ক্রীড়া ডেস্ক : ডারউইন টেস্টের প্রথম দিনেই অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিক অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়ে দিন শেষে ১ উইকেটে ৯৬ রান করেছে টাইগাররা। বাংলাদেশের এমন দাপুটে পারফরম্যান্সে প্রশংসায় ভাসছেন পেসাররা।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন হাসান মাহমুদ। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৫৫ রানে ৬ উইকেট শিকার করেছেন তিনি। তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন নিয়েছেন দুটি করে উইকেট। তাদের সম্মিলিত আক্রমণে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ শুরু থেকেই চাপে ছিল।
বাংলাদেশের বোলারদের এমন পারফরম্যান্স নজর এড়ায়নি অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের। কায়ো স্পোর্টসের আলোচনায় বাংলাদেশের বোলিংয়ের প্রশংসা করে তিনি বলেন, অস্ট্রেলিয়ায় সফরকারী দলগুলোর মধ্যে বাংলাদেশের বোলারদের মতো শুরু থেকেই এত নিখুঁতভাবে জায়গায় বল করতে খুব কম দলকেই দেখা গেছে।
ওয়ার্নারের মতে, অস্ট্রেলিয়ার মাটিতে এসে ধারাবাহিকভাবে সঠিক লাইন ও লেংথে বল করা সহজ নয়। কিন্তু বাংলাদেশের পেসাররা সেটিই করে দেখিয়েছেন। তারা আক্রমণাত্মক মানসিকতা নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের ওপর চাপ তৈরি করেছেন এবং নিয়মিত উইকেটের সুযোগ সৃষ্টি করেছেন।
বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ক্যারি ও’কিফেও। তার মতে, প্রথম দিনেই বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে তারা অস্ট্রেলিয়ায় শুধু খেলতে আসেনি, লড়াই করতেও এসেছে। ম্যাচ শুরুর আগে অনেকে অস্ট্রেলিয়ার সহজ জয় প্রত্যাশা করলেও প্রথম দিনের পারফরম্যান্সে সেই ধারণা বদলে দিয়েছে বাংলাদেশ।
ওয়ার্নার আরও বলেন, বাংলাদেশের বোলাররা নিজেদের পরিকল্পনা অনুযায়ী লাইন ও লেংথ ধরে রেখে আক্রমণ করেছেন। অস্ট্রেলিয়াকে ২২০ থেকে ২৩০ রানের মধ্যে আটকে রাখতে পারলে বাংলাদেশের জয়ের ভালো সুযোগ থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে মার্ক ওয়াহ মনে করেন, ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিনে উইকেট ব্যাটিংয়ের জন্য আরও ভালো হয়ে উঠতে পারে। প্রথম দিনের উইকেটে সামান্য সিম মুভমেন্ট থাকলেও অস্ট্রেলিয়ার ব্যাটারদের কিছুটা ছন্দহীন মনে হয়েছে তার।
অন্যদিকে ব্রেন্ডন জুলিয়ানও অস্ট্রেলিয়ার ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন। স্টিভ স্মিথকে বাদ দিলে অস্ট্রেলিয়ার স্কোরকার্ডকে বেশ বিবর্ণ বলেই মনে হয়েছে তার।
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ এখনো ১০২ রানে পিছিয়ে থাকলেও হাতে রয়েছে ৯ উইকেট। ফলে ডারউইন টেস্টে দ্বিতীয় দিনটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।










