ষেপটি কেবল তার ব্যক্তিগত ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; বরং এটি যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় প্রবাসীদের মধ্যে ‘ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া’ (ওসিআই) বা ‘বিদেশি ভারতীয় নাগরিক’ মর্যাদার নিশ্চয়তা নিয়ে আস্থার সংকট তৈরি করতে পারে।

আবেদনে আরও যুক্তি দেওয়া হয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কোনো বিদেশি নাগরিককে দেশ থেকে বের করে দেওয়া হলে, সংশ্লিষ্ট ব্যক্তির নিজ দেশের জন্যও তা উদ্বেগের কারণ হতে পারে। যুক্তরাষ্ট্রের নাগরিক ইমরান খান। তিনি জানিয়েছেন, দুই বছর বয়স থেকেই ভারতে বসবাস করছেন। তিনি দাবি করেছেন, তার ওসিআই নিবন্ধনের ফলে ভারতে বসবাসের আইনি অধিকার রয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া তাকে বহিষ্কার করা যায় না। এছাড়া, আবেদনে সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের অধীনে তার মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে।

তার যুক্তি, প্রতিবাদ কর্মসূচি বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তা স্থানীয় পুলিশের সিদ্ধান্ত ছিল এবং জায়গাটি কেন্দ্রীয় সরকারের ঘোষিত কোনো নিষিদ্ধ এলাকা ছিল না। আবেদনপত্র অনুযায়ী, খান যখন তার গাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন, তখন সংবাদকর্মীরা তাকে ঘিরে ধরলে পুলিশ তাকে আটক করে। তিনি জানিয়েছেন, এই প্রতিবাদ আয়োজনের সঙ্গে যুক্ত কোনো সংগঠনের সঙ্গে তার কোনো সম্পর্ক বা সম্পৃক্ততা নেই। তিনি আরও অভিযোগ করেন, কর্তৃপক্ষ এই ঘটনার সঙ্গে সম্পর্কিত সিসিটিভি ফুটেজটিকে উপেক্ষা করেছে।

এদিকে ইমরান খানকে ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। নোটিশে সতর্ক করা হয়েছে, যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে কোনো ব্যাখ্যা না দেন, তবে কর্তৃপক্ষ ধরে নেবে যে তার কিছু বলার নেই এবং তারা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে। এর আগে ১০ অক্টোবর মুম্বাই পুলিশ খানকে আটক করে। তিনি তখন আগস্ট ক্রান্তি ময়দানের কাছাকাছি ছিলেন, যেখানে বিক্ষোভকারীরা নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছিলেন। নির্বাচন কমিশন এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে। পুলিশের দায়ের করা এফআইআর-এর ভিত্তিতে, এফআরআরও গত ১৪ অক্টোবর তাকে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ (ভারত ছাড়ার নোটিশ) জারি করে।

এমজেডএম লিগ্যাল-এর আইনজীবী জুলফিকার মেমন, পারভেজ মেমন এবং চিরাগ নায়েক সোমবার প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এই বিষয়ে জরুরি শুনানির আবেদন জানাবেন বলে আশা করা হচ্ছে। আদালতের কাছে অনুরোধ জানানো হয়েছে, যেন তারা এই নোটিশের বিরুদ্ধে খানের চ্যালেঞ্জ এবং তার অবিলম্বে স্থগিতাদেশের আবেদনটি বিবেচনা করে।




টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার ৩, ছিল বড়সড় হামলার ছক

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজস্থানের কোটা রেলস্টেশন থেকে ট্রেনে তাদের আটক করা হয়। তদন্তকারীদের সন্দেহ, অভিনেতার গতিবিধির ওপর নজর রেখে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছিল। অভিযুক্তদের সঙ্গে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর যোগসূত্র রয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে।

এনডিটিভি প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে দুজন হরিয়ানার এবং একজন বিহারের বাসিন্দা। তাদের মধ্যে একজন ১৭ বছর বয়সী কিশোর। অন্য দুজনের একজন বিহারের বেগুসরাইয়ের ২২ বছর বয়সী হৃতিক কুমার ওরফে রোশন, যিনি মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমে থাকতেন এবং মোটরসাইকেলে যাত্রী পরিবহনের কাজ করতেন। অপরজন হরিয়ানার সোনিপতের ১৮ বছর বয়সী রেহান।

মুম্বাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজস্থানের অপরাধ দমনকারী বিশেষ বাহিনী ও কোটা সিটি পুলিশের যৌথ দল পুনে-জয়পুর এক্সপ্রেস থেকে তাদের গ্রেফতার করে। অভিযোগ, তাদের মধ্যে দুজন সরাসরি গুলি চালানোর সঙ্গে জড়িত ছিলেন এবং অন্যজন হামলার পর পালিয়ে যেতে সহায়তা করেছিলেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, টাইগার শ্রফের নিয়মিত চলাফেরা সম্পর্কে আগেই খোঁজখবর নিয়েছিল হামলাকারীরা। অভিনেতা প্রতি রোববার মুম্বাইয়ের জুহু এলাকার একটি ফুটবল মাঠে যেতেন। তার এই নিয়মিত অভ্যাসের সুযোগ নিয়েই হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে সন্দেহ তদন্তকারীদের।

অভিযোগ অনুযায়ী, ফুটবল মাঠ থেকে গাড়িতে করে ফেরার সময় টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে হামলাকারীরা এসভি সড়ক ধরে ভিলে পার্লে ও আন্ধেরি হয়ে পালিয়ে যায়। আন্ধেরি পশ্চিম রেলস্টেশনের কাছে মোটরসাইকেল ফেলে তারা ট্রেনে চড়ে বোরিভালির দিকে চলে যায় বলে তদন্তে উঠে এসেছে।

এদিকে, টাইগার শ্রফের ওপর গুলির ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। রবিবার গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতার বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। পাশাপাশি অভিনেতার পরিবারের সঙ্গে কথা বলে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেন।

শিন্ডে বলেন, মুম্বাইয়ে অপরাধী চক্রের তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া না। অতীতে যেভাবে অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল, প্রয়োজনে আবারও একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে, রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় অজ্ঞাতপরিচয় হামলাকারীরা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় ৩৬ বছর বয়সী অভিনেতা অক্ষত থাকলেও তার গাড়িচালকসহ দুজন আহত হন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে লরেন্স বিষ্ণোই গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে বলে খবর প্রকাশিত হয়। তবে পোস্টটির সত্যতা এবং হামলার সঙ্গে ওই গোষ্ঠীর প্রকৃত সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত করেনি পুলিশ।

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বলিউডে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অভিনেতাকে লক্ষ্য করে গুলি চালানোর পেছনে কারা রয়েছে, কী উদ্দেশে এই হামলা এবং এর নেপথ্যে আরও বড় কোনো পরিকল্পনা ছিল কি না- তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলো।




৫০০ কোটির ক্লাবে রজনীকান্তের নতুন সিনেমা

বিনোদন ডেস্কঃ দক্ষিণী চলচ্চিত্রের মহানায়ক রজনীকান্তের অ্যাকশনধর্মী বিনোদনমূলক চলচ্চিত্র ‘জেলার ২’ মুক্তি পাওয়ার পর থেকেই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। প্রথম উইকেন্ড জুড়ে ছবিটির আয় উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে এবং গত রোববার (১৮ অক্টোবর) বিশ্বব্যাপী এর বক্স অফিস কালেকশনে এক বিশাল লাফ দেখা গেছে। মুক্তির চতুর্থ দিন শেষে রজনীকান্ত অভিনীত এই সিক্যুয়েলটি ৪২৪ কোটি টাকার বেশি আয় করে ৫০০ কোটি রুপি আয়ের মাইলফলকের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

বক্স অফিস ট্র্যাকিং সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির চতুর্থ দিনে অর্থাৎ রবিবারে ভারতে ছবিটির নেট আয় ছিল ৫৫.৮৫ কোটি টাকা। এর মাধ্যমে ভারতে প্রথম চার দিনে ছবিটির মোট নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে ১৯৯.৯০ কোটি টাকায় এবং দেশীয় গ্রস আয়ের পরিমাণ হয়েছে ২৩৪.২৫ কোটি টাকা। গত রোববার ভারতের ১৫,৪৭৩টি শো জুড়ে ছবিটির সামগ্রিক প্রেক্ষাগৃহ উপস্থিতি বা অকুপেন্সি ছিল প্রায় ৬২ শতাংশ। শনিবারের সংগৃহীত ৪৭.২৫ কোটি টাকার তুলনায় রবিবারের আয় প্রায় ১৮.২ শতাংশ বৃদ্ধি পায়।

মুক্তির দিন থেকে ধারাবাহিক কালেকশন বিশ্লেষণ করলে দেখা যায়, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে সশব্দে আত্মপ্রকাশ করে ‘জেলর ২’। প্রথম দিনে ১৬,৫৯৯টি শো থেকে এর নেট আয় ছিল ৫৯.৭০ কোটি টাকা এবং প্রথম দিনের গড় অকুপেন্সি ছিল ৫৫.৪ শতাংশ। দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবারে আয়ের পারদ কিছুটা নেমে ৩৭.১০ কোটি টাকায় ঠেকে, যেখানে শো সংখ্যা ছিল ১৩,১৫৭টি এবং অকুপেন্সি ছিল ৪৮.২ শতাংশ। তবে প্রথম উইকেন্ড আসতেই ঘুরে দাঁড়ায় ছবিটি। শনিবার ১৪,৬০৪টি শো-তে ছবিটির নেট সংগ্রহ দাঁড়ায় ৪৭.২৫ কোটি টাকা (অকুপেন্সি ৫৩.৯%) এবং রবিবারে তা বেড়ে ৫৫.৮৫ কোটি টাকায় পৌঁছে যায়। শুধু চতুর্থ দিনেই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে ৩৬,৮৭,২৬৯ জন দর্শকের সমাগম ঘটে।

ভাষাগত কালেকশনের দিক থেকে রবিবারও শীর্ষে ছিল তামিল সংস্করণটি। ৮১৭৩টি শো থেকে তামিল ভার্সনে ছবিটির নেট আয় এসেছে ৩৯.৯৫ কোটি টাকা, যার প্রেক্ষাগৃহ উপস্থিতি ছিল ৮০ শতাংশের মতো। অন্যদিকে, ২২৩৪টি শো থেকে তেলুগু সংস্করণ আয় করেছে ৯.৫০ কোটি টাকা (অকুপেন্সি ৬৪.৩%), ৪৯০২টি শো থেকে হিন্দি সংস্করণ তুলে নিয়েছে ৫.৭৫ কোটি টাকা (অকুপেন্সি ৩১%) এবং ১৬৪টি শো থেকে কন্নড় ভার্সনের সংগ্রহ ছিল ৬৫ লাখ টাকা (অকুপেন্সি ৬১%)। বিস্তারিত বিশ্লেষণে দেখা যায়, তামিল ২ডি শো-এর ক্ষেত্রে সার্বিক উপস্থিতি ছিল ৮২.৫৮ শতাংশ। এর মধ্যে সকালের শো-তে ৬৭.০৮ শতাংশ এবং দুপুর, বিকেল ও রাতের শোগুলোতে উপস্থিতি ছিল যথাক্রমে ৮৭.০৮, ৮৮.৭৭ এবং ৮৭.৩৮ শতাংশ। অন্যদিকে হিন্দি ভার্সনে ৪৪.৪০ শতাংশ সামগ্রিক অকুপেন্সির মধ্যে সকালে ২৮.৫৮, দুপুরে ৪৯.৮৩, বিকেলে ৪৭.৮৩ এবং রাতে ৪৬ শতাংশ দর্শক উপস্থিতি রেকর্ড করা হয়। তেলুগু সংস্করণে ৬১.৮১ শতাংশ সামগ্রিক অকুপেন্সির ক্ষেত্রে সকালে ৪১.৯২, দুপুরে ৭০.৫৮, বিকেলে৭১.৮৩ এবং রাতে ৬২.৯২ শতাংশ দর্শক ছিল।

দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ‘জেলার ২’-এর আধিপত্য বজায় রয়েছে। কেবল রবিবারেই বিদেশের বাজার থেকে আয় হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। এর ফলে চার দিন শেষে আন্তর্জাতিক বাজারে ছবিটির মোট গ্রস কালেকশন দাঁড়াল ১৯০ কোটি টাকা। ভারতের বাজারে প্রাপ্ত ২৩৪.২৫ কোটি টাকার গ্রস আয় এবং আন্তর্জাতিক বাজারের ১৯০ কোটি টাকা মিলে বিশ্বজুড়ে চার দিনেই ছবিটি তুলে নিয়েছে মোট ৪২৪.২৫ কোটি টাকা।




মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি

ইসলামিক ডেস্কঃ মহানবী মুহাম্মদ (সা.) শুধু সব নবী ও রাসুলের মধ্যে শ্রেষ্ঠ নন; বরং গোটা সৃষ্টির মধ্যেও তিনি সর্বাধিক মর্যাদাশীল এবং আল্লাহর কাছে সম্মানিত। এখানে তাঁর শ্রেষ্ঠত্বের কিছু প্রমাণ সংক্ষেপে উল্লেখ করা হলো—

১. সৃষ্টিজগতের জন্য রহমতস্বরূপ : আল্লাহ তাআলা বলেন, ‘আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমতস্বরূপই প্রেরণ করেছি।’
(সুরা : আল-আম্বিয়া, আয়াত : ১০৭)। মহানবী (সা.) সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন, এতে তাঁর মর্যাদা ও শ্রেষ্ঠত্ব প্রকাশ পায়।

২. নাম, সম্মান ও স্মরণে অমর : আল্লাহ তাআলা বলেন, ‘আমি আপনার মর্যাদা ও স্মরণকে সমুন্নত করেছি।’ (সুরা : আশ-শরহ/আলাম নাশরাহ লাকা, আয়াত : ৪)। এর একটি প্রকাশ হলো আল্লাহ তাঁর নামকে নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন। শাহাদাত, আজান, ইকামত ও তাশাহহুদের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে আল্লাহর নামের সঙ্গে মহানবী (সা.)-এর নাম উচ্চারিত হয়।

৩. আল্লাহ তাআলা নবীজির আনুগত্যকে নিজের আনুগত্যের সঙ্গে যুক্ত করেছেন : আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি রাসুলের আনুগত্য করল, সে প্রকৃত পক্ষে আল্লাহরই আনুগত্য করল।’ (সুরা : আন-নিসা, আয়াত : ৮০)। এবং তাঁর হাতে বায়াতকে আল্লাহ নিজের হাতে বায়াতের সঙ্গে যুক্ত করে বলেছেন, ‘নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত গ্রহণ করে, তারা তো আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে।’ (সুরা : আল-ফাতহ, আয়াত : ১০)

৪. স্থায়ী মুজিজা লাভ : পূর্ববর্তী অনেক নবীর মুজিজা ছিল নির্দিষ্ট সময়ে সংঘটিত দৃশ্যমান ঘটনা, যা পরবর্তী সময়ে প্রত্যক্ষভাবে বিদ্যমান থাকেনি। পক্ষান্তরে মহানবী (সা.)-এর সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন আজও বিদ্যমান এবং কিয়ামত পর্যন্ত থাকবে। অতএব, তাঁর মুজিজা এমন একটি স্থায়ী নিদর্শন, যা প্রত্যেক যুগের মানুষ প্রত্যক্ষ করতে পারে এবং যার চ্যালেঞ্জ আজও বহাল রয়েছে।

৫. জিন ও ইনসানের নবী : তিনি সমগ্র মানব ও জিন জাতির প্রতি প্রেরিত হয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ‘আমি আপনাকে সমগ্র মানুষের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি।’ (সুরা : সাবা, আয়াত : ২৮)। পূর্ববর্তী অনেক নবী নির্দিষ্ট জাতি বা সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছিলেন। পক্ষান্তরে মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য প্রেরিত হয়েছেন। তাঁর দাওয়াতের ব্যাপ্তি তাই সর্বজনীন।

৬. তাঁর নিয়ে আসা ধর্ম সর্বশ্রেষ্ঠ দ্বীন : ইসলাম পূর্ববর্তী শরিয়তগুলোর বিধানকে পরবর্তী সময়ে রহিত করেছে এবং সর্বশেষ পূর্ণাঙ্গ শরিয়ত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহর কাছে দ্বীন হলো ইসলাম।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৯)।  অতএব, যে নবীর মাধ্যমে সর্বশেষ ও পূর্ণাঙ্গ শরিয়ত প্রতিষ্ঠিত হয়েছে, তাঁর বিশেষ মর্যাদা থাকা স্বাভাবিক।

৭. মুহাম্মদ (সা.)-এর উম্মত সর্বোত্তম উম্মত : আল্লাহ তাআলা বলেন, ‘তোমরাই সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো এবং আল্লাহর প্রতি ঈমান রাখ।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১১০)

এই উম্মত ঈমান, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ এবং আল্লাহর পথে মানুষকে আহ্বানের মাধ্যমে এই মর্যাদা লাভ করেছে। আর এই উম্মতের শ্রেষ্ঠত্ব মূলত নবীজির অনুসরণের ফল।

৮. তিনি কিয়ামতের দিন আদম সন্তানের নেতা হবেন : মহানবী (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন আদম এবং তাঁর পরবর্তী সবাকেই আমার পতাকার অধীনে থাকবে।’ (তিরমিজি, হাদিস : ৩৬১৫)

৯. তাঁকে বিশেষ কিছু বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে, যা অন্য কাউকে দেওয়া হয়নি : মহানবী (সা.) বলেছেন, ‘আমাকে পাঁচটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, যা আমার আগে কাউকে দেওয়া হয়নি।’ (মুসনাদ আহমাদ, হাদিস : ২১৪৭২)

এর মধ্যে তিনি উল্লেখ করেন—তাঁকে সমগ্র মানবজাতির কাছে প্রেরণ করা হয়েছে, সমগ্র পৃথিবীকে তাঁর জন্য মসজিদ ও পবিত্রতার উপায় করা হয়েছে, এক মাসের দূরত্ব থেকেও শত্রুর অন্তরে ভয় সঞ্চার করে তাঁকে সাহায্য করা হয়েছে, তাঁর জন্য গনিমতের সম্পদ হালাল করা হয়েছে, তাঁকে শাফাআত প্রদান করা হয়েছে, যা তিনি তাঁর উম্মতের জন্য সংরক্ষণ করেছেন। এগুলো তাঁর বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্যের সুস্পষ্ট নিদর্শন।

১০. তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী : আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী।’ (সুরা : আল-কলম, আয়াত : ৪)

১১. তিনি নবুয়ত ভবনের শেষ ও পূর্ণ ইট : সহিহ বুখারি ও সহিহ মুসলিমে মহানবী (সা.) বলেছেন, ‘আমার এবং আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে একটি সুন্দর ও পূর্ণাঙ্গ ভবন নির্মাণ করেছে; কিন্তু তার এক কোণে একটি ইটের স্থান খালি রয়েছে। মানুষ ভবনটি দেখে বিস্মিত হয় এবং বলে—এই একটি ইট এখানে বসানো হলো না কেন? আমি সেই ইট।’ (বুখারি, হাদিস : ৩৫৩৫)

১২. মেরাজের রাতে তিনি সব নবীর ইমামতি করেন : মেরাজের রাতে মহানবী (সা.) বাইতুল মুকাদ্দাসে সমবেত নবীদের ইমামতি করেন। সহিহ মুসলিমে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে যে তিনি সেখানে মুসা (আ.), ঈসা (আ.) ও ইবরাহিম (আ.)-সহ অন্যান্য নবীকে দেখতে পান এবং নামাজের সময় তাঁদের ইমামতি করেন। এ ঘটনা তাঁর বিশেষ মর্যাদা ও নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।

১৩. কিয়ামতের দিন তিনি সর্বপ্রথম শাফাআতকারী ও সর্বপ্রথম সুপারিশকৃত : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন আমি আদম সন্তানের নেতা। আমিই সর্বপ্রথম ব্যক্তি, যার জন্য কবর বিদীর্ণ হবে; আমিই সর্বপ্রথম সুপারিশকারী এবং সর্বপ্রথম যার সুপারিশ গ্রহণ করা হবে।’

(তিরমিজি, হাদিস : ৩১৪৮)। এটি তাঁর কিয়ামতের দিনের সর্বোচ্চ মর্যাদা ও নেতৃত্বের অত্যন্ত স্পষ্ট প্রমাণ।

১৪. ইসরা ও মেরাজের মুজিজা : মহানবী (সা.)-এর ইসরা ও মেরাজ তাঁর বিশেষ মর্যাদার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এই ঘটনায় আল্লাহ তাআলা তাঁকে এমন বহু বিশেষ সম্মান ও নিদর্শন দান করেছেন, যা অন্য কোনো নবীর ক্ষেত্রে এভাবে একত্রিত হয়নি। ইসরা ও মেরাজের ঘটনায় তাঁকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হয়। তিনি আসমানসমূহ অতিক্রম করেন, বহু নবীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়, তিনি বায়তুল মুকাদ্দাসে নবীদের ইমামতি করেন এবং আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য সালাতের বিধান লাভ করেন। এ ঘটনা তাঁর বিশেষ মর্যাদা ও আল্লাহর নৈকট্যের একটি অনন্য নিদর্শন।

১৫. তাঁর ওপর দরুদ পাঠ করাকে ইবাদত ও নৈকট্যের মাধ্যম করা হয়েছে : এটি তাঁর বিশেষ মর্যাদার এক অসাধারণ নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর ওপর দরুদ পাঠ করেন। হে মুমিনগণ! তোমরাও তাঁর ওপর দরুদ ও সালাম পাঠ করো।’ (সুরা : আল-আহজাব, আয়াত : ৫৬)। অর্থাৎ আল্লাহ নিজে তাঁর ওপর রহমত ও সম্মান বর্ষণ করেন, ফেরেশতারাও তাঁর জন্য দোয়া করেন এবং মুমিনদেরও তাঁর ওপর দরুদ ও সালাম পাঠের নির্দেশ দেওয়া হয়েছে।

১৬. সব নবী-রাসুলের কাছ থেকে তাঁর প্রতি ঈমান ও সাহায্যের অঙ্গীকার গ্রহণ : আল্লাহ তাআলা বলেন, ‘আর স্মরণ করুন, যখন আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন—আমি তোমাদের কিতাব ও হিকমত যা কিছু দিয়েছি, অতঃপর তোমাদের কাছে এমন একজন রাসুল আসেন, যিনি তোমাদের কাছে যা আছে তার সত্যায়ন করেন, তখন অবশ্যই তোমরা তাঁর প্রতি ঈমান আনবে এবং তাঁকে সাহায্য করবে।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৮১)

এই আয়াত মহানবী (সা.)-এর বিশেষ মর্যাদার অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। কারণ পূর্ববর্তী নবীদের কাছ থেকে তাঁর আগমন সত্য বলে স্বীকার করা এবং তাঁকে সাহায্য করার অঙ্গীকার নেওয়া হয়েছে। এ ছাড়া মহানবী (সা.)-এর শ্রেষ্ঠত্বের আরো বহু প্রমাণ আছে।




ডেঙ্গুতে মৃত্যু সাড়ে তিনশ ছাড়াল

ডেঙ্গু ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু সাড়ে তিনশ ছাড়াল।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গুসংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন এবং ঢাকা উত্তর সিটি ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। তাদের প্রত্যেকেই নারী। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৫২ জন মারা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫১ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ২৫১ জনের।




ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা

খেলাধুলা ডেস্কঃ ভারতে নভেম্বরে  আসন্ন পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির জন্য ১৮ সদস্যের চূড়ান্ত জাতীয় দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)।

প্রাথমিক ক্যাম্পের নিবিড় অনুশীলন ও মূল্যায়নের পর অভিজ্ঞ এবং উদীয়মান তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে চূড়ান্ত দল গঠন করেছে টিম ম্যানেজমেন্ট। এশিয়ার শীর্ষ হকি দলগুলোর বিরুদ্ধে শক্তিশালী পারফরম্যান্স উপহার দেওয়াই এই দলের মূল লক্ষ্য।

১৮ সদস্যের চূড়ান্ত বাংলাদেশ হকি দল

আশরাফুল হক, বিপ্লব কুজুর, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, সোহানুর রহমান সবুজ, হোজাইফা হোসেন, রোমান সরকার, তৈয়ব আলী, খালেদ মাহমুদ রাকিন, আবদুল্লাহ, রকিবুল হাসান (রকি), পুষ্কর খিসা মিমো, ফরহাদ আহমেদ শিটুল, মাহবুব হোসেন, ওবায়দুল হোসেন জয়, আশরাফুল ইসলাম, আবেদ উদ্দিন ও রাসেল মাহমুদ (জিমি)।




মেসির উপহার পেয়ে স্বপ্নপূরণের অনুভূতি গিলবার্তো মোরার

খেলাধুলা ডেস্কঃ নিঃসন্দেহে ২০২৬ সালের অক্টোবর গিলবার্তো মোরার জীবনের অন্যতম স্মরণীয় মাস হয়ে উঠছে। বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি তাঁকে ‘মেসি +১০’ প্রচারণার অংশ হিসেবে বেছে নিয়েছেন। অ্যাডিডাসের এই বৈশ্বিক প্রচারণায় বিশ্বের বিভিন্ন প্রান্তের ১০ জন উদীয়মান ফুটবল প্রতিভাকে একত্র করা হয়েছে। এর মাধ্যমে আর্জেন্টাইন তারকার পছন্দের তরুণ প্রতিভাদের তালিকায় জায়গা পেয়েছেন মেক্সিকোর ক্লাব জোলোস দে তিহুয়ানার মিডফিল্ডার মোরা।

এই সম্মানের সঙ্গে ছিল বিশেষ একটি উপহার। তাঁকে দেওয়া হয়েছে অ্যাডিডাসের ‘ফুটবল ই ফামিলিয়া’ সংস্করণের এক জোড়া এফ৫০ ফুটবল বুট।

গোলাপি, সাদা ও কালো রঙের সমন্বয়ে তৈরি বুটটির জিব্বায় রয়েছে মেসির আনুষ্ঠানিক লোগো, যা তরুণ ফুটবলারটির কাছে উপহারটিকে আরও বিশেষ করে তুলেছে।

এই প্রচারণার জন্য নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত মেক্সিকান ক্লাব তিজুয়ানা জোলোর খেলোয়াড় মোরা ইনস্টাগ্রামে মেসি ও অ্যাডিডাসকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে এই সুযোগ তাঁর কাছে কতটা অর্থবহ, তা-ও তুলে ধরেছেন।

মোরা লিখেছেন, ‘মেসি +১০-এর অংশ হতে পারা সম্মানের বিষয়। আমাকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ @leomessi ও @adidasfootball। তোমার দেওয়া বুট পরে খেলা আমার স্বপ্ন পূরণের মতো হবে।’

এই স্বীকৃতি তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জনগুলোর একটি। এর মধ্যেই গত ১৪ অক্টোবর ১৮ বছরে পা রেখেছেন গিলবার্তো মোরা। বয়স ১৮ হওয়ায় তাঁর পেশাদার ফুটবল ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।

এর মধ্যে ইউরোপের কোনো ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে। মোরার ভবিষ্যৎ নিয়ে এমন সম্ভাবনায় উচ্ছ্বসিত তাঁর ভক্তরা।




স্ত্রী-কন্যাকে নিয়ে বেহালা প্লেয়ার্স কর্নারের পুজোয় সৌরভ, দিলেন সতর্কবার্তা

খেলাধুলা ডেস্কঃ মহা অষ্টমীতে নিজের পাড়ার দুর্গাপূজার মন্ডপে হাজির হন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। দক্ষিণ কলকাতার বেহালা প্লেয়ার্স কর্নারের দুর্গাপূজায় স্ত্রী ডোনা গাঙ্গুলি ও মেয়ে সানা গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন তিনি।

মণ্ডপে অষ্টমীর সন্ধিপূজায় অংশ নেন সৌরভ। ঠাকুরের সামনে প্রণাম করে আশীর্বাদ নেন। সৌরভকে কাছে পেয়ে ক্লাব কর্মকর্তাদেরও খুশি দেখা যায়।

সৌরভ বলেন, ‘এ বছর বাইরে বেরিয়ে পূজা দেখা হয়নি। পুজোর বাকি দিনগুলো নিজের বাড়িতেই থাকি। সময় পেলে নিজের পাড়ার পূজায় উপস্থিত থাকব।’

প্রতিমা দর্শনে গিয়ে চোর বাগানের মর্মান্তিক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু নিয়ে গভীর দুঃখপ্রকাশ করেন সৌরভ। পূজার ভিড়ে সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। ভিড়ের মধ্যে সাবধানে ও সতর্কতার সঙ্গে প্রতিমা দেখার পরামর্শ দেন।

অন্যদিকে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলি বলেন, ‘পূজায় যাতে সবাই ভালোভাবে সময় কাটায় সেই প্রার্থনা করব। ওপরওয়ালার কাছে আমি প্রার্থনা করব যে, সকলে যেন সুস্থ ও নিরাপদে থাকেন। চলতি বছরটা যাতে সবার ভালো কাটে।’




বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীদের মধ্যে সতর্ক অবস্থানের মধ্যেই বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। সোমবার (১৯ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি ও চলতি বছরের শেষ দিকে সুদের হারের সম্ভাব্য গতিপথও মূল্যায়ন করছেন বিনিয়োগকারীরা।

সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১টা ৪১ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৪ শতাংশ বেড়ে ৪ হাজার ১৮১ ডলার ৮৪ সেন্টে দাঁড়ায়। একই সময়ে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২০২ ডলার ৭০ সেন্টে পৌঁছায়।

এদিন আন্তর্জাতিক বাজারে তেলের দামও পাঁচ মাসের সর্বোচ্চ অবস্থান থেকে নেমে আসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও শুল্কে ছাড় দেওয়ার পর দেশটি থেকে জ্বালানি রপ্তানি বাড়তে পারে—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করেন। এতে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও উৎপাদক মূল্যসূচক (পিপিআই) প্রত্যাশার তুলনায় বেশি শক্তিশালী অবস্থানে ছিল। জ্বালানি, বিশেষ করে পেট্রলের দাম বৃদ্ধি এর অন্যতম কারণ। তবে তেলের দাম কমে আসায় মূল্যস্ফীতির চাপ নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, সপ্তাহের শুরুতে স্বর্ণের দামে সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। মূল্যস্ফীতির দৃষ্টিকোণ থেকে তেলের দাম কমে আসা স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, নিকট ভবিষ্যতে তেলের দাম ধারাবাহিকভাবে কমে আসা অথবা যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদহার স্পষ্টভাবে নিম্নমুখী হওয়া স্বর্ণের বাজারের জন্য ইতিবাচক পরিস্থিতি তৈরি করতে পারে। এতে মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ে উদ্বেগ কমতে পারে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা এখন যুক্তরাষ্ট্রের ফেডারেল ওপেন মার্কেট কমিটির সুদের হারসংক্রান্ত বৈঠক এবং আগামী সপ্তাহে প্রকাশিতব্য ব্যক্তিগত ভোগ ব্যয় (পিসিই) মূল্যসূচকের তথ্যের অপেক্ষায় রয়েছেন। মূল্যস্ফীতি দীর্ঘমেয়াদে ২ শতাংশে রাখার লক্ষ্যের সঙ্গে অর্থনীতির পরিস্থিতি কতটা সামঞ্জস্যপূর্ণ, তা মূল্যায়নে পিসিই মূল্যসূচককে গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে ব্যবহার করে ফেডারেল রিজার্ভ।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, চলতি মাসে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ১৫ শতাংশ এবং ডিসেম্বরে বাড়ানোর সম্ভাবনা ৮৯ শতাংশ ধরে হিসাব করছেন বাজারের ব্যবসায়ীরা।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে স্বর্ণ থেকে নিয়মিত সুদ বা আয় পাওয়া যায় না। ফলে সুদের হার বাড়লে সুদযুক্ত বিনিয়োগের তুলনায় স্বর্ণের আকর্ষণ কমতে পারে।

এদিকে মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরের মধ্যে অন্তত আরও একবার সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। শুক্রবার সংস্থাটি এ পূর্বাভাস দেয়।

স্বর্ণের পাশাপাশি সোমবার অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম প্রায় ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ ডলার ৫৩ সেন্টে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৬৫১ ডলার ৬৭ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ১২৭ ডলার ৫৯ সেন্টে পৌঁছেছে।




যে নিয়ম পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে একদিনের ক্রিকেট

খেলাধুলা ডেস্কঃ ওয়ানডে ক্রিকেটের শর্তাবলীতে একটি পরিবর্তনের ফলে রিভার্স সুইংয়ের মাত্রা বেড়ে গেছে, যা ইনিংসের শেষ ওভারগুলোতে ব্যাটিং করাকে আরও কঠিন করে তুলেছে। গত বছরের জুলাইয়ে প্রবর্তিত এই নিয়ম অনুযায়ী, ইনিংসের ৩৪ ওভার শেষে দুই প্রান্ত থেকে ব্যবহৃত দুটি সাদা বলের মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়ার সুযোগ পান অধিনায়ক, যা ইনিংসের বাকি সময়জুড়ে ব্যবহৃত হয়।

এর আগে পুরো ইনিংসে প্রতি প্রান্ত থেকে একটি করে দুটি নতুন বল ব্যবহার করা হতো। এই পরিবর্তনের উদ্দেশ্য ছিল ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনা। এতে বোলাররা রিভার্স সুইং করানোর আরও বেশি সুযোগ পান। রিভার্স সুইংয়ের ক্ষেত্রে পুরোনো বলটি বাতাসে অপ্রত্যাশিতভাবে দিক পরিবর্তন করে। এরই মধ্যে এই পরিবর্তনের প্রভাব দৃশ্যমান হতে শুরু করেছে। নিয়ম পরিবর্তনের পরবর্তী তথ্য অনুযায়ী, শেষ ১০ ওভারে ফাস্ট বোলারদের করা ফুল-লেংথ ডেলিভারিগুলোর অর্ধেকই এক ডিগ্রির বেশি সুইং করেছে; অথচ আগের ১৮ মাসে এই হার ছিল ৩৫ শতাংশ।

শেষ পাঁচ ওভারে পেস বোলারদের ইকোনমি রেট ৮.৪০ রান প্রতি ওভার থেকে কমে ৭.৯৫-এ নেমে এসেছে এবং তাদের বোলিং গড় ১৯.২ থেকে কমে ১৮.৩ হয়েছে। এই পরিবর্তনটি খেলার কৌশলেও প্রভাব ফেলেছে; ফাস্ট বোলাররা এখন পুরোনো বলের মুভমেন্টকে কাজে লাগাতে আগের চেয়ে অনেক বেশি ফুল-লেংথ ডেলিভারি ব্যবহার করছেন। হেডিংলিতে শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের পরাজয়ের পর, দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলের ক্রমবর্ধমান গুরুত্বের বিষয়টি তুলে ধরেন।

ম্যাককালাম তার খেলোয়াড়দের জানান, খেলার ধরন বদলে গেছে এবং এতে বল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শ্রীলঙ্কা যেভাবে পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়েছে, তা তাদের ১৬ রানের জয় নিশ্চিত করতে সাহায্য করেছে। পরিসংখ্যান থেকে বোঝা যায়, এই পরিবর্তনের প্রভাব সুদূরপ্রসারী; বেশ কয়েকটি আন্তর্জাতিক দল ইনিংসের শেষ পর্যায়ে (ডেথ ওভারে) রান তোলার গতি কমিয়ে ফেলেছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে এই সময়ে রান তোলার হার প্রতি ওভারে ২.৩৯ রান করে কমে গেছে।

বিবিসি স্পোর্টের সাংবাদিক ম্যাথিউ হেনরির মতে, এই পরিবর্তনের দৃশ্যমান প্রভাব পড়েছে। শেষ ১০ ওভারে ফাস্ট বোলারদের করা ফুল-লেংথ ডেলিভারিগুলোর অর্ধেকই এক ডিগ্রির বেশি সুইং করেছে। তিনি জানিয়েছেন, যদি রিভার্স সুইং বেড়ে যায়, তবে দলগুলোকে ইনিংসের শেষ দিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ের ওপর নির্ভর না করে শুরুর দিকেই বেশি রান তোলার কৌশল নিতে হতে পারে।

তবে এই নিয়মের অর্থ এই নয়, ব্যাটিং সব ক্ষেত্রেই অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। দলগুলোকে তাদের কৌশল মানিয়ে নিতে হবে, বিশেষ করে প্রথম ৩৪ ওভারের মধ্যে, যখন উভয় বলই ব্যবহারের মধ্যে থাকে। সামনে ওয়ানডে বিশ্বকাপ আসায় পুরোনো বল সামলানোর সক্ষমতা ম্যাচ নির্ধারণের ক্ষেত্রে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এর উদ্দেশ্য ছিল আক্রমণাত্মক ব্যাটিংয়ের বিপরীতে বোলারদের লড়াই করার আরও ভালো সুযোগ করে দেওয়ার পাশাপাশি প্রাথমিক লক্ষণগুলো থেকে বোঝা যাচ্ছে, এই পরিবর্তনটি সেই লক্ষ্য অর্জনে সফল হচ্ছে।

এই নিয়ম চালু হওয়ার পর থেকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো দলগুলোর ইনিংসের শেষ ওভারগুলোতে রান তোলার গতি কমে গেছে।