হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি দাবি যুক্তরাষ্ট্র-ইরানের

image_pdfSaveimage_print

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন, ইরানের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। একইসঙ্গে দাবি করেছেন, গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খোলা রয়েছে। তবে এর বিপরীত দাবি করেছে ইরান। তেহরানের ভাষ্য, জাহাজ চলাচলের জন্য প্রণালিটি এখনো বন্ধ রয়েছে। খবর রয়টার্স।

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ছয় মাস ধরে সংঘাত চলছে। চুক্তির মাধ্যমে সংঘাত অবসানের সম্ভাবনা কমে আসায় গতকাল ফের জ্বালানি তেলের দাম বেড়েছে। একই সময়ে শেয়ারবাজারে দরপতন হয়েছে এবং যুক্তরাষ্ট্রসহ বড় অর্থনীতিগুলোর ঋণের সুদহার কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। দীর্ঘমেয়াদে এই সংকট মূল্যস্ফীতি ও সরকারি অর্থব্যবস্থায় কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

সোমবার দেশ দুটির মধ্যে হওয়া অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হয়। এর পর ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কূটনৈতিক অচলাবস্থার কারণে ইরান এখন ‘পুরোপুরি আক্রমণাত্মক’ সামরিক অবস্থানে যাচ্ছে। তবে মঙ্গলবার কোনো পক্ষের নতুন হামলার খবর পাওয়া যায়নি।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না, এমনকি কোনো আলোচনাও নির্ধারিত নেই।’

তিনি আরো বলেন, ‘নৌ অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে। হরমুজ প্রণালি খোলা ও সচল। সব নৌমাইন সরিয়ে ফেলা হয়েছে অথবা ধ্বংস করা হয়েছে।’

তবে এর এক দিন আগে ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার ভিন্ন সুরে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে আলোচনা এখনো চলছে এবং আগের যেকোনো সময়ের তুলনায় তা ‘সম্ভবত আরো জোরালো’।

পারস্য উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে বলে ট্রাম্প দাবি করলেও বিভিন্ন দেশ জাহাজ চলাচলে বাধা সৃষ্টির নতুন ঘটনার কথা জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ৪ মে ফুজাইরাহ বন্দরে হামলার পর এটিই এ ধরনের প্রথম ঘটনা।

পরে মন্ত্রণালয় জানায়, তাদের মূল্যায়ন অনুযায়ী ক্ষেপণাস্ত্র দুটি ‘সমুদ্রপথে চলাচলকারী জাহাজ’ লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে দুটিই সমুদ্রে পড়ে যায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ দাবি প্রত্যাখ্যান করে বলেন, আরব আমিরাতের অভিযোগ ‘ভিত্তিহীন’।

এদিকে ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম, লেনদেন ও আর্থিক লেনদেন স্থগিত করা হয়েছে। আঞ্চলিক উত্তেজনা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে—এই কারণ দেখিয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইরানের সঙ্গে আরব আমিরাতের সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল মাত্র জুনের শেষ দিকে দুবাইয়ের জেবেল আলী বন্দর দিয়ে আবার শুরু হয়েছিল। যুদ্ধ শুরুর কয়েক দিন পর, মার্চের শুরুতেই ইউএই সরাসরি জাহাজ চলাচল বন্ধ করেছিল।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবের গতকাল বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এখনো আগ্রহী। তবে আলোচনাকে আত্মসমর্পণের সঙ্গে গুলিয়ে দেখা উচিত নয়। আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি তার বক্তব্য প্রকাশ করেছে।

মোখবের বলেন, সামরিক চাপ ও নিষেধাজ্ঞা ইরানের মনোবল ভাঙতে পারবে না। যুদ্ধ না চাইলেও নিজেদের নিরাপত্তা, মর্যাদা ও মিত্রদের রক্ষায় ইরান প্রতিশ্রুতিবদ্ধ।

  • Related Posts

    মক্কা-জেদ্দাসহ সৌদির ৪ শহরে হামলার আশঙ্কা, জরুরি সতর্কতা

    সৌদি আরবের মক্কা, জেদ্দা, ইয়ানবু ও তায়েফে আকাশপথে হামলার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলা, জনসমাগম এড়িয়ে চলা এবং ছবি বা ভিডিও ধারণ থেকে…

    বিশ্ববাজারে তেলের দাম ৬ মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি প্রায় ১১৭ ডলার

    আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব লক্ষ্য করে ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর অব্যাহত হামলা, লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ এবং দীর্ঘদিন হরমুজ প্রণালিতে অবরোধ থাকায় বিশ্বজুড়ে বাড়ছে অপরিশোধিত জ্বালানি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

    টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

    ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন

    • By admin admon
    • অক্টোবর ২৫, ২০২৬
    • 0 views
    ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন

    কারও সঙ্গে শত্রুতা নেই, কেন আমার ওপর হামলা হলো: টাইগার শ্রফ

    • By admin admon
    • অক্টোবর ২৫, ২০২৬
    • 3 views
    কারও সঙ্গে শত্রুতা নেই, কেন আমার ওপর হামলা হলো: টাইগার শ্রফ

    স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    নিজের গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ আকবর

    • By admin admon
    • অক্টোবর ২৫, ২০২৬
    • 5 views
    নিজের গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ আকবর

    সম্পূর্ণ এআই দিয়ে তৈরি চীনের প্রথম সিনেমা মুক্তি পেল

    • By admin admon
    • অক্টোবর ২৫, ২০২৬
    • 5 views
    সম্পূর্ণ এআই দিয়ে তৈরি চীনের প্রথম সিনেমা মুক্তি পেল