খেলাধুলা ডেস্কঃ রেকর্ডের পর রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র জাতীয় দলের এই মিডফিল্ডার রেগুলার সিজনে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছেন।
ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাওয়া সুলিভান নিজের প্রথম পূর্ণ মৌসুমেই লিগের অন্যতম সেরা তরুণ প্রতিভা হিসেবে পরিচিতি পেয়েছেন। ২৯ ম্যাচে ৯ গোল ও ১৪টি অ্যাসিস্টসহ মোট ২৩ গোলে অবদান রেখে মৌসুম শেষ করেছেন তিনি।
এমএলএসের ইতিহাসে কোনো কিশোর ফুটবলার হিসেবে টানা ১০ ম্যাচে গোলে অবদান রাখার রেকর্ডও গড়েছেন সুলিভান। এক মৌসুমে ২৩ গোলে অবদান ও ১৪টি অ্যাসিস্ট—দুটিই লিগের ইতিহাসে কিশোর খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।
দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় গত সেপ্টেম্বরে মাসসেরার পুরস্কারও জেতেন তিনি। ১৭ বছর ২ দিন বয়সে এমএলএসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে এ পুরস্কার জয়ের কীর্তি গড়েন সুলিভান।
ক্লাবের হয়ে পারফরম্যান্সের সুবাদে যুক্তরাষ্ট্র জাতীয় দলেও ডাক পান তিনি। গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। পেরুর বিপক্ষে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে জায়গা পান এই মিডফিল্ডার।
এরপর থেকে জাতীয় দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন সুলিভান। মেক্সিকোর বিপক্ষে ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও গড়েছেন তিনি।








