নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ ল্যাব (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন। তিনি আজ সকালে সচিবালয়ে নিজ দফতরে প্রবেশের আগে ভ্রাম্যমাণ ল্যাব বা পরীক্ষাগারটি পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরের নিচে রাখা ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া দেখেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ পরীক্ষাগারটির কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।

তারা প্রধানমন্ত্রীকে জানান, দেশের ৬৪টি জেলায় ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্য পরীক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বর্তমানে দেশের আটটি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৃথকভাবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের কার্যক্রম চলছে।

খাদ্যনিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ পরীক্ষাগারগুলোতে বিশেষ ব্যবস্থাও রয়েছে। ভ্যানের বাইরের দিকে স্থাপিত মনিটরে নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রচার করা হয়।

পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযানে কোটি টাকার দুর্নীতির প্রমাণ

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়ে প্রায় আট কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ক্যাথল্যাব যন্ত্র দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকার তথ্যসহ বিভিন্ন অনিয়মের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জনবল সংকট ও দীর্ঘদিন চালু না থাকায় যন্ত্রটি বর্তমানে অকেজো অবস্থায় পড়ে রয়েছে বলে জানিয়েছে দুদুক।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টায় হাসপাতালটিতে অভিযানপরবর্তী এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন তথ্য জানান জেলা দুদকের সহকারী পরিচালক মো. মুস্তাফিজ। এ সময় দুদকের তিন সদস্যের একটি দল এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে দুদক কর্মকর্তা মো. মুস্তাফিজ জানান, হাসপাতালের বিভিন্ন সময়ে কেনাকাটার নথিপত্র পর্যালোচনার পাশাপাশি দীর্ঘদিন ধরে অব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। এ সময় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রায় আট কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ক্যাথল্যাব যন্ত্র দীর্ঘদিন ধরে ব্যবহার না করার বিষয়টি চিহ্নিত করা হয়। এ ছাড়া ক্যানসার রোগীদের জন্য কেনা ১৪ কোটি টাকার লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন বাক্সবন্দি অবস্থায় পড়ে রয়েছে। যা এখনও অবকাঠামো না থাকার কথা বলে ব্যবহার করার জন্য বাক্স থেকে খোলাই হয়নি। এ ছাড়া হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকা, প্রয়োজনীয় ফিল্মের অভাবে এক্স-রে ও সিটি স্ক্যান পরীক্ষা করতে না পারা এবং সরকারি পাঁচটি অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও রোগীদের অ্যাম্বুলেন্সের সেবা ব্যহত হচ্ছে।

দুদক জানায়, গতকাল ১২ অক্টোবর জেলা দুদকের আট সদস্যের একটি দল হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে। অভিযানে সংগৃহীত তথ্য ও নথিপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করে প্রতিবেদন দুদক প্রধান কার্যালয়ে পূর্ণাঙ্গভাবে তুলে ধরে জমা দেওয়া হবে বলে জানানো হয়।




হুতি বিরোধী অভিযানে অংশ নিতে চায় ইসরায়েল, নিষেধ করেছেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধের শক্ত ঘাঁটি খুঁজছেন, ঠিক সেই সময়েই তার এক বড় ধরনের পরিকল্পনায় বাধ সাধল সৌদি আরব। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সৌদি আরবের সামরিক অভিযানে ইসরায়েলি বাহিনীকে যুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন নেতানিয়াহু। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। যুবরাজের আশঙ্কা, এই পদক্ষেপ কার্যকর হলে সৌদি সাধারণ জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভ ও তীব্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে। ইসরায়েলের শীর্ষস্থানীয় পত্রিকা ‘হারেৎজ’-এর এক প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এই খবরটি প্রকাশ করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত দ্বিতীয় একটি সূত্র জানিয়েছে, তেল আবিবের আশা ছিল যৌথ সামরিক সহযোগিতার এই পদক্ষেপে দু’দেশের আঞ্চলিক সম্পর্ক আরও জোরদার হবে। যার সূত্র ধরে ভবিষ্যতে তাদের মধ্যে একটি আনুষ্ঠানিক স্বাভাবিকীকরণ চুক্তির পথ সুগম হতে পারে। তবে এই প্রত্যাশায় বড় ধরণের ধাক্কা লেগেছে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে আব্রাহাম অ্যাকর্ডের আওতায় রিয়াদকে আনার চেষ্টা চালিয়ে আসছিলেন, তবু সৌদির সঙ্গে এখনও ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠেনি। রিয়াদ বরাবরই কঠোর অবস্থানে থেকে জানিয়ে দিয়েছে যে, ফিলিস্তিনি সমস্যার ন্যায়সংগত সমাধান এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া স্বাভাবিকীকরণের কোনো প্রশ্নই ওঠে না। অথচ নিজের নির্বাচনকালীন ভাষণে নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র গঠন যেকোনো মূল্যে ঠেকানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

এদিকে ইসরায়েলের এই আবেদন নাকচ করে দেওয়ার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এই পুরো ঘটনাটি এমন এক সময়ে ঘটছে যখন তেলসমৃদ্ধ সৌদি আরব হুথিদের ঘন ঘন হামলার মুখোমুখি হচ্ছে। এসব হামলায় বিমান চলাচল খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রিয়াদ কর্তৃপক্ষ শহরের আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এবং বহু এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।

সূত্র: এনডিটিভি




সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল ১১টায় সংসদের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং মরহুমের সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী অংশ নেন।

জানাজার পূর্বে মরহুমের সংক্ষিপ্ত জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করে বক্তব্য রাখা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দুপুর ১টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সালাহউদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর বিকাল ৩টায় শ্যামপুর লাল মসজিদে জানাজা শেষে সালাহউদ্দিন আহমেদকে জুরাইন কবরস্থানে মরহুমের বাবার কবরে দাফন করা হবে।




ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ

ডেস্ক নিউজঃ ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে।

২০২৫-২৬ অর্থবছরে আবেদন করেও যারা অর্থ পাননি, তাদের অপেক্ষমাণ আবেদন নতুন অর্থবছরে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করা হবে না। সংশ্লিষ্ট রোগীদের নতুন নীতিমালার আলোকে পুনরায় আবেদন করতে হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা-১ শাখা থেকে গত ৫ অক্টোবর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে ক্যান্সারসহ উল্লিখিত সাত রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রমের আওতায় আইডিএসডিপি (IDSDP) সফটওয়্যারে যেসব আবেদনের বিপরীতে অর্থ বিতরণ সম্ভব হয়নি, সেসব অপেক্ষমাণ আবেদন জেলা পর্যায় থেকে সংশ্লিষ্ট উপজেলা ইউনিটে স্থানান্তর করে সহায়তা প্রদানের প্রস্তাব করেছিল সমাজসেবা অধিদপ্তর।

তবে ২০২৫-২৬ অর্থবছরের অপেক্ষমাণ আবেদনগুলো সংশ্লিষ্ট কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা, ২০১৯-এর আলোকে করা হয়েছিল।

অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরে অনুদানের পরিমাণ ও রোগের আওতা বৃদ্ধি করে ‘ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০২৬ (সংশোধিত)’ প্রণয়ন করা হয়েছে।

এ কারণে আগের অর্থবছরের অপেক্ষমাণ আবেদন স্থানান্তর না করে সংশ্লিষ্ট রোগীদের নতুন নীতিমালার আলোকে নতুন করে আবেদন আহ্বানের মাধ্যমে অনুদানের অর্থ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।




বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা

ডেস্ক নিউজঃ বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ নির্মাণ ও সরবরাহের চুক্তির আওতায় প্রথম চালানে ১৮টি কোচ পাঠিয়েছে ভারতীয় প্রতিষ্ঠান রাইটস লিমিটেড। মঙ্গলবার প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। এলএইচবি ধরনের এসব কোচ বাংলাদেশে সরবরাহের জন্য তৈরি করা হচ্ছে ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ কারখানায়।

রাইটস লিমিটেডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১২ অক্টোবর পাঠানো প্রথম চালানে রয়েছে সাত ধরনের কোচের মধ্যে চার ধরনের মোট ১৮টি কোচ। এর মধ্যে ১১টি শীতাতপনিয়ন্ত্রণবিহীন শোভন চেয়ার কার, তিনটি শীতাতপনিয়ন্ত্রিত চেয়ার কার, দুটি শীতাতপনিয়ন্ত্রিত স্লিপার কোচ এবং দুটি শীতাতপনিয়ন্ত্রিত পাওয়ার কার রয়েছে। পাওয়ার কারগুলোতে গার্ডের জন্য পৃথক কক্ষ ও মালপত্র রাখার জায়গার ব্যবস্থা করা হয়েছে।

রেল খাতে আন্তর্জাতিক প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞ প্রতিষ্ঠান রাইটস জানিয়েছে, এ পর্যন্ত তারা ২৮০টির বেশি রেল ইঞ্জিন, ১ হাজার ৮৫টির বেশি কোচ এবং একাধিক ডিজেলচালিত ইউনিটের ট্রেনসেট সরবরাহ করেছে। নবরত্ন মর্যাদাপ্রাপ্ত ভারতের এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও পশ্চিম এশিয়ার ৫৫টির বেশি দেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে।

বাংলাদেশে ভারতীয় কোচ সরবরাহের ধারাবাহিকতা
রেল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতের রেল কোচ কারখানা ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে সহযোগিতা শুরু হয় ২০১৫-১৬ অর্থবছরে। সে সময় ভারতের ওই কারখানা থেকে বাংলাদেশ রেলওয়েকে ১২০টি এলএইচবি ধরনের ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করা হয়েছিল।

আগের সেই সহযোগিতার ধারাবাহিকতায় ২০২৪ সালে রাইটসের মাধ্যমে নতুন করে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচের ক্রয়াদেশ দেয় বাংলাদেশ রেলওয়ে। চুক্তি অনুযায়ী, সাত ধরনের কোচ তৈরি করে সরবরাহ করা হবে। নতুন চালানের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সহযোগিতা আরও এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের পরিচালনাগত প্রয়োজন এবং যাত্রীদের ভ্রমণ আরামদায়ক করার বিষয়টি বিবেচনায় নিয়ে কোচগুলোর নকশায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়। এসব উন্নয়নের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা এ ধরনের এলএইচবি কোচে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

যাত্রীসুবিধায় নতুন সংযোজন
নতুন কোচগুলোতে বিশেষভাবে নকশা করা হেলানো যায় এমন আসন রাখা হয়েছে। আসনগুলোতে স্টেইনলেস স্টিলের হাতল ও পা রাখার জায়গা রয়েছে। এর ফলে যাত্রীরা নিজেদের সুবিধা অনুযায়ী বিভিন্ন কোণে আসন হেলিয়ে বসতে পারবেন।

যাত্রীসেবার মান উন্নত করতে শীতাতপনিয়ন্ত্রিত কোচে পাখা, সমন্বিত সিসিটিভি নজরদারি ব্যবস্থা, জরুরি সংকেত দেওয়ার সুবিধা এবং আংশিক খোলা যায় এমন জানালা যুক্ত করা হয়েছে। পাশাপাশি শিশুর যত্ন নেওয়ার জন্য পৃথক কক্ষ ও প্রার্থনার জন্য একটি কক্ষের ব্যবস্থাও রয়েছে।

বাংলাদেশের রেল পরিচালনার বাস্তবতা বিবেচনায় কোচগুলোর কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। অতিরিক্ত যাত্রীর চাপ সামলানোর বিষয়টি মাথায় রেখে ছাদ আরও মজবুত করা হয়েছে। ব্যস্ত সময়ে কোচের ছাদে মানুষ উঠে ভ্রমণ করলেও যাতে তা বাড়তি ওজন বহন করতে পারে, সেই বিষয়টি নকশায় বিবেচনা করা হয়েছে।

সংঘর্ষে নিরাপত্তা ও বিদ্যুৎ ব্যবস্থায় পরিবর্তন
নতুন কোচগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সংঘর্ষের সময় যাত্রীদের সুরক্ষা বাড়ানোর উপযোগী কাঠামোগত নকশা। কোচগুলো ইউরোপীয় মানদণ্ড ইএন ১৫২২৭ অনুসরণ করে তৈরি করা হয়েছে। নির্ধারিত নিরাপত্তার মান পূরণে কোচের বাইরের মূল কাঠামোর নকশায় পরিবর্তন আনা হয়েছে। এর ফলে সংঘর্ষের ধাক্কা সামলানোর সক্ষমতা বাড়বে এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে।

বাংলাদেশ রেলওয়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কোচগুলোর বিদ্যুৎ ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। ভারতীয় রেলওয়ের প্রচলিত কোচে ৭৫০ ভোল্টের বিদ্যুৎ ব্যবস্থা ব্যবহৃত হলেও বাংলাদেশে সরবরাহের জন্য তৈরি কোচগুলো ৪১৫ ভোল্টের বিদ্যুৎ ব্যবস্থায় চলার উপযোগী করে নির্মাণ করা হয়েছে।

নতুন এই চালানের মধ্য দিয়ে ২০০টি কোচ সরবরাহের চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলো। কোচগুলোতে যাত্রীসুবিধা, নিরাপত্তা ও বাংলাদেশের পরিচালনাগত চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে।




টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানার ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে টঙ্গী, উত্তরা ও কুর্মিটোলাসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। এছাড়া আগুন নেভাতে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান বা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে কারখানার ভবনের ৪ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে কারখানার ক্যামিকেল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।




দেশে ই-বর্জ্য থেকে ৫০ কোটি ডলারের মূল্যবান ধাতু পুনরুদ্ধার করা সম্ভব: গবেষণা

ডেস্ক নিউজঃ বাংলাদেশে ফেলে দেওয়া ইলেকট্রনিক পণ্য বা ই-বর্জ্য থেকে প্রতিবছর প্রায় ৫০ কোটি ডলার মূল্যের মূল্যবান ধাতু পুনরুদ্ধার করা সম্ভব। তবে বর্জ্য সংগ্রহের দুর্বল ব্যবস্থা ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের সীমিত সক্ষমতার কারণে এই বিপুল সম্পদের বড় অংশই নষ্ট হচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।

অন্যদিকে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাধ্যমে পরিবেশ অধিদপ্তর পরিচালিত পৃথক এক গবেষণায় দেখা গেছে, দেশে উৎপন্ন ই-বর্জ্যের প্রায় ৯৭ শতাংশই আনুষ্ঠানিক পুনঃপ্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে।

২০১৭ সালের ওই গবেষণার হিসাব অনুযায়ী, দেশে উৎপন্ন ই-বর্জ্যের মাত্র ৩ শতাংশ আনুষ্ঠানিকভাবে পুনঃপ্রক্রিয়াজাত ও রপ্তানি করা হতো। ফলে বিপজ্জনক বর্জ্যের পাশাপাশি সোনা, রুপা, তামা ও টিনের মতো মূল্যবান ধাতুও পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছিল না।

বুয়েটের সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্টের গবেষণায় দেখা গেছে, এক টন পরিত্যক্ত র‍্যাম (RAM) থেকে সর্বোচ্চ ৬০০ গ্রাম সোনা পাওয়া সম্ভব। এ ছাড়া পরীক্ষাগারে বিশেষ প্রক্রিয়ায় ই-বর্জ্য থেকে ৯৯ শতাংশের বেশি তামা, ৯৪ শতাংশের বেশি রুপা এবং প্রায় ৮৬ শতাংশ টিন পুনরুদ্ধার করা যায়।

তবে এসব মূল্যবান ধাতু বড় পরিসরে পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও নিয়ন্ত্রণব্যবস্থার সক্ষমতা বাংলাদেশে এখনো গড়ে ওঠেনি।

২০১৮ সালে দেশে প্রায় ৪ লাখ টন ই-বর্জ্য উৎপন্ন হয়েছিল। প্রতিবছর এই বর্জ্যের পরিমাণ প্রায় ২০ শতাংশ হারে বাড়ছে। বুয়েটের গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সাল নাগাদ দেশে বছরে ই-বর্জ্য উৎপাদনের পরিমাণ ৪৬ লাখ ২০ হাজার টনে পৌঁছাবে।

সাভারে অবস্থিত ই-বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ কারখানা জেআর রিসাইক্লিং সলিউশনের মালিক এম এ হোসেন বলেন, পরিবেশগত বিধিবিধান মেনে একটি ই-বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করতে ১০ থেকে ১৫ কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ (ডাইফ) বিভিন্ন সংস্থা থেকে প্রায় ২২টি লাইসেন্স ও অনুমোদন নিতে হয়।

তিনি জানান, তার কারখানায় ই-বর্জ্য থেকে তামা, পিতলসহ বিভিন্ন ধাতু পুনরুদ্ধার করা হয়। তবে সোনা উত্তোলনের সক্ষমতা নেই।

তিনি বলেন, “ই-বর্জ্য থেকে সোনা পুনরুদ্ধারের প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল। এ জন্য অন্তত ৫০০ কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন, যা আমাদের পক্ষে সম্ভব নয়।”

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে মাত্র ১৬টি বাণিজ্যিক ই-বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান নিবন্ধন পেয়েছে। এর মধ্যে ১৪টি ঢাকা ও আশপাশের এলাকায় এবং দুটি চট্টগ্রামে অবস্থিত।

এম এ হোসেনের হিসাবে, ঢাকা ও আশপাশের এলাকায় পরিবেশগত বিধিবিধান মেনে পরিচালিত প্রায় ১৪টি প্রতিষ্ঠান দেশের মোট ই-বর্জ্যের মাত্র ৩ থেকে ৫ শতাংশ পুনঃপ্রক্রিয়াজাত করে। বাকি বর্জ্য চলে যায় শত শত অনানুষ্ঠানিক কারখানায়। সেখানে শ্রমিকেরা ইলেকট্রনিক পণ্য খুলে যন্ত্রাংশ আলাদা করেন এবং অ্যাসিড ব্যবহার ও তার পুড়িয়ে ধাতু সংগ্রহ করেন।

এদিকে, দেশের কয়েকটি প্রতিষ্ঠিত ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ই-বর্জ্য সংগ্রহব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে।

ওয়ালটন গ্রুপের পরিবেশ, স্বাস্থ্য, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান রাজু বলেন, সারা দেশে ওয়ালটনের ৭০০টি প্লাজা আউটলেটের মাধ্যমে পুরোনো পণ্য বদলে নতুন পণ্য কেনার (এক্সচেঞ্জ) অফার দিয়ে পরিত্যক্ত ইলেকট্রনিক পণ্য সংগ্রহ করা হচ্ছে।

তিনি আরও জানান, সংগৃহীত পুরোনো ইলেকট্রনিক পণ্যগুলো কারখানায় পাঠানো হয়। সেখানে প্লাস্টিক ও ধাতব অংশ আলাদা করে বিশেষায়িত পুনঃপ্রক্রিয়াজাতকরণ কারখানায় পাঠানো হয়।

২০২৫ সালে এক্সচেঞ্জ অফারের মাধ্যমে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), টেলিভিশন ও রেফ্রিজারেটরসহ ৬৬ হাজার ৭২২টি পুরোনো ইলেকট্রনিক পণ্য সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাত করেছে ওয়ালটন।

বিদেশ থেকেও ই-বর্জ্য আমদানি করছে বাংলাদেশ
দেশে উৎপন্ন ই-বর্জ্য ব্যবস্থাপনায় হিমশিম খাওয়ার মধ্যেই বিদেশ থেকে নিষিদ্ধ ই-বর্জ্য আমদানি হচ্ছে বাংলাদেশে।

টিআইবির তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ৭ লাখ ডলার ব্যয়ে দেশে ১৪ হাজার ৯৮৫ টন ই-বর্জ্য আমদানি করা হয়েছে। অথচ দেশের ই-বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক বিধিমালা ও আমদানি নীতি অনুযায়ী এ ধরনের বর্জ্য আমদানি নিষিদ্ধ।

আমদানি করা এসব বর্জ্যের প্রায় ২৭ শতাংশ বস্ত্র ও তৈরি পোশাক খাতের সঙ্গে সংশ্লিষ্ট। অনেক ক্ষেত্রে বস্ত্রকলের যন্ত্রপাতির খুচরা যন্ত্রাংশ হিসেবে ঘোষণা দিয়ে এসব বর্জ্য আমদানি করা হয়।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার ও মুখপাত্র শরীফ আল আমিন বলেন, সংশ্লিষ্ট সংবিধিবদ্ধ নিয়ন্ত্রণ আদেশের (এসআরও) আওতায় স্ক্র্যাপ আমদানি নিষিদ্ধ নয়। ফলে স্ক্র্যাপ হিসেবে ঘোষণা দিয়ে আনা চালানে ই-বর্জ্য শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, “তবে ভুল বা বিভ্রান্তিকর বিবরণ দিয়ে আমদানি করা ই-বর্জ্যের চালান আটকাতে আমাদের কর্মকর্তারা সতর্ক রয়েছেন।”

ভুল তথ্য দিয়ে আমদানি করা ই-বর্জ্য শনাক্তে উন্নত স্ক্যানিং যন্ত্রপাতি এবং কাস্টমস কর্মকর্তাদের বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে টিআইবি।

একই সময়ে বাংলাদেশ থেকে প্রায় ৪ হাজার ৪০ টন প্রিন্টেড সার্কিট বোর্ডের (পিসিবি) স্ক্র্যাপ ও ইলেকট্রনিক যন্ত্রাংশ রপ্তানি করা হয়েছে।

এম এ হোসেন বলেন, “আমাদের দেশে ই-বর্জ্য থেকে সোনা পুনরুদ্ধারের প্রযুক্তি নেই। এ কারণে আমরা জাপান ও কোরিয়ায় মাদারবোর্ড রপ্তানি করি।”

আমদানি-রপ্তানির নথিভুক্ত তথ্য অনুযায়ী, ওই সময়ে বাংলাদেশ ই-বর্জ্য রপ্তানির তুলনায় আমদানি করেছে বেশি।

স্বাস্থ্যঝুঁকিতে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকেরা
দেশের পরিত্যক্ত ইলেকট্রনিক পণ্যের বড় অংশই সংগ্রহ করে অনানুষ্ঠানিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠান। এর মাধ্যমে হাজারো মানুষের জীবিকার সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি এসব বর্জ্য ভাগাড়ে জমা হওয়াও কমছে। তবে এসব প্রতিষ্ঠানের অনেকগুলোই যথাযথ নিবন্ধন ছাড়াই কার্যক্রম চালাচ্ছে এবং ই-বর্জ্য প্রক্রিয়াজাতকরণে বিপজ্জনক পদ্ধতি ব্যবহার করছে।

অনানুষ্ঠানিকভাবে ই-বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণের প্রধান কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে ঢাকার নিমতলী, এলিফ্যান্ট রোড, মোহাম্মদপুর ও টঙ্গী এবং চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোড।

টিআইবির গবেষণায় দেখা গেছে, অনানুষ্ঠানিক এসব প্রতিষ্ঠানে অনেক ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক শ্রমিকদের দিয়ে কোনো ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী ছাড়াই ই-বর্জ্য প্রক্রিয়াজাত করা হয়। এতে শ্রমিকদের পাশাপাশি আশপাশের বাসিন্দারাও বিষাক্ত পদার্থের সংস্পর্শে এসে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

টিআইবির প্রতিবেদনে উল্লেখ করা বুয়েটের এক স্বাস্থ্যঝুঁকি মূল্যায়নে দেখা গেছে, বাতাসে ছড়িয়ে পড়া ক্রোমিয়াম ও সিসার সংস্পর্শে বিভিন্ন বয়সী শ্রমিকদের ক্যানসার ও ক্যানসারবহির্ভূত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি। এ ছাড়া স্ক্র্যাপ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রগুলোর আশপাশের পানিতে সিসার দূষণ শিশুদেরসহ স্থানীয় বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

খোলা জায়গায় ই-বর্জ্য পোড়ানোর ফলে ডাই-অক্সিন, ফিউরানসহ বিভিন্ন ক্ষতিকর দূষক বাতাসে ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে, পরিত্যক্ত ইলেকট্রনিক পণ্য থেকে সিসা, ক্রোমিয়াম, পারদ ও ক্যাডমিয়ামের মতো বিষাক্ত ধাতু মাটি ও ভূগর্ভস্থ পানিতে মিশে যেতে পারে।

এসব দূষিত পদার্থ মাছ, গবাদিপশু ও কৃষিপণ্যের মাধ্যমে খাদ্যশৃঙ্খলেও প্রবেশ করতে পারে।

বিধিমালা থাকলেও বাস্তবায়নে ঘাটতি
ই-বর্জ্য ব্যবস্থাপনায় ২০২১ সালে ‘বিপজ্জনক বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা’ প্রণয়ন করে বাংলাদেশ। এতে বর্ধিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) নীতির আওতায় ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী, আমদানিকারক ও পরিবেশকদের পরিত্যক্ত পণ্য ব্যবস্থাপনায় ভূমিকা রাখার বাধ্যবাধকতা রাখা হয়েছে।

বিধিমালা অনুযায়ী, প্রথম বছরে ১০ শতাংশ ই-বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা পঞ্চম বছরে ৫০ শতাংশে উন্নীত হওয়ার কথা। তবে টিআইবির গবেষণায় দেখা গেছে, এ কাঠামোর আওতায় কোনো বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী, আমদানিকারক বা পরিবেশক প্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তরে নিবন্ধন করেনি।

এদিকে, সৌর প্যানেল, বৈদ্যুতিক যানবাহন ও ব্যাটারি থেকে তৈরি হওয়া নতুন ধরনের বর্জ্য ব্যবস্থাপনায়ও বাড়তি চ্যালেঞ্জ দেখা দিয়েছে। বিদ্যমান বিধিমালায় এসব পণ্যের সব ধরনের বর্জ্য ব্যবস্থাপনার বিষয় যথাযথভাবে অন্তর্ভুক্ত নেই।

টিআইবির পরিবেশ ও জলবায়ু অর্থায়নবিষয়ক সমন্বয়ক নাবিল হক বলেন, বিদ্যমান বিধিমালায় সব ধরনের ই-বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সুস্পষ্ট বিধান নেই। এ কারণে বিধিমালা সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ২০২১ সালে বিধিমালা প্রণয়ন করা হলেও সরকার এখনো দেশে ই-বর্জ্যের পরিমাণ ও ধরন সম্পর্কে নির্ভরযোগ্য জাতীয় তথ্যভান্ডার তৈরি করতে পারেনি। পাশাপাশি ই-বর্জ্য সংগ্রহের নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং নিষিদ্ধ ই-বর্জ্য আমদানি বন্ধ করতেও ব্যর্থ হয়েছে।

ই-বর্জ্যকে শিল্পে রূপ দেওয়ার উদ্যোগ
জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএন এসকাপ) এক প্রতিবেদনে ই-বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণের ব্যয় উৎপাদনকারী ও আমদানিকারকদের বহনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে বর্জ্য সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোকে ভর্তুকি ও অন্যান্য প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এর লক্ষ্য হলো ‘দূষণকারীই ব্যয় বহন করবে’ নীতি কার্যকর করা এবং পরিবেশসম্মত উপায়ে ই-বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণকে আর্থিকভাবে লাভজনক করে তোলা।

এদিকে, ই-বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে ১২ দফা কর্মপরিকল্পনা প্রস্তাব করেছে টিআইবি। এতে বিধিমালা সংস্কার, জাতীয় পর্যায়ে ই-বর্জ্যের তথ্যভান্ডার তৈরি, উৎপাদনকারীদের দায়বদ্ধতা নিশ্চিত, অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের মূলধারায় অন্তর্ভুক্ত করা, কাস্টমসের নজরদারি জোরদার এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

দেশের ই-বর্জ্যের বড় অংশ সংগ্রহকারী অনানুষ্ঠানিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সংগ্রহব্যবস্থা ভেঙে না দিয়ে সেগুলোকে আনুষ্ঠানিক ব্যবস্থার আওতায় আনার সুপারিশ করেছে সংস্থাটি।

অন্যদিকে, বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. মাহবুব জামিল বলেন, পরিবেশে নিঃসৃত বিপজ্জনক কঠিন ও তরল বর্জ্য পর্যবেক্ষণের জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে।

তিনি জানান, “যৌথ তদারকি দল ইতোমধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় পরিদর্শন শুরু করেছে। এ সময় বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিবেশগত বিধিবিধান মেনে চলছে কি না, তা যাচাই করা হচ্ছে।”

পরিদর্শন শেষ হলে প্রয়োজনীয় সুপারিশসহ একটি সমন্বিত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তিনি।

সৌজন্যে : টিবিএস।




কাস্টমস বন্ড কমিশনারেটে কোটি টাকার ঘুষ ও অনিয়মের অভিযোগ: এআরও গোলাম হাসনাইনকে ঘিরে সিন্ডিকেট, বন্ড সুবিধার অপব্যবহার ও সাংবাদিককে হুমকির অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা (উত্তর)-এর কমিশনারের স্টাফ অফিসার সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) চৌধুরী গোলাম হাসনাইনের বিরুদ্ধে ঘুষ লেনদেন, বন্ড সুবিধার অপব্যবহারে সহযোগিতা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, সাবেক কমিশনার আবু ওবায়দা ও অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেনের দায়িত্বকালে ওই চক্রের প্রভাব বিস্তার ঘটে এবং বিভিন্ন কার্যক্রমে আর্থিক অনিয়মের সুযোগ তৈরি হয়। এমনকি মাসে কয়েক কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগও করেছেন সূত্রগুলো। তবে এসব অভিযোগের পক্ষে নির্দিষ্ট আর্থিক নথি, লেনদেনের প্রমাণ বা তদন্তের ফলাফল পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সাবেক কর্মকর্তাদের বক্তব্যও যাচাই করা সম্ভব হয়নি। গোলাম হাসনাইনের বক্তব্য জানতে তাঁকে কল দেওয়া হলে তিনি কল রিসিভ করেননি। সংবাদ প্রকাশ হওয়ার পর নিজেই সম্পাদককে কল দিয়ে হুমকি দিয়ে বলেন, “আমরা সাত ভাই, আমাদের নামে কোনো সম্পত্তি নেই। আমার ওয়াইফ ভালো স্যালারির জব করে।” পরে দুর্ব্যবহার শুরু করে উত্তেজিত হয়ে বলেন, “তোর নামে মামলা করব, তুই কত বড় সাংবাদিক দেখছি আমি, বস্তির টোকাই তোরা।”

অভিযোগ সূত্রে জানা যায়, কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা (উত্তর)-এর অভ্যন্তরীণ কার্যক্রম, বন্ড সুবিধার ব্যবহার এবং রাজস্ব সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কমিশনারের স্টাফ অফিসার সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) চৌধুরী গোলাম হাসনাইনের বিরুদ্ধে ঘুষ লেনদেন, অনিয়মের মাধ্যমে সুবিধা দেওয়া এবং কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে প্রভাবশালী সিন্ডিকেট পরিচালনার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র। অভিযোগকারীদের দাবি, সাবেক কমিশনার আবু ওবায়দা ও অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেনের সময় ওই চক্রের প্রভাব বিস্তার ঘটে। প্রতি মাসে কয়েক কোটি টাকা পর্যন্ত ঘুষ লেনদেনের অভিযোগও উঠেছে।

বন্ড সুবিধা ঘিরে অনিয়মের অভিযোগ
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটে যোগদানের পর থেকে চৌধুরী গোলাম হাসনাইনকে কেন্দ্র করে একটি প্রভাবশালী বলয় গড়ে ওঠে। ওই বলয়ের মাধ্যমে বিভিন্ন কার্যক্রমে অনিয়ম এবং আর্থিক সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে। সূত্রগুলোর ভাষ্য, সদ্য বিদায়ী কমিশনার আবু ওবায়দা ও অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেনের দায়িত্বকালে এই বলয় নিজেদের প্রভাব বিস্তার করে।

অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক বন্ড সুবিধায় আমদানি করা পণ্যের ব্যবহার ও বাজারজাতকরণ। সংশ্লিষ্টদের দাবি, বন্ড সুবিধায় পণ্য আমদানি করে খোলাবাজারে বিক্রির সঙ্গে জড়িত কিছু ব্যবসায়ী ও মধ্যস্থতাকারীর সঙ্গে অভিযুক্ত কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তাঁদের অভিযোগ, অবৈধ সুবিধা দেওয়ার বিনিময়ে অর্থ লেনদেন হয়ে থাকতে পারে। বন্ড সুবিধার অপব্যবহার প্রমাণিত হলে তা শুল্ক-কর ফাঁকি এবং সরকারি রাজস্বের ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে।

কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ততার অভিযোগ
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, কথিত সিন্ডিকেটে কয়েকজন সহকারী রাজস্ব কর্মকর্তা, কর্মচারী ও সিপাহির সম্পৃক্ততা রয়েছে। সদ্য বিদায়ী অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেন ওই চক্রকে পৃষ্ঠপোষকতা করতেন বলেও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে নয়, বরং তাঁর ভূমিকা নিয়ে অভিযোগ উঠেছে। কমিশনারের ব্যক্তিগত সহকারী (পিএ) মজনু মিয়াসহ আরও কয়েকজনের নামও অভিযোগের সূত্রে এসেছে।

সূত্রগুলোর দাবি, হাসনাইন এর আগে যেসব কর্মস্থলে দায়িত্ব পালন করেছেন, সেখানেও তাঁর বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছিল। কিন্তু পূর্ববর্তী কর্মস্থলগুলোর নাম, অভিযোগের প্রকৃতি, বিভাগীয় তদন্তের ফল কিংবা কোনো শাস্তিমূলক ব্যবস্থার নথি পাওয়া যায়নি। ফলে অতীতের অভিযোগের ভিত্তিতে বর্তমান অভিযোগের সত্যতা নির্ধারণ করা সম্ভব নয়। অভিযোগগুলো যাচাই করতে সংশ্লিষ্ট সময়ের দাপ্তরিক নথি, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠানের লেনদেন এবং কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা পরীক্ষা করা প্রয়োজন।

সাংবাদিকদের বাধা ও হুমকির অভিযোগ
উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাধা ও হুমকির মুখে পড়ার অভিযোগও উঠেছে। একাধিক সংবাদকর্মীর দাবি, কার্যালয়ে তথ্য সংগ্রহের জন্য গেলে তাঁদের প্রবেশপথের গেটে আটকে দেওয়া হয়। অভিযুক্ত কর্মকর্তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাঁরা কার্যালয়ের ভেতরে প্রবেশের অনুমতি পাননি বলে অভিযোগ করেছেন।

কয়েকজন সংবাদকর্মীর ভাষ্য, তাঁদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ না করার জন্য একটি কথিত ‘লাঠিয়াল বাহিনী’র মাধ্যমে হুমকি ও লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে। তবে এসব ঘটনার তারিখ, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয়, প্রত্যক্ষদর্শীর বিবরণ কিংবা লিখিত অভিযোগের অনুলিপি পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর স্বাধীন যাচাই জরুরি। এ বিষয়ে নতুন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযোগ আনুষ্ঠানিকভাবে দাখিল হলে কর্তৃপক্ষের বক্তব্য এবং গেটের প্রবেশসংক্রান্ত নথি বা নিরাপত্তাকর্মীদের বিবরণ যাচাইয়ের সুযোগ তৈরি হতে পারে।

সম্পদের উৎস ও তদন্তের দাবি
অভিযোগকারীদের দাবি, ঘুষ ও অনিয়মের মাধ্যমে স্বল্প সময়ের চাকরিজীবনে চৌধুরী গোলাম হাসনাইন বিপুল সম্পদের মালিক হয়েছেন। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরে রয়েছে বলেও কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি দাবি করেছেন। তবে তাঁর সম্পদের পরিমাণ, বৈধ আয়, সম্পদ বিবরণী কিংবা দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুসন্ধান বা তদন্ত শুরুর বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তাই সম্পদ অর্জনসংক্রান্ত অভিযোগের সত্যতা নির্ধারণে নথিভিত্তিক যাচাই প্রয়োজন।

নতুন কমিশনারের ভূমিকা নিয়ে প্রত্যাশা
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নতুন কমিশনার অভিযোগগুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা করে প্রয়োজন হলে আনুষ্ঠানিক তদন্তের উদ্যোগ নেবেন। বন্ড সুবিধার অপব্যবহার, শুল্ক-কর ফাঁকি কিংবা ঘুষ লেনদেনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। একই সঙ্গে সাংবাদিকদের প্রবেশাধিকার ও তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রযোজ্য বিধি অনুসরণের বিষয়টিও পরিষ্কার করা জরুরি।

তবে অভিযোগের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। আর্থিক নথি, আমদানি-রপ্তানির তথ্য, দাপ্তরিক সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য যাচাইয়ের মাধ্যমেই প্রকৃত চিত্র নির্ধারণ সম্ভব। অভিযোগগুলো তদন্তের আওতায় এলে বন্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা, প্রশাসনিক জবাবদিহি এবং সরকারি রাজস্ব সুরক্ষার বিষয়ে বাস্তব অগ্রগতি মূল্যায়ন করা যাবে।

অভিযোগের আরও একটি অংশে বলা হয়েছে, বন্ড সুবিধায় পণ্য আমদানি করে খোলাবাজারে বিক্রির সঙ্গে জড়িত কিছু ব্যবসায়ী ও সিন্ডিকেট সদস্যের সঙ্গে ওই কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তাঁদের মাধ্যমে অবৈধ সুবিধা দেওয়ার বিনিময়ে অর্থ লেনদেনের অভিযোগও উঠেছে। সূত্রগুলো বলছে, হাসনাইন এর আগে যেসব কর্মস্থলে দায়িত্ব পালন করেছেন, সেখানেও তাঁর বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছিল।

উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটেও একই ধরনের একটি সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, ওই সিন্ডিকেটে কয়েকজন সহকারী রাজস্ব কর্মকর্তা, কর্মচারী ও সিপাহিও যুক্ত রয়েছেন। সদ্য বিদায়ী অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেন তাঁদের পৃষ্ঠপোষকতা করতেন বলেও অভিযোগ করেছেন কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। এ ছাড়া কমিশনারের পিএ মজনু মিয়াসহ আরও কয়েকজনের নামও অভিযোগের সঙ্গে উঠে এসেছে। হাসনাইন চক্রের বিরুদ্ধে নিজেদের কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ ঠেকাতে সাংবাদিকদের বাধা ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। একাধিক সংবাদকর্মীর দাবি, উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের কার্যালয়ে সংবাদ সংগ্রহের জন্য গেলে গেটে তাঁদের আটকে দেওয়া হয়। অভিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। কয়েকজন সংবাদকর্মী দাবি করেছেন, তাঁদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ না করার জন্য একটি কথিত ‘লাঠিয়াল বাহিনী’র মাধ্যমে হুমকি ও লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে নতুন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ঘুষ ও অনিয়মের মাধ্যমে হাসনাইন অল্প সময়ের চাকরিজীবনে বিপুল সম্পদের মালিক হয়েছেন। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরে রয়েছে বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট কয়েকজন। তবে তাঁর সম্পদের উৎস, আয়-ব্যয়ের হিসাব কিংবা দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্তের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে চৌধুরী গোলাম হাসনাইনের বক্তব্য জানতে তাঁকে কল দেওয়া হলে তিনি কল রিসিভ করেননি। সংবাদ প্রকাশ হওয়ার পর নিজেই সম্পাদককে কল দিয়ে হুমকি দিয়ে বলেন, “আমরা সাত ভাই, আমাদের নামে কোনো সম্পত্তি নেই। আমার ওয়াইফ ভালো স্যালারির জব করে।” পরে দুর্ব্যবহার শুরু করে উত্তেজিত হয়ে বলেন, “তোর নামে মামলা করব, তুই কত বড় সাংবাদিক দেখছি আমি, বস্তির টোকাই তোরা।” সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটে ওঠা এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এতে বন্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আদায়ও সুরক্ষিত হবে।




রংপুরের প্রকল্প যাচ্ছে লালমনিরহাটে, মন্ত্রীর ‘ডিও লেটারে’ ক্ষোভ

ডেস্ক নিউজ : রংপুর বিভাগের জন্য অনুমোদিত ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রটি বিভাগীয় সদর থেকে সরিয়ে লালমনিরহাটে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর আধা-সরকারি পত্রের (ডিও লেটার) ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত জরুরি পূর্বানুমতি চেয়ে পরিকল্পনা কমিশনে চিঠি পাঠিয়েছে।

সরকারের এই উদ্যোগ জানাজানি হওয়ার পর রংপুরের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্যের (সিনিয়র সচিব) কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রকল্পের অনুমোদিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুযায়ী কেন্দ্রটি রংপুর সদর উপজেলার মন্থনা মৌজার ১০ একর জমিতে নির্মাণের কথা ছিল। তবে জমিটি তিন ফসলি হওয়ায় স্থানীয় মালিকরা লিখিত আপত্তি জানান, ফলে সেখানে অধিগ্রহণ কার্যক্রম জটিলতায় পড়ে। এ পরিস্থিতিতে ত্রাণমন্ত্রী প্রকল্পটি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বৈরাগীকুমুর ও নওদাবস মৌজায় মোট ১০ একর জমিতে স্থানান্তরের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দেন। এর পরিপ্রেক্ষিতে প্রকল্পের এলাকা পরিবর্তন ও ডিপিপি সংশোধনের জন্য পরিকল্পনা কমিশনের জরুরি সম্মতি চাওয়া হয়েছে।