লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারি ও তাৎক্ষণিক বাধায় বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিজিবি ও স্থানীয় একাধিক সূত্র জানায়, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পাটগ্রামের বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে এই পুশ-ইনের চেষ্টা চালানো হয়। বিএসএফ রাতের আঁধারের সুযোগ নিয়ে ২ শিশু, ২ নারী এবং ১০ জন পুরুষসহ মোট ১৪ জনকে একযোগে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে ওই সীমান্তে দায়িত্বরত বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শক্ত অবস্থান নেয় এবং তাদের বাংলাদেশে প্রবেশে দেয়। বিজিবির এই কঠোর প্রতিরোধের মুখে বিএসএফ তাদের উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়।

স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে, বিজিবির বাধায় বাংলাদেশে ঢুকতে না পেরে ওই ১৪ জন বর্তমানে সীমান্তের জিরো লাইন থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। পুনরায় যেন কোনো অনুপ্রবেশের ঘটনা না ঘটে, সেজন্য ওই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম শাহীন বলেন, সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে পুশ-ইনের একটি চেষ্টা হয়েছিল, যা আমাদের সতর্ক টহল দলের বাধায় ব্যর্থ হয়েছে। আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। পতাকা বৈঠকের মাধ্যমে পুরো বিষয়টি সমাধানের জোর চেষ্টা চলছে। সীমান্ত সুরক্ষিত রাখতে আমাদের নজরদারি অব্যাহত রয়েছে।




সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। আর তখনই সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সবার লক্ষ্য হওয়া উচিত সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ে তুলতে হলে যুবকদেরই এগিয়ে আসতে হবে।’

যুবসমাজের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য তরুণ রয়েছেন, যারা কেউ শিক্ষার্থী, কেউবা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত। নিজেদের পড়াশোনা ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তারা মানুষের কল্যাণে স্বেচ্ছায় এগিয়ে আসছেন। মানুষের বিপদে পাশে দাঁড়াচ্ছেন। তাদের এই উদ্যোগ ও অবদান দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যারা আজ এই অ্যাওয়ার্ড পেয়েছেন, তাদের মনে রাখতে হবে, একটি দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অলিম্পিকের মতো প্রতিযোগিতায় যারা সাফল্য অর্জন করেন, তাদের অধিকাংশই তরুণ। একইভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের আন্দোলনেও হয়তোবা প্রবীণরা তাদের মেধা, বুদ্ধি ও পরামর্শ দিয়েছেন, কিন্তু সরাসরি মাঠে থেকে তরুণসমাজই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

তিনি বলেন, দেশের যেকোনো বড় পরিবর্তন ও অগ্রগতির ক্ষেত্রে তরুণদের শক্তি, সাহস, মেধা ও উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই শক্তিকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো এখন শুধু আমাদের নয়, দেশের মানুষেরও। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।’

তরুণ উদ্যোক্তা ও প্রতিভাবান যুবকদের সহায়তায় সরকারের উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার স্টার্টআপ ফান্ড বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ করছে। দেশের মেধাবী ও প্রতিভাবান তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এ জন্য ৫০০ কোটি টাকার তহবিলের পরিমাণ প্রয়োজনে আরও বাড়ানো হবে।

তারেক রহমান বলেন, তরুণদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও কর্মস্পৃহাকে কাজে লাগাতে পারলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। তরুণদের শুধু নিজেদের উন্নতির কথা ভাবলে চলবে না, দেশের প্রতিটি মানুষের কল্যাণের কথাও চিন্তা করতে হবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও যুব সংগঠনের প্রতিনিধির হাতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

এ ছাড়া যুব সংগঠনগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করতে দেশের ৪৩২টি যুব সংগঠনকে আর্থিক অনুদান প্রদান করা হয়। প্রতিটি সংগঠনকে দুই লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের মধ্য থেকে তিনজন তাদের অনুভূতি প্রকাশ করেন। তারা নিজেদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন। এ ছাড়া তরুণ ও যুবকদের জন্য সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। দেশের ৬৪টি জেলা থেকে যুব স্বেচ্ছাসেবকরা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তরুণদের দেশপ্রেম, মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’ এই লক্ষ্য নিয়েই আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে।




শ্রীলঙ্কায় পুরো বিদ্যুৎব্যবস্থা বিপর্যস্ত, বন্ধ সরবরাহ

আন্তর্জাতিক ডেস্ক : জাতীয় বিদ্যুৎ গ্রিডে ত্রুটির কারণে শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। শনিবার দেশটির বিভিন্ন এলাকায় দুই ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ ছিল না। কখন বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো সময়সীমা জানানো হয়নি।

দেশটির জ্বালানিমন্ত্রী অনুরা করুণাতিলাকা জানিয়েছেন, ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজে সহায়তা করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা গ্রাহকদের সেগুলো বিচ্ছিন্ন রাখার অনুরোধ জানানো হচ্ছে।

দেশটির জ্বালানিমন্ত্রী অনুরা করুণাথিলাকে জানিয়েছেন, আপার কোটমালে বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিদ্যুৎ উৎপাদনের তুলনায় সৌরবিদ্যুতের উৎপাদন বেশি হয়ে যাওয়ায় এ বিপর্যয় ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতেও পুরো জাতীয় গ্রিড বন্ধ হয়ে গিয়েছিল। উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল এক রোববারে সৌরবিদ্যুতের উৎপাদন চাহিদা ছাড়িয়ে যাওয়ায় ওই বিপর্যয় ঘটে। তখন বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করতে ছয় ঘণ্টার বেশি সময় লেগেছিল।

শ্রীলঙ্কায় স্থাপিত সৌরবিদ্যুৎ উৎপাদনক্ষমতা ৩ হাজার মেগাওয়াটের কিছু বেশি। অথচ দিনের বেলায় দেশটিতে বিদ্যুতের চাহিদা থাকে ২ হাজার থেকে আড়াই হাজার মেগাওয়াট।

কর-সুবিধার কারণে অনেক গ্রাহক সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত হয়েছেন। তারা নিজেদের প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করছেন। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে, যা সামাল দিতে হিমশিম খাচ্ছে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা।

সরকার আগামী তিন বছরের মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদনক্ষমতা প্রায় ৪ হাজার ৪০০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। ২০২৪ সালের তুলনায় এই বৃদ্ধি হবে ৩৮৮ শতাংশ।




হরমুজ প্রণালিতে ইরানের মাইনের আঘাতে দুই ট্যাংকারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরানের পেতে রাখা নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী সুপার ট্যাংকারে আগুন ধরে গেছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানায় ইরানের সামরিক বাহিনীর এই অভিজাত ইউনিট।

আইআরজিসির দাবি, ট্যাংকার দুটি ইরানের অনুমোদনহীন সামুদ্রিক এলাকা দিয়ে চলাচল করছিল। এ সময় সেগুলো নৌমাইনের সংস্পর্শে আসে। তবে পশ্চিমা ও আরব দেশগুলোর অভিযোগ, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দিতে ইরানি বাহিনী সরাসরি বিভিন্ন জাহাজে হামলা চালাচ্ছে।

বিপ্লবী গার্ডের বিবৃতিতে বলা হয়, দ্বিতীয় ট্যাংকারটিতে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। জাহাজটি নেভিগেশন ব্যবস্থা ও রাডার বন্ধ রেখে অনুমোদনহীন পথে চলার চেষ্টা করছিল। এ সময় মাইনের আঘাতে এর ইঞ্জিনকক্ষে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। ট্যাংকারটি তখন দাউ দাউ করে জ্বলছিল বলে দাবি করেছে আইআরজিসি।

এর আগে শুক্রবার দুটি ট্যাংকারে হামলার খবর জানিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড। শনিবার সকালে একটি সুপার ট্যাংকারে আগুন লাগার কথা জানানো হয়। এর কয়েক ঘণ্টা পর দ্বিতীয় ট্যাংকারটিও ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য দেয় বাহিনীটি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় তেহরান। পরে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল কার্যত আরও জটিল হয়ে পড়ে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের সহায়তায় উপসাগরীয় আরব দেশগুলো থেকে তেল নিয়ে কয়েকটি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করে বেরিয়ে যেতে সক্ষম হয়। তবে গত কয়েক দিন ধরে সেখানে জাহাজ চলাচলে আবারও বাধা সৃষ্টি করছে ইরানের বিপ্লবী গার্ড।




১৫–১৬টি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরও ব্যবস্থা নেই: গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদকে ঘিরে কমিশন বাণিজ্য ও বিপুল সম্পদের অভিযোগ

বিশেষ প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চট্টগ্রাম জোন) মো. কায়কোবাদকে ঘিরে কমিশন বাণিজ্য, ঠিকাদারদের কাছ থেকে কাজের বিনিময়ে অর্থ আদায়, প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন না করেই বিল উত্তোলন এবং সরকারি চাকরির আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ নিয়ে ১৫–১৬টি অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে। কিন্তু এতগুলো সংবাদমাধ্যমে অভিযোগ প্রকাশের পরও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের পক্ষ থেকে কোনো দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
এতে প্রশ্ন দেখা দিয়েছে—সরকারি অর্থের ব্যবহার, প্রকল্পের কাজের মান, ঠিকাদারি কার্যক্রমের স্বচ্ছতা এবং সরকারি কর্মকর্তাদের সম্পদের উৎস নিয়ে গুরুতর অভিযোগ প্রকাশিত হওয়ার পরও কেন কার্যকর অনুসন্ধানের অগ্রগতি জনসমক্ষে আসছে না ? অভিযোগগুলো যদি ভিত্তিহীন হয়, তাহলে নথিভিত্তিক তদন্তের মাধ্যমে তা পরিষ্কার করা হচ্ছে না কেন ? আর অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ কোথায় ?

কমিশন বাণিজ্যের অভিযোগ: ৪ থেকে ৫ শতাংশ পর্যন্ত অর্থ আদায়ের দাবি : গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারের দাবি, অধিদপ্তরের বিভিন্ন সময়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে কায়কোবাদ ঠিকাদারি কাজের বিপরীতে কমিশন আদায়ের একটি ব্যবস্থা গড়ে তুলেছেন। দপ্তরের ভেতরে তাকে ‘ক্যাশিয়ার’ নামে ডাকা হয় বলেও কয়েকজন দাবি করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলম, পরবর্তী সময়ে দায়িত্ব পালন করা মোহাম্মদ শামীম আখতার এবং বর্তমান প্রধান প্রকৌশলী খালেকুজ্জামানের সময়েও কায়কোবাদ গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন। অভিযোগ রয়েছে, প্রভাবশালী ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ ও প্রশাসনিক প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে ৪ থেকে ৫ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়া হতো।
অভিযোগকারীদের দাবি, একটি সার্কেলের বার্ষিক কাজের পরিমাণ বিবেচনায় নিলে এ ধরনের কমিশন থেকে বড় অঙ্কের অর্থ আদায়ের সুযোগ তৈরি হয়। তবে কোন প্রকল্পে, কার কাছ থেকে এবং কী পরিমাণ অর্থ নেওয়া হয়েছে, তার সুনির্দিষ্ট লেনদেনের নথি কিংবা চূড়ান্ত তদন্তের ফলাফল পাওয়া যায়নি। এ অবস্থায় অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট প্রকল্পের কার্যাদেশ, ঠিকাদারি চুক্তি, বিল অনুমোদনের নথি, আর্থিক লেনদেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা পরীক্ষা করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কাজ না করেই শতভাগ বিল উত্তোলনের অভিযোগ :
কায়কোবাদের অধীন বিভিন্ন সার্কেলের প্রকল্পে বাস্তব কাজের সঙ্গে বিলের সামঞ্জস্য নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন না করেই পুরো বিল উত্তোলন করা হয়েছে; কোথাও কোথাও বাস্তবে কাজ না করেও শতভাগ বিল তুলে নেওয়ার অভিযোগ রয়েছে।
এ ধরনের অভিযোগের সঙ্গে নির্বাহী প্রকৌশলী পবিত্র কুমার দাসের নামও এসেছে। মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছিল বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, লিখিত অভিযোগ দেওয়ার পরও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর কিংবা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। এখানে মূল প্রশ্ন শুধু বিল উত্তোলনের অভিযোগে সীমাবদ্ধ নয়। প্রকল্পের কাজ বাস্তবে কতটুকু হয়েছে, কে কাজ পরিমাপ করেছেন, কে বিল প্রত্যয়ন করেছেন, কার অনুমোদনে অর্থ ছাড় হয়েছে এবং তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা কী ভূমিকা পালন করেছেন—এসব বিষয়ও তদন্তের আওতায় আনা জরুরি। কাজের পরিমাণ ও মান যাচাই না করে বিল পরিশোধ করা হয়ে থাকলে সরকারি অর্থের অপচয় বা অনিয়মের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণে প্রকল্পের পরিমাপ বই, বিল-ভাউচার, পরিদর্শন প্রতিবেদন, কার্যাদেশ ও অর্থ পরিশোধের রেকর্ড পরীক্ষা করতে হবে।

রাজধানীতে একাধিক ফ্ল্যাট, পূর্বাচলে ৪০ কাঠা জমির অভিযোগ : কায়কোবাদের বিরুদ্ধে ওঠা সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো, সরকারি চাকরি থেকে অর্জিত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল সম্পদের মালিক হওয়া। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় তার ও পরিবারের সদস্যদের নামে একাধিক ফ্ল্যাট রয়েছে।
সূত্রগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর ইকবাল রোডের ‘এ’ ব্লকে ‘আমেনাস ড্রিম’ ভবনে আনুমানিক সাত কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া উত্তরায় দুটি, ধানমন্ডিতে একটি এবং বনানীতে দুটি ফ্ল্যাট থাকার তথ্য দিয়েছেন তারা। সম্পদের তালিকায় পূর্বাচলের আমুলিয়া প্রজেক্টে ৪০ কাঠা জমি থাকার অভিযোগও রয়েছে। পাশাপাশি ঢাকার ধামরাইয়ে একটি ১০ তলা ভবন এবং কায়কোবাদের নিজ জেলা শেরপুরে নামে-বেনামে বিপুল পরিমাণ জমি ও অন্যান্য স্থাবর সম্পত্তি থাকার দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তাদের আরও অভিযোগ, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের নাম ব্যবহার করে সম্পদ রাখা হয়ে থাকতে পারে। তবু অভিযোগের গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট সম্পত্তির মালিকানা, ক্রয়ের সময়কাল, অর্থের উৎস এবং সরকারি চাকরিতে প্রাপ্ত বেতন-ভাতা ও অন্যান্য বৈধ আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য যাচাই করা প্রয়োজন। অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া গেলে তা দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের ভিত্তি হতে পারে।

চালকের নামে গাড়ি, প্রকৃত মালিকানা নিয়ে প্রশ্ন :
কায়কোবাদের পরিবারের ব্যবহারের জন্য নতুন মডেলের একটি টয়োটা এক্সিও গাড়ি থাকার কথাও জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। তাদের দাবি, গাড়িটি আলআমিন নামের এক চালকের নামে নিবন্ধিত। তাই গাড়িটিকে তার নিজস্ব সম্পদ হিসেবে নিশ্চিতভাবে উল্লেখ করার আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধন নথি এবং প্রাসঙ্গিক আর্থিক তথ্য পরীক্ষা করা প্রয়োজন।
যদি অন্যের নামে সম্পদ রেখে প্রকৃত মালিকানা আড়াল করার অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট আর্থিক লেনদেন ও মালিকানা সম্পর্কও অনুসন্ধানের আওতায় আনা যেতে পারে।
গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন, প্রভাব বিস্তারের অভিযোগ
কায়কোবাদের কর্মজীবনের বিভিন্ন পর্যায় নিয়েও আলোচনা রয়েছে। সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের সময় তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই-এম) হিসেবে গণপূর্তের ই-এম প্ল্যানিং সার্কেলে কর্মরত ছিলেন। পরে চট্টগ্রাম ই-এম সার্কেলে দায়িত্ব পালন করে ঢাকার গুরুত্বপূর্ণ ই-এম সার্কেল-২-এর দায়িত্ব পান।
কয়েকজন সহকর্মীর অভিযোগ, সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় ব্যবহার করে কায়কোবাদ বিভিন্ন সময়ে আর্থিক সুবিধা নিয়েছেন।
সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান চলার কথা উল্লেখ করে সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন, তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কায়কোবাদের সম্পদ ও আয়ের উৎসও একইভাবে খতিয়ে দেখা হচ্ছে কি না।

১৫–১৬টি সংবাদমাধ্যমে প্রতিবেদন, তবু মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন :
কায়কোবাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ১৫–১৬টি অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে। কিন্তু এসব প্রতিবেদন প্রকাশের পরও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এখানেই জনস্বার্থের গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে আসে—একজন ঊর্ধ্বতন প্রকৌশলীর বিরুদ্ধে কমিশন বাণিজ্য, প্রকল্পের বিল উত্তোলনে অনিয়ম এবং বিপুল সম্পদের অভিযোগ বারবার প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে ? অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়ে থাকলে তার অগ্রগতি কী ? সংশ্লিষ্ট প্রকল্পগুলোর নথি পরীক্ষা করা হয়েছে কি না ? কায়কোবাদ ও তার পরিবারের নামে বা সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সম্পদের উৎস যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে কি না ? মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পর কী ব্যবস্থা নেওয়া হয়েছিল ? এসব প্রশ্নের জবাব জনসমক্ষে না আসায় প্রশাসনিক জবাবদিহি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি—এমন সিদ্ধান্তে পৌঁছাতে হলে সংশ্লিষ্ট দপ্তরের নথি ও আনুষ্ঠানিক বক্তব্য যাচাই করা প্রয়োজন। এ প্রতিবেদনে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ার অভিযোগটি সংশ্লিষ্ট সূত্রের বক্তব্য হিসেবেই তুলে ধরা হচ্ছে। সরকারি অর্থের ব্যবহার ও সরকারি কর্মকর্তাদের সম্পদের উৎস নিয়ে অভিযোগ উঠলে তা যাচাই করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বের অংশ। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে কারও বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার আগে নিরপেক্ষ তদন্ত, প্রমাণ সংগ্রহ এবং অভিযুক্তের বক্তব্য গ্রহণও জরুরি।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের কাছে যেসব প্রশ্ন : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের দৃষ্টি আকর্ষণ করে সংশ্লিষ্টরা কয়েকটি বিষয়ে স্পষ্ট পদক্ষেপ ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। প্রথমত, কায়কোবাদের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদন এবং উত্থাপিত অভিযোগগুলো পর্যালোচনা করে কোনো প্রাথমিক অনুসন্ধান হয়েছে কি না, তা স্পষ্ট করা।
দ্বিতীয়ত, তার অধীন বিভিন্ন সার্কেলের প্রকল্পের কাজ, কাজের পরিমাপ, বিল প্রত্যয়ন, বিল অনুমোদন এবং অর্থ ছাড়ের নথি পরীক্ষা করা। তৃতীয়ত, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পর কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা যাচাই করে প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা।
চতুর্থত, অভিযোগে উল্লিখিত ফ্ল্যাট, জমি, ভবন ও গাড়ির মালিকানা এবং অর্থের উৎস সম্পর্কে প্রমাণভিত্তিক যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট আইনগত কর্তৃপক্ষের সহায়তা নেওয়া। পঞ্চমত, অভিযোগে নাম আসা কায়কোবাদ, নির্বাহী প্রকৌশলী পবিত্র কুমার দাস এবং সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করে অভিযোগগুলোর সত্যতা নির্ধারণ করা। ষষ্ঠত, তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং অভিযোগের ভিত্তি না পাওয়া গেলে সেটিও স্বচ্ছভাবে জানানো।

বক্তব্য পাওয়া যায়নি :
প্রতিবেদন তৈরির সময় গত ৪ ও ৫ অক্টোবর মো. কায়কোবাদের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হয়। হোয়াটসঅ্যাপেও বার্তা পাঠিয়ে তার বক্তব্য জানার চেষ্টা করা হয়। তবে প্রতিবেদন প্রস্তুত করা পর্যন্ত তার কোনো সাড়া পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে যুক্ত করা হবে।
অভিযোগগুলোর বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং গণপূর্ত অধিদপ্তরের আনুষ্ঠানিক বক্তব্যও জনস্বার্থে গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।

শেষ কথা : অভিযোগের নিষ্পত্তি চাই, নীরবতা নয়
গণপূর্ত অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে প্রকল্পের অর্থ, ঠিকাদারি কাজ, বিল অনুমোদন ও তদারকির সঙ্গে জড়িত অভিযোগকে হালকাভাবে দেখার সুযোগ নেই। একইভাবে সংবাদমাধ্যমে অভিযোগ প্রকাশিত হওয়ামাত্র কাউকে অপরাধী সাব্যস্ত করাও গ্রহণযোগ্য নয়।
প্রয়োজন হলো নিরপেক্ষ অনুসন্ধান, নথিভিত্তিক যাচাই এবং ফলাফলের স্বচ্ছ প্রকাশ। কায়কোবাদের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, প্রকল্পের বিল উত্তোলনে অনিয়ম এবং বিপুল সম্পদের যে অভিযোগ উঠেছে, তার প্রতিটি বিষয় পৃথকভাবে যাচাই করা দরকার। ১৫–১৬টি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরও যদি দৃশ্যমান অগ্রগতি না থাকে, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচিত অভিযোগগুলোর বর্তমান অবস্থা ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের কাছে জনস্বার্থে প্রত্যাশা—অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নথি পরীক্ষা, নিরপেক্ষ তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে; আর অভিযোগের সত্যতা না মিললে সংশ্লিষ্ট কর্মকর্তার অবস্থানও পরিষ্কার করতে হবে। কারণ, সরকারি অর্থের সুরক্ষা ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা শুধু কোনো কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্ন নয়—এটি জনগণের অর্থের জবাবদিহি এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা রক্ষার বিষয়।




খুলনা ডিসি অফিসে আগুন, তিনটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ : খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় জেলা আইসিটি কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এসি, ফ্যান, ব্যাটারি, আসবাবসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাসুদ রানা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তদন্ত ছাড়া আগুনের সূত্রপাতের কারণ বলা সম্ভব নয়।




উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

ডেস্ক নিউজ : কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে রিসোর্টের মালিক নিয়াজ মোরশেদ ও তানভীরের অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে সুমনকে গ্রেপ্তার করে উখিয়া থানায় নেওয়া হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সন্ধ্যা ছয়টার দিকে সুমনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।’

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভসংলগ্ন উখিয়ার পাটুয়ারটেক এলাকায় কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে। আগুনে ১০ পর্যটকের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ছয়জন চিকিৎসাধীন। নিহত ব্যক্তিদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত ১০ জনের মধ্যে এখন পর্যন্ত নয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। তারা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ।

এ ছাড়া নিহত নাসরিন আক্তার মুক্তা (২৯) ঢাকার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক ছিলেন। অন্য দুই নিহত পর্যটকের নাম জিহাদ হাওলাদার ও তারিকুল ইসলাম বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির নিরাপত্তাব্যবস্থা, অগ্নিনির্বাপণ সরঞ্জাম এবং আগুন লাগার কারণ খতিয়ে দেখার বিষয়টি তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে আগুনের প্রকৃত কারণ তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।




বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক : শুরুতে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়েছিল জিম্বাবুয়ে। প্রথম সাত ওভারের মধ্যেই ২৪ রানে ৩ উইকেট হারায় দলটি। তবে ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিনের দেড়শ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকেরা। মাঝের ওভারগুলোতে বাংলাদেশ আবারও ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ দিকে নিউম্যান নিয়ামহুরি ও ওয়েলিংটন মাসাকাদজার ব্যাটিংয়ে ৮ উইকেটে ২৭১ রান তুলেছে জিম্বাবুয়ে। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিততে বাংলাদেশকে করতে হবে ২৭২ রান।

টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়েকে শুরুতেই চাপে ফেলেন তাসকিন। তার গতিময় বোলিংয়ে প্রথম সাত ওভারের মধ্যে ২৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দলটি।

সেই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন টেলর ও আরভিন। চতুর্থ উইকেটে দুজন মিলে গড়েন ১৫০ রানের দুর্দান্ত জুটি। তাঁদের ব্যাটিংয়ে ১৭৪ রানে পৌঁছে যায় জিম্বাবুয়ে। ৩৭তম ওভারে সাইফ হাসান এই জুটি ভাঙেন। তাঁর বলে পয়েন্টে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন টেলর। ১০টি চারের সাহায্যে ১০১ বলে ৮১ রান করেন তিনি।

সেঞ্চুরি থেকে ১৯ রান দূরে থামলেও ব্যক্তিগত এই ইনিংসেই ওয়ানডেতে জিম্বাবুয়ের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যান টেলর। ছাড়িয়ে যান দেশটির সাবেক ব্যাটার অ্যান্ডি ফ্লাওয়ারকে।

টেলর ফেরার পর দ্রুতই আরেকটি উইকেট তুলে নেন সাইফ। মাত্র ৪ রান করা জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাকে ফিরিয়ে দেন তিনি। এরপর রিশাদ হোসেনের বলে ১৭ রান করা ওয়েসলি মাধেভেরেও আউট হলে ২২০ রানে ৬ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে স্বাগতিকেরা।

বাংলাদেশকে ম্যাচে ফেরানোর দায়িত্ব এবার কাঁধে তুলে নেন শরিফুল ইসলাম। তার বলে ৫ রান করে ফেরেন ব্র্যাড ইভান্স। এর আগে শরিফুলের শিকার হন দলের হয়ে সর্বোচ্চ রান করা আরভিন। ৯টি চারের সাহায্যে ১০৬ বলে ৯৩ রান করে আউট হন এই ব্যাটার।

৪৬তম ওভারে ২৩৪ রানে ৮ উইকেট হারালে জিম্বাবুয়ের বড় সংগ্রহ গড়ার সম্ভাবনা অনেকটাই কমে আসে। কিন্তু শেষ চার ওভারে বাংলাদেশের বোলারদের ওপর পাল্টা আক্রমণ চালান নিয়ামহুরি ও মাসাকাদজা। দ্রুত রান তুলে দুজনই ২১ রানে অপরাজিত থাকেন। তাদের অবিচ্ছিন্ন জুটিতে শেষ চার ওভারে আসে ৩৭ রান, যার মধ্যে শেষ তিন ওভার থেকেই যোগ হয় ২৬ রান।

এতে শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৭১ রানের লড়াকু সংগ্রহ পায় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৪৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। শরিফুল ইসলাম ও সাইফ হাসান পেয়েছেন ২টি করে উইকেট। এখন প্রথম ম্যাচে জয় তুলে নিতে বাংলাদেশকে করতে হবে ২৭২ রান।




সাবেক সচিব নজরুল ইসলামকে ঘিরে অভিযোগের পাহাড়: পদোন্নতি, কথিত সিন্ডিকেট ও ভবন নির্মাণে অনিয়মের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: সাবেক সচিব নজরুল ইসলামকে ঘিরে পদোন্নতি, কথিত প্রভাববলয়, নিয়োগ-বদলি এবং সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে নতুন করে তদন্তের দাবি উঠেছে। রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ডের তুষারধারা আবাসিক এলাকার একাধিক বহুতল ভবন নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিধি অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, সংশ্লিষ্ট ভবনগুলোর অনুমোদিত নকশা, নির্মাণের বাস্তব অবস্থা, অকুপেন্সি সনদ এবং পূর্ববর্তী প্রশাসনিক পদক্ষেপের নথি যাচাই করা হলে অভিযোগগুলোর প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।

অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, ৫ আগস্ট-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একদিনে চারটি পদোন্নতি পেয়ে সচিব হওয়ার ঘটনা নজরুল ইসলামের প্রশাসনিক উত্থান নিয়ে প্রশ্নের জন্ম দেয়। একই সঙ্গে তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তির নিয়োগ, পদায়ন, সরকারি আবাসন বরাদ্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও আবাসন প্রকল্পের সঙ্গে সম্পৃক্ততা নিয়েও অভিযোগ উঠেছে।

তবে এসব অভিযোগের পক্ষে সংশ্লিষ্ট সরকারি নথি, সম্পদ বিবরণী, জমির দলিল, নিয়োগ ও পদোন্নতির আদেশ কিংবা তদন্ত প্রতিবেদন স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। অভিযোগ উত্থাপিত হওয়া মানেই তা প্রমাণিত হওয়া নয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নথি পর্যালোচনা এবং অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য গ্রহণের মাধ্যমে বিষয়গুলো নিষ্পত্তির দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

একদিনে চার পদোন্নতির অভিযোগ: প্রশাসনিক নথি যাচাইয়ের দাবি

অভিযোগকারীদের দাবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নজরুল ইসলাম ৫ আগস্ট-পরবর্তী সময়ে নিজেকে বৈষম্যের শিকার হিসেবে উপস্থাপন করে পদোন্নতির সুযোগ পান এবং একদিনে চারটি পদোন্নতির মাধ্যমে সচিব হন। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁর পদোন্নতির প্রক্রিয়া, প্রযোজ্য বিধিমালা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে একদিনে চারটি পদোন্নতি পাওয়ার দাবিটি সরকারি আদেশ দিয়ে যাচাই করা জরুরি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পদোন্নতি আদেশ, প্রজ্ঞাপন, চাকরির জ্যেষ্ঠতা তালিকা, পদোন্নতি কমিটির সুপারিশ এবং অনুমোদনকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত পর্যালোচনা ছাড়া এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

অভিযোগকারীরা আরও দাবি করেছেন, বিভিন্ন সমিতি ও সংগঠনের ব্যানারে সরকারি দপ্তরের সভাকক্ষে সভা ও মিলনমেলার আয়োজন করা হতো। এসব সংগঠনের নিবন্ধন, কার্যক্রম এবং সরকারি স্থাপনা ব্যবহারের অনুমোদনসংক্রান্ত তথ্যও যাচাইয়ের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

তুষারধারার ২৪ কাঠার ভবন: অনুমোদিত নকশার সঙ্গে নির্মাণের মিল কতটুকু?

অভিযোগের অন্যতম কেন্দ্র রাজধানীর তুষারধারা আবাসিক এলাকার ১০ নম্বর সেক্টরে অবস্থিত একটি বহুতল ভবন। অভিযোগকারীদের দাবি, ২৪ কাঠা জমির ওপর নির্মিত ভবনটির নির্মাণে ফ্লোর এরিয়া রেশিও (এফএআর), সেটব্যাকসহ প্রযোজ্য নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়নি। নির্মাণকাজ শেষ হওয়ার আগে সেখানে বসবাস শুরু এবং অকুপেন্সি সনদ গ্রহণের বিষয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে প্রথমেই ভবনটির প্রকৃত মালিকানা, জমির দলিল, অনুমোদিত ও সংশোধিত নকশা, নির্মাণ অনুমোদন এবং রাজউকের পরিদর্শন প্রতিবেদন পরীক্ষা করা প্রয়োজন। একই সঙ্গে ভবনটির জন্য অকুপেন্সি সনদ ইস্যু করা হয়েছে কি না, হয়ে থাকলে কখন এবং কোন শর্তে দেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া জরুরি।

ভবনটির বাস্তব নির্মাণ অনুমোদিত নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেটিও সরেজমিন পরিদর্শনের মাধ্যমে যাচাই করা যেতে পারে। কোনো অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

ফ্রেন্ডস ভিউ টাওয়ার: ২০২২ সালের অভিযানের পর কী ঘটেছিল?

তুষারধারা আবাসিক এলাকার ৯ নম্বর সেক্টরে বায়তুশ শরীয়ত মসজিদের দক্ষিণ দিকে অবস্থিত ‘ফ্রেন্ডস ভিউ টাওয়ার’ নিয়ে আগেও রাজউকের অভিযান হয়েছিল বলে দাবি করেছেন অভিযোগকারীরা। তাঁদের ভাষ্য, ২০২২ সালে অভিযান চালিয়ে ভবনটির কিছু অংশ ভেঙে দেওয়া হয় এবং মুচলেকা নিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হয়েছিল।

অভিযোগকারীদের আরও দাবি, পরবর্তী সময়ে ভবনটির নির্মাণকাজ আবার সম্পন্ন করা হয় এবং অকুপেন্সি সনদ ছাড়াই সেখানে বসবাস শুরু হয়। তবে অভিযান-পরবর্তী সময়ে ভবনটির নির্মাণকাজের প্রকৃত অবস্থা কী ছিল, কোনো নতুন অনুমোদন দেওয়া হয়েছিল কি না এবং বর্তমানে প্রয়োজনীয় সনদ রয়েছে কি না, তা সংশ্লিষ্ট নথি ছাড়া নিশ্চিত করা যাচ্ছে না।

এ ক্ষেত্রে ২০২২ সালের অভিযান প্রতিবেদন, ভাঙার নির্দেশ, মুচলেকার কপি, পরবর্তী পরিদর্শন প্রতিবেদন এবং ভবনটির অনুমোদিত নকশা প্রকাশের দাবি উঠেছে। এসব নথি যাচাই করা হলে নির্মাণকাজ পুনরায় শুরু হয়ে থাকলে তার আইনগত ভিত্তি নির্ধারণ করা সম্ভব হবে।

মিশন সাগরিকা এপার্টমেন্ট: পার্কিংয়ের জায়গায় দোকান ও ফ্ল্যাট নির্মাণের অভিযোগ

তুষারধারার ৪ নম্বর সেক্টরের ‘মিশন সাগরিকা এপার্টমেন্ট’ নিয়েও মালিকানা ও নির্মাণসংক্রান্ত অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, শিক্ষা ভবনের উন্নয়ন প্রকল্পের কম্পিউটার অপারেটর আবু সেলিম ও মো. শাহাজাহান ২০১৭ সাল থেকে ভবনটির মালিকানা-সংক্রান্ত বিরোধ ও নির্মাণ অনিয়ম নিয়ে রাজউক এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করে আসছেন।

অভিযোগে বলা হয়েছে, ২০১৯ ও ২০২২ সালে দুদকে দেওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে জরিমানা ও মুচলেকার মাধ্যমে নির্মাণকাজ বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে অনুমোদিত নকশা লঙ্ঘন করে পার্কিংয়ের জায়গায় দোকান ও ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

তবে দুদকের অভিযোগের নথি, সংশ্লিষ্ট সিদ্ধান্ত, জরিমানা বা মুচলেকার কপি এবং রাজউকের অনুমোদিত নকশা যাচাই ছাড়া এসব দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব নয়। ভবনটির পার্কিংয়ের নির্ধারিত জায়গায় কোনো পরিবর্তন করা হয়ে থাকলে তা অনুমোদিত কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

অভিযোগকারীদের দাবি, ফ্ল্যাট বিক্রির পর সংশ্লিষ্ট কাগজপত্র পরিবর্তনের ঘটনাও ঘটেছে। এ বিষয়ে ফ্ল্যাটের নিবন্ধিত দলিল, ক্রয়-বিক্রয়ের নথি এবং অনুমোদিত নকশার বিভিন্ন সংস্করণ তুলনা করে দেখা প্রয়োজন।

নিয়োগ ও পদায়ন নিয়ে প্রশ্ন: তোফায়েল, কবির আহমেদ ও ওমর ফারুক

নজরুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তির নিয়োগ, পদায়ন ও সরকারি সুবিধা পাওয়ার প্রক্রিয়া নিয়েও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

অভিযোগকারীদের দাবি, তোফায়েল নামের এক ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামার পদে নিয়োগ পেয়েছিলেন, যদিও তাঁর শিক্ষাগত যোগ্যতা ও পদের উপযোগিতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁকে নজরুল ইসলামের কথিত ‘ক্যাশিয়ার’ হিসেবেও উল্লেখ করেছেন অভিযোগকারীরা। তবে নিয়োগ বিজ্ঞপ্তি, শিক্ষাগত সনদ, নিয়োগ কমিটির সুপারিশ এবং নিয়োগপত্র যাচাই ছাড়া এ অভিযোগের সত্যতা নির্ধারণ করা সম্ভব নয়।

শিক্ষা ভবনের উন্নয়ন প্রকল্পের কর্মচারী হিসেবে পরিচিত কবির আহমেদের পদোন্নতি, রাজস্ব খাতে অন্তর্ভুক্তি এবং সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে পদায়ন নিয়েও অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, প্রভাব খাটিয়ে তাঁকে নিজ উপজেলা বুড়িচংয়ে পদায়নের ব্যবস্থা করা হয়েছিল এবং তাঁর আত্মীয়স্বজনের জন্যও সুবিধাজনক পদায়নের উদ্যোগ নেওয়া হয়।

অন্যদিকে, যদুপুর গ্রামের ওমর ফারুককে ধানমন্ডিতে সরকারি অফিসার্স কোয়ার্টার বরাদ্দ দেওয়ার বিষয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। সরকারি আবাসন বরাদ্দের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির চাকরির ধরন, পদ, যোগ্যতা এবং প্রযোজ্য নীতিমালা অনুসরণ করা হয়েছিল কি না, তা বরাদ্দপত্র ও অনুমোদনসংক্রান্ত নথি পর্যালোচনা করে নিশ্চিত করা প্রয়োজন।

এসব অভিযোগের নিরপেক্ষ নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট নিয়োগপত্র, পদ সৃষ্টির অনুমোদন, পদোন্নতির আদেশ, বদলি ও পদায়নের নথি এবং সরকারি আবাসন বরাদ্দের সিদ্ধান্ত পরীক্ষা করার দাবি উঠেছে।

সম্পদ অর্জন ও ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা যাচাইয়ের দাবি

অভিযোগকারীরা রফিক, তোফায়েল, মুমিন, হাবিব, কাজী মামনসহ কয়েকজনের নাম উল্লেখ করে তাঁদের সম্পদ অর্জন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক অনুসন্ধানের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিদের কারও কারও নামে ঢাকা, কুমিল্লা ও বুড়িচংয়ে ফ্ল্যাট, প্লট, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

মুমিনের বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পদ লাভে অনিয়ম এবং অল্প সময়ে বিভিন্ন এলাকায় সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে ১১ লাখ টাকা নেওয়ার অভিযোগও উত্থাপন করেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, এ ঘটনায় নিয়োগ-সংক্রান্ত নথি ও আর্থিক লেনদেন তদন্ত করা প্রয়োজন।

কাজী মামনের বিরুদ্ধেও একাধিক ভবনের ফ্ল্যাটের মালিকানা, প্রভাব খাটানো এবং বিভিন্ন কাজে তদবির করার অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগের কোনোটি প্রতিষ্ঠিত অপরাধ হিসেবে বিবেচনার আগে সম্পদের প্রকৃত মালিকানা, ক্রয়ের সময়, অর্থের উৎস, সংশ্লিষ্ট ব্যক্তিদের আয় এবং নথিভুক্ত আর্থিক লেনদেন যাচাই করা প্রয়োজন।

অভিযোগকারীরা কনটেক ডেভেলপার, ওয়নল্যান্ড ডেভেলপার, কনফিডেন্স গ্রুপ, রোজ গার্ডেন অ্যাসোসিয়েশন, মিশন ওয়েল ফেয়ার ট্রাস্ট, বুড়িচং পলিটেকনিক, বুড়িচং আধুনিক হাসপাতাল, বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি, রওশন-সিরাজ ফাউন্ডেশন, মিশন শ্যামলিমা, মিশন লাইট হাউজ, মিশন গার্ডেন ঢাকা এবং কনফিডেন্স সফটওয়্যারসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নাম উল্লেখ করেছেন।

তাঁদের দাবি, এসব প্রতিষ্ঠানের কোনো কোনোটি সম্পদ অর্জন, ভবন নির্মাণ বা প্রশাসনিক সুবিধা গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট। তবে প্রতিষ্ঠানগুলোর প্রকৃত মালিকানা, নিবন্ধন, পরিচালনা পর্ষদ, ব্যবসায়িক কার্যক্রম এবং অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের স্বাধীন যাচাই প্রয়োজন। শুধু কোনো প্রতিষ্ঠানের নাম অভিযোগে আসার ভিত্তিতে সেটিকে অবৈধ বা অপরাধে জড়িত বলা যায় না।

তদন্তে যেসব নথি গুরুত্বপূর্ণ

অভিযোগগুলোর প্রকৃত চিত্র নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কয়েকটি বিষয়ে নথিভিত্তিক অনুসন্ধানের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

প্রথমত, নজরুল ইসলামের পদোন্নতি-সংক্রান্ত সব আদেশ, প্রজ্ঞাপন, জ্যেষ্ঠতা তালিকা এবং সংশ্লিষ্ট কমিটির সুপারিশ যাচাই করা প্রয়োজন। দ্বিতীয়ত, তুষারধারার আলোচিত ভবনগুলোর জমির দলিল, অনুমোদিত নকশা, নির্মাণ অনুমোদন, পরিদর্শন প্রতিবেদন এবং অকুপেন্সি সনদের অবস্থা পরীক্ষা করতে হবে।

তৃতীয়ত, ফ্রেন্ডস ভিউ টাওয়ারের ২০২২ সালের অভিযান এবং মিশন সাগরিকা এপার্টমেন্ট নিয়ে রাজউক ও দুদকে করা অভিযোগের নথি পর্যালোচনা করা জরুরি। চতুর্থত, নিয়োগ, পদোন্নতি, বদলি-পদায়ন ও সরকারি আবাসন বরাদ্দের ক্ষেত্রে প্রযোজ্য বিধি অনুসরণ করা হয়েছিল কি না, তা সংশ্লিষ্ট দপ্তরের নথি দিয়ে নিশ্চিত করতে হবে।

পঞ্চমত, অভিযোগে উল্লিখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সম্পদের উৎস নিয়ে নির্দিষ্ট ও যাচাইযোগ্য তথ্য পাওয়া গেলে আইনানুগ প্রক্রিয়ায় আয়কর নথি, জমির দলিল, কোম্পানির মালিকানা এবং আর্থিক লেনদেন পরীক্ষা করা যেতে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও নিরপেক্ষ তদন্তের প্রত্যাশা

সাবেক সচিব নজরুল ইসলামকে ঘিরে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে পদোন্নতির প্রশাসনিক ভিত্তি, আলোচিত ভবনগুলোর অনুমোদন ও সনদের অবস্থা এবং নিয়োগ-পদায়নসংক্রান্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, রাজউক, দুদক ও নিয়োগকারী কর্তৃপক্ষের বক্তব্য প্রয়োজন।

একই সঙ্গে নজরুল ইসলাম এবং অভিযোগে নাম আসা অন্য ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করা জরুরি। তাঁদের ব্যাখ্যা, প্রাসঙ্গিক নথি কিংবা অভিযোগের প্রতিবাদ থাকলে সেগুলোও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা উচিত। এ প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের কাছে অভিযোগকারীদের প্রত্যাশা, তুষারধারার আলোচিত ভবনগুলো সরেজমিন পরিদর্শন করে অনুমোদিত নকশা ও বাস্তব নির্মাণের মধ্যে কোনো অসংগতি রয়েছে কি না, তা যাচাই করা হবে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিয়োগ, পদোন্নতি, সরকারি আবাসন বরাদ্দ এবং সম্পদ অর্জনের অভিযোগগুলোও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখতিয়ার অনুযায়ী পরীক্ষা করা হবে।

একজন সরকারি কর্মকর্তার পদোন্নতি কিংবা সম্পদের মালিকানা নিজে থেকেই অনিয়মের প্রমাণ নয়। তবে সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার, নিয়োগে অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন কিংবা নির্মাণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ উঠলে তা নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন।

অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং কোনো অভিযোগ অসত্য প্রমাণিত হলে তা স্পষ্টভাবে জানানোই হবে জবাবদিহি নিশ্চিত করার কার্যকর পথ। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ নেয় এবং সরকারি নথি ও তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র কতটা স্পষ্ট হয়।




ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি পারভেজ ইমন

ক্রীড়া ডেস্ক : ডান হিপ জয়েন্টের চোটের কারণে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তাঁর বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন।

শনিবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে লিটনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডান হিপ জয়েন্টে অস্বস্তি অনুভব করায় তাঁর এমআরআই পরীক্ষা করানো হয়। পরীক্ষার রিপোর্টে চোট ধরা পড়ায় সিরিজের কোনো ম্যাচেই খেলতে পারবেন না এই উইকেটকিপার-ব্যাটার।

লিটনের চোট বাংলাদেশের জন্য বড় ধাক্কা। ত্রিদেশীয় সিরিজে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল তাঁর। তবে টুর্নামেন্টের শুরুতেই চোটের কারণে ছিটকে যেতে হলো তাঁকে।

লিটনের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। তাঁর অধিনায়কত্বে সিরিজে নিজেদের সামর্থ্য প্রমাণের চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

এদিকে লিটনের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। বিসিবি তাঁর অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। লিটনের অনুপস্থিতিতে দলের ব্যাটিং লাইনআপে অবদান রাখার পাশাপাশি নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন এই বাঁহাতি ব্যাটার।