ভুয়া টিপিতে কাঠ পাচারের অভিযোগ, বান্দরবান-চট্টগ্রামের বন কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অনুসন্ধান দাবি

বিশেষ প্রতিবেদকঃ বান্দরবান ও চট্টগ্রাম অঞ্চলে অবৈধভাবে সংগ্রহ করা কাঠ পরিবহনের অনুমতি দেওয়া এবং ঘুষের বিনিময়ে কাঠভর্তি ট্রাক ঢাকায় পাঠানোর অভিযোগ উঠেছে বন বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, কাঠের প্রকৃত উৎস, পরিমাণ ও বৈধতা যথাযথভাবে যাচাই না করেই ট্রানজিট পাস (টিপি) দেওয়া হয়েছে। পরে চেকপোস্টে ট্রাক আটকের নির্দেশ এলেও অর্থ লেনদেনের মাধ্যমে সেগুলো ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। ৭ ও ১২ অক্টোবরের কয়েকটি ঘটনায় মোট কয়েক লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ সামনে এসেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে বান্দরবান বন বিভাগের সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা কাজী সাইফুলের নেতৃত্বে দুটি ট্রাকে কাঠ বোঝাই করা হয়। ট্রাক দুটির নম্বর পিরোজপুর-ট ১১-০১৮৬ এবং চট্ট মেট্রো-ট ১২-০৬৭৯। মহিউদ্দিন ও কায়সার নামের দুই ব্যবসায়ীর সংশ্লিষ্টতায় কাঠ পরিবহনের এই ব্যবস্থা করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগকারীদের দাবি, ট্রাকে বোঝাই করা কাঠের জাত, পরিমাণ ও বৈধ উৎস যথাযথভাবে পরীক্ষা না করেই লোডিং চেক সম্পন্ন করা হয় এবং পরিবহনের জন্য ট্রানজিট পাস দেওয়া হয়। অথচ কাঠ পরিবহনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন যাচাই করা বন বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কাঠের উৎস বা বৈধতা নিয়ে প্রশ্ন থাকলে তা পরীক্ষা না করে পরিবহনের অনুমতি দেওয়ার মাধ্যমে অবৈধ কাঠ পাচারের সুযোগ তৈরি হতে পারে।

বিষয়টি গোপন সূত্রে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো এবং চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবু নাসের মোহাম্মদ মহাসিনকে জানানো হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে। একই সঙ্গে কাঠভর্তি ট্রাক দুটি আটকে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করার অনুরোধ জানানো হয়েছিল বলেও জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, ট্রাক দুটি আটকের নির্দেশ দেওয়া হলেও শেষ পর্যন্ত সেগুলো আটকে রাখা হয়নি। ফৌজদারহাট ও ধূমঘাট চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা আশরাফুল আলম ও শামীম রেজার বিরুদ্ধে ট্রাকমালিকদের সঙ্গে সমঝোতার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, তিনজনের একটি চক্র দুই লাখ টাকা ঘুষের বিনিময়ে রাতের দিকে ট্রাক দুটি ছাড়ার ব্যবস্থা করে। পরে ভোর আনুমানিক তিনটার দিকে ট্রাক দুটি ঢাকার উদ্দেশে রওনা হয়।

এর কয়েক দিন পর, ১২ অক্টোবর, একই ধরনের আরেকটি ঘটনার অভিযোগ সামনে আসে। সোহেল কেরানির মালিকানাধীন চট্ট মেট্রো-ট ১১-০৫৩৮ নম্বরের একটি ট্রাকে কাঠ বোঝাই করে ঢাকার পথে পাঠানোর চেষ্টা করা হয়। ট্রাকটির সঙ্গে টিপি নম্বর ০৩/০০৩৫৩৭ যুক্ত ছিল, যার তারিখ ১১ অক্টোবর ২০২৬।

অভিযোগ অনুযায়ী, এই ট্রাকটির বিষয়েও গোপন সূত্রে বন সংরক্ষক মিহির কুমার দো এবং ডিএফও আবু নাসের মোহাম্মদ মহাসিনকে জানানো হয়। পরে ডিএফও ফৌজদারহাট চেক স্টেশনের কর্মকর্তা আশরাফুল আলমকে ট্রাকটি আটকানোর নির্দেশ দেন।

কিন্তু অভিযোগকারীদের ভাষ্য, ট্রাকটি আটকানোর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করে বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসার চেষ্টা করা হয়। এতে ধূমঘাট চেক স্টেশনের কর্মকর্তা শামীম রেজা এবং সদর রেঞ্জের কর্মকর্তা কাজী সাইফুলের যোগসাজশ ছিল বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, ট্রাকটির কাঠের বৈধতা যাচাইয়ের নামে রাতে একটি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর দুই লাখ টাকা ঘুষের বিনিময়ে ট্রাকটি ছেড়ে দেওয়ার সমঝোতা হয় বলে দাবি করা হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের ‘ম্যানেজ’ করার কথা বলে আরও এক লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। সব মিলিয়ে তিন লাখ টাকার বিনিময়ে ট্রাকটি ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছিল বলে অভিযোগকারীদের দাবি।

এখানেই শেষ নয়। বিষয়টি জানাজানি হওয়ার পর সংবাদ প্রকাশ ঠেকানো বা গণমাধ্যমের কাছে বিষয়টি পৌঁছানো বন্ধ করার কথা বলে কাজী সাইফুলের কাছ থেকে আরও এক লাখ টাকা নেওয়া হয়েছিল বলেও অভিযোগ উঠেছে।

এই অভিযোগগুলোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। কাঠ পরিবহনের জন্য দেওয়া টিপিগুলো যথাযথ নিয়মে ইস্যু করা হয়েছিল কি না, ট্রাকে থাকা কাঠের পরিমাণ ও ধরন নথির সঙ্গে মিলেছিল কি না, কাঠের উৎস বৈধ ছিল কি না এবং চেকপোস্টে ট্রাক আটকের পর কোন প্রক্রিয়ায় সেগুলো ছেড়ে দেওয়া হয়েছিল—এসব বিষয় যাচাই করা জরুরি।

একই সঙ্গে ট্রাক ছাড়ার সিদ্ধান্ত কে নিয়েছিলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ যথাযথভাবে পালন করা হয়েছিল কি না এবং কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা নিয়েছেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। অভিযোগ সত্য হলে সরকারি দায়িত্ব পালনে অনিয়ম, অবৈধ কাঠ পরিবহনে সহায়তা এবং ঘুষ গ্রহণের মতো গুরুতর বিষয় সামনে আসতে পারে।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের ডিএফও আবু নাসের মোহাম্মদ মহাসিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে জানাবেন বলে জানান। এরপর তিনি আর যোগাযোগ করেননি বলে অভিযোগকারী পক্ষের ভাষ্য। ফলে অভিযোগগুলোর বিষয়ে তাঁর বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফরেস্টার দাবি করেছেন, অভিযোগে উল্লেখ করা ঘুষের টাকার একটি অংশ ডিএফও নিজেও পেয়েছেন। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্যও পাওয়া যায়নি। তাই তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগের সত্যতা নির্ধারণে নিরপেক্ষ অনুসন্ধান প্রয়োজন।

সদর রেঞ্জের কর্মকর্তা কাজী সাইফুল, ফৌজদারহাট চেক স্টেশনের কর্মকর্তা আশরাফুল আলম, ধূমঘাট চেক স্টেশনের কর্মকর্তা শামীম রেজা, বন সংরক্ষক মিহির কুমার দো এবং কাঠ ব্যবসায়ী মহিউদ্দিন, কায়সার ও সোহেল কেরানির বক্তব্যও এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

বনাঞ্চল থেকে কাঠ সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণ নিয়ন্ত্রণে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই ব্যবস্থার মধ্যেই যদি ভুয়া বা অনিয়মপূর্ণ টিপি ব্যবহার করে কাঠ পরিবহনের সুযোগ তৈরি হয়, তাহলে সংরক্ষিত বনাঞ্চলের কাঠ রক্ষা করা কঠিন হয়ে পড়ে। আবার চেকপোস্টে ট্রাক আটকানোর পর নিয়ম মেনে যাচাই না করে ছেড়ে দেওয়া হলে পরিবহন নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন ওঠে।

তাই অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট টিপি, লোডিং চেকের নথি, কাঠের পরিমাণ ও উৎসের কাগজপত্র, চেকপোস্টের রেজিস্টার, ট্রাক চলাচলের তথ্য এবং ট্রাক ছাড়ার নির্দেশসংক্রান্ত নথি পরীক্ষা করা প্রয়োজন। পাশাপাশি অভিযোগে উল্লেখ করা অর্থ লেনদেনের বিষয়ে কোনো নির্ভরযোগ্য প্রমাণ রয়েছে কি না, সেটিও অনুসন্ধান করা উচিত।

এখন দেখার বিষয়, বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাগুলো তদন্ত করে কাঠ পরিবহনের অনুমোদন এবং ট্রাক ছাড়ার পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করে কি না। অভিযোগগুলো প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।




ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ ডেঙ্গু ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে গুলশানের বাসা থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবন আকস্মিক পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী।

দিনের শুরুতে প্রধানমন্ত্রী রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), অস্ত্রোপচারকক্ষসহ (অপারেশন থিয়েটার) বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে কর্তৃপক্ষকে সাত দিনের সময় দেন তিনি।

এরপর প্রধানমন্ত্রী যান রাজউক উত্তরা মডেল কলেজে। সেখানে তিনি শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউট সদস্যদের সঙ্গে কথা বলেন। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বছরের এ সময়ে, বিশেষ করে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। প্রতিবছর ডেঙ্গুতে বহু মানুষ আক্রান্ত হন, অনেকের মৃত্যুও হয়। ডেঙ্গু মোকাবিলায় সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে প্রতিরোধ। আর এ জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গুর সঙ্গে লড়াই করতে হলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিরোধ। আর এ জন্য আমাদের চারপাশ পরিষ্কার রাখতে হবে। এই কাজে আমি তোমাদের সাহায্য চাই।’

তিনি আরও বলেন, দেশের বিপুলসংখ্যক তরুণ যদি নিজেদের আশপাশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেয়, তাহলে ডেঙ্গু প্রতিরোধসহ পরিবেশ রক্ষায় বড় পরিবর্তন আনা সম্ভব।

রাজধানীর পরিচ্ছন্নতা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা একটি বিশাল শহর। এখানে দুই থেকে আড়াই কোটির বেশি মানুষের বসবাস। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত কাজ করলেও তাদের সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। তাই শুধু সিটি করপোরেশন বা প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না। নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বলেন, ‘তোমরা স্কাউট, গার্ল গাইড কিংবা রেড ক্রিসেন্টের সদস্য হও বা না হও, তোমরা সবাই এ দেশের নাগরিক। তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই নিজের বাসা, স্কুল, পাড়া ও আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব তোমাদেরও নিতে হবে।’

যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা বন্ধে সামাজিক সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কেউ নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেললে তাকে সচেতন করতে হবে। সবাই মিলে চেষ্টা করলে ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব।

প্রধানমন্ত্রী জানান, নগরীর বিভিন্ন স্থানে ময়লা ফেলার জন্য ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে অনেক জায়গা থেকে এসব ডাস্টবিন চুরি হয়ে যাচ্ছে। একইভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে বিভিন্ন স্থানে লাগানো গাছের চারাও চুরি হচ্ছে।

এসব কর্মকাণ্ড প্রতিরোধে নাগরিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

জন্মদিনে একটি করে গাছ রোপনের পরামর্শ

পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের প্রতিবছর নিজেদের ও পরিবারের সদস্যদের জন্মদিনে অন্তত একটি করে গাছ রোপনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘তোমার জন্মদিনে, ভাইবোনের জন্মদিনে কিংবা নানা-নানির জন্মদিনে একটি করে গাছ রোপনের চেষ্টা করবে। সেটা তোমার বাসায় হতে পারে, স্কুলে হতে পারে কিংবা গ্রামের বাড়িতে হতে পারে। গাছগুলো যখন বড় হবে, তোমরাও তখন বড় হবে।’

রাজধানীতে ক্রমবর্ধমান তাপমাত্রা ও সবুজের ঘাটতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। নিজের শৈশবের স্মৃতিচারণা করে তিনি বলেন, একসময় ঢাকায় অনেক বেশি গাছপালা ও খোলা জায়গা ছিল। এখন সেখানে বহুতল ভবন গড়ে উঠেছে। গাছপালা কমে যাওয়ায় শহরে গরমের অনুভূতিও বেড়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘গাছ যত বাড়বে, আমরা তত বুক ভরে শ্বাস নিতে পারব। গাছের পাতার ঝিরঝির শব্দ আমার খুব ভালো লাগে। আমরা সবাই মিলে গাছ লাগালে শহরের তাপমাত্রাও কিছুটা কমিয়ে আনা সম্ভব।’

শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও সবুজায়ন—এই তিনটি ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। শুধু সরকারের উদ্যোগ নয়, নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের কাছে জানতে চান, নিজেদের স্কুল, বাসা, পাড়া ও আশপাশ পরিচ্ছন্ন রাখতে তাঁদের সহযোগিতা পাওয়া যাবে কি না। এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পান তিনি।




শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজঃ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এ ঘটনায় ওই চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের এমন আচরণ ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন সরকারপ্রধান।

একইসঙ্গে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রীর নির্দেশের পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরিদর্শনকালে হাসপাতালে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।




ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডেস্ক নিউজঃ জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। ২০১৮ সালের একটি মানহানি মামলায় জামিনযোগ্য এই আদেশ দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) এই নির্দেশ দেন ভারতের আদালত।

দক্ষিণ পূর্ব দিল্লির প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহুল জৈন এই পরোয়ানা জারি করেন। তিনি আগামী ৩১ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন এবং বিস্তারিত আদেশের অপেক্ষা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।

বিকাশ সংষ্কৃত্যায়ন নামক এক ব্যক্তির দায়ের করা মামলার ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়েছে। সংষ্কৃত্যায়নের অভিযোগ অনুযায়ী, ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলে ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিওতে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়েছিলেন।

সাধারণত জার্মানি বা অস্ট্রিয়ায় বসবাসকারী ধ্রুব রাঠি বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার এবং বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির বিরুদ্ধে আয়োজিত ককরোচ জনতা পার্টির বিক্ষোভে অংশ নিতে ভারতে অবস্থান করছেন। এর আগে ১২ অক্টোবর হরিয়ানার গুরগাঁওয়ের ঠিকানায় সমন পাঠানো হলেও তা কার্যকর না হওয়ায় আদালত তারিখ এগিয়ে এনে নতুন পরোয়ানা জারির পদক্ষেপ নেয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস




আজ ও কাল মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার

ডেস্ক নিউজঃ শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি মহাসপ্তমী শনিবার (১৭ অক্টোবর)। তবে এ বছর তিথিচক্রে সপ্তমী তিথি থাকবে আগামীকালও।

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শারদীয় দুর্গোৎসবের সপ্তমী তিথিতে দেবী দুর্গার শক্তি, কল্যাণ ও অশুভ শক্তির বিনাশের আরাধনার এক তাৎপর্যপূর্ণ দিন।

ভক্তরা দেবীর কাছে পরিবার, সমাজ ও দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করবেন।

মহাসপ্তমীর প্রথম দিনের প্রভাতে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা স্নান ও পূজামণ্ডপে প্রবেশের মধ্য দিয়ে দিনের প্রধান আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রচলিত ভাষায় নবপত্রিকা ‘কলাবউ’ নামে পরিচিত। কলাগাছ, কচুগাছ, হলুদগাছ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু ও ধানগাছ এই নয়টি উদ্ভিদ একত্র করে নবপত্রিকা প্রস্তুত করা হয়।

শাস্ত্রীয় বিধি অনুসারে স্নান করিয়ে নবপত্রিকাকে পূজামণ্ডপে নির্দিষ্ট স্থানে প্রতিষ্ঠা করা হয়েছে।

নবপত্রিকা পূজার মধ্য দিয়ে প্রকৃতি ও উদ্ভিদজগতের সঙ্গে দেবী আরাধনার এক গভীর যোগসূত্র প্রতিফলিত হয়।

পূজাবিধি অনুসারে বিভিন্ন পবিত্র জল ও উপকরণ ব্যবহার করে দর্পণে প্রতিফলিত প্রতিমার উদ্দেশ্যে এই স্নান সম্পন্ন করা হয়।

পরে নির্দিষ্ট মন্ত্র ও পূজাবিধির মাধ্যমে দেবীর ঐশ্বরিক উপস্থিতি আহ্বানের আচার পালিত হয়, যা প্রাণ প্রতিষ্ঠা নামে পরিচিত।

সপ্তমীবিহিত পূজায় দেবী দুর্গাকে ষোড়শোপচারসহ প্রচলিত শাস্ত্রীয় বিধিতে পূজা করা হয়। মন্ত্রপাঠ, পুষ্পার্ঘ্য নিবেদন, ভোগ নিবেদন ও আরতির মধ্য দিয়ে ভক্তরা দেবীর চরণে নিজেদের ভক্তি ও প্রার্থনা নিবেদন করবেন আজ।

সকালে পূজা শেষে ভক্তরা ফুল ও বেলপাতা দিয়ে দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন।

দেবীর আশীর্বাদ কামনায় পূজামণ্ডপে সমবেত হবেন নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী ভক্ত ও দর্শনার্থী।

দিনভর পূজামণ্ডপে মণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের পদচারণায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়বে।

বিভিন্ন মণ্ডপে পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হবে মহাসপ্তমী।

সন্ধ্যায় ধূপ, প্রদীপ ও অন্যান্য পূজাসামগ্রী দিয়ে অনুষ্ঠিত হবে সন্ধ্যারতি। ঘণ্টা, শঙ্খ ও ঢাকের ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে মণ্ডপের পরিবেশ।




হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি

ডেস্ক নিউজঃ অতীতে যারা দিনের পর দিন হরতাল ও অবরোধ ডেকে দেশকে স্থবির ও অচল করে দিতে চেয়েছিল, বর্তমান বিরোধী দল তাদেরই রাজনৈতিক দোসর বা সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারিপাড়ার ত্রিনয়নী পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক লড়াই পার করে এখন দেশ গড়ার জীবনসংগ্রামে মনোনিবেশ করার সময় এসেছে; তাই দেশকে যেন পুনরায় কোনো রাজনৈতিক সংঘাতের দিকে ঠেলে দেওয়া না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি তার বক্তব্যে অতীতের রাজনৈতিক সংকটের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘একসময় দেশে ১৭১ দিন, ৭২ দিন কিংবা ৭৩ দিন পর্যন্ত একটানা হরতাল দেওয়া হয়েছিল। যারা তখন এসব কর্মসূচি দিয়ে দেশ অচল করার ঘোষণা দিয়েছিল, আজকের বিরোধী দল ঘুরিয়ে-ফিরিয়ে তাদেরই সঙ্গী হিসেবে কাজ করছে। এ বিষয়ে আমাদের অত্যন্ত সজাগ ও সতর্ক থাকতে হবে। আমরা রাজনৈতিক যুদ্ধ শেষ করেছি, এখন বেঁচে থাকার ও এগিয়ে যাওয়ার জীবনসংগ্রাম চালাতে হবে। নতুন করে যেন আর কোনো রাজনৈতিক যুদ্ধে জড়াতে না হয়। বাংলাদেশে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি অটুট রেখে প্রতিটি নাগরিকের অধিকার ও সম্মান নিশ্চিত করে একসঙ্গে বসবাস করাই আমাদের মূল অঙ্গীকার হওয়া উচিত।’

গণতান্ত্রিক ব্যবস্থায় দায়িত্বশীলতার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘সরকারি দল হিসেবে জনগণের প্রতি আমাদের সুনির্দিষ্ট নৈতিক দায়িত্ব ও অঙ্গীকার রয়েছে। একইভাবে বিরোধী দলে যাঁরা আছেন, তাদেরও তো রাষ্ট্রের প্রতি সমপরিমাণ নৈতিক দায়বদ্ধতা থাকার কথা। বর্তমান সরকার শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে বিরোধী দল তাদের সেই দায়িত্ব কতটুকু পালন করেছে, তা ভেবে দেখা প্রয়োজন। এমন পরিস্থিতিতে হঠাৎ করে কেন লংমার্চ বা রোডমার্চের মতো কর্মসূচি দিতে হবে?’

লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও পৌর মহাশ্মশান ঘাট সংসদের সভাপতি সম্রাট খীসার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি।

এ ছাড়া অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় ও সামাজিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, ত্রিনয়নী পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা মানিক সাহা ও সভাপতি বিনয় ভূষণ মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




বেইজিং এগ্রিমেন্টে বাংলাদেশের সমর্থন, কারিগরি শিক্ষা উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা

বৈশ্বিক দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে “ফ্রেমওয়ার্ক অব ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন স্ট্যান্ডার্ডস (বেইজিং এগ্রিমেন্ট)” আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

আজ তিয়ানজিন মেইজিয়াং কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ২০২৬ সালের ‘বিশ্ব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন সম্মেলন’-এর সমাপনী অনুষ্ঠানে এই বৈশ্বিক কাঠামোর ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশের পক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ঐতিহাসিক বৈশ্বিক কাঠামোকে সমর্থনকারী দেশসমূহের অন্যতম প্রতিনিধি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন।

এই সম্মেলনে ৪০টিরও বেশি দেশের শিক্ষামন্ত্রী এবং ১০০টিরও বেশি দেশের সরকারি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। বেইজিং এগ্রিমেন্টের পাশাপাশি সম্মেলনে “চীনে বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক শ্বেতপত্র”, “লুবান ওয়ার্কশপের জাতীয় মানদণ্ড” এবং আন্তর্জাতিক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (TVET) সহযোগিতা এগিয়ে নিতে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ উন্মোচন করা হয়।

বেইজিং এগ্রিমেন্টে বাংলাদেশের সমর্থন  কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা-প্রশিক্ষণের মানদণ্ড গড়ে তোলার মাধ্যমে দেশের তরুণ জনগোষ্ঠীকে ভবিষ্যতের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই বৈশ্বিক ঘোষণার পাশাপাশি সম্মেলনের যৌথ স্বাক্ষর অনুষ্ঠানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং চীনের শিক্ষা উপমন্ত্রী ওয়াং গুয়াংইয়ান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, এই সমঝোতা স্মারক এবং বেইজিং এগ্রিমেন্ট একত্রে বাংলাদেশের দক্ষতা উন্নয়নে গতি সঞ্চার করবে। তিনি বলেন, “বৈশ্বিক কারিগরি শিক্ষার মানদণ্ড এবং বাস্তবধর্মী দ্বিপক্ষীয় সহযোগিতা তরুণ বাংলাদেশিদের জন্য বাস্তব কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।”

এই সমঝোতা স্মারক বাংলাদেশ-চীন দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে, মানবসম্পদ উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন।

এই সহযোগিতা কাঠামোর আওতায় দুই দেশ বিভিন্ন অগ্রাধিকারমূলক উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে, যেমন: চীনের কারিগরি শিক্ষাক্রম, শিক্ষাদান পদ্ধতি এবং ব্যবহারিক প্রশিক্ষণ মডেল অনুসরণ করে বাংলাদেশের আটটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা; যৌথ ২+২ এবং ৩+১ মডেলের কারিগরি একাডেমিক কর্মসূচি চালু করা; বাংলাদেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্মার্ট শ্রেণিকক্ষ এবং আধুনিক প্রশিক্ষণ সুবিধা প্রতিষ্ঠা করা; চীনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসমূহে বাংলাদেশের কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা; যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি নতুন কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা; বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ আরও সম্প্রসারিত করা প্রভৃতি। চীনের গুয়াংডং, জিয়াংসি এবং অন্যান্য প্রদেশের খ্যাতনামা কারিগরি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এই দীর্ঘমেয়াদি সহযোগিতার মূল বাস্তবায়ন অংশীদার হিসেবে কাজ করবে।




সীমান্ত পেরিয়ে মাদকের চালান ট্রলারযোগে সারা দেশে ছড়িয়ে পড়ছে

ডেস্ক নিউজঃ নৌপথে ব্যাপক হারে দেশে ঢুকছে মাদক। বাংলাদেশ থেকে যাচ্ছে সিমেন্ট আর সার, মিয়ানমার থেকে আসছে ইয়াবা নামে সর্বনাশা মাদক। এই মাদক নৌপথে বরিশাল, মোংলা, খুলনা, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। মাঝে মধ্যে কিছু মাদকের চালান ধরা পড়লেও অধিকাংশই রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এর সত্যতা স্বীকার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

তারা জানান, সড়ক পথে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নজরদারি এবং চেকপোস্টসহ মনিটরিং ব্যবস্থার জোরদার রয়েছে। এ কারণে মাদক ব্যবসায়ীরা নৌপথকে নিরাপদ রুট হিসাবে বেছে নিয়েছে। আগে সড়ক পথে বেশি মাদক পাচার হয়ে দেশের বিভিন্ন এলাকায় যেত। এখন নৌপথে মাদক পাচার হচ্ছে বেশি।

একটি গোয়েন্দা সংস্থার অনুসন্ধানেও নৌপথে মাদক পাচারের তথ্য মিলেছে। কীভাবে মাদক ওপার থেকে বাংলাদেশে আসছে, কোন কোন পথে কোথায় যাচ্ছে সেগুলো চিহ্নিত করছে তারা। জড়িতদের তালিকাও করছে। এ সংস্থার তথ্য অনুযায়ী দেশে মাদকের মধ্যে ইয়াবার ব্যবহার সর্বাধিক।

জানা গেছে, মিয়ানমার থেকে কক্সবাজার, টেকনাফসহ বিভিন্ন নৌপথে মাদকের চালান ট্রলারসহ বিভিন্ন নৌযানযোগে বরিশাল, চাঁদপুর, মোংলা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। সম্প্রতি ৫ লাখ ইয়াবার ২টি ও ৩ লাখ ইয়াবার একটি চালান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছেন। এছাড়া টেকনাফ থেকে নৌপথে পাচার হয়ে আসা মাদকের ট্রানজিট পয়েন্ট হলো চাঁদপুর। এই এলাকায় মাদক পাচারের একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। ইতিমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে ২৫ হাজার ইয়াবার একটি চালানসহ এই এলাকার গডফাদার রানাকে আটক করা হয়েছে।

মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করার বিকল্প নেই বলে আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তাদের অভিমত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা ইত্তেফাককে বলেন, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সারা দেশে ছড়িয়ে পড়ছে। এটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে সীমিত জনবল দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সারা দেশে মাদকের যে বিস্তার, সেই তুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জনবল ও অবকাঠামোর অবস্থা হলে মহাসমুদ্রে একফোঁটা পানির মতো। জনবলসহ অবকাঠামো বৃদ্ধির প্রস্তাব কয়েক দফা দেওয়ার পরও তা আলোর মুখ দেখেনি।

নৌপথে এসআরবি-কোস্ট গার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও মাদক নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে যাচ্ছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান (এসআরবি) এর পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, এসআরবির পক্ষ হতে মাদকবিরোধী অভিযান চলছে। নৌপথে মাদক আসছে-এর সত্যতা নিশ্চিত করে তিনি বলেন,  এসআরবির পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে দেশব্যাপী কার্যক্রম পরিচালিত হচ্ছে।




কুয়েত মৈত্রী হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ, সাত দিনের আল্টিমেটাম

দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতি, চিকিৎসাসেবা ও হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে দেখতে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং পরিস্থিতি উন্নয়নে কর্তৃপক্ষকে সাত দিনের সময় বেঁধে দেন তিনি।

শনিবার সকালে প্রধানমন্ত্রী আকস্মিকভাবে এই হাসপাতালে উপস্থিত হন। সেখানে তিনি ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত চিকিৎসাধীন রোগীদের কাছে যান এবং তাদের সঙ্গে কথা বলেন, তাদের চিকিৎসার খোঁজ নেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), অস্ত্রোপচারকক্ষ (অপারেশন থিয়েটার) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন।

পরিস্থিতি দ্রুত সংশোধনের কড়া নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী সাত দিনের মধ্যে সার্বিক ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নত করার আল্টিমেটাম দেন।




কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ জনের মৃত্যু

ডেস্ক নিউজঃ কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জন নিহত হয়েছেন। আগুনে রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। নিহতদের সবাই পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ঘটনাস্থল থেকে ৫ টি মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

তিনি আরও জানান, দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে সকাল ৮টার দিকে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর থেকে সেখানে উদ্ধার অভিযান চলছে।

এদিকে অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন বলে জানা গেছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।