ডেস্ক নিউজঃ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানের পর এবার আরও দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার গাজীপুর ও নোয়াখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএসের কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এর মধ্যে আবুল কালাম আজাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায় এবং রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বলে জানা গেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত আছেন। তাকে গাজীপুর থেকে আটক করা হয়। অন্যদিকে রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম দুই পুলিশ কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক দুই কর্মকর্তার মধ্যে আবুল কালাম আজাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মামলার রিকুইজিশন ছিল। আটকের পর তাকে সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আর অপর কর্মকর্তা রাকিবুল হাসানকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে গত সোমবার (২৪ নভেম্বর) গোপালগঞ্জ জেলায় সাম্প্রতিক নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে এসআরবি-১৪ ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করে ডিবি।










