যত্রতত্র পানের পিক, রেগে আগুন নায়িকা

বিনোদন ডেস্কঃ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি সামাজিক অসংগতি নিয়েও বেশ সরব এ নায়িকা। এবার আওয়াজ তুললেন যত্রতত্র পানের পিক ফেলা নিয়ে।

বুধবার মিমি তার ইনস্টাগ্রাম স্টোরিতে এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে দেখা যায় মা ফ্লাইওভারের ছবি। আর ফ্লাইওভারের দেয়ালের গায়ে লেগে আছে রাশি রাশি লাল পিক।

এরকম দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘কেন কেন কেন? প্রশাসনের ওপর সবকিছু চাপিয়ে দেওয়া এত সহজ। কিন্তু আপনি কি মনে করেন না যে একটু নাগরিকত্বের জ্ঞান থাকলেই সবকিছু বদলে যাবে। আমরা এখানে রকেট সায়েন্সের কথা বলছি না। আমাদের সিটি অব জয় আমাদের গর্ব, তাহলে কেন তার যত্ন নেব না? ছোট ছোট পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, চলতি বছর মুক্তি পেয়েছে মিমি অভিনীত ‘রক্তবীজ ২’ ছবিটি। এতে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। ছবিতে মিমি ছাড়া আরও রয়েছেন বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত, সোহম মজুমদার, অনামিকা সাহা, মানসী সিনহা, কাঞ্চন মল্লিকসহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করেছেন অরিত্র মুখোপাধ্যায়।




টলিউডে প্রথমবার ট্যাঙ্গোতে মিমি–সোহমের নাচ

বিনোদন ডেস্কঃ বাংলা সিনেমায় প্রথমবার ট্যাঙ্গো নাচ আসছে নন্দিতা রায়–শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’–এ। জানুয়ারিতে মুক্তি পেতে চলা এই ভৌতিক–কমেডি ঘরানার ছবিতে মিমি চক্রবর্তীর সঙ্গে ট্যাঙ্গো নাচে অংশ নিয়েছেন অভিনেতা সোহম মজুমদার—যাকে এত দিন কোনও বাংলা বা হিন্দি ছবিতেই নাচতে দেখা যায়নি।

এ নিয়ে পরিচালক অরিত্র মুখোপাধ্যায় বলেন, শুটিংয়ের আগে-পরে বেশ কিছু ঘটনা ঘটেছে, যা নিজেই চমকপ্রদ। নাচ নিয়ে সোহমকে দারুণ পরিশ্রম করতে হয়েছে।সোহম জীবনে নাচেননি বললেই চলে। তবু ট্যাঙ্গো শেখার জন্য নৃত্যপরিচালক মঙ্গেশ থেড়করের কাছে দীর্ঘ সময় প্রশিক্ষণ নেন তিনি।

শুটিংয়ের আগের দিন শহরে জলাবদ্ধতার মধ্যেই ভিজে এসে ফাইনাল রিহার্সাল করেন সোহম। পরদিন প্রচণ্ড জ্বর নিয়েও শুটিংয়ে এসে প্রথম টেকেই ‘ওকে’ দেন তিনি।

অভিনেত্রী স্বস্তিকা দত্তও শুটিং চলাকালে চোখের সমস্যায় ভুগছিলেন। তবু দলের সবাই কাজ শেষ করেছেন।

আর্জেন্টিনা ও উরুগুয়ের জনপ্রিয় নাচ ট্যাঙ্গোকে কেন্দ্র করে সাজানো এই গানের দৃশ্যে মিমি, সোহম, স্বস্তিকা, বনি সেনগুপ্তসহ আরও কয়েকজন অভিনয়শিল্পীকে পার্টির সাজে দেখা যাবে।

ছবির প্রথম গান ‘তুমি কে’ শুক্রবার প্রকাশিত হচ্ছে। গীতিকার–সুরকার–গায়ক অনুপম রায় জানান, ভৌতিক ছবির গান বলে যে গা–ছমছমে আবহ থাকবে—সেটি এখানে নেই। করোনাকালে বানানো একটি গানই নন্দিতা–শিবপ্রসাদের পছন্দ হয়, পরে তা সৃজিতা মিত্রকে নিয়ে রেকর্ড করা হয় ছবির জন্য।