পর্যটক ডেস্কঃ কক্সবাজারে পর্যটকদের যাতায়াত আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও আনন্দদায়ক করতে মোটরসাইকেল রেন্টাল ব্যবসায়ীদের কাছে ৩০টি ইয়ামাহা এফজেড-এস ভার্সন ৪.০ মোটরসাইকেল হস্তান্তর করেছে ইয়ামাহা বাংলাদেশ। পর্যটকেরা যাতে মোটরসাইকেল ভাড়া নিয়ে কক্সবাজার শহর ও আশপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
‘ড্রাইভিং ট্যুরিজম, মোবিলিটি ইন কক্সবাজার’ ভাবনাকে সামনে রেখে এ আয়োজন করা হয়। আয়োজকদের মতে, পর্যটকদের ব্যক্তিগত পরিবহনের সুবিধা বাড়ানোর পাশাপাশি কক্সবাজারের পর্যটন অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সম্প্রতি কক্সবাজারের হোটেল সি গালে আয়োজিত এক অনুষ্ঠানে মোটরসাইকেলগুলো ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে এসিআই মোটরস ও ইয়ামাহার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কক্সবাজারে ইয়ামাহার অনুমোদিত ডিলার মাহিন মোটরসের স্বত্বাধিকারী উপস্থিত ছিলেন।
হস্তান্তর করা মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে ইয়ামাহা এফজেড-এস ভার্সন ৪.০ মডেল। উন্নত নিয়ন্ত্রণব্যবস্থার পাশাপাশি এতে রয়েছে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) ও ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের (টিসিএস) মতো আধুনিক নিরাপত্তা প্রযুক্তি। এসব সুবিধা মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ বজায় রাখতে সহায়তা করে। এ ছাড়া ফুয়েল ইনজেকশন (এফআই) প্রযুক্তি থাকায় বাইকটি জ্বালানি সাশ্রয়ী।
প্রতিটি মোটরসাইকেলের সঙ্গে চালক ও আরোহীর জন্য দুটি করে সার্টিফায়েড হেলমেটও দেওয়া হয়েছে। এর ফলে পর্যটকেরা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে মোটরসাইকেল ভাড়া নিয়ে কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন।










