জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত : জুবাইদা রহমান

ডেস্ক নিউজ : জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত জিয়াউর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশীর্বাদ এবং তারেক রহমানের উদ্যোগ ও অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত এ সংগঠন মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, গত ২৭ বছরে মানবসেবার ছোট্ট চারাগাছ থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন আজ মহীরুহ হয়ে ওঠার পথে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে ফাউন্ডেশনের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই।

রবিবার রাতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সংগঠনটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘মানুষের জন্য মানুষ-একটু চেষ্টা, একটু উদ্যোগ’-এই সংকল্প নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সর্বত্র প্রতিটি মানুষের পাশে, মানুষের কাছে ফাউন্ডেশন সব সময় ছিল, আছে এবং থাকবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ‘আমি আশা করি, বিভিন্ন মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জিয়াউর রহমান ফাউন্ডেশন ভবিষ্যতে সারা বিশ্বে মানবতার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে, ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যরা অংশ নেন। এ ছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্যরাও উপস্থিত ছিলেন।




কঙ্গোতে ইবোলা সংক্রমণ ৯ হাজার ছাড়াল, মৃত্যু সাড়ে ৪ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা মহামারি নিয়ন্ত্রণের বাইরে ছড়িয়ে পড়ার উদ্বেগ বাড়ছে। দেশটির অষ্টম প্রদেশ নর্থ উবাঙ্গিতে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে। সেখানে আক্রান্ত দুজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। প্রতিবেশী দেশগুলোতেও সংক্রমণ ছড়িয়ে পড়ায় পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য কর্তৃপক্ষের ওপর চাপ বাড়ছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রোববার কঙ্গোর ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল রিসার্চ নর্থ উবাঙ্গিতে ইবোলা সংক্রমণের দুটি ঘটনা নিশ্চিত করে। এর আগে বৃহস্পতিবার স্থানীয় দুই স্বাস্থ্য কর্মকর্তা নতুন প্রদেশে সংক্রমণের তথ্য জানিয়েছিলেন। তবে তখনো সরকারিভাবে তা ঘোষণা করা হয়নি।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সীমান্তবর্তী নর্থ উবাঙ্গিতে সংক্রমণ ছড়িয়ে পড়ায় রোগটির বিস্তার ঠেকানো আরও কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন প্রদেশটিতে সংক্রমণ শনাক্ত হওয়ার আগে কঙ্গোর নর্থ কিভু, ইতুরি, হাউত-উয়েলে, তশোপো, সাউথ কিভু, বাস-উয়েলে ও সাউথ উবাঙ্গি প্রদেশে রোগটির উপস্থিতি পাওয়া যায়।

৯ হাজারের বেশি সংক্রমণ, মৃত্যু সাড়ে চার হাজার

কঙ্গোর সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদন অনুযায়ী, ১৬ অক্টোবর পর্যন্ত দেশটিতে মোট ৯ হাজার ৪১৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৩৬ জনের। চলতি বছরের মে মাসের মাঝামাঝি শুরু হওয়া এই প্রাদুর্ভাব ইতিমধ্যে কঙ্গোর ইতিহাসে সবচেয়ে বড় ইবোলা মহামারিতে পরিণত হয়েছে। সংক্রমণের ব্যাপকতা ও প্রাণহানির কারণে এটি বিশ্বে নথিভুক্ত ইবোলা প্রাদুর্ভাবগুলোর মধ্যেও অন্যতম বড়। দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশ এখনো সংক্রমণের প্রধান কেন্দ্র। ১৬ অক্টোবর শেষ হওয়া ২৪ ঘণ্টায় কঙ্গোতে শনাক্ত হওয়া নতুন ৬৭টি সংক্রমণের মধ্যে ৪৪টিই ছিল ইতুরিতে। একই সময়ে দেশটিতে নতুন করে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

সীমান্ত পেরিয়ে ছড়াচ্ছে সংক্রমণ

কঙ্গোর বাইরেও ইবোলা সংক্রমণ শনাক্ত হয়েছে। উগান্ডায় নতুন করে রোগটির উপস্থিতি পাওয়া গেছে। কেনিয়াতেও সংক্রমণ ছড়িয়েছে। ১৭ অক্টোবর পর্যন্ত কেনিয়ায় মোট সাতটি সংক্রমণ নিশ্চিত হওয়ার খবর জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। আক্রান্তদের মধ্যে প্রথম রোগীর চিকিৎসায় যুক্ত স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। কঙ্গো থেকে উগান্ডা হয়ে কেনিয়ায় যাওয়া এক ব্যক্তির শরীরে প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল। পরে ওই রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যেও সংক্রমণ ধরা পড়ে। ফলে সীমান্তবর্তী দেশগুলোতে নজরদারি, সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তকরণ এবং সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, কঙ্গোতে ইবোলা পরিস্থিতি এখনো গুরুতর। দেশটির সঙ্গে স্থলসীমান্ত রয়েছে এমন দেশগুলোর জন্য ঝুঁকি বেশি। তবে বৈশ্বিক পর্যায়ে ঝুঁকি তুলনামূলক কম বলে সংস্থাটির মূল্যায়ন।

বুন্দিবুগিও ধরনের ইবোলা নিয়ে উদ্বেগ

বর্তমান প্রাদুর্ভাবের জন্য দায়ী ইবোলা ভাইরাসের ধরনটি হলো বুন্দিবুগিও। এ ধরনের ইবোলার বিরুদ্ধে অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। তবে দ্রুত রোগ শনাক্ত, রোগীকে আলাদা রাখা, সংক্রমণ প্রতিরোধের নিয়ম মেনে চলা এবং উপসর্গ অনুযায়ী সহায়ক চিকিৎসা মৃত্যুঝুঁকি কমাতে পারে।

ইবোলা সাধারণত আক্রান্ত ব্যক্তির রক্ত বা অন্যান্য শারীরিক তরলের সরাসরি সংস্পর্শে কিংবা এসব তরলে দূষিত বস্তু ব্যবহারের মাধ্যমে ছড়ায়। তাই রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের দ্রুত শনাক্ত করা এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করা সংক্রমণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ।

কঙ্গোর চলমান প্রাদুর্ভাব মোকাবিলায় নতুন প্রদেশে সংক্রমণ শনাক্ত হওয়ার পর নজরদারি ও চিকিৎসাব্যবস্থা আরও জোরদার করা জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো না গেলে সীমান্ত পেরিয়ে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বাড়তে পারে।




কক্সবাজারে ৯০ শতাংশ আবাসনে নেই লাইসেন্স, অগ্নিনির্বাপণ ব্যবস্থা

ডেস্ক নিউজ : বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতকে কেন্দ্র করে কক্সবাজারে ক্রমেই বিস্তৃত হচ্ছে পর্যটনশিল্প। প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের সেবায় সৈকতসংলগ্ন এলাকায় গড়ে উঠেছে কয়েকশ বহুতল ভবন। শুধু কলাতলী থেকে লাবণী পর্যন্ত দুই-এক বর্গকিলোমিটার এলাকাতেই যেনতেনভাবে গড়ে উঠেছে প্রায় চার শতাধিক বহুতল ভবন। আর ৩২ দশমিক ৯০ বর্গকিলোমিটার আয়তনের এই শহরে ভবনের সংখ্যা আরও সাড়ে তিন হাজারের বেশি। নিয়ম অনুযায়ী, ভবন নির্মাণের আগেই নিরাপদ অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া এবং নকশা অনুমোদন করানো প্রয়োজন।

কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, পর্যটন জোন, মেরিন ড্রাইভের আশপাশ এবং শহরে গড়ে ওঠা প্রায় ৯০ শতাংশ ভবনেই পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও।

এ অবস্থায় হোটেল-মোটেলসহ চার হাজারেরও বেশি বহুতল ভবন এখন অগ্নিঝুঁকিতে রয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকেরাও নিরাপত্তাঝুঁকিতে রয়েছেন।

কোনো দুর্ঘটনা ঘটার পর ফায়ার সার্ভিস, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, অগ্নিনির্বাপণ ব্যবস্থা গ্রহণে জনসচেতনতা তৈরিতে কাজ চলছে।

এদিকে, শনিবার (১৭ অক্টোবর) কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ইনানীর পাটুয়ারটেকের টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ১০ জনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে প্রশাসন। শহর থেকে মেরিন ড্রাইভের প্রায় ৩৫ কিলোমিটার দূরে ইনানীর পাটুয়ারটেকে কাঠ ও বাঁশ দিয়ে গড়ে ওঠা টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টসহ শতাধিক রিসোর্ট ও কটেজ রয়েছে। পরিবেশবান্ধব উপকরণে নির্মিত এসব স্থাপনার অনেকগুলোরই নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। নেই ফায়ার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। এমনকি রিসোর্ট নির্মাণে নেওয়া হয়নি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদনও। ব্যবসা পরিচালনার জন্য জেলা প্রশাসনের ব্যবসা ও বাণিজ্য শাখা থেকেও নেওয়া হয়নি অনুমোদন। শুধু পাটুয়ারটেকের রিসোর্ট ও কটেজ নয়, প্রশাসনিক তদারকির অভাবে এভাবেই অনুমোদন ছাড়াই চলছে কক্সবাজার জেলার প্রায় ৫০০ হোটেল, মোটেল, কটেজ, রিসোর্ট ও রেস্তোরাঁ।

জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পরিবেশ অধিদপ্তর এবং হোটেল-মোটেল মালিক সমিতি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজার জেলা শহর, রামুর পেচারদ্বীপ ও উখিয়ার ইনানীসহ আশপাশের এলাকায় ছোট-বড় মিলিয়ে সহস্রাধিক হোটেল-মোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ রয়েছে। এসব প্রতিষ্ঠানের অধিকাংশই সংশ্লিষ্ট পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদ থেকে শুধু ট্রেড লাইসেন্স সংগ্রহ করে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

কক্সবাজার হোটেল-গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, ‘আমাদের সমিতির তালিকাভুক্ত প্রায় সব হোটেলেরই প্রয়োজনীয় অনুমোদন রয়েছে। তবে কক্সবাজারের বেশির ভাগ রিসোর্ট ও কটেজের অনুমোদন নেই। তারা কোনো নিয়মনীতি তোয়াক্কা করে না। যেসব হোটেল-গেস্ট হাউসের অনুমোদন নেই, তাদের আমরা সমিতির অন্তর্ভুক্ত করিনি। প্রশাসনের উচিত এসব প্রতিষ্ঠানকে একটি নিয়মের মধ্যে এনে পর্যটনশিল্পকে এগিয়ে নেওয়া।’

কক্সবাজারের হোটেল-মোটেল জোন ছাড়াও শহরের টেকপাড়া, নুরপাড়া, পেশকারপাড়া, ঝাউতলা, নতুন বাহারছড়া, বাহারছড়া, রুমালিয়ারছড়া, পাহাড়তলী, বইল্ল্যাপাড়া, ঘোনারপাড়া ও লাইট হাউস পাড়াসহ বিভিন্ন এলাকায় আবাসিক ভবনগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছে, যেখানে রাস্তা বলতে রয়েছে মাত্র কয়েক ফুট প্রশস্ত পথ। এসব পথ এতটাই সরু যে রিকশা চলাচল করাও কঠিন। আশপাশে নেই কোনো জলাশয়ও। এ অবস্থায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সহজেই আশপাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স শাখার ইন্সপেক্টর শফিকুল ইসলাম বলেন, ‘চলতি বছরে আমাদের কাছ থেকে মাত্র ৫০টি হোটেল লাইসেন্স নবায়ন করেছে। তবে আবেদন জমা পড়েছে সর্বোচ্চ ১০০টি। এর আগে প্রায় ২০০টি হোটেলের লাইসেন্স ছিল। এ কারণে আমরা অধিকাংশ হোটেলকে নোটিশ দিয়েছি।’

তিনি বলেন, জনবলসংকটের কারণে নিয়মিত অভিযান চালানো সম্ভব হয় না। এরপরও লাইসেন্স নেওয়ার জন্য মালিকদের নোটিশ পাঠানো হয়। তবে ট্রেড লাইসেন্স দেওয়ার সময় যদি ফায়ার লাইসেন্স আছে কি না, তা যাচাই করা হয়, তাহলে বেশির ভাগ স্থাপনার মালিকই লাইসেন্স সংগ্রহ করবেন।

তিনি আরও বলেন, ‘আমরা প্রায়ই বিভিন্ন বৈঠকে কক্সবাজারের হোটেল-মোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করি। কিন্তু ব্যবসায়ীরা সচেতন না হলে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব।’

তার মতে, ইনানীর দুর্ঘটনার শিকার রিসোর্টটিকে দুইবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা সতর্ক হয়নি, অগ্নিনির্বাপণ ব্যবস্থাও নেয়নি। ব্যবসায়ীদের সচেতন না হলে শুধু আইন প্রয়োগ করে দুর্ঘটনা রোধ করা অসম্ভব।

শুধু ফায়ার লাইসেন্স নয়, কক্সবাজারের অধিকাংশ হোটেল-মোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁয় পয়োবর্জ্য শোধনাগার বা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) নেই। এসব প্রতিষ্ঠানের অনেকেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেয়নি।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহমুদ মোর্শেদ বলেন, ‘জেলায় সর্বোচ্চ ৫০টি হোটেলের পরিবেশগত ছাড়পত্র রয়েছে। ছাড়পত্র না থাকার কারণে গত বছর ৫৮টি হোটেল-মোটেল, রেস্তোরাঁ, রিসোর্ট ও কটেজকে প্রায় দেড় কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে ইসিএ এলাকায় অবস্থিত শতাধিক হোটেলের বিরুদ্ধে ২৮টি মামলাও করা হয়।’

তিনি বলেন, সাধারণত ২০ কক্ষের কমসংখ্যক কক্ষবিশিষ্ট আবাসিক হোটেলের ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্র লাগে না। এ ছাড়া ৩০ লাখ টাকার কম ব্যয়ে চালু করা রেস্তোরাঁর ক্ষেত্রেও অনুমোদনের প্রয়োজন নেই। কিছু ব্যবসায়ী এই সুযোগটিই কৌশল হিসেবে ব্যবহার করছেন।

তথ্য বলছে, কক্সবাজারকে ঘিরে মাস্টারপ্ল্যান ঘোষণার আগে পৌর শহরে যেকোনো ভবন নির্মাণে পৌরসভার অনুমোদন নিতে হতো। সে সময় পরিবেশ অধিদপ্তর, গণপূর্ত, জনস্বাস্থ্য ও ফায়ার সার্ভিসসহ সেবা প্রদানকারী সংস্থাগুলোর অনুমোদন নেওয়া হতো না। অনুমোদন দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে বিল্ডিং কোড না মেনেই নিজেদের ইচ্ছেমতো ভবন নির্মাণ করেছেন ভূস্বামীরা। অনেকে তিন বা পাঁচতলা ভবনের অনুমোদন নিয়ে নির্মাণ করেছেন পাঁচ বা সাততলা ভবন। এভাবেই অপরিকল্পিত নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার শহর।

নগর পরিকল্পনাবিদেরা জানান, ২০০৮ সালে মাস্টারপ্ল্যানের কাজ শুরু হয়ে শেষ হয় ২০১১ সালে। ২০১৩ সালে গেজেট প্রকাশের আগপর্যন্ত ভবন নির্মাণে পৌরসভা থেকে অনুমোদন নেওয়া হতো। সে সময় মালিকেরা অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করেছেন। কেউই আইনের তোয়াক্কা করেননি। মাস্টারপ্ল্যান প্রণয়নের আগপর্যন্ত জেলায় ৫৮ হাজার ১৩টি স্থাপনার তথ্য ছিল। অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের মাশুল ভবনমালিকদের দিতে হতে পারে। তাই দুর্ঘটনা এড়াতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, কক্সবাজারের দুই শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজ অনুমোদনের জন্য আবেদন করেছে। এর মধ্যে প্রায় ৫০টি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র থাকায় তাদের অনুমোদন দেওয়া হয়েছে। বাকিদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে হোটেল জোনের একটি তারকা হোটেলের পরিচালক বলেন, ‘পাটুয়ারটেকের ঘটনাটি কক্সবাজারের জন্য অনভিপ্রেত এবং অত্যন্ত বেদনাদায়ক। সমস্যা হলো, এমন কোনো অঘটন ঘটলেই প্রশাসনের বিভিন্ন মহল নড়েচড়ে বসে। যাদের লাইসেন্স আছে বা যারা নিয়মকানুন কিছুটা হলেও মানে, তাদেরই চাপে রাখা হয়। কিন্তু যাদের কারণে পর্যটন খাতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে, তাদের নিয়মের মধ্যে আনতে উদ্যোগ নেওয়া হয় না। বরং ভয় দেখিয়ে সুবিধা আদায় করেই অনেকে খুশি হন। আইনকানুন ও নিয়মনীতি যেন শুধু তারকা মানের হোটেলগুলোর ওপরই চাপিয়ে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘এত নিয়মকানুন মেনে চলতে গিয়ে খরচও বেড়ে যায়। কিন্তু এমন অনেক তথাকথিত রিসোর্ট আছে, যারা এসবের ধার ধারে না। প্রশাসনও কখনো তাদের তদারকি করে না। যত তদারকি, সব যেন তারকা মানের হোটেলগুলোর জন্যই!’

তিনি বলেন, ‘আমরা নিজেদের স্বার্থে নিয়মকানুন মেনে চলব। তবে পর্যটনের স্বার্থে সবাইকে নিয়মের মধ্যে আনার উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছি।’

কক্সবাজার উন্নয়ন আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট ওয়াহিদ রুবেল বলেন, ‘দুর্ঘটনা ঘটলেই প্রশাসন নড়েচড়ে বসে, তদন্ত কমিটি গঠন করে। কিন্তু এর আগে তারা কোথায় থাকে? জেলায় কতগুলো আবাসিক প্রতিষ্ঠান রয়েছে, তার হিসাবও প্রশাসনের কাছে নেই! অথচ পর্যটন সেল, বিচ ম্যানেজমেন্ট কমিটিসহ কত ধরনের কমিটি রয়েছে। এসব কমিটির কাজ কী?’

কক্সবাজার ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম বলেন, ‘সরকারের উচিত প্রশাসনের বিরুদ্ধে তদন্ত করা। কীভাবে অনুমোদন ও ফায়ার লাইসেন্স ছাড়া এতগুলো প্রতিষ্ঠান দিনের পর দিন ব্যবসা করছে, তা তদন্ত করে দেখা উচিত।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, ভূমি বা ভবনমালিকেরা নিজেদের স্বার্থে পর্যাপ্ত জায়গা ও রাস্তা না রেখেই ইচ্ছেমতো ভবন নির্মাণ করেছেন। এখানে নিজেদের স্বার্থই প্রাধান্য পেয়েছে, ভবিষ্যৎ পরিকল্পনা গুরুত্ব পায়নি। রাস্তা সংকীর্ণ হওয়ায় দুর্ঘটনার সময় উদ্ধারকাজ পরিচালনা করাও কঠিন হয়ে পড়ে। এ ছাড়া আশপাশে নেই কোনো পুকুর, ডোবা কিংবা নালা, যা অত্যন্ত উদ্বেগজনক। কক্সবাজারে কয়েকটি হোটেল ছাড়া প্রায় ৯০ শতাংশ ভবনেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। যেসব ভবনে ব্যবস্থা রয়েছে, সেগুলোরও যথাযথ রক্ষণাবেক্ষণ করা হয় না। ফলে ঝুঁকি থেকেই যাচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজারের উপপরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ বলেন, ‘কক্সবাজারে ব্যাঙের ছাতার মতো হোটেল-রিসোর্ট গড়ে উঠছে। কতটি হোটেল বা আবাসন প্রতিষ্ঠান রয়েছে, তার সঠিক পরিসংখ্যান কোথাও নেই। তবু আমরা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সবাইকে নিরাপত্তার আওতায় আনার চেষ্টা করছি।’

কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে কোনো জরিপ হয়নি। মাস্টারপ্ল্যান হওয়ার পর বিষয়টি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) তদারকিতে রয়েছে। তবে জনস্বার্থে যেকোনো সিদ্ধান্ত নিতে পারে পৌরসভা।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান বলেন, ‘যেসব প্রতিষ্ঠানে অগ্নিনিরোধক দরজা নেই, স্মোক ডিটেক্টর অকেজো, ফায়ার এক্সটিংগুইশার অপর্যাপ্ত, হোটেলের আয়তন অনুযায়ী পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই কিংবা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চূড়ান্ত সনদ নেই, সেসব প্রতিষ্ঠানকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান প্রকৌশলী জসিম উদ্দিন জানান, মেরিন ড্রাইভ এলাকায় কয়েকশ প্রতিষ্ঠান থাকায় সেগুলোর অনুমোদন যাচাইয়ে সময় লাগছে। ইতিমধ্যে যাচাই করা আড়াই শতাধিক প্রতিষ্ঠানকে বৈধতা নিশ্চিত করতে নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে চূড়ান্ত নোটিশ দেওয়া হবে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হবে।

কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান অধিকাংশ হোটেল-গেস্ট হাউস, রিসোর্ট ও কটেজের অনুমোদন না থাকার বিষয়টি স্বীকার করে বলেন, ‘ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, পর্যটন করপোরেশন, কউক ও জেলা প্রশাসনের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশ অনুযায়ী পর্যটন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। এরপর সেখান থেকে যে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা আসবে, তা বাস্তবায়ন করা হবে।’




বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী ফিফা সভাপতি, জানালেন পরিকল্পনা

ক্রীড়া ডেস্ক : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, বাংলাদেশ ফুটবলপ্রেমীদের দেশ, এখানকার মানুষের প্রাপ্য ফুটবলকে আরও এগিয়ে নেওয়া। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে ফিফার।

রবিবার ঢাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের এ আশাবাদের কথা জানান তিনি। ইনফান্তিনো বলেন, বাংলাদেশের মানুষ ফুটবলকে ভালোবাসে। বিমানবন্দরে নামার পর থেকে মানুষের সঙ্গে কথা বলেই সেই আবেগ অনুভব করা যায়।

তিনি বলেন, আজ ঢাকায়, বাংলাদেশে আসতে পেরে আমি খুবই আনন্দিত। সুন্দর এই দেশটি আমার কাছে আরও গুরুত্বপূর্ণ, কারণ এটি ফুটবলের প্রতি দারুণ আবেগী একটি দেশ। এখানকার সবাই ফুটবল ভালোবাসে, খেলাটিকে ভালোবাসে। এখানে আসার পর প্রথম মুহূর্ত থেকেই তা অনুভব করা যায়।

বাফুফে সভাপতি ও তার বোর্ডের প্রশংসা করে ফিফা সভাপতি বলেন, বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বাফুফে সভাপতি ও তার দল দারুণ কাজ করছেন। বাংলাদেশের মানুষের এটাই প্রাপ্য। ছেলেদের ফুটবল, মেয়েদের ফুটবল, নারী ও পুরুষ খেলোয়াড়, স্কুলে বিনিয়োগ, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র ও পরিকল্পনা—এসব নিয়ে আমরা আলোচনা করেছি। বাংলাদেশের ফুটবলের জন্য এসব ভালো প্রকল্প বাস্তবায়ন করব।

বাংলাদেশের ফুটবলের আন্তর্জাতিক প্রভাবের উদাহরণ দিতে গিয়ে গত জুনে সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচের কথাও উল্লেখ করেন ইনফান্তিনো। তার ভাষ্য, ওই ম্যাচ দেখতে ইউরোপের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি সমর্থকেরা সান মারিনোতে গিয়েছিলেন। বাংলাদেশ ২-১ গোলে জেতার পর সেখানে বড় উদ্‌যাপন হয়েছিল।

ফিফা সভাপতি বলেন, এটি দেখায়, ফুটবল কীভাবে বিশ্বকে এক করে এবং সর্বত্র বড় প্রভাব ফেলে। বাংলাদেশে যারা ফুটবলের জন্য অসাধারণ কাজ করছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। সামনে আরও অনেক কিছু আসছে।




নতুন অধিনায়ক নাহিদাকে অভিনন্দন জানালেন জ্যোতি

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়েছেন নিগার সুলতানা জ্যোতি। তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন নাহিদা আক্তার। নতুন দায়িত্বের জন্য নাহিদাকে অভিনন্দন জানিয়ে তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জ্যোতি।

রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নতুন অধিনায়ককে অভিনন্দন জানিয়ে জ্যোতি লেখেন, ‘টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদাকে আন্তরিক অভিনন্দন।’

তিনি আরও লেখেন ‘নতুন এই দায়িত্বে তার জন্য রইলো অনেক শুভকামনা। আমি বিশ্বাস করি, সে নিজের সামর্থ্য ও নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলে আমাদের ভূমিকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের লাল-সবুজ পতাকার প্রতি আবেগ একই আছে, আমাদের লক্ষ্যও একই—বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’

নাহিদার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে জ্যোতি লেখেন, ‘একজন সতীর্থ হিসেবে নাহিদার পাশে আছি, থাকবো। দলের সাফল্যের জন্য আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব, তা করতে আমি সবসময় প্রস্তুত। আমরা একসঙ্গে অনেকটা পথ পাড়ি দিয়েছি। সামনে বাংলাদেশের জার্সিতে একসঙ্গে আরও অনেক সাফল্যের গল্প লিখতে চাই।’




বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

বিনোদন ডেস্ক : ভারতের মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলিচালনার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জুহুর পুষ্পা পার্ক এলাকায় একটি ফুটবল ভেন্যু থেকে বের হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে থাকা তিন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী এই গুলিবর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

সৌভাগ্যবশত এই ঘটনায় অভিনেতা টাইগার শ্রফ অক্ষত থাকলেও তার গাড়ির চালক ও এক অটোরিকশাচালক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জুহুতে ফুটবল খেলা শেষে ভেন্যু থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফকে একনজর দেখতে সেখানে ভক্তদের ব্যাপক ভিড় জমেছিল। ঠিক সেই মুহূর্তে বাইকে আসা তিন ব্যক্তি অতর্কিত গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই নড়েচড়ে বসে মুম্বই পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ। পুরো এলাকা ঘিরে রেখে জোরেশোরে তদন্ত শুরু করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুলির শব্দ শোনা যাচ্ছে—এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।

এদিকে এই গুলিচালনার ঘটনার পেছনে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত থাকতে পারে বলে জোরালো গুঞ্জন শুরু হয়েছে। গ্যাংটির সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত অনিল পণ্ডিতের একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে হামলার দায় স্বীকার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে টাইগার শ্রফকে তাদের ‘হিট লিস্টে’ রাখা হয়েছে বলে দাবি করা হয়। পাশাপাশি বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে টাইগারের ঘনিষ্ঠ সম্পর্ক ও কাজের প্রসঙ্গও সেখানে টানা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে সাইবার বিশেষজ্ঞরা বলছেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এসব পোস্ট বা ভিডিওর সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হামলার সঙ্গে সত্যিই কোনো অপরাধচক্র জড়িত কি না, তা নিয়ে পুলিশ গভীরভাবে তদন্ত করছে। সুনির্দিষ্ট প্রমাণ বা পুলিশি নিশ্চিতকরণের আগে এসব দাবিকে চূড়ান্ত সত্য হিসেবে দেখার কোনো অবকাশ নেই। উল্লেখ্য, এর আগে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের পক্ষ থেকে একাধিকবার অভিনেতা সালমান খানকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছিল। তবে টাইগার শ্রফের ওপর এই হামলার সঙ্গে সেই পুরোনো হুমকির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

বলিউডের জনপ্রিয় একজন অভিনেতাকে লক্ষ্য করে প্রকাশ্যে এমন হামলার ঘটনায় মহারাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দল কংগ্রেসের নেতা সচিন সাওয়ান্ত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাজ্যের বর্তমান নিরাপত্তাব্যবস্থা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, রাজ্যের মন্ত্রী আশিস শেলার পরিস্থিতি সামাল দিতে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অপরাধীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে মুম্বই পুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার পর থেকেই বলিপাড়ায় ও সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। টাইগার শ্রফ ব্যক্তিগতভাবে সুরক্ষিত থাকলেও তার গাড়ির চালক ও এক সাধারণ অটোরিকশাচালকের আহত হওয়ার বিষয়টি সবাইকে নাড়া দিয়েছে। হামলার প্রকৃত রহস্য উন্মোচন করতে পুলিশি অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।




ফায়ার সার্ভিসে ডিডি ছালেহ উদ্দিনের বিরুদ্ধে দৈনিক ১০ লাখ টাকা ঘুষের অভিযোগ

নিজেস্ব প্রতিনিধি: অগ্নিনিরাপত্তা ও জরুরি উদ্ধার সেবার দায়িত্বে থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা বিভাগে একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। বিভাগের উপপরিচালক (ডিডি) মো. ছালেহ উদ্দিনকে ঘিরে লাইসেন্স ও ফায়ার রিপোর্টে অর্থ আদায়, সরকারি কেনাকাটায় অনিয়ম, জ্বালানি ও বিভিন্ন বিল আটকে রাখা, অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক চাপের মধ্যে রাখা এবং বদলি-পদায়নে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।

অভিযোগের নতুন ও গুরুতর অংশ হলো, কথিতভাবে ঘুষের অর্থের হিসাব সরাসরি টাকায় না লিখে কোডের মাধ্যমে একটি ডায়েরিতে সংরক্ষণ করা হয়।

অভিযোগকারীদের দাবি, ডিডির পিএ হিসেবে পরিচিত জাকিরের কাছে থাকা কথিত ডায়েরিতে এসব হিসাব রাখা হয়। প্রতিটি কোডের আর্থিক মূল্য ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বলে দাবি করা হয়েছে। দিন শেষে হিসাব মিলিয়ে অর্থ সংগ্রহের অভিযোগও রয়েছে।

অভিযোগকারীদের আরও দাবি, সংগৃহীত অর্থের একটি অংশ বিশ্বস্ত ব্যক্তিদের মাধ্যমে ঢাকার তেজগাঁও এলাকায় ছালেহ উদ্দিনের বাসায় পৌঁছে দেওয়া হয়।

পদোন্নতি নিয়েও প্রশ্ন

ছালেহ উদ্দিনের পদোন্নতি নিয়েও অভিযোগকারীরা প্রশ্ন তুলেছেন। সরকারি গেজেট অনুযায়ী, তিনি সহকারী পরিচালক থেকে উপপরিচালক/সমমান পদে পদোন্নতি পেয়েছেন।

অভিযোগকারীদের দাবি, পদোন্নতির আগে তাঁর বিষয়ে গোয়েন্দা সংস্থার নেতিবাচক প্রতিবেদন ছিল এবং রাজনৈতিক সম্পৃক্ততার বিষয় উল্লেখ ছিল।

ঢাকা বিভাগে পদায়ন নিয়েও অর্থ লেনদেনের অভিযোগ

অভিযোগে দাবি করা হয়েছে, পদোন্নতির পর ঢাকা বিভাগের উপপরিচালক পদে আসতেও প্রভাবশালী মহলের মাধ্যমে তদবির ও অর্থ লেনদেন করা হয়েছে।

এ অভিযোগে অধিদপ্তরের মহাপরিচালকের ঘনিষ্ঠজন হিসেবে নুর উদ্দিন আনিসের নামও উল্লেখ করা হয়েছে।

লাইসেন্সে ‘রেট’, ফায়ার রিপোর্টে ৫% কমিশন

অভিযোগের অন্যতম প্রধান বিষয় হলো ফায়ার সার্ভিসের লাইসেন্স ও ফায়ার রিপোর্ট।

অভিযোগকারীদের দাবি, নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে প্রতি ১০ হাজার বর্গফুট ফ্লোর সংযোজনের জন্য ৫ হাজার টাকা এবং ফায়ার রিপোর্টের ক্ষেত্রে ৫ শতাংশ কমিশনের একটি অনানুষ্ঠানিক ব্যবস্থা রয়েছে।

আরও অভিযোগ, প্রত্যাশিত অর্থ না পেলে ফাইল আটকে রাখা হয় এবং সংশ্লিষ্ট রিপোর্টে স্বাক্ষর করতে গড়িমসি করা হয়।

অভিযোগকারীদের একজন দাবি করেছেন, এসব কার্যক্রমের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১০ লাখ টাকা পর্যন্ত অবৈধ অর্থ আদায় করা হয়।

কোডে টাকার হিসাব রাখার অভিযোগ

ঘুষ-বাণিজ্যের অভিযোগকে আরও গুরুতর করেছে কথিত ‘কোড হিসাবের’ বিষয়টি।

অভিযোগকারীদের ভাষ্য, টাকা আদায়ের হিসাব সরাসরি টাকার অঙ্কে না লিখে বিভিন্ন কোডে লেখা হয়। প্রতিটি কোডের মূল্য ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বলে দাবি করা হয়েছে।

পিএ জাকিরের কাছে থাকা একটি ডায়েরিতে এই হিসাব সংরক্ষিত হয় বলে অভিযোগ রয়েছে।

দিন শেষে টাকা ‘সেটেলমেন্ট’

অভিযোগে বলা হয়েছে, সারা দিনের কথিত অর্থ আদায়ের পর দিনের শেষে কোড অনুযায়ী হিসাব করা হয় এবং অর্থ বুঝে নেওয়া হয়।

আরও দাবি করা হয়েছে, বিশ্বস্ত ব্যক্তিদের কেউ কেউ গাড়িতে করে সংগৃহীত অর্থ তেজগাঁওয়ে ছালেহ উদ্দিনের বাসায় পৌঁছে দেন।

৪০–৫০ লাখ টাকার কেনাকাটায় অনিয়মের অভিযোগ

অভিযোগপত্রে ছালেহ উদ্দিনের দায়িত্বকালে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার কেনাকাটা নিয়মবহির্ভূতভাবে সম্পন্ন করার দাবি করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, জ্বালানি, বিদ্যুৎ, স্টেশনারি, গাড়ির পাম্পসহ বিভিন্ন খাতের অর্থ ব্যয়ের পরিবর্তে এসব ব্যয় ‘আসবাবপত্র’ ক্রয়ের মাধ্যমে দেখানো হয়েছে।

জ্বালানি ও বিল আটকে থাকার অভিযোগ

অভিযোগে বলা হয়েছে, ঢাকা বিভাগের কয়েকটি ফায়ার স্টেশনে জ্বালানি, বিদ্যুৎ, গাড়ির রেজিস্ট্রেশন এবং খাবারের বিল নিয়ে সমস্যা তৈরি হয়েছে।

বারিধারা ফায়ার স্টেশনের জ্বালানি সরবরাহ নিয়েও সংকটের কথা অভিযোগে উল্লেখ করা হয়েছে। ফিলিং স্টেশনগুলো জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি করা হয়েছে।

‘মাসোহারা’ না দিলে ছুটি বন্ধের অভিযোগ

অধীনস্থ সিনিয়র স্টেশন অফিসার ও ডিএডিদের কাছ থেকে নিয়মিত অর্থ না পেলে ছুটি আটকে দেওয়া বা প্রশাসনিক চাপ প্রয়োগের অভিযোগও রয়েছে।

সাম্প্রতিক সময়ে সিনিয়র স্টেশন অফিসারদের সাপ্তাহিক ছুটি নিয়েও অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে অভিযোগকারীদের দাবি।

বদলি ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ

ছালেহ উদ্দিনের বিরুদ্ধে অতীতে বদলি-বাণিজ্য ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগও ওঠার কথা অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তাঁর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে সহকারী পরিচালক আনিসের নামও এসেছে, যিনি আর্থিক লেনদেন পরিচালনায় ভূমিকা রাখেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে ডিডি ছালেহ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।




এক গ্রামে বিক্রি ১৫ কোটি টাকার সবজির চারা

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলার সমেশপুর। গ্রামের মাঠের পাশে ময়নামতি রেশম বোর্ডের অফিস। ৬০ এর দশকে রেশম বোর্ডে শ্রমিকরা দৈনিক বেতন পেতেন ৩-৫টাকা। গ্রামের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দৈনিক শ্রমিক হিসেবে ও চুক্তিতে রেশম কীট পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। এতে তাদের পরিবারে টানাটানি লেগেই থাকতো। সেই শ্রমিকদের পরিবারে সুদিন ফিরেছে। তারা মৌসুমে এখন গোনেন কয়েক লাখ টাকা। সমেশপুর গ্রাম থেকে গত মৌসুমে ১৫ কোটি টাকার বেশি সবজি চারা বিক্রি হয়েছে।

স্থানীয় ও কৃষি অফিসের সূত্র জানায়, সমেশপুর গ্রামে ৭০ বছর আগে ইউসুফ আলী নামের এক ব্যক্তি সবজির চারা উৎপাদন শুরু করেন। তার দেখাদেখি রেশম বোর্ডের শ্রমিকসহ অন্যান্যরা চারা উৎপাদনে আসেন। এখন গ্রামের শতাধিক পরিবার ২০ একর জমিতে চারা উৎপাদন করছেন। সেই চারা যাচ্ছে সারা দেশে। এই মৌসুমে বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ২০কোটি টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে তা আরো বাড়তে পারে।

সরেজমিন সমেশপুরে গিয়ে দেখা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়ক। মহাসড়ক লাগোয়া কুমিল্লা বড়িচং উপজেলায় ময়নামতি সাহেবের বাজার। বাজারের ডান পাশে ময়নামতি রাণীর বাংলো নামের প্র্ত্ন পর্যটন এলাকা। তার পাশ দিয়ে হাঁটা পথে উত্তরে গেলেই সমেশপুর সবজি চারার মাঠ।  সকাল থেকেই মাঠ জুড়ে চারা উৎপাদনের উৎসব। কেউ কোদাল হাতে জমি প্রস্তুত করছেন। কেউ চারায় পানি দিচ্ছেন। কেউ চারা তুলছেন,কেউবা চারা বিক্রির দরদাম করছেন। মাঠে চোখে পড়ে বাঁধাকপি,ফুলকপি, লাউ,মরিচ ও ক্যাপসিক্যামসহ বিভিন্ন সবজির চারা।

কৃষক ক্রেতার গাড়িতে চারা তুলে দিচ্ছেন। সবুজ চারা বিক্রি করে নিচ্ছেন নগদ টাকা। মাঠে নগদ টাকা পেয়ে তাদের শরীরের ক্লান্তি কেটে যায়, ঘর্মাক্ত মুখে চিক চিক করে উঠে খুশির আমেজ। সেখানে মাঠ তদারকি করতে দেখা যায়, উপজেলা কৃষি অফিসার আফরিণা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আতিকুর রহমান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইভা আক্তারকে। তারা কৃষকদের চারা উৎপাদনের সঠিক প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছেন।
৪০ বছর ধরে চারা উৎপাদন করেন আনোয়ার হোসেন। তিনি বলেন, আমরা রেশম বোর্ডের কীট পালন করতাম। এখানে প্রথম দিকে কেউ কেউ দৈনিক ৩টাকা কেউ ৫ টাকা মজুরি পেতেন। আমি অবশ্য আরো বেশি পেতাম। গ্রামে ইউসুফ আলী নামের একজন প্রথম চারা উৎপাদন করেন। তার দেখাদেখি আমরা শুরু করি। চারা উৎপাদন করে আমাদের গ্রামের অধিকাংশ পরিবার স্বাবলম্বী হয়েছেন।
চাষি সাইফুল ইসলাম বলেন, তিনি ২০বছর চারার ব্যবসা করেন। তাদের চারার মান ভালো হওয়ায় এখানে কুমিল্লা,চট্টগ্রাম,ব্রাহ্মণবাড়িয়া,চাঁদপুর,মুন্সীগঞ্জসহ বিভিন্ন জেলার ক্রেতারা আসেন। সার বীজের দাম কমলে আমাদের আরো লাভ ভালো হবে।

চট্টগ্রাম মীরেরশরাই উপজেলার গোপালনগর গ্রামের শাহ আলম এসেছেন চারা কিনতে। তিনি বলেন,এখানের চারার মান ভালো হওয়ায় এত দূর থেকে এখানে এসেছি। আজ থেকে এখান থেকে বাঁধাকপি ফুলকপির চারা কিনেছি। এখানে সাশ্রয়ী মূল্যে ভালো চারা পাওয়া যায়।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে এসেছেন নুর মোহাম্মদ। তিনি বলেন, সবজির চারার জন্য সমেশপুর আশপাশের গ্রাম প্রসিদ্ধ। আমরা চারজন একসাথে এখানে চারা কিনতে এসেছি। এখান থেকে ৩০ বছর ধরে চারা ক্রয় করছি। এবার ২৪ শতাংশ জমিতে চারা লাগাবো।

উপজেলা কৃষি অফিসার আফরিণা আক্তার বলেন, এই এলাকা ৩০বছর আগে এত সমৃদ্ধ ছিলো না। চারা উৎপাদন এখানে এখন শিল্প হয়ে দাঁড়িয়েছে। গত মৌসুমে তারা ১৫ কোটি টাকার চারা বিক্রি করেছেন বলে জানিয়েছেন, এবার তাদের লক্ষ্যমাত্রা ২০ কোটি টাকা। রেশম বোর্ডের অল্প আয়ের সেই শ্রমিকরা এখন লাখপতি। আমরা তাদের পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকি। এখানে জলাদ্ধতার কারণে কিছু উৎপাদন কমেছে। জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ করছি।




সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যায় প্রধান আসামি গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীম নামে এক যুবককে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ মামলায় তিনজনকে গ্রেফতার করা হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, ‘শনিবার রাত ১১টার দিকে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে শামীম হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এ মামলার দুজনকে গ্রেফতার করা হয়েছিল।’

ওসি এইচ এম শাহীন জানান, প্রধান আসামিসহ এ মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।




দোয়ার মরতবা অপরিসীম

ইসলামিক ডেস্কঃ আল্লাহ চান বান্দা তাঁর কাছে করুণা প্রার্থনা করুক। রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘দোয়াই হলো ইবাদত।’ (তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা)। আমলের দিক থেকেও দোয়া শ্রেষ্ঠতর। তিরমিজিতে আরও ইরশাদ হয়েছে, ‘আল্লাহর কাছে দোয়ার চেয়ে উত্তম কোনো আমল নেই।’ দয়ালু আল্লাহ চান বান্দা তাঁর কাছে আবেদন-নিবেদন করুক।

তবে দোয়া করার সময় দোয়ার আদবগুলো যাতে পালিত হয় সেদিকে নজর রাখতে হবে। দয়ালু আল্লাহর কাছে দোয়া করতে হলে খাস মনে করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রার্থনা বা মোনাজাত শোনা এবং কবুল করা পছন্দ করেন। সুরা আল আনয়ামের ৬৩-৬৪ আয়াতে বলা হয়েছে, ‘বলুন, কে তোমাদের ত্রাণ করেন যখন তোমরা স্থলভাগের ও সমুদ্রের বিপদে কাতরভাবে এবং গোপনে তাঁর কাছে অনুনয় করো এভাবে-আমাদের এ বিপদ থেকে উদ্ধার করলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। বলুন, আল্লাহই তোমাদের বিপদ ও সমস্ত দুঃখকষ্ট থেকে পরিত্রাণ করেন। এ সত্ত্বেও তোমরা তাঁর শরিক করো!’

মহান আল্লাহর করুণা পেতে তাগিদ-‘তোমরা বিনীতভাবে এবং গোপনে তোমাদের প্রতিপালককে ডাকো… তাঁকে ভয় ও আশার সঙ্গে ডাকবে।’ (সুরা আরাফ, আয়াত ৫৫-৫৬) ‘তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের কেউ অব্যাহতি পেতে না এবং আল্লাহ তওবা গ্রহণকারী ও প্রজ্ঞাময়।’ (সুরা নুর, আয়াত ১০)। ‘বল, হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না, আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দেবেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা জুমার, আয়াত ৫৩)

যাবতীয় অনুকম্পা ও নিয়ামত দানকারী আল্লাহ রব্বুল আলামিনের কাছেই বিপদে-আপদে অভাব-অনটনে সাহায্য প্রার্থনা করার গুরুত্ব অপরিসীম। আল কোরআনে যেসব মোনাজাত বিভিন্ন ক্ষেত্র বা উপলক্ষে বিবৃত হয়েছে তার মধ্যে প্রার্থনার বিভিন্ন আঙ্গিক, ভাব-ভাষা প্রকাশ পেয়েছে। আল কোরআনের প্রাণস্বরূপ সুরা আল ফাতিহা সেরা মোনাজাতের প্রতিকৃতি। এ কারণে মিরাজুল মুমিনিন হিসেবে বিবেচিত নামাজের প্রতি রাকাতে এ সুরা পাঠ করতে হয়। আল কোরআনে সওগাত হিসেবে উল্লিখিত মোনাজাতগুলোর কয়েকটি-‘হে আমাদের প্রতিপালক! যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি তবে তুমি আমাদের অপরাধী করো না। হে আমাদের প্রতিপালক! আমাদের পূর্ববর্তীগণের ওপর যেমন গুরুদায়িত্ব অর্পণ করেছিলে আমাদের ওপর তেমন দায়িত্ব অর্পণ করো না। হে আমাদের প্রতিপালক! এমন ভার আমাদের ওপর অর্পণ করো না, যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন করো, আমাদের ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, তুমিই আমাদের অভিভাবক। সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের জয়যুক্ত করো।’ (সুরা বাকারা, আয়াত ২৮৬) ‘হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও; যাকে ইচ্ছা তুমি পরাক্রমশালী করো, আর যাকে ইচ্ছা তুমি হীন করো। কল্যাণ তোমার হাতেই। তুমি সব বিষয়ে সর্বশক্তিমান। তুমিই রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো; তুমিই মৃত থেকে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত থেকে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবনোপকরণ দান করো।’ (সুরা আলে ইমরান, আয়াত ২৬-২৭) ‘হে আমাদের প্রতিপালক! তাদের (পিতা-মাতার) প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছিলেন।’ (সুরা বনি ইসরাইল, আয়াত ২৪) ‘হে আমাদের প্রতিপালক! আমাদের জ্ঞানের বৃদ্ধি সাধন করো।’ (সুরা তা-হা, আয়াত ১১৪)। ‘হে আমাদের প্রতিপালক! আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তানসন্ততি দান করো, যারা আমাদের জন্য নয়নপ্রীতিকর এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শস্বরূপ করো।’ (সুরা ফুরকান, আয়াত ৭৪) ‘হে আমাদের প্রতিপালক! তুমি আমাকে সামর্থ্য দাও, যাতে আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আমার প্রতি ও আমার পিতা-মাতার প্রতি তুমি যে অনুগ্রহ করেছো, তার জন্য এবং যাতে আমি সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো, আমার জন্য আমার সন্তান-সন্ততিদের সৎকর্মপরায়ণ করো, আমি তোমারই অভিমুখী হলাম এবং আত্মসমর্পণ করলাম।’ (সুরা আহকাফ, আয়াত ৪৬)। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ না করলে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। রসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় কাজে বাধা প্রদান করবে। অন্যথায় আল্লাহ তোমাদের প্রতি আজাব নাজিল করবেন।

এরপর তোমরা দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া কবুল করবেন না।’ দোয়ায় অমনোযোগী হলে অর্থাৎ দোয়াকারী দোয়া অবস্থায় উদাস বা অমনোযোগী থাকলে তার দোয়া কবুল হয় না। রসুলুল্লাহ (সা.) আরও ইরশাদ করেন, ‘দোয়া কবুল হবে এমন দৃঢ়বিশ্বাস রেখে তোমরা দোয়া করবে।