ডেস্ক নিউজ : গাজীপুরে সিটি করপোরেশনের আওতাধীন এলাকার একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নাওজোড় কড্ডা এলাকায় অবস্থিত কারাখানাটিতে আগুন লাগার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাতে কারখানাটির দ্বিতীয় ও তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় রাত ১০টা ৪০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।










