ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৮

ডেঙ্গু ডেস্কঃ এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ৩৪৮ জনের মৃত্যু হলো।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এই ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১২ হাজার ৪০০ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ছয় হাজার ২৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬১, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৫৯৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩১, খুলনা বিভাগে ২৯০, ময়মনসিংহ বিভাগে ৯৩, রাজশাহী বিভাগে ২০০, রংপুর বিভাগে ৭২ এবং সিলেট বিভাগে ১৫ জন রয়েছেন।

আর গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন এবং সিলেট বিভাগে সিটি করপোরেশনের বাইরে একজনের মৃত্যু হয়েছে।




আট বছর পরও থামেনি রূপালি গিটারের সুর

বিনোদন ডেস্কঃ ব্যান্ড সংগীতের কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুকে হারানোর আজ আট বছর। ব্যান্ড সংগীতকে প্রজন্ম থেকে প্রজন্মের দোরগোড়ায় পৌছে  দিয়েছে  ‘রূপালি গিটার’-এর এই জাদুকর।

১৮ অক্টোবর ২০১৮, না ফেরার দেশে চলে যান বাংলা রক সংগীতের অবিস্মরণীয় শিল্পী আইয়ুব বাচ্চু।

‘সেই তুমি’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘এখন অনেক রাত’, ‘মেয়ে’, ‘হাসতে দেখো গাইতে দেখো’ ও ‘এক আকাশের তারা’- তার গাওয়া এসব গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।

মৃত্যুবার্ষিকীতে পারিবারিকভাবে তাকে স্মরণ করা হবে, থাকবে দোয়া মাহফিল। এছাড়া ব্যান্ড সমাজ থেকেও তাকে স্মরণ করা হবে।

গিটার ঘিরে আবর্তিত হতো এই সংগীত তারকার অসংখ্য স্বপ্ন, আর সুরের প্রতি ভালোবাসা ছিল আজীবনের। নামি-দামি সব গিটার সংগ্রহ করেছিলেন, বাজাতেন মনের খেয়ালে। চেয়েছিলেন এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে, যেখানে ছেলে-মেয়েরা গিটারসহ যাবতীয় বাদ্যযন্ত্র বাজানো শিখবে। শুধু তাই নয়, সেখান থেকে ব্যাচ হয়ে একক কিংবা ব্যান্ড বেরিয়ে আসবে, আর বাংলা গানে প্রতিভার স্বাক্ষর রাখবে।

এক সাক্ষাৎকারে আইয়ুব বাচ্চু তার স্বপ্নের কনসার্টের কথা বলেছিলেন। তিনি জানান, সেই কনসার্ট হবে মানিক মিয়া অ্যাভিনিউতে। সেখানে তার সঙ্গে দেশ-বিদেশের শিল্পীরা থাকবেন। এই তালিকায় বিদেশিদের মধ্যে তিনি নাম উল্লেখ করেছিলেন আমেরিকান গায়ক-গিটারিস্ট স্টিভ ভাই, জো সাত্রানি, কার্লোস সান্টানা, ব্রিটিশ ড্রামার আয়েন পেজের কথা। আর দেশ থেকে থাকবেন জেমস, বেজবাবা সুমন ও মানাম আহমেদ।

এই লাইনআপ নিয়ে পারফর্ম করার স্বপ্ন জানিয়ে আইয়ুব বাচ্চু বলেছিলেন, ‘আমরা একটা স্লট বাজাবো, ঘণ্টা তিনেক ধরে। আর দর্শক থাকবে ১৫ লাখ। তাহলে সেটা হবে স্বপ্নের কনসার্ট।’

আইয়ুব বাচ্চুর জন্ম ১৯৬২ সালের ১৬ আগস্ট, চট্টগ্রামে। পরিবার চায়নি ছেলে গানের পথে আসুক। তবু ছেলের বায়না রেখে বাবা গিটার কিনে দেন ১৯৭৩ সালে। সেই গিটার ধরেই ক্রমশ শিল্পী হয়ে ওঠা তার। কলেজ জীবনে বন্ধুদের সঙ্গে গঠন করেন ‘গোল্ডেন বয়েজ’ ব্যান্ড। স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে গাইত ব্যান্ডটি। ১৯৭৭-এ আইয়ুব বাচ্চু যোগ দেন ‘ফিলিংস’ ব্যান্ডে। এখানে তিনি জেমসের সঙ্গে এক দলের হয়ে বাজিয়েছেন।

পরে ১৯৮০ সালে তিনি যোগ দেন ‘সোলস’ এ। এখানে তিনি অনেকদিন বাজিয়েছেন। ১৯৯১ সালে বাচ্চু গঠন করেন তার কালজয়ী ব্যান্ড ‘এলআরবি। ওই বছরের এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যান্ডটি প্রথম কনসার্ট করে। পরের বছর তারা প্রকাশ করে বাংলাদেশের প্রথম ডাবল অ্যালবাম ‘এলআরবি ১’ এবং ‘এলআরবি ২’। সাড়াও পায় বেশ। তবে তৃতীয় অ্যালবাম ‘সুখ’ দিয়েই দেশজুড়ে জনপ্রিয়তা লাভ করে দলটি। এরপর একে একে ব্যান্ডটি উপহার দিয়েছে ‘তবুও’, ‘ঘুমন্ত শহরে’, ‘আমাদের বিস্ময়’, ‘মন চাইলে মন পাবে’, ‘অচেনা জীবন’, ‘মনে আছে নাকি নাই’, ‘স্পর্শ’ ও ‘যুদ্ধ’।

ব্যান্ডের বাইরে একক শিল্পী হিসেবেও আইয়ুব বাচ্চুর জনপ্রিয়তা অসামান্য। ‘রক্ত গোলাপ’, ‘ময়না’, ‘কষ্ট’, ‘সময়’, ‘একা’, ‘প্রেম তুমি কি!’, ‘পথের গান’, ‘জীবন’সহ ১৬টি একক অ্যালবাম করেছিলেন তিনি। গেয়েছেন সিনেমায়ও। অন্তত এক ডজন সিনেমায় প্লেব্যাক করেছেন বাচ্চু।

গানের জন্য শ্রোতাদের অন্তহীন ভালোবাসা পেয়েছেন আইয়ুব বাচ্চু, সেই ভালোবাসা এখনো বহমান। এছাড়া ২০২৬ সালে তাকে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক (মরণোত্তর) প্রদান করা হয়েছে। আর জন্মশহর চট্টগ্রামের প্রবর্তক মোড়ে তার সম্মানে স্থাপন করা হয়েছে গিটার ভাস্কর্য।




দেব-শুভশ্রীর রসায়নে জমজমাট ‘দেশু ৭’

বিনোদন ডেস্কঃ টালিউডে দেব ও শুভশ্রী গাঙ্গুলির জুটি মানেই দর্শকের বাড়তি আগ্রহ। তার সঙ্গে অ্যাকশন, রোম্যান্স, প্রতিশোধ আর জমজমাট সংলাপের মিশেল, সব মিলিয়ে ‘দেশু ৭’ ঘিরে তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা। ছবিটির বিশেষ আকর্ষণ শুধু এই জনপ্রিয় জুটির প্রত্যাবর্তন নয়, পরিচালক হিসেবে দেবের প্রথম আত্মপ্রকাশও। অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্ব নিয়ে কতটা সফল হলেন তিনি, সেই প্রশ্নেরও উত্তর দিয়েছে ছবিটি।

ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-এর চলচ্চিত্র পর্যালোচনা অনুযায়ী, ‘দেশু ৭’ দর্শকের বিনোদনের চাহিদা পূরণ করার মতো একটি ছবি। পরিচালনায় প্রথমবার হাত দিয়েই বাণিজ্যিক সিনেমার উপাদানগুলোকে একসঙ্গে সাজানোর চেষ্টা করেছেন দেব।

ছবির গল্পের পটভূমি সীমান্তপুর। চোরাচালান, মাদক কারবার ও নারী পাচারের মতো অপরাধে জর্জরিত এই অঞ্চলে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারান ভারতীয় জওয়ানরা। অপরাধীদের খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয় সাবেক আইপিএস কর্মকর্তা দেবাদিত্য অধিকারীকে। তবে একসময় খুনের অপরাধে কারাবন্দি ছিলেন তিনি।

দেশের নিরাপত্তার স্বার্থে অভিযান শুরু করলেও দেবাদিত্যের সামনে এসে দাঁড়ায় অতীতের প্রেম। তাঁর পুরোনো ভালোবাসা শুভস্মিতা এখন অন্যের স্ত্রী। দেশের প্রতি দায়িত্ববোধ ও ব্যক্তিগত আবেগের এই টানাপোড়েন গল্পে যোগ করেছে নতুন মাত্রা।

প্রায় ২ ঘণ্টা ৪৬ মিনিটের ছবিটিতে অ্যাকশন, আবেগ, হাস্যরস ও রোম্যান্সের সমন্বয় ঘটিয়েছেন দেব। দীর্ঘ সময়ের ছবি হলেও বেশির ভাগ ক্ষেত্রে গল্পের গতি ধরে রাখতে পেরেছেন তিনি। যদিও কিছু ঘটনা আরও বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা যেত বলে পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে।

অভিনেতা হিসেবে দেব তাঁর পরিচিত নায়কোচিত উপস্থিতি বজায় রেখেছেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর রসায়ন ছবির অন্যতম আকর্ষণ। অন্যদিকে, দুই যমজ ভাইয়ের চরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কেড়েছেন অনির্বাণ ভট্টাচার্য। দুই চরিত্রের স্বভাব ও অভিব্যক্তিতে পার্থক্য তুলে ধরে খলনায়ক হিসেবে নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

ছবিতে অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক ও প্রদীপ ভট্টাচার্য কমেডির মাধ্যমে বিনোদনের মাত্রা বাড়িয়েছেন। ইধিকা পালের উপস্থিতিও ছবির সামগ্রিক আবহকে আরও প্রাণবন্ত করেছে।

ছবির আবহসংগীত পরিচালনা করেছেন রথীজিৎ ভট্টাচার্য। তাঁর সংগীত অ্যাকশন দৃশ্যগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। স্যাভি ও নীলায়ন চট্টোপাধ্যায়ের গানও উৎসবের আবহের সঙ্গে মানানসই হয়েছে। পাশাপাশি চিত্রগ্রহণ ও সম্পাদনা ছবির গতিশীলতা ধরে রাখতে সহায়তা করেছে।

তবে কিছু পার্শ্বচরিত্রের পরিসর আরও বাড়ানো যেত বলে মনে হয়েছে। একই সঙ্গে দেবাদিত্যের অতীত এবং তাঁর কারাবন্দি হওয়ার কারণ আরও বিস্তারিতভাবে তুলে ধরলে গল্পের বিশ্বাসযোগ্যতা বাড়ত। কয়েকটি জায়গায় চিত্রনাট্যের দুর্বলতাও চোখে পড়েছে।




দুই টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ দল ঢাকায়

খেলাধুলা ডেস্কঃ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকা এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল। রবিবার বাংলাদেশে এসেছে ক্যারিবীয়রা। সফরে একটি প্রস্তুতি ম্যাচ খেলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারীরা। বাংলাদেশে ষষ্ঠবারের মতো টেস্ট সিরিজ খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।

সর্বশেষ প্রায় সাড়ে পাঁচ বছর আগে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল তারা। এবার পুরনো হিসাব চুকানোর সুযোগ বাংলাদেশের সামনে।

পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই সিরিজে ভালো করার বিকল্প নেই বাংলাদেশের। বর্তমানে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।

ফাইনালের দৌঁড়ে টিকে থাকতে হলে ঘরের মাঠের এই সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি জয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শান্তদের জন্য। দুই দল এখন পর্যন্ত ১১টি টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে দুবার; ২০০৯ সালে এবং ২০১৮-১৯ মৌসুমে। ক্যারিবীয়দের জয় আট সিরিজে, অন্য একটি সিরিজ ড্র হয়েছে।

আগামী ২৮ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ম্যাচটি চলবে ১ নভেম্বর পর্যন্ত। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯ নভেম্বর পর্যন্ত চলবে ম্যাচটি।




বিসিসিআইয়ের প্রধান হতে আবেদনই করেননি পার্থিব প্যাটেল

খেলাধুলা ডেস্কঃ বেশ কয়েক দিন ধরে ভারতের পরবর্তী নির্বাচক কমিটির প্রধান হিসেবে পার্থিব প্যাটেলের নিয়োগ প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছিল। আগারকার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার আগেই গুরুত্বপূর্ণ এই পদে পার্থিব প্যাটেলের আসার সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল।

তবে বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নিজেও এই দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন। গুজরাট টাইটানসের কোচ হিসেবে কর্মরত পার্থিব প্যাটেল ‘ওয়েস্ট জোন’ (পশ্চিম অঞ্চল) থেকে নির্বাচক হওয়ার জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদনই জমা দেননি। অথচ আগারকারের উত্তরসূরি হিসেবে তিনিই ছিলেন সবচেয়ে এগিয়ে। তার আবেদন না করার বিষয়টি অনেককেই অবাক করেছে।

এখন শোনা যাচ্ছে, অজিত আগারকারের জায়গায় বিসিসিআই-এর প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ওয়াসিম জাফর। জানা গেছে, বিসিসিআই-এর প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব পার্থিব প্যাটেলকে আকৃষ্ট করতে পারেনি। ‘দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, ‘কিছু আর্থিক বিষয়’ তার এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে বড় ভূমিকা পালন করেছে।

বিসিসিআই তাকে বছরে ৩ কোটি টাকা বেতনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু এই দায়িত্ব গ্রহণ করলে গুজরাট টাইটানসের কোচিং ভূমিকা এবং ধারাভাষ্যকার হিসেবে তার যে আয় হয়, তা থেকে তাকে বঞ্চিত হতে হতো। বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, প্রধান নির্বাচকের দায়িত্ব নিলে তিনি গুজরাট টাইটানসের সহকারী কোচ বা ব্যাটিং কোচ হিসেবে কাজ চালিয়ে যেতে পারতেন না, এমনকি ধারাভাষ্যকার হিসেবেও কাজ করতে পারতেন না।

পার্থিব প্যাটেল গুজরাট টাইটানসের কোচিং এবং ধারাভাষ্যকার হিসেবে বছরে প্রায় ৭ থেকে ৯ কোটি টাকা আয় করেন। ফলে বিসিসিআই-এর প্রস্তাব গ্রহণ করলে তাকে বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো। আর ঠিক এই কারণেই তিনি ভারতের নির্বাচক কমিটির প্রধান হওয়ার সুযোগটি হাতছাড়া করেছেন। বর্তমানে সাউথ জোন (দক্ষিণ অঞ্চল) থেকে আসা নির্বাচক প্রজ্ঞান ওঝা নির্বাচক প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। খুব শিগগিরে ওয়েস্ট জোন থেকে নতুন একজন নির্বাচক প্যানেলে যুক্ত হতে পারেন। এক্ষেত্রে সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর এবং রমেশ পাওয়ারের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। এরই মধ্যে বিসিসিআই নির্বাচক পদের প্রার্থীদের রোহিত শর্মার ভবিষ্যৎ এবং বৈভব সূর্যবংশীর পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।

এদিকে ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বিসিসিআই-এর নির্বাচকদের দেওয়া বেতন নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, বর্তমান পারিশ্রমিক যথেষ্ট আকর্ষণীয় নয়, যা সাবেক শীর্ষস্থানীয় ক্রিকেটারদের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসতে পারে।

এই সাবেক অলরাউন্ডারের মতে, ভারত দলের নির্বাচক প্রক্রিয়ার দায়িত্বে অভিজ্ঞ ব্যক্তিদের আনতে হলে বোর্ডকে আরও ভালো আর্থিক সুবিধা দিতে হবে। অশ্বিনের ধারণা, প্রধান নির্বাচকের পারিশ্রমিক ভারতীয় পুরুষ দলের প্রধান কোচের বেতনের সমতুল্য হওয়া উচিত। অশ্বিনের বিশ্বাস, ভালো পারিশ্রমিক দেওয়া হলে সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় এবং অনিল কুম্বলের মতো কিংবদন্তি ক্রিকেটারদের নির্বাচক পদের জন্য আকৃষ্ট করা সম্ভব হতে পারে।




বাংলাদেশে অবকাঠামো, লজিস্টিকস ও শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থাপনা এবং শিল্প খাতে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। বিশেষ করে দেশের টার্মিনাল উন্নয়ন ও পরিচালনায় সম্পৃক্ত হওয়ার বিষয়ে দেশটির আগ্রহ রয়েছে।

রবিবার ঢাকায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত) মি. ফিলিপ অং-এর বৈঠকে এই আগ্রহ প্রকাশ করা হয়।

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ, প্রাতিষ্ঠানিক সমন্বয়, অবকাঠামো উন্নয়ন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মি. ফিলিপ অং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষকে (পিপিপি কর্তৃপক্ষ) একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ গঠনের উদ্যোগের প্রশংসা করেন।

তিনি বলেন, এ ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য আরও সমন্বিত, দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, প্রাতিষ্ঠানিক একীভূতকরণ ও সমন্বয়ের এ উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হতে পারে এবং পর্যায়ক্রমে আরও প্রতিষ্ঠানকে এর সঙ্গে যুক্ত করার সুযোগ রয়েছে।

তিনি জানান, বিনিয়োগকারীদের জন্য কার্যকর লজিস্টিকস সহায়তা নিশ্চিত করা, বিশেষ করে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিনিয়োগ উৎসাহিত করা, বেসরকারিকরণ কার্যক্রম এগিয়ে নেওয়া, ডিজিটালাইজেশন ত্বরান্বিত করা এবং শিল্পের বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করা এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বৈঠকে বাংলাদেশের অবকাঠামো ও লজিস্টিকস খাতে সিঙ্গাপুরের বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ সময় সিঙ্গাপুরের বৈশ্বিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনালের অভিজ্ঞতা ও সক্ষমতার প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশের টার্মিনাল উন্নয়ন ও পরিচালনায় সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

মি. ফিলিপ অং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির জন্য নীতিগত ধারাবাহিকতা, স্বচ্ছতা এবং পূর্বানুমানযোগ্য ব্যবসায়িক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিনিয়োগ, অবকাঠামো, লজিস্টিকস এবং শিল্প উন্নয়ন খাতে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।




সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান: বাজুস

ডেস্ক নিউজঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।




রাজউকের জোন-৫/১-এ নকশা অনুমোদন নিয়ে ঘুষ দাবির অভিযোগ, ফাইল আটকে হয়রানির দাবি সেবাগ্রহীতাদের

বিশেষ প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৫/১ কার্যালয়ে ভবনের নকশা অনুমোদন, ফাইল নিষ্পত্তি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ এলাকার দায়িত্বপ্রাপ্ত অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে বাড়ির মালিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি, অনুমোদনের ফাইল আটকে রাখা এবং মোবাইল কোর্টের নামে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী। তাঁদের দাবি, সরকারি নিয়মে সেবা পাওয়ার কথা থাকলেও অতিরিক্ত টাকা দিতে না চাইলে কাজ এগোয় না।

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, পাঁচ থেকে ছয়তলা আবাসিক ভবনের নকশা অনুমোদনের জন্য পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবি করা হচ্ছে। তাঁদের দাবি, ভবনের উচ্চতা ছয়তলা হোক কিংবা ১০ থেকে ১২ তলা, নকশা অনুমোদনের ফাইল এগিয়ে নিতে বড় অঙ্কের অর্থ চাওয়ার ঘটনা ঘটছে। এতে নির্মাণসামগ্রীর খরচ, সরকারি ফি এবং অন্যান্য ব্যয়ের পাশাপাশি বাড়তি অর্থের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন বাড়ির মালিকেরা। তাঁদের প্রশ্ন, নিয়ম অনুযায়ী ফি পরিশোধের পরও যদি নকশা অনুমোদনের জন্য অতিরিক্ত লাখ লাখ টাকা দিতে হয়, তাহলে সাধারণ মানুষের পক্ষে বৈধভাবে ভবন নির্মাণ করা কতটা সম্ভব?

একাধিক অভিযোগকারীর দাবি, ঘুষের পরিমাণ নিয়ে আপত্তি জানালে সাইদা ইসলাম নাকি বলেছেন, এই অর্থ শুধু তাঁর কাছে থাকে না; পরিচালক থেকে শুরু করে ওপরের পর্যায়ের কর্মকর্তাদেরও ভাগ দিতে হয়। তবে কথিত এই বক্তব্যের পক্ষে কোনো স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ প্রতিবেদনে উপস্থাপিত হয়নি। ফলে অভিযোগে যাঁদের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তাঁদের কারও বিরুদ্ধে নির্দিষ্টভাবে দায় চাপানোর সুযোগ নেই।

অবৈধ ও অনুমোদিত নকশার বাইরে নির্মিত ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কোনো কোনো ভবনে মোবাইল কোর্ট পরিচালনার পরও নির্মাণকাজ পুরোপুরি বন্ধ করা হচ্ছে না। কোথাও বিদ্যুৎ বা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা কিংবা মিটার খুলে নেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হলেও পরবর্তী সময়ে আবার নির্মাণকাজ শুরু হচ্ছে বলে তাঁদের দাবি। তাঁদের মতে, শুধু সাময়িক ব্যবস্থা নিয়ে দায়িত্ব শেষ করলে অবৈধ নির্মাণ বন্ধ করা সম্ভব নয়।

রাজউকের মাঠপর্যায়ের ইমারত পরিদর্শকদের কাজেও হস্তক্ষেপের অভিযোগ উঠেছে সাইদা ইসলামের বিরুদ্ধে। অভিযোগকারীদের ভাষ্য, কোনো পরিদর্শক নিয়ম অনুযায়ী ভবনের বিরুদ্ধে নোটিশ দেওয়া বা আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিলে তাঁকে আগে অথরাইজড অফিসারকে জানানোর নির্দেশ দেওয়া হয়। এ কারণে প্রভাবশালী ব্যক্তিদের মালিকানাধীন কিছু ভবনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তবে নির্দিষ্ট কোন ভবনে কী ধরনের অনিয়ম হয়েছে এবং কোন কর্মকর্তা কী নির্দেশ দিয়েছেন, তা নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার অভিযোগও সামনে এসেছে। সংশ্লিষ্ট দাপ্তরিক সূত্রের দাবি, সাইদা ইসলামের ব্যক্তিগত আইডিতে অনুমোদনের অর্ধশতাধিক ফাইল আটকে রয়েছে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফাইল পড়ে থাকায় আবেদনকারীদের বারবার রাজউক কার্যালয়ে যেতে হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তি না হওয়ায় ভবন নির্মাণের পরিকল্পনা, অর্থ বিনিয়োগ ও অন্যান্য কাজেও বিঘ্ন ঘটছে। অভিযোগকারীদের আরও দাবি, অতিরিক্ত অর্থের চাহিদা পূরণ না হলে কিছু ফাইলের কাজ এগোয় না।

আইন অনুযায়ী, অনুমোদিত নকশা ও নির্ধারিত শর্ত ভঙ্গ করে ভবন নির্মাণের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে। এ ক্ষেত্রে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এবং প্রযোজ্য বিধিমালার আওতায় সংশ্লিষ্ট নির্মাণের ধরন ও অপরাধের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। একইভাবে সরকারি দায়িত্ব পালনের সময় ঘুষ দাবি বা গ্রহণের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রযোজ্য দুর্নীতিবিরোধী আইন ও সরকারি কর্মচারীদের আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে।

রাজউকের মতো গুরুত্বপূর্ণ একটি সংস্থায় নকশা অনুমোদন ও ভবন তদারকির কাজে অনিয়ম হলে তার প্রভাব শুধু বাড়ির মালিকদের ওপর পড়ে না, নগর পরিকল্পনা, ভবনের নিরাপত্তা এবং জনস্বার্থও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জোন-৫/১ কার্যালয়ে জমা থাকা ফাইলের অবস্থা, অনুমোদনের প্রক্রিয়া, মোবাইল কোর্টের প্রতিবেদন এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার পূর্ণাঙ্গ পর্যালোচনা প্রয়োজন বলে মনে করছেন অভিযোগকারীরা।

অভিযোগের বিষয়ে সাইদা ইসলামের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে, অভিযোগকারীদের বর্ণনা অনুযায়ী, তিনি নির্দিষ্ট অভিযোগগুলোর সরাসরি উত্তর না দিয়ে প্রাতিষ্ঠানিক নিয়মকানুন ও বিধিমালার কথা উল্লেখ করেন।

এ পরিস্থিতিতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। অভিযোগকারীরা দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। তাঁদের দাবি, নকশা অনুমোদনের ফাইল, সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের তথ্য, মোবাইল কোর্টের নথি এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়গুলো যাচাই করা হলে অভিযোগের সত্যতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাজউকের সেবা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।




টাকার বিনিময়ে টাইফুনের অভিজ্ঞতা নিতে ভিড় করছেন চীনের পর্যটকেরা

আন্তর্জাতিক ডেস্কঃ ‘ভয় কেনার খরচ’ কিংবা ‘কষ্ট পাওয়ার বিনিময় অর্থ ব্যয়’—চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ইদানীং এমন অদ্ভুত কিছু বাক্যাংশ বেশ ঝড় তুলেছে। অদ্ভুত শোনালেও, বিষাদময় ও থ্রিলিং অভিজ্ঞতার খোঁজে ঘুরে বেড়ানো ‘ডার্ক ট্যুরিজম’ বা অন্ধকার পর্যটনের প্রতি মানুষের এই ক্রমবর্ধমান আগ্রহ এরই প্রকাশ।
হাংঝৌর ‘লিউশিং বেজ’ নামের একটা প্রতিষ্ঠান এখন ইন্টারনেটে বেশ আলোচনায়। দুই লাখ বর্গমিটারের এই কেন্দ্রে কৃত্রিমভাবে টাইফুন আর পাহাড়ি ধসের পরিস্থিতি তৈরি করা হয়। অংশগ্রহণকারীরা বাস্তব দুর্যোগের মতোই অনুভূতি পান। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারা বলছেন, তারা বিশ্বের নানা প্রতিকূল পরিবেশে দীর্ঘ দশ বছর ধরে প্রামাণ্যচিত্র বানিয়েছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২৪ সালে এই কেন্দ্র চালু করেন।
জেনারেল ম্যানেজার ওয়াং কুয়াংহান বলছেন, অনেকেই রোমাঞ্চের খোঁজে আসেন। তারা জানতে চান আসল টাইফুন আর মুষলধারে বৃষ্টি কেমন লাগে, নিজেরা কতটা সহ্য করতে পারেন। আমাদের বেশিরভাগ গ্রাহক ২০ থেকে ৩০ বছর বয়সী। প্রতিষ্ঠানটি আগামী তিন বছরে চীনজুড়ে আরও পাঁচটি কেন্দ্র খোলার পরিকল্পনা করছে। ভূমিকম্প আর অগ্নিকাণ্ডের কৃত্রিম পরিস্থিতিও যোগ করার কথা ভাবছে তারা।
এ ধরনের আয়োজন শুধু বেসরকারি উদ্যোগেই সীমাবদ্ধ নয়। বেইজিংয়ের হেইদিয়ান পাবলিক সেফটি মিউজিয়ামে ৪ডি থিয়েটার ব্যবহার করে দর্শনার্থীদের কৃত্রিম ভূমিকম্প, সুনামি আর অগ্নিকাণ্ডের অভিজ্ঞতা দেওয়া হয়। গোয়াংঝুতেও জরুরি অবস্থা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রশিক্ষণের জন্য পাঁচতলা একটা কেন্দ্র চালু হয়েছে। সেখানকার ভূমিকম্প সিমুলেটর ৭.২ মাত্রার কম্পন তৈরি করতে পারে।

চীনে বৈরী আবহাওয়া এখন প্রায় নিয়মিত ঘটনা। ২০২৫ সালে দেশটি ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রার দিনগুলো দেখেছে। একই সঙ্গে ১০টি টাইফুনের আঘাতও সহ্য করতে হয়েছে, যা স্বাভাবিক বছরের গড়ের চেয়ে বেশি। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসাবে এসব দুর্যোগে প্রায় ৬ কোটি ৭০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২০২৪ সালে স্থানীয় সরকারগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে নিরাপত্তা কেন্দ্র, জাদুঘর ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে কৃত্রিম দুর্যোগের মহড়া ব্যবহার করে মানুষকে বাস্তব পরিস্থিতিতে কীভাবে ব্যবস্থা নিতে হয় তা শেখানো হয়।

হংকংয়ের চাইনিজ ইউনিভার্সিটির স্কুল অব হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের পরিচালক রবার্ট লি বলছেন, চীনের নতুন প্রজন্মের পর্যটকরা শুধু বিখ্যাত জায়গা দেখে সন্তুষ্ট হন না। তারা কোনো স্থানের পরিস্থিতি সরাসরি অনুভব করতে বেশি আগ্রহী।

তবে অনেকেই শুধু কৃত্রিম অভিজ্ঞতায় থেমে থাকছেন না। তারা আসল ধ্বংস ও মৃত্যুর স্থানগুলোতেও যাচ্ছেন। ২০০৮ সালের মে মাসে সিচুয়ান প্রদেশে ৮.০ মাত্রার ভূমিকম্পে ৭০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান। ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে বেইচুয়ানের ধ্বংসাবশেষ এখনো সংরক্ষিত আছে। ৩০ বছর বয়সী লেখিকা অ্যালিস সেখানে গিয়েছিলেন। তিনি দেখেছেন, স্কুল ভবন ধসে শিক্ষার্থীরা চাপা পড়ে মারা গিয়েছিল এমন স্থানগুলো। ইংসুয়ে শহরের এক মাধ্যমিক বিদ্যালয়ের ধ্বংসাবশেষের মাঝে একটা ভাঙা ঘড়ি এখনো ২টা ২৮ মিনিটে থমকে আছে, ঠিক যে সময় ভূমিকম্প আঘাত হানে।

অ্যালিস বলেন, প্রকৃতির বিধ্বংসী ক্ষমতা দেখে আর কত শিশু যে সেখান থেকে বাঁচতে পারেনি তা ভেবে আমি শিউরে উঠেছিলাম। পুরোনো শহরটা এখন ভুতুড়ে নগরীর মতো। কেউ আর সেখানে বাস করে না। তিনি এই অভিজ্ঞতা নিয়ে একটা চীনা ভাষার সাবস্ট্যাক অ্যাকাউন্ট খোলার পরিকল্পনা করছেন। তার মতে, ডার্ক ট্যুরিজম কোনো দেশকে তার অতীতের তিক্ত ইতিহাসের সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করতে পারে। যদিও সরকারই ঠিক করে কোন স্মৃতি ইতিহাসে থাকবে।

একজন পর্যটক কৃত্রিম বন্যার অভিজ্ঞতা নিয়ে বলেন, শত শত টন পানি যখন লোকজনকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, তখন মুহূর্তের জন্য মাথা ফাঁকা হয়ে গিয়েছিল। ভুলেই গিয়েছিলাম এটা মহড়া। বন্যার সময় কীভাবে শান্ত থাকতে হয়, নিজেকে কীভাবে রক্ষা করতে হয় এসব শিখেছি। কোনো বই বা স্কুলে এভাবে শেখানো সম্ভব নয়।

সম্প্রতি নানজিং গণহত্যা স্মৃতিসৌধে চীনা পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন ট্যুর গাইড সামান্থা ওয়াং। ১৯৩৭ সালে জাপানি সেনাবাহিনী নানজিং দখল করে। চীনের সরকারি হিসাবে কয়েক সপ্তাহ ধরে চলা গণহত্যায় প্রায় তিন লাখ মানুষ প্রাণ হারান। জাপান অবশ্য নিহতের সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন বলে মনে করে। স্মৃতিসৌধে প্রবেশ বিনামূল্যে, তবে আগে থেকে অনলাইনে বুকিং করতে হয়। স্থানীয় সরকার প্রতিদিন ২৫ হাজার জায়গা সংরক্ষিত রাখে। আগস্ট মাসে টিকিট প্রায়ই আগেভাগেই শেষ হয়ে যায়।

ওয়াং বলেন, চীনে এ ধরনের আরও অনেক হৃদয়বিদারক স্থান আছে। মানুষ এসব জানতে আগ্রহী হয়ে উঠছে। এটা একটা নতুন ধারা। স্মৃতিসৌধের ভেতরে নিহতদের ছবি টাঙানো আছে। তিনি বলেন, দর্শনার্থীরা যখন নিহত শিশুদের ছবি দেখেন, তখন গভীরভাবে ব্যথিত হন। কিন্তু পরিদর্শনের পর স্বস্তি অনুভব করেন এবং দেশকে আরও শক্তিশালী করতে অনুপ্রাণিত হন।




পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর বড় প্রমাণ।

তিনি বলেন, ‘পরিবেশের সৌন্দর্য ধরে রাখতে স্থানীয় জনগণকে দায়িত্ব নিতে হবে। সরকারের উদ্যোগের পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা থাকলে পরিবেশদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা সম্ভব হবে।’

রবিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে সড়কের পাশে গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘প্রায় দুই মাস আগে আমিনবাজার এলাকার যে অবস্থা ছিল, বর্তমানে সেখানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এতে এলাকাটি যেমন দৃষ্টিনন্দন হয়েছে, তেমনি আশপাশের মানুষের জন্য অপেক্ষাকৃত সুন্দর পরিবেশে শ্বাস নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।’

তিনি এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য ঢাকা জেলা প্রশাসক ফরিদা বেগমসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান।

তারেক রহমান বলেন, সরকারের উদ্যোগে একটি এলাকাকে সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। এখন সেই সৌন্দর্য ও পরিবেশের উন্নয়ন ধরে রাখার দায়িত্ব স্থানীয় বাসিন্দাদেরও নিতে হবে। সবাই সহযোগিতা করলে এলাকাটিকে আরও সবুজ ও বাসযোগ্য করে তোলা সম্ভব হবে।

এ সময় প্রধানমন্ত্রী ঢাকা জেলা প্রশাসককে আমিনবাজারের আশপাশে ঢাকা জেলার আওতাধীন এলাকায় সবুজায়ন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিতে বলেন।

তিনি বলেন, মহাসড়কের দুই পাশে থাকা মিল ও কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট কিছু জায়গার পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের দেওয়া যেতে পারে। একই সঙ্গে যেসব স্থানে এখনো ময়লা-আবর্জনা জমে রয়েছে, সেসব জায়গা উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা গ্রহণ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘পরিকল্পিতভাবে এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে আমিনবাজার ও এর আশপাশের এলাকার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে পরিবেশদূষণ কমিয়ে স্থানীয় মানুষের জন্য একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।’

এ বিষয়ে সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের প্রতিও আহ্বান জানান।

জেলা প্রশাসনের উদ্যোগের সঙ্গে জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করলে এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ যেন নির্মল পরিবেশে বুকভরে শ্বাস নিতে পারে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে, সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ঢাকা জেলা প্রশাসক আমিনবাজারে পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে দেশের অন্যান্য জেলার প্রশাসকদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অন্যান্য জেলার জেলা প্রশাসকরাও নিজ নিজ এলাকার অনুরূপ স্থানগুলোকে পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর করে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির আওতায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে।