বিনোদন ডেস্কঃ বলিউডের অন্যতম জনপ্রিয় পারিবারিক ছবি ‘কাভি খুশি কভি গম’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে ভক্তদের জন্য এলো এক বিশেষ চমক। দীর্ঘ ২৩ বছর পর ফের একসঙ্গে দেখা গেল ছবির দুই জনপ্রিয় চরিত্র ‘পু’ ও ‘রোহান’কে।
কারিনা কাপুর খান ও হৃতিক রোশনকে একসঙ্গে দেখে নস্টালজিয়ায় ভাসছেন অনুরাগীরা। আর এই পুনর্মিলনের নেপথ্যে রয়েছে এক অভিনব উদ্যোগ। ছবির কিংবদন্তি ‘রাইচাঁদ হাউস’কে এবার বাস্তবের থাকার জায়গা হিসেবে হাজির করছে অনলাইন আবাসন পরিষেবা সংস্থা এয়ারবিএনবি।
করণ জোহর পরিচালিত ‘কাভি খুশি কভি গম’ মুক্তি পেয়েছিল ২০০১ সালের ১৪ ডিসেম্বর। চলতি বছর ছবিটির ২৫ বছর পূর্তি। সেই বিশেষ উপলক্ষকে স্মরণীয় করে তুলতেই ছবির অন্যতম আইকনিক বাড়ি রাইচাঁদ হাউসকে বাস্তবের থাকার জায়গায় রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছে এয়ারবিএনবি। আর এই বিশেষ আয়োজনের ঘোষণা দিতেই একসঙ্গে হাজির হয়েছেন ছবির দুই জনপ্রিয় মুখ কারিনা কাপুর খান ও হৃতিক রোশন।
কারিনা ও হৃতিকের শেষ একসঙ্গে অভিনীত ছবি ছিল ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’, যা মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। তারপর দীর্ঘ ২৩ বছর তাদের এভাবে একসঙ্গে দেখা যায়নি। ফলে ‘কাভি খুশি কভি গম’-এর স্মৃতি ফিরিয়ে তাদের এই পুনর্মিলন অনুরাগীদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
প্রকাশিত ভিডিওতে পুরোনো দিনের বেশ কিছু জনপ্রিয় মুহূর্ত নতুন করে তুলে ধরা হয়েছে। সেখানে ফের ‘পু’ চরিত্রের মেজাজে দেখা গিয়েছে কারিনাকে। নিজের চেনা ভঙ্গিতে তাকে বলতে শোনা যায়, ‘হাউ ডেয়ার ইউ?’ এবং ‘হু আর দে?’-এর মতো ছবির জনপ্রিয় সংলাপ। অন্যদিকে, হৃতিকও ফিরেছেন রোহানের সেই মজাদার মেজাজে। ভিডিওতে তাকে ‘১০’ বলতে শোনা যায়। পরে অবশ্য স্পষ্ট করেন, তিনি অন্য কাউকে নম্বর দিচ্ছিলেন না, নিজেকেই ১০-এর মধ্যে ১০ দিচ্ছিলেন!
ভিডিওর চিত্রনাট্যেও রয়েছে পুরোনো ছবির আবহ। কারিনা ও হৃতিক জানান, এবার দর্শক-অনুরাগীরাও রাইচাঁদ হাউসে থাকার সুযোগ পাবেন। এয়ারবিএনবির উদ্যোগে ছবির সেই বিখ্যাত বাড়ি এবার বাস্তবের অভিজ্ঞতার অংশ হয়ে উঠতে চলেছে। ভিডিওতে বাড়িটির বিশাল সিঁড়ি, পু-র পোশাকের সংগ্রহ এবং স্টাডি রুমের ঝলকও দেখা গিয়েছে। সব মিলিয়ে ছবির পরিচিত পরিবেশকে নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে।
এই বিশেষ ভিডিওতে হাজির হয়েছেন ছবির পরিচালক করণ জোহরও। কারিনা ও হৃতিকের সঙ্গে তাকে একসঙ্গে দেখা যায়। তিনজনের এই উপস্থিতি ভক্তদের কাছে যেন ২৫ বছর আগের স্মৃতিকে আরও একবার জীবন্ত করে তুলেছে।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে উচ্ছ্বাস। অনুরাগীদের অনেকে মন্তব্য করেছেন, ‘মজা পেলাম’, কেউ লিখেছেন ‘ওজি’, আবার কেউ জানিয়েছেন, এই পুনর্মিলন তাদের দারুণ ভালো লেগেছে।
শুধু সাধারণ দর্শক নন, বলিউডের একাধিক তারকাও এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অভিনেত্রী অঞ্জলি আনন্দ মন্তব্য করেছেন, ‘আইকনিক’। মাহিপ কাপুর লিখেছেন, ‘ফ্যাব’। সাবা পতৌদি জানিয়েছেন, ‘খুব মিষ্টি, দুর্দান্তভাবে করেছেন।’ অন্যদিকে, তাহিরা কাশ্যপও ভালোবাসা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ‘কাভি খুশি কভি গম’ শুধু একটি পারিবারিক ছবি নয়, বলিউডের জনপ্রিয় সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। করণ জোহর পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন এবং করিনা কাপুর। একাধিক প্রজন্মের দর্শকের কাছে ছবিটি আজও সমান জনপ্রিয়।
ছবির গল্প আবর্তিত হয়েছে এক ধনী পরিবারকে কেন্দ্র করে। পরিবারের দত্তক নেওয়া ছেলে ভালোবেসে ফেলেন অপেক্ষাকৃত কম সচ্ছল পরিবারের এক তরুণীকে। এই সম্পর্ককে ঘিরে তৈরি হয় পারিবারিক ভুল বোঝাবুঝি ও দূরত্ব। একসময় সেই ঘটনার জেরে ভেঙে যায় পরিবারের সম্পর্ক। ভালোবাসা, পারিবারিক বন্ধন, অভিমান ও পুনর্মিলনের আবেগঘন গল্পই ছবিটিকে দর্শকের মনে স্থায়ী জায়গা করে দিয়েছে।
ছবির সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন যতীন-ললিত, সন্দেশ শান্ডিল্য এবং আদেশ শ্রীবাস্তব। যশ জোহরের প্রযোজনায় ধর্মা প্রোডাকশনসের ব্যানারে তৈরি হয়েছিল ছবিটি।









