নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে, যা দিয়ে ইউরোপের বিভিন্ন স্থানে আঘাত হানা সম্ভব। তবে যুক্তরাষ্ট্রে আঘাত হানার সক্ষমতা ইরানের নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় থ্যাংকসগিভিং দিবসে ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবন থেকে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাসদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প। এ সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ভূমিকা ও ইরান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দেন তিনি।
ট্রাম্প বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে পৌঁছানোর সক্ষমতা রাখে, তবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর মতো সক্ষমতা তাদের নেই। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত না হলে ইরান ইসরায়েল ও ওই অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ট্রাম্পের ভাষায়, ‘এ ক্ষেত্রে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ওপর পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করবে এবং এর পরিণতি হবে পারমাণবিক মহাপ্রলয়।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই। তবে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা তাদের জন্য গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের প্রতিরক্ষায় যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠা পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। ইরানের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, তাঁদের ওপর আস্থা রাখা কঠিন। এ কারণেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা জরুরি।
এদিকে, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখনো তেহরানকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর সুযোগ দিচ্ছে। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র ইরানকে চুক্তিতে পৌঁছানোর এবং বহু মানুষের জীবন রক্ষার সুযোগ দিতে চায়। তবে তেহরান সেই সুযোগ গ্রহণ করবে কি না, তা নিয়ে তিনি নিশ্চিত নন।
ইরানের সম্ভাব্য পারমাণবিক কর্মসূচি এবং দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের মধ্যেই ট্রাম্পের এ মন্তব্য সামনে এলো। একই সঙ্গে ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে কূটনৈতিক উদ্যোগের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী নয় এবং দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি-এর সদস্য। তবে দেশটির পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।










