ডেস্ক নিউজঃ দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ কমানো হয়েছে ৬ হাজার ১৮২ টাকা। এতে করে ভালো মানের স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমে এসেছে। যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৫ সালের ২৯ অক্টোবর স্বর্ণের দাম দুই লাখের ঘর পেরিয়েছিল। এক বছর পর তা আবারও দুইয়ের ঘরের নিচে নেমে এসেছে।
আজ রোববার থেকে সারাদেশে স্বর্ণের এই নতুন দর কার্যকর হয়েছে। এর আগে, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে দেশের বাজারের জন্য স্বর্ণের নতুন দর নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম এখন ভ্যাটসহ ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী ক্রেতাদের মজুরি পরিশোধ করতে হবে।
এ ছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে; তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
সবশেষ এই দাম নির্ধারণের মধ্য দিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফায় কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।









