গিলকে বাদ দিয়ে ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

খেলাধুলা ডেস্কঃ ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। বেশ কয়েকদিন ধরে স্কোয়াড কারা আসছেন, সেই আলোচনা চলছিল কয়েকদিন ধরেই।

তবে অনেকটা চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। দল থেকে বাদ পড়েছেন টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুভমান গিল। দলে ফিরেছেন আরেক টপ অর্ডার ব্যাটার ইশান কিষাণ।

শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তার আগে নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে। প্রধান নির্বাচক অজিত আগারকার এই দল প্রকাশ করেন।

এই দলে জায়গা পাননি শুবমান গিল। সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হওয়ায় তাকে বাদ দেওয়া হয়েছে। এতে একটা বিষয় নিশ্চিত হয়ে গেল যে, বিশ্বকাপে ভারতের ইনিংস ওপেন করতে চলেছেন সাঞ্জু স্যামসন।

ঘোষিত হওয়া দলে ফিরেছেন রিঙ্কু সিং ও ঈশান কিষাণ। ব্যাটিং বিভাগে আছেন সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা ও তিলক ভার্মা। দলে অলরাউন্ডারের সংখ্যা বেশি রাখা হয়েছে। হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল আছেন সেই তালিকায়। অক্ষর প্যাটেলকে দলের সহ-অধিনায়ক করা হয়েছে।

পেস বোলিংয়ের দায়িত্ব থাকছে জসপ্রিত বুমরাহ, হার্ষিত রানা ও আর্শদীপ সিংয়ের ওপর। স্পিন বিভাগে সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। নির্বাচকেরা ভারসাম্য রেখে দল গঠনের চেষ্টা করেছেন।

ভারতীয় দল:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ঈশান কিষাণ (উইকেটকিপার), সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হার্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর পাটেল (সহ অধিনায়ক)।




টি–টোয়েন্টি সিরিজের আগে গিলকে ঘিরে ইতিবাচক খবর

খেলাধুলা ডেস্কঃ ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক শুভমান গিল চোটমুক্ত হয়ে অবশেষে মাঠে ফিরতে প্রস্তুত। বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্স (সিওই) শনিবার জানায়, ঘাড়ের ইনজুরি থেকে সেরে ওঠা গিলকে খেলায় ফেরার জন্য মেডিকেল ও স্পোর্টস সায়েন্স বিভাগ সবুজ সংকেত দিয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই তাকে মাঠে দেখা যেতে পারে।

গত মাসে সাউথ আফ্রিকার বিরুদ্ধে কলকাতা টেস্টের প্রথম ইনিংসে তিন বল খেলার পরেই ঘাড়ের সমস্যা নিয়ে মাঠ ছেড়েছিলেন শুভমান গিল। পরে দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি ডানহাতি এই ব্যাটার। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডেও রাখা হয়নি তাকে।

তবে গত ৩ ডিসেম্বর গিলকে সহ-অধিনায়ক করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে বিসিসিআই। কিন্তু স্কোয়াডে রাখলেও কেবল ফিটনেসের ছাড়পত্র পেলেই তিনি খেলতে পারবেন বলে জানানো হয়।

অবশেষে বিসিসিআইয়ের মেডিকেল ও স্পোর্টস সায়েন্স বিভাগ গিলকে খেলার সবুজ সংকেত দিয়েছে। বিসিসিআইয়ের সিওই থেকে দল ব্যবস্থাপনার স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন টিমকে পাঠানো বার্তায় বলা হয়েছে, শুভমান গিল সফলভাবে সব রিহ্যাব ধাপ সম্পন্ন করেছে এবং সব ফরম্যাটের ক্রিকেটে ফেরার জন্য প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করেছে।

উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর কুটাকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর চন্ডীগড়ে ১১, ধর্মশালায় ১৪, লখনৌতে ১৭ ও আহমেদাবাদে ১৯ তারিখ সিরিজের শেষ ম্যাচে লড়বে দুই দল।