ক্রীড়া ডেস্ক : দীর্ঘ বিমান ও সড়কযাত্রা পেরিয়ে সোমবার সান মারিনোতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। একই দিনে স্কোয়াডে যোগ দিয়েছেন প্রবাসী ফুটবলার সামিত সোমও।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রকাশিত এক ভিডিও বার্তায় সামিত জানান, যাত্রা স্বস্তিদায়ক ছিল এবং সতীর্থদের সঙ্গে দেখা করে তিনি বেশ উচ্ছ্বসিত। কোচিং স্টাফের সঙ্গে আলাপও হয়েছে তার। আগামী ৫ জুনের ম্যাচে দলের হয়ে ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
নতুন কোচ থমাস ডুলির নেতৃত্বে বাংলাদেশ ৫ জুন ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সান মারিনোর বিপক্ষে। এই ম্যাচটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক ম্যাচ। কারণ, এই প্রথম ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দেশের বিপক্ষে ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
গতকাল রবিবার দুপুরে ঢাকা থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ দল। প্রথমে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় পৌঁছে কয়েক ঘণ্টা ট্রানজিটে অবস্থান করে তারা। পরে সেখান থেকে ইতালির রাজধানী রোমে উড়ে যায় দল।
রোমে পৌঁছানোর পর বাসে করে সান মারিনোর উদ্দেশে রওয়ানা হলে গন্তব্যে পৌঁছাতে চার ঘণ্টারও বেশি সময় লাগে। সব মিলিয়ে প্রায় ২৪ ঘণ্টার বেশি সময় ভ্রমণে কাটাতে হয়েছে ফুটবলারদের। সান মারিনোর বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দল তিন দিনের প্রস্তুতির সুযোগ পাবে।
ফিফা র্যাঙ্কিংয়ে ২১১তম স্থানে থাকা সান মারিনো বিশ্বের সর্বনিম্ন র্যাঙ্কধারী দল। বাংলাদেশ তাদের চেয়ে বেশ কয়েক ধাপ এগিয়ে থাকলেও এই সফরকে অভিজ্ঞতা অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে দল।










