ডেস্ক নিউজঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ আখ্যা দিয়ে মন্তব্য করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থি দুই আইনজীবী।
সোমবার (২৬ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সশরীরে হাজির হয়ে তারা ক্ষমা প্রার্থনা করেন। শুনানি শেষে দুই আইনজীবীর বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগ কতটা গুরুতর, সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন ট্রাইব্যুনাল।
এদিকে এ মামলাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে ট্রাইব্যুনাল-২-এর সব মামলার শুনানি বাতিল করা হয়েছে এবং আইনজীবীদের প্রবেশের ক্ষেত্রে আরোপ করা হয়েছে কড়াকড়ি।
অভিযুক্ত দুই আইনজীবী হলেন হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী। গত ২৩ সেপ্টেম্বর মামলাটির শুনানির দিন ধার্য থাকলেও একজন বিচারক অসুস্থ থাকায় তা পিছিয়ে দেওয়া হয়। সেদিনও আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছিলেন তারা। এ সময় আওয়ামীপন্থি আরও কয়েকজন আইনজীবী তাদের সঙ্গে এলেও নিরাপত্তার কারণে সবাইকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
এর আগে, গত ১৫ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। ওই রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করার অভিযোগে পরদিন, ১৬ সেপ্টেম্বর, দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।
প্রসিকিউশনের বক্তব্য ছিল, আইনজীবী হিসেবে তাদের এমন মন্তব্য সাধারণ মানুষের মধ্যে আদালত সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি করতে পারে। এ কারণে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।
এখন দুই আইনজীবীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পর এ বিষয়ে ট্রাইব্যুনাল কী সিদ্ধান্ত দেন, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্টদের।








