সৌদির আকাশসীমা ও বিমানবন্দরগুলো সম্পূর্ণ অনিরাপদ, হুতির হুঁশিয়ারি

সৌদি আরবের আকাশসীমা ও বিমানবন্দরগুলো ব্যবহার নিয়ে আন্তর্জাতিক বিমানসংস্থা, বিমানবন্দর কর্মী এবং সাধারণ যাত্রীদের উদ্দেশে ফের কঠোর সতর্কতা জারি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এক বিশেষ সামরিক বিবৃতিতে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন যে, মক্কা ও মদিনা বিমানবন্দর ব্যতীত সৌদি আরবের সমগ্র আকাশসীমা ও বিমানবন্দরসমূহ সামরিক অভিযান অঞ্চল হিসেবে গণ্য হবে এবং যেকোনো সময় এগুলো সম্ভাব্য আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে।

ইয়াহিয়া সারি বলেছেন, সৌদির বিমানবন্দর ও আকাশসীমা এখন থেকে ইয়েমেনের বিদ্রোহী বাহিনীর সরাসরি লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত। তবে পবিত্র মক্কা ও মদিনার বিমানবন্দরসমূহকে এই সতর্কবার্তার আওতামুক্ত রাখা হয়েছে বলে তিনি স্পষ্ট উল্লেখ করেন।

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সৌদি আরবের অভ্যন্তরে ইয়েমেনি বিদ্রোহী বাহিনীর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এই নতুন হুঁশিয়ারি বার্তা প্রদান করা হলো। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সাম্প্রতিক এই সামরিক অভিযানে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং খামিস মুশাইতের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিসহ সৌদি আরবের বেশ কয়েকটি কৌশলগত স্থাপনায় সফলভাবে আঘাত হানা হয়েছে। এই উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক রুটের বিমানগুলোকে সৌদি আকাশসীমা ব্যবহারে চরম সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: মেহের নিউজ




শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। ছুটির তালিকা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যালেন্ডার অনুযায়ী এই ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন। তবে কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে ছুটির সময়সূচিতে রয়েছে ভিন্নতা।

২০২৬ সালের সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় মোট ছুটির পরিধি বাড়ছে। এর সঙ্গে ২৫ অক্টোবর রবিবার লক্ষ্মীপূজার ছুটি থাকায় ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হচ্ছে। তবে ছুটির কার্যকর সময়সূচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

এদিকে কলেজের ছুটির সূচিতে কিছুটা ভিন্নতা রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত কলেজে ছুটি নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রতারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূচি অনুযায়ী, ছুটির সময়ের মধ্যে থাকা সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে হিসাব করা হয়েছে নির্ধারিত ছুটির দিন।

কলেজের ছুটির আগে ও পরের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ বিরতির সুযোগ তৈরি হতে পারে। ১৬ ও ১৭ অক্টোবর এবং ৩০ ও ৩১ অক্টোবরের শুক্র ও শনিবারের ছুটি মিলিয়ে মোট ১৬ দিনের ছুটির সুযোগ রয়েছে।

অন্যদিকে, সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদরাসায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা ছুটি পাবেন।

দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটিও বাড়ানো হয়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। এর মধ্যে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত।

তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির ক্ষেত্রে অভিন্ন কোনো সময়সূচি নেই। বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে। ফলে দুর্গাপূজা উপলক্ষে কোনো বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ছুটি থাকলেও অন্য প্রতিষ্ঠানে ছুটির সময়কাল ভিন্ন হতে পারে।




শারদীয় দুর্গোৎসব শুরু আজ

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুক্রবার (১৬ অক্টোবর) শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা।

সংশ্লিষ্ট সূত্র মতে, গত ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। গত কয়েক দিন রাজধানীসহ সারা দেশের মন্দির ও পূজামণ্ডপগুলোতে প্রতিমা নির্মাণ, মণ্ডপ সাজানো, আলোকসজ্জা এবং অন্যান্য প্রস্তুতি এগিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। বেশির ভাগ মণ্ডপে প্রস্তুতির কাজ শেষ হয়েছে। কোথাও চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা, কোথাও চলছে আলোকসজ্জা ও দর্শনার্থীদের চলাচলের ব্যবস্থা তৈরির কাজ।

সংশ্লিষ্টরা জানান, আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সকালে ষষ্ঠীপূজা এবং সন্ধ্যায় দেবী দুর্গার বোধন অনুষ্ঠিত হবে। বোধন অর্থ জাগরণ বা চৈতন্যপ্রাপ্তি।

পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর এ সংখ্যা ছিল ৩৩ হাজার ৩৫৫টি। সেই হিসাবে এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ৪৯৬টি। ঢাকা মহানগরে এবার ২৫৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গত বছর এ সংখ্যা ছিল ২৬১টি।

পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, জেলা ও উপজেলা পর্যায়ে নিরাপত্তা নিশ্চিতে ২২ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবী মোতায়েন, সম্ভব হলে সিসি ক্যামেরা স্থাপন, অগ্নিনির্বাপক সরঞ্জাম রাখা এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো।




গভীর রাতে গুলশানের দুই ক্লাবে মাদকবিরোধী অভিযান

রাজধানীর গুলশানে দুটি অভিজাত ক্লাবে মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মধ্যরাত থেকে গুলশানের মিডিয়া ক্লাব ও জার্মান ক্লাবে এ অভিযান শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ২টার দিকে জার্মান ক্লাবে অভিযান শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এর আগে, রাত দেড়টার দিকে গুলশান-১ এর জব্বার টাওয়ারে অবস্থিত মিডিয়া ক্লাবেও অভিযান চালানো হয় বলে ডিএনসি সূত্রে জানা গেছে।

বিগত কয়েকদিন ধরেই গভীর রাতে বিভিন্ন ক্লাব ও বারে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ ও বিভিন্ন বয়সের নারী-পুরুষকে আটক করা হয়।




১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত

ডেস্ক নিউজ : সৌদি আরবে বিমানবন্দরে হুতি হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ১৮ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে। যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে উড়োজাহাজের সক্ষমতা বাড়ানো হয়েছে। এ রুটে বোয়িং ৭৮৭-এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ যুক্ত করা হয়েছে। এতে প্রতি ফ্লাইটে ১৪৮টি আসন বেড়েছে।

এ ছাড়া যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।




বাংলাদেশের নদীপথে ভারতের নতুন বাণিজ্যযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ডিব্রুগড় থেকে বাংলাদেশের উদ্দেশে নদীপথে ৫৪০ মেট্রিক টন মিথানল নিয়ে একটি পণ্যবাহী বার্জ ছেড়েছে গত ৫ অক্টোবর।

স্বাধীনতার পর এই প্রথম উচ্চ আসাম থেকে নদীপথে বিদেশি বন্দরের উদ্দেশে বাণিজ্যিক পণ্য পাঠানো হলো বলে জানিয়েছে ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়।

এই যাত্রা সফল হলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

আসামের নামরূপে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেডের (এপিসিএল) উৎপাদিত মিথানল পরিবহন করা হচ্ছে ‘ডিএলবি পাটকাই’ নামের বার্জে। ‘কুশল কোঁয়ার’ নামের একটি টাগবোট বার্জটিকে টেনে নিয়ে যাচ্ছে।

এই চালানকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ব্রহ্মপুত্র নদকে ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে বাংলাদেশ এবং এর মাধ্যমে আরও বিস্তৃত বাজারে পণ্য পরিবহনের সম্ভাবনা। তবে একটি চালানের সফল যাত্রাই যে বাণিজ্যিকভাবে লাভজনক ও নিয়মিত পরিবহনব্যবস্থার নিশ্চয়তা দেবে, তা নয়। এ ক্ষেত্রে পরিবহন ব্যয়, সময়, নাব্যতা, শুল্কপ্রক্রিয়া ও দুই দেশের সমন্বয় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এক হাজার ৩০০ কিলোমিটারের যাত্রা
ডিব্রুগড়ের বগিবিল কার্গো টার্মিনাল থেকে যাত্রা শুরু করা বার্জটি ভারতের জাতীয় জলপথ-২ (এনডব্লিউ-২) দিয়ে প্রায় ৭৬৮ কিলোমিটার অতিক্রম করবে। এরপর ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে দুই দেশের মধ্যে নির্ধারিত নৌপথ ব্যবহার করে গন্তব্যের দিকে এগিয়ে যাবে। পুরো যাত্রাপথের দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার।

ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের (আইডব্লিউএআই) তথ্য অনুযায়ী, সাদিয়া থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত ব্রহ্মপুত্রের ৮৯১ কিলোমিটার অংশকে জাতীয় জলপথ-২ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই পরিবহন সম্ভব করতে বগিবিলের কার্গো টার্মিনালের পাশাপাশি বগিবিল ও ধুবড়িতে শুল্ক এবং অভিবাসনসংক্রান্ত সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কারণ, নদীতে নৌযান চলাচলের সুযোগ থাকলেই পণ্য পরিবহন কার্যকর হয় না। পণ্য ওঠানো-নামানো, শুল্ক ছাড়পত্র, সংরক্ষণ এবং পরবর্তী পরিবহনব্যবস্থার সঙ্গে সংযোগও নিশ্চিত করতে হয়।

দেশভাগে বিচ্ছিন্ন হয়েছিল পুরোনো বাণিজ্যপথ
ডিব্রুগড় একসময় গুরুত্বপূর্ণ নদীবন্দর ছিল। ১৮৫৬ সাল নাগাদ সরকারি স্টিমার চলাচলের মাধ্যমে কলকাতার সঙ্গে এ অঞ্চলের যোগাযোগ গড়ে উঠেছিল। বিংশ শতাব্দীর শুরুর দিকে ব্রহ্মপুত্র দিয়ে চা, কাঠ ও যাত্রী পরিবহন করা হতো। এভাবে আসামের সঙ্গে পশ্চিমাঞ্চলের বাণিজ্যিক কেন্দ্রগুলোর যোগাযোগ বজায় ছিল।

কিন্তু ১৯৪৭ সালের দেশভাগে এই যোগাযোগব্যবস্থা বড় ধাক্কা খায়। তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্য দিয়ে যাতায়াতের পথ রাজনৈতিক ও প্রশাসনিক বাধার মুখে পড়ে। ১৯৫০ সালের ভূমিকম্পে ডিব্রুগড়ের কাছে নদীর তলদেশেও পরিবর্তন ঘটে। একই সময়ে চা পরিবহনে রেলপথের ব্যবহার বাড়তে থাকে।

সরকারি বিবরণ অনুযায়ী, ডিব্রুগড় ঘাটে নিয়মিত পণ্য বুকিং ১৯৫৪ সালে বন্ধ হয়ে যায় এবং ১৯৫৬ সালের ১৫ অক্টোবর ঘাটটি বন্ধ করে দেওয়া হয়।

সাম্প্রতিক এই চালান অবশ্য দেশভাগের আগের বাণিজ্যব্যবস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নয়। বরং বর্তমান অবকাঠামো ও ভারত-বাংলাদেশের বিদ্যমান চুক্তি ব্যবহার করে পুরোনো যোগাযোগের কিছু অংশকে নতুনভাবে কাজে লাগানোর পরীক্ষা।

বাংলাদেশের মধ্য দিয়ে নতুন বাজারের সম্ভাবনা
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশ শুধু সম্ভাব্য বাজারই নয়, বৃহত্তর বাণিজ্যিক নেটওয়ার্কে পৌঁছানোর একটি বিকল্প পথও হতে পারে। বর্তমানে ভারতের এই অঞ্চল থেকে পশ্চিমবঙ্গসহ দেশের অন্যান্য অংশে পণ্য পরিবহনে শিলিগুড়ি করিডরের ওপর নির্ভর করতে হয়। বাংলাদেশের নৌপথ ব্যবহার করা গেলে কিছু পণ্যের ক্ষেত্রে সড়ক ও রেলপথের বিকল্প তৈরি হতে পারে।

ভারত ও বাংলাদেশের মধ্যে অভ্যন্তরীণ নৌপরিবহন ও বাণিজ্যবিষয়ক প্রটোকল অনুযায়ী, দুই দেশের নির্ধারিত নৌপথ ব্যবহার করে পণ্যবাহী নৌযান চলাচল করতে পারে। তবে চুক্তি থাকলেই পরিবহনব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে লাভজনক হয়ে ওঠে না। ব্যবসায়ীদের কাছে এই পথকে সময় ও ব্যয়ের দিক থেকে প্রতিযোগিতামূলক প্রমাণ করতে হবে।

ডিব্রুগড় থেকে পাঠানো মিথানলের চালান সেই সম্ভাবনা যাচাইয়ের প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে পরিবহনের পরিমাণ, বাজারের চাহিদা ও পণ্য ওঠানো-নামানোর সুবিধা বিবেচনায় পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য, কয়লা, চা এবং কিছু কৃষিপণ্যও এ পথে পরিবহনের সম্ভাবনা রয়েছে। তবে এগুলো সম্ভাব্য পণ্য; এসব পণ্য নিয়মিত রফতানির কোনও নিশ্চিত পরিকল্পনা এখনও উল্লেখ করা হয়নি।

কম খরচের সম্ভাবনা, তবে বাধাও রয়েছে
বড় পরিমাণে শিল্পপণ্য পরিবহনের ক্ষেত্রে নদীপথ সুবিধাজনক হতে পারে। কারণ, একসঙ্গে বিপুল পরিমাণ পণ্য বহন করা গেলে পরিবহন ও ব্যবস্থাপনার কিছু ব্যয় কমানো সম্ভব। তবে ছোট চালান বা দ্রুত সরবরাহ প্রয়োজন এমন পণ্যের ক্ষেত্রে অতিরিক্ত ওঠানো-নামানো, সংরক্ষণ ও অপেক্ষার খরচ সুবিধাটিকে কমিয়ে দিতে পারে।

ভারত-বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন নিয়ে গবেষণায় অবকাঠামোর ঘাটতি, পর্যাপ্ত বিনিয়োগের অভাব, দীর্ঘ পরিবহনসময়, সীমিত সেবাদাতা প্রতিষ্ঠান, নদীর পানির গভীরতার পরিবর্তন এবং প্রশাসনিক দুর্বলতাকে বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ভারতের ‘জলবাহক’ প্রকল্পের আওতায় নির্দিষ্ট শর্ত পূরণকারী ২০০ কিলোমিটারের বেশি দূরত্বের জলপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রকৃত পরিচালন ব্যয়ের সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত প্রণোদনা দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে পণ্য সংগ্রহের প্রাথমিক পরিবহন এবং গন্তব্যে পৌঁছানোর শেষ ধাপের ব্যয় এই হিসাবের বাইরে।

এই প্রণোদনা সড়ক ও রেলপথ থেকে নদীপথে পণ্য পরিবহনে উৎসাহ দিতে পারে। কিন্তু নিয়মিত সেবা, নির্ভরযোগ্য সময়সূচি ও প্রতিযোগিতামূলক মোট ব্যয় নিশ্চিত না হলে ব্যবসায়ীরা নতুন পথে যেতে আগ্রহী হবেন না।

ব্রহ্মপুত্রের নাব্যতাও বড় চ্যালেঞ্জ
নদীর নাব্যতা এই উদ্যোগের অন্যতম সীমাবদ্ধতা। ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সীমান্ত থেকে নিমাতি পর্যন্ত ব্রহ্মপুত্রের নির্দিষ্ট অংশে রক্ষিত পানির গভীরতা ২ দশমিক ৫ মিটার, নিমাতি থেকে ডিব্রুগড় পর্যন্ত ২ মিটার এবং ডিব্রুগড় থেকে সাদিয়া পর্যন্ত ১ দশমিক ৫ মিটার।

পানির গভীরতা কমে গেলে নৌযানের আকার ও বহনক্ষমতা সীমিত হয়ে পড়ে। মৌসুমি পরিবর্তন এবং নদীর গতিপথ বদলে যাওয়ার কারণে নিয়মিত খনন, নৌচলাচলের নির্দেশক স্থাপন ও রক্ষণাবেক্ষণও জরুরি।

একটি টার্মিনাল তৈরি করা সম্ভব হলেও সারা বছর একই পরিমাণ পণ্য নির্দিষ্ট সময়ে পরিবহনের নিশ্চয়তা দেওয়া কঠিন। ফলে এই পথে নিয়মিত বাণিজ্য গড়ে তুলতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নদীপথের ধারাবাহিক রক্ষণাবেক্ষণ প্রয়োজন।

একবারের চালান থেকে নিয়মিত বাণিজ্যই আসল পরীক্ষা
ডিব্রুগড় থেকে মিথানল পরিবহনের এই যাত্রা এখন পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সূচনা। তবে এটিকে কার্যকর বাণিজ্যিক করিডরে পরিণত করতে হলে একই পথে নিয়মিত চালান পাঠাতে হবে। অন্য উৎপাদকদের পণ্য পরিবহন শুরু হলে এ পথের বাণিজ্যিক সম্ভাবনা আরও স্পষ্ট হবে।

এ ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের নৌপথ, বন্দর, শুল্কব্যবস্থা ও প্রশাসনিক কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত না হলে পরিবহন বিলম্বিত হতে পারে। নিয়মিত পণ্য পরিবহন বাড়লে বাংলাদেশও বন্দর কার্যক্রম ও ট্রানজিট সেবা থেকে অর্থনৈতিক সুবিধা পেতে পারে।

সব মিলিয়ে, ব্রহ্মপুত্র দিয়ে ডিব্রুগড় থেকে বাংলাদেশে পণ্য পরিবহনের উদ্যোগ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বাণিজ্যিক যোগাযোগে নতুন সম্ভাবনার দরজা খুলেছে। তবে এই উদ্যোগের দীর্ঘমেয়াদি সাফল্য নির্ভর করবে নিয়মিত পণ্য পরিবহন, প্রতিযোগিতামূলক ব্যয়, নির্ভরযোগ্য সরবরাহ এবং দুই দেশের কার্যকর সহযোগিতার ওপর। একটি চালান নদীপথের সম্ভাবনা দেখিয়েছে; এখন সেই সম্ভাবনাকে টেকসই বাণিজ্যে রূপ দেওয়াই মূল চ্যালেঞ্জ।




মদিনা অঞ্চলে ক্রুজ মিসাইল ভূপাতিতের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক : ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্রতম শহর মদিনায় একটি ক্রুজ মিসাইল ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি এক্সে বলেছেন, “মদিনায় ক্রুজ মিসাইল ধ্বংস করা হয়েছে।”

তবে এ দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে হুথি বিদ্রোহীরা। সশস্ত্র এ গোষ্ঠীর সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন, আজ বৃহস্পতিবার সৌদিতে কোনো হামলাই চালানো হয়নি।

এরআগেও মক্কা ও মদিনায় হুথিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছিল সৌদি আরব। যার সবগুলোই প্রত্যাখ্যান করে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এখন নতুন করে আবারও তাদের বিরুদ্ধে ক্রুজ মিসাইল ছোড়ার অভিযোগ আনল সৌদি।

সৌদি আরব এবং সৌদি সমর্থিত ইয়েমেনি সেনাবাহিনীর সঙ্গে সংঘাতের ৩৭ দিনে ইয়েমেনের নতুন ১৫ হাজার কিলোমিটার এলাকার দখল নিয়েছে হুথি বিদ্রোহীরা। এএফপির এক প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।

গত ৭ সেপ্টেম্বর থেকে সৌদি আরবের সঙ্গে সংঘাত শুরু হয়েছে হুথি বিদ্রোহীদের। সেদিন সৌদির চার শহরে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে সংঘাতের সূত্রপাত।

তারপর পেরিয়ে গেছে এক মাস ৭ দিন, অর্থাৎ ৩৭ দিন। এই ৩৭ দিনে একদিকে সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি স্থাপনা, রাজধানী রিয়াদসহ বিভিন্ন বড় শহর এমনকি মক্কা-মদিনাতেও ধারাবাহিক ভাবে হামলা অব্যাহত রেখেছে হুথি যোদ্ধারা এবং একই সময়সীমায় ইয়েমেনের নতুন ১৫ হাজার কিলোমিটার এলাকা নিজেদের দখলে এনেছে।




উত্তরার সড়কে প্রায় ৪ ঘণ্টা অবরোধ পোশাকশ্রমিকদের, ধাওয়া দিয়ে সরাল পুলিশ

ডেস্ক নিউজ : বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় পৌনে চার ঘণ্টা অবরোধের পর সড়ক থেকে পোশাকশ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল আটটা থেকে পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ায় ঢাকা ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।




রোহিঙ্গা-বিদেশিদের নামে ৫৫ ভুয়া জন্মসনদ তৈরি, কর্মকর্তার দাবি ‘ফাঁসানো হচ্ছে’

ডেস্ক নিউজ : গাইবান্ধার পলাশবাড়ীতে রোহিঙ্গাসহ বিদেশি নাগরিক ও অস্তিত্বহীন ব্যক্তিদের নামে ৫৫টি জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের দুই কর্মকর্তার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ইউনিয়নের বিভিন্ন এলাকার ঠিকানা ব্যবহার করে এসব সনদ নিবন্ধন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন এক ইউপি সদস্য। তবে অভিযোগ অস্বীকার করে এক কর্মকর্তা দাবি করেছেন, তাঁদের ফাঁসানো হচ্ছে।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের তথ্য অনুযায়ী, গত ১৬ থেকে ২১ জুলাইয়ের মধ্যে ৫৫ জন বিদেশি নাগরিক ও ভুয়া ব্যক্তির নামে জন্মনিবন্ধনের আবেদন গ্রহণ ও সনদ ইস্যুর ঘটনা ঘটে।

জানা গেছে, এলমিনা সুজি, মেরি জায়েদ, রুবেল আইচ, জেহেরিশ গনি মেহেক ও জিটুনা ত্রিপুরাসহ বিভিন্ন নামের ব্যক্তিদের জন্মনিবন্ধন সনদ দেওয়া হয়েছে। এসব সনদে জন্মস্থান হিসেবে চট্টগ্রাম ও কক্সবাজারের নাম উল্লেখ করা হয়েছে। আর স্থায়ী ঠিকানা দেখানো হয়েছে মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার। এ ছাড়া বাঙালি নাম ব্যবহার করেও ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করা হয়েছে। এমনকি একাধিক সনদে একই নাম ব্যবহারের অভিযোগও রয়েছে।

এ ঘটনায় মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রায়হান ফিরোজ ও হিসাব সহকারী মাহমুদা বেগমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঠিকানা ব্যবহার করে বিদেশি নাগরিক ও অস্তিত্বহীন ব্যক্তিদের নামে জন্মনিবন্ধনের আবেদন গ্রহণ এবং সনদ ইস্যু করা হয়েছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বারী মণ্ডল।

অভিযোগকারী ইউপি সদস্য আব্দুল বারী মণ্ডল জানান, জন্মনিবন্ধনে ব্যবহৃত এসব নাম ও ঠিকানার কোনো ব্যক্তিকে এলাকায় খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরাও এসব ব্যক্তিকে চেনেন না। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

জন্মনিবন্ধন একজন ব্যক্তির পরিচয় ও নাগরিক সেবা গ্রহণের গুরুত্বপূর্ণ নথি। যাচাই-বাছাই ছাড়া বিদেশি নাগরিক ও অস্তিত্বহীন ব্যক্তিদের নামে জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুই কর্মকর্তা। প্রশাসনিক কর্মকর্তা রায়হান ফিরোজ দাবি করেন, পরিকল্পিতভাবে বিদেশি নাগরিক ও ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে এসব আবেদন করা হয়েছে, যাতে তাঁদের ফাঁসানো যায়। সনদে ব্যবহৃত নাম ও ঠিকানার ব্যক্তিদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি নজরে আসার পর তিনি বাদী হয়ে থানায় মামলা করেছেন বলেও জানান তিনি।

হিসাব সহকারী মাহমুদা বেগম জানান, এসব জন্মনিবন্ধনের আবেদনের সঙ্গে নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিভিন্ন কাগজপত্র দেওয়া হয়েছিল। সেগুলোতে সিল ও স্বাক্ষর স্ক্যান করা ছিল। প্রথমে কাগজপত্র সঠিক মনে হওয়ায় তিনি সনদগুলো প্রিন্ট করেন। পরে ভালোভাবে যাচাই করে সেগুলো ভুয়া বলে বুঝতে পারেন।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান রিপন জানান, তিনি কম্পিউটার চালাতে জানেন না। এ কারণে জন্মনিবন্ধন-সংক্রান্ত সব কাজ প্রশাসনিক কর্মকর্তা রায়হান ফিরোজ করে থাকেন। নিবন্ধন কার্যক্রমের ওটিপি গ্রহণের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরটিও প্রশাসনিক কর্মকর্তা ব্যবহার করেন বলে জানান তিনি। এ ঘটনায় প্রশাসনিক তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান চেয়ারম্যান।

এ বিষয়ে গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান বলেন, বিদেশি নাগরিক ও ভুয়া ব্যক্তিদের নামে জন্মনিবন্ধন সনদ ইস্যুর বিষয়টি সম্প্রতি তাঁর নজরে এসেছে। এ ঘটনায় তদন্ত চলছে। অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক : রোমার মাঠে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে কিলিয়ান এমবাপ্পে চ্যাম্পিয়নস লিগে ১০০ ম্যাচ খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার মাইলফলক স্পর্শ করেছেন। বর্তমানে তার বয়স ২৭ বছর। এই বিশেষ মুহূর্তটিকে তিনি স্মরণীয় করে রাখেন প্রথমার্ধে গোল করে, যা মাদ্রিদকে সমতায় ফেরাতে সাহায্য করে।

শেষ পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে থেকেও ম্যাচটি ৪-৩ ব্যবধানে জিতে নেয় মাদ্রিদ। এর আগে লিওনেল মেসি ২০১৫ সালের সেপ্টেম্বরে রোমার বিপক্ষেই ২৮ বছর বয়সে এই রেকর্ডটি গড়েছিলেন। বুধবার মেসি কেবল এই একটি রেকর্ডই হারাননি। পিএসজির বিপক্ষে ম্যানচেস্টার সিটির ৪-২ ব্যবধানের হারে আর্লিং হালান্ড দুটি গোল করেন, যার ফলে এই প্রতিযোগিতায় ৬০ ম্যাচে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ৬১-তে।

উয়েফা জানিয়েছে, ২৬ বছর ৮৫ দিন বয়সে চ্যাম্পিয়নস লিগে ৬০ গোল পূর্ণ করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন হালান্ড; তিনি মেসির রেকর্ডটি ভেঙেছেন মাত্র এক দিনের ব্যবধানে। স্তাদিও অলিম্পিকোতে অনুষ্ঠিত এই ম্যাচে কোচ হোসে মরিনহোর শুরুর একাদশে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেন এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে এটি ছিল তার ৭২তম গোল, যা তাকে রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় রাউল গঞ্জালেসকে ছাড়িয়ে প্রতিযোগিতার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পঞ্চম স্থানে নিয়ে এসেছে।

এর আগে গত মাসে ইন্টার মিলানের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়েও মাদ্রিদের হয়ে প্রথম গোলটি করেছিলেন এমবাপ্পে।

২০১৬ সালের সেপ্টেম্বরে মোনাকোর হয়ে ১৭ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয়েছিল এমবাপ্পের। গত মৌসুমে ১৫ গোল করে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এই ফরাসি স্ট্রাইকার। এর মধ্যে অলিম্পিয়াকোসের বিপক্ষে তিনি প্রতিযোগিতার ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকটি করেছিলেন। মাত্র ৬ মিনিট ৪২ সেকেন্ডের ব্যবধানে তিনটি গোল করেছিলেন তিনি।