রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন পেলে নভেম্বরেই এই ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ শুরু হতে পারে। তবে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ সরবরাহে আরও পাঁচ থেকে ছয় মাস লাগতে পারে।

প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, প্রযুক্তিগত বা অন্য কোনো সমস্যা কিংবা আকস্মিক সংকট না হলে চলতি সপ্তাহেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। এর মধ্য দিয়ে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ গ্রিডে সরবরাহের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

সূত্রগুলো জানায়, প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরুর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ের কার্যক্রম সফলভাবে এগোচ্ছে এবং বিভিন্ন কারিগরি ব্যবস্থার মধ্যে সমন্বয় করা হচ্ছে। রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে পৌঁছালে পূর্ণ সক্ষমতার প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এ পর্যায়ের প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ নভেম্বরেই গ্রিডে দেওয়া সম্ভব হতে পারে।

গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পর পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কয়েক দিন উৎপাদন ও সরবরাহ পর্যবেক্ষণের পর কোনো ত্রুটি নেই, তা নিশ্চিত করা হবে। সবকিছু ঠিক থাকলে এ পর্যায়ে বায়েরার অনুমোদন লাগবে। অনুমোদন মিললে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে থাকতে পারেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে অনুষ্ঠানের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী ও রুশ প্রেসিডেন্টের অংশগ্রহণ বিবেচনায় নিয়ে ডিসেম্বরে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে বায়েরার চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, গ্রিডে সরবরাহ কবে শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরুর চেষ্টা চলছে। তিনি জানান, পরীক্ষামূলক সরবরাহের পর উৎপাদন ও সরবরাহের প্রতিটি পর্যায়ে সবকিছু ঠিকমতো চলছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে। কোনো সমস্যা নেই—এটি নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

প্রধানমন্ত্রী কবে সময় দিতে পারবেন, তার ওপরও অনুষ্ঠানের সময়সূচি নির্ভর করছে বলে জানান মাহমুদুল হাসান। এ কারণে আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ এখনই নিশ্চিত করা যাচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট গ্রিডে যুক্ত হওয়ার পর ধাপে ধাপে উৎপাদন ও সরবরাহ বাড়ানো হবে। পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে এবং সব বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করতে আরও পাঁচ থেকে ছয় মাস লাগতে পারে। সে হিসাবে চলতি বছর ৩০০ মেগাওয়াট সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ গ্রিডে আসতে পারে।

রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা এবং তত্ত্বাবধানে পাবনার ঈশ্বরদীতে নির্মিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

Share this news as a Photo Card

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

    ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে সাড়ে ৯টায় এই বৈঠক শুরু হয়ে চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক…

    পাহাড় থেকে সাগরপথে মানব পাচার থামছে না

    ডেস্ক নিউজঃ টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো বিদেশে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে, আবার কখনো অপহরণ করে মানুষকে জিম্মি করা হচ্ছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

    • By admin admon
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 0 views
    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

    রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ

    • By admin admon
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 2 views
    রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ

    গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী

    গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী

    বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

    • By admin admon
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 5 views
    বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

    পাহাড় থেকে সাগরপথে মানব পাচার থামছে না

    • By admin admon
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 9 views
    পাহাড় থেকে সাগরপথে মানব পাচার থামছে না
    ১৫ নভেম্বর ২০২৬

    রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob