ভেষজ গ্রামের আড়ালে নাটোরে ভেজাল ওষুধের ভয়ঙ্কর বাণিজ্য

নাটোরের ভেষজ ওষুধি গ্রামের আড়ালে গড়ে উঠেছে ভয়ঙ্কর সব প্রতারক চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে রমরমা বাণিজ্য করছে অনুমোদনহীন ভেজাল যৌন উত্তেজক, হার্ট, ডায়াবেটিকস, অ্যালার্জিসহ বিভিন্ন ধরনের ওষুধ। হাতিয়ে নেয়া হচ্ছে কোটি কোটি টাকা। একই সঙ্গে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ। প্রশাসনের অভিযানেও থামছে না চক্রগুলোর দৌরাত্ম।

নানা জাতের ওষুধি গাছ চাষ হওয়ায় নাটোরের লক্ষ্মীপুর, খোলাবাড়িয়াসহ অন্তত ৩০টি গ্রাম পরিচিতি পেয়েছে ওষুধি গ্রাম হিসেবে। বাণিজ্যিক ভাবে চাষ হওয়ায় এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে অন্তত ২০ হাজার মানুষ। এতে বছরে উৎপাদন হচ্ছে ২০ থেকে ২২ কোটি টাকার পণ্য।

তবে ওষুধি গাছ চাষের আড়ালে গ্রামগুলোতে গড়ে উঠেছে ভয়ঙ্কর সব প্রতারক চক্র। ওষুধি গ্রামগুলোর সুনাম কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে ভেজাল যৌন উত্তেজক, হার্ট, ডায়াবেটিকস, অ্যালার্জিসহ বিভিন্ন রোগের ওষুধ। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে এসব ওষুধ বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্রটি। অপরদিকে, সরল বিশ্বাসে এসব ওষুধ খেয়ে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের একজন বলেন, ‘আমরা এ ভেজালের প্রতিবাদ করতে গিয়ে অনেকবার হুমকির মুখে পড়েছি।’মানুষ সুস্থ হবার জন্য ওষুধ গ্রহণ করে থাকে। তবে মানুষ এ ওষুধ খেয়ে আরও অসুস্থ হয়ে পড়ছে।

দেশের পাশাপাশি বিশ্বেও পরিচিত নাটোরের ওষুধি গ্রাম। এই পরিচিতিকে কাজে লাগিয়ে ওষুধি গ্রামে বাড়ি ভাড়া নিয়ে ১৫ থেকে ২০টি প্রতারক চক্র ভেজাল ওষুধ তৈরি ও বিপণন করে সাধারণ মানুষকে প্রতারণা করছে। এ নিয়ে স্থানীয় ভেষজ চাষিরা প্রতিবাদ করলে তাদেরকে দেয়া হচ্ছে হুমকি। ওষুধি গ্রামের সুনাম রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।ৎ

স্থানীয় ভেষজ চাষিরা জানান, যারা এ গ্রামের নাম নষ্ট করছে তাদের বিরুদ্ধে যেন সরকার থেকে ব্যবস্থা নেয়া হয়।

নাটোর লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ভেষজ চাষি সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘তারা যে ওষুধ বানাচ্ছে সেই ওষুধ গরা নিজেরাই খেতো না। তারা প্রশাসনের নাকের কাছে দিয়ে ঘুরছে। তারা ক্ষতি করছে।’

সম্প্রতি ওষুধি গ্রামে অভিযান চালিয়ে ভেজাল ও অনুমোদনহীন বিপুল পরিমাণ ওষুধ ও সরঞ্জামসহ তিনজনকে আটক করে জেলা পুলিশ। এই ধরনের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানান পুলিশ সুপার।

নাটোর পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, ‘অনুমোদনহীন নানা রকমের ওষুধ তৈরি করা হয়। এগুলো অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন মানুষদের কাছে বিক্রি করে। আমরা তাদেরও ধীরে ধীরে আইনের আওতায় নিয়ে আসবো।’

ওষুধি গ্রামকে ঘিরে অন্তত ৬২টি ভেষজ দোকান রয়েছে লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া বাজারে। এসব দোকানে বছরে কয়েক কোটি টাকার ওষুধ বিক্রি করা অসাধু চক্রকে ঠেকানো না গেলে, মানুষ প্রতারণার পাশাপাশি আর্থিক ও স্বাস্থ্যগত ভাবে চরম ক্ষতির শিকার হবেন। সেজন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন ভেষজ চাষিরা।




ভেষজ উৎপাদনে ১৬ গ্রামের মানুষের ভাগ্যবদল

নাটোর প্রতিনিধিঃ দেশের একমাত্র ঔষধি পল্লী হিসেবে পরিচিত নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া জেলার এক অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই দর্শনার্থীরা এই পল্লীতে আসছেন এবং মুগ্ধতা নিয়ে ফিরে যাচ্ছেন। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের ১৫টি গ্রামজুড়ে এই ভেষজ পল্লীর অবস্থান। ছবির মতো সুন্দর এই পল্লীতে বছরে শুধু অ্যালোভেরাই উৎপাদন হচ্ছে প্রায় ১৫ হাজার টন। এছাড়া শিমুল মূল, অশ্বগন্ধাসহ ১৪০ ধরনের ভেষজ উদ্ভিদ উৎপাদন হয়, যার মোট বাজার মূল্য অন্তত শত কোটি টাকা।

চারপাশে মাঠের পর মাঠ সবুজ অ্যালোভেরা। তার পাশের জমিতে চাষ হচ্ছে শতমূল, ঘৃতকাঞ্চন, মিছরিদানা, আলকুশি, অশ্বগন্ধা ও রোজেলা। প্রতিটি বাড়ির উঠানের আঙিনায় রয়েছে নানা প্রজাতির ঔষুধি উদ্ভিদ। এসব উদ্ভিদ উৎপাদন করে দেশের একমাত্র ঔষুধি পল্লী হিসেবে ঐতিহ্য অর্জন করেছে নাটোরের লক্ষ্মীপুর ও খোলাবাড়িয়া ইউনিয়নের মানুষরা।

সবার কাছে ‘ঔষুধি গ্রাম’ নামে সুপরিচিত এ পল্লী। এখানকার ১৬ গ্রামে চাষ হয় ১৫০ পদের ভেষজ ঔষুধি উদ্ভিদ। আর এসব ভেষজ উদ্ভিদ বাজারজাতকরণে এখানে গড়ে উঠেছে শতাধিক ভেষজ দোকান। ভেষজ উৎপাদন ও বিক্রির সঙ্গে এখানকার যুবকরা বেকারত্বকে দূরে সরিয়ে ভেষজ বিপ্লব ঘটিয়ে বদলেছেন নিজেদের ভাগ্য। এ বিপ্লবের ফলে গ্রামীণ অর্থনীতিতে বছরে এসেছে শত কোটি টাকা। ভেষজ উৎপাদন, বাজারজাত, পরিবহন কাজে এলাকার ১০ হাজার মানুষ সম্পৃক্ত রয়েছে।

নাটোর কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই এলাকায় প্রায় ১৫৫ হেক্টর জমিতে চাষ হয় ভেষজ উদ্ভিদের। যার মধ্যে ৭৫ হেক্টর জমিতেই শুধুমাত্র চাষ হয় অ্যালোভেরা। প্রতি বছরে প্রায় ১৫ হাজার মেট্রিকটন অ্যালোভেরা উৎপাদন হয় এখানে। শিমুলমূল চাষ হয় ৫০ হেক্টর জমিতে। বাকি ৩০ হেক্টর জমিতে করা হয় বিভিন্ন ভেষজ ঔষুধ। এখানকার অ্যালোভেরা প্রতিদিন ট্রাকযোগে চলে যায় দেশের বিভিন্ন জেলাতে। ঔষুধ, প্রসাধন, জুস ও শরবত তৈরিতে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা হয় এ অ্যালোভেরা। ময়মনসিংহের ভালুকাতে জুস তৈরির একটি কারখানা অ্যালোভেরার বড় ক্রেতা। এসব প্রতিষ্ঠানে পল্লীর ভেষজ গাছ থেকে উৎপাদিত ঔষুধ ও প্রসাধনী রপ্তানি হচ্ছে বিদেশেও। বছরে ১০০ কোটি টাকার ভেষজ ঔষুধ বিক্রি হয় এই পল্লী থেকে।

এই ঔষুধি গ্রামের মূল নায়ক কবিরাজ আফাজ উদ্দিন পাগলা। ১৯৯৫ সালের দিকে খোলাবাড়িয়া নিজ বসতবাড়িতে শুরু করেন ভেষজ ঔষুধ চাষ। নিজের বসতবাড়ির আশপাশে রোপণ করেন নানা জাতের ভেষজ। দেশের বিভিন্ন এলাকা থেকে এসব ভেষজ উদ্ভিদ সংগ্রহ করতেন তিনি। তার হাত ধরেই গ্রামের পর গ্রাম ছড়িয়েছে এ ভেষজ চাষ। তার কাছ থেকে এলাকার মানুষ উদ্বুদ্ধ হয়ে ভেষজ উৎপাদন শুরু করেন।

এখন দুই ইউনিয়নের ১৬ গ্রামে চাষ হয় এসব ভেষজ। ওই এলাকার প্রধান অর্থকরী ফসলে রুপ নিয়েছে এটি। এক সময়ে অভাব ও দারিদ্র্যে থাকা পল্লীর পরিবারে ফিরেছে সচ্ছলতা। ভেষজ চাষে পাল্টে গেছে পুরো এলাকার চিত্র। ইব্রাহিমপুর, নতুনবাজার, হাজীগঞ্জ, আমিরগঞ্জ, গাবতলী, লক্ষীপুর গ্রামের প্রতিটি বাড়ির আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে-ঘৃতকাঞ্চন, শতমূলী, শিমুল, মিসরি দানা, ভুঁইকুমড়া, আলকুচি, বাসক, তুলসী, হরিতকী, বহেরা, তেলাকুচ, কেশরাজ, ধুতরা, পুদিনা, যষ্টিমধু, নিম, অর্জুন, ওলটকম্বল, লজ্জাবতী, হস্তী পলাশ, নিশিন্দা, রাজকণ্ঠ, নীলকণ্ঠ, হিমসাগর, দুধরাজ, ঈশ্বর মূল, রাহু চান্দাল, রক্ত চান্দাল, ভাই চান্দাল, বোন চান্দাল, ভুঁইকুমড়া, আমরুল, কেয়ামূলসহ শত রকমের ঔষধি গাছ। সেই আফাজ উদ্দিন পাগলার ছোট প্রচেষ্টা আজ দেশের একমাত্র ভেষজ পল্লী হিসেবে গড়ে উঠেছে। আফাজ উদ্দিনের মৃত্যু হলেও তার দেখানো পথ অনুসরণে পুরো এলাকায় মানুষের ভাগ্য পাল্টেছে।

রোজেলা চাষি শহিদুল ইসলাম জানান, ২০১৭ সালে প্রথম আমি রোজেলা চাষ শুরু করি। এ বছর ২ একর জমি চাষ করেছি। আমার এ চাষ দেখে স্থানীয় অনেক কৃষক উদ্বুদ্ধ হয়ে চাষ করেছেন।

হাফিজুল ইসলাম নামে আরেক চাষি জানান, ১০ বছর থেকে অ্যালোভেরা চাষ করছি। অ্যালোভেরা চাষ অনেক লাভজনক। সঠিক পরিচর্যা করলে অ্যালোভেরার ফলন ভালো হয়। বছরে ১ বিঘা জমি থেকে ৩০ হাজার টাকা লাভ থাকে। আমাদের পুরো এলাকায় কম বেশি অ্যালোভেরা চাষ হয়। অনেক ব্যবসায়ী জমি থেকে অ্যালোভেরা কিনে নিয়ে ঢাকায় বিক্রি করেন।

ভেষজ চাষি রুস্তম আলী জানান, সর্বপ্রথম আমাদের এলাকায় ভেষজ ঔষুধ চাষ শুরু করেন আফাজ উদ্দিন। তার মাধ্যমে সবাই এ চাষে উদ্বুদ্ধ হয়েছেন। পুরো এলাকার মানুষ এ পেশায় যুক্ত। অনেক কৃষক এ ভেষজ চাষ করে হয়েছেন স্বাবলম্বী, অনেক পরিবারে সচ্ছলতা এসেছে। এই এলাকায় অ্যালোভেরা চাষ বেশি হয়ে থাকে। অ্যালোভেরা চাহিদা অনেক। পাশাপাশি দিনে দিনে রোজেলা চাষে আগ্রহী হচ্ছেন অনেক কৃষক।

লক্ষ্মীপুর বাজারের ভেষজ পণ্য ব্যবসায়ী মোবারক হোসেন জানান, আমাদের নিজস্ব উৎপাদিত ভেষজ উদ্ভিদ প্রক্রিয়াজাত করে পাউডার ও হালুয়া তৈরি করি। এসব ভেষজ পণ্য শরীরের দুর্বলতা, পেটের সমস্যাসহ বিভিন্ন রোগ নিরাময় করে। প্রাকৃতিক উপায়ে এসব ভেষজ পাউডার সারাদেশে বিক্রি করি। চাহিদা অনেক, ফলে প্রতিদিন ব্যবসায়ীরা কিনতে আসেন। আমার মতো এলাকার অসংখ্য মানুষ এই ব্যবসার সঙ্গে জড়িত।

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম বলেন, ভেষজ উদ্ভিদ চাষ করে ১৫/১৬ গ্রামের ১০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এখানকার চাষকৃত ঔষুধ দেশের বিভিন্ন স্থানে চলে যায়। বিশেষ করে অ্যালোভেরা প্রচুর উৎপাদন হয়ে থাকে। এটা কাঁচামাল হিসেবে শরবতের খুব জনপ্রিয়। ভেষজ উদ্ভিদ সংরক্ষণে গবেষণা ও কৃষকদের প্রশিক্ষণের আওতায় আনা হলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে।




এবার ‘দ্য কিং’ সিনেমায়

বিনোদন ডেস্কঃ আবারও চলচ্চিত্রের গানে জুটি বাঁধলেন সংগীতশিল্পী বালাম ও কোনাল। নতুন এই গানের শিরোনাম ‘তুমি আমার প্রেম’। ‘দ্য কিং’ নামের চলচ্চিত্রের জন্য গানটিতে কণ্ঠ দিয়েছেন তাঁরা। গত বুধবার রাতে ঢাকার মগবাজারের ভেলোসিটি রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন জাহিদ হোসেন।

মাসখানেকের মধ্যে এর শুটিং শুরুর কথা রয়েছে। বালাম ও কোনাল প্রথম একসঙ্গে গেয়েছিলেন ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের ‘ও প্রিয়তমা’ গানটি। ২০২৩ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটির এই গান দেশ-বিদেশের শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। বাংলা চলচ্চিত্রের গান হিসেবে এটি গ্লোবাল টপ চার্টের ৩৪ নম্বরে জায়গা করে নেয়। এরপর ‘রাজকুমার’ চলচ্চিত্রের টাইটেল গানেও একসঙ্গে কণ্ঠ দেন তাঁরা। গানটিও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে। এই দুই চলচ্চিত্রের পর আরও দুটি চলচ্চিত্রে একসঙ্গে গান গেয়েছেন বালাম ও কোনাল। এর মধ্যে ‘দরদ’ মুক্তি পেয়েছে, অন্য একটি চলচ্চিত্রের শুটিং এখনো শুরু হয়নি। ‘দ্য কিং’ চলচ্চিত্রের ‘তুমি আমার প্রেম’ গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। রেকর্ডিংয়ের সময় গানটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গানটি নিয়ে আশাবাদী শওকত আলী ইমন। তিনি বলেন, ‘বালাম-কোনাল দুজনই পরীক্ষিত শিল্পী।  যাঁর যাঁর জায়গায় আলোকিত। চলচ্চিত্রে তাঁরা দুজন দারুণ কয়েকটি গান উপহার দিয়েছেন। আমিও চেয়েছিলাম, একটি গানে তাঁদের একসঙ্গে করতে। সুন্দর একটি গান তৈরির পর দুজনকে প্রস্তাব দিই। তারাও সানন্দে রাজি হন। দুজনই অসাধারণ গেয়েছেন।’




পেশাজীবী দলের ঢাকা উত্তর কমিটির নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল ঢাকা মহানগর উত্তর-এর নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর মতিঝিলে এনআরবিসি টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও মুখপাত্র এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর উত্তর কমিটির পক্ষে সভাপতি ড. মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রবিউল আওয়াল বিপ্লবসহ অন্য নেতারা অংশ নেন।

সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবগঠিত উত্তর কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। এ সময় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং দলীয় কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশার প্রজননস্থল ধ্বংসে এলাকাভিত্তিক উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর কমিটির সকল সদস্যদের এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম, মশার প্রজননস্থল নির্মূলের উদ্যোগ এবং নাগরিক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের তাগিদ দেওয়া হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় নবগঠিত কমিটির নেতারা সংগঠনকে শক্তিশালী করা এবং জনসম্পৃক্ত কার্যক্রম বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।




অনিরুদ্ধ-কাব্যের বিয়ের জল্পনায় সিলমোহর, কবে বসবে আসর?

বিনোদন ডেস্কঃ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র ও আইপিএলের ক্রিকেট দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারান। দুই পরিবারের তরফে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আগেই সেই খবর প্রকাশ্যে আনলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আগামী নভেম্বরে তাদের বিয়ের আয়োজন হতে পারে। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ ও স্থান আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তাদের বিয়ের সংবর্ধনা আগামী ২১ নভেম্বর ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংবর্ধনার তারিখ জানান। তিনি লেখেন, সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান ও তার স্ত্রী কাভেরি মারান হায়দরাবাদের জুবিলি হিলসে তার বাসভবনে গিয়ে মেয়ের বিয়ের সংবর্ধনায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীর পোস্টে অনিরুদ্ধ ও কাব্য সংবর্ধনার কথা প্রকাশ্যে আসার পর তাদের বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে অনিরুদ্ধ ও কাব্য নিজেরা এখনো বিয়ের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানাননি।

অনিরুদ্ধ ও কাব্যকে ঘিরে বিয়ের গুঞ্জন অবশ্য নতুন নয়। ২০২৫ সালে প্রথম তাদের বিয়ের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়। গত বছরের জুনে বিয়ের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন অনিরুদ্ধ। সে সময় তিনি হাস্যরসের ছলে ভক্তদের গুজব না ছড়ানোর অনুরোধ জানান।

পরে চলতি বছরের জুনে অনিরুদ্ধের কাকা ও অভিনেতা ওয়াই জি মহেন্দ্র এক সাক্ষাৎকারে তাদের বিয়ের জল্পনায় নতুন করে ইন্ধন দেন। তার বক্তব্যে বিয়ের আয়োজন নিয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায়। এরপর থেকেই বিষয়টি নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

অনিরুদ্ধ রবিচন্দ্র দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক। ‘লিও’, ‘ইন্ডিয়ান ২’, ‘ভেত্তাইয়ান’, ‘বিদামুয়ার্চি’ ও ‘কুলি’র মতো আলোচিত চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন তিনি। তার সুর ও গান তরুণ শ্রোতাদের মধ্যে বিশেষ জনপ্রিয়।

অন্যদিকে, কাব্য মারান সান গোষ্ঠীর চেয়ারম্যান কালানিধি মারানের মেয়ে। তিনি সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয় দল সানরাইজার্স হায়দরাবাদের মালিক হিসেবেও পরিচিত তিনি।

দীর্ঘদিনের গুঞ্জনের পর এবার কাব্যের পরিবারের পক্ষ থেকে সংবর্ধনার আমন্ত্রণের খবর প্রকাশ্যে এসেছে। এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় তাদের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।




পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিজম বোর্ডকে নির্দেশনা

পর্যটন ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (১৭ অক্টোবর) মন্ত্রী ট্যুরিজম বোর্ডকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে প্রতিনিধি দল পাঠিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পর্যটকদের সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।

একই সঙ্গে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটন খাতের অংশীজনদের সঙ্গে সমন্বয় করে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছেন তিনি। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি সভা আয়োজন এবং সভায় সুপারিশ করা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশনাও দিয়েছেন মন্ত্রী।

নির্দেশনায় মন্ত্রী অগ্নিকাণ্ডের প্রকৃত পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ এবং পর্যটকদের সহায়তায় একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠাতে বলেছেন।

মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে পর্যটন কেন্দ্রসমূহের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় অগ্নি নিরাপত্তা জোরদারকরণ এবং জরুরি উদ্ধারবিষয়ক বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম নেওয়া হবে।

এদিকে দুপুরে দেওয়া এক বিবৃতিতে কক্সবাজারের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী।

মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সাথে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বলেন, ‘এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।’




বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন

বিশেষ প্রতিনিধি, বগুড়াঃ বগুড়ার নারুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে মমতা (৩৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। প্রথম ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে রেললাইন থেকে মরদেহ সরানোর আগেই এর ওপর দিয়ে দ্বিতীয় একটি ট্রেন চলে যায়। এতে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।

শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মমতা বগুড়ার ধুনট উপজেলার ছোট চাপড়া এলাকার মোখলেছার রহমানের মেয়ে।

জানা গেছে, সকালে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল ট্রেনটি নারুলী এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। পরে মরদেহটি রেললাইন থেকে সরিয়ে নেওয়ার আগেই ডাউন কলেজ ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করে। এতে মরদেহটি আরও ক্ষতিগ্রস্ত হয়।

বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি বর্তমানে স্টেশনে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।




কমিশন বাণিজ্য ও বিপুল সম্পদের অভিযোগে আলোচনায় গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদ

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই-এম) মো. কায়কোবাদকে ঘিরে কমিশন বাণিজ্য, প্রভাব খাটানো এবং বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ উঠেছে। দপ্তরের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারের দাবি, বিভিন্ন সময়ে অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে তিনি ঠিকাদারদের কাছ থেকে কাজের বিনিময়ে কমিশন আদায়ের একটি ব্যবস্থা গড়ে তুলেছেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলম, তার পর দায়িত্ব পালন করা মোহাম্মদ শামীম আখতার এবং বর্তমান প্রধান প্রকৌশলী খালেকুজ্জামানের সময়েও কায়কোবাদ গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন। দপ্তরের ভেতরে তিনি ‘ক্যাশিয়ার’ নামে পরিচিত বলেও দাবি করেছেন কয়েকজন। তাদের অভিযোগ, প্রভাবশালী ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ কাজে লাগিয়ে বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে ৪ থেকে ৫ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়া হয়। একটি সার্কেলের বার্ষিক কাজের হিসাব ধরলেও এই হার অনুযায়ী বড় অঙ্কের অর্থ আদায়ের সুযোগ তৈরি হয় বলে তাদের দাবি। তবে নির্দিষ্ট কোনো প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগের পক্ষে যাচাইযোগ্য নথি বা চূড়ান্ত তদন্তের ফলাফল এখানে পাওয়া যায়নি।

কায়কোবাদের অধীন বিভিন্ন সার্কেলে প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন না করেই পুরো বিল তুলে নেওয়ার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে বাস্তবে কাজ না করেও শতভাগ বিল উত্তোলন করা হয়েছে। এ ধরনের অভিযোগের সঙ্গে নির্বাহী প্রকৌশলী পবিত্র কুমার দাসের নামও এসেছে। মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, এরপরও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর কিংবা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।

এই পরিস্থিতিতে অধীন কর্মকর্তাদের বিরুদ্ধে কাজ না করে বিল তোলার অভিযোগ থাকলে তদারকির দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে কায়কোবাদ সংশ্লিষ্ট সার্কেলগুলোর দায়িত্বে থাকাকালে প্রকল্পের কাজ, বিল অনুমোদন এবং অর্থ ছাড়ের প্রক্রিয়া যথাযথভাবে তদারকি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযোগের সত্যতা নির্ধারণে প্রকল্পের কার্যাদেশ, কাজের পরিমাপ, বিলের নথি, পরিদর্শন প্রতিবেদন এবং অর্থ পরিশোধের রেকর্ড পরীক্ষা করা জরুরি।

কায়কোবাদের বিরুদ্ধে ওঠা আরেকটি গুরুতর অভিযোগ হলো, সরকারি চাকরি থেকে পাওয়া আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল সম্পদের মালিক হওয়া। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় তার ও পরিবারের সদস্যদের নামে একাধিক ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে রাজধানীর ইকবাল রোডের ‘এ’ ব্লকে ‘আমেনাস ড্রিম’ ভবনে আনুমানিক সাত কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট থাকার অভিযোগ করা হয়েছে। এ ছাড়া উত্তরায় দুটি, ধানমন্ডিতে একটি এবং বনানীতে দুটি ফ্ল্যাট থাকার তথ্য দিয়েছেন সূত্রগুলো।

সম্পদের তালিকায় পূর্বাচলের আমুলিয়া প্রজেক্টে ৪০ কাঠা জমি থাকার অভিযোগও রয়েছে। একই সঙ্গে ঢাকার ধামরাইয়ে একটি ১০ তলা ভবন এবং কায়কোবাদের নিজ জেলা শেরপুরে নামে-বেনামে বিপুল পরিমাণ জমি ও অন্যান্য স্থাবর সম্পত্তি থাকার দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের আরও অভিযোগ, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের নাম ব্যবহার করেও সম্পদ রাখা হয়ে থাকতে পারে। তবে এসব সম্পত্তির দলিল, খতিয়ান, নিবন্ধন নথি কিংবা প্রকৃত মালিকানা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পরিবারের ব্যবহারের জন্য নতুন মডেলের একটি টয়োটা এক্সিও গাড়ি থাকার কথাও উল্লেখ করেছেন সূত্রগুলো। তাদের দাবি, গাড়িটি আলআমিন নামের এক চালকের নামে রয়েছে। তবে গাড়িটির নিবন্ধিত মালিকানা, অর্থের উৎস এবং কায়কোবাদ বা তার পরিবারের সঙ্গে এর আর্থিক সম্পর্ক সম্পর্কে কোনো যাচাই করা তথ্য পাওয়া যায়নি। এ কারণে গাড়িটিকে তার সম্পদ হিসেবে নিশ্চিতভাবে উল্লেখ করার আগে সংশ্লিষ্ট নথি পরীক্ষা করা জরুরি।

কায়কোবাদের কর্মজীবনের বিভিন্ন পর্যায় নিয়েও আলোচনা রয়েছে। সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের সময় তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই-এম) হিসেবে গণপূর্তের ই-এম প্ল্যানিং সার্কেলে কর্মরত ছিলেন। পরে চট্টগ্রাম ই-এম সার্কেলে দায়িত্ব পালন করে ঢাকার গুরুত্বপূর্ণ ই-এম সার্কেল-২-এর দায়িত্ব পান। কয়েকজন সহকর্মীর অভিযোগ, সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় ব্যবহার করে তিনি বিভিন্ন সময়ে আর্থিক সুবিধা নিয়েছেন। তবে এই অভিযোগের পক্ষে নির্দিষ্ট লেনদেনের নথি বা কোনো তদন্তের চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিবেদনে নেই।

সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান চলার কথা উল্লেখ করে সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন, তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কায়কোবাদের সম্পদ ও আয়ের উৎসও একইভাবে খতিয়ে দেখা হচ্ছে কি না। তবে কায়কোবাদকে ঘিরে ওঠা অভিযোগের কারণে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। অভিযোগের সত্যতা নির্ধারণের জন্য নিরপেক্ষ অনুসন্ধান এবং প্রমাণভিত্তিক মূল্যায়ন প্রয়োজন।

সংশ্লিষ্টদের দাবি, কায়কোবাদের নামে ও পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের বৈধ উৎস, প্রকল্পের বিল অনুমোদন, ঠিকাদারদের সঙ্গে আর্থিক লেনদেন এবং তার অধীন সার্কেলগুলোর কাজের বাস্তব অগ্রগতি খতিয়ে দেখা হোক। অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে অভিযোগে নাম আসা কর্মকর্তাদের বক্তব্য নেওয়া এবং অভিযোগগুলোর নথিভিত্তিক যাচাই নিশ্চিত করাও জরুরি।

প্রতিবেদন তৈরির সময় গত ৪ ও ৫ অক্টোবর মো. কায়কোবাদের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হয়। হোয়াটসঅ্যাপেও বার্তা পাঠিয়ে তার বক্তব্য জানার চেষ্টা করা হয়। তবে প্রতিবেদন প্রস্তুত করা পর্যন্ত তার কোনো সাড়া পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে যুক্ত করা হবে।




নবম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে নতুন নির্দেশনা

শিক্ষা ডেস্কঃ ২০২৮ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক নবম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের নতুন সময়সীমা নির্ধারণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

শনিবার জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত ২০২৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বাদ পড়া রেজিস্ট্রেশন কার্যক্রম ১৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সম্পন্ন করা যাবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল অ্যান্ড কলেজের জন্য এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

সময়সীমার মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে এর দায়ভার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।

এ ছাড়া অন্য শিক্ষা বোর্ড থেকে ছাড়পত্রের (টিসি) মাধ্যমে এসে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।




দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ইসলামের অর্থনৈতিক দর্শন

ইসলামিক ডেস্কঃ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আজ সাধারণ মানুষের জীবন-সংগ্রামের এক কঠিন বাস্তবতা। আয় সীমিত, অথচ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রমবর্ধমান। এই বৈপরীত্যে নিম্ন আয়ের মানুষ, শ্রমজীবী পরিবার ও নির্দিষ্ট আয়ের মধ্যবিত্ত শ্রেণি প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে। সংসারের ব্যয় মেটাতে অনেককে খাদ্য, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক প্রয়োজনেও কাটছাঁট করতে হচ্ছে। অথচ বাজারের এই সংকট কেবল অর্থনীতির পরিসংখ্যান নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবনমান, সামাজিক ন্যায়বিচার এবং রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়বদ্ধতা। এ পরিস্থিতিতে ইসলামের অর্থনৈতিক দর্শন, ব্যক্তি, ব্যবসায়ী ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে।

ইসলামি অর্থনীতিতে সংযম ও ন্যায়বিচার : ইসলাম মানুষের বৈধ ভোগ ও উপার্জনকে স্বীকৃতি দিয়েছে; কিন্তু অপচয়, সীমা লঙ্ঘন ও অন্যায় সম্পদ আহরণকে নিরুৎসাহিত করেছে। আল্লাহতায়ালা বলেন-‘তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না’ (সুরা আল আরাফ : ৩১)।

দ্রব্যমূল্যের চাপে সাধারণ মানুষের প্রথম করণীয় হলো আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা, অপ্রয়োজনীয় ভোগ পরিহার, খাদ্যের অপচয় রোধ এবং সামর্থ্য অনুযায়ী জীবন পরিচালনা। তবে ব্যক্তিগত সংযমের উপদেশ দিয়ে বাজারব্যবস্থার ত্রুটি কিংবা নীতিগত দুর্বলতার দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া যায় না। সংকট মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কারও অপরিহার্য।

মজুতদারি ও মুনাফালোভের বিরুদ্ধে ইসলাম : ব্যবসা ইসলামে সম্মানজনক পেশা; ন্যায্য মুনাফা অর্জনও বৈধ। কিন্তু মানুষের প্রয়োজনকে জিম্মি করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বাজারে ক্ষতিকর মজুতদারি নৈতিক ও ধর্মীয় দৃষ্টিতে নিন্দনীয়। রসুল (সা.) বলেছেন-‘পাপী ব্যক্তি ছাড়া কেউ মজুতদারি করে না’ (সহিহ মুসলিম)। এ নিষেধাজ্ঞার লক্ষ্য মানুষের ক্ষতি সাধনকারী মজুতদারি বারণ করা। তাই ব্যবসায়ীদের উচিত স্বচ্ছতা, সততা ও ন্যায্যতার সঙ্গে ব্যবসা পরিচালনা করা। ওজনে কারচুপি, মিথ্যা প্রচারণা, যোগসাজশের মাধ্যমে দাম বাড়ানো এবং দুর্দিনে অস্বাভাবিক মুনাফার লোভ পরিহার করা ইমানি দায়িত্ব। আল্লাহ বলেন, ‘তোমরা মানুষকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না’ (সুরা আল আরাফ : ৮৫)।

জনদুর্ভোগ লাঘবে সম্মিলিত করণীয় : সাধারণ ভোক্তাদের উচিত যাচাই ছাড়া আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকা, বাজারদর তুলনা করা এবং প্রতারণা বা কারসাজির নির্ভরযোগ্য প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো। সামর্থ্যবানদের উচিত অসচ্ছল আত্মীয়, প্রতিবেশী ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো। জাকাত যথাযথভাবে আদায়, সদকা বৃদ্ধি এবং দরিদ্র মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করা সামাজিক সংহতি জোরদার করতে পারে। রসুল (সা.) বলেছেন-‘যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণে নিয়োজিত থাকে, আল্লাহ তার প্রয়োজন পূরণে পাশে থাকেন (সহিহ বুখারি)।

অন্যদিকে রাষ্ট্রের দায়িত্ব হলো বাজারে কার্যকর প্রতিযোগিতা নিশ্চিত করা, অসাধু সিন্ডিকেট ও কারসাজি প্রতিরোধ, উৎপাদন ও সরবরাহব্যবস্থার উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য এবং ভোক্তার সুরক্ষা নিশ্চিত করা। দরিদ্র ও সীমিত আয়ের মানুষের জন্য কার্যকর সামাজিক নিরাপত্তাব্যবস্থা, ন্যায্য মজুরি এবং প্রয়োজনভিত্তিক সহায়তা সম্প্রসারণও জরুরি। কারণ মূল্যস্ফীতির হার কমে গেলেও পণ্যের দাম আগের অবস্থায় ফিরে আসে না; আয় সেই অনুপাতে না বাড়লে মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা সংকুচিত হয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মোকাবিলা কেবল বাজারের হিসাব নয়; এটি ন্যায়বিচার, মানবিকতা ও সামাজিক দায়িত্বেরও পরীক্ষা। সাধারণ মানুষ সংযমী হবেন, ব্যবসায়ী সততার পরিচয় দেবেন, সামর্থ্যবানরা অভাবীদের পাশে দাঁড়াবেন এবং রাষ্ট্র ন্যায়সংগত বাজারব্যবস্থা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে-এ সম্মিলিত উদ্যোগেই জনদুর্ভোগ লাঘবের পথ প্রশস্ত হতে পারে। ইসলামের অর্থনৈতিক দর্শনের মর্মকথা হলো, সম্পদ অর্জন বৈধ, কিন্তু মানুষের অধিকার পদদলিত করে নয়। মুনাফা গ্রহণযোগ্য, কিন্তু জনদুর্ভোগকে পুঁজি করে নয়। যে অর্থনীতি মানুষের জীবনকে স্বস্তি দেয় না, যে বাজার দুর্বলের অধিকার রক্ষা করে না এবং যে সমৃদ্ধি মানুষের কষ্টের প্রতি নির্বিকার থাকে-ইসলামের ন্যায়বিচার-ভিত্তিক আদর্শ সেই বাস্তবতার সংশোধন দাবি করে।