পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

ইশরাক হোসেন বলেন, আমি ইশরাক হোসেন ঢাকা-৬ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। গত ১২ ফেব্রুয়ারি তারিখ শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী আমাকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন। সেই অনুযায়ী দায়িত্ব পালন করে আসছি।

তিনি আরও বলেন, গত ২ দিন একটি বিষয় নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়ে আসছে। সেই বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে আজকের সংবাদ সম্মেলন।

ইশরাক হোসেন বলেন, আজকের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করি। সেখানে প্রধানমন্ত্রীকে বলেছি, আমি পদত্যাগ করতে চাই। আমার মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। আমার কারণে যেন আপনার এবং সরকারের কর্মকাণ্ড ম্লান না হয়।

এরআগে, সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেয়ার কথা জানান ইশরাক হোসেন।

পদত্যাগ করলেও মাদকের বিরুদ্ধে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’




দুর্গাপূজার বার্তা সর্বজনীন, সকল সম্প্রদায়ের: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজাভী বলেছেন, বার বার ঘুরেফিরে আসে মায়ের আগমনে শারদীয় দুর্গাপূজা। সমাজের অসত্যকে বিনাশ করে সত্য, ন্যায় প্রতিষ্ঠা করাই দুর্গাপূজার মূল মর্মবাণী।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজা পরিদর্শন শেষে উপস্থিত দর্শনার্থী ও সনাতন ধর্মের ভক্তবৃন্দের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দুর্গাপূজা যে বার্তাটি দেয় সেটি সর্বজনীন, একক কোন ধর্ম সম্প্রদায়ের নয়। প্রত্যেক ধর্মসম্প্রদায়ের মানুষের জন্য, মানব জীবনের জন্য এই বার্তা।

এ সময় রুহুল কবির রিজাভী আরও বলেন, উৎসব সকল সীমারেখা অতিক্রম করতে শেখায় ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। উৎসবের সর্বজনীন যে তাগিদ, সেখানে অন্যান্য ধর্মের মানুষও আনন্দবোধ করেন।

তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেক নাগরিকের অধিকারের সুরক্ষা দেওয়া। এই দুর্গাপূজা যেন নির্বিঘ্নে, শান্তিতে ও নিরাপত্তার সাথে উদযাপিত হয়, সেটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং রাষ্ট্র সেই দায়িত্বই পালন করছে।

তিনি আরও বলেন, এবারের হিন্দু সম্প্রদায়ের ভাইদের কাছ থেকে দুই দিনের ছুটির আবেদন করা হলেও সরকার এটিকে ৩ দিন করেছে। হিন্দু ভাইয়েরা এবার মোট ৫ দিন ছুটি উপভোগ করতে পারছেন। এছাড়া বিভিন্ন পূজামণ্ডপ মন্দিরে জন্য ৫ শত কেজি চাল বরাদ্দ থাকলেও সরকার এবার ৬ শত কেজি চাল বরাদ্দ দিয়েছে।

সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেক মন্দিরের পুরোহিত ও সেবায়েত সরকারের কাছ থেকে প্রতিমাসে সম্মানী পাবেন। সরকারের এই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ করছে।

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বাংলাদেশের অসাম্প্রদায়িক চরিত্র প্রসঙ্গে বলেন, বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য হলো, আমরা একের উৎসবে অন্য অংশগ্রহণ করেছি। আমাদের এই সুমহান ঐতিহ্যকে নিয়ে কেউ কেউ চক্রান্ত করতে পারে, ষড়যন্ত্র করতে পারে কিন্তু এদেশের ধর্মপ্রাণ মানুষ কখনোই এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিবে না।

এ সময় তিনি আরও বলেন, আমাদের লোকজ যে সাংস্কৃতিক ধারা, একসাথে সেখানে অংশগ্রহণ করেছি শত শত বছর ধরে। পূজা, ধর্ম বিশ্বাস যার যার তার তার কাছে রয়েছে। কিন্তু রাষ্ট্রের যে দায়িত্ব, প্রত্যেক নাগরিক যেন তার ধর্মীয় অধিকার প্রয়োগ করতে পারে সেটি তারেক রহমান নিশ্চিত করেছেন।




সংবাদ সম্মেলনে ইশরাক

মন্ত্রিসভা থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি।

এর আগে রবিবার রাতভর নানা নাটকীয়তার পর সোমবার সকালে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।

সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ ছাড়ার চূড়ান্ত ঘোষণা দেবেন।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, আজ (সোমবার) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।

এরই ধারাবাহিকতায় নির্ধারিত সময়ে জাতীয় প্রেসক্লাবে  উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন শুরু করেন ইশরাক।

এর আগে গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে। তার সঙ্গে ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল।

ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়।




আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘নির্বাচনের আগে নিশ্চয়ই বর্তমান বিরোধী দল ও জনগণের কাছে গিয়েছে। আমরাও গিয়েছি। জনগণই সিদ্ধান্ত নিয়েছে, আগামী পাঁচ বছর কারা রাষ্ট্র পরিচালনা করবেন। সে হিসেবে তারা হয়তো বিএনপিকে সরকারে বসিয়েছে। আবার বিরোধী দলকেও সেভাবে সমর্থন দিয়েছে। আমরা মনে করি আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে।’

সোমবার (১৯ অক্টোবর) সকালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময়  তিনি আধুনিকায়নকৃত ওসমানী উদ্যানেরও উদ্বোধন করেন।

বর্তমান বিরোধী দল শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা অবশ্যই সরকারের বিরোধিতা করবে। তবে তা হওয়া উচিত গঠনমূলক।’ তিনি অভিযোগ করেন, বিরোধী দল জুলাইকে ধারণ করে না। তাই আমন্ত্রণ পেয়েও ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেননি বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, ‘তাদের যদি আমাদের সঙ্গে একই মঞ্চে বসায় আপত্তি থাকে, চাইলে তো শহীদ পরিবারের সঙ্গেও বসতে পারতেন। অথচ তারা ভোট দেওয়ার কারণেই তো আমরা সরকারে, আর তারা বিরোধী দলে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।




দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

ডেস্ক নিউজঃ মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বিশেষ কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে জানিয়েছেন ইশরাক হোসেন। তিনি দাবি করেন, তার পদত্যাগের সিদ্ধান্ত দল চায়নি; বরং দলের ইচ্ছার বিরুদ্ধে তাকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে। পদত্যাগের পর মাদকের বিরুদ্ধে আরও আগ্রাসীভাবে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ইশরাক হোসেন।

তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযানটা করতে গিয়েই আজকের এই পরিস্থিতি। যেখানে আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি, দলের ইচ্ছার বিরুদ্ধে সেটা আমি বক্তব্যে বলবো।’

মাদকের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে ইশরাক আরও বলেন, ‘এখন তো আমি আরও অ্যাগ্রেসিভলি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। যুদ্ধ করবো আমি।’

ইশরাকের বক্তব্যে মাদকের বিরুদ্ধে অভিযানকে কেন্দ্র করে তার পদত্যাগের পরিস্থিতি তৈরি হওয়ার বিষয়টি উঠে এসেছে।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, এ সিদ্ধান্ত তার দলের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে পদত্যাগের পেছনে বিশেষ কারণ কী এবং এ বিষয়ে দলের সঙ্গে তার কী ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে, তা তিনি পরবর্তী বক্তব্যে বিস্তারিত জানাবেন বলে ইঙ্গিত দিয়েছেন।

এদিকে ইশরাকের পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়টিও নতুন করে সামনে এসেছে।

ইশরাকের বক্তব্য অনুযায়ী, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও মাদকের বিরুদ্ধে তার অবস্থানে কোনো পরিবর্তন আসছে না; বরং এ বিষয়ে আরও কঠোর ও আগ্রাসী ভূমিকা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।




রেলের মেগা প্রকল্পে অনিয়মের গুরুতর অভিযোগ, আল ফাত্তাহ ও সুবক্তগীনকে ঘিরে প্রশ্ন

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ রেলওয়ের একাধিক বড় উন্নয়ন প্রকল্পে দরপত্র মূল্যায়ন, প্রকল্পের ব্যয়, ঠিকাদার নির্বাচন, কেনাকাটা এবং সরকারি জমি ব্যবস্থাপনা নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। যমুনা রেলসেতু, কালুরঘাট রেল-কাম-রোড সেতু এবং সিডিআরপিসহ বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়ম, অডিট আপত্তি উপেক্ষা, অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা এবং রেলের জমি অবৈধভাবে দখলের মতো বিষয় সামনে এসেছে। এসব অভিযোগে রেলওয়ের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান এবং অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. সুবক্তগীনের নাম আলোচনায় এসেছে। অভিযোগগুলোর বিষয়ে স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে।

যমুনা রেলসেতু প্রকল্পে সবচেয়ে বড় আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের বিশেষ নিরীক্ষায় ৩৪টি আপত্তি তোলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব আপত্তির সঙ্গে প্রায় ৩ হাজার ৫৯৪ কোটি টাকার অনিয়মের বিষয় যুক্ত রয়েছে। অভিযোগ অনুযায়ী, দরপত্র মূল্যায়নের সময় কিছু প্রতিষ্ঠানের যোগ্যতা ও শর্ত পূরণের বিষয় নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও তাদের কাজ দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছিল। এ ক্ষেত্রে দরপত্রের মূল শর্ত পরিবর্তন এবং প্রকল্পসংশ্লিষ্ট প্রকৌশলীদের আপত্তি উপেক্ষা করার অভিযোগও রয়েছে।

প্রকল্পটির দর নির্ধারণ ও ব্যয় ব্যবস্থাপনা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। অভিযোগে বলা হয়েছে, প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানের হাতে লেখা একটি নোটের মাধ্যমে প্রাক্কলিত দর নির্ধারণে প্রভাব বিস্তার করা হয়েছিল। এ ছাড়া চুক্তির শর্ত যথাযথভাবে অনুসরণ না করে ঠিকাদারকে ১ হাজার ৭২৬ কোটি টাকার সুবিধা দেওয়া, বাজারদরের তুলনায় বেশি দামে মালামাল কিনে ১ হাজার ২২১ কোটি টাকা অতিরিক্ত ব্যয় এবং অনুমোদিত নকশা ছাড়াই ১২৭ কোটি টাকা খরচ দেখানোর অভিযোগ রয়েছে। প্রকল্প এলাকায় ক্যাফেটেরিয়া নির্মাণের জন্য ১১৩ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ের বিষয়টিও প্রশ্নের মুখে পড়েছে।

যমুনা রেলসেতু প্রকল্পে ব্যবহারের জন্য জাপান থেকে শুল্কমুক্ত সুবিধায় আনা কিছু গাড়ির অবস্থান নিয়েও নিরীক্ষায় প্রশ্ন তোলার কথা বলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, সরেজমিনে এসব গাড়ির হদিস পাওয়া যায়নি। গাড়িগুলো কোথায় রয়েছে, কারা ব্যবহার করেছে এবং প্রকল্পের কাজে সেগুলোর ব্যবহার নিশ্চিত করা হয়েছিল কি না—এসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। নিরীক্ষায় উত্থাপিত আপত্তি ও আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের কথাও উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রামের কালুরঘাট রেল-কাম-রোড সেতু প্রকল্পের পরামর্শক নিয়োগের ক্ষেত্রেও যোগ্যতা নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। প্রকল্পের আন্তর্জাতিক টিম লিডার পদে নিয়োগের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকার শর্ত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। কিন্তু পরামর্শক প্রতিষ্ঠান স্যামবো-জেভির প্রস্তাবিত একজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কৃষি প্রকৌশলসংশ্লিষ্ট ছিল বলে দাবি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, মূল্যায়ন কমিটির চেয়ারম্যান হিসেবে আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান একটি চিঠির মাধ্যমে ওই ডিগ্রিকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সমমান হিসেবে বিবেচনার উদ্যোগ নিয়েছিলেন। এ ক্ষেত্রে নিয়োগের শর্ত যথাযথভাবে মানা হয়েছিল কি না, সংশ্লিষ্ট শিক্ষাগত সনদ ও মূল্যায়ন নথি যাচাই করে তা নির্ধারণ করা প্রয়োজন।

এই ঘটনায় মো. সুবক্তগীনের নামও এসেছে। তিনি রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে প্রকল্পটির বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রেখেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের ব্যয় বৃদ্ধি, ঠিকাদারদের বিল পরিশোধ এবং কাজের মান নিয়ে তাঁর বিরুদ্ধে অতীতেও অভিযোগ ওঠার দাবি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রকল্পটির প্রাথমিক ব্যয় ১ হাজার ৮৫২ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ১৮ হাজার ৩৪ কোটি টাকায় পৌঁছায়।

দোহাজারী-কক্সবাজার রেলপথ প্রকল্পের বিভিন্ন কাজের সঙ্গে তমা কনস্ট্রাকশনসহ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা নিয়েও অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, বিল ছাড়ের সময় কমিশন নেওয়া, কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই বিল অনুমোদন এবং ঠিকাদারদের বিশেষ সুবিধা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরও ম্যাক্স ও তমা গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে অর্থ লেনদেনের অভিযোগ অব্যাহত থাকার কথাও বলা হয়েছে।

রেলওয়ের আরেকটি প্রকল্পে ম্যাক্স গ্রুপের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামকে কাজ দেওয়ার উদ্যোগ নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ অনুযায়ী, দরপত্রের ITB 37.4 শর্তে WD-1 ও WD-2 নামের দুটি প্রধান চুক্তির কাজ পেতে দরদাতাদের সম্মিলিত বার্ষিক টার্নওভার কমপক্ষে ২২০ মিলিয়ন মার্কিন ডলার হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাক্সের ক্ষেত্রে এই পরিমাণ ২০৮ দশমিক ১৭ মিলিয়ন ডলার বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, নির্ধারিত আর্থিক সক্ষমতার শর্ত পূরণে প্রায় ১১ দশমিক ৮৩ মিলিয়ন ডলারের ঘাটতি থাকার অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, অন্যান্য দরদাতার ক্ষেত্রে ছোটখাটো কাগজপত্র বা পরীক্ষার প্রতিবেদনে ঘাটতি থাকলেও তাদের প্রস্তাব বাতিল করার নজির রয়েছে। অথচ ম্যাক্সের আর্থিক সক্ষমতার ঘাটতি থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটিকে কাজ দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল। এ ক্ষেত্রে প্রায় ১ হাজার ৪৬০ কোটি টাকা সাশ্রয়ের যুক্তি দেখিয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সম্মতি চাওয়ার জন্য একটি খসড়া প্রস্তাব তৈরির অভিযোগও উঠেছে। তবে প্রকৃত সাশ্রয়ের হিসাব, দরপত্রের শর্ত শিথিল করার বৈধতা এবং এডিবির কাছে প্রস্তাব পাঠানো বা অনুমোদনের বিষয়টি নথির মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন। আর্থিক সক্ষমতা যাচাই না করে কোনো প্রতিষ্ঠানকে বড় প্রকল্পের দায়িত্ব দেওয়া হলে প্রকল্পের সময়সীমা, কাজের মান এবং সরকারি অর্থের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।

প্রকল্পের বাইরেও রেলওয়ের সরকারি জমি ব্যবস্থাপনা নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। রেলওয়ের ওয়ে অ্যান্ড ওয়ার্কস ম্যানুয়ালের ২০৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, রেলের জমি রক্ষা এবং অবৈধ দখল প্রতিরোধে সংশ্লিষ্ট প্রকৌশলীদের দায়িত্ব রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। কিন্তু রাজধানীর খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় রেলের জমিতে অবৈধ স্থাপনা গড়ে ওঠার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে খিলগাঁও এলাকায় রেলের জমিতে ৫৬০টিরও বেশি স্থায়ী বাণিজ্যিক দোকান গড়ে ওঠার দাবি করা হয়েছে। স্থানীয় সূত্রের অভিযোগ, এসব স্থাপনা থেকে নিয়মিত অর্থ আদায় করা হয় এবং এর সঙ্গে প্রভাবশালী ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশ থাকতে পারে।

সরকারি জমি অবৈধভাবে দখল হয়ে থাকলে তা উদ্ধার, দখলদারদের পরিচয় শনাক্ত এবং জমি ব্যবহারের বিনিময়ে কোনো অর্থ লেনদেন হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বের করা প্রয়োজন। একই সঙ্গে জমিগুলো ইজারা দেওয়া হয়েছিল কি না, ইজারা থাকলে তা নিয়ম মেনে দেওয়া হয়েছে কি না এবং সরকারের রাজস্ব আদায়ের হিসাব ঠিক আছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার। কারণ রেলওয়ের জমি থেকে নিয়মিত রাজস্ব আদায় নিশ্চিত করা এবং অবৈধ দখল বন্ধ করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

এতগুলো অভিযোগের মধ্যেও আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান ও মো. সুবক্তগীনকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। রেলপথ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) এবং মো. সুবক্তগীনকে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদায়ন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগগুলোর তদন্ত শেষ হওয়ার আগে তাঁদের দায়িত্ব দেওয়া নিয়ে রেলওয়ের বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে। তবে পদায়ন নিজে কোনো অপরাধের প্রমাণ নয়; অভিযোগের ভিত্তিতে যথাযথ তদন্ত এবং প্রমাণের আলোকে সিদ্ধান্ত নেওয়াই গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, মেগা প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য মন্ত্রণালয়ের হাতে এসেছে। বিস্তারিত তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। তাঁর বক্তব্যের পূর্ণাঙ্গ বিবরণ ও বর্তমান তদন্তের অগ্রগতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত করা প্রয়োজন।

রেলওয়ের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে হলে শুধু অডিট আপত্তি উত্থাপন বা তদন্তের আশ্বাস দিলেই চলবে না। দরপত্র মূল্যায়ন, প্রকল্পের ব্যয় বৃদ্ধি, ঠিকাদারদের বিল পরিশোধ, কেনাকাটা, শুল্কমুক্ত গাড়ির ব্যবহার এবং সরকারি জমি দখলের অভিযোগগুলো আলাদাভাবে যাচাই করতে হবে। কোনো কর্মকর্তা বা ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং সরকারি অর্থের ক্ষতি হয়ে থাকলে তা উদ্ধারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করা গেলে রেলওয়ের প্রকল্প বাস্তবায়নে জবাবদিহি বাড়বে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধ করা সহজ হবে।




বিশ্বজিৎ হত্যা মামলার দ্রুত শুনানির জন্য আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের আবেদন

ডেস্ক নিউজঃ রাজধানীর পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলার দ্রুত শুনানি চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার (১৯ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে।

২০১৭ সালের ৬ আগস্ট বিশ্বজিৎ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া আট আসামির মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে হাইকোর্ট রায় দেন। রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয় এবং ছয় আসামির মৃত্যুদণ্ডের সাজা পরিবর্তন করা হয়।

মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদার। মৃত্যুদণ্ড থেকে খালাস পান সাইফুল ইসলাম ও কাইয়ুম মিঞা টিপু। অন্যদিকে মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন ও মীর মো. নূরে আলম লিমনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের সাজা থেকে খালাস পান এএইচএম কিবরিয়া ও গোলাম মোস্তফা। তবে রায়ের বিরুদ্ধে আপিল না করায় বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্য ১১ আসামির সাজা বহাল থাকে। তারা হলেন খন্দকার ইউনুস আলী, তারেক বিন জোহর, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশাররফ হোসেন।

২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১৩ সালের ৫ মার্চ ছাত্রলীগের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

একই বছরের ১৮ ডিসেম্বর বহুল আলোচিত এ হত্যা মামলায় ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম নিজামুল হক আট আসামিকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

পরে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিরা তাদের সাজা চ্যালেঞ্জ করে আপিল করেন।




সর্বজনীন পেনশন স্কিমের সর্বোচ্চ ১১.৭২ শতাংশ মুনাফা

ডেস্ক নিউজঃ সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকদের ২০২৫-২০২৬ অর্থবছরের বিনিয়োগ মুনাফা বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এ অর্থবছরে বিনিয়োগের বিপরীতে সর্বনিম্ন ১১.৬৮ শতাংশ থেকে সর্বোচ্চ ১১.৭২ শতাংশ মুনাফা অর্জিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) জাতীয় পেনশন কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বজনীন পেনশন স্কিমগুলোর আওতায় বিনিয়োগ করা অর্থের বিপরীতে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ২৮ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৮ টাকা ৮০ পয়সা মুনাফা অর্জিত হয়েছে। কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এ মুনাফা গ্রাহকদের মধ্যে বণ্টনের প্রস্তাব অনুমোদন করা হয়।

আইন ও বিধিমালা অনুযায়ী, প্রত্যেক গ্রাহকের জমার পরিমাণ ও জমার সময়কালের ভিত্তিতে অর্জিত মুনাফা তাঁদের নিজ নিজ পেনশন হিসাবে (করপাস হিসাবে) যোগ করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করা এবং গ্রাহকদের জমাকৃত অর্থের সর্বোচ্চ নিরাপত্তা ও যৌক্তিক মুনাফা নিশ্চিত করতে কর্তৃপক্ষ নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। মুনাফা বণ্টনের ফলে এ স্কিমের গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন এবং কার্যক্রম আরও গতিশীল হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট গ্রাহকদের পেনশন হিসাবে অর্জিত মুনাফার হিসাব যোগ করা হয়েছে।




দুপুর দুইটায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক

জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ দুপুর ২টায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এই বার্তা দেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী।

স্ট্যাটাসে ইশরাক লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’

আক্ষেপ নিয়ে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী লেখেন, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।’

পদত্যাগ করলেও মাদকের বিরুদ্ধে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’




ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী আধুনিকায়ন করা উদ্যান এবং এর প্রাঙ্গণে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন শেষে দীর্ঘদিন পর নগরবাসীর জন্য আজ খুলে দেওয়া হলো ঐতিহাসিক ওসমানী উদ্যান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান (মিল্টন)।