বিনোদন ডেস্কঃ মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে রণবীর কাপুর ও যশ অভিনীত সিনেমা ‘রামায়ণ’। বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা ছবিটি ব্যবসায়িক সাফল্যে এগিয়ে গেলেও এবার নতুন বিতর্কে জড়িয়েছে। সিনেমাটির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে ভারতে এর প্রদর্শন বন্ধের দাবি জানিয়েছে ধর্মীয় সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। একইসঙ্গে ছবিটির সেন্সর সনদ বাতিলেরও দাবি তুলেছে সংগঠনটি।
‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের অভিযোগ, সিনেমাটিতে রাবণকে মহিমান্বিত করে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি রামায়ণের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বিকৃত করা হয়েছে কিংবা বাদ দেওয়া হয়েছে। সংগঠনটির দাবি, ছবিতে রাবণকে দলিত, শোষিত ও বঞ্চিত মানুষের ত্রাতা হিসেবে তুলে ধরে তাঁর ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করা হয়েছে।
ভিএইচপির নেতাদের দাবি, ঋষি-মুনিদের যজ্ঞ ও আধ্যাত্মিক সাধনায় বাধা সৃষ্টিকারী রাক্ষসদের বিনাশ করাও ছিল রামের অন্যতম উদ্দেশ্য। কিন্তু সিনেমায় বিষয়টি উপেক্ষা করে রাবণের বিরুদ্ধে রামের লড়াইকে মূলত স্ত্রী সীতাকে অপহরণের প্রতিশোধ নেওয়ার ব্যক্তিগত সংঘাত হিসেবে দেখানো হয়েছে।
এসব বিষয়কে ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী উল্লেখ করে সংগঠনটি অবিলম্বে সিনেমাটির প্রদর্শন বন্ধ এবং সেন্সর সনদ বাতিলের দাবি জানিয়েছে।
নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির প্রথম পর্ব মুক্তি পায় গত ৫ নভেম্বর। মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে সিনেমাটি। ২১ নভেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৬১৬ কোটি ৭০ লাখ রুপি। এর মধ্যে শুধু ভারতের বাজার থেকেই নিট আয় হয়েছে ৯০৬ কোটি ৯০ লাখ রুপি।
সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। রাবণের ভূমিকায় রয়েছেন যশ এবং সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। এ ছাড়া লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং হনুমানের ভূমিকায় দেখা গেছে সানি দেওলকে।
ব্যবসায়িক সাফল্যের মধ্যেই এমন বিতর্ক ছবিটিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। এখন দেখার বিষয়, বিশ্ব হিন্দু পরিষদের এই দাবির পর সিনেমাটির প্রদর্শন ও সেন্সর সনদ নিয়ে কোনো সিদ্ধান্ত আসে কি না। ছবিটির দ্বিতীয় পর্ব ২০২৮ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।











