ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ : ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও পরিবারকে সপ্তাহে দু’দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, ‘আসুন, আমরা প্রত্যেক ব্যক্তি ও পরিবার সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিয়ে আমাদের ঘরবাড়ি, আশপাশের এলাকা এবং প্রতিদিন চলাচলের পথে যেসব স্থানে ডেঙ্গু মশার বংশবিস্তার হতে পারে, সেসব জায়গা পরিষ্কার করি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বিশেষ করে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করাই সবচেয়ে কার্যকর উপায়।

তিনি বলেন, ‘ঘরের আনাচকানাচে কিংবা রাস্তাঘাট ও জনসমাগমস্থলে জমে থাকা পানিতে ডেঙ্গু মশা বংশবিস্তার করে। আমরা যদি এসব প্রজননস্থল পরিষ্কার করতে পারি, তাহলে ডেঙ্গু প্রতিরোধে আরও বেশি সফল হব।’

তারেক রহমান বলেন, বিভিন্ন বয়সের মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হচ্ছেন এবং মারা যাচ্ছেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বহু পরিবারকে স্বজন হারানোর বেদনা থেকে রক্ষা করা সম্ভব।

ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ অনেক বড় বড় অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে দেশ স্বাধীন করেছে, ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সফল হয়েছে এবং ২০২৪ সালে সর্বস্তরের মানুষের প্রচেষ্টায় জুলাই গণঅভ্যুত্থান সফল করেছে।’

প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘আমরা যদি সবাই মিলে এসব অর্জন করতে পারি, তাহলে দেশের অন্যান্য সমস্যা সমাধানে কেন সম্মিলিতভাবে অবদান রাখতে পারব না?’

তিনি উল্লেখ করেন, দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), স্কাউটস, গার্ল গাইডস ও রেড ক্রিসেন্টের মতো বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সদস্যের সংখ্যা প্রায় ৪০ লাখ।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থী ও এসব সংগঠনের সদস্যরা প্রায় এক মাস ধরে প্রতি শনিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় যতটা সম্ভব ময়লা-আবর্জনা পরিষ্কারের চেষ্টা করছেন।

ডেঙ্গু প্রতিরোধের কার্যকর পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, ‘টিকার ওপর নির্ভর করার চেয়ে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করে মশার প্রজননস্থল ধ্বংস করা বেশি কার্যকর। বিভিন্ন পরীক্ষায় ডেঙ্গুর টিকার কার্যকারিতা সীমিত বলে দেখা গেছে।’

তারেক রহমান বলেন, ‘একটি সরকার তখনই সফল হয়, যখন জনগণকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করে। সরকার-জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যার সমাধান করতে চায়।’

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় এ রোগে আক্রান্ত বহু রোগীর প্রাণহানি রোধ করা সম্ভব। তাই আসুন, সবাই মিলে চেষ্টা করি। সবাই চেষ্টা করলে আগামী দিনে ডেঙ্গুর অভিশাপ থেকে বহু মানুষের প্রাণ রক্ষা করতে পারব।




ইসরায়েলে সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের কিরিয়াত গাত শহরে ইনটেলের একটি সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের পর সেখানে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে তুর্কি সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম তিনজনের গুরুতর আহত হওয়ার তথ্য জানিয়েছে। ইসরায়েলি পুলিশের ধারণা, একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটি জানিয়েছে, বিস্ফোরণের ফলে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ে থাকতে পারে। রাসায়নিকের উৎস শনাক্ত করতে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড নামের একটি গ্যাস জড়িত থাকতে পারে। সেমিকন্ডাক্টর চিপ তৈরিতে ব্যবহৃত এ গ্যাসের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় বিশেষায়িত বিপজ্জনক রাসায়নিক মোকাবিলা দল ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে।

ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির তথ্য অনুযায়ী, দমকলকর্মীরা ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। দুর্ঘটনার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের আটটি ইউনিট এবং আশপাশের স্টেশন থেকে বিশেষায়িত রাসায়নিক মোকাবিলা ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

কিরিয়াত গাতের এ কারখানায় সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন করা হয়। বিস্ফোরণের কারণ এবং রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার প্রকৃত পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।




নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার, দুই নারীসহ আটক ১১

ডেস্ক নিউজ : প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর দশমিনা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে নারী জেলেরা মা ইলিশ শিকারে নেমেছেন। বুধবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত তেতুলিয়য়া নদীর বাশবাড়িয়া পয়েন্টে গিয়ে ৮টি ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলারে ইলিশ শিকার করতে দেখা গেছে।

অভিনব পন্থায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে নারীরা নেমেছেন তেতুলিয়া নদীতে মাছ শিকারে। খবর পেয়ে বিকেলে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন দুই নারীসহ ১১ জনকে আটক করেছে বলে জানান ইউএনও।

মৎস্য বিভাগসহ প্রশাসনের যৌথ অভিযান অব্যাহত থাকলেও প্রকাশ্য দিবালোকে চলছে মা ইলিশ নিধন। প্রভাবশালী একাধিক চক্রের ইশারায় অসাধু জেলেরা অভিযানের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ ধরা অব্যাহত রেখেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে চলছে মা ইলিশ শিকারের মহোৎসব। প্রভাবশালী চক্রের নিষেধাজ্ঞার সময়েও অবাধে মা ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। উপজেলার তেঁতুলিয়া নদীর বাঁশবাড়িয়া, ঢনঢনিয়া, গোলখালী, কাটাখালী, আউলিয়াপুর, রণগোপালদী ও পাতারচর এবং চরবোরহানের বিভিন্ন পয়েন্টে চলছে অবাধে মা ইলিশ শিকার। নদীতে মাছ ধরার ট্রলার গুলোয়ে অত্যাধুনিক ফাইটার ইঞ্জিন লাগিয়ে বেপরোয়া ভাবে দাপিয়ে বেরাচ্ছেন জেলেরা।

সরেজমিনে বুধবার দুপুরে দেখা যায়, দশমিনা উপজেলার তেতুলিয়া নদীর বাঁশবাড়িয়া এলাকার নদীতে ৮টি মাছ ধরার ট্রলার নিয়ে জেলেরা নির্বিঘ্নে নদীতে জাল ফেলে মা ইলিশ শিকার করছেন। এর মধ্যে দুটি ট্রলারে নারীরা নদীতে জাল ফেলে ইলিশ শিকারের জন্য মাঝ নদীতে অপেক্ষায় আছেন। এর একটি ট্রলারে পাঁচ জন নারী, অন্য আর একটি ট্রলারে একটি শিশুসহ চারজন নারী মাছ ধরছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে মা ইলিশ রক্ষায় নদীতে কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

এ বিষয়ে উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মো. আমিরুল ইসলাম জানান, তেঁতুলিয়া নদীর উত্তর প্রান্তে কয়েকটি নারী জেলের দল একাধিক ট্রলার নিয়ে আমাদের সীমানায় মা ইলিশ শিকার করতে আসেন। মূলত ওরা বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগি বাজার এলাকার লোকজন। তাদেরকে আটক করলে তারা তাদের অবুঝ ছোট ছোট ছেলে-মেয়েদের নদীতে ফেলে দিয়ে আমাদের ভয়ভীতি দেখান। তবে কঠোর ভাবে ২২ দিনের নিষেধাজ্ঞা পরিচালনা করা হচ্ছে।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধা বলেন, আমি নিজেই তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করতেছি। নৌপুলিশ, থানা পুলিশ ও মৎস্য বিভাগকে কঠোরভাবে সরকারি নিষেধাজ্ঞায় মা ইলিশ রক্ষায় কাজ করার জন্য বলা হয়েছে। বুধবার দুই নারীসহ মোট ১১ জেলেকে আটক করা হয়েছে। পুরুষদের কারাদন্ড দেয়া হবে তবে নারীদের বিষয়ে কি করা যায় দেখছি। অভিযানে এক লক্ষ টাকার জাল ও ট্রলার জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।




টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা দলটির সামনে এবার তিন নম্বরে উঠে আসার সুযোগ তৈরি হয়েছে। ডারবান টেস্টে অস্ট্রেলিয়ার কাছে দক্ষিণ আফ্রিকা হারায় দুই দলের ব্যবধান কমেছে। পরের টেস্টেও অস্ট্রেলিয়া জিতলে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে তিনে উঠে আসতে পারে বাংলাদেশ।

বিডিক্রিকটাইমের প্রতিবেদনে বলা হয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের শুরুতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শীর্ষ পাঁচে থাকার লক্ষ্য জানিয়েছিলেন। প্রত্যাশার চেয়ে ভালো পারফরম্যান্সে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষ চারের মধ্যে রয়েছে বাংলাদেশ। এবার তিনে ওঠার সম্ভাবনাও তৈরি হয়েছে, যা ফাইনালে খেলার স্বপ্নকে আরও উজ্জ্বল করতে পারে।

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা পাঁচটি এবং বাংলাদেশ ছয়টি টেস্ট খেলেছে। দুই দলই তিনটি করে ম্যাচ জিতেছে এবং দুটি করে ম্যাচ হেরেছে। তবে বাংলাদেশের একটি ম্যাচ ড্র হয়েছে, দক্ষিণ আফ্রিকার কোনো ম্যাচ ড্র হয়নি।

আগামী ১৮ অক্টোবর পোর্ট এলিজাবেথে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট। ওই ম্যাচ ড্র হলে দক্ষিণ আফ্রিকার পয়েন্টের হার কমে বাংলাদেশের সমান ৫৫.৫৬ শতাংশ হবে। আর অস্ট্রেলিয়া জিতলে দক্ষিণ আফ্রিকার পয়েন্টের হার নেমে আসবে ৫০ শতাংশে। সে ক্ষেত্রে বাংলাদেশ উঠে আসবে তৃতীয় স্থানে এবং দক্ষিণ আফ্রিকা নেমে যাবে চতুর্থ স্থানে।

টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি জয়ের জন্য দলগুলো ১২ পয়েন্ট পায়। মোট অর্জিত পয়েন্ট ও খেলা ম্যাচের ভিত্তিতে শতকরা হিসাবে দলগুলোর অবস্থান নির্ধারণ করা হয়।

চক্রের শেষ দিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স দুই দলের অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে রয়েছে শীর্ষে থাকা অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড এবং পঞ্চম স্থানে থাকা ভারত।




অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। পুরো সিরিজ জুড়েই অজি মেয়েদের দাপুটে পারফরম্যান্সের সামনে চরম ব্যাটিং ও বোলিং ব্যর্থতায় অসহায় আত্মসমর্পণ করেছে টাইগ্রেসরা।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। একই মাঠে বুধবার তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ নামে ধবলধোলাই এড়াতে। ধবলধোলাই এড়ানোর ম্যাচেও বাজেভাবে হারল জ্যোতির দল। ৮ উইকেটে জিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া।

১৭৩ রানের লক্ষ্যে নেমে ৬-এর বেশি রানরেটে খেলতে গিয়ে শুরুতে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। ৫.২ ওভারে ২ উইকেটে ৩৮ রানে পরিণত হয় স্বাগতিকেরা। জর্জিয়া ভলকে (১৩) এলবিডব্লিউ করেন সুলতানা খাতুন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ভল। তবে রিভিউ অক্ষত থেকেছে। এরপর আরেক ওপেনার বেথ মুনিকে (২১) বোল্ড করেন দিশা বিশ্বাস।




‘চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি?’ সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ওমর সানী

বিনোদন ডেস্ক : স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিরুদ্ধে সরব হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। পরিবার নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই অভিনেতা।

এ সময় ক্ষোভ প্রকাশ করে ওমর সানী বলেন, ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন। আমার ছেলে কিছুক্ষণ আগেও এ বিষয়ে কথা বলেছে। সে আইনের আশ্রয় নিতে বলেছে। আমাদের নিয়ে লেখালেখি না করলেই নয়?’

পরিবার নিয়ে ভালো আছেন জানিয়ে এই অভিনেতা বলেন, ‘ভাই, আমরা অনেক সিনিয়র হয়ে গেছি। চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি? আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। নিজের কাজ নিয়েও ভালো আছি। আমি চুরি করি না। আমরা এখনো চলচ্চিত্রে অভিনয় করতে চাই। আমার সঙ্গে অনেকের ছবি থাকতে পারে, কিন্তু আমরা নিজেদের জায়গায় ঠিক আছি।’

মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করার আহ্বান জানিয়ে ওমর সানী আরও বলেন, ‘আমার বেশি টাকা লাগে না। আমাকে আমার মতো থাকতে দিন। চলে যাওয়ার সময় এসে গেছে। আমাদের নিয়ে মিথ্যা কথা ছড়াবেন না। যেসব পোস্টে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে মামলা করব।’

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘অন্য কেউ দেশের বাইরে থাকেন। এখন তো পরিবারের জন্য কিছু করার সময়! আমাদের নিয়ে এসব করে কত টাকা কামাবেন?’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, ওমর সানী ও মৌসুমীর একমাত্র ছেলে ফারদিন কৌশলে পরিবারের সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে মাকে বের করে দিয়েছেন। তবে এ খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওমর সানী।

অভিনেতার ভাষ্য, ফারদিন বর্তমানে দুবাইয়ে থাকেন এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন তিনি। ফলে মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার খবরটি সত্য নয় বলে জানান এই অভিনেতা।

এদিকে, মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে আগেই কঠোর অবস্থানের কথা জানান ফারদিন। নিজের ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ওই পোস্টে পরিবারের বিরুদ্ধে প্রচারিত কনটেন্টের স্ক্রিনশটও শেয়ার করেন ফারদিন।

ছেলের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে তার পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেন ওমর সানী। এবার সাংবাদিকদের সামনে এসে নিজের অবস্থান স্পষ্ট করলেন এই অভিনেতা। পরিবার নিয়ে মিথ্যা তথ্য প্রচার বন্ধ না হলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানালেন তিনি।




মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে যেভাবে বিদেশে অর্থ পাঠান ইরানিরা

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইরান। দেশটির ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশে অর্থ পাঠানো এবং আন্তর্জাতিক লেনদেন সম্পন্ন করা ক্রমেই কঠিন হয়ে উঠেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এই সংকট আরও তীব্র হয়েছে। ফলে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে বিকল্প বিভিন্ন পদ্ধতির ওপর নির্ভর করতে হচ্ছে ইরানিদের।

বিকল্প এসব ব্যবস্থার মাধ্যমে বিদেশে পণ্য ও সেবার মূল্য পরিশোধ করা সম্ভব হলেও প্রতিটি পদ্ধতির সঙ্গে রয়েছে বাড়তি খরচ, প্রতারণার ঝুঁকি এবং লেনদেনের অনিশ্চয়তা। নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও দ্রুততার দিক থেকে এগুলো প্রচলিত আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার সমতুল্য নয়।

মুদ্রা বিনিময়কারীদের নেটওয়ার্ক
বিদেশে অর্থ পাঠানোর অন্যতম বিকল্প হলো বিভিন্ন দেশের মুদ্রা বিনিময়কারীদের নেটওয়ার্ক। এই অনানুষ্ঠানিক ব্যবস্থায় ইরানে স্থানীয় মুদ্রার প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের সঙ্গে বিদেশে বৈদেশিক মুদ্রার প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের চাহিদার সমন্বয় করা হয়। এর ফলে ইরান ও বিদেশের ব্যাংক হিসাবের মধ্যে সরাসরি অর্থ স্থানান্তর না করেও লেনদেন নিষ্পত্তি করা সম্ভব হয়।

এছাড়া মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেও বিদেশে অর্থ পাঠান অনেকে। সাধারণত গ্রাহক ইরানে স্থানীয় মুদ্রায় মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে অর্থ দেন। এরপর প্রতিষ্ঠানটি অথবা বিদেশে তাদের অংশীদার নিজস্ব বিদেশি তহবিল ব্যবহার করে সংশ্লিষ্ট সরবরাহকারীকে গ্রহণযোগ্য বৈদেশিক মুদ্রায় মূল্য পরিশোধ করে।

এ ধরনের ব্যবস্থা আন্তর্জাতিক ব্যাংকিংয়ে প্রবেশাধিকারের ঘাটতি কিছুটা পূরণ করলেও এতে বাড়তি ফি, বিনিময় হারের কারণে আর্থিক ক্ষতি, বিলম্ব এবং জটিলতা তৈরি হয়।

ব্যক্তিগত সমঝোতায় অর্থ স্থানান্তর
কিছু ইরানি কোনো প্রতিষ্ঠানের সহায়তা না নিয়ে ব্যক্তিগত যোগাযোগ ও সমঝোতার মাধ্যমে বিদেশে অর্থ পাঠান। এক্ষেত্রে পরিচিত ব্যক্তির পাশাপাশি অপরিচিত মানুষের সঙ্গেও লেনদেন করতে হয়। আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থা অকার্যকর হলে এসব উদ্যোগ সাময়িক সমাধান দিতে পারে। তবে পুরো ব্যবস্থাটি মূলত পারস্পরিক বিশ্বাসের ওপর নির্ভরশীল।

জার্মানিতে বসবাসরত ইরানি তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক রেজা নিজের পুরো নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ধরনের লেনদেনে অপরিচিত ব্যক্তিদের কোনও আইনি নথি বা প্রমাণ ছাড়াই পরস্পরের ওপর আস্থা রাখতে হয়। যেকোনও পক্ষ যেকোনও সময় চুক্তি থেকে সরে দাঁড়াতে পারে। এতে অন্য পক্ষ আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে।

ইরানি বাণিজ্য বিশেষজ্ঞ আশকান বাহরামির ভাষ্য, আন্তর্জাতিক বাণিজ্য চালিয়ে নিতে তাদের অনানুষ্ঠানিক মুদ্রা বিনিময় ও অর্থ পাঠানোর ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে। এতে অর্থ হারানো, প্রতারণা এবং উচ্চ লেনদেন ব্যয়ের মতো ঝুঁকি রয়েছে।

ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনও এসব নেটওয়ার্ককে বিপর্যস্ত করতে পারে। উপসাগরীয় দেশগুলোর মধ্য দিয়ে পরিচালিত কিছু আর্থিক নেটওয়ার্ক যুদ্ধের কারণে বাধাগ্রস্ত হয়েছে। ফলে এসব ব্যবস্থার ওপর নির্ভরশীল ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বাড়তি অনিশ্চয়তার মুখে পড়তে হচ্ছে।

ক্রিপ্টোকারেন্সিও পুরোপুরি নিরাপদ নয়
প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা এড়িয়ে সম্পদ স্থানান্তরের আরেকটি মাধ্যম হয়ে উঠেছে ক্রিপ্টোকারেন্সি। তবে ডিজিটাল মুদ্রাও মার্কিন নিষেধাজ্ঞা থেকে পুরোপুরি সুরক্ষা দিতে পারছে না।

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দফতর (ওএফএসি) ইরানের কয়েকটি বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নোবিটেক্স, ওয়ালেক্স, বিটপিন ও রামজিনেক্স।

ইরানের ফিনটেক অ্যাসোসিয়েশনের বোর্ড চেয়ারম্যান আলিরেজা ইয়াগুবি সতর্ক করে বলেন, ক্রিপ্টোকারেন্সির লেনদেন শনাক্ত করা সম্ভব। ব্যক্তি, কেন্দ্রীয় ব্যাংক কিংবা অন্য কোনও প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ডিজিটাল ওয়ালেটের ওপর নিষেধাজ্ঞা আরোপের মতো গুরুতর পরিস্থিতিও তৈরি হতে পারে।

নিষেধাজ্ঞার আশঙ্কার পাশাপাশি ইন্টারনেট সংযোগে মাঝেমধ্যে বিঘ্ন ঘটায় অর্থ স্থানান্তরের এই পদ্ধতিও অনিশ্চিত হয়ে উঠেছে।

পণ্য আমদানিতে বাড়ছে বিলম্ব
বিদেশ থেকে পণ্য আমদানিকারী প্রতিষ্ঠানগুলোর সংকট শুধু অর্থ পরিশোধের মধ্যেই সীমাবদ্ধ নয়। যুদ্ধজনিত বিঘ্ন এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের পর পরিবহনব্যবস্থা ও সরবরাহপথে জটিলতা বেড়েছে। এতে পণ্য পৌঁছাতে বেশি সময় লাগছে এবং চালান কখন হাতে আসবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চীনের সাংহাই বন্দর ব্যবহার করে ইরানে পণ্য আমদানির ক্ষেত্রে পরিস্থিতি কতটা কঠিন হয়ে উঠেছে, তা তুলে ধরেছেন অ্যারন ট্রেডিং গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আরগাভান গাজানফারি। ইরানে পণ্য পাঠানোর গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোর একটি এই বন্দর।

গাজানফারি বলেন, আগে পণ্য পরিবহনে ২৬ দিন লাগত। কিন্তু এখন সেই সময় বেড়ে ১০২ থেকে ১২০ দিন পর্যন্ত হচ্ছে। ফলে গ্রাহকেরা আমদানির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছেন। তার মতে, সবচেয়ে বড় সমস্যা হলো, ইরানের সরবরাহপথগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে।

রিয়ালের দরপতনে কমছে ক্রয়ক্ষমতা
বিদেশে অর্থ পাঠানোর ব্যবস্থা করতে পারলেও ইরানিদের সামনে আরেকটি বড় বাধা রয়েছে- পণ্য কেনার সামর্থ্য। দেশটির মুদ্রা রিয়ালের ধারাবাহিক দরপতনে মানুষের ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

মার্কিন ডলারের বিপরীতে গত এক মাসে ইরানি রিয়ালের মূল্য ১০ শতাংশের বেশি, গত এক বছরে ৫৫ শতাংশের বেশি এবং গত পাঁচ বছরে প্রায় ৯০ শতাংশ কমেছে।

এ পরিস্থিতিতে বিদেশ থেকে পণ্য আমদানির ব্যয় বাড়ছে। অর্থ স্থানান্তরের বাড়তি খরচ ও পরিবহন বিলম্বের সঙ্গে মুদ্রার অবমূল্যায়ন যুক্ত হয়ে ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর চাপ আরও বাড়াচ্ছে।

ইরানের অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা এবং সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কার মধ্যে দেশটির মানুষের সামনে এখন শুধু বিদেশে অর্থ পাঠানোর বিকল্প খুঁজে বের করার চ্যালেঞ্জই নেই। ক্রমবর্ধমান বিধিনিষেধের মধ্যে কত দিন তারা এসব অনানুষ্ঠানিক ব্যবস্থার ওপর নির্ভর করে টিকে থাকতে পারবেন, আর এর জন্য কতটা আর্থিক মূল্য দিতে হবে- সেটিই এখন বড় প্রশ্ন। সূত্র: আল-জাজিরা




প্রকল্পের টাকায় গাড়ির তেল ও ট্যাক্স-টোকেন করানোর অভিযোগ, রেলওয়ের জিএম মামুনুলকে ঘিরে বিতর্ক

বিশেষ প্রতিবেদকঃ রেলওয়ের প্রকল্পের অর্থ ব্যবহার করে সরকারি গাড়ির ট্যাক্স-টোকেন নবায়ন এবং জ্বালানি ভরার জন্য অধস্তন কর্মকর্তাকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা মামুনুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় একটি ফোনালাপের রেকর্ড সামনে এসেছে বলে দাবি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, নিজের দাপ্তরিক গাড়ির খরচ মেটাতে তিনি প্রকল্পের দায়িত্বে থাকা এক কর্মকর্তাকে অর্থের ব্যবস্থা করতে বলেন। পাশাপাশি কাজের বিনিময়ে অর্থ দাবি এবং নিজের নির্দেশ মানতে চাপ প্রয়োগের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

রেলওয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, মামুনুল ইসলামের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন ধরনের অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা দাবি করেছেন, তিনি অধস্তনদের ওপর প্রভাব খাটিয়ে নিজের চাহিদা পূরণ করতে চান।

অভিযোগের পক্ষে উপস্থাপিত ফোনালাপের একটি অংশে মামুনুল ইসলামকে অধস্তন কর্মকর্তার সঙ্গে রূঢ় ভাষায় কথা বলতে শোনা যায় বলে দাবি করা হয়েছে। কথোপকথনে তিনি ওই কর্মকর্তাকে জানান, সংশ্লিষ্ট কাজের জন্য তিনি অনেক কিছু করেছেন এবং এখন কাজ হস্তান্তর করবেন না। একই সঙ্গে নিজের অবস্থান বোঝাতে তিনি বলেন, ‘আমি বানের জলে ভাইসা আসি নাই।’

ফোনালাপের অন্য একটি অংশে নিজের তিনটি চাহিদার কথা তুলে ধরেন মামুনুল ইসলাম। অভিযোগ অনুযায়ী, প্রথমে তিনি টাকা চান। এরপর জানান, ১৯ তারিখে গাড়ির ট্যাক্স-টোকেনের মেয়াদ শেষ হবে, তাই প্রকল্পের অর্থ দিয়ে এক বছরের জন্য সেটি নবায়ন করতে হবে। তৃতীয়ত, ঢাকায় আসা ও চলাচলের জন্য গাড়ির ট্যাংক অকটেনে পূর্ণ করে দেওয়ার নির্দেশ দেন।

কথোপকথনে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রকল্প পরিচালকের (পিডি) সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। নিজের পক্ষ থেকে প্রকল্পের কাজের জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছেন—এমন যুক্তি তুলে ধরে তিনি এসব সুবিধা চান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, ফোনালাপের পর সংশ্লিষ্ট অধস্তন কর্মকর্তা মামুনুল ইসলামের নির্দেশ অনুযায়ী গাড়ির ট্যাক্স-টোকেন নবায়ন ও জ্বালানির ব্যবস্থা করতে বাধ্য হন। তবে এসব খরচের অর্থ কোথা থেকে দেওয়া হয়েছিল, কত টাকা ব্যয় হয়েছে এবং সংশ্লিষ্ট প্রকল্পের হিসাবের খাতায় তা কীভাবে দেখানো হয়েছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ আর্থিক নথি পাওয়া গেলে অভিযোগের সত্যতা আরও স্পষ্ট হবে।

এখানে মূল প্রশ্ন হলো, যে গাড়িটির খরচ সরকারি রাজস্ব বাজেট থেকে বহন করার কথা, সেই গাড়ির ট্যাক্স-টোকেন ও জ্বালানির ব্যয় প্রকল্পের অর্থ থেকে মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল কি না। যদি প্রকল্পের নির্ধারিত কাজের বাইরে এ ধরনের খরচ করা হয়ে থাকে, তাহলে সরকারি অর্থের যথাযথ ব্যবহার ও আর্থিক বিধি অনুসরণের বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৮-১২৮৯ নম্বরের জিপ গাড়িটি রেলওয়ে কর্তৃপক্ষ জিএম (পশ্চিম) পদের অনুকূলে বরাদ্দ দিয়েছিল। অভিযোগে বলা হয়েছে, গাড়িটি ঢাকায় ব্যবহারের জন্য বরাদ্দ করা হয়েছিল। এটি যেহেতু রাজস্ব খাতভুক্ত পদের বিপরীতে বরাদ্দ করা সরকারি গাড়ি, তাই এর নিয়মিত কাগজপত্র ও জ্বালানির ব্যয় কোন খাত থেকে বহন করার কথা, সেটি যাচাই করা জরুরি।

এ বিষয়ে সদ্য বিদায়ী রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী বলেছেন, পরিবহন পুল থেকে কোনো কর্মকর্তার রাজস্ব খাতভুক্ত পদের বিপরীতে গাড়ি বরাদ্দ দেওয়া হলে সেটি সরকারি নিয়মের আওতায় পরিচালিত হয়। ওই গাড়ির কাগজপত্র ঠিক করা কিংবা জ্বালানি ভরার জন্য কোনো কর্মকর্তা প্রকল্পের অর্থ ব্যবহারে চাপ দিয়ে থাকলে তা নিয়মবহির্ভূত ও অনৈতিক কাজ হবে বলে তিনি মন্তব্য করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা যথাযথভাবে যাচাই করা প্রয়োজন।

মামুনুল ইসলামের পদায়ন নিয়েও রেলওয়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনা রয়েছে। সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার দাবি, জ্যেষ্ঠতার দিক থেকে এগিয়ে থাকা ছয় কর্মকর্তাকে পেছনে ফেলে তিনি পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক পদে চলতি দায়িত্ব পেয়েছিলেন। এ নিয়েও প্রশাসনিক মহলে প্রশ্ন উঠেছে বলে তাঁদের দাবি। তবে পদায়নের সিদ্ধান্ত কোন বিধি ও যোগ্যতার ভিত্তিতে নেওয়া হয়েছিল, তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট সরকারি আদেশ ও সার্ভিস রেকর্ড যাচাই করা প্রয়োজন।

মামুনুল ইসলামের পারিবারিক পরিচয় নিয়েও বিভিন্ন অভিযোগ রয়েছে। রেলওয়ের সাবেক মহাপরিচালক আমজাদ হোসেন তাঁর শ্বশুর বলে উল্লেখ করা হয়েছে। কয়েকজন কর্মকর্তার দাবি, অতীতে আমজাদ হোসেন দায়িত্বে থাকাকালে রেলের নিয়োগ, বদলি ও পদায়ন ঘিরে মামুনুল ইসলামের প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছিল। এ ছাড়া মামুনুল ইসলাম সপরিবারে থাইল্যান্ডের নাগরিকত্ব নিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সরকারি প্রকল্পের অর্থ নির্ধারিত কাজের বাইরে অন্য খাতে ব্যয় করা হয়েছে কি না। প্রকল্পের অর্থ সাধারণত অনুমোদিত পরিকল্পনা, কাজের ধরন ও নির্দিষ্ট বাজেট অনুযায়ী ব্যবহার করার কথা। সেই অর্থ দিয়ে কোনো কর্মকর্তার দাপ্তরিক গাড়ির ট্যাক্স-টোকেন নবায়ন বা জ্বালানি কেনার খরচ মেটানো হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যয়ের অনুমোদন, বিল-ভাউচার এবং হিসাবের নথি পরীক্ষা করা প্রয়োজন। একই সঙ্গে প্রকল্প পরিচালক বা অন্য কোনো কর্মকর্তা এ ব্যয়ের অনুমোদন দিয়েছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা দরকার।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রেলওয়ের কর্মকর্তা মামুনুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে অভিযোগগুলোর বিষয়ে তাঁর অবস্থানও প্রতিবেদনে যুক্ত করা প্রয়োজন।

এখন সংশ্লিষ্ট প্রকল্পের হিসাবপত্র, গাড়ির বরাদ্দসংক্রান্ত নথি, ট্যাক্স-টোকেন নবায়নের কাগজপত্র, জ্বালানি কেনার বিল এবং কথিত ফোনালাপের সত্যতা যাচাই করা গুরুত্বপূর্ণ। অভিযোগের সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত হলে সরকারি অর্থের ব্যবহার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে।




দরপত্রে প্রভাব বিস্তার ও সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফিরোজ হাসানকে ঘিরে তদন্তের দাবি

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসানকে ঘিরে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন উঠেছে। বড় সরকারি প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় কথিত প্রভাব বিস্তার, দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা, বিদেশ সফর ও প্রশিক্ষণে অংশগ্রহণ এবং তাঁর ও পরিবারের সদস্যদের সম্পদের উৎস—এসব বিষয় খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ অনুসন্ধানের প্রয়োজনীয়তার কথাও সামনে এসেছে।

সরকারি প্রকল্পের অর্থ ব্যয়, দরপত্রের স্বচ্ছতা এবং কর্মকর্তাদের প্রশাসনিক ক্ষমতার ব্যবহার নিয়ে প্রশ্ন উঠলে সেগুলো যথাযথভাবে যাচাই করা জরুরি। তবে কোনো অভিযোগ উত্থাপিত হলেই তা প্রমাণিত অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে না। কাজী মো. ফিরোজ হাসানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর ক্ষেত্রেও সংশ্লিষ্ট নথি, আর্থিক তথ্য, সরকারি সিদ্ধান্ত এবং তাঁর বক্তব্য যাচাই করে প্রকৃত অবস্থা নির্ধারণ করা প্রয়োজন।

গুরুত্বপূর্ণ দায়িত্বে দীর্ঘ সময় থাকা নিয়ে প্রশ্ন

কাজী মো. ফিরোজ হাসান দীর্ঘ সময় ধরে গণপূর্ত অধিদপ্তরের গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। তাঁর দায়িত্ব গ্রহণ, বদলি, পদোন্নতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় পদায়নের সময়কাল নিয়ে সংশ্লিষ্ট নথি পর্যালোচনার দাবি উঠেছে।

বিশেষ করে সরকারি কেনাকাটা, প্রকল্প পরিকল্পনা ও দরপত্রের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বে থাকার সময় প্রশাসনিক ক্ষমতা কীভাবে ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দায়িত্ব বণ্টন ও বদলির ক্ষেত্রে প্রচলিত বিধি অনুসরণ করা হয়েছিল কি না, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে নেওয়া হয়েছিল কি না এবং দায়িত্ব পালনে স্বচ্ছতা বজায় ছিল কি না—এসব প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট দপ্তরের নথি থেকেই পাওয়া সম্ভব।

তবে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করাই অনিয়মের প্রমাণ নয়। এ ক্ষেত্রে কোনো বিধি লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার কিংবা কাউকে বিশেষ সুবিধা দেওয়ার ঘটনা ঘটেছে কি না, তা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যাচাই করতে হবে।

বিদেশ সফর ও প্রশিক্ষণের ব্যয় নিয়েও যাচাইয়ের দাবি

ফিরোজ হাসানের বিদেশ সফর এবং বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণের বিষয়টিও আলোচনায় এসেছে। এসব সফরের জন্য কারা তাঁকে মনোনীত করেছিলেন, কী উদ্দেশ্যে সফরগুলো করা হয়েছিল, সরকারি অর্থ ব্যয় হয়েছিল কি না এবং সফর শেষে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল কি না—এসব তথ্য যাচাইয়ের দাবি উঠেছে।

সরকারি কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ বা অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমের অংশ। কিন্তু এ ধরনের সফরে সরকারি অর্থ ব্যয় হয়ে থাকলে তার অনুমোদন, ব্যয়ের হিসাব এবং সফরের উদ্দেশ্য পূরণ হয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন।

এ জন্য সংশ্লিষ্ট অনুমোদনপত্র, সফরের আদেশ, ব্যয়ের বিবরণ, প্রশিক্ষণ প্রতিষ্ঠানের তথ্য এবং সফর-পরবর্তী প্রতিবেদন পর্যালোচনা করা যেতে পারে। তবে এখন পর্যন্ত এসব সফরে কোনো অনিয়ম হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ এই প্রতিবেদনে পাওয়া যায়নি।

বড় প্রকল্পের দরপত্রে প্রভাব বিস্তারের অভিযোগ

কাজী মো. ফিরোজ হাসানকে ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হলো সরকারি প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় কথিত প্রভাব বিস্তারের অভিযোগ। অনুসন্ধানে NDE নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর কথিত যোগসূত্র এবং বড় প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ও দরপত্রের শর্ত নির্ধারণে প্রভাব বিস্তারের অভিযোগের বিষয়টি সামনে এসেছে।

সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের তৃতীয় পর্যায় নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগগুলোর মূল বিষয় হলো, প্রকল্পের পরিকল্পনা বা দরপত্রের শর্ত নির্ধারণের সময় কোনো নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছিল কি না।

সরকারি প্রকল্পে দরপত্রের শর্ত এমনভাবে তৈরি করা হলে, যাতে প্রতিযোগিতা সীমিত হয়ে যায় বা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান অগ্রাধিকার পায়, তাহলে তা সরকারি ক্রয়প্রক্রিয়ার স্বচ্ছতা ও প্রতিযোগিতার নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তবে কোনো প্রকল্পে NDE-এর অংশগ্রহণ কিংবা কোনো কর্মকর্তার সঙ্গে পেশাগত যোগাযোগ থাকলেই অনিয়ম প্রমাণিত হয় না। এ ধরনের অভিযোগের সত্যতা প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট নথি ও প্রমাণ প্রয়োজন।

এ ক্ষেত্রে প্রকল্পের অনুমোদিত ডিপিপি, দরপত্র বিজ্ঞপ্তি, যোগ্যতার শর্ত, দরপত্র মূল্যায়ন কমিটির কার্যবিবরণী, কার্যাদেশ, বিল পরিশোধের হিসাব এবং নিরীক্ষা প্রতিবেদন পরীক্ষা করা জরুরি। দরপত্রের শর্ত তৈরির সময় কারা মতামত দিয়েছেন, কোনো পরিবর্তন করা হয়ে থাকলে তার কারণ কী ছিল এবং চূড়ান্ত সিদ্ধান্ত কে অনুমোদন করেছেন—এসব তথ্য যাচাই করলে অভিযোগের বাস্তব ভিত্তি সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।

সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের তৃতীয় পর্যায়েও একইভাবে পরিকল্পনা, দরপত্র, কার্যাদেশ ও অর্থ ছাড়ের নথি পর্যালোচনা করা প্রয়োজন। কোনো প্রতিষ্ঠানকে নিয়মবহির্ভূত সুবিধা দেওয়া হয়ে থাকলে তা নথির মাধ্যমে শনাক্ত করা সম্ভব। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন বা অনিয়মের প্রমাণ এই প্রতিবেদনে নিশ্চিত করা যায়নি।

নিজের ও পরিবারের সম্পদের উৎস যাচাইয়ের দাবি

কাজী মো. ফিরোজ হাসান এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পদের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তাঁদের দাবি, সরকারি চাকরি থেকে অর্জিত বৈধ আয় এবং পরিবারের নামে থাকা সম্পদের মধ্যে সামঞ্জস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

এ ক্ষেত্রে তাঁর আয়কর বিবরণী, সম্পদ বিবরণী, জমি ও ফ্ল্যাটের দলিল, গাড়ির মালিকানা এবং প্রাসঙ্গিক আর্থিক লেনদেনের তথ্য আইনসম্মতভাবে যাচাই করা যেতে পারে। কোনো সম্পদ কখন কেনা হয়েছে, ক্রয়ের অর্থ কোথা থেকে এসেছে এবং সম্পদের মূল্য ও ঘোষিত আয়ের মধ্যে সামঞ্জস্য রয়েছে কি না—এসব বিষয় যাচাইয়ের মাধ্যমে প্রকৃত অবস্থা নির্ধারণ করা সম্ভব।

পরিবারের সদস্যদের নামে সম্পদ থাকলে তার মালিকানা ও অর্থের উৎসও প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করা যেতে পারে। তবে পরিবারের সদস্যদের নামে সম্পত্তি থাকা নিজে কোনো অপরাধের প্রমাণ নয়। একইভাবে স্বাধীনভাবে যাচাই করা তথ্য ছাড়া নির্দিষ্ট কোনো সম্পদকে অবৈধ বা আয়বহির্ভূত বলার সুযোগ নেই।

এখন পর্যন্ত ফিরোজ হাসান কিংবা তাঁর পরিবারের সদস্যদের সম্পদের নির্দিষ্ট পরিমাণ, মালিকানা এবং অর্থের উৎস সম্পর্কে পর্যাপ্ত স্বাধীনভাবে যাচাই করা নথি এই প্রতিবেদনে নিশ্চিত করা যায়নি। তাই বিষয়টি নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আগে সংশ্লিষ্ট সরকারি রেকর্ড ও আর্থিক তথ্য পরীক্ষা করা প্রয়োজন।

দুদক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা গুরুত্বপূর্ণ

উত্থাপিত অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনায় দুদক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং আইনগতভাবে ক্ষমতাপ্রাপ্ত নিরীক্ষা ও তদন্তকারী সংস্থার মাধ্যমে বিষয়গুলো যাচাই করার দাবি উঠেছে। তদন্তের ক্ষেত্রে শুধু অভিযোগের বিবরণ নয়, বরং সংশ্লিষ্ট সরকারি নথি, আর্থিক লেনদেন, প্রশাসনিক সিদ্ধান্ত এবং দায়িত্ব পালনসংক্রান্ত তথ্যের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বিশেষ করে ফিরোজ হাসানের সম্পদের উৎস ও ঘোষিত আয়ের সামঞ্জস্য, বিদেশ সফরের অনুমোদন ও ব্যয়, বড় প্রকল্পের দরপত্রে তাঁর ভূমিকা এবং কোনো নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার অভিযোগ থাকলে তার পক্ষে-বিপক্ষে প্রমাণ পরীক্ষা করা যেতে পারে।

একই সঙ্গে এ বিষয়ে আগে কোনো বিভাগীয় তদন্ত, নিরীক্ষা বা আইনগত কার্যক্রম হয়ে থাকলে তার বর্তমান অবস্থাও জানা প্রয়োজন। পূর্বে কোনো অভিযোগের বিষয়ে তদন্ত হয়ে থাকলে সেই তদন্তের ফলাফল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে, তা যাচাই করলে বিষয়টি আরও স্পষ্ট হতে পারে।

অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেমন জরুরি, তেমনি অভিযোগের সত্যতা পাওয়া না গেলে সেটিও স্পষ্টভাবে জানানো প্রয়োজন। এতে সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য ও আত্মপক্ষ সমর্থনের সুযোগও বজায় থাকবে।

বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা

কাজী মো. ফিরোজ হাসানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তাঁর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে প্রতিবেদন প্রস্তুতের সময় পর্যন্ত তাঁর কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

তাঁর বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রতিবেদনে যুক্ত করা হবে। একইভাবে গণপূর্ত অধিদপ্তর, সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষ কিংবা অন্য কোনো দায়িত্বশীল দপ্তরের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া গেলে সেসব তথ্যও যাচাই করে প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

প্রমাণের ভিত্তিতে তদন্তই প্রত্যাশা

সরকারি প্রকল্পের দরপত্র, অর্থ ব্যয় এবং কর্মকর্তাদের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন উঠলে তা জনস্বার্থে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। কারণ এসব বিষয়ের সঙ্গে সরকারি অর্থের সঠিক ব্যবহার, প্রতিযোগিতামূলক দরপত্র এবং প্রশাসনিক জবাবদিহি সরাসরি যুক্ত।

কাজী মো. ফিরোজ হাসানকে ঘিরে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে অনুমান বা আলোচনার পরিবর্তে নথিভিত্তিক অনুসন্ধান প্রয়োজন। দরপত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, বিদেশ সফরের অর্থ যথাযথভাবে ব্যয় হয়েছে কি না এবং সম্পদের উৎস বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না—এসব প্রশ্নের উত্তর নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই পাওয়া সম্ভব।

এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগগুলো যাচাইয়ে কী পদক্ষেপ নেয় এবং প্রয়োজনীয় নথি ও প্রমাণের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছায় কি না। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং প্রমাণিত না হলে বিষয়টি স্পষ্ট করা—দুই ক্ষেত্রেই স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।




চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু

ডেস্ক নিউজঃ ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে ইউক্রেনের যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এসআরবি। তাঁদের মধ্যে মাত্র দুজন দেশে ফিরতে পেরেছেন। এখনো ছয়জন যুদ্ধক্ষেত্রে রয়েছেন এবং দুজন মস্কোর একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

বুধবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১০-এর অধিনায়ক আসাদুজ্জামান। এ ঘটনায় জড়িত মানব পাচার চক্রের মূল হোতা মিজানসহ দুজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এসআরবির তথ্য অনুযায়ী, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ভালো বেতনের চাকরির আশায় রাশিয়ায় পাড়ি জমান এসব বাংলাদেশি। কিন্তু সেখানে পৌঁছানোর পর চাকরি দেওয়ার পরিবর্তে তাঁদের ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। একটি মানব পাচার চক্র প্রতারণার মাধ্যমে তাঁদের সেখানে পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে ড্রোনের নিচে বাংলাদেশিদের পাঠানো হতো। এভাবে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মরদেহ উদ্ধারের সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ বলে জানানো হয়েছে।

এসআরবি আরও জানায়, পাচার চক্রের ফাঁদে পড়া ছয় বাংলাদেশি এখনো যুদ্ধক্ষেত্রে রয়েছেন। অন্য দুজন মস্কোর একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এসআরবির এক সদস্য। এ ধরনের প্রতারণার ফাঁদে আর কেউ যেন না পড়েন, সে জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।