পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ দীর্ঘ প্রতীক্ষা, বিপুল বিনিয়োগ আর নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করল বাংলাদেশ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এর মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটল। এটি শুধু বিদ্যুৎ উৎপাদনে নতুন একটি উৎসের সংযোজন নয়, বরং আধুনিক পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের সক্ষমতা অর্জনেরও ঐতিহাসিক মাইলফলক।

প্রাথমিক পর্যায়ে কয়েক ঘণ্টার জন্য এই বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। কেন্দ্রটির টারবাইন, জেনারেটর, রিঅ্যাক্টর ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা যাচাই করতেই এ পরীক্ষা চালানো হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে পূর্ণ সক্ষমতায় যেতে আরও কয়েক মাস সময় লাগবে। সংশ্লিষ্টদের আশা, আগামী জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির শুরুতে পূর্ণ সক্ষমতায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এ উপলক্ষে আনুষ্ঠানিক উদ্বোধনেরও পরিকল্পনা রয়েছে সরকারের। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হতে পারেন।

রূপপুরের দুই ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি জ্বালানি আমদানিনির্ভরতা কমানো এবং দীর্ঘ মেয়াদে বিদ্যুৎ খাতে ব্যয় সাশ্রয়ের নতুন সম্ভাবনা তৈরি হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে গ্রিডের সঙ্গে কেন্দ্রটি যুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান প্রমুখ।

এ মুহূর্তকে ঐতিহাসিক উল্লেখ করে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, আজ (গতকাল) পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং ফল অত্যন্ত সন্তোষজনক পাওয়া গেছে। পরবর্তী সময়ে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে তা কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে। ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ আগামী জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে পূর্ণ সক্ষমতায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংস্থাটির প্রতিনিধি দল প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তা ব্যবস্থায় অত্যন্ত সন্তুষ্ট এবং এ কারণেই এই সফল গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রিডে সাময়িক সংযোগের অর্থ হলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর নির্দেশিকা ও মানদ- অনুসরণ করে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর পরীক্ষামূলক পর্যায়ের সূচনা। এ পর্যায়ে নকশাগত ও নিয়ন্ত্রক শর্ত অনুসরণ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে কয়েক ঘণ্টার জন্য প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। পরবর্তী সময়ে উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিতে হবে।

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে ১০০ শতাংশে উন্নীত করতে কয়েক মাস সময় লাগতে পারে। এ সময় রিঅ্যাক্টর, টার্বাইন, জেনারেটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই ও পরীক্ষা করা হবে। এসব পরীক্ষার প্রয়োজনে পরিকল্পিতভাবে বিভিন্ন সময়ে প্রথম ইউনিটটি সাময়িকভাবে বন্ধ (শাটডাউন) করা হবে এবং বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ সাময়িকভাবে কমানো বা বাড়ানো হবে। তবে পুরো সময়জুড়েই গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ গ্রাহকরা ব্যবহারের সুযোগ পাবেন। পরীক্ষামূলক পর্যায়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বেজলোড বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮-১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালন সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

বায়েরার অনুমোদন পাওয়াসাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে। রূশ ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন সম্পন্ন হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

পরমাণু শক্তি কমিশনের দুজন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত যে পরিকল্পনা তাতে আগামী ২১ নভেম্বর চূড়ান্তভাবে রূপপুরের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে গ্রিডে যুক্ত হতে পারে। তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করতে যেহেতু অনেক পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হয় তাই আগে থেকে নির্দিষ্ট সময় বলা মুশকিল।

সংশ্লিষ্ট সূত্রমতে, গ্রিডে যুক্ত হওয়া উপলক্ষে আনুষ্ঠানিকতা করার পরিকল্পনা রয়েছে সরকারের। এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে ২১ নভেম্বরের আগে পরেও আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুৎ গ্রিডে যুক্ত হতে পারে।

পারমাণবিক জ্বালানি থেকে উৎপাদিত নির্ধারিত তাপশক্তি দিয়ে তৈরি বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে উৎপাদন হবে বিদ্যুৎ। পরীক্ষামূলক বিদ্যুৎ সরবাহের পর শুরু হবে বািণজ্যিক উৎপাদন। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি আসার পরই পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র। জ্বালানি বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গেই পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকায় নাম ওঠায় বাংলাদেশ।

১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে এই কেন্দ্রে। এরমধ্যে প্রতি ইউনিট থেকে ন্যূনতম ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ব্যবহার সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বাদ দিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ হবে অন্তত ১০৩০ মেগাওয়াট। চুক্তির শর্ত অনুযায়ী এর চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে জরিমানা গুনতে হবে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে। দুই ইউনিট মিলে এখান থেকে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে।

দ্বিতীয় ইউনিটের কাজও চলছে পুরোদমে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এই ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড হতে পারে। দুই ইউনিটের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হলে বিদ্যুতের লোডশেডিং কমানোর পাশাপাশি জ্বালানি আমদানিতে সাশ্রয় হবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। তেল, কয়লাভিত্তিক বিদ্যুতের তুলনায় পারমাণবিক বিদ্যুতের দামও পড়বে কম।

রূপপুরে পারমাণবিক বিকিরণের মাধ্যমে শক্তি উৎপাদন প্রক্রিয়া সেপ্টেম্বরে শুরুর পরিকল্পনা ছিল। নিরাপত্তা ভালভের পরীক্ষায় ত্রুটি ধরা পড়লে এটি পিছিয়ে যায়। এরপর এটি সফলভাবে শেষ করে বায়েরার অনুমতি নিয়ে ১১ অক্টোবর পারমাণবিক বিক্রিয়া শুরু হয়।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। পরিচালনার কাজ করছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের সরকারি কোম্পানি।

এই প্রকল্পের মূল মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত, যা দুই দফায় বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। রাশিয়ার সঙ্গে মূল চুক্তি অনুযায়ী, সময় বাড়লেও প্রকল্পের ইউরো বা ডলারের ঠিকাদারি ব্যয় বৃদ্ধি পায়নি। তবে স্থানীয় বাজারে ডলারের বিনিময় হার বাড়ার কারণে টাকার অঙ্কে প্রকল্প ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রকল্পটি বাস্তবায়নে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।

পারমাণবিক জ্বালানি থেকে উৎপাদিত নির্ধারিত তাপশক্তি দিয়ে তৈরি বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে উৎপাদন হবে বিদ্যুৎ। শুরুতে বিদ্যুৎকেন্দ্রটি মাত্র ৩ শতাংশ ক্ষমতায় চালানো হবে। পরে ধাপে ধাপে বেড়ে ৩০ শতাংশে উন্নীত হলেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। তখন প্রায় ৩০০ মেগাওয়াট করে বিদ্যুৎ পাওয়া যাবে।

এরপর চলবে নানান পরীক্ষা-নিরীক্ষা। বিদ্যুতের উৎপাদন বাড়িয়ে পূর্ণ ক্ষমতায় যেতে ৭-৮ মাসের মতো সময় লাগবে। পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পর শুরু হবে বাণিজ্যিক উৎপাদন।

Share this news as a Photo Card

  • Related Posts

    সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

    ডেস্ক নিউজঃ রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন দেড় ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে ঘর হারিয়েছে শতাধিক পরিবার। আজ বুধবার সকালে ওই বস্তিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের…

    মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর

    ডেস্ক নিউজঃ রাজধানীর মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কাঠবাহী ট্রাক ছাড়তে ৪ লাখ টাকা ঘুষের অভিযোগ, ১০ দিনে এক হিসাবে ২৬ লাখ টাকার লেনদেন

    • By admin admon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 34 views
    কাঠবাহী ট্রাক ছাড়তে ৪ লাখ টাকা ঘুষের অভিযোগ, ১০ দিনে এক হিসাবে ২৬ লাখ টাকার লেনদেন

    টেন্ডার জটিলতায় বন্ধ স্মার্ট লাইসেন্স ছাপানো, অপেক্ষায় ২০ লাখ গ্রাহক

    • By admin admon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 13 views
    টেন্ডার জটিলতায় বন্ধ স্মার্ট লাইসেন্স ছাপানো, অপেক্ষায় ২০ লাখ গ্রাহক

    সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

    • By admin admon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 11 views
    সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

    প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা

    • By admin admon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 14 views
    প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা

    নারায়ণগঞ্জে হামলার ভিডিও করায় গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা

    • By Moon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 13 views
    নারায়ণগঞ্জে হামলার ভিডিও করায় গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা

    কে হচ্ছেন পরবর্তী ‘বন্ড গার্ল’? আলোচনায় আলেকজান্দ্রা ড্যাডারিওসহ একাধিক অভিনেত্রী

    • By Moon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 13 views
    কে হচ্ছেন পরবর্তী ‘বন্ড গার্ল’? আলোচনায় আলেকজান্দ্রা ড্যাডারিওসহ একাধিক অভিনেত্রী
    ১৮ নভেম্বর ২০২৬

    পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob