ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে দেশের সব নাগরিককে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া-মহল্লা এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার সকালে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের উদ্দেশে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউট সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন।

ডেঙ্গু পরিস্থিতি, চিকিৎসাসেবার মান এবং পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করতে এদিন রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবনে আকস্মিক পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। দিনের শুরুতে তিনি রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন। এছাড়া হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), অস্ত্রোপচারকক্ষসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

হাসপাতাল পরিদর্শনকালে সার্বিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। হাসপাতালের পরিবেশ এবং পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের সময় বেঁধে দেন তিনি।

পরে প্রধানমন্ত্রী রাজউক উত্তরা মডেল কলেজে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি বিএনসিসি ও স্কাউট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধের উপায় এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বছরের এ সময়ে, বিশেষ করে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। প্রতি বছর ডেঙ্গুতে বহু মানুষ আক্রান্ত হন এবং অনেকের মৃত্যু হয়। এ পরিস্থিতি মোকাবিলায় সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিরোধ। আর প্রতিরোধ নিশ্চিত করতে হলে নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গুর সঙ্গে লড়াই করতে হলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিরোধ। আর এ জন্য আমাদের চারপাশ পরিষ্কার রাখতে হবে। এই কাজে আমি তোমাদের সাহায্য চাই।

তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক তরুণ যদি নিজেদের আশপাশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব গ্রহণ করে, তাহলে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। এ জন্য শিক্ষার্থীদের নিজেদের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রাজধানীর পরিচ্ছন্নতা পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা একটি বিশাল শহর। এখানে দুই থেকে আড়াই কোটির বেশি মানুষের বসবাস। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত কাজ করলেও তাদের সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। ফলে শুধু সিটি করপোরেশন কিংবা প্রশাসনের ওপর নির্ভর করে নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব নয়। এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিককে নিজের দায়িত্ব বুঝে নিতে হবে।

যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা বন্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কেউ নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেললে তাকে সচেতন করতে হবে। নাগরিকেরা সবাই মিলে উদ্যোগ নিলে ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব।




সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা। যার যার ধর্মীয় বিধান এবং সংস্কৃতি অনুশীলনের পাশাপাশি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ বহাল ও বজায় রাখা সবার জন্যই জরুরি।

আগামীকাল ‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শুক্রবার দেওয়া এক বাণীতে এ কথা বলেন। এতে তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।

বাণীতে তিনি আরও বলেন, হিন্দুধর্মমতে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে লালন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের এই আরাধনা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রা দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী-গোত্র-সম্প্রদায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করছে এবং করবে। এটিই বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। এভাবে ধর্মীয়, সাংস্কৃতিক কিংবা সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রস্ফুটিত হয়ে ওঠে একজন বাংলাদেশি হিসেবে আমাদের বিভিন্ন ধর্ম-গোত্র-সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব।

তিনি বলেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্টের বিতাড়নের পর এবার বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। শুরু হয়েছে বাংলাদেশ পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞ। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার। সৌহার্দ্য-সম্প্রীতির বার্তায় সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ।

ধর্ম যার যার—রাষ্ট্র সবার। ধর্ম যার যার—নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ-উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব-আনন্দ উদ্‌যাপন করুন। আপনাদেরকে আবারও শুভেচ্ছা।’




মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: তথ্য চেয়ে সৌদিকে চিঠি, আগে জানত না বাংলাদেশ

ডেস্ক নিউজ : সৌদি আরবের পবিত্র মক্কায় মসজিদ এলাকায় ‘অনৈতিক’ কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা বাংলাদেশ আগে জানতো না, গণমাধ্যমে খবর প্রকাশের পর বাংলাদেশ বিষয়টি জানতে পেরেছে বলে জানিয়েছে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জেদ্দায় বাংলাদেশ কলস্যুলেটের সূত্র। এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চিঠি দিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট।

শুক্রবার বিকেলে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের একটি সূত্র জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করার আগে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরই বিষয়টি তাদের নজরে আসে। এরপর গতকাল জেদ্দার কনস্যুলেট থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়ে ঘটনার বিস্তারিত জানাতে অনুরোধ করা হয়েছে।

এর আগে, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে মৃত্যুদণ্ড কার্যকর করার তথ্য নিশ্চিত করে। জানা গেছে, মৃত্যদণ্ডে দণ্ডিত ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, মক্কার একটি মসজিদে অনৈতিক ও অশালীন কাজে লিপ্ত থাকার অভিযোগে সৌদি নিরাপত্তাবাহিনী তাদের গ্রেপ্তার করেছিল।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারের পর প্রাথমিক তদন্ত শেষে ওই দুজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে আদালতে পাঠানো হয়। শরিয়াহ আইনের অধীনে ‘তাআজির’ অর্থাৎ বিচারকের স্বেচ্ছাধীন শাস্তির বিধানে আদালত তাঁদের মৃত্যুদণ্ডের আদেশ দেন। মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করা এবং যে পরিস্থিতিতে অপরাধ ঘটেছে, তা বিবেচনায় নিয়েই বিচারক এ শাস্তি দেন বলে জানানো হয়েছে। পরে উচ্চতর বিচারিক কর্তৃপক্ষ রায় বহাল রাখলে তা চূড়ান্ত রূপ পায় এবং রাজকীয় আদেশে দণ্ড কার্যকর করার নির্দেশ জারি হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পবিত্র মসজিদের নিরাপত্তা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ধর্মীয় পবিত্রতা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শরিয়াহ আইন কার্যকর করার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে পবিত্র স্থানে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা হয়েছে।




শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের

আন্তর্জাতিক ডেস্ক : উড়তে সক্ষম নতুন টেসলা রোডস্টার উন্মোচন করেছেন মার্কিন ধনকুবের ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে স্পেসএক্সের রকেট উন্নয়ন কেন্দ্রে গাড়িটির বিশেষ সংস্করণকে মাটি থেকে ওপরে উঠে শূন্যে ভাসা, ডিগবাজি দেওয়া এবং একাধিক গাড়ি টপকে অবতরণের কৌশল দেখিয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের টেক্সাসের ম্যাকগ্রেগরে স্পেসএক্সের পরীক্ষাকেন্দ্রে গাড়িটির বিশেষ প্রদর্শনী হয়। প্রায় নয় বছর পর নতুন রোডস্টার সামনে এনে গাড়িটির গতি ও প্রযুক্তির নানা চমক তুলে ধরেন মাস্ক।

টেসলার দাবি, নতুন রোডস্টার ঘণ্টায় ৩৭০ কিলোমিটারের বেশি গতিতে ছুটতে পারবে। থ্রাস্টার প্রযুক্তির সহায়তায় স্থির অবস্থা থেকে ঘণ্টায় ৯৬ কিলোমিটার গতি তুলতে গাড়িটির সময় লাগবে এক সেকেন্ডেরও কম। এ ছাড়া বিশেষ প্রযুক্তির মাধ্যমে শূন্যে ভেসে ডিগবাজি দেওয়ার সক্ষমতাও প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে।




দুর্গাপূজা ও বিচ কার্নিভাল ঘিরে উৎসবমুখর কুয়াকাটা

ডেস্ক নিউজ : দুর্গাপূজার ছুটি ও বিচ কার্নিভালকে কেন্দ্র করে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠছে সাগরকন্যা কুয়াকাটা। টানা ছুটি ও উৎসব ঘিরে সৈকতে লক্ষাধিক পর্যটক-দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাঁদের বরণে প্রস্তুত আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্টগুলো।

শুক্রবার সকাল থেকে কুয়াকাটায় পর্যটকদের সমাগম বাড়তে শুরু করেছে। হোটেল মালিক সমিতির তথ্য অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় শ্রেণির হোটেল, মোটেল ও রিসোর্টগুলোর ৭০ থেকে ৮০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়েছে। পর্যটকদের আকৃষ্ট করতে হোটেল মালিক সমিতি কক্ষভাড়ায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে।

পর্যটনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুর্গাপূজার ছুটি এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশ তৈরি হয়েছে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর দুই দিনব্যাপী বিচ কার্নিভাল যুক্ত হওয়ায় পর্যটকদের আগমন বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কুয়াকাটার সৈকত এলাকা পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে ইতোমধ্যে অভিযান চালানো হয়েছে। সৈকতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার নির্দেশনাও দিয়েছে উপজেলা প্রশাসন।

আবাসিক হোটেল সৈকতের ব্যবস্থাপক রাজিব হোসেন জানান, দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও বিচ কার্নিভাল ঘিরে পর্যটকদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে তাঁর হোটেলের ৮০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়েছে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ বলেন, দুর্গাপূজা ও কার্নিভালকে কেন্দ্র করে কুয়াকাটায় লক্ষাধিক পর্যটক-দর্শনার্থীর আগমন ঘটবে বলে তাঁরা আশা করছেন।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক নাজমুল হাসান বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও এসআরবির পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।




২০৩১ পর্যন্ত রিয়ালে থাকছেন বেলিংহাম

ক্রীড়া ডেস্ক : জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদেই থাকছেন। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির সঙ্গে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন ইংলিশ তারকা মিডফিল্ডার।

২০২৩ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে রিয়ালে যোগ দিয়ে ২০২৮-২০২৯ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছিলেন বেলিংহাম। ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্য এবার দ্বিতীয় দফা চুক্তি বাড়ালেন। চুক্তি নবায়নের পাশাপাশি এই ইংলিশ আন্তর্জাতিক তারকার বেতন-ভাতাও বাড়ানো হচ্ছে, যা রিয়াল মাদ্রিদে তার দুর্দান্ত পারফরম্যান্স, প্রভাব ও গুরুত্বপূর্ণ ভূমিকারই স্বীকৃতি।

রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই বেলিংহাম নিজেকে একজন ‘গেম-চেঞ্জার’ হিসেবে প্রমাণ করেছেন। দানি কারভাহাল, মদ্রিচ কিংবা ক্রুসের মতো অভিজ্ঞ তারকারা বিদায় নেওয়ার পর যে শূন্যতা তৈরি হয়েছে, রিয়ালের ড্রেসিংরুমে এখন ঠিক তেমন একজন যোগ্য নেতা হয়ে ওঠার সমস্ত সক্ষমতাই রয়েছে তার মাঝে।

গত মৌসুমের শেষের দিকেই চুক্তি নবায়নের আলোচনা শুরু হয়েছিল এবং প্রথম থেকেই দুই পক্ষ পুরোপুরি একমত ছিল। রিয়াল মাদ্রিদ এবং স্প্যানিশ রাজধানীর জীবনযাত্রার সঙ্গে বেলিংহাম নিজেকে ক্রমশ আরও গভীরভাবে মানিয়ে নিচ্ছেন। ক্লাবের প্রতি ২৯ বছর বয়সী মিডফিল্ডারের প্রতিশ্রুতি নিয়ে কারও মনে কোনো সন্দেহ নেই; সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকরাও মাঠে তাঁর অক্লান্ত পরিশ্রম এবং সতীর্থদের অনুপ্রাণিত করার ক্ষমতাকে দারুণভাবে মূল্যায়ন করে।

বেলিংহাম এখন তাঁর প্রথম মৌসুমের সেই চেনা ছন্দে ফিরে এসেছেন। কাঁধের অস্ত্রোপচারের সমস্যা কাটিয়ে ওঠার পর গত মৌসুমের শেষ দিকেই তার পারফরম্যান্সে ধারাবাহিক উন্নতি দেখা যায়, যা তিনি বিশ্বকাপেও প্রমাণ করেছেন।

কঠিন সময়ে দলের হাল ধরার জন্য বেলিংহাম নিজের অস্ত্রোপচার পিছিয়ে দিয়েছিলেন যার খেসারত শেষ পর্যন্ত তাকে মাঠের পারফরম্যান্সে দিতে হয়েছিল। তবে মরিনিয়োর আগমন বেলিংহামকে তার স্বাচ্ছন্দ্যময় পজিশনে ফিরিয়ে এনেছে।

মাঠে এমবাপে ঠিক পেছনে থেকে মুক্তভাবে খেলার স্বাধীনতা পেয়ে তার পারফরম্যান্স যেমন আরও উজ্জ্বল হয়েছে, তেমনই মাঠে তার গুরুত্বও বহুগুণ বেড়েছে। আক্রমনভাগ রক্ষণভাগ দুই জায়গাতেই সমানতালে নিজেকে উজাড় করে দিচ্ছেন বেলিংহাম।




গম্ভীর-আল্লু অর্জুনের পর হাইকোর্টের দ্বারস্থ বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক : ত্রী কৃতি স্যানন তার ব্যক্তিত্ব ও প্রচারের অধিকার রক্ষার নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।তার নাম, ছবি, অবয়ব এবং অন্যান্য পরিচিতি-সূচক বৈশিষ্ট্যের অননুমোদিত ব্যবহারের অভিযোগ তুলে তিনি এই আইনি পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি বিষয়বস্তু এবং ডিজিটাল মাধ্যমে ছদ্মবেশ ধারণের মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

ইদানীং এ ধরনের মামলার সংখ্যা বেড়ে যাওয়ায় আদালত এই অধিকারের আইনি ভিত্তি ও পরিধি নিয়ে আরও বিশদ পর্যালোচনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরভের একক বেঞ্চে বিষয়টি উত্থাপিত হয়। বিচারপতি অভিনেত্রীর আইনজীবীকে ব্যক্তিত্ব সংক্রান্ত অধিকারের আইনি দিকগুলো নিয়ে প্রাসঙ্গিক রায়, গবেষণাপত্র এবং অন্যান্য নথিপত্র জমা দিতে বলেছেন।

হাইকোর্ট জানিয়েছে, জমা দেওয়া নথিপত্র খতিয়ে দেখার পর তারা একটি পূর্ণাঙ্গ আদেশ জারি করবে। মামলাটির পরবর্তী শুনানির জন্য ২৯ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়েছে। দিল্লি হাইকোর্টে বর্তমানে ব্যক্তিত্ব সংক্রান্ত অধিকার নিয়ে বিরোধের সংখ্যা বাড়ছে। বিভিন্ন বিখ্যাত ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছদ্মবেশ তৈরি, ডিপফেক , ভুয়া প্রচারণামূলক কর্মকাণ্ড এবং তাদের পরিচিতির অননুমোদিত বাণিজ্যিক ব্যবহারের বিরুদ্ধে আইনি সুরক্ষা চাইছেন।

সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি আদালতের দ্বারস্থ হয়েছেন। এদের মধ্যে রয়েছেন সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর ও সুনীল গাভাস্কার, আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবি শঙ্কর এবং অভিনেতা অর্জুন কাপুর, আল্লু অর্জুন, নাগার্জুন, বরুণ ধাওয়ান, কাজল, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন ও নাগা চৈতন্য।

এছাড়া গায়ক জুবিন নৌটিয়াল, চলচ্চিত্র নির্মাতা করণ জোহর, পডকাস্টার রাজ শামানি এবং কংগ্রেস সাংসদ শশী থারুরও তাদের পরিচিতি ও অবয়বের অপব্যবহার এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি নকল রূপও রয়েছে। তার বিরুদ্ধে আদালতের সুরক্ষা চেয়েছেন বা পেয়েছেন।

সম্প্রতি,অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত একটি মামলা দায়ের করেছেন, যেখানে তিনি তার ব্যক্তিত্ব ও প্রচারের অধিকার রক্ষার আবেদন জানিয়েছেন। ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া পর্নোগ্রাফিক বা অশ্লীল বিষয়বস্তুতে তার পরিচিতির অননুমোদিত ব্যবহারের অভিযোগ তুলে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। আদালত তার অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদনের প্রেক্ষিতে একটি নোটিশও জারি করেছে।




চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২ ককটেল ও গান পাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১ কেজি ৮০০ গ্রাম গানপাউডার, ২টি হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান হতে এসব উদ্ধার করা হয়।

আজ শুক্রবার দুপুর ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় এসআরবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি’র সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জে এর একটি দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর বোম্ব ডিজপোজাল ইউনিটের সহযোগিতায় পূর্ব টিকরা গ্রামের একটি আম বাগান হতে ৯২টি ককটেল, ১১ কেজি ৮০০ গ্রাম সাদা রংয়ের গান পাউডার, ২টি হাসুয়া এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জামাদি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এসময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যগুলো দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুষ্কৃতিকারীরা ওই স্থানে সংরক্ষণ করে রেখেছিল।

উদ্ধার আলামতসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।




ভারত ছাড়ার আদেশের বিরুদ্ধে আদালতে যাবেন ইমরান খান

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। আমেরিকার নাগরিক এবং ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী এই বলিউড অভিনেতা এফআরআরও-এর এই আদেশের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে রিট আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন। তার আইনজীবী জুলফিকার মেমন উচ্চ আদালতে মামলাটি দায়ের করবেন।

গত ২০০০-এর দশকের শেষের দিকে বেশ কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করা অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। মুম্বাইয়ে ‌‘কাকরোচ জনতা পার্টি’ বা সিজেপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়ার পর তাকে আটক করা হয়েছিল। ওই বিক্ষোভে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হয়েছিল।

প্রতিবাদ সমাবেশে যোগদানের পর বিজেপি নেতা কীরিট সোমাইয়া পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ইমরান খান আমেরিকার নাগরিক হওয়া সত্ত্বেও আইন লঙ্ঘন করে এই রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়েছেন। পুলিশ সেই অভিযোগটি এফআরআরও-এর কাছে পাঠায়, যার ভিত্তিতে এই বহিষ্কার বা দেশত্যাগের নোটিশ জারি করা হয়। নোটিশে যুক্তি দেখানো হয়েছে যে, ইমরান খানের কাছে ওসিআই কার্ড থাকলেও তিনি কোনো রাজনৈতিক প্রতিবাদ বা আন্দোলনে অংশ নিতে পারবেন না।

অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫-এর বিধান অনুযায়ী এই বহিষ্কারের নোটিশ দেওয়া হয়েছে। এই আইনের ৭ ধারা অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশ, প্রস্থান, উপস্থিতি বা চলাফেরা নিয়ন্ত্রণ, সীমাবদ্ধ বা নিষিদ্ধ করার জন্য নির্দেশ বা আদেশ জারি করার পূর্ণ ক্ষমতা রয়েছে।

এদিকে, সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সমাজবাদী পার্টির মহারাষ্ট্র ইউনিটের প্রধান আবু আজমি। তিনি বলেন, এটি সম্পূর্ণ অন্যায়। ইমরান খান এই দেশেরই সন্তান। তিনি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলেও এই দেশ এবং তার পূর্বপুরুষদের মাটির সঙ্গে তার গভীর শেকড় ও টান রয়েছে। অনেকে অন্য দেশে বসবাস করলেও জন্মভূমিকে ভালোবাসে। তিনি এখানে এসে যদি কোনো মন্তব্য বা প্রতিবাদ করেন, তবে তার বিরুদ্ধে এত কঠোর পদক্ষেপ নেওয়া এবং দ্রুত দেশত্যাগে বাধ্য করা সরকারের ব্যর্থতা ঢাকবার একটি কূটপ্রয়াস মাত্র।

জানা গেছে, মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট বিপ্লব ময়দানে আয়োজিত ওই প্রতিবাদ সমাবেশে অভিনেতা ইমরান খান ছাড়াও তার সঙ্গী লেখা ওয়াশিংটন এবং চাচাতো বোন জাইন মারি খান অংশ নিয়েছিলেন। প্রতিবাদের সময় পুলিশ তাদের আটক করলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। আটকের পর পুলিশের ভ্যানে বসা একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে ইমরান খান রসিকতা করে লিখেছিলেন, মনে হচ্ছে আমি একটা ড্রাইভে যাচ্ছি।

বিক্ষোভ চলাকালীন নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেতা বলেছিলেন, আমার কোনো বিশেষ দাবি নেই। আমি এই শহরের একজন সাধারণ মানুষ ও বাসিন্দা হিসেবে এখানে এসেছি। আমি দেখতে এসেছি কেন মানুষের চলাফেরার স্বাধীনতায় বাধা দেওয়া হচ্ছে এবং কেন সাধারণ মানুষের কণ্ঠস্বর চেপে দেওয়া হচ্ছে। ঠিক এই কারণেই আমি এখানে উপস্থিত হয়েছি।




সুপারস্টার হয়েও বাস কন্ডাক্টরের জীবন ভোলেননি রজনীকান্ত

বিনোদন ডেস্কঃ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা রজনীকান্ত। দীর্ঘ অভিনয়জীবনে খ্যাতি, সাফল্য আর অগণিত ভক্তের ভালোবাসায় নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবে এত অর্জনের পরও ভুলে যাননি জীবনের শুরুর দিনগুলো।

একসময় বেঙ্গালুরুর রাস্তায় বাস কন্ডাক্টর হিসেবে কাজ করতেন তিনি। সেই পেশার প্রতি এখনো রয়েছে তার গভীর টান। এমনকি সুপারস্টার পরিচয়ের চেয়েও বাস কন্ডাক্টরের জীবনকে বেশি আপন মনে করেন বর্ষীয়ান এই অভিনেতা।

গত ১৫ অক্টোবর মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত তামিল সিনেমা ‘জেলার ২’। সেই সিনেমার প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পরিচালক নেলসন দিলীপকুমারের সঙ্গে আলাপচারিতায় নিজের জীবনের  অতীতের অধ্যায় নিয়ে কথা বলেন রজনীকান্ত। সেখানে তিনি জানান, বাস কন্ডাক্টর হিসেবে কাজ করার দিনগুলো এখনো তাকে ভীষণভাবে টানে। জীবনের সেই পাঁচ বছরের স্মৃতি আজও তার মনে অমলিন।

রজনীকান্ত বলেন, অভিনেতা হিসেবে নিজের কাজকে ভালোবাসলেও বাস কন্ডাক্টরের পেশার প্রতি তাঁর ভালোবাসা ছিল আরও গভীর। ওই সময় সামান্য বেতনে কাজ করলেও সেই জীবনকে তিনি কখনো ভুলতে পারেননি। মনের গভীরে এখনো নিজেকে একজন বাস কন্ডাক্টর হিসেবেই ভাবেন তিনি।

পুরোনো দিনের স্মৃতি তাঁকে বারবার ফিরিয়ে নিয়ে যায় বেঙ্গালুরুতে। শহরটির বাস কিংবা বাস কন্ডাক্টরদের খাকি পোশাক দেখলেই আবেগাপ্লুত হয়ে পড়েন এই তারকা।

সম্প্রতি বেঙ্গালুরু সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, কন্ডাক্টরদের সেই পরিচিত পোশাক দেখলে তার মনে পুরোনো দিনের আকুতি জেগে ওঠে। বাসগুলো দেখলেই মন ভালো হয়ে যায় রজনীকান্তের।

খ্যাতির শীর্ষে থেকেও নিজের শিকড়ের প্রতি এমন টান রজনীকান্তের ব্যক্তিত্বের আরেকটি দিক তুলে ধরে। পর্দায় তাঁকে ঘিরে দর্শকদের উন্মাদনা থাকলেও ব্যক্তিজীবনে অতীতের সাধারণ দিনগুলোকে এখনো গভীর মমতায় আগলে রেখেছেন তিনি।

আলোচনায় ৭৫ বছর বয়সেও প্রধান চরিত্রে অভিনয় করে যাওয়ার পেছনের কারণও তুলে ধরেন রজনীকান্ত। তিনি জানান, ভক্তদের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থনই তাকে দীর্ঘদিন ধরে অভিনয়জগতে সক্রিয় রেখেছে। দর্শকদের এই ভালোবাসা না পেলে সাফল্যের বর্তমান অবস্থানে পৌঁছানো তার পক্ষে সম্ভব হতো না বলেও মনে করেন তিনি।

রজনীকান্তের বিশ্বাস, ভক্তদের সমর্থনের কারণেই বড় প্রযোজনা সংস্থাগুলো তাঁর সঙ্গে সিনেমা নির্মাণে আগ্রহী হয়। একইভাবে নেলসনের মতো পরিচালকেরাও তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পান। দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখেন এই অভিনেতা।

এদিকে ‘জেইলার ২’ সিনেমায় রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, সুরজ ভেঞ্জারমুডু, বিদ্যা বালান, আন্না রাজন ও যতীন সারনা। এ ছাড়া অতিথি চরিত্রে দেখা যাওয়ার কথা রয়েছে মোহনলাল, শিব রাজকুমার ও বিজয় সেতুপতিকে।

তারকাখ্যাতির আড়ালে নিজের অতীতকে ভুলে না যাওয়া রজনীকান্তের এই স্বীকারোক্তি আবারও মনে করিয়ে দিল, মানুষের জীবনে সাফল্য যত বড়ই হোক, শিকড়ের টান কখনো মুছে যায় না।