রেকর্ড গড়ল ‘পাসুরি’, প্রথম পাকিস্তানি গান হিসেবে বিলিয়ন ভিউ

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক : প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন) ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে সে দেশের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’। ২০২২ সালের এই মেগা হিট গানটি এখনো শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়, এই মাইলফলক যেন তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

গত রবিবার ইনস্টাগ্রামে এক পোস্টে কোক স্টুডিও এই মাইলফলকের ঘোষণা দেয়। সেখানে তারা ‘পাসুরি’ গানের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে লেখে, প্রতিটি মানুষ যারা প্লে বোতামটি চেপেছেন, গানটির সঙ্গে গেয়েছেন এবং পাসুরিকে নিজেদের করে নিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।

আলি শেঠি এবং শে গিলের কণ্ঠে চমৎকার এই ডুয়েট গানটি ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল। ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের এই চূড়ায় পৌঁছাতে গানটির সময় লেগেছে চার বছর সাত মাসের কিছুটা কম। তবে মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী গানটির অভূতপূর্ব জনপ্রিয়তা বিবেচনা করলে এই অর্জন মোটেও অপ্রত্যাশিত ছিল না। মুক্তি পাওয়ার বছরই এটি অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া পাকিস্তানি গান হিসেবে রেকর্ড গড়েছিল। স্পটিফাইতে বর্তমানে এটি শেঠি ও গিল উভয়েরই সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া গান, যার স্ট্রিম সংখ্যা প্রায় ৪০ কোটি ৫০ লাখ (৪০৫ মিলিয়ন)।

মাইলফলক অর্জনের পর কোক স্টুডিও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রিল প্রকাশ করেছে। সেখানে আলি শেঠি ও শে গিলের পাশাপাশি গানটির সংগীত প্রযোজক জুলফিকার খান (জুলফি) এবং আব্দুল্লাহ সিদ্দিকীকে এই অর্জনের জন্য ভক্তদের ধন্যবাদ জানাতে দেখা যায়।

মুক্তির পর থেকেই ‘পাসুরি’ বৈশ্বিক আলোড়ন সৃষ্টি করে। পাকিস্তান ও ভারতের পাশাপাশি উপমহাদেশের বাইরেও অসংখ্য শিল্পী গানটির কভার সংস্করণ গেয়েছেন। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিরিজ ‘মিস মার্ভেল’-এর সাউন্ডট্র্যাকেও গানটি যুক্ত করা হয়েছিল। পাকিস্তানি-আমেরিকান এক কিশোরীর জীবন নিয়ে তৈরি এই সিরিজে পাকিস্তানি সংস্কৃতির প্রভাব ফুটিয়ে তুলতে গানটি ব্যবহৃত হয়।

এ ছাড়া ‘কোক স্টুডিও আফ্রিকা’ পাসুরি গানের একটি রিমিক্স সংস্করণ তৈরি করেছিল। নাইজেরিয়ান আফ্রোবিটসের সমন্বয়ে তৈরি এই সংস্করণে আলি শেঠির সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছিলেন মারওয়ান মুসা এবং রিকাডো ব্যাংকস।

তবে অন্য অনেক জনপ্রিয় পাকিস্তানি গানের মতোই ‘পাসুরি’ নিয়েও নিজস্ব সংস্করণ বা রিমেক করার চেষ্টা করেছিল বলিউড। ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিংয়ের কণ্ঠে হিন্দি সংস্করণে তৈরি এই রিমেকটি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। সংগীত অনুরাগীরাও ভালোভাবে নেয়নি বিষয়টি।

  • Related Posts

    হলিউডের ঐতিহ্যবাহী সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

    বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজকে চলচ্চিত্রজীবনের সর্বোচ্চ সম্মানগুলোর একটি ‘এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই)। ২০২৭ সালে এ পুরস্কারের ৫২তম আসরে সম্মানিত…

    টাইগার নয়, হামলাকারীদের নিশানায় ছিলেন সালমান: মুম্বাই পুলিশ

    বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনায় নতুন তথ্য সামনে এনেছে মুম্বাই পুলিশ। তদন্তকারীদের দাবি, হামলাকারীদের মূল লক্ষ্য ছিলেন অভিনেতা সালমান খান। তবে তার বাড়ির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ‘জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে’

    ‘জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে’

    ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

    ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

    তিব্বতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, তাইওয়ানেও ধেয়ে আসছে সুপার টাইফুন

    তিব্বতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, তাইওয়ানেও ধেয়ে আসছে সুপার টাইফুন

    সৌদি-হুতি সংঘাত: উল্লেখযোগ্য যা যা ঘটল

    সৌদি-হুতি সংঘাত: উল্লেখযোগ্য যা যা ঘটল

    সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ

    সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ

    আসামি নিয়ে ফেরার পথে কাভার্ডভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত

    আসামি নিয়ে ফেরার পথে কাভার্ডভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত